Home Blog Page 18

জম্মু-কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলা

0

ভারতের জম্মু ও কাশ্মিরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। বুধবার (১২ জুন) শেষ রাতে ওই ঘাঁটিতে হামলা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের ডোডায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে পাঁচ সেনা সদস্য ও একজন বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও) আহত হয়েছেন।

গত তিনদিনের মধ্যে এটি তৃতীয় ঘটনা। এর তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।

জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন, যিনি কাথুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানগুলো দেখার দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

তিনি সাংবাদিকদের বলেছেন, “ওই এলাকায় এখনো গোলাগুলি চলছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।” এনডিটিভি জানিয়েছে, আজকেসহ গত তিনদিনে জম্মু ও কাশ্মিরে তিনটি বড় হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

0

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার (১১ জুন) এ ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়। আগামী ৩০ জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন দ্বিবেদী।

আগামী ৩০ জুন অবসর নেবেন বর্তমান জেনারেল মনোজ সি পান্ডে। ওই দিনই তার স্থালাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর জন্ম ১৯৬৪ সাল। ১৯৮৪ সালের ১৫ ডিসেম্বর তিনি ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট জম্মু ও কাশ্মীর রাইফেলসে কমিশন লাভ করেন। ৪০ বছরের চাকরিজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টের কমান্ড, ২৬ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেড, আসাম রাইফেলসের (পূর্ব) এবং ৯ কর্পসর ডিআইজি ছিলেন দ্বিবেদী।

লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দ্বিবেদী সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ নিযুক্ত হওয়ার আগে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের ডিরেক্টর জেনারেল ইনফ্যান্ট্রি এবং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ইউএস আর্মি ওয়ার কলেজে অধ্যয়নের পর লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ডিএসএসসি ওয়েলিংটন এবং আর্মি ওয়ার কলেজ, মুতেও থেকে কোর্স করেছেন। কার্লাইলের ইউএস আর্মি ওয়ার কলেজের এনডিসি সমমানের কোর্সে তাকে ‘বিশিষ্ট ফেলো’ দেয়া হয়।

এ ছাড়া অফিসারের ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল, স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মিলিটারি সায়েন্সে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে দ্বিবেদীর। তাকে তিনটি জিওসি–ইন–সি কম্যান্ডেশন কার্ডও দেয়া হয়েছে।

ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের গত মে মাসে অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু এক মাসের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয় তার। তিনি ২০২২ সালের ৩০ এপ্রিল সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন।

রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে পর্তুগালের জয়

0

বয়সকে কেবল সংখ্যা বানিয়ে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতিপর্বে প্রথমবার মাঠে নেমেই জোড়া গোল করলেন তিনি। আর তাতেই অনন্য এক রেকর্ড গড়লেন তিনি। পাশাপাশি রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয়ে ইউরোর প্রস্তুতি সারল পর্তুগিজরা।

মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে দেশের মাটিতে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায়। এরপর জোড়া গোল করেন রোনালদো।

রোনালদোর রেকর্ডটি হয়ে যায় প্রথম গোলেই। যেখানে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোলের কীর্তি গড়লেন তিনি। পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক ২০০৩ সালে, পরের বছর পান প্রথম গোলের দেখা, সেই থেকে গোল করেছেন প্রতি বছর।

এর আগে গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডে ছিলেন না রোনালদো, পরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে দলে থাকলেও পুরোটা সময় তিনি কাটান বেঞ্চে বসে। মূল প্রতিযোগিতা শুরুর দুই দিন আগে, শেষ প্রস্তুতি ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন ৩৯ বছর বয়সী তারকা।

এদিন ১৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় পর্তুগাল। ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের পাস বক্সে পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শট নেন ফেলিক্স, সবাইকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল।

বিরতির পর ৫০তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মাঝমাঠ থেকে রুবেন নেভেসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে দারুণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, একজনকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি।

১০ মিনিট পর আরেকটি দারুণ গোলে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো। বাঁ দিক থেকে দিয়োগো জটার পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় বাঁ পায়ের শটে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে ২০২৩-২৪ মৌসুমে ৪৪ গোল করা রোনালদো এই বছর দেশের হয়ে প্রথম জালের দেখা পেলেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগে থেকেই তার, সংখ্যাটা বেড়ে হলো ১৩০। ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের সাবেক তারকার ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট গোল হলো ৮৯৫টি।

জার্মানিতে আগামী শুক্রবার পর্দা উঠবে এবারের ইউরোর। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পর্তুগাল। ‘ডি’ তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।

সিএমএইচে ভর্তি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন

0

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সিলেট থেকে হেলিকপ্টারে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে হেলিকপ্টার করে ঢাকায় আনা হয়।

একে আব্দুল মোমেনের ভাই সাবেক সচিব ড. একে আব্দুল মুবিন জানান, ড. মোমেন বর্তমানে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত।

পেশাদার কূটনীতিক ড. এ কে আব্দুল মোমেন ২০১৮ সালের নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট সদর আসন থেকে বিজয়ী হওয়ার পর তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হলেও তিনি মন্ত্রিসভায় ঠাঁই পাননি। তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোটভাই।

সৌদি পৌঁছেছেন ৮২,৭৭২ জন বাংলাদেশি

0

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি। মোট ২০৯টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন তারা। বুধবার (১২ জুন) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, মোট ২০৯টি ফ্লাইটে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩২টি ফ্লাইট পরিচালনা করেছে।

অন্যদিকে, পবিত্র হজ পালন করতে গিয়ে গোলাম কুদ্দুস (৫৪) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় চারজন মারা গেছেন।

বাংলাদেশ থেকে গত ৯ মে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। আজ বুধবার শেষদিনের মতো হজযাত্রীদের ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, এ বছর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২০ জুন। এ ছাড়া আগামী ২২ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশের উদ্দেশে রওনা হবে।

উল্লেখ্য, গত ৬ জুন সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পরদিন ৭ জুন থেকে আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাস শুরু হয়েছে। এই হিসেবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

৩৪ বলে জয়, সুপার এইটে অস্ট্রেলিয়া

0

নামিবিয়াকে মাত্র ৭২ রানে অলআউট করে দিয়েছেন অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড ও মার্কাস স্টয়নিসরা। ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের বেদম পিটিয়ে মাত্র ৩৪ (৫.৪ ওভার) বলে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। ৩ ম্যাচের ৩টিতেই জিতে বি-গ্রুপ থেকে সবার আগে সেরা আট একরকম নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া।

নামিবিয়ার বিপক্ষে ৮৬ হাতে অস্ট্রেলিয়ার জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম জয়। এর আগে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে ৯০ বল হাতে রেখে নেদারল্যান্ডসকে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেটিও ছিল ৯ উইকেটের জয়।

আজ বুধবার ভোরে (বাংলাদেশ সময়) অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে হ্যাজলউড ও প্যাট কামিন্সের তোপের মুখে মাত্র ২১ রানের মাথায় ৫ উইকেট হারায় নামিবিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক গারহাস ইরাসমাস। আর ১০ রান করেন মাইকেল ফন লিনজেন। বাকিদের কেউ আর দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। ১৭ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় আফ্রিকার দেশটি।

জবাবে ব্যাট করতে নেমে ৮ বলে ২০ রান করে দিয়ে যান ওয়ার্নার। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট হেড আর মার্শের মারকুটে জুটিতে (২৪ বলে ৫৩ রান) জয় পায় অস্ট্রেলিয়া। হেড ১৭ বলে ৩৪ রানে আর মার্শ অপরাজিত ছিলেন ৯ বলে ১৮ রান করে।

অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয় জাম্পা। এছাড়া দুটি করে উইকেট পান হ্যাজলউড ও স্টয়নিস। নামিবিয়ার হয়ে ওয়ার্নারের উইকেটটি নেন ডেভিড ওয়েজে।

আজ থেকেই চলবে ‘ঈদ স্পেশাল ট্রেন’

0

ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ১০ জোড়া (২০টি) ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই অনুযায়ী আজ (১২ জুন) থেকেই চলবে এসব ট্রেন।

কয়েকদিন আগে বাংলাদেশ রেলওয়ের এক কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদুল আজহায় চাঁদপুর ঈদ স্পেশাল (১, ২, ৩ ও ৪) চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৫ ও ৬) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৭ ও ৮) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; কক্সবাজার ঈদ স্পেশাল (৮ ও ৯) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরে ৭ দিন চলাচল করবে।

এ ছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল (১৫ ও ১৬) জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে আগামী ১৩-১৫ জুন (৩ দিন) ও ঈদের পরে ২১-২৩ জুন (৩ দিন) চলাচল করবে।

আর শুধু ঈদের দিন চলাচল করবে শোলাকিয়া ঈদ স্পেশাল (১১ ও ১২) ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার; শোলাকিয়া ঈদ স্পেশাল (১৩ ও ১৪) ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ; গোর-এ-শহীদ ঈদ স্পেশাল (১৭ ও ১৮) পার্বতীপুর-দিনাজপুর-পার্বতীপুর; গোর-এ-শহীদ ঈদ স্পেশাল (১৯ ও ২০) ঠাকুরগাঁও-দিনাজপুর-ঠাকুরগাঁও রুটে।

যাদের ঘর করে দিয়েছি, তাদের জীবন বদলে গেছে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকায় যাদের জমিসহ ঘর করে দেওয়া হয়েছে, তাদের জীবন বদলে গেছে। ঘর পেয়ে দরিদ্র মানুষদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, একজন মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য এটা জরুরি।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়। এদিন সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করা হয়।

তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের মাধ্যমে সবার ভাগ্য বদলেছে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের চিন্তার কিছু নেই। ক্ষতিগ্রস্তদের পাশে সরকার আছে। যাদের ঘর নষ্ট হয়েছে, তাদের ঘর করে দেবে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস হয়ে গেল। সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে আমরা তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলো ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কতগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে। যাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের উপকরণ দিয়ে সহায়তা করব। প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন তা দিয়ে যাচ্ছি।

যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রত্যেকে যেন ঘর নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেব। এরইমধ্যে সেভাবে আমার প্রস্তুতি নিয়েছি। প্রত্যেক এলাকা থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। সে অনুযায়ী আমরা সহায়তা পাঠাব।

তিনি আরো বলেন, জাতির পিতাকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতার দখলকারীরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ব্যস্ত ছিল। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের সেবক হিসেবে যাত্রা শুরু করে। তখন থেকেই ভূমিহীন মানুষদের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। তখন বাংলাদেশের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তারপরও ভূমিহীন মানুষদের মধ্যে ঘর তৈরি করার জন্য আশ্রয়ণ প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি।

আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদের উপহার হিসেবে এসব ঘর হস্তান্তর করেন তিনি। একইসঙ্গে এদিন আরও ৭০টি উপজেলা এবং ২৬টি জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ফলে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো দেশের ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদুল আজহার আগে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুন) কক্সবাজারের ঈদগাঁও, লালমনিরহাটের কালীগঞ্জ ও ভোলার চর ফ্যাশনের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় অন-ওয়েতে যুক্ত থাকবে ১৮৮টি উপজেলা।

এদিন আরও ৭০টি উপজেলা এবং ২৬টি ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এর আগে মোট ছয় দফায় ৩২টি জেলার সব উপজেলাসহ ৩৯৪টি উপজেলাকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।

নতুন করে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলাগুলো হলো— ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।

ইয়েমেনে নৌকাডুবি, ৩৮ জনের প্রাণহানি

0

ইয়েমেনের এডেনে নৌকাডুবির ঘটনায় হর্ন অফ আফ্রিকা থেকে আগত অন্তত ৩৮ জন অভিবাসীর প্রাণহানির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে।

রুদুম জেলার পরিচালক হাদি আল-খুরমা রয়টার্সকে বলেন, এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।

তিনি বলেন, জেলে এবং স্থানীয় বাসিন্দারা ৭৮ জনকে উদ্ধার করতে পারলেও প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন অভিবাসী।

তিনি আরও বলেন, নৌকায় থাকা প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছে। অনুসন্ধান এখনও চলমান রয়েছে। এবং জাতিসংঘকে ঘটনাটি জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে এসেছে।
খবর রয়টার্স

বায়ুদূষণে বিশ্বে সাড়ে ১৩ কোটি মানুষের অকালমৃত্যু

0

মানবসৃষ্ট নির্গমন ও দাবানলের মতো অন্যান্য উত্স থেকে ছড়িয়ে পড়া দূষণে বিশ্ব জুড়ে ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় সাড়ে ১৩ কোটি মানুষের অকালমৃত্যু ঘটেছে। সিংগাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, এল-নিনো ও ভারত মহাসাগরের ডাইপোলের মতো আবহাওয়ার ঘটনাগুলো বাতাসে দূষণের ঘনত্বকে তীব্র করে তুলছে। এর ফলে দূষণকারী অন্যান্য উপাদানের ওপর এর ভয়াবহ প্রভাব পড়ছে। গবেষকেরা বলেছেন, বস্তুকণা পিএম-২.৫-এর ক্ষুদ্র কণাগুলো শ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করছে। এই বস্তুকণা রক্তপ্রবাহে প্রবেশ করার মতো যথেষ্ট ছোট হওয়ায় তা স্বাস্থ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন ও তরল কণার সমষ্টি, যার বেশির ভাগই বিপজ্জনক। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন—প্রাণঘাতী ক্যানসার ও হূদ্যন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ুদূষণকারী আরেক পদার্থ এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুেকন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, দাবদাহ ও জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

ডব্লিউএইচও বায়ুমান নির্দেশক গাইডলাইন বলছে, পিএম২.৫ নামে পরিচিত ছোট ও বিপজ্জনক বায়ুকণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এর চেয়েও কম ঘনত্ব উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। কিন্তু বর্তমানে বিশ্বের অনেক শহরের বাতাসে এসব কণার মারাত্মক উপস্থিতি রয়েছে। এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল সাময়িকীতে প্রকাশিত সমীক্ষায় বিশ্ববিদ্যালয়টি বলেছে, ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্ব জুড়ে প্রায় ১৩ কোটি ৫০ লাখ মানুষের অকালমৃত্যুর সঙ্গে ঐ সূক্ষ্ম কণার সম্পর্ক রয়েছে।

গবেষণায় দেখা গেছে, হার্ট, ফুসফুসের সমস্যা, স্ট্রোক ও ক্যানসারসহ যেসব রোগের বা অবস্থার চিকিত্সা আছে কিংবা প্রতিরোধ করা যেতে পারে, সেই সব রোগে আক্রান্তরা মানুষের গড় আয়ুর চেয়ে কম বয়সে মারা যাচ্ছেন। আবহাওয়ার এসব বৈরী ধরন ১৪ শতাংশ মৃত্যু বাড়িয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। এনটিইউ বলেছে, দূষণসংশ্লিষ্ট ঘটনায় ঐ সময়ের মধ্যে বিশ্বে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে এশিয়ায়। ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে এশিয়ায় এসব ঘটনায় ৯ কোটি ৮০ লাখেরও বেশি মানুষের অকালমৃত্যুতে ভূমিকা রেখেছে পিএম-২.৫ দূষণ; যাদের বেশির ভাগই মারা গেছেন চীন ও ভারতে।

এ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপানেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষের অকালমৃত্যু হয়েছে। এই চার দেশে একই সময়ে অকালে প্রাণ হারিয়েছেন ২০ থেকে ৫০ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধু বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্ব জুড়ে প্রায় ৬৭ লাখ মানুষের প্রাণহানি ঘটে। সিঙ্গাপুরের বিখ্যাত বিশ্ববিদ্যালয়টির বায়ুর গুণমান ও জলবায়ুর ওপর চালানো এই গবেষণাকে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত ও বৃহত্ পরিসরের বলে উল্লেখ করা হয়েছে। কারণ এই গবেষণায় এনটিইউর গবেষকেরা স্বাস্থ্যের ওপর বস্তুকণা-২.৫-এর বিশাল প্রভাবের চিত্র হাজির করতে প্রায় ৪০ বছরের ডেটা ব্যবহার করেছেন।