Home Blog Page 43

বরখাস্ত হয়ে যা বললেন জাভি

0

সবকিছু পাল্টে গেল হঠাৎ। বার্সেলোনার কোচ হিসেবে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। কিন্তু হুট করেই বার্সেলোনা ছাঁটাই করে দিল তাকে! এমন বিদায়ের প্রাক্কালেও দলের প্রতি ভালোবাসা জানিয়েছেন জাভি। বরখাস্ত হয়েও দিয়েছেন আবেগঘন বার্তা।

বার্সেলোনায় আর থাকছেন না জেনে ইনস্টাগ্রাম আবেগঘন একটি পোস্টে জাভি লিখেন, ‘প্রিয় বন্ধুরা, রোববার থেকে বার্সেলোনার বেঞ্চে আমার পথচলার ইতি ঘটবে। যে ক্লাবটি আমার জীবন, সেখান থেকে চলে যাওয়াটা সহজ নয়, কিন্তু আড়াই বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিংরুমে থাকা, যেটা আমার দ্বিতীয় বাড়ি… আমি খুবই গর্বিত।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জাভি বলেন, ‘সমর্থন ও ভালোবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন, ফুটবলার হিসেবে এখানে কাটানো সময়ের মতোই একই রকম ভালোবাসা দিয়েছেন।’

জাভি আরও বলেন, ‘রোববার থেকে আমি আরেকজন বার্সেলোনা সমর্থক হয়ে যাব এবং সেটা অলিম্পিক স্টেডিয়ামে হোক ক্যাম্প ন্যুতে হোক। খেলোয়াড় বা কোচ হওয়ার আগে আমি ছিলাম একজন বার্সেলোনা সমর্থক এবং জীবনে আমি এই ক্লাবটির কেবল সবচেয়ে ভালোটাই চাই।’

জাভির সঙ্গে চুক্তি নবায়ন করার পরও হঠাৎ তাকে ছাঁটাই করার পেছনে ক্লাবকে নিয়ে বিরূপ মন্তব্যই দায়ী বলে ধারণা করা হচ্ছে। গত ১৬ মে সাংবাদিকদের কাছে ক্লাবের ‘নাজুক আর্থিক অবস্থা’ নিয়ে মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের খবর, এতেই নাকি কোচের ওপর চটে যান হুয়ান লাপোর্তা।

তবে কারও ওপরে ক্ষোভ নেই জাভির। সবাইকে ধন্যবাদ জানিয়ে জাভি বলেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সমর্থক, খেলোয়াড়, স্টাফ, সভাপতি, বোর্ড পরিচালক, স্পোর্টিং ডিরেক্টর, গণমাধ্যম এবং সবাই, যাদের সঙ্গে আমি আড়াই মৌসুম ধরে এই পথচলা ভাগাভাগি করেছি। আমার হৃদয়ের এই ক্লাবের জন্য শুভকামনা।’

টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম

0

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা ক‌মি‌য়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা।

শ‌নিবার (২৫ মে) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম ক‌মে‌ছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২৬ মে) থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৯ হাজার ২৫৭ টাকায় বিক্রি করা হবে।

স্বর্ণের দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

সম্মান রক্ষার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি টাইগারদের সম্মান রক্ষার ম্যাচ।

শনিবার (২৫ মে) প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। গত ম্যাচে ব্যর্থ হওয়া জাকেরকে বাদ দিয়ে লিটনকে একাদশে ফিরিয়েছে টাইগাররা। এ ছাড়াও শরিফুলের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছে হাসান মাহমুদ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের একাদশে এসেছে পরিবর্তন। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল এবং আগের ম্যাচের নায়ক আলি খানসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে।

বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

যুক্তরাষ্ট্রের একাদশ: অ্যারন জোন্স , অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ফন শ্যালকউইক, শায়ান জাহাঙ্গীর।

বিশ্বজুড়ে গড় আয়ু কমেছে প্রায় দুই বছর : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

করোনা মহামারির সমাপ্তি ঘটলেও তার জের এখনো শেষ হয়নি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চলা এই মহামারির জেরে বিশ্বজুড়ে গড় আয়ু অন্তত ১৮ মাস হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার নিজেদের বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও। সেখানে বলা হয়েছে, ১৮ মাস হ্রাস পাওয়ার কারণে বিশ্বে বর্তমানে মানুষর গড় আয়ু ৭১ বছর ৪ মাস। গড় আয়ু কমার পাশাপাশি এক বছর ৫ মাস হ্রাস পেয়েছে শারিরীকভাবে সুস্থ-সক্ষম থাকার গড় বয়সসীমাও। ডব্লিউএইচওর তথ্য অনুসারে, বর্তমানে বিশ্বজুড়ে শারীরিকভাবে সুস্থ-সক্ষম থাকার গড় বয়স নেমেছে ৬১ বছর ৯ মাসে।

এই হ্রাসের মধ্যে দিয়ে বিশ্ব আবার ফিরে গেছে ২০১২ সালে। ওই বছর বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস এবং গড় সুস্থ-সক্ষম থাকার বয়সসীমা ৬১ বছর ৯ মাস ছিল।

গত জানুয়ারিতে এ সম্পর্কিত একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বিশ্ববিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে। সেখানে বলা হয়েছিল, করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে গড় আয়ু কমেছে ১ বছর ৬ মাস।

বিশেষজ্ঞদের মতে, মানুষের গড় আয়ুর ওপর যে গভীর প্রভাব রেখে গেছে করোনা মহামারি, তা বিগত ৫০ বছরে অন্য কোনো রোগের বেলায় ঘটেনি।

শুক্রবার এক বিবৃতিতে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘গড় আয়ু হ্রাস পাওয়া এই তথ্য আমাদের বার্তা দিচ্ছে যে শিগগিরই আমাদের সদস্যরাষ্ট্রগুলোর একটি মহামারি নিরাপত্তা চুক্তিতে আসা উচিত। এমন একটি চুক্তি যা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকে শক্তিশালী করবে, স্বাস্থ্যখাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমতা নিশ্চিত করবে।’
খবর এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চাকরি কেড়ে নেবে : ইলন মাস্ক

0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের সব ধরনের চাকরি কেড়ে নেবে, এমনটাই বলেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৩ মে) প্যারিসে ভিভাটেক ২০২৪- প্রযুক্তি সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলন মাস্ক বলেন, সম্ভবত আমাদের কারোরই চাকরি থাকবে না। আগামী দিনে এমন একটি ভবিষ্যৎ আসবে, যেখানে চাকরি হবে ‘ঐচ্ছিক’।

তিনি বলেন, ‘আপনি যদি চাকরি করতে চান, তবে আপনি শখের বসে চাকরি করতে পারেন। অন্যথায় এআই এবং রোবটগুলো আপনার পছন্দমতো আপনাকে সব পণ্য এবং পরিষেবা সরবরাহ করবে।’

তবে এই লক্ষ্যে পৌঁছাতে সর্বজনীন আয়ের ধারণা তুলে ধরেছেন মাস্ক। সর্বজনীন মৌলিক আয়ের সঙ্গে এর পার্থক্য রয়েছে।
তবে এই সর্বজনীন উচ্চ আয়ের বিষয়টি কেমন হবে, তা স্পষ্ট করেনি। একজন ব্যক্তি কত আয় করে, তা নির্বিশেষে সরকার প্রত্যেককে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, তাকে সর্বজনীন মৌলিক আয় (ইউবিআই) বলে। মাস্ক বলেন, ‘পণ্য বা পরিষেবার কোনো ঘাটতি হবে না।’

বিগত কয়েক বছরে এআই সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

এটা খুবই দ্রুতগতিতে হয়েছে। ফলে নিয়ন্ত্রক, কম্পানি এবং ভোক্তারা এখনো কিভাবে দায়িত্বশীলভাবে প্রযুক্তিটি ব্যবহার করবেন তা বুঝে উঠতে পারছে না। বাজারে এআই প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিল্প এবং চাকরি কিভাবে পরিবর্তিত হবে, তা নিয়েও রয়েছে আশঙ্কা।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবের গবেষকরা দেখেছেন, বিভিন্ন কর্মক্ষেত্র প্রত্যাশার ও আশঙ্কার চেয়ে অনেক বেশি ধীরে ধীরে এআই গ্রহণ করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এআই ব্যবহার করে কাজ করাটা বেশির ভাগ নিয়োগকর্তার জন্য অর্থনৈতিকভাবে লাভজনক ছিল না।

বিশেষজ্ঞরা অনেকাংশে বিশ্বাস করেন অনেক চাকরি, যেখানে উচ্চ মানসিক বুদ্ধিমত্তা এবং মানুষের মিথস্ক্রিয়া প্রয়োজন পড়ে, সেখানে এআই দিয়ে কাজ করানোর প্রয়োজন হবে না। যেমন মানসিক স্বাস্থ্যের চিকিৎসক, সৃজনশীল কাজ এবং শিক্ষক।

এআই নিয়ে মাস্ক তার উদ্বেগের বিষয়ে স্পষ্টবাদী হয়েছেন। গত বৃহস্পতিবার তিনি বলেন, প্রযুক্তিকে তার সবচেয়ে বড় ভয়। তিনি লেখক ইয়ান ব্যাঙ্কসের ‘কালচার বুক সিরিজ’ বইগুলোর কথা বলেছেন। যেখানে উন্নত প্রযুক্তি দ্বারা পরিচালিত একটি সমাজের কল্পিত রূপের কথা বলা হয়েছে। বইগুলোতে থাকা এসব কল্পিত রূপ বাস্তবসম্মত এবং ভবিষ্যৎ এআই সম্পর্কে সেরা ধারণা তুলে ধরা হয়েছে বলে তিনি মনে করেন।

তবে চাকরিবিহীন ভবিষ্যতে মানুষ নিজেকে মানসিকভাবে পরিপূর্ণ বোধ করবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাস্ক। তিনি বলেন, ‘কম্পিউটার এবং রোবট যদি আপনার চেয়ে ভালোভাবে সব কিছু করতে পারে, তবে আপনার জীবনের কী অর্থ থাকবে?’
খবর সিএনএন

ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

0

বাংলাদেশের মানুষের উদার চিন্তা-চেতনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।

আজ শনিবার (২৫ মে) গণভবনে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২৪’ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে চাই। এখানে ধর্ম-বর্ণ বলে কোনো কথা নেই। আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের সার্বিক উন্নয়নে, আর্থ-সামাজিক উন্নয়নে আমরা কাজ করি।

শেখ হাসিনা বলেন, আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। বাংলাদেশটাতে সব সময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা। সেক্ষেত্রে আমি মনে করি, সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি সাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে গড়ে তোলায়।

প্রধানমন্ত্রী বলেন, এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশকে ভিন্ন পথে নিতে। কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন-মানসিকতা, বাংলাদেশের মানুষের মন খুব উদার। সবাই একসঙ্গে চলতে আমরা পছন্দ করি। সেভাবেই আমরা চলব।

তিনি বলেন, প্রত্যেক ধর্মেরই মূল কথা যেটা গৌতম বুদ্ধও বলে গেছেন মানবকল্যাণ, জগতের সব প্রাণী সুখী হোক। আমাদেরও সেই কথা। সবাই সুখে থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন।

মাদ্রাসার ছাত্র ও শিক্ষক নিয়ে গঠিত হয় ‘শাহাদাত’ : র‌্যাব

0

নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের নতুন গ্রুপ ‘শাহাদাত’ মূলত মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের নিয়ে গঠন করা হয়েছে। সাধারণ লেখাপড়ায় শিক্ষিত উগ্র মনোভাবাপন্ন লোকজনকে আকৃষ্ট করার জন্য দেশ বিরোধিতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত।

আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেনসহ, দুই আঞ্চলিক প্রশিক্ষক জিহাদ হোসেন ওরফে হুজাইফা ও আমিনুল ইসলামকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল শুক্রবার র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৩-এর যৌথ অভিযানে রাজধানীর গুলিস্তান ও নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে তিনটি উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

আজ শনিবার রাজধানীর কারওয়ানবাজার সংস্থাটির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

তিনি বলেন, এ সংগঠনে মাদ্রাসা শিক্ষক সদস্যগণ অত্যন্ত সুকৌশলে মাদ্রাসা পড়ুয়া কোমলমতি ছাত্রদের এ বিষয়ে অনুপ্রাণিত করতো।

র‌্যাবের মুখপাত্র বলেন, গ্রেপ্তার ইসমাইল নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে অধ্যয়নরত। ১ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে অবস্থানরত জঙ্গি নেতা সালাউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রে সে তার মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলামে যোগদান করে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে তাকে সংগঠনের রিক্রুটিং শাখার প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

গ্রেপ্তার জিহাদ একটি মাদ্রাসার শিক্ষক। সেও প্রায় ১ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে বিদেশে অবস্থানরত একজন জঙ্গি নেতার সঙ্গে পরিচয় সুত্রে আনসার আল ইসলামে যোগদান করে। এরপর থেকে তার মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে থাকে। পরে সে সংগঠনে আঞ্চলিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পায়।

গ্রেপ্তার আমিনুল পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। প্রায় ৬ মাস আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত এক জঙ্গি নেতার সঙ্গে পরিচয়সূত্রে সেও সংগঠনে যোগ দেয়। পরে সে তার নিজ এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। একপর্যায়ে সে সংগঠনে আঞ্চলিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পায়।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ : রাতেই দেখানো হতে পারে মহাবিপদ সংকেত

0

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে আজ শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত দেখানো হতে পারে।

আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখানে বাংলাদেশের আবহাওয়া অফিস, ভারতের আবহাওয়া অফিস, চীনের আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয় রেখে পরিষ্কার বুঝতে পারছি ঘূর্ণিঝড়টি আসন্ন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।

মহিববুর রহমান বলেন, এখন পর্যন্ত ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে। আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে সংকেত ৩-এ চলে যাবে। সন্ধ্যা নাগাদ বা রাতে ৪-এর ওপরে এবং রাতের বেলা বিপদের পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি।

প্রতিমন্ত্রী বলেন, রাত আটটায় আবার এই মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল ১১টায় আমরা আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছি। এক কথায় এ ঘূর্ণিঝড় আসন্ন, সেটা মাথায় রেখে আমরা প্রস্তুতি সম্পন্ন করে আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছি।

কয়টি জেলা আক্রান্ত হতে পারে- সাংবাদিকদের এমন করতে জবাবে প্রতিবন্ধী বলেন, এখানে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটি ইফেক্ট হওয়ার ঝুঁকি আছে। এখন ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। বিশেষ করে পায়রা ও মোংলা বন্দরের সরাসরি দক্ষিণে।

সিডরের মতো ভয়াবহ রূপ নিতে পারে-জানতে চাইলে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, এটা ডেঞ্জার হতে পারে রাত ১২-১টা নাগাদ। এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, কাল রোববার ভোর থেকে এটা প্রাথমিক আঘাত হানতে পারে। কালকে সন্ধ্যা নাগাত মূলটা আঘাত হানবে। পূর্বাভাসে আমরা এরকমই বুঝতে পারছি এবং আজকে রাত বারোটা-একটা থেকেই এটা ডেঞ্জার পয়েন্টে চলে যেতে পারে।

তিনি বলেন, উপকূলীয় জেলায় আমাদের প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে। এগুলো প্রস্তুত রেখেছি। খাদ্যের জন্য আমাদের প্রত্যেকটি জেলায় গুদামে পর্যাপ্ত শুকনো খাবারসহ যেসব জিনিস দরকার হবে এগুলো মজুত রেখেছি। প্রয়োজনে ঢাকা থেকে যাতে আরো সাপ্লাই দিতে পারি এজন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।

আমাদের ৮০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ শুরু করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী

0

ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্প্রতি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে এখন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, আইনমন্ত্রী অনেকটাই সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় ফিরে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। চিকিৎসকরা পরীক্ষা করে সঠিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী তিনি হাসপাতালে ভর্তি হন। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন।

আগামী বছর এসএসসি পরীক্ষা নতুন নিয়মে হবে : শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগামী বছর ২০২৬ সালের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নতুন নিয়মে হবে।

তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি চূড়ান্ত হওয়ার সিদ্ধান্ত এলে তা প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘যোগাযোগ উৎসব’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

শিক্ষার সঙ্গে শিল্প ও অর্থনীতির সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গীকার থেকে বলছি, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। এডুকেশনের সঙ্গে ইন্ডাস্ট্রি ও ইকোনমির মাধ্যমে আমরা এমপ্লয়মেন্টের দিকে যাব।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষার্থীরা কীভাবে কর্মজীবনে সফলতা পাবে, কীভাবে তারা নিজেদের ভবিষ্যত গড়বে, কীভাবে তারা অভিজ্ঞতা সঞ্চয় করবে, এই বিষয়ে অ্যালামনাইদের একটা গুরু দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের সফট স্কিল নেওয়ার ক্ষেত্রে নানাভাবে উৎসাহিত করতে হবে, যোগাযোগ সক্ষমতায় উন্নত করতে হবে।

তিনি বলেন, অল্পসংখ্যক সরকারি চাকরির যে হাতছানি, সেটার দিকে শিক্ষার্থীদের তাকিয়ে থাকার যে মানসিকতা সৃষ্টি হয়েছে, এটা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলিং হচ্ছে।

তিনি আরও বলেন, লাইব্রেরি শুধু সিভিল সার্ভিসের চাকরির প্রস্তুতির জায়গা নয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যের বাইরেও গবেষণাধর্মী থেকে শুরু করে অনেক কিছুরই জ্ঞান আহরণ ও চর্চার জায়গা। সেই মানসিকতার জায়গা তৈরি হতে হবে।

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, এখন সাংবাদিকতা পরিবর্তিত হয়ে যাচ্ছে। সাদামাটা সংবাদ নয়, সংবাদকে ফিচারাইজড করতে হবে। সংবাদের পেছনের ঘটনা তুলে ধরতে হবে।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণযোযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ বলেন, ডিপার্টমেন্টকে সামনে রেখে কর্মকা- পরিচালনা করবেন। এই সংগঠনের শক্তির জায়গা হচ্ছে ডিপার্টমেন্ট। এই সংগঠনের শেকড় হলো ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলবেন না।

অনুষ্ঠানে আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল-উল আলম চৌধুরী (পারভেজ) এবং মহাসচিব মোল্লা মো. আবু কাওছার, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বক্তৃতা করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রনি।