Home Blog Page 64

শুক্রবার ইরানের দিক থেকে হামলার আশঙ্কা করছে ইসরায়েল

0

যে কোনো সময় ইরানের দিক থেকে হামলার আশঙ্কায় ইসরায়েলের ভেতরে বড় একটি অংশজুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

গত সোমবার সিরিয়ায় ইরানের কনস্যুলেট মিসাইল হামলায় অন্তত ১৩জন নিহত হবার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সে হামলার পেছনে ইসরায়েল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ঘোষণা দিয়েছে যে সেনাবাহিনীতে যেসব সৈন্য কমব্যাট ইউনিটে রয়েছে তাদের সব ছুটি স্থগিত করা হয়েছে।

ইসরায়েল আশঙ্কা করছে ইরানের দিক থেকে হামলা অত্যাসন্ন। শুক্রবার এই হামলা হতে পারে বলে তারা ধারণা করছে।

কারণ এই দিনটিকে আল কুদস দিবস বা জেরুজালেম দিবস হিসেবে পালন করা হয়। তাছাড়া এই দিনটি মুসলিমদের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, যেটি জুমাতুল বিদা হিসেবে পরিচিত। এই দিনটিতে ইরানে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করা হয়।

বৃহস্পতিবার ইসরায়েলের মধ্যাঞ্চলে জিপিএস সিস্টেম বিঘ্ন হতে দেখা গেছে। প্রতিরক্ষার অংশ হিসেবে ইসরায়েল এ কাজ করেছে। কারণ, জিপিএস সিস্টেমের ওপর নির্ভর করে বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের আক্রমণের লক্ষ্যবস্তু ঠিক করা হয়।

তেল আবিব এবং জেরুজালেমের মতো বড় শহরগুলো থেকে অনেকে জানিয়েছেন যে, তারা জিপিএসের মাধ্যমে বিভিন্ন লোকেশন চিহ্নিত করতে পারছেন না।

বিবিসির একজন সাংবাদিক জানিয়েছেন, তিনি জেরুজালেমে অবস্থান করলেও তার জিপিএস সিস্টেমে লোকেশন কায়রোতে দেখাচ্ছে। আরো অনেকে সোশ্যাল মিডিয়াতে একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করছেন।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন যে ইসরায়েলের ভেতরে জিপিএস ব্লক করা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিদের আহবান জানানো হয়েছে তারা যাতে তাদের মোবাইল ফোনের অ্যাপে ম্যানুয়াল পদ্ধতিতে জিপিএস সেট করে। এর মাধ্যমে তারা যে কোন রকেট আক্রমণের সতর্কবার্তা আগে থেকে পাবে।

ইসরায়েল-লেবানন সীমান্তেও জিপিএস সিস্টেম বিঘ্নিত হচ্ছে। গত ছয় মাস যাবত এই সীমান্তে লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের প্রতিনিয়ত গোলাগুলি হয়েছে।

এদিক ইসরায়েলি ডিফেন্স ফোর্স দেশটির জনগণকে আহ্বান জানিয়েছে, তারা যাতে ভীত হয়ে বাজার থেকে বেশি জিনিসপত্র ক্রয় না করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এক্স’ প্লাটফর্মে আইডিএফ মুখপাত্র হাগারি লিখেছেন, জেনারেটর ও খাদ্য মজুত করার কোন প্রয়োজন নেই। তাছাড়া এটিএম বুথ থেকে বেশি অর্থ তোলার প্রয়োজন নেই।

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে যে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে। তবে বিষয়টির সত্যতা বিবিসি নিশ্চিত করতে পারেনি।

টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই : রেলপথমন্ত্রী

0

রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, টিকিট নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ নেই। আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি এর চেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না।

আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না। তারা খুব সহজেই এবার টিকিট পেয়েছেন। এবার মানুষের কোনো অভিযোগ নেই। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হঠাৎ মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না।

আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, হঠাৎ কারা জুলাই থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে বলে ঘোষণা দিল। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। গণপরিবহণের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি।

তিনি বলেন, সরকারের উচ্চপর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিল আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞাসা করা উচিত ছিল। তারা কিন্তু আসল জায়গায় যায়নি।

বান্দবানের পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, প্রশাসন দৃষ্টি রেখেছে। তবে, এ বিষয় নিয়ে গোটা পার্বতী চট্টগ্রাম অশান্ত হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত, সরকার তা খতিয়ে দেখছে।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

কৃষিজমি অর্থনীতির প্রাণ ও খাদ্য নিরাপত্তার ভিত্তি : ভূমিমন্ত্রী

0

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, কৃষি জমি কেবল শস্য উৎপাদন ক্ষেত্র নয়, কৃষিজমি অর্থনীতির প্রাণ ও খাদ্য নিরাপত্তার ভিত্তি।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি জোনিং ও সুরক্ষা আইন, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

সভায় ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. খলিলুর রহমান খসড়া আইনটি উপস্থাপন করেন।

ভূমিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, দ্রুত শিল্পায়ন ও নগরায়নে সৃষ্ট চ্যালেঞ্জের জন্য ভূমির মত অমূল্য সম্পদ রক্ষার জন্য শক্তিশালী আইন প্রণয়ন করা জরুরি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভূমি জোনিং ও সুরক্ষা আইন, ২০২৪ আইন প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং দীর্ঘমেয়াদী ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করতে এই আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভূমিমন্ত্রী বলেন, প্রস্তাবিত ভূমি জোনিং ও সুরক্ষা আইন, ২০২৪ আইনের উদ্দেশ্য হচ্ছে, অপরিকল্পিতভাবে নগরায়ন, আবাসন, বাড়ি-ঘর তৈরি, উন্নয়নমূলক কার্যক্রম, শিল্প-কারখানা ও রাস্তাঘাট নির্মাণ রোধ, ভূমির শ্রেণি বা প্রকৃতি ধরে রেখে পরিবেশ রক্ষা ও খাদ্য শস্য উৎপাদন অব্যাহত রাখা, কৃষিজমি, বনভূমি, টিলা, পাহাড়, নদী, খালবিল ও জলাশয় সুরক্ষাসহ ভূমির পরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভূমির ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত জোনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

টেকসই ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমরা এক যুগান্তকারী আইনের খসড়া চূড়ান্ত করার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি। উন্মুক্ত মতামতের ওপর ভিত্তি করে প্রাথমিক খসড়ায় প্রয়োজনীয় তথ্য সংযোজন করা হয়েছে।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ সহ ২২টিরও বেশি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেফিল্ডকে হারিয়ে শীর্ষে লিভারপুল

0

প্রথমার্ধে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরল শেফিল্ড ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। শেষ দিকে আরও দুই গোল করে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে অ্যানফিল্ডে লিভারপুল জেতে ৩-১ ব্যবধানে। দারউইন নুনেসের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর কনর ব্র্যাডলির আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরে। এরপর আলেক্সিস মাক আলিস্তারের নৈপুণ্যে অল রেডসরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন কোডি হাকপো।

ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি লিভারপুলের। সপ্তদশ মিনিটে শেফিল্ড গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান নুনেস। তার পায়ে লেগে বল জড়ায় জালে। এগিয়ে যায় অল রেডসরা। প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ চালায় তারা। তবে সফল হতে পারেনি।

বিরতির পর ৫৮তম মিনিটে লিভারপুল ডিফেন্ডার ব্র্যাডলির পায়ে লেগে নিজেদের জালে বল চলে যায়। আত্মঘাতী এই গোলে সমতায় ফেরে শেফিল্ড। যদিও এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৭৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন মাক আলিস্তার।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন হাকপো। বাঁ দিকের বাইলাইন থেকে বক্সে দারুণ এক ক্রস বাড়ান অ্যান্ডি রবার্টসন। সেখান থেকে দারুণ এক হেডে গোলটি করেন ডাচ ফরোয়ার্ড।

৩০ ম্যাচে ২১ জয় ও ৭ ড্রয়ে ৭০ পয়েন্টি নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। ২১ জয় ও ৫ ড্রয়ে দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ২০ জয় ও ৭ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ম্যানচেস্টার সিটি।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৯

0

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকে শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তার ২৯ আসামির কাছ থেকে ৫ হাজার ৭৯১ পিস ইয়াবা, ২৬ কেজি গাঁজা, ৬১ গ্রাম হেরোইন ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে।

ডেঙ্গু রোধে ডাবের খোসা-চিপসের প্যাকেট কিনে নেবে ডিএনসিসি

0

ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজনন স্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত জিনিস নগদ মূল্যে সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে দ্বিতীয় পরিষদের ২৬ তম করপোরেশন সভার আলোচনায় ডিএনসিসি মেয়র মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান।

মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে যে কেউ এসব দ্রব্যাদি জমা দিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারবে। প্রতিটি ওয়ার্ডের কেনা পরিত্যক্ত দ্রব্যাদি প্রতিদিন নিয়মিতভাবে সংগ্রহ করে পরিচ্ছন্নতাকর্মীরা নিকটবর্তী এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এ অপসারণ করবে।

তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি ওয়ার্ডকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে এই উদ্যোগ। আশা করি এর ফলে জনগণ অব্যবহৃত এসব দ্রব্যাদি যত্রতত্র ফেলা বন্ধ করবে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত দ্রব্যাদি সংগ্রহ করে সিটি করপোরেশনে জমা দেবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঈদের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের নেতৃত্বে জনগণকে সচেতন করতে ক্যাম্পেইন শুরু করতে হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, ইমাম, শিক্ষক ও শিক্ষার্থী সবাইকে নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা করতে হবে, সচেতনতামূলক র‌্যালি করতে হবে।

‘সিটি করপোরেশনের পক্ষ থেকে ওষুধ প্রয়োগ করা, পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি৷ জনগণের মাঝে বার্তা ছড়িয়ে দিতে হবে এডিসের লার্ভা যেন জন্মাতে না পারে সেজন্য নিজেদের ঘর বাড়ি, অফিস পরিচ্ছন্ন রাখতে হবে। ছাদে, বারান্দায়, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলোতে পানি জমতে দেয়া যাবে না।’

সভায় কাউন্সিলরদের সম্মতিক্রমে পরিত্যক্ত দ্রব্যাদি ও সেগুলো সংগ্রহের জন্য মূল্য নির্ধারণ করা হয়। চিপসের প্যাকেট/সমজাতীয় প্যাকেট (১০০টি) ১০০ টাকা, আইসক্রিমের কাপ, ডিসপোজেবলব গ্লাস/কাপ (১০০টি) ১০০ টাকা, অব্যবহৃত পলিথিন (প্রতি কেজি) ৫০ টাকা, ডাবের খোসা (প্রতিটি) ২ টাকা, মাটি/প্লাস্টিক/মেলামাইন/সিরামিক ইত্যাদির পাত্র (প্রতিটি) ৩ টাকা, পরিত্যক্ত টায়ার (প্রতিটি) ৫০ টাকা, কনডেন্সড মিল্কের কৌটা (প্রতিটি), পরিত্যক্ত কমোড/বেসিন ইত্যাদি (প্রতিটি) ১০০ টাকা, অন্যান্য পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্যাদি (প্রতি কেজি) ১০ টাকায় কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঈদের পরে কাউন্সিলরের কার্যালয় থেকে এটি বাস্তবায়ন করা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োজিত কোন স্কেলভুক্ত মাস্টাররোল কর্মী এবং দৈনিক মজুরীরি ভিত্তিক (মাস্টাররোল) শ্রমিক/কর্মী কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে এককালীন অনুদান আট লাখ টাকা প্রদানের বিষয় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়াও পরিচ্ছন্নতা কাজের স্বার্থে ৫৯ বৎসর জনিত শূন্য পদে ওই ক্লিনারের বৈধ ওয়ারিশানকে তাৎক্ষণিক ভাবে সৃষ্ট শূন্য পদে দৈনিক ভিত্তিক মাস্টাররোল পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরিতে নিয়োগ প্রদান এবং কর্মরত অবস্থায় অকাল মৃত্যুতে ও সড়ক দুর্ঘটানায় আহত হয়ে পঙ্গুত্ববরণ বা শারীরিক অক্ষমতায় ওই ক্লিনারের বৈধ ওয়ারিশনকে তাৎক্ষণিক ভাবে সৃষ্ট শূন্য পদে দৈনিক ভিত্তিক মাস্টাররোল পরিচ্ছন্নতা কর্মী পদে চাকুরিতে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োজিত সব দৈনিক মজুরি ভিত্তিক (মাস্টাররোল) শ্রমিক/কর্মীর পবিত্র ঈদ/দূর্গা পূজা/বড়দিন/বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে উৎসব ভাতা ৩ হাজার বদলে ৫ হাজার টাকা উন্নীত করণের সিদ্ধান্ত হয়।

ইউনাইটেডের বিপক্ষে নাটকীয় জয় চেলসির

0

স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অসাধারণ পারফরম্যান্সে স্মরণীয় এক জয়ের ক্ষণ গুনছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে যোগ করা সময়ের শেষের দিকেই কয়েক মিনিটেই সব হিসেব পাল্টে দেয় চেলসি। রোমাঞ্চের নানা বাঁক পেরিয়ে, অবিশ্বাস্য নাটকীয়তার জন্ম দিয়ে স্মরনীয় এক জয় তুলে নিলো দলটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে কোল পালমারের হ্যাটট্রিকে ৪-৩ গোলে জিতেছে চেলসি; তাদের অপর গোলদাতা কনর গ্যালাগার। ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো করেন জোড়া গোল, একবার জালের দেখা পান ব্রুনো ফের্নান্দেস। এ জয়ে ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এলো চেলসি। এক ম্যাচ বেশি খেলা ইউনাইটেড ৪৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

ঘরের মাঠে দারুণ শুরু পায় চেলসি। ব্লুজরা এগিয়ে যায় চতুর্থ মিনিটেই। মাঝমাঠ থেকে কোবি মাইনোর থ্রু পাস ধরে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান মালো গুস্তো। বল ইউনাইটেডের রাফায়েল ভারানের পায়ে লেগে চলে যায় কনর গ্যালাগারের কাছে। ১৬ গজ দূর থেকে ডান পায়ের নিচু জোরাল শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।

শুরুর ধাক্কা সামলে চেলসির রক্ষণে চাপ বাড়াতে থাকে ইউনাইটেড। এরই মধ্যে অষ্টাদশ মিনিটে বক্সে মার্ক কুকুরেইয়াকে ফাউল করে বসেন আন্তোনি, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ওনানাকে বিপরীত দিকে ছিটকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন পালমার। ব্রেন্টফোর্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ড্র করে আসা ইউনাইটেড কোণঠাসা হয়ে পড়ে আরও।

৩৪তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বসে চেলসি। গোলরক্ষককে ব্যক পাস দিলেও পারতেন কাইসাদো, কিন্তু তিনি পাশে থাকা সতীর্থকে দিতে গিয়ে বল তুলে দেন গারনাচোর পায়ে। পিছু নেওয়া ডিফেন্ডারদের ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

৩৮তম মিনিটে এনসো ফের্নান্দেসের শট ওনানা ঝাঁপিয়ে আটকানোর একটু পরই সমতার স্বস্তি ফিরে ইউনাইটেড শিবিরে। দিয়োগো দালোতের ক্রসে দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ফের্নান্দেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের্নান্দেসের শট এক ডিফেন্ডার ব্লক করার সময় বল তার হাতে লেগেছে দাবি করে এবং গাসমুস হয়লুন বক্সে পড়ে গেলে পরপর দুটি পেনাল্টির আবেদন করে ইউনাইটেড, সাড়া মেলেনি রেফারির। এরপর ৫৭তম মিনিটে রক্ষণের ভুলে আবারও বিপদে পড়তে বসেছিল চেলসি। তবে ভুল পাস থেকে বল পাওয়া হয়লুন শট নেওয়ার আগে ক্লিয়ার করেন দিয়াসি। পরের মিনিটে গ্লাভসের টোকায় ক্রসবারের উপর দিয়ে পালমারের শট বের করে দিয়ে ইউনাইটেডের ত্রাতা ওনানা।

আধিপত্যের ছড়ি ঘোরাতে থাকা ইউনাইটেড ৬৭তম মিনিটে এগিয়ে যায়। আন্তোনি ক্রস বাড়ানোর সময় চেলসি গোলরক্ষক পোস্টের নিচেও ছিলেন না, আবার পুরোপুরি বেরিয়ে এসে গারনাচোর পথও আগলে দাঁড়াতে পারেননি। হেডে বল জালে জড়িয়ে দেন গারনাচো।

৭৩তম মিনিটে পালমারের বাঁকানো ফ্রি কিক ফিস্ট করে ইউনাইটেডকে জয়ের পথে রাখেন ওনানা। কিন্তু নাটকীয়তার তখনও ঢের বাকি। আট মিনিট যোগ করা সময়ের শেষের দিকে ননিকে বক্সে দালোত ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআরেও টিকে যায় ওই সিদ্ধান্ত। পালমারের স্পট কিক আটকাতে পারেননি ওনানা। এরপরই ফল ঘুরিয়ে দেওয়া শেষ গোল। সতীর্থের ছোট করে নেওয়া কর্নারে বল ধরে জোরাল শট নেন পালমার; বল স্কট ম্যাকটমিনের গায়ে লেগে অনেকটা দিক পাল্টে খুঁজে নেয় জাল। জয়ের উচ্ছ্বাসের সঙ্গে টানা ব্যর্থতার এক বৃত্ত ভাঙার আনন্দও সঙ্গী হয় চেলসির।

বাংলাদেশকে ৪৯৫ টাকা কেজিতে গরুর মাংস দিতে চায় ব্রাজিল

0

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলারে (৪৯৫ টাকা) বাংলাদেশকে সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছে।

গত বছর বিশ্বের ১২৬টি দেশে গরুর মাংস রপ্তানি করেছিল ব্রাজিল। সে বছর ব্রাজিল ছিল বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানিকারক দেশ।

জানা গেছে, আগামী ৭ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুদিনের সফরে ঢাকায় আসবেন। তখন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার মাউরো ভিয়েরার সফরকে সামনে রেখে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় তিনি গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় তোলেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সে দেশের গরুর মাংস রপ্তানিকারক সমিতির একাধিক জ্যেষ্ঠ প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে।

দুই দিনের সফরে মাউরো ভিয়েরা রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ৭ এপ্রিল ঢাকায় আসবেন। তিনি একটি বড় ডেলিডেগশন নিয়ে আসবেন এবং আমরা মনে করি এই সফরের মাধ্যমের ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক দুটি অত্যন্ত শক্তিশালী। তার সফরে এক চুক্তি ও তিন এমওইউ সই হওয়ার কথা রয়েছে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফর তাৎপর্য জানিয়ে ড. হাছান বলেন, এ সফরটি অত্যন্ত তাৎপযপূর্ণ। ব্রাজিলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে। আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ আমেরিকা এক্সপ্লোর ওয়াইডলি। ব্রাজিল বড় দেশ। তাদের বায়িং ক্যাপাসিটি হাই। আমাদের থেকে অনেক কিছু রপ্তানির সুযোগ আছে।

দেশে ডেঙ্গুতে আরও ১১ জন হাসপাতালে ভর্তি

0

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের মোট ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৬শ ৬৭ জন ছাড়পত্র পান।

চলতি বছরের ৪ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৭৪৬ জন। এর মধ্যে এক হাজার ১শ জন পুরুষ এবং ৬৪৬ জন নারী রয়েছেন।