Home Blog Page 26

সৌদি পৌঁছেছেন ৬৩,১৪১ জন, নারী হজযাত্রীর মৃত্যু

0

সৌদি আরবে একজন নারী বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বুধবার (৫ জুন) হজযাত্রী মমতাজ বেগম (৬৩) মক্কায় মারা যান। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। এ নিয়ে এবার সৌদি আরবে বাংলাদেশের ১১ জন হজযাত্রী মারা গেছেন।

বুধবার রাত ৩টা পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৮ হাজার ৯৭৬ জন।

বৃহস্পতিবার (৬ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৬২টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৮৫ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৫১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৬টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন পুরুষ, একজন নারী। মক্কায় ৮ এবং মদিনায় ৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

এবারের বাজেট জীবনযাত্রা সহজ করবে : অর্থমন্ত্রী

0

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট উত্থাপনের আগে তিনি বলেছেন, শুধু শুধু অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে বাজেট বড় করে লাভ নাই। এজন্য আমরা বাজেটের আকার কমিয়ে এনেছি। এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে।

বৃহস্পতিবার (৬ জুন) নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

স্বাধীন বাংলাদেশের ৫৩তম এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। এবারের ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে। বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় বাজেটের আকার ৪.৬২ শতাংশ বাড়ানো হয়েছে।

বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

বাজেটের আকার ৮ লাখ কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখছেন দেশের ১৮তম অর্থমন্ত্রী। যেখানে আড়াই লাখ কোটি টাকারও বেশি বাজেট ঘাটতি পূরণে দেশি-বিদেশি ঋণের বিকল্প খুঁজে পাননি তিনি। বরাবরের মতো ব্যর্থতার পরও এনবিআরের কাঁধেই চাপালেন বাজেটের ৬০ শতাংশের বেশি অর্থ যোগানের দায়িত্ব।

অতীতের রেকর্ড ভেঙ্গে বাজেটের প্রায় ৬৪ শতাংশ অর্থ পরিচালন ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে এবার। একরকম বাধ্য হয়েই আরও ১৪ শতাংশ অর্থ ব্যয় করছেন ঋণের সুদ পরিশোধে। ফলে উন্নয়ন বরাদ্দে অর্থের বরাদ্দ নেমে এসেছে ৩০ শতাংশের আশেপাশে।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম- ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী পদে মোদীকে সমর্থন নাইডু-নীতিশের

0

ভারতের লোকসভা নির্বাচনে একক দল হিসেবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতা ধরে রাখতে এনডিএ জোটের শরিক দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা দুই দল তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও সংযুক্ত জনতা দলের (জেডিইউ) নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার মোদীকে লিখিত সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩ আসনে জয় পেয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসন পার করে গেছে। কিন্তু বিজেপি এককভাবে পেয়েছে ২৪০ আসন, ফলে তৃতীয়বারের মতো মোদীর নেতৃত্বে সরকার গঠনের জন্য দলটির জোট শরিকদের ওপর নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই।

সরকার গঠনের জন্য বিজেপির দরকার আরও ৩২ আসন। টিডিপি ও জেডিইউ, এই দুই দলের হাতে আছে ২৮ আসন আর অন্যান্য শরিকদের সর্মথনে মোদী ভালোভাবেই ২৭২ এর বৈতরণী পার হয়ে যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার নয়া দিল্লিতে এনডিএ জোটের নেতারা মোদীর বাসভবনে নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও নতুন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য মিলিত হয়েছিলেন। ওই বৈঠকে মোদীকে সর্বসম্মতভাবে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এনডিএ জোটের নেতারা মোদীকে তার ‘নেতৃত্বের’ জন্য ও ‘তার অধীনে দেশ এগিয়ে যাওয়ার জন্য’ অভিনন্দন জানান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে এনডিএ জোট শনিবার নতুন সরকার গঠন করবে আর নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এনডিএ অংশীদাররা মোদীর কঠোর পরিশ্রম ও জাতি গঠনের করার প্রচেষ্টার প্রশংসা করে তার ‘ উন্নত ভারত’ দর্শন রয়েছে বলে উল্লেখ করেছেন। বিজেপির মিত্র ওই নেতারা জানিয়েছেন, তারা মোদীর এই লক্ষ্যের অংশীদার হয়ে থাকবেন। তারা বিশ্বে ভারতের মর্যাদা বৃদ্ধিতে মোদীর ভূমিকার প্রশংসা করেছেন।

এ বৈঠকের পর বিজেপির ও তাদের এনডিএ অংশীদার দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত প্রতিনিধি দলের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ক্ষমতা দাবি করার কথা ছিল।

জানা গেছে, এখন এনডিএ জোটের অন্য দলের নেতারা কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিজেদের অংশীদারিত্ব নিয়ে কঠিন দরকষাকষি শুরু করেছেন। চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার বুধবারের বৈঠকেই তাদের দাবিদাওয়া তুলে ধরেছেন। তারা কী দাবি করেছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, কিন্তু সেসব নিয়ে জোর আলোচনা চলছে।

অন্ধ্রপ্রদেশের বিধানসভায় জয় পাওয়া ও লোকসভায় ১৬টি আসন জেতা নাইডুর টিডিপি অর্থ প্রতিমন্ত্রী ও লোকসভার স্পিকারের পদসহ পাঁচটি মন্ত্রী পদ দাবি করেছে বলে জানা গেছে।

লোকসভায় ১২টি আসন জয়ী নীতিশের জেডিইউ মন্ত্রিসভার দুটি পদ দাবি করেছে বলে বিভিন্ন মাধ্যম জানিয়েছে।এদের পাশাপাশি এনডিএ জোটের অপর শরিক দল লোকসভায় সাতটি আসন জেতা একনাথ শিন্ডের শিব সেনা ও পাঁচটি আসন জেতা লোক জনশক্তি পার্টির (রামবিলাস) চিরাগ পাসোয়ানকেও সন্তুষ্ট করতে হবে বিজেপির।

আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ মিশন

0

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের প্রথম আসরেই ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ভারতের কাছে মাত্র ৫ রানে হেরে সে আসরে শিরোপা খুইয়েছে পাকিস্তানিরা। তবে দ্বিতীয় আসরে আর ব্যর্থ হয়নি তৎকালিন ইউনুস খানের দল। শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এরপরই শুরু হয় পাকিস্তানের দুর্দিন। ১৫ বছরে আরও ৬টি আসর খেললেও ২০০৯ সালের সেই প্রথমকে আর দ্বিতীয়তে রূপ দিতে পারেনি পাকিস্তান। সর্বশেষ আসর ২০২২ সালে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে শিরোপাবঞ্চিত হয়েছে বাবর আজমের দল। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কেবল একটি শিরোপা, ২০০৯ সালে।

আজ বৃহস্পতিবার নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে পাকিস্তান। প্রতিপক্ষ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচটি।

এই ম্যাচে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। কারণ বিশ্বকাপের আগে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে তারা। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার ১৯৪ রান টপকে ৭ উইকেটের জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। আবার দুই দলই জয়ের জন্য তৃষ্ণার্ত হয়ে আছে।

অপরদিকে বিশ্বকাপে আসার আগে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান। এখন জয়ে ফেরাই তাদের প্রধান লক্ষ্য। যদিও এবারের বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচও খেলেনি বাবর আজমের দল। এমনকি বৃষ্টির কারণে খেলা মাঠে অনুশীলনও করতে পারেনি তারা। তবে ইনডোরে দুই সেশনের অনুশীলন সম্পন্ন করেছে পাকিস্তান।

আজ রাত সাড়ে ৯টার (বাংলাদেশ সময়) ম্যাচে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে পাবে না পাকিস্তান। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলতে পারবেন না অবসর ভেঙে দলে ফেরা এই ক্রিকেটার।

পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করবেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কারণ, গেল কয়েকমাসে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে আসলে কোনো ভালো ফলাফল দেখতে পায়নি পাকিস্তান। ওপেনিংয়ে খেলানো হয়েেছিল সাইম আইয়ুব, আজম খান ও শাদাব খানকে। তারা কেউই প্রত্যাশার কোনোকিছুই পূরণ করতে পারেননি। যে কারণে বাবর-রিজওয়ান জুটিতেই আস্থা রাখছে পাকিস্তান।

পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে উগান্ডার ইতিহাস

0

পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়েছে উগান্ডা। আইসিসির প্রথম সহযোগী সদস্য দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে তারা। নিউগিনিকে ১০ বল হাতে রেখে ৩ উইকেটে হারিয়েছে উগান্ডা। এর আগে কোনো সহযোগী সদস্য দেশ সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে জয়ের রেকর্ড গড়তে পারেনি।

আজ বৃহস্পতিবার সকালে (বাংলাদেশ সময়) যে নতুন ইতিহাস লেখা হবে সেটি আগে থেকেই জানা ছিল। কারণ, এই ম্যাচে অংশ নেওয়া দুই দলই আইসিসির সহযোগী সদস্য। যে দলই জিতুক, তাতেই ইতিহাস হবে। পাপুয়া নিউগিনি জিতলেও একই ধরনের ইতিহাস হতো। তবে শেষ পর্যন্ত সফল হয়েছে উগান্ডা।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭৭ রানে অলআউট হয় নিউগিনি। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। ১২ রান করে নেন লেগা সিয়াকা ও উইকেটরক্ষক ব্যাটার কাপলিন ডোরিগ। আর কেউ ২ অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারায় উগান্ডা। এরপর ৩৫ রানের জুটি করেন রিয়াজাত আলি শাহ ও জুমা মিয়াজি। ৫৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রিয়াজাত। রানআউট হওয়ার আগে মিয়াজি করেন ১৩ রান। বাকিদের আর কেউ ২ অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

উগান্ডার হয়ে দুটি করে উইকেট শিকার করেন আলপেশ রমজানি, কসমাস কায়উটা, জুমা মিয়াজি ও ফ্রাঙ্ক এনসুবুগা। নিউগিনির হয়ে ২টি করে উইকেট নেন অ্যালেই নাও এবং নরমান ভানুয়া।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২২ জন গ্রেপ্তার

0

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৫ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ২৭টি ইয়াবা ট্যাবলেট, ১৮০ গ্রাম হেরোইন, ১৯ কেজি ২০১ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

চলতি অর্থবছরের বাজেট পেশ করতে সংসদে অর্থমন্ত্রী

0

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৬ জুন) বাজেট ঘোষণার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ব্রিফকেস নিয়ে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী বলেন, বাজেট কমিয়ে দিয়েছি শুধু শুধু বেশি দিয়ে লাভ নাই। আমরা চেষ্টা করছি যতোটুকু সম্ভব ভালো করার। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে চাই।

এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পাস হলে এটি হবে দেশের ৫৩তম, আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

উল্লেখ্য, দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। প্রস্তাবিত এ বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

চলতি বছর প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’। বড় অঙ্কের এ বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল ৫ লাখ কোটি টাকা। আর ব্যয়ের যোগান দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেয়া হতে পারে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার টার্গেট, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হাজার কোটি টাকা বেশি।

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

টানা তৃতীয় বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি, সরকার গঠন করবে তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবে শনিবার, ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মোদি। শেখ হাসিনা শুক্রবার দিল্লি যাবেন বলে আশা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় ফোনালাপের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপে নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।

শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে নরেন্দ্র মোদি ও এনডিএ জোটকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী।

ওই বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতীক। আপনার বিজয় ভারতের জনগণের, প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্মোৎসর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমি আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ, ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে। আমি আগামী দিনে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম।

নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেখ হাসিনার ওই অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জানিয়েছেন।

এক্স বার্তায় মোদি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরো শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

ভারতের নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে, এবারের নির্বাচনে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি আসন পেয়েছে। ২০১৪ সালে দলটি পেয়েছিল ২৮২টি আসন এবং ২০১৯ সালে ৩০৩ টি আসন জিতেছিল মোদির দল।

সংবিধান অনুযায়ী ভারতে সরকার গঠনের জন্য কোনো দলকে ২৭২টি আসনে জিততে হয়। এক্ষেত্রে মোদির দল এককভাবে সরকার গঠন করতে পারছে না। এর জন্য জোটের ওপরই নির্ভর করতে হবে মোদিকে।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে আরও ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বুধবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আটজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২৩ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ৮শ ২৩ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৫ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৯৮৪ জন। এর মধ্যে এক হাজার ৮০৫ জন পুরুষ এবং এক হাজার ১৭৯ জন নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ এবং জন ১৯ জন নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার কারণ খতিয়ে দেখছে সরকার: প্রধানমন্ত্রী

0

১৪টি দেশ থেকে শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে পারলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন সমস্যা হয়েছে- তা সরকার খতিয়ে দেখছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ জুন) জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে বিরোধীদলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শেষে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংসদীয় আসন শূন্য ঘোষণা না হওয়ায় ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিমের শোক প্রস্তাব সংসদে উপস্থাপন হয়নি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বসে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। বৈঠকের শুরুতে তিনজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন স্পিকার শিরীন শারমিন। বহুল আলোচিত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের সংসদীয় আসন শূন্য ঘোষণা না হওয়ায় শোক প্রস্তাবে ছিল না তার নাম।

রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদের বুধবারের অধিবেশনের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য। সরকারি এবং বিরোধী ও সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বিরোধীদলের চিফ হয়ে মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, মালয়েশিয়া যেতে বাংলাদেশের কর্মীদের কেন সমস্যা হয়েছে তা তদন্ত হচ্ছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে সরকার।

দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশনের বৈঠকের শুরুতে প্যানেল স্পিকারের নাম ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।