Home Blog Page 32

যুক্তরাষ্ট্রের জাহাজে হুথিদের হামলা

0

লোহিত সাগর অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ ডোয়াইট আইজেনহাওয়ারে এক দিনে দুবার হামলা চালিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আল মাসিরাহ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সারিয়া জানান, ২৪ ঘণ্টা মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি বাণিজ্যিক জাহাজ মাইনা, অ্যালোরাইক এবং আবলিয়ানিতে এ হামলা চালানো হয় বলে তিনি জানিয়েছেন।

এই মুখপাত্র আরও বলেন, বেশ কয়েকটি ড্রোন সরাসরি আঘাত করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারে। প্রথমে লোহিত এবং পরে আরব সাগরে হামলার শিকার হয় মাইনা জাহাজটি। ভারত মহাসাগরে অ্যালোরাইক জাহাজ এবং লোহিত সাগরে আবলিয়ানি জাহাজে আক্রমণ করা হয়।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শুক্রবার রাতে হুথিদের স্থাপনায় ব্যাপক হামলা চালায়। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথিদের নিয়ন্ত্রিত ১৩টি স্থানে এ হামলা চালানো হয়।
খবর তাসের

চ্যাম্পিয়ন মাদ্রিদ জয়ের একই ‘আকাক্সক্ষা’ ধরে রাখবে : আনচেলত্তি

0

ওয়েম্বলিতে শনবিার রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর উচ্ছসিত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন আগামী মৌসুমে এই একই ধরনের শিরোপা জয়ের ক্ষুধা তার দলের থাকবে। লস ব্ল্যাঙ্কোসরা ফাইনালে ডানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জয় করে।

ফাইনাল শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমাদের পেট ভরে যাবার কোন বিপদ এখানে নেই, আগামীকাল সমর্থকদের সাথে আরো একটি চমৎকার দিন আমরা উপভোগ করবো। এরপর বিশ্রাম, খেলোয়াড়রা ইউরো, কোপা আমেরিকা খেলতে যাবে, এরপর ফিরে এসে আবারো সেই একই আকাক্সক্ষা নিয়ে নতুন মৌসুমে মাঠে নামবে। যেখানে আমাদের নিয়ে আশা সবসময়ই থাকবে।’

এই ইতালিয়ান কোচ হিসেবে রেকর্ড পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি হাতে নেবার কৃতিত্ব দেখিয়েছেন। শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়রা তাদের প্রিয় কোচকে মাথায় তুলে নিয়ে আনন্দ উদযাপনও করেছে।

আগামী ১০ জুন ৬৫ বছরে পা রাখতে যাওয়া আনচেলত্তি আরো বলেন, ‘এই প্রতিযোগিতা আমাকে দুর্দান্তভাবে খুশি করেছে। একজন খেলোয়াড় ও একজন কোচ হিসেবে আমি এর শতভাগ আনন্দ উপভোগ করেছি। এই ম্যাচের এক সপ্তাহ পরও যেন এই একই আবেগ সকলের মধ্যে থাকে আমার লক্ষ্য সেটাই। বিশে^র সেরা একটি ক্লাবের সাথে থাকতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।’

ডেভিড আলাবা, এডার মিলিটাও, থিবো কোর্তোয়ার মতো দলের প্রথম সারির খেলোয়াড়রা ইনজুরিতে থাকার পরও এবারের মৌসুমের পারফরমেন্সকে ১০ নম্বরের মধ্যে ১০ই দিতে চান আনচেলত্তি। কোর্তোয়াতো হাঁটুর গুরুতর ইনজুরির কারেণ চ্যাম্পিয়ন্স লিগের আগের কোন ম্যাচেই খেলতে পারেননি। কাল ফাইনালে তিনি মাঠে নেমেই নিজেকে প্রমান করেছেন।

ক্লাব ইতিহাসে পঞ্চমবারের মতো লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ডাবল জয়ের কৃতিত্ব দেখালো মাদ্রিদ।

এই আধিপত্য হয়তোবা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দলে যোগদানের পর আরো বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনের মধ্যেই এমবাপ্পের চুক্তি প্রসঙ্গে মাদ্রিদ আনুষ্ঠানিক ভাবে জানাবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

কাল মাদ্রিদের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন জার্মান অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস। ইউরো ২০২৪-এর পর সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ক্রুস।

এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘এখন কি হয় দেখা যাক। আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাচ্ছি। অন্য খেলোয়াড়দের তার স্থান নিতে হবে। আমরা সবসময় যা করি এবারও তার ব্যতিক্রম হবে না। যে খেলোয়াড় চলে যায় তার মানের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তিত খেলোয়াড়টিকে মানিয়ে ওঠার চেষ্টা করি।’

আনচেলত্তি জানিয়েছে ২০২১ সালে পুনরায় মাদ্রিদে ফিরে আসা তার জন্য উপহার ছিল। ধীরে ধীরে এই ক্লাবটি তার পরিবারের একটি অংশ হয়ে গিয়েছে। ছেলে ডেভিড আনচেলত্তি বেশ কিছুদিন ধরেই মাদ্রিদের ডাগ আউটে তার সহকারী হিসেবে কাজ করছেন। কাল ফাইনালে বাবা-ছেলেকে মাদ্রিদ ডাগ আউটে একসাথেই দেখা গেছে। আনচেলত্তি বলেন, ‘রিয়াল মাদ্রিদ একটি ফুটবল পরিবারের মত। এখানকার পরিবেশ বেশ ভাল, প্রতিষ্ঠানে কাজ করার থেকে পারিবারিক আবহে কাজ করার মজাই আলাদা। অবশ্যই আমার ছেলে আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে। কারণ কিছু মুহূর্তে সে আমাকে এমন কিছু বলে যা অন্য কেউ কখনই বলতে পারবে না।’

যুক্তরাজ্য থেকে ১০০ টন সোনা ফিরিয়ে আনছে ভারত

0

ব্রিটেন থেকে ১০০ টনের বেশি সোনা ফিরিয়ে আনছে ভারত। অবশ্য এসব সোনা ভারতই সেখানে জমা রেখেছিল। শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশ সেখানে সোনা জমা রাখে। আর সেসব সোনা ব্যাংক অব ইংল্যান্ডের মাটির নিচে থাকা ৯টি বড় ভল্টে জমা রয়েছে।

ভারত তাদের জমা রাখা সোনাগুলো ফিরিয়ে আনছে। এই সোনাগুলো দেশেই রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ভল্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

জানা গেছে, ভারত বিদেশ থেকে মূলত তেল আমদানি করে থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেই এই ব্যবসা করে ভারত। ১৯৯১ সালের আগে ভারতে প্রয়োজনীয় তেলের বেশির ভাগ জোগান আসত ইরাক থেকে। কিন্তু নব্বইয়ের দশকের গোড়ার দিকে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়ে। একই সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি। সব মিলিয়ে তেলের দাম হু হু করে বৃদ্ধি পেতে থাকে। এতে ভারতে তেলের সংকট দেখা দেয়। তেল কিনতে প্রয়োজন পর্যাপ্ত ডলারের। কারণে বিদেশে ভারতের মুদ্রা রুপি চলে না। কীভাবে ডলার পাওয়া যাবে তার পথ খুঁজতে থাকে তৎকালীন সরকার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক থেকে ডলার নেওয়া ছাড়া উপায় ছিল না ভারতের। কিন্তু সেখান থেকে ডলার নিতে গেলে মেনে চলতে হতো তাদের দেওয়া শর্ত। ভারত সে সময় বিকল্প পথ খুঁজতে থাকে। তখনই সোনা বিদেশি ব্যাংকে জমা রাখার পরিকল্পনা মাথায় আসে সরকারের। তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টি এড়িয়ে সোনা অন্য কোনো বিদেশি ব্যাংকে জমা রাখাই ছিল বড় চ্যালেঞ্জ।

গোপনে সোনা ব্যাংক অব ইংল্যান্ড ও ব্যাংক অব জাপানের কাছে জমা রাখে ভারত। তার বিনিময়ে ডলার নেয়। এই পুরো কাজটি ভারত সরকার গোপনে করার চেষ্টা করলেও কয়েকটি সংবাদপত্রে তা ফাঁস হয়ে যায়। ফলে বিদেশে জমা রাখা সোনাই ভারতে ফেরানো শুরু হয়েছে।

একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকা, ইংল্যান্ডসহ অনেক দেশই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতও তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের কাছে এখন সোনা রয়েছে ৮২২ মেট্রিক টন। বিগত পাঁচ বছরে ভারত ২০৩.৯ মেট্রিক টন সোনা কিনেছে। তার মধ্যে কিছু মজুত রয়েছে আরবিআইয়ের কাছে। কিছু বিদেশি ব্যাংকে জমা রাখা হয়েছে।
খবর দ্য হিন্দু

জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দ. আফ্রিকার সঙ্গে যোগ দিচ্ছে চিলি

0

জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে তাতে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে চিলি। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক শনিবার এ ঘোষণা দেন।

ন্যাশনাল কংগ্রেসে বোরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সাথে যোগ দেবে।

জাতিসংঘের এই আদালত গতমাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। যদিও ইসরায়েল এ নির্দেশ উপেক্ষা করেই রাফায় অভিযান চালিয়ে আসছে।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখােও হামাসের কাছে ১২১ জন জিম্মি হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৩৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

সাড়ে ৪ ঘণ্টার লড়াইয়ে জিতে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

0

ফ্রেঞ্চ ওপেনে ১৫ বছরে সবচেয়ে বাজে হারের মুখে ছিলেন নোভাক জোকোভিচ। ৪ ঘণ্টা ২৯ মিনিটের মহাকাব্যিক সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন।

তৃতীয় রাউন্ডে ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ীর প্রতিপক্ষ ছিলেন তার চেয়ে ১৫ বছরের ছোট ইতালির লরেঞ্জো মুসেত্তির। একই প্রতিপক্ষ জোকোভিচকে ২০২১ সালের টুর্নামেন্টেও ভোগান্তিতে ফেলেছিল। সেবার দুই সেটের লিড নিয়েও ছিটকে যায় ইনজুরিতে। এদিন র‌্যাঙ্কিংয়ের এক নম্বরকে আবার পেয়ে যেন তুমুল চ্যালেঞ্জ জানিয়ে বসেন মুসেত্তি। প্রথম সেটে তুমুল লড়াই হলেও তাকে ৭-৫ গেমে হারান জোকোভিচ। দ্বিতীয় সেটে অবশ্য প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় সার্বিয়ান তারকাকে। এই সেটের লড়াই গড়ায় টাইব্রেকারে। ৩৭ বছর বয়সী জোকোভিচ অবশ্য এবার প্রতিরোধ সামলাতে পারেননি। সেখানে জয় নিশ্চিত হয়েছে মুসেত্তির। পরের সেটও ২-৬ গেমে হেরে গেলে জোকোভিচের পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এই তারকা ৬-৩, ৬-০ গেমে ম্যাচ জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন।

তুমুল লড়াইয়ের জন্ম দিয়ে রেকর্ড গড়েছেন জোকোভিচ। রজার ফেদেরারের ৩৬৯টি গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে এখন তার প্রতিপক্ষ আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দোলো।

মহাকাব্যিক লড়াইয়ের পর প্রতিপক্ষ মুসেত্তিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মুসেত্তিকে অভিনন্দন জানাতেই হবে। এটা লজ্জার যে একজনকে হারতেই হয়। কিন্তু সে অবিশ্বাস্য একটা ম্যাচ উপহার দিয়েছে। জয়ের খুব খুব কাছে ছিল সে।’

সলঙ্গা বিদ্রোহকে জাতীয় দিবসের স্বীকৃতি দিতে হাইকোর্টের রুল

0

ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবসকে জাতীয় দিবসের স্বীকৃতি কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার (২ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন ও অ্যাডভোকেট বদরুদ্দোজা বাবু।

এর আগে ২৭ জানুয়ারি ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহ দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সিরাজগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিন জনস্বার্থে এ রিট করেন।

১৯২২ সালের ২৭ জানুয়ারি তদানীন্তন ব্রিটিশ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর গুলিতে রায়গঞ্জ থানার সলঙ্গা হাটে বিলেতি পণ্য বর্জন-আন্দোলনের কর্মীসহ সাধারণ হাটুরে জনতা শহীদ হন। ব্রিটিশ শাসন আমলে সাম্রাজ্যবাদবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে জনতা উদ্বেলিত হয়ে বিলেতি পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের সংগ্রাম শুরু করেছিলেন। এ আন্দোলনের ঢেউ এসে আছড়ে পড়ে সলঙ্গায়। সে সময় তৎকালীন পাবনা জেলার এবং বর্তমান সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় একটি ব্যবসায়িক জনপথ হিসেবে সপ্তাহে দুই দিন হাট বসত।

১৯২২ সালে ২৭ জানুয়ারি শুক্রবার ছিল বড় হাটবার। মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশেষ নেতৃত্বে অসহযোগ ও খেলাফত আন্দোলনের কর্মীরা হাটে বিলেতি পণ্য কেনা-বেচা বন্ধ করে দেন। স্বদেশি আন্দোলনের কর্মীদের রুখতে ছুটে আসে পাবনা জেলা ম্যাজিস্ট্রেট আরএন দাস, জেলা পুলিশ সুপার ও সিরাজগঞ্জ মহুকুমা প্রশাসক এসকে সিনহাসহ ৪০ জন সশস্ত্র লাল পাগড়ীওয়ালা পুলিশ। সলঙ্গার গো হাটায় ছিল বিপল্লী স্বদেশী কর্মীদের অফিস। পুলিশ কংগ্রেস অফিস ঘেরাও করে গ্রেফতার করে মজলুম জননেতা মাওলানা আবদুর রশীদকে। সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বিরলে শ্রেষ্ঠ ভোটার কামবালাকে ঘর বানিয়ে দিলেন নৌপ্রতিমন্ত্রী

0

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে শ্রেষ্ঠ ভোটার ৯২ বছর বয়সী ভোটার কামবালা। প্রধানমন্ত্রীর সকল গৃহহীন মানষদের ঘর করে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় কামবালাকেও ঘর নির্মাণ করে দেয়া হয়েছে এবং যা হস্তান্তর করে অনেক তৃপ্তি অনুভব হচ্ছে। কামবালা জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে শুধু ভোটার নয় প্রার্থীর কাছেও ভোট চেয়েছেন। ভোট নাগরিকের জন্য কত বড় অধিকার, তা কামবালা তার কর্মের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তাঁর কছে আমাদের অনেক শেখার রয়েছে।

আজ রোববার সকালে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ী গ্রামে কামবালা নিবাস হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন শেষে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বহ্নি শিখা আশা, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাওলা শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, ধর্মপুর ইউনিয় আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচন ধাপে ধাপে করলে আরও গ্রহণযোগ্য হবে : সিইসি

0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচন যদি ধাপে ধাপে আয়োজন করা যায়, তাহলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। এতে নির্বাচনের আয়োজন করতেও সহজ হবে।

আজ রোববার (২ জুন) আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা টিআইবিকে বলেছি, জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা যায় কি না, সে ব্যাপারে জনমত গড়ে তুলতে। কারণ, ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে পারলে নির্বাচনকে আরও বেশি সুষ্ঠু করা যাবে। কারণ, তখন আরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা যাবে। আরও বেশি পোলিং এজেন্ট মোতায়েন করা সম্ভব হবে। নির্বাচন কমিশনের একার পক্ষে কখনো নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয়। এটি করতে হলে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

এর আগে বেলা সাড়ে ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে বসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিনিধি দল।

এতে টিআইবির পক্ষ থেকে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ মোট ৫ জন অংশ নেন। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:), নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম অংশ নেন।

ডেঙ্গু চিকিৎসায় সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গু চিকিৎসার জন্য ওষুধপত্র, স্যালাইনসহ হাসপাতালে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে। ডেঙ্গু মৌসুম শুরু হলে এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে।

আজ রোববার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভা ও লন্ডন ট্যুর নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে কাজ করা উচিত। শিগগিরই এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, যে প্রকল্প জনগণের উপকারে আসবে না, আগামী বাজেটে সেই প্রকল্প না রাখার পদক্ষেপ নেওয়া হবে।

ঘূর্ণিঝড় রেমালে ২০ জেলায় ক্ষতি ৬৮৮০ কোটি টাকা

0

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের ২০ জেলায় ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। তিনি বলেন, ২০টি জেলার হিসাব পেয়েছি। ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আজ রোববার (২ জুন) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় রেমালের সার্বিক বিষয় নিয়ে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৬ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে। এর প্রভাবে উপকূলীয় বেশকিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। যার ফলে এসব এলাকা পানিতে নিমজ্জিত হয়। এ ছাড়া ১৬ জনের প্রাণহানি ঘটে। বেশকিছু রাস্তাঘাট, বেড়িবাঁধ, ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমরা গত কয়েকদিন থেকেই দুর্যোগ প্রস্তুতির জন্য নানা কার্যক্রম গ্রহণ করেছি। সরকারের সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছি। এখন দুর্যোগ পরবর্তী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পরদিন আমি ব্যক্তিগতভাবে উপকূলীয় জেলার সংসদ সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করে স্থানীয়দের খোঁজখবর নিয়েছি।

মো. মহিববুর রহমান বলেন, এ পর্যন্ত ১৯ জেলায় ক্ষতিগ্রস্তদের অনুকূলে ত্রাণকার্যে নগদ পাঁচ কোটি ৭৫ লাখ টাকা, পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চাল, ৯ হাজার প্যাকেট শুকনা খাবার, ২০০ বান্ডিল ঢেউটিন, গো- খাদ্যের জন্য দুই কোটি ৪৫ লাখ টাকা এবং শিশু খাদ্য কেনার জন্য দুই কোটি ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ, দপ্তর-সংস্থা, স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন দুর্গতদের পাশে দাড়িয়েছে। ঘূর্ণিঝড়ের পরপরই আমি ক্ষতিগ্রস্ত এলাকা খুলনার কয়রা, ভোলার চরফ্যাশন এবং পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও জরুরি সেরা পৌঁছানো নিশ্চিত করেছি।

প্রতিমন্ত্রী বলেন, গত ৩০ জুন প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রেমাল এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শন করেন এবং ঘূর্ণিঝড়ে আক্রান্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

তিনি বলেন, কয়েক দিন ধরে সিলেট, সুনামগঞ্জ ও দিনাজপুর জেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যার্তদের সাহায্যে সিলেট জেলায় ২০ লাখ টাকা নগদ অর্থ, ৫০০ মে. টন চাল, ১০ লাখ টাকার গো-খাদ্য এবং ১০ লাখ টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জ জেলায় ১৫ লাখ টাকা নগদ অর্থ, ৫ লাখ টাকার গো-খাদ্য এবং ৫ লাখ টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। একইভাবে দিনাজপুর জেলায় ১৫ লাখ টাকার নগদ অর্থ এবং ৩ লাখ টাকার শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ করা হয়েছে।

মো. মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সবকিছু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নয়। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সংস্থা তাদের আওতাধীন বিষয়াদির ক্ষয়-ক্ষতির পরিমাপ করে তা পুনর্র্নিমাণ বা সংস্কার অথবা মেরামতের উদ্যোগ গ্রহণ করবেন।