Home Blog Page 31

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ২২১ পিস ইয়াবা, ২৪ গ্রাম হেরোইন ও ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (০৩ জুন) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, বাস্তবায়ন করেন : বাহাউদ্দিন নাসিম

0

কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, বাস্তবায়ন করেন। যে দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে দেশে টেকসই বেড়িবাঁধের জন্য চিন্তা করতে হবে না। আ’লীগ গণমানুষের দল। দুর্যোগে দুঃসময়ে আ’লীগের প্রতিটি নেতা-কর্মী জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নাসিম আরো বলেন, এ এলাকায় টেকসই বেড়িবাঁধ এবং স্যানিটাইজেশন ও সুপেয় পানির সু-ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী টেকসই বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধগুলো দ্রুত নির্মাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সকল প্রয়োজন মিটাবেন। তিনি উদ্যোগে নিয়ে অচিরেই সকল কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বাহাউদ্দিন নাসিম।

রবিবার সকালে রেমালে ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ও গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেলুটির ফুলবাড়ী ও গড়ইখালীর কুমখালীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্না, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড. সোহরাব আলী সানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, গড়ইখালী ইউনিয়ন আ’লীগের সম্পাদক এস এম আয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের হাবিবুর রহমান, রাজিকুজ্জামান সুমন, শংকর ঢালী, প্রসেনজিৎ মিঠু, সোহাগ হোসেন বাবু, সার্ভেয়ার রবিউল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ।

ইরানের নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামছেন আহমেদিনেজাদ

0

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করেছেন। কট্টরপন্থি হিসেবে পরিচিত আহমেদিনেজাদ দীর্ঘ ১২ বছর পর আবার দেশটির প্রেসিডেন্ট হতে চেষ্টা চালাবেন। যদিও ২০১৭ ও ২০২১ সালের নির্বাচনে এ পদে নির্বাচনের জন্য অযোগ্য হয়েছিলেন তিনি।আর এবারও তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর এএফপি ও সিএনএনের।

এএফপির প্রতিবেদন বলছে, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইরান। ২৮ জুন দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। সিএনএন বলছে, দেশটিতে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না, সেটি নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত ‘গার্ডিয়ান কাউন্সিল’। এই কাউন্সিল চাইলে তাঁর নিবন্ধন বাতিল করে দিতে পারে। ১১ জুন যাচাই-বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল।

আহমেদিনেজাদ ইরানের চৌকস বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ পর্যন্ত টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন তিনি। এই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েল সম্পর্কে উসকানিমূলক মন্তব্যের কারণে পশ্চিমাদের সঙ্গে অচলাবস্থা তৈরি হয়।এরপর ২০১৩ সালে পদত্যাগ করেন তিনি। যদিও ২০১৭ ও ২০২১ সালে তিনি ফের নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে বাধা দেওয়া হয়।

ফলাফল ঘোষণার পর ঐক্যের ডাক রামাফোসার

0

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের ভালোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহের নির্বাচনে প্রথমবারের মতো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলটির শীর্ষ নেতা হিসেবে তিনি ঐক্যের এই ডাক দিলেন। খবর আলজাজিরার।

সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটিয়ে ৩০ বছর আগে ক্ষমতায় আসা এএনসি এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ ফলাফল করেছে, রোববারের (২ জুন) ফলাফল ঘোষণায় এমনটিই দেখা যাচ্ছে। আফ্রিকার স্বাধীকার আন্দোলনের সবচেয়ে পুরোনো এই দলটিকে এক সময় নেতৃত্ব দিয়েছেন অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।

চাকরিহীনতা, অসমতা আর অব্যাহত লোডশেডিংয়ে বিরক্ত ভোটাররা দেশটির পার্লামেন্ট নির্বাচনে এএনসিকে ভোট দেয়া থেকে ব্যাপক হারে বিরত থাকে। যার ফলে দলটি এবার ভোট পায় ৪০ দশমিক ২০ শতাংশ। এর আগের নির্বাচনে ২০১৯ সালে এএনসি ভোট পেয়েছিল ৫৭ দশমিক ৫০ শতাংশ।

প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক এলায়েন্স পেয়েছে ২১ দশমিক ৬০ শতাংশ ভোট। এছাড়া এএনসির সাবেক নেতা জ্যাকব জুমার নেতৃত্বাধীন নতুন দল এমকে পার্টি পেয়েছে ১৪ দশমিক ৭০ শতাংশ ভোট। মূলত এএনসির ভোট ব্যাংকেই আঘাত হানে এমকে পার্টি।

ঘোষিত ফলাফল অনুসারে দেশটির জাতীয় পরিষদের ৪০০টি আসনের মধ্যে এএনসি পেয়েছে ১৫৯টি আসন। এর আগের নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল ২৩০টি।

ইলেক্টোরাল কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সিরিল রামাফোসা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার নাগরিকরা আশা করে যাদের তারা ভোট দিয়েছে তারা যেন নিজেদের মধ্যে বিভেদ ভুলে অভিন্ন লক্ষ্য খুঁজে পায় এবং সবার ভালোর জন্য একসঙ্গে কাজ করে। আর এ কথাই তারা বলেছে।’

রামাফোসা নির্বাচনের জয়কে গণতন্ত্রের জয় হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমাদের সবার সামনে এখন সময় এসেছে দক্ষিণ আফ্রিকাকে সামনে এগিয়ে নেওয়ার।’

রোমাঞ্চকর ম্যাচে সুপার ওভারে নামিবিয়ার জয়

0

মাত্র ১১০ রানের লক্ষ্য। কাজটা সহজই মনে হয়েছিল নামিবিয়ার জন্য। কিন্তু তাদের ইনিংস যত এগিয়েছে, ততই ভর করেছে শঙ্কা। শেষ ওভারে মাহেরান খানের দুর্দান্ত বোলিংয়ে বদলে যায় ম্যাচের ভাগ্য। টাই হয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে। ডেভিড ওয়াইজের অলরাউন্ড নৈপুন্যে সেখানে অবশ্য সহজেই জয় পায় নামিবিয়া।

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সুপার ওভারে ওমানের বিপক্ষে জয় পেয়েছে নামিবিয়া। শুরুতে ব্যাট করে ১০৯ রানে অলআউট হয় ওমান। পুরো ২০ ওভার খেললেও ৬ উইকেট হারিয়ে ১০৯ রানেই থামে নামিবিয়ার ইনিংসও।

টস জিতে বল করতে নেমে স্বপ্নের মতো শুরু পায় নামিবিয়া। প্রথম দুই বলেই উইকেট পান রুবেন ট্রাম্পেলম্যান। তার লেট সুইং করা ফুল লেন্থের বল গিয়ে লাগে কেশপ প্রজাপতির পায়ে। আম্পায়ারও আঙুল তুলে দেন। ঠিক তার পরের বলে আকিব ইলিয়াসও আউট হন অনেকটা একই রকম ডেলেভারিতে।

দুই বলে দুই উইকেট নেওয়ার পর ওই ওভারে তিন রান দেন ট্রাম্পেলম্যান। নিজের দ্বিতীয় ওভার করতে এসে আবার উইকেটের দেখা পান তিনি। এবার ফেরান ৬ বলে ৬ রান করা নাসিম খুশিকে। এবার অবশ্য মিড অফে ক্যাচ দেন নাসিম।

এমন বিপদের শুরুর পর ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান করে ওমান। যদিও পাওয়ার প্লের পরের ওভারেই তারা হারিয়ে ফেলে আরও এক উইকেট। এবার বার্নাড স্কোল্টজের বলে এলবিডব্লিউ হন ব্যাট হাতে কিছুটা আশা দেখানো জিশান মাকসুদ। ২০ বল খেলে ২২ রান করেন তিনি।

জিশানের বিদায়ের পর আয়ান খানের ব্যাটে চড়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল ওমান। কিন্তু এরাসমাসের বলে লং অফে ফ্রাইলিংকের হাতে ক্যাচ দিয়ে ২১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন আয়ান খান। তার বিদায়ের পর ওমানের ব্যাটাররা আর কেউই দলের হাল ধরতে পারেননি।

এর মধ্যে ১৮তম ওভারে এসে ডেভিড ওয়াইজ প্রথম বলে ছক্কা হজম করেন। কিন্তু পরে ওই ওভারে তিনি বাকি পাঁচ বলে দুই রান দিয়ে নেন দুই উইকেট। ১৯তম ওভার করতে এসে নিজের চতুর্থ উইকেট তুলে নেন টাম্পেলম্যান।

প্রথম দুটির মতো এবার কালিমুল্লাহকে এলবিডব্লিউ করেন তিনি। প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি ইনিংসে ছয়টি এলবিডব্লিউ দেখা গেলো। ইনিংসের শেষ ওভার করতে এসে শাকিল আহমেদকে আউট করে ওমানকে অলআউট করেন ভিসা। ৩ ওভার ৪ বলে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে ২১ রান দিয়ে ট্রাম্পেলম্যানের উইকেট চারটি।

রান তাড়ায় নেমে দ্বিতীয় বলেই উইকেট হারিয়ে ফেলে নামিবিয়াও। বিলাল খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিচেল ভ্যান লিনজেন। দুই বলে শূন্য রান করেন তিনি। তার বিদায়ের পর কিছুটা ধীরগতিতে এগোতে থাকে নামিবিয়া। পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে ৩২ রান করে তারা।

সপ্তম ওভার করতে এসে মেডেন দেন আকিভ ইলিয়াস। বাড়তে থাকা চাপের ভেতর উইকেটও তুলে নেন তিনি। নবম ওভারে এসে প্রথম বলেই ছক্কা হজম করেছিলেন আকিভ। কিন্তু তার পরের বলে আবার তুলে মারতে গিয়ে লং অফে মোহাম্মদ নাদিমের হাতে ক্যাচ দেন নিকোলাস ডাবিন। ৩১ বলে খেলে ২৪ রান করেছিলেন নামিবিয়ান ব্যাটার।

ওই চাপ আরও বাড়ানোর সুযোগ ছিল ওমানের। কিন্তু তিনটি ক্যাচ ছেড়ে ইরাসমাস ও জান ফ্রাইলিংকের জুটি বাড়তে দেন তারা। ফ্রাইলিংক ও এরাসমাসের ৩৬ বলে ৩১ রানের জুটি অবশেষে ভাঙেন আয়ান খান। লং অনের উপর দিয়ে তুলে মারতে গিয়ে জিশান মাকসুদের হাতে ক্যাচ দেন তিনি। ১৬ বল খেলে ১৩ রান করে ফেরেন এরাসমাস।

এর মধ্যে ম্যাচ জমে উঠে ১৮তম ওভারে এসে স্মিট আউট হলে। মাত্র ১০৯ রান তাড়া করতে নেমে শেষ দুই ওভারে ১৪ রানের সমীকরণ চলে আসে নামিবিয়ার সামনে। এরপর প্রথম দুই বলে স্রেফ ১ রান দেন বিলাল খান। কিন্তু তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে দেন ওয়াইজে। শেষ ওভারে পাঁচ রান দরকার হয় নামিবিয়ার।

ম্যাচের মোড় আরও একবার ঘুরে যায় শেষ ওভারে গিয়ে। মাহেরান খানের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান জান ফ্রাইলিংক। ৪৮ বল থেকে ৪৫ রান করেন তিনি। পুরো ইনিংস ধরে খেলে ফ্রাইলিংকের ফেরার পর বিপদ আরও বাড়ে নামিবিয়ার। দ্বিতীয় বল ডট দেওয়ার পর তৃতীয়টিতে আরও একটি উইকেট তুলে নেন মাহেরান।

চতুর্থ বলে স্ট্রাইক পেয়ে যান ওয়াইজে। পরের বলে তিনি সোজা মেরেছিলেন, কিন্তু বল স্টাম্পে লেগে থেমে যায়। যদিও ওই বল থেকে দুই রান পেয়ে যায় নামিবিয়া। শেষ বলে দুই রান দরকার হয় নামিবিয়ার। কিন্তু নিতে পারে কেবল ১ রান, রান আউট করার সুযোগ থাকলেও পারেননি ওমানের উইকেটরক্ষক। ম্যাচ টাই হয়ে গড়ায় সুপার ওভারে!

সুপার ওভারে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান ওয়াইজে, দ্বিতীয়টিতে ছক্কা। তৃতীয় বলে দুই আর চতুর্থটিতে আসে এক রান। এরপর স্ট্রাইক পেয়ে বাকি দুই বলেই বাউন্ডারি হাঁকান নামিবিয়ার অধিনায়ক এরাসমাস। বিলাল খান সুপার ওভারে দেন ২১ রান।

ব্যাটের মতো বল হাতেও নামিবিয়া আস্থা রাখে ওয়াইজের অভিজ্ঞতার ওপর। প্রথম পাঁচ বলে কোনো বাউন্ডারি হজম করেননি তিনি। শেষ বলে আকিভ ইলিয়াস ছক্কা হাঁকালেও ততক্ষণে নির্ধারিত হয়ে গেছে ম্যাচের ভাগ্য।

মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারায় তদন্ত কমিটি

0

নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার কারণ খুঁজতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট সংকট নিয়ে রোববার (২ জুন) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শফিকুর রহমান বলেন, অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন এবং তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে। যারা সংকট ‍সৃষ্টির জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ৩১ মে পর্যন্ত ৫ লাখ ২৬ হাজার ৬৭৬ কর্মীকে মন্ত্রণালয় (প্রবাসী কল্যাণ) অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র দেওয়া হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে। আর ৩১ মে পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন মালয়েশিয়ায় গেছেন। সে হিসেবে ১৬ হাজার ৯৭০ জন যেতে পারেননি।

প্রতিমন্ত্রী বলেন, বিমান ভাড়া বেশি নেওয়া হয়েছে কি না খোঁজ নিয়ে দেখা হবে। সিন্ডিকেটে সরকারের আস্থা নেই। সব এজেন্সি যেন কর্মী পাঠাতে পারে সেটা চায় সরকার।

এ সময় প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন বলেন, মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবে। তাদের টাকা ফেরত দেয়ার পরিকল্পনা আছে।

এলপিজির নতুন দাম ঘোষণা সোমবার

0

চলতি মাসের এলপিজির দাম ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (৩ জুন)। রোববার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, সৌদি সিপি (কন্টাক্ট প্রাইস) অনুযায়ী জুন মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে সোমবার (৩ জুন)।

এদিন বেলা আড়াইটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হবে। একইসাথে জুন মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট িি.িনবৎপ.ড়ৎম.নফ-এ আপলোড করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত মে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা দাম নির্ধারণ করে বিইআরসি। তারও আগে গত ৩ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করে বিইআরসি। মার্চে যার দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৩৩ টাকা।

রিয়াল মাদ্রিদের পরবর্তী পুরস্কার ইউরোপের রাজা এমবাপ্পে

0

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা জয়ের পর রিয়াল মাদ্রিদের সামনে এখন অপেক্ষা ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে স্বাগত জানানোর।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড পিএসজির সাথে সাত বছরের সম্পর্ক চুকিয়ে এখন স্প্যানিশ জায়ান্ট ক্লাবে যোগদানের দ্বারপ্রান্তে রয়েছে। কিছুদিনের মধ্যেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় পুরো ফুটবলবিশ^।

রিয়ালে যোগ দেওয়ার আগেই সাত বছরে যে শিরোপাটি পিএসজির জার্সিতে অধরা রয়ে গেছে তা হাতে নিয়ে ধরার স্বপ্নে বিভোর হয়ে উঠেছেন এমবাপ্পে। কারন ইউরোপ সেরা মাদ্রিদ কাল আবারো প্রমান করেছেন জয়ের মানসিকতা থাকলে একটি দল কিভাবে চাপে থেকেও অনায়াসেই শিরোপা জয় করতে পারে।

বরুসিয়া ডর্টমুন্ড কাল যেভাবে শুরু থেকে রিয়ালকে চেপে ধরেছিল তাতে ম্যাচের ভাগ্য নিয়ে কেউ কেউ হয়তো শঙ্কা প্রকাশ করেছিল। কিন্তু বরাবরের মতই নিশ্চুপ চেহারা নিয়ে জয়ের কৌশলে অবিচল থেকে শিষ্যদের ওপর আস্থা হারাননি রিয়াল বস কার্লো আনচেলত্তি।

সেমিফাইনালে এই জার্মান দলটির কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয় পিএসজিকে।
স্প্যানিশ ও ইউরোপীয়ান চ্যাম্পিয়ন দলটিতে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এমবাপ্পের সামনে সুযোগ আছে সর্বোচ্চ এই ক্লাব শিরোপার দাবীদার হবার। বেশ কয়েক বছর ধরেই এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগদান নিয়ে আলোচনা চলছিল। বেশ কয়েকবার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়ে তা সফল হয়নি। শেষ পর্যন্ত এবার তা সফলতার মুখ দেখছে।

গত ১০ মে মৌসুম শেষে চুক্তি শেষ হওয়ার পরপরই পিএসজি ছাড়ার ঘোষনা দিয়েছিলেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। তখন থেকেই মাদ্রিদ সমর্থকরা আনুষ্ঠানিক ঘোষনা ক্ষণ গননা শুরু করেছেন। বার্তা সংস্থা এএফপির একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে এ ব্যপারে সবকিছু চূড়ান্ত হতে পারে।

ঘোষণার আগেই প্রায় মাসখানেক যাবত সান্তিয়াগো বার্নাব্যুর রাস্তায় এমবাপ্পের ছবি সংবলিত স্কার্ফ ও টি-শার্ট বিক্রয় শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে তা বিক্রিও হয়ে যাচ্ছে। এর আগে ফ্রান্স জাতীয় দলের অনুশীলনের সময়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের অটোগ্রাফও দিয়েছেন এমবাপ্পে, যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্যারিসের এলাকা বন্ডিতে কেটেছে এমবাপ্পে শৈশব। ছোটবেলায় এমবাপ্পের ঘরে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বেশ কিছু পোস্টার লাগানো ছিল। ২০১৭ সালে প্রথমবারের মত এমবাপ্পেকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। ওই সময় মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। গত বছর এই চুক্তির প্রক্রিয়া একেবারে শেষ মুহূর্তে এসে নাকচ হয়ে যায়।

মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ২০২১ ও ২০২২ সালে এমবাপ্পেকে বড় অঙ্কের বিনিময়ে ক্লাবে আনতে গিয়েও সফল হতে পারেননি।

এখন প্রশ্ন হচ্ছে এমবাপ্পেকে নিয়ে যে ধরনের উত্তেজনা সকলের মাঝে দেখা যাচ্ছে তা পূরনে কতটা সফল হবেন এমবাপ্পে। বিশেষ করে তারকা সমৃদ্ধ মাদ্রিদের আক্রমনভাগে এমবাপ্পের মানিয়ে নেয়াটা এখন চ্যালেঞ্জিং। এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র উভয় বাম দিকে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমবাপ্পের আগমনে রিয়ালের নতুন সেনসেশন জুড বেলিংহামকেও তার পজিশনের পরিবর্তন আনতে হতে পারে।

তারপরও মাদ্রিদে এমবাপ্পের মতো তারকাদের স্বাগত জানাতে সবসময়ই প্রস্তুত ভিনি। এ সম্পর্কে ব্রাজিলিয়ান তারকা এই স্ট্রাইকার বলেছেন, ‘আমি সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে খেলতে চাই।’

বেলিংহাম বলেছেন, ‘কিলিয়ান বিশে^র অন্যতম সেরা খেলোয়াড়। তার মতো একজন খেলোয়াড়ের সাথে কে না খেলতে চাইবে।’

অনেকেই বিশ্বাস করা শুরু করেছেন ইতোমধ্যেই জয়ের স্থায়ীত্ব পাওয়া মাদ্রিদে এমবাপ্পে এলে তাতে কিছুটা বিচলিত হয়ে উঠতে পারে পুরো দল। আবার অনেকেই মনে করছেন এর মাধ্যমে মাদ্রিদের ম্যাচগুলো হয়ে উঠবে আগের থেকে আরও বেশি আকর্ষণীয়। এমবাপ্পের আগমনে ইতোমধ্যেই প্রভাবশালী মাদ্রিদ আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠবে।

দক্ষ কর্মীদের জন্য ‘অপরচুনিটি কার্ড’ চালু করল জার্মানি

0

ইইউর বাইরের দেশের দক্ষ কর্মীদের কাজের সন্ধানে জার্মানিতে আসার অনুমতি দেওয়ার একটি নতুন প্রকল্প কার্যকর করেছে জার্মান সরকার। প্রকল্পের আওতায় চান্সেনকার্টে বা অপরচুনিটি কার্ড নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে।

আবেদনকারীর ভাষা দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা, বয়স এবং জার্মানির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে পয়েন্ট সিস্টেম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। চান্সেনকার্টে পেতে কমপক্ষে ৬ পয়েন্ট প্রয়োজন।

চান্সেনকার্টে পাওয়ার যোগ্যতা হিসাবে ভাষার দক্ষতা, শিক্ষা ও কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে।

এই সুবিধার আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে দক্ষ কর্মীরা জার্মানির শ্রম বাজারে প্রবেশের সুযোগ পাবেন। সঠিক মানদণ্ড পূরণ করতে পারলে সেই কার্ডের মাধ্যমে দেশটিতে এক বছর অবস্থান করে চাকরি খুঁজে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

নতুন এই ভিসা প্রকল্প দেশটির একটা আইনের প্যাকেজের অংশ। এর লক্ষ্য জার্মানির দক্ষ শ্রমের বিপুল ঘাটতি মেটানো।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, ‘‘আমরা নিশ্চিত করছি, জার্মানির অর্থনীতিতে বছরের পর বছর ধরে জরুরিভাবে কর্মী ও দক্ষ কর্মী প্রয়োজন। যোগ্য হলে তারা আমাদের দেশে আসতে পারেন।’

চান্সেনকার্টেতে কী সুবিধা
যোগ্যতা পূরণ সাপেক্ষে অপরচুনিটি কার্ডের বা চান্সেনকার্টের জন্য আবেদন করা সম্ভব। এর জন্য কমপক্ষে দুই বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণ থাকতে হবে বা নিজ দেশে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে।

জার্মান কিংবা ইংরেজি ভাষারও জ্ঞান থাকতে হবে।

আবেদনকারীর ভাষা দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা, বয়স এবং জার্মানির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে পয়েন্ট সিস্টেম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। চান্সেনকার্টে পেতে কমপক্ষে ৬ পয়েন্ট প্রয়োজন।

কার্ড পেলে আবেদনকারী জার্মানিতে প্রবেশ করতে পারবেন এবং এক বছর পর্যন্ত দেশটিতে অবস্থান করে চাকরি খোঁজার অনুমতি পাবেন। সেই সময়ের মধ্যে আংশিক সময়ের কাজ বা পরীক্ষামূলক চাকরিতে (ট্রায়াল জব) সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন।

বিশেষ পশ্চিম বলকান প্রকল্প
নতুন এই প্রকল্পের আওতায় পশ্চিম বলকান দেশগুলির চাকরিপ্রার্থীদের জন্য সুযোগও বেড়েছে। এটি অ-দক্ষ কর্মীদের জন্যও প্রযোজ্য।

পশ্চিম বলকান অঞ্চলের দেশ আলবেনিয়া, বসনিয়া, কসভো, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়ার নাগরিকদের ২০১৬ সাল থেকে বিশেষ বিবেচনায় কাজের অনুমতি দিয়ে আসছে জার্মান সরকার। প্রতিবছর পশ্চিম বলকান অঞ্চলের এই দেশগুলো থেকে অন্তত ২৫ থেকে ৫০ হাজার মানুষ জার্মানিতে আসেন কাজ করতে।

এবার এই দেশগুলো থেকে এলে কোনো পেশাগত যোগ্যতা না থাকলেও জার্মান শ্রমবাজারে প্রবেশাধিকার থাকবে।

যদিও পশ্চিম বলকান দেশগুলো থেকে জার্মানিতে প্রবেশের জন্য জার্মান কোম্পানির সঙ্গে চাকরির চুক্তির প্রয়োজন হবে।
সূত্র : ডয়চে বেলে

স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি ও চিফ স্কাউট বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে তথ্য-প্রযুক্তি, কম্পিউটার, আন্তর্জাতিক বিভিন্ন ভাষাসহ জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ প্রায়োগিক কলা-কৌশল রপ্ত করতে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে ‘স্মার্ট নাগরিক’ হিসেবে গড়ে তুলতে স্কাউট প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের শিশু, কিশোর ও যুব সমাজকে ব্যাপকভাবে স্কাউটিংয়ের আওতায় আনার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গতানুগতিক স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে জনমত গড়ে তুলতেও স্কাউট নেতৃবৃন্দকে এগিয়ে আসার তাগিদ দেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘স্বার্থপরতা, হিংসা, লোভ ও নৈতিকতার অবক্ষয় মানুষের সুকুমার বৃত্তিকে ধ্বংস করে দেয়। আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্যপ্রযুক্তির অপব্যবহার আমাদের কিশোর তরুণদের ওপর মারাত্মক কু-প্রভাব ফেলছে। শহর-উপশহরে কিশোর গ্যাং এর উত্থান ও সন্ত্রাসী কার্যক্রম এসবেরই বহিঃপ্রকাশ।’

শিশু, কিশোর ও যুবকদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কাউট নেতৃবৃন্দকে আরও বেশি তৎপর হতে উপদেশ দেন চিফ স্কাউট।

ভবিষ্যৎ প্রজন্মকে আত্মনির্ভরশীল ও মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার কর্মপ্রেরণায় সব কাউন্সিলর, স্কাউটার ও স্কাউট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

তিনি উল্লেখ করেন, যুব বয়সীদের সৎ, চরিত্রবান, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী সর্বজনবিদিত ও কার্যকর শিক্ষামূলক কার্যক্রম হচ্ছে স্কাউট আন্দোলন।

বর্তমানে স্কাউটের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার যা জনসংখ্যার তুলনায় অপ্রতুল বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান-২০৩০ অনুসারে স্কাউট সদস্য ৫০ লাখে উন্নীত করার পাশাপাশি এর গুণগত মানও নিশ্চিত করতে হবে। এ ছাড়া ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও স্কাউটিংয়ে সমানভাবে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, বৃক্ষরোপণ, স্যানিটেশন, স্বাস্থ্য-শিক্ষা, ইপিআই কর্মসূচি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হতে উদ্বুদ্ধকরণ এবং পরিবেশ সচেতনতার মতো স্কাউটদের সেবাধর্মী কাজ তৃণমূল পর্যন্ত আরও বিস্তৃত হলে দেশের মানুষও এর সুফল পাবে।

রাষ্ট্রপতি জনগণের দুঃখ-কষ্ট লাঘবে দেশের যেকোনো দুর্যোগ-দুর্ঘটনায় বিভিন্ন সময়ে অগ্নিকা-ে আহত-নিহতদের সেবাদানেও স্কাউটদের ভূমিকার প্রশংসা করেন।

এ সময়ে বাংলাদেশ স্কাউটসের বিগত বছরের কার্যক্রমের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

এ ছাড়া বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ, প্রোগ্রাম, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমসহ স্কাউটিং সম্প্রসারণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’, স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ইলিশ” প্রদান করা হয়।

পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান চিফ স্কাউট। তিনি সেখানে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে একটি ফটোসেশনেও অংশ নেন।

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে দেশের যুব সম্প্রদায়কে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্কাউটিংয়ের সার্বিক কর্মসূচিকে সময়োপযোগী এবং দেশের টেকসই আর্থসামাজিক উন্নয়নে স্কাউটদের সক্রিয় অবদান রাখার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ এমপি এতে সভাপতিত্ব করেন।

এ সময় বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানও বক্তব্য দেন।