Home Blog Page 38

জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

0

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও ক্ষুদ্র দ্বীপদেশগুলোর উন্নয়নে জোর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র এন্টিগা এন্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ আয়োজিত ‘ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলন’-এর দ্বিতীয় দিনে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ড. হাছান মাহমুদ বক্তৃতায় এই আহবান জানান।

সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব এন্টিগার প্রধান মিলনায়তনে সিডস সম্মেলনের প্লেনারি অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর ঐতিহ্যবাহী মুখপাত্র হিসেবে এবং ক্ষুদ্র দ্বীপদেশগুলোর উন্নয়নে ধারাবাহিকভাবে উচ্চকন্ঠ বাংলাদেশের ভূমিকা উল্লেখ করতে গিয়ে এই সব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি বলেন, দুই মেয়াদে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের অম্লতাবৃদ্ধি এবং চরম আবহাওয়ার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিশেষ দৃষ্টি নিবদ্ধ করেছে।

বিশিষ্ট পরিবেশবিদ ড. হাছান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উচ্চ কার্বন নিঃসরণকারী উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহিমূলক প্রতিশ্রুতির আওতায় আনা একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যে আজারবাইজানের বাকুতে আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯ এ ২০২৫ সাল পরবর্তী সময়ে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জলবায়ু ঝুঁকির অভিযোজন ক্ষমতা বৃদ্ধির দিকে জাতিসংঘ সদস্যদের মনোযোগী হওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর চ্যালেজ্ঞ মোকাবেলায় রাষ্ট্রগুলোর দায়িত্ব সম্পর্কে আন্তর্জাতিক আদালতের (আইসিজে) কাছ থেকে পরামর্শমূলক মতামত চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের কথাও তুলে ধরেন।

আফ্রিকার স্বল্পোন্নত এবং ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় সিডস দেশগুলোর ক্যাডেটদের জন্য বাংলাদেশ মেরিন একাডেমিতে বৃত্তি প্রদানের কথা জানিয়ে সম্মেলনে ড. হাছান বলেন, সামুদ্রিক খাতে আঞ্চলিক সহযোগিতা এবং আন্ত:জাতি সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সম্মেলন শেষে ‘দ্য এন্টিগা এন্ড বারবুডা এজেন্ডা ফর সিডস (আবাস)’ প্রতিরোধে সক্ষম উন্নয়নের লক্ষ্যে নবায়নকৃত ঘোষণাপত্রটি চূড়ান্ত হবে।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অণুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম, পররাষ্ট্র মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ দেশের প্রতিনিধিদলের সদস্য হিসেবে সম্মেলনে যোগ দিচ্ছেন।

এই দিন সিডস সম্মেলনে যোগদানের পাশাপাশি জ্যামাইকা এবং ডোমিনিকান রিপাবলিকের দুই পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদের সাথে ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী রবার্টো আলভারেজ এবং জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথের বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা, মানুষে মানুষে যোগাযোগ, সংস্কৃতি, শিল্প, শিক্ষা, বাণিজ্য এবং পর্যটনে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

পাশাপাশি এই দিন নিউইয়র্কে জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি বব রে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনায় বব রে রোহিঙ্গা সংকট নিরসন নিয়ে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান, নিজ দেশ থেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াই একমাত্র সমাধান।

জাতিসংঘের শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

0

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্যাপনে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এদিন শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়, যেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ‘শান্তিরক্ষী দৌড়-২০২৪’ উদ্বোধন করছেন।

দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষীদের আত্মীয় ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ চার দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে, ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে।

বর্তমানে ১৩ দেশে বাংলাদেশের ৬ হাজার ৯২ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন। যার মধ্যে রয়েছে ৪৯৩ জন নারী শান্তিরক্ষী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১৬৮ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এই বছর তিনজন আহত শান্তিরক্ষীকে সম্মাননা দেওয়া হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড সংবর্ধনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।

শাহজালালে দুই কেজি সোনাসহ কেবিন ক্রু গ্রেপ্তার

0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটের নারী কেবিন ক্রুকে ১ কেজি ৯৭৯ গ্রাম সোনাসহ গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে এসব সোনা উদ্ধারসহ ওই কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২৯ মে) সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটটির মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণের সময় ছিল। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দরাবাদে অবতরণ করে। পরে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জিয়াউল হক আরও জানান, গোপন তথ্যর ভিত্তিতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিম ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়। তাকে তল্লাশি করে ১১টি স্বর্ণের বার, আটটি সোনার চুরি এবং একটি চেন পাওয়া যায়। উদ্ধার করা এসব সোনার আনুমানিক ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।

অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।

গাজায় তাঁবু ক্যাম্পে হামলায় নিহত অন্তত ২১

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুতদের ক্যাম্পে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন নারী। হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে বাস্তুচ্যুতদের তাঁবু ক্যাম্পে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা এবং ফিলিস্তিনি বার্তাসংস্থা জানিয়েছে।

এর আগে রোববার রাতে গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বাস্তুচ্যুত লোকদের শিবিরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হন। সর্বশেষ এই হামলা এমন এক সময়ে হলো যখন আগের ওই হামলার কারণে ইসরায়েল বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে।

গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাফা গভর্নরেটে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে অন্তত ১২ জন নারী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হামলায় আরও ৬৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, ওই এলাকাটিতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী রাফার আল-মাওয়াসিতে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আগ্রাসন পরিচালনাকারী এই সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গত কয়েক ঘণ্টার প্রতিবেদনের বিপরীতে (আমরা বলতে চাই), আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আল-মাওয়াসির ওই মানবিক এলাকায় হামলা করেনি।’

দেশে ফিরলেন ‘এভারেস্টজয়ী’ বাবর আলী

0

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ‘এভারেস্ট’ ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করে দেশে ফিরেছেন বাবর আলী। মঙ্গলবার (২৮ মে) বিকেলে নেপাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্ধরে পৌঁছান তিনি।

এরপর নিজ শহর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন বাবর। রাতে চট্টগ্রামে পৌঁছেছেন বলে জানা গেছে। ‘এভারেস্টজয়ী’ বাবর আলীর নিজ শহরে আসার খবর শুনে উচ্ছ্বসিত চট্টগ্রামবাসী।

প্রসঙ্গত, গত ২১ মে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে লোৎসে পৌঁছান তিনি। এর আগে ১৯ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি। এদিন বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় এভারেস্টের চূড়ায় ওঠেন বাবর।

উল্লেখ্য, এমবিবিএস পাস করা বাবর পেশা হিসেবে ডাক্তারিতে থিতু হননি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। সাইক্লিংয়েও রয়েছে তার আলাদা আগ্রহ।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি ম্যাচ বাতিল

0

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। আজ রাত ৯টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল টাইগারদের। তবে বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে এই প্রস্তুতি ম্যাচ।

মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ডালাসের অতিবৃষ্টির কারণেই আইসিসির এমন সিদ্ধান্ত।

বিবৃতি জানিয়েছে, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত ওয়ার্ম আপ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় আক্রান্ত হয়েছে পুরো এলাকাটিই।

আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩৪ হাজার। ইতোমধ্যে সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশা, কানায় কানায় পূর্ণ থাকবে এই স্টেডিয়াম। এখানে গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ২ জুন টুর্নামেন্টের পর্দা উঠলেও ৮ জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজেরা। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাথুরুসিংহের শিষ্যরা।

এমপি আনারের মরদেহের খণ্ডিত মাংস উদ্ধারের দাবি

0

ভারতের কলকাতায় নিউ টাউনের সঞ্জীভা আবাসনের বিইউ-৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে খণ্ডিত মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। এটি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডিত মাংস বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ মে) এই মাংস উদ্ধার করা হয়। বিইউ-৫৬ ফ্ল্যাটেই আনারকে হত্যা করা হয়েছিল।

জানা গেছে, এমপি আনারকে হত্যা করে তার মরদেহের মাংস টুকরো টুকরো করে কমোডে ফেলে দিয়েছিল ঘাতক কসাই জিহাদ হাওলাদার। এর পরিমাণ হবে প্রায় ৪ কেজি।

ডিবিপ্রধান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মাংস নিহত এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহের কিনা তা এখন বলা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজীম আনার। পশ্চিমবঙ্গে পৌঁছে ওঠেন বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এ সংসদ সদস্য।

নিখোঁজের বিষয়ে পরে একটি জিডি করেন আনারের বন্ধু গোপাল বিশ্বাস। এরপরই শুরু হয় খোঁজ। গত বুধবার (২২ মে) হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে মরদেহ মেলেনি সেখানে। এ ঘটনায় এখন পর্যন্ত কলকাতায় একজন ও বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছেন। হত্যাকাণ্ড সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য দিয়েছেন তারা। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের জট খোলেনি; মেলেনি মরদেহ কিংবা তার খন্ডিতাংশও।

বিশ্বের সেরা বোলিং লাইনআপ পাকিস্তানের : শহিদ আফ্রিদি

0

পাঁচ পেসারকে নিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। আনপ্রেডিক্টেবলের ১৫ সদস্যের স্কোয়াডে থাকা ৫ পেসার হলেন মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন এসব পেসাররা দারুণ বোলিং করছে, এমন কথা যেকোনো ক্রিকেটভক্ত মানেই স্বীকার করবেন। তবে পাকিস্তানের এই পেস বোলিং লাইন-আপ বিশ্বের সেরা কিনা, সেটি নিয়ে হয়তো অনেকেই দ্বিমত পোষণ করবেন।

এ ক্ষেত্রে দল ও পেসারদের নিয়েই দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি মনে করেন, পাকিস্তানের বোলিং লাইনআপ বিশ্বের সবচেয়ে শক্তিশালী।

শহিদ আফ্রিদির যুক্তি, বিশ্বকাপর স্কোয়াডে থাকা পাকিস্তানের এই ৫ পেসারের বলে ডেপথ আছে। বল করার ক্ষেত্রে তাদের দক্ষতাও অসাধারণ।

আইসিসির পোস্ট করা একটি ভিডিও বার্তায় শহিদ আফ্রিদি বলেন, আমার মনে হয়, বিশ্বের কোনো ক্রিকেট দলে এমন শক্তিশালী বোলিং লাইনআপ নেই। আমাদের চার পেস বোলারের প্রত্যেকেই অনেক দক্ষ। এমননি বেঞ্চে থাকা বোলাররা, যেমন আব্বাস আফ্রিদিও বেশ দক্ষ। ভালো স্লোয়ার বলার ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা রয়েছে।

আত্মবিশ্বাসী শহিদ আফ্রিদি মনে করেন, এসব বোলাররা যখন বিশ্ব মানের ব্যাটারদের বিপক্ষে বোলিং করতে আসবে, তখন তারা দুর্দান্ত পারফর্ম করবে।

তবে পাকিস্তানের পেসারদের বোলিং সেটআপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রমিজ রাজা। শাহিন শাহ আফ্রিদিকে তিনি বোলিংয়ে বৈচিত্র্য আনার পরামর্শ দেন এবং কৌশল উন্নত করার কথা বলেন।

নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, শাহিন শাহ আফ্রিদির বোলিং দেখুন। বলটি যদি সুইং না করে এবং সে ফুল লেন্থে বল করে, তাহলে মার খাবে। তাকে বোলিংয়ের লেন্থ বল এবং গতি পরিবর্তন করতে হবে। বিশেষ করে যখন সে পিচ থেকে তেমন কোনো সুবিধা পাচ্ছে না।

নিউইয়র্কে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী

0

জাতিসংঘ শান্তিরক্ষী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৩০ মে জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পাশাপাশি দিবসটি উপলক্ষে বাংলাদেশের স্থায়ী দূতাবাস আয়োজিত অস্ট্রিয়ার সঙ্গে যৌথ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

তিন দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল, মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত, জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট প্রমুখের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের উদ্দেশে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অণুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ সিডস সম্মেলন ও নিউইয়র্কের কর্মব্যস্ত সফরে দেশের প্রতিনিধিদলের সদস্য হিসেবে যোগ দিচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টিগা অ্যান্ড বারবুডায় ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের সম্মেলনে (সিডস) যোগ দিয়েছেন।

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো স্পেন

0

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ স্পেন। আজ মঙ্গলবার (২৮ মে) স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। খবর আল জাজিরার।

জানা গেছে, দেশটির মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। স্প্যানিশ সরকারে মুখপাত্র পিলার অ্যালেগ্রিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পিলার আলেগ্রিয়া বলেছেন, ‘মন্ত্রিসভা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যার উদ্দেশ্য হলো—ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।’

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সবাই শান্তি অর্জন করতে চাই তবে…ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি অপরিহার্য প্রয়োজন।’ এ সময় তিনি জানান, পূর্ব জেরুজালেম হবে এই রাষ্ট্রের রাজধানী।

এদিকে, আয়ারল্যান্ড ও নরওয়েও আজ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা।

স্পেনের আগে মোট ১৪৪টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

মঙ্গলবার পার্লামেন্টে কয়েক ঘণ্টার বিতর্কের পর আয়ারল্যান্ডের মন্ত্রিসভাও ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আমরা ইসরায়েল রাষ্ট্র ও ফিলিস্তিন রাষ্ট্রে বিশ্বাস করি। দুই রাষ্ট্র পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে বসবাস করবে। আর আমরা এমন এক সময় এটা করতে যাচ্ছি যখন ইসরায়েল ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিতে বোমা বর্ষণ করে যাচ্ছে।