Home Blog Page 59

আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ : এডিবি

0

আগামী অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে ম্যানিলাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

এ ছাড়া রপ্তানির ওপর নির্ভর করে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হবে বলে এডিবির পূর্বাভাসে বলা হয়েছে।

এডিবি জানিয়েছে, বৈশ্বিক চাহিদা কম হওয়া সত্ত্বেও ডলার সংকটের কারণে রপ্তানিকারকরা স্থানীয় সুতা ও কাপড় ব্যবহার করায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

২০২৪ সালের জন্য দেওয়া পূর্বাভাস ২০২৩ সালের জুন পর্যন্ত বছরে ৫ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির তুলনায় বেশি।

এডিবি আরও বলছে, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৪ শতাংশে নেমে আসবে এবং বেসরকারি পর্যায়ে ক্রয়ক্ষমতা বাড়বে।

চলতি বছর ভারতের ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

‘সদরঘাটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা’

0

ঈদের দিন সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে রুট পারমিট বাতিল করা হয়েছে। অভ্যন্তরীণ নৌপথে যতগুলো ঘটনা ঘটেছে, সেটা সদরঘাট হোক, ভোলায় হোক, চাঁদপুরে হোক, বরিশালে হোক, মাঝ নদীতেই হোক না কেন- প্রত্যেকটার আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন ধরনের পানিশমেন্ট দেওয়া হয় এতে।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের দিন আমরা উৎসবমুখর মুডে ছিলাম। সেখানে এই ধরনের একটি ঘটনা ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। আপনারা জানেন জাহাজের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের অনেকেই কিন্তু পালিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আমরা এই জায়গাটায় খুবই শক্ত আছি। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে রুট পারমিট বাতিল করা হয়েছে।

বলা হচ্ছে অভিযুক্ত একটি লঞ্চের মালিক একজন এমপি- এ বিষয়ে নৌপ্রতিমন্ত্রী বলেন, তদন্তে সেটা বেরিয়ে আসবে কার নামে রেজিস্ট্রেশন করা আছে। এই জায়গাটায় আমাদের জিরো টলারেন্স।

এখানে যদি সার্ভেয়ারদের কোনো দুর্বলতা থাকে সেটাও শাস্তির আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সদরঘাটে লঞ্চের ভিড়ে জায়গা না থাকার পরও অনেক লঞ্চ গতি ও শক্তি নিয়ে সেখানে ঢোকার চেষ্টা করে। সারা বছরই এই প্র্যাকটিসটা হয়। এটার বিষয়ে আপনারা দৃষ্টি দেবেন কী না- জানতে চাইলে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এটা সব লঞ্চ করে, ব্যাপারটা তা নয়। বিশেষ বিশেষ কিছু লঞ্চ করে, শক্তিশালী কোনো মালিক থাকলে তাহলে এটা করে। আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। মনে করেন এটার সঙ্গে মন্ত্রী বাহাদুর যুক্ত আছে বা অন্য কেউ যুক্ত আছে, তখন অন্য লঞ্চের সঙ্গে স্টাফরা এই ধরনের আচরণ করে। এখান থেকে বেরিয়ে আসতে হবে।

সিনেমার ধাঁচে বিজেপির প্রচারণায় মিঠুন চক্রবর্তী

0

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশটির রাজনৈতিক মহল। এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি তারকাদের মেলাও বসেছে। গত রোববার (১৪ এপ্রিল) অভিনেতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্রথম লোকসভা নির্বাচনের প্রচারে নামলেন।

আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম পর্বে এই রাজ্যের তিন আসনে ভোটগ্রহণ হবে।
আসন তিনটি হলো জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। গতকাল তিনি জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের পক্ষে প্রচারে চালান। হুডখোলা গাড়িতে ময়নাগুড়ির চার কিলোমিটার পথজুড়ে তার পক্ষে ভোট চান।

সে সময় মিঠুন বলেন, এবার প্রচার হবে ‘কাবুলিওয়ালা’ নিয়ে। মিঠুনের সর্বশেষ সিনেমার নাম ‘কাবুলিওয়ালা’। সেই সিনেমার পরিচালক ছিলেন সুমন ঘোষ। সিনেমার ধাঁচে এবার প্রচার চালাবেন মিঠুন। এর আগে আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘এমএলএ ফাটাকেস্ট’ ছবির ধাঁচে প্রচারণা চালিয়েছিলেন তিনি।

সর্বশেষ, মিঠুন চক্রবর্তী রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ২০২১ সালের ৭ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখন মিঠুন বিজেপির রাজ্য কোর কমিটির অন্যতম সদস্য।

সেদিন জনসভায় মিঠুন বলেছিলেন, ‘আজকের দিনটা আমার কাছে একটা স্বপ্নের দিন। আমি ছোটবেলা থেকে গরিবদের কল্যাণের জন্য ভাবতাম। দেশের জন্য কাজ করার কথা ভাবতাম। এবার সেই স্বপ্ন সফল হতে চলেছে। তাই আমি আমার সেই স্বপ্নকে সফল হতে দেখতে পাচ্ছি। ’

মিঠুন বলেছিলেন, ‘স্বপ্ন তো শুধু দেখার জন্য আসে না বরং সফল হওয়ার জন্য আসে। মোদির সঙ্গে একসঙ্গে মঞ্চে থাকব, এটা তো আমার কাছে স্বপ্ন বটে। তাই আজ আমি গর্বিত। আমার হৃদয় দিয়ে দেখা স্বপ্ন হয়তো সফল হতে চলেছে। ’

গতকাল সমাবেশে মিঠুন বলেন, ‘এবার আমি নতুন আরেকটি সংলাপ দেব, ‘আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি। ’ প্রচারে অংশ নেওয়া মানুষ সেই সংলাপ শুনতে চাইলে মিঠুন বলেন, ‘এবার আমি কাবুলিওয়ালা হয়ে প্রচার করব। ’

মিঠুন চক্রবর্তী অবশ্য মমতার আমন্ত্রণে রাজ্যসভার সংসদ সদস্যও হয়েছিলেন। তিনি তৃণমূলের সংসদ সদস্য হয়ে দায়িত্ব পালন করেছিলেন ২০১৪ সালের ৩ এপ্রিল থেকে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত।

এবার দেখার পালা মিঠুনের এই প্রচারণা আসন্ন নির্বাচনে তাকে কতোটা সুফল এনে দিতে পারে।

প্রথম ধাপে ১৫০ উপজেলায় মনোনয়নপ্রত্যাশী ১৮৯১

0

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ মে। এই ধাপের নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে আজ বিকেল ৪টায়। নির্ধারিত সময় পর্যন্ত ১৫০টি উপজেলায় মনোনয়ন দাখিল করেছেন ১ হাজার ৮৯১ জন প্রার্থী।

সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্তি সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেছেন, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। এতে নির্ধারিত সময় পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তপসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই আগামী ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত, যা নিষ্পত্তি হবে ২১ এপ্রিলে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। এ ছাড়া প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল এবং ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন জেলা প্রশাসক।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে। তফসিল অনুযায়ী, এ ধাপে ১৬১ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আগামী ২১ এপ্রিল। এরপর মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ২৩ এপ্রিল, আপিল গ্রহণের জন্য ২৪ থেকে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তির জন্য ২৭ থেকে ২৯ এপ্রিল তারিখ নির্ধারন করা হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ২ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

চার ধাপের উপজেলা নির্বাচনের পরবর্তী দুই ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ২৯ মে ও ৫ জুন।

শেখ হাসিনা দেশ পরিচালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছেন : মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক

0

যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক-ট্যাঙ্ক বলেছে, গত ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মার্কিন কর্মকর্তাদের স্বীকৃতি ও সহযোগিতার প্রতিশ্রুতি লাভের পর দেশ পরিচালনায় যাত্রা মসৃণ হচ্ছে।

আওয়ামী লীগের ভূমিধস বিজয়ের পর কিছু সমালোচক সতর্ক করেছিলেন, বাংলাদেশ কার্যকর একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে। আওয়ামী লীগ ২২৩টি আসনে জয়ী হয়েছে এবং এর অনুগত স্বতন্ত্ররা আরও ৬২টি আসনে জয়ী হয়েছে। তারা যুক্তি দিয়েছিল সংসদে কোনও অর্থবহ বিরোধী দল নেই।

গত ৮ এপ্রিল ‘আটলান্টিক কাউন্সিলের ওয়েবসাইটে’ প্রকাশিত একটি নিবন্ধে ভারতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী লিখেছেন, মার্কিন সরকারের সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি লাভের সাথে সাথে ‘হাসিনার সরকার পরিচালনার জাহাজটি এখন মসৃণ সমুদ্রে যাত্রা করছে।’

লাহিড়ী বাংলাদেশের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে একজন স্বাধীন বিদেশী পর্যবেক্ষক হিসেবে কাজ করেছিলেন। শেখ হাসিনার আওয়ামী লীগ টানা চতুর্থবার এবং পঞ্চম মেয়াদে সরকার গঠন করে বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন মহিলা সরকার প্রধান হিসেবে আর্বিভূত হন।

লাহিড়ী উল্লেখ করেছেন, ‘জানুয়ারিতে তাঁর দলের জয় এই অঞ্চলের প্রায় সব মহলেরই প্রশংসা কুড়িয়েছে। শেখ হাসিনা একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন যেখানে প্রতিদ্বন্দ্বী এশিয়ার অন্যতম পরাশক্তি চীন ও ভারত উভয়েই তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছিল। আঞ্চলিক শক্তি, মতাদর্শগত এবং রাজনৈতিক ঝোঁক নির্বিশেষে তাঁর প্রশাসনকে অভিনন্দন জানাতে ছুটে এসেছে।’

লাহিড়ী লিখেছেন, যাই হোক আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ দৃষ্টি ছিল যুক্তরাষ্ট্রের দিকে। এটি বাংলাদেশে ‘গণতন্ত্র’ প্রচারের জন্য কতটা সক্রিয়ভাবে চেষ্টা করেছে তা দেখে। ‘যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল যে, নির্বাচনগুলো অবাধ বা সুষ্ঠু ছিল না। মার্কিন কর্মকর্তারা নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং এগিয়ে যাওয়ার সাথে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।’

তিনি বলেন, প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা নির্বাচন বর্জন করলেও সব বিরোধী দল তা অনুসরণ করেনি। ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৭টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেই সাথে প্রায় ১ হাজার ৯০০ স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিল।

অফিসিয়াল ভোটার (৪১.৮ শতাংশ) গত নির্বাচনের তুলনায় কম ছিল কিন্তু অভূতপূর্ব কম নয়। কেউ কেউ এই কম ভোটারকে একটি ইঙ্গিত হিসাবে দেখেন যে বিরোধীদের বয়কট জনগণের মনোভাব প্রতিফলিত করে। তিনি বলেন, বিএনপির বয়কট কিছু ভোটারদের উপস্থিতি কমিয়ে দিয়েছে তবে এটি অগত্যা জনগণের ভোট প্রত্যাখ্যানের ইঙ্গিত বহন করে না।

ভোটের দৌড়ে, বিএনপির নির্বাচন বিরোধী বিক্ষোভ সহিংসতায় পরিণত হয়। শতাধিক গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির অনুগতদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ভোটের আগের দিন দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের ডাক দেয় বিএনপি। অগ্নিসংযোগকারীরা ভোটকেন্দ্র এবং একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় এবং চারজন নিহত হয়।

‘আতঙ্কের এই বিরাজমান পরিস্থিতিতে কিছু ভোটারকে নির্বাচনের দিন বাড়িতেই অবস্থান করতে হয়েছে।

আওয়ামী লীগের ভূমিধস বিজয়ের পর কিছু সমালোচক সতর্ক করেছেন যে, বাংলাদেশ কার্যকরভাবে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে। আওয়ামী লীগ ২২৩টি আসনে জয়ী হয়েছে এবং এর অনুগত স্বতন্ত্ররা আরও ৬২টি আসনে জয়ী হয়েছে। তারা যুক্তি দিয়েছিল যে, সংসদে কোনও অর্থবহ বিরোধী দল নেই।

তিনি বিপুলসংখ্যক স্বতন্ত্র প্রার্থীর দিকে ইঙ্গিত করে উল্লেখ করেছেন দলের সিনিয়র ব্যক্তিদের স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে, আওয়ামী লীগ অবশ্যই সম্ভাব্য অন্তর্দলীয় বিরোধের ঝুঁকি নিয়েছিল। ‘তবুও, এটি ভোটারদের প্রকৃত নির্বাচনী বিকল্প প্রদান এবং সংসদে কণ্ঠস্বরের বৈচিত্রকে প্রসারিত করাকে অগ্রাধিকার দিয়েছে।’

তিনি উল্লেখ করেন, একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে একটি অপ্রতিরোধ্য সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা একটি দল একদলীয় রাষ্ট্রের সমতুল্য নয়। বাংলাদেশকে একদলীয় রাষ্ট্র না বানিয়ে অতীতে আওয়ামী লীগ ও বিএনপি একই রকমের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

একইভাবে ভারত ও জাপান বহুদলীয় গণতন্ত্রের কাছে না হারিয়ে একদলীয় আধিপত্যের অভিজ্ঞতা অর্জন করেছে। প্রধান প্রশ্ন হল আওয়ামী লীগ এই অতি সংখ্যাগরিষ্ঠ সংসদের আয়োজন করেছিল নাকি বিএনপির নির্বাচন বয়কটের কারণে এটি অনিবার্য পরিণতি ছিল।

লাহিড়ী বলেন, পর্যবেক্ষকদের জিজ্ঞাসা করা উচিত ছিল কেন বিএনপি নির্বাচন বয়কট করেছে।

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার কোনো নজির নেই বলে বিএনপির দাবিকে অভিহিত করা হলেও, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবির এখনও ভিত্তি নেই।

বয়কট শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগকে সাহায্য করেছিল।

‘বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট অনুসরণ করার চেয়ে তত্ত্বাবধায়ক শাসনের মধ্যে একটি সাংবিধানিক সঙ্কট তৈরির বিষয়ে উচ্চতর আশা করেছিল। এই আত্মঘাতি সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে।’
খবর বাসস

টেকনাফ সীমান্তে ঢুকে পড়েছেন ৯ বিজিপি সদস্য

0

কক্সবাজারের টেকনাফ সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৯ জন সদস্য।

আজ রোববার (১৪ এপ্রিল) সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য তারা অনুপ্রবেশ করেন। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। পরে বিজিবির কাছ অস্ত্র জমা দিয়ে তারা আশ্রয় নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, সকালে আশ্রয়ের জন্য তারা বাংলাদেশে ঢুকে পড়ে। পরে তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ৩০ মার্চ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর ৩ সদস্য পালিয়ে এসে আশ্রয় নেয়। ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছিলেন বিজিপির ১৭৯ জন সদস্য। এরাও নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নে রয়েছেন। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত ২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে ৪ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসেন বিজিপিসহ ৩৩০ জন। যার মধ্যে ৩০২ জন বিজিপি সদস্য, ৪ জন বিজিপি পরিবারের সদস্য, ২ জন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য ও ৪ জন বেসামরিক নাগরিক ছিলেন। এদের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়।

কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এগিয়ে নেব : মেয়র তাপস

0

বর্ষবরণের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, নতুন বর্ষকে বরণের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনা অব্যাহত থাকবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই এ দেশকে এগিয়ে নিয়ে যাব।

আজ রোববার (১৪ এপ্রিল) নগর ভবন প্রাঙ্গণে ডিএসসিসির উদ্যোগে আয়োজিত ‘বর্ষবরণ উৎসব-১৪৩১ বঙ্গাব্দ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে চান। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তিনি এ দেশকে একটি উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। তার সে অগ্রযাত্রাকে সমুন্নত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলেই এ দেশকে এগিয়ে নিয়ে যাব।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, পৃথিবীর অধিকাংশ দেশ রাতের বেলা ১২টা ১ মিনিটে নতুন বছরকে বরণ করে নেয়। আমরাই একমাত্র জাতি যারা নতুন সূর্যোদয়কে বরণের মাধ্যমে বর্ষবরণ করে থাকি। সুতরাং বাঙালি জাতি বিশ্ববাসীকে আলোর পথ দেখায়। বাঙালি জাতি আলোর দিশারী।

স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসবসমূহের মধ্যে অন্যতম। এই উৎসব অসাম্প্রদায়িক চেতনা বিনির্মাণের অন্যতম ভিত্তি। অথচ দেশে বিরোধী সাম্প্রদায়িক শক্তি একসময় এই উৎসবকে বানচাল করার পায়তারা করেছিলো। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও এই উৎসবকে বাঙালির ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছে। তার নেতৃত্বেই বাঙালি সংস্কৃতি এগিয়ে চলেছে এবং এগিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. আওলাদ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, করপোরেশনের সচিব আকরামুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে শিল্পী এস ডি রুবেল ও করপোরেশনের সংগীত শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে আসা সবার মাঝে পান্তা-ইলিশের পাশাপাশি আলু, ডাল, লইট্টা শুটকি, বেগুন, শিম, কলা, ধনিয়া পাতা, টমেটো, চ্যাপা শুটকি, সরিষা, পেঁয়াজ ভর্তাসহ মোট ২০ ধরনের ভর্তা পরিবেশন করা হয়।

ইরানের ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি ইসরায়েলের

0

ইরানের ছোড়া ৩০০ টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। আজ রোববার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই প্রতিরোধ করেছে তারা ও মিত্র বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আইডিএফের ঘাঁটিসহ বেশ কয়েকটি এলাকায় অল্প সংখ্যক ইরানি ড্রোন আঘাত হেনেছে। এতে এক শিশু আহত হয়েছে। হালকা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার বদলা হিসেবে শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া শুরু করে। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোনো সরাসরি হামলা এটি।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এর মধ্যে বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় সীমান্তের বাইরে থাকতেই প্রতিহত করা হয়েছে।

তেল আবিব ছাড়া জেরুজালেমেও হামলা চালায় ইরান। রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে পুরো ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ শোনা যায়।

এ হামলার পর, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ বিজয় অর্জন করবে। ইসরায়েলে ইরানের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এ কথা বলেন নেতানিয়াহু।

তিনি বলেন, ইসরায়েলের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ এখনও শেষ হয়নি। এর জবাবে রাতভর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
খবর বিবিসি

মুক্ত হওয়া ২৩ নাবিক দুবাই থেকে দেশে ফিরছেন বিমানে

0

অবশেষে মুক্ত হয়েছে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজটিতে থাকা ২৩ নাবিকই সুস্থ রয়েছেন। জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহর’ ২৩ নাবিক দুবাই থেকে বিমানে দেশে ফিরবেন। সেখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে ফিরবেন স্বজনদের কাছে।

কেএসআরএম গ্রুপের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রাহাত গণমাধ্যমে জানান, মধ্যরাতে ২৩ নাবিক নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ‘এমভি আবদুল্লাহ’। পরে মুক্ত হওয়া ২৩ নাবিককে বিমানে চট্টগ্রামে নেয়া হবে। চট্টগ্রামে পৌঁছানের পর কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা ফিরবেন স্বজনদের কাছে। আর উদ্ধার হওয়া জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ যাবে দুবাইয়ে। সেখানে ওই জাহাজে যোগ দেবেন নতুন নাবিকরা।

এর আগে শনিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তিপণের ডলার ভর্তি ৩টি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছালে নাবিকসহ জাহাজটি মুক্ত করা হয়। মুক্ত হয়ে মধ্যরাতে ২৩ নাবিক নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ‘এমভি আবদুল্লাহ’। জাহাজের চারপাশে একাধিক আন্তর্জাতিক যুদ্ধজাহাজ রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গেল ১২ মার্চ দুপুরে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

0

ঈদের ছুটি শেষ হচ্ছে আজ রোববার (১৪ এপ্রিল)। আগামীকাল সোমবার থেকে খুলছে সরকারি অফিস আদালত, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে ঈদুল ফিতর শেষে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে মানুষ। তবে এখনো যারা ঈদকে কেন্দ্র করে গ্রামে যাননি, তাদের অনেকে আজ শহর ছাড়ছেন।

ভোর থেকেই সড়কের পাশাপাশি রেলপথে যাত্রীর দেখা মেলে কমলাপুর স্টেশনে। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ।

এ ছাড়া ঈদের সময়কার যাত্রাপথের ভোগান্তি এড়াতেই এখন গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকেই। যানজট না থাকায় নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরেছে বাসগুলো। তবে, বাড়তি ভাড়া নিয়ে যথারীতি আছে যাত্রীদের অভিযোগ। তারা জানান, ঈদ বকশিশের কথা বলে বাড়তি টাকা আদায় করেছে বাসগুলো।