Home Blog Page 48

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

0

ইসরায়েলের পক্ষ নিয়ে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য তিনি দলমত–নির্বিশেষে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে কাজ করবেন।

প্রধান কৌঁসুলি করিম খান আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পর এই কথা বলেছেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, ‘অত্যন্ত একরোখা এ সিদ্ধান্তের’ বিরুদ্ধে পদক্ষেপ নিতে তিনি বদ্ধপরিকর। রিপাবলিকানরা যখন আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে, তখনই এমন মন্তব্য করলেন ব্লিঙ্কেন। আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটির বিষয়ে শিগগিরই ভোটাভুটি হতে পারে।

এর আগে গত সোমবার আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। ওই আবেদনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন নেতার বিরুদ্ধেও পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আদালতটির বিভিন্ন বিচার কার্যক্রমকে সমর্থন জানিয়েছিল ওয়াশিংটন।

মঙ্গলবার (২১ মে) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। এতে রিপাবলিকান সিনেটর জেমস রিশক জানতে চান, যেসব দেশের বিচারব্যবস্থা স্বাধীন, বৈধ ও গণতান্ত্রিক, তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো থেকে আইসিসিকে বিরত রাখার জন্য যুক্তরাষ্ট্রে আইন প্রণয়নে ব্লিঙ্কেন সমর্থন দেবেন?

জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দলের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি উপযুক্ত পদক্ষেপ নির্ধারণের জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। এমনটা করতে আমি বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘নিঃসন্দেহে একরোখা এ সিদ্ধান্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নির্ধারণের জন্য আমাদের উদ্যোগী হতে হবে।’

ইতিমধ্যে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন কংগ্রেসে দুটি বিল উত্থাপন করা হয়েছে।
খবর বিবিসি

এমপি আজীম হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা আটক : পররাষ্ট্রমন্ত্রী

0

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কলকাতা পুলিশ সেখানে ঢুকেছিল, কিন্তু লাশ সেখানে পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের মূলহোতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। ডিবি তাদের আটক করেছে। কলকাতা পুলিশও দুইজনকে আটক করেছে।

তিনি বলেন, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে। আমরা কূটনৈতিক মিশনের মাধ্যমে খোঁজ রাখছি। সেই সঙ্গে মিশন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে।

ড. হাছান মাহমুদ বলেন, আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড নিঃসন্দেহে মর্মান্তিক ও বেদনাদায়ক। তাকে হত্যা করা হয়েছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে। তবে হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

এদিকে, দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এমপি আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।

উল্লেখ্য, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। ভারতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা ও তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। মূলত ডাক্তার দেখানের উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে ভারতে যান তিনি। পরে ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হন। ওইদিন সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে গত ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন গোপাল বিশ্বাস।

চেলসি ছাড়লেন পচেত্তিনো

0

প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার পর চেলসি ছাড়লেন কোচ মাউরিসিও পচেত্তিনো। স্ট্যামফোর্ড ব্রিজে মাত্র এক মৌসুম কাটানোর পর ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছাড়াছাড়ি হয়ে গেছে এই আর্জেন্টাইনের।

গত ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। তখন যদিও দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ৫২ বছর বয়সী কোচ। এমনকি চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগও ছিল। কিন্তু মাত্র এক মৌসুম শেষেই বিদায় নিতে হলো তাকে।

পচেত্তিনোর অধীন সদ্য সমাপ্ত মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি চেলসির। তবে শেষদিকে টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান নিশ্চিত করে ব্লুজরা। এ ছাড়া কারাবো কাপের রানার্সআপ হওয়ার পাশাপাশি এফএ কাপের সেমিফাইনালেও উঠেছিল তারা।

সবশেষ পাঁচ বছরে ছয়বার কোচ পাল্টেছে চেলসি। এর মধ্যে টমাস টুখেল ও গ্রাহাম পোটারকে বরখাস্ত করার পর ২০২২-২৩ মৌসুমের শেষদিকে সাময়িকভাবে দায়িত্ব নিয়েছিলেন ক্লাবের সাবেক অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যম্পার্ড। এরপর আনা হয় পচেত্তিনোকে।

পচেত্তিনো বিদায় নেওয়ায় নতুন মৌসুম শুরুর আগেই নতুন কোচের সন্ধানে নামবে চেলসি।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

0

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ মে) সকাল ৬টা থেকে বুধবার (২২ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৫১৮টি ইয়াবা ট্যাবলেট, ৫৯১ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩২৯ বোতল ফেনসিডিল ও ১৬ গ্রাম আইস জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ইরানের পরবর্তী নেতা হওয়ার দৌড়ে খামেনির ছেলে মোজতবা

0

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। রাইসির মৃত্যুর আগে থেকেই ইরানের সর্বোচ্চ নেতার ছেলেকে তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরির সম্ভাব্য প্রার্থী বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন- দ্য নিউ ইয়র্ক টাইমস।

৫৫ বছর বয়সী মোজতবা খামেনি ইরানের রাজনীতিতে অন্তরালের মানুষ হিসেবে পরিচিত। তবুও রাজনীতিতে মোজতবা খামেনির একটি শক্তিশালী প্রভাব রয়েছে। রাইসির মৃত্যুর আগে শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার নামই বার বার উঠে এসেছিল। কিন্তু রাইসির আকস্মিক মৃত্যুর পর মোজতবা খামেনি ইরানের পরবর্তী নেতা হতে যাচ্ছেন সেই জল্পনা আরও বেড়েছে। তবে অনেক বিশ্লেষক বলেছেন, ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতার অবসর এবং তার জায়গায় নতুন উত্তরসূরি আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অনেকেই মনে করছেন রাইসির মৃত্যু শুধু নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সূচনাই করবে না একইসাথে আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হওয়ার নির্বাচনকেও নতুন মোড় দেবে।

ক্লেমসন ইউনিভার্সিটির লেকচারার আরাশ আজিজি বলেন, ২০০৯ সালের দিকে মানুষ সর্বপ্রথম মোজতবা খামেনীকে একজন সম্ভাব্য উত্তরসূরি হিসাবে কথা বলতে শুরু করে। তখন আমি এটিকে একটি সস্তা গুজব বলে মনে করেছিলাম। কিন্তু এখন আর তেমনটা নয়। এটা এখন খুব স্পষ্ট যে, মোজতবা খামেনী একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি অসাধারণ কারণ তিনি জনসাধারণের চোখে প্রায় সম্পূর্ণরূপে অদৃশ্য ছিলেন।

আরাশ আজিজি আরও বলেন, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে একটি ক্রমবর্ধমান অংশ প্রকাশ্যে মোজতবা খামেনীকে সমর্থন করতে শুরু করেছে।
মোজতবা খামেনি আয়াতুল্লাহর আলী খামেনীর ছয় সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। তিনি একজন রক্ষণশীল হার্ড-লাইনার হিসেবে পরিচিত। মোজতবা খামেনি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের করণিক এবং রাজনৈতিক অভিজাতদের মধ্যে বেড়ে ওঠেন এবং পরবর্তীতে শক্তিশালী বিপ্লবী গার্ডের মধ্যে সম্পর্ক গড়ে তোলেন। এখন, তিনি তার বাবার অধিদপ্তর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করা হয়।

কিন্তু অনেক বিশ্লেষক আবার মনে করছেন খামেনি তার ছেলেকে উত্তরসূরী করবেন না। কারণ আয়াতুল্লাহ খামেনি নিজের ছেলেকে উত্তরসূরি করলে তাতে মনে হতে পারে, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে গণতন্ত্র বজায় নেই এবং এখানে বংশানুক্রমিক ব্যবস্থা চালু হয়েছে।
মোজতবা খামেনি কোমে অবস্থিত ইরানের সবচেয়ে বড় সেমিনারিতে পড়ান। তবে রাজনৈতিক কৌশলে তিনি অনেক পারদর্শী বলে মনে করা হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপর তার বড় প্রভাব রয়েছে। এছাড়া ইরানের গোয়েন্দা বাহিনীর সঙ্গেও তার রয়েছে গভীর যোগাযোগ। সর্বপরী ইরানের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে মোজতবা খামেনির উচ্চ-স্তরের যোগসূত্র রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আয়াতুল্লাহ খামেনি তার ছেলেকে উত্তরাধিকার বিবেচনার তীব্র বিরোধী ছিলেন বলে বার্তা সংস্থা আইএলএনএকে বলেছেন সর্বোচ্চ নেতা নির্বাচনকারী বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলেম মাহমুদ মোহাম্মদী আরাঘি।

চলতি বছরের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতার উত্তরাধিকার বিষয়ে আলোচনায় খামেনি এমন মনোভাব প্রকাশ করেন বলে জানান তিনি।

ইরানের নীতি অনুযায়ী, সর্বোচ্চ নেতার আসন শুন্য হলে বিশেষজ্ঞদের সমাবেশকে সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। ততদিন পর্যন্ত তারা দেশ পরিচালনার জন্য তিন বা পাঁচ সদস্যের নেতৃত্ব পরিষদ বেছে নিতে পারবে।

যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো কাঠামো

0

যমুনার বুকে এখন দৃশ্যমান ৪.৮ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর পুরো কাঠামো। মোট ৫০টি পিলারের উপর বসানো হয়েছে ৪৯ টি স্প্যান। ইতোমধ্যে সেতুর উপর বসানো শুরু হয়েছে স্লিপারবিহীন রেল ট্র্যাক। পাশাপাশি সমান তালে এগিয়ে চলছে এপ্রোচ ডবল লাইনের রেলপথ বসানোর কাজও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, নিদিষ্ট সময়ের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ হবে।

যমুনার বুকে দ্রুত এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। ইতোমধ্যে নদীর উপর দৃশ্যমান সেতুর ৪.৮ কিলোমিটারের মূল কাঠামোর পুরোটায়। মোট ৫০ টি পিলারের উপর বসানো হয়েছে ৪৯ টি স্প্যান। সেই সঙ্গে সেতুর স্প্যানে স্লিপার বিহীন রেললাইন বসানোর কাজও চলছে সমান তালে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার ফেরদৌস ওয়াহেদ বলেন, দেশের দীর্ঘতম এই রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুই পাড়ে চলছে এপ্রোচ ডাল লাইনের রেলপথ বসানোর কাজও। রাত দিন দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলেছে প্রকল্পের নির্মাণ যজ্ঞ। ২৪ ঘণ্টায় দুই শিফটে রাত দিন চলছে সেতুর কাজ।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের (বাঁধ ও রেলপথ) প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, নদীর পূর্বপাড় টাঙ্গাইল অংশে থাকছে ৪ দশমিক ২ কিলোমিটার এপ্রোচ ডবল লাইন সুবিধা। আর নদীর পশ্চিম পাড় সিরাজগঞ্জ অংশে থাকছে ৩.৮ কিলোমিটার। এরই মধ্যে টাঙ্গাইল অংশে ৯০ শতাংশ আর সিরাজগঞ্জ অংশে ৮৫ শতাংশ এপ্রোচ রেলপথের কাজ শেষ হয়েছে।

প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, সেতুর পুরো কাজের অগ্রগতি বেশ সন্তোষজনক। পুরো প্রকল্পের কাজের অগ্রগতি ৮৫ শতাংশ। নির্ধারিত সময় অর্থাৎ ডিসেম্বর ২০২৪ এর মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করার আশা রয়েছে বলে জানান তিনি।

প্রায় ১৬ হাজার ৭৮১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা।

পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা নরওয়ের

0

স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যদি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে- তাহলে তাকে গ্রেফতার করা হবে।

নরওয়ে বলছে, আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে তারা ‘বাধ্য’।প্রথম ইউরোপীয় দেশ হিসেবে মঙ্গলবার নরওয়ে এই ঘোষণা দিলো।

তুর্কি বার্তাসংস্থা আনাদোলু বুধবার (২২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকদের প্যানেল পরোয়ানা জারি করলে নরওয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেফতার করবে বলে ঘোষণা দিয়েছে দেশটি।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, হেগ ট্রাইব্যুনালের পক্ষ থেকে নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেফতার করতে বাধ্য থাকবে তার দেশ।

নরওয়ের একটি অনলাইন পোর্টালে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে গ্রেফতার করে প্রত্যর্পণ বা যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পন করা হবে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে।

বার্থ এইডে আরো বলেন, কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে নরওয়ের বাধ্যবাধকতা অনুসারে তাকে আদালতের কাছে হস্তান্তর করে থাকে।

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার মুখে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইতোমধ্যেই আইসিসিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে।

মূলত গাজায় যুদ্ধাপরাধের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)।

আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের (করিম খান) দপ্তর থেকে করা হয়েছে এই আবেদন। করিম খান গত সোমবার জানান, তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

এছাড়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের অন্য দুই নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন তিনি।

এখন হামাস ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল। মূলত করিম খানের অফিসের উপস্থাপিত প্রমাণগুলো মূল্যায়ন করবেন তারা। পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলো সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে।

ইতালির নেপলসে ১৬০টিরও বেশি ভূমিকম্প!

0

১৬০টিরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির নেপলস। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই শহরে ও শহরের আশপাশে গত সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব ভূমিকম্প রেকর্ড করা হয়।

এদিকে ভূমিকম্পের পর ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেখানকার বাড়িঘর থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইতালির নেপলসের আশপাশের এলাকায় একের পর এক ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এবং রাতে সেখানে ১৬০ টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

বিবিসি বলছে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪.৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি স্বীকার করেছেন, একের পর এক কম্পনে বাসিন্দারা আতঙ্কিত হতে পারেন। তবে তিনি বলেছেন, কর্মকর্তারা তাদের বিষয়ে দেখছেন।

এছাড়া ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয় এবং কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময়ই রাস্তায় ছিলেন। যদিও অন্য কিছু বাসিন্দা তাদের আত্মীয়দের সাথে থাকতে অন্যত্র চলে যান।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, গত কয়েক মাসে যে নিম্ন-স্তরের ভূমিকম্প হয়েছে তার কারণে বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে। স্থানীয় একটি আউটলেট নেপলসের একজন বাসিন্দাকে উদ্ধৃত করে বলেছে, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি।

যদিও অবকাঠামোর কোনও উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে নেপলসের কিছু স্কুল মঙ্গলবার পরিদর্শনের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং পোজুলিতে মহিলাদের কারাগার সতর্কতা হিসাবে খালি করে দেওয়া হয়।

গাজায় ইসরায়েলের হামলা চলছেই, নিহত আরও ৮৫

0

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে আরও ৮৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার দেশটি।

বুধবার (২২ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জন নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজায় ইসরায়েলি বোমা হামলায় অন্তঃসত্ত্বা এক নারী এবং তার অনাগত সন্তানসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থাটি বলছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আল-জাওয়াইদা এলাকায় বাস্তুচ্যুত লোকদের ভিড়ে বোমা হামলা করা হলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

ভোরে মধ্য গাজার জাওয়াইদা এলাকার আশপাশে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি সৈন্য এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড লড়াই হচ্ছে। পশ্চিম রাফাহের তাল আস-সুলতান এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা করেছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল।

আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৫ হাজার ৬৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯ হাজার ৮৫২ জন। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার ২২ লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। দ্রুত ত্রাণ পৌঁছাতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজার রাফাহ শহরে ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে।

এমন হুঁশিয়ারির জবাবে পরদিন যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, কোনো ধরনের চাপই ইসরাইলকে গাজা গণহত্যা ও চলমান যুদ্ধে লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না। প্রয়োজনে ইসরায়েল একা দাঁড়াবে। এমন অবস্থার মধ্যেই রাফায় অভিযান শুরু করে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার, যা বললেন শান্ত

0

টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বর স্থানে থাকা দলটির কাছে প্রথম ম্যাচেই হারের ইতিহাস গড়েছে টাইগাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতা সত্ত্বেও তাওহিদ হৃদয়ের অর্ধশত রানে ভর করে ১৫৩ রান সংগ্রহ করে টাইগাররা। তবুও বোলারদের ব্যর্থতায় ম্যাচটিতে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এমন হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা তুলে ধরেছেন। পাশাপাশি ব্যাটারদের এমন ব্যর্থতার জন্য কাঠগড়ায় তুলেছেন উইকেটকেও।

নাজমুল শান্ত বলেন, আমরা ভালো ব্যাট করিনি, মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি। যদিও দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি। মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরও ২০ রান বেশি করতে পারতাম। তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা।

ভালো উইকেটে খেলতে না পারায় টপ অর্ডারদের পারফরম্যান্সে এমন দশা উল্লেখ করে শান্ত আরও বলেন, আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারবে। (প্রবাসী বাংলাদেশিরা) হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।

ডেথ ওভারে পেসারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপও ঝরেছে অধিনায়ক শান্তর কণ্ঠে। তিনি বলেন, আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। সবশেষ ২-৩ ওভারে আমাদের পেসাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আশা করছি পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে।