Home Blog Page 101

মেসি-সুয়ারেজের গোলে শেষ আটে মায়ামি

0

গোল পেয়েছেন দুই সতীর্থ। আর তাতেই কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেসি ও সুয়ারেজ দুজনই একটি করে গোল পেয়েছেন।

ম্যাচের ৮ মিনিটের মাথায় ন্যাশভিলের জালে বল জড়ান লুইস সুয়ারেজ।

২৩ মিনিটে মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন মেসি। প্রথমার্ধে দুই গোলের ব্যবধানকে ৩-০ করতে ভুল করেননি রবার্ট টেইলর। ম্যাচের ৬৩ মিনিটের মাথায় তিনি করেন তৃতীয় গোলটি। ম্যাচের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে ন্যাশভিলের হয়ে স্যাম সুরিজ একমাত্র গোলটি করেন। এতে করে ৩-১ ব্যবধানে জয় নিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে মায়ামি।

এর আগে শেষ ষোলোর প্রথম লেগে মেসি-সুয়ারেজের গোলে ন্যাশভিল এসসির সঙ্গে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করতে পেরেছে ইন্টার মায়ামি। ওই ম্যাচে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেজ।

কিন্তু এবার নিজেদের মাঠে সহজেই জয় তুলে নেয় মায়ামি।

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

0

সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কূটনৈতিক কোরের ডিন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান এবং পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাতের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

গত ৩ মার্চ রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে আরব আমীরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন। আমীরাত থেকে তিনি মেডিকেল চেকআপের অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছান।

সফরকালে স্ত্রী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

গাজার ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, জাতিসংঘের কর্মীসহ নিহত ৫

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের একটি সংস্থার এক কর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসি বলছে, বুধবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) খাদ্য বিতরণ কেন্দ্রের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনী হামলা করে বলে জানা গেছে, যা রাফাহের পূর্ব অংশে অবস্থিত।

এ ঘটনায় ১৫ বছর বয়সী এক ছেলে ও ২৭ বছর থেকে ৫০ বছর বয়সী চারজন পুরুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মোহাম্মদ আবু হাসনা নামে পরিচিত।

ইউএনআরডব্লিউএ জানায়, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তাদের একজন কর্মী নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।

সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনের নির্লজ্জ অবহেলার কারণে আমাদের স্থাপনাগুলোতে আক্রমণ এখন সাধারণ বিষয় হয়ে উঠেছে।’

ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র জুলিয়েট তোমা বলেন, হামলার সময় ৬০ জন মানুষ এই স্থাপনাটিতে কাজ করছিলে বলে আমরা মনে করছি। এ ছাড়া এই স্থাপনাটিকে খাদ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের গুদাম হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। ইসরায়েলি বাহিনী এই হামলার জন্য দায়ী। আমাদের দল ঘটনাস্থলে রয়েছে এবং তারাই হতাহতদের সংখ্যা জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত পাঁচজনের নামের তালিকায় মোহাম্মদ আবু হাসনা নামের একজন ব্যক্তিও রয়েছেন। যাকে ইসরায়েলি সেনাবাহিনী হামাস কমান্ডার হিসেবে ধারণা করছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ‘নির্দিষ্ট হামলা’ চালিয়ে হামাস কমান্ডারকে হত্যা করেছে। মোহাম্মদ আবু হাসনা রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখার ‘কমব্যাট সাপোর্ট অপারেটিভ’ ছিলেন বলে ইসরায়েলের অভিযোগ।

দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে বর্তমানে আনুমানিক ১৫ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। তারা ইসরায়েলের আক্রমণ থেকে বাঁচতে গাজার অন্যান্য স্থান থেকে এখানে এসে আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় সেখানকার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে এখন পর্যন্ত ৩১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। এ ছাড়া হামলায় ৭২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

0

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

একই সঙ্গে আট বিভাগে কৃষিপণ্যের জন্য আধুনিক সংরক্ষণাগার করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

‘ঈদুল ফিতরের পরই বঙ্গবাজার মার্কেট নির্মাণকাজ শুরু হবে’

0

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পরেই পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ক্ষতিগ্রস্ত মার্কেটসহ অবকাঠামো উন্নয়নে এই ওয়ার্ডে (২০ নম্বর ওয়ার্ড) আমাদের ৬০০ কোটি টাকার বেশি কার্যক্রম চলমান রয়েছে। এখন যেভাবে পরিচালিত হচ্ছে, আগামী ঈদুল ফিতর পর্যন্ত বঙ্গবাজারে সেভাবেই ব্যবসা পরিচালিত হবে। ঈদের পরেই আমরা সেখানে নতুন মার্কেট নির্মাণ কাজে হাত দিবো। আমাদের দরপত্র কার্যক্রম প্রায় শেষ। সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা আবারও তাদেরকে সেখানে উঠিয়ে দিতে পারব। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে আছেন, উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। শুধু অবকাঠামো উন্নয়নই নয় সকল ক্ষেত্রেই সব শ্রেণি-পেশার মানুষের কী প্রয়োজন, কী চাহিদা তিনি সেগুলো বিবেচনা করেন। আজকে যখন করোনা মহামারী ও যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্যের নাভিশ্বাস, তখন তিনি সারা বাংলাদেশে এক কোটি পরিবারকে টিসিবি কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। এই টিসিবি কার্ডের মাধ্যমে তিনি ন্যায্যমূল্যে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে চলেছেন। এভাবেই সাধারণ মানুষের কষ্ট লাঘবে তিনি ব্যবস্থা নিয়ে চলেছেন এবং তা চলমান রেখেছেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০ নম্বর ওয়ার্ড ও শাহবাগ থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০ নম্বর ওয়ার্ডের নি¤œ আয়ের ৫০০ মানুষের কাছে ইফতারসামগ্রী বিতরণ করা হয় এবং এই রমজানের মধ্যে আরও ৫০০ মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়।

বিতরণকৃত খাবারের প্রতিটি প্যাকেটে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনিসহ মোট ৯ ধরনের খাদ্য সামগ্রী রয়েছে।

এর আগে মেয়র গোলাপ শাহ মাজার থেকে গুলিস্তান আন্ডারপাস মার্কেট পর্যন্ত সড়ক সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী মো. আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নাসিম আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলী উপস্থিত ছিলেন।

আশালঙ্কাকে বোল্ড করে জুটি ভাঙলেন মিরাজ

0

শ্রীলঙ্কার ঝোড়ো শুরুর পর পেসার তানজিম সাকিব টানা তিন ওভারে নিয়েছেন তিন উইকেট। এরপর চতুর্থ উইকেটে আবার জুটি করে শ্রীলঙ্কা। এই উইকেটে কুশল মেন্ডিস ও চারিথ আশালঙ্কা করেন ৭৩ বলে ৪৪ রানের জুটি।

তবে তাদের ফিফটি রানের জুটি করতে দেননি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ৩৭ বলে ১৮ রান করা আশালঙ্কাকে বোল্ড করে জুটি ভাঙেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২৯ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ১৪৬ রান। কুশল মেন্ডিস ৪০ আর ১০ রানে অপরাজিত আছেন জেনিথ লিয়ানেজ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। ব্যাটিংবান্ধব পিচে টস জিতে ব্যাট নিতে ভুল করেনি লঙ্কানরা।

শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙতেই রীতিমত ঘাম ঝরছিল বাংলাদেশের। আভিস্কা ফার্নান্ডো আর পাথুম নিশাঙ্কা ঝোড়ো গতিতে রান তুলে যাচ্ছিলেন। অবশেষে তাদের ৫৯ বলে ৭১ রানের মারকুটে জুটিটি ভাঙেন তানজিম হাসান সাকিব।

সাকিব নিজের দ্বিতীয় আর ইনিংসের দশম ওভারে এসে আঘাত হেনেছেন। ৩৩ বলে ৩৩ করে আভিস্কা ফার্নান্ডো অনেকটা সুইং করে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ হয়েছেন।

নিজের পরের ওভারে আরেক সেট ব্যাটার পাথুম নিশাঙ্কাকেও ফিরিয়েছেন তানজিম সাকিব। এবার স্লিপে সৌম্য সরকার নিয়েছেন ক্যাচ। নিশাঙ্কা করেন ২৮ বলে ৩৬।

এরপর ১৪তম ওভারে আরও এক শিকার তানজিম সাকিবের। তার দুর্দান্ত এক ডেলিভারি সাদিরা সামারাবিক্রমা (৩) ডিফেন্ড করতে গিয়েও ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষকের হাতে। মুশফিকুর রহিম ঝাঁপিয়ে পড়ে নেন দারুণ এক ক্যাচ।

গাজার উত্তরে সরাসরি ত্রাণ বিতরণের পাইলট প্রকল্প শুরু

0

ইসরায়েল থেকে ত্রাণ ভর্তি ছয়টি ট্রাক মঙ্গলবার সরাসরি গাজার উত্তররাঞ্চলে প্রবেশ করেছে। এ এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে এসব সাহায্য ট্রাক সেখানে প্রবেশ করল। ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

দাতা গ্রুপগুলো বিগত কয়েক সপ্তাহ ধরেই অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে এবং জাতিসংঘ খাদ্য ও অন্যান্য মানবিক সাহায্য সরবরাহ গাজার উত্তরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অসুবিধার কথা জানিয়েছে।

সেনাবাহিনীর মতে, মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির(ডব্লিউএফপি) ছয়টি ত্রাণ ভর্তি ট্রাক‘নিরাপত্তা বেষ্ঠনির ‘৯৬তম’ গেট দিয়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রবশ করেছে।’

তারা আরো জানিয়েছে, ‘সন্ত্রাসী সংগঠন হামাসকে ত্রাণ গ্রহণ করা থেকে বিরত রাখার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসাবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়।’

পরে এ পাইলট প্রকল্পের ফলাফল সরকারি কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে।

হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণ প্রবশের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গাজার দক্ষিণাঞ্চল দিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার আগে সেগুলো পরিদর্শন করা হয়।

ত্রাণ কর্মীরা বলছেন, বর্তমান ঘাটতি এতটা প্রকট হওয়ার একটি বড় কারণ ইসরায়েলের সময় সাপেক্ষ স্ক্রিনিং ব্যবস্থা।

এদিকে ইসরায়েল ত্রাণ বিতরণে অপ্রতুলতার জন্য ফিলিস্তিনি পক্ষের নানা ধরনের সমস্যাকে দায়ী করেছে।

এমন কোনো সংকট নেই যে সংলাপের প্রয়োজনীয়তা আছে : কাদের

0

এখন জাতির সামনে এমন কোনো সংকট নেই, যার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কোনো আবশ্যকতা বা প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইতোমধ্যে দেশব্যাপী স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্রকে সুদৃঢ় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখন জাতির সামনে এমন কোনো সংকট নেই, যার জন্য রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপের কোনো আবশ্যকতা বা প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দেশবিরোধী অপশক্তির নানামুখী অপতৎপরতা ষড়যন্ত্র-চক্রান্ত এবং প্রতিবন্ধকতাকে জয় করেই দেশের উন্নয়ন অভিযাত্রাকে কাঙ্ক্ষিত অভীষ্টে এগিয়ে নিয়ে যাওয়া।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই এবং আগামী পাঁচ বছর পরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির দাবিকে অযৌক্তিক উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা অবিবেচনাপ্রসূত ও অযৌক্তিকভাবে মিডিয়ার সামনে সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনার বিষয়টি উত্থাপন করেছে। রাজনৈতিক দেউলিয়াত্বের ভারে বিগত জনবিচ্ছিন্ন বিএনপির এই আলোচনার আবদার অর্থহীন। কারণ, তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক রীতি-নীতির তোয়াক্কা না করে ধ্বংসাত্মক কর্মকান্ডে মেতে উঠেছিল। গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত রাখার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আলোচনার জন্য আহ্বান করা হলেও তখন তারা সাড়া দেয়নি। বরং তারা নির্বাচন বানচালের জন্য সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছিল। আজ তারা কোন মুখে আলোচনার কথা বলে? বিএনপি সবসময় প্রধানমন্ত্রীর পদত্যাগের শর্তযুক্ত সংলাপের দাবি করে আসছে। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও এই দাবিতে তারা সরকার পতনের তথাকথিত এক-দফার আন্দোলনের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করেছিল। কিন্তু দেশবাসী তাদের অযৌক্তিক দাবিতে কোনো সাড়া দেয়নি।

সেতুমন্ত্রী বলেন, আমরাও দ্ব্যর্থহীন ভাষায় বলে আসছি, শর্তযুক্ত কোনো আলোচনার সুযোগ নেই। দেশবাসী ভুলে যায়নি, দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি আলাপ-আলোচনার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন। সেই ফোনালাপে বেগম জিয়া বিদ্বেষপূর্ণ হিংস্র আচরণ করেছিল। একইভাবে খালেদা জিয়ার পুত্র কোকোর মৃত্যুর পর বিএনপি নেত্রীর বাড়ির গেট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে বিএনপি রাজনৈতিক শিষ্টাচারকে চরমভাবে লঙ্ঘন করেছিল, পারস্পরিক আলাপ-আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছিল। গণতন্ত্রের পথ পরিহার করে যারা আগুন সন্ত্রাসের মাধ্যমে নির্বিচারে মানুষ হত্যায় মেতে উঠেছিল তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময়ই গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ এবং উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রের পথকে আরও মসৃণ করার এবং গণতন্ত্রের অন্তর্নিহিত আদর্শ সুপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ যে কারও মত প্রকাশের পথকে উন্মুক্ত রেখেছে। সেক্ষেত্রে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে সুদৃঢ় করতে আওয়ামী লীগ যেসব সংস্কার করেছে তার স্বীকৃতি দিয়ে যে কেউ আদিকালের গণতন্ত্রের পথকে মসৃণ করার লক্ষ্যে যেকোনো প্রস্তাব রাখতে পারে।

আওয়ামী লীগ কখনো জনস্বার্থকে জলাঞ্জলি দেয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শুধু একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া নিয়ে নয়, বরং দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভীতের উপর প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো কোনো ষড়যন্ত্র বা চাপের মুখে জনস্বার্থকে জলাঞ্জলি দেয়নি- কখনো কারও কাছে মাথা নত করেনি করবেও না। বাংলাদেশের অগ্রগতির ধারাকে সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।

রাখাইনের আরেক শহর জান্তার হাতছাড়া

0

মিয়ানমারের দক্ষিণ রাখাইন রাজ্যের উপকূলে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলঘেঁষা দ্বীপ শহর রামারির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার শহরটি ছেড়ে পালিয়েছে জান্তা সৈন্যরা। তবে এ বিষয়ে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার এক প্রতিবেদনে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদ সংস্থা দ্য ইরাবতি জানিয়েছে, গুরুত্বপূর্ণ শহরটির নিয়ন্ত্রণ নিতে প্রায় তিন মাস ধরে যুদ্ধ করেছে আরাকান আর্মি।

খবরে বলা হয়েছে, কাইউকফিউ শহরের সঙ্গে একটি দ্বীপের অংশ আছে রামারি শহরের। এই এলাকায় চীন ও জান্তা সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে কিউকফিউ গভীর সমুদ্রবন্দর। এটি চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম, যেটি ভারত মহাসাগরে নেপিডোকে ইউনান প্রদেশের (চীন) সঙ্গে যুক্ত করেছে।

গত কয়েক মাসে কাইউকফিউ শহরে নিজেদের সক্ষমতা বাড়িয়েছিল জান্তার সৈন্যরা। কিন্তু নৌ ও স্থলভাগে তাদের কোনো প্রতিরোধই টিকতে পারেনি আরাকান আর্মির সামনে। মধ্য ডিসেম্বরে রামারি শহরে যে সংঘর্ষ শুরু হয়েছিল, তা অনেক হাসপাতাল, বিপণি বিতান, স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।

আরাকান আর্মি বলছে, পালিয়ে যাওয়ার আগে জান্তা সৈন্যরা বিভিন্ন স্থানে মাইন বোমা পুঁতে রেখেছে। এ কারণে স্থানীয়দের নিজ বাড়িতে বিলম্বে ফেরার আহ্বান জানানো হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীটি আরও বলছে, পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে তারা রাথেডাং শহরে জান্তা ব্যাটালিয়ন সদর দপ্তর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

চুক্তির কাছাকাছি নেই ইসরায়েল ও হামাস : কাতার

0

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির কাছাকাছি নেই ইসরাইল ও হামাস। মধ্যস্থতাকারী কাতার মঙ্গলবার এ কথা জানিয়েছে। একই সঙ্গে দেশটি পরিস্থিতি ‘খুবই জটিল’ বলে সতর্ক করেছে।

রমজান শুরুর আগে একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুুক্তি নিয়ে চুক্তির লক্ষ্যে গত কয়েকসপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। সোমবার থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। কিন্তু বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতির কোন সম্ভাবনা এখনো দেখা যায়নি।

এ পরিপ্রেক্ষিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা চুক্তির কাছাকাছি নেই। এর অর্থ আমরা উভয় পক্ষকে এমন কোন একটা বিন্দুতে মিলিত হতে দেখছি না যাতে চুক্তি বাস্তবায়নের জন্যে বর্তমানের মতপার্থক্য দূর করা সম্ভব হয়।

তবে একটি চুক্তিতে পৌঁছাতে সবপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি এ জন্যে নির্দিষ্ট সময়সীমার কথা বলা সম্ভব নয় বলে জানালেন। এ ছাড়া যুদ্ধ স্থলঅংশে খুবই জটিল অবস্থায় আছে বলেও সতর্ক করলেন তিনি।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ওই দিনই ইসরায়েল পাল্টা হামলা শুরু করে এবং তা অব্যাহত রয়েছে।

গত পাঁচ মাসের অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।