Home Blog Page 68

অনেক ঝুঁকি নিয়ে পেঁয়াজ আমদানি করতে হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

0

দেশের পেঁয়াজের বাজারে স্বস্তি ফেরাতে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ কিনছে সরকার, যার মধ্যে প্রথম লটে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার ৪০ টাকা কেজিতে এই পেঁয়াজের বিক্রয় কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এর আগে সকালে পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এসময় তিনি বলেন, অনেক ঝুঁকি নিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করতে হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পেঁয়াজ আনা-নেওয়ার বিষয়ে আমাদের ঝুঁকি নিতে হয়েছে। পেঁয়াজ আনা, দরদাম ঠিক করা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা নিজেরা বসে করেছি। পেঁয়াজের দাম যদি হঠাৎ করে কমে যেত? সেটার কিন্তু একটা সম্ভাবনা ছিল। তারপরও আমরা ঝুঁকিটা নিয়েছি। এই ঝুঁকি সাধারণ মানুষের জন্য সুফল বয়ে আনবে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, এই একই পেঁয়াজ ভারত সরকার আবুধাবিতে ১২০০ ডলারে বিক্রি করছে। আমরা সেখানে ৮০০ ডলারে নিয়ে এসেছি। আমরা অনেক নেগোশিয়েট করেছি। কারণ তারা যে দাম ধরিয়ে দিয়েছিল সেই দামে আমরা ভর্তুকি দিয়ে বাজারে পেঁয়াজ ছাড়তে পারব না। আমাদের সিনিয়র বাণিজ্য সচিব অনেক পরিশ্রম করেছেন। সঙ্গে ছিলেন টিসিবির টিম।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমি পেঁয়াজের মান নিয়ে সন্তুষ্ট। অন্তত এই পেঁয়াজ ১৫ দিন সংরক্ষণ করে বাজারে বিক্রি করা যায়। আমরা এই পেঁয়াজের দাম ৪০ টাকা নির্ধারণ করেছি। এখন আমাদের একটা অভিজ্ঞতা হলো। বাকি পেঁয়াজগুলো আনতে আমাদের কোনো সমস্যা হবে না। এর মাধ্যমে আমরা জানতে পেরেছি কত সময়ে আমরা পেঁয়াজগুলো ভারত থেকে আনতে পারব।

তিনি বলেন, এখন ১৬৫০ টন পেঁয়াজ এসেছে। বাকি পেঁয়াজগুলো ধীরে ধীরে চলে আসবে। আমরা চাই না আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক। ভারতের বাইরে আমাদের পেঁয়াজের জায়গা হচ্ছে মিশর ও তুর্কি। সেখান থেকে জাহাজে পেঁয়াজে আনতে হয় এবং এটা আনতে অনেক সময় লাগে। ভারতে নির্বাচন চলছে। তাদের ওখানে কৃষক আন্দোলন চলছে। এরপরও কিন্তু তারা তাদের কমিটমেন্ট রেখেছে। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে তারা তাদের কথা রেখেছে। তাদের ট্রেন আমাদের সিরাজগঞ্জ পর্যন্ত এসে পেঁয়াজ দিয়ে গেছে।

এসময় আরও বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান প্রমুখ।

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৯০৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ১৪৫ গ্রাম গাঁজা ও ৪৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মঙ্গলবার (২ এপ্রিল ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে।

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

0

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলের ইওয়াতে এবং আওমোরি প্রিফেকচারে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে ও আওমোরি অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আইওয়াতে প্রিফেকচারের উত্তরাঞ্চলীয় উপকূলীয় অংশে। তবে এ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর ফলে সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

জাপানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথমদিনে জাপানের মধ্যাঞ্চলে ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ২৪১ জনের মৃত্যু হয়।
খবর রয়টার্সের

সিরিয়ায় হামলায় ইসরায়েল ‘শাস্তি’ পাবে : লেবানন

0

লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপ মঙ্গলবার সতর্ক করে বলেছে, ইসরায়েল সিরিয়ার দামেস্কোতে দেশটির কনস্যুলেট ভবনে হামলায় উচ্চ-পর্যায়ের ইরানী বিপ্লবী গার্ডদের (আইআরজিসি) হত্যার জন্য ‘চরম শাস্তি’ পাবে।

গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের সঙ্গে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে গুলি বিনিময় করছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘অবশ্যই, শত্রুদের শাস্তি ও প্রতিশোধ না নিয়ে এই অপরাধকে ক্ষমা করা যাবে না।’

আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং আরেকজন উচ্চ পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমিসহ সাতজন আইআরজিসি সদস্য নিহত হয়েছে।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ১১ জন নিহত হয়েছে, যার মধ্যে আট ইরানি, দুজন সিরিয়ান এবং একজন লেবানিজ। এদের সবাই যোদ্ধা।

হিজবুল্লাহ বলেছে, জাহেদি ‘লেবাননে প্রতিরোধের কাজকে বিকাশ ও অগ্রসর করার জন্য বহু বছর ধরে সমর্থন, ত্যাগ এবং অধ্যবসায়কারী প্রথম একজন।’

অবজারভেটরি জানিয়েছে, জাহেদি প্যালেস্টাইন, সিরিয়া এবং লেবাননের জন্য ইরানের অভিজাত কুদস ফোর্সের নেতা হিসেবে কাজ করেছিলেন। তিনি তার সহযোগী এবং তিনটি দেশের একই কুদস ফোর্সের প্রধান স্টাফসহ নিহত হয়েছেন।

ইসরায়েল বলেছে, তারা প্রকাশিত রিপোর্ট সম্পর্কে এই মুহুর্তে কোন মন্তব্য করবে না, তবে ইরানি কর্মকর্তারা গাজা যুদ্ধের কারণে ইসরায়েল এবং ইরানের মিত্রদের সঙ্গে আরও সহিংসতার আশঙ্কায় কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, রুটিন ঘোষণা

0

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

মঙ্গলবার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়েছে।‌

রুটিন অনুযায়ী, ৩০ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে চলতি বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ ৩০ জুন পরীক্ষার তারিখ ঠিক করে রুটিন প্রকাশ করা হয়েছে।

করোনা মহামারির কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।

২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। সে সিলেবাস কিছুটা বাড়িয়ে ২০২২ সালে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সে বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিল।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়েছিল। তবে এবার পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

লা লিগায় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ

0

ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে শুরু থেকে বল দখলে এগিয়ে ছিলো অ্যাথলেটিকো মাদ্রিদদ। খেলার ছয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও হয়েছিল।

কিন্তু ডি-বক্সের ভেতর থেকে স্যামুয়েল লিনোর শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক।
কিন্তু সেই আক্ষেপ দীর্ঘায়িত হয়নি দিয়েগো সিমেওনের শিষ্যদের। ৯ মিনিটে এক্সেলের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। কর্নার থেকে হেডে দলকে এগিয়ে নেন অ্যাক্সেল উইটসেল।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরতে ৫০ মিনিটে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান আলেকজান্ডার সারলোথ। তাতে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

খেলার শেষ দিকে সাউলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। এই জয়ে ৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

অটিস্টিক ও প্রতিবন্ধীরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ : রাষ্ট্রপতি

0

অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসএ্যাবিলিটি (এনডিডি) বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ পুনর্বাসনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথ আরও প্রসারিত হবে- এটাই সকলের প্রত্যাশা।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় এ বছরও সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ‘১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সাহাবুদ্দিন বলেন, এ উপলক্ষে আমি দেশের সকল অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি, তাদের পরিবার এবং অটিজম নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনসূহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ যথাযথ ও সময়োপযোগী হয়েছে বলেও জানান রাষ্ট্রপ্রধান।

তিনি বলেন, অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ। সরকার প্রতিবন্ধী ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিক। অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন নিশ্চিতকল্পে সরকার ইতোমধ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন, ২০১৩’, ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’, ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৮’ এবং ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা, ২০১৯’ প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা অনুযায়ী চিকিৎসা ও থেরাপি সেবা প্রদানের পাশাপাশি পুনর্বাসনের প্রক্রিয়া চলমান রয়েছে।

অটিস্টিক ব্যক্তিদের কাউন্সেলিং ও থেরাপি সেবা প্রদানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ইতোমধ্যে অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে উল্লেখ করে সাহাবুদ্দিন বলেন, এছাড়া অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন এবং অন্যান্য এনডিডি শিশু ও ব্যক্তিগণের জীবনমান উন্নত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, অটিজম ও এনডিডি শিশু ও ব্যক্তিদের জীবনব্যাপী সেবা ও ভালোবাসার প্রয়োজন হয়। তাই অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিকে কাউন্সেলিং ও রেফারেল সেবা এবং সহায়ক উপকরণ ও সহায়ক প্রযুক্তি প্রদান করে আন্তর্জাতিক মানের সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

মাউশির ডিজি নেহাল আহমেদের পদোন্নতি

0

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

মাউশি অধিদফতরের বর্তমান মহাপরিচালক একজন প্রফেসর অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার।

২০২২ সালের জানুয়ারিতে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পান অধ্যাপক নেহাল আহমেদ। এখন পূর্ণ দায়িত্ব পেলেন। আগামী মাসে তার চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষা প্রশাসনে আলোচনা আছে তাকে চুক্তি ভিত্তিতে একই পদে রাখা হতে পারে।

মাউশির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে অধ্যাপক নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মার্চে এলো ২২ হাজার কোটি টাকার রেমিট্যান্স

0

দেশে মার্চ মাসে বৈধপথে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে প্রায় ২ বিলিয়ন (১ দশমিক ৯৯ বিলিয়ন) ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার ৯৬৫ কোটি টাকা (প্রতি এক ডলার ১১০ টাকা হিসাবে)।

এ হিসাবে দৈনিক গড়ে আসছে ৬ কোটি ৪৪ লাখ ডলার বা ৭০৮ কোটি ৫৪ লাখ টাকার বেশি। আগের মাস ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ১৭ বিলিয়ন বা ২১৭ কোটি ডলার।

রোববার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে বৈধ চ্যানেলে ১৯৯ কো‌টি ৬৮ লাখ ৫০ হাজার ডলার এসেছে। এর ম‌ধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার বা ২ হাজার ৮৭৯ কোটি টাকা। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫২ লাখ ৭ হাজার মার্কিন ডলার বা ৩৮৭ কোটি টাকার বেশি এসেছে।

আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৯ কোটি ১৭ লাখ ডলার বা ১৮ হাজার ৫৯০ কোটি টাকা। ৮১ লাখ ১০ হাজার মার্কিন ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।

সার্টিফিকেটের পাশাপাশি গুণগত শিক্ষা অর্জন করতে হবে : রাষ্ট্রপতি

0

দেশে উচ্চশিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-কে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সোমবার (১ এপ্রিল) দুপুরে বঙ্গভবনে প্রত্যয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন হস্তান্তরকালে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই . . . উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলো যাতে এগিয়ে আসে সে ব্যাপারে কাউন্সিলকে পদক্ষেপ নিতে হবে।

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় শিক্ষার টিকে থাকতে শিক্ষার্থীদের সার্টিফিকেট অর্জনের পাশাপাশি গুণগত শিক্ষা অর্জন করতে হবে।

রাষ্ট্রপ্রধান বলেন, জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে বিশ্ব পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।

তিনি শিক্ষার্থীদের পরিবর্তিত পরিস্থিতির উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ওপর জোর দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রতিনিধি দল কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ইসতিয়াক আহমেদ, অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম ও অধ্যাপক ড. এসএম কবির ও সচিব অধ্যাপক এ কে এম মনিরুল ইসলাম।

এছাড়া তারা উচ্চ শিক্ষার মান উন্নয়নে কাউন্সিল গৃহীত নানা পদক্ষেপসহ তাদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বাংলাদেশ প্রত্যয়ন পরিষদ) একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা- যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক প্রোগ্রাম প্রদানকারী সত্তাদের স্বীকৃতি প্রদান এবং মান নিশ্চিতকরণের দায়িত্ব পালন করে থাকে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।