Home Blog Page 71

আর্থসামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে আরও জোরালো সমর্থন চেয়েছেন।

এডিবির ভাইস প্রেসিডেন্ট (সেক্টর অ্যান্ড থিম) ফাতিমা ইয়াসমিন আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে গেলে তিনি এই সমর্থন কামনা করেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি। কারণ সরকার গ্রামীণ জনগণের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।’

প্রধানমন্ত্রী এডিবি ভাইস প্রেসিডেন্টকে বলেন, তাঁর সরকার দেশের জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। কারণ এটি শিল্পায়ন প্রসারিত ও আরও কাজের সুযোগ তৈরি করতে সহায়তা করবে।

শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি, নদী খনন ও পুনরুদ্ধারের মতো খাতে এডিবির সহায়তা চেয়েছেন।

তিনি এডিবির ভাইস প্রেসিডেন্টকে আরও জনকেন্দ্রিক প্রকল্প গ্রহণের আহ্বান জানান- যাতে করে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হতে পারে।

প্রধানমন্ত্রী ১৯৯৬-২০০১ সালে বেসরকারী খাতে বিভিন্ন শাখা খোলার জন্য তাঁর সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন, যাতে এটিকে এগিয়ে নিয়ে যায় এবং প্রাণবন্ত করে তোলে- যার ফলে কর্মসংস্থান সম্প্রসারিত হয়।

ফাতিমা ইয়াসমিন বলেন, বাংলাদেশ এডিবির অন্যতম শীর্ষ অগ্রাধিকারের দেশ এবং ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে এডিবির সহায়তা পাঁচ গুণ বেড়ে ৩.৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

তিনি প্রধানমন্ত্রীকে আরও বলেন, এডিবি নদী পুনরুদ্ধার, নদী ভিত্তিক পর্যটন, বিনোদন কেন্দ্র ও সেচের মতো প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। কারণ এটি জলবায়ু পরিবর্তন অভিযোজন, মানব ও সামাজিক উন্নয়ন, কারিগরি শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন দেখতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সিইসি

0

দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অব কোরিয়া) জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলম এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠিয়েছেন।

আগামী ৪ থেকে ১২ এপ্রিল সিইসি দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তার সঙ্গে থাকবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম ও সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।

জানা গেছে, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশন (এনইসি) দেশটির ২২তম ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন দেখার জন্য আমন্ত্রণ জানানোয় তারা দেশটিতে যাচ্ছেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক প্লেন ভাড়া, থাকা-খাওয়া, স্থানীয় যাতায়াতের ব্যয় বহন করবে এনইসি। আর অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ৩ এপ্রিল তারা কোরিয়ার পথে উড়াল দিয়ে ফিরতে পারেন ১৩ এপ্রিল।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর আগেও দক্ষিণ কোরিয়ার নির্বাচন দেখতে গেছেন দেশটির নির্বাচন কমিশনের খরচে। তেমনি এদেশের নির্বাচন দেখতেও এনইসিকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ নির্বাচন কমিশন।

সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন দেখতেও গিয়েছিলেন সিইসি।

শিশুদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইউনিসেফ কাজ করতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

0

শিশুদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইউনিসেফ কাজ করতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ রোববার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট ও জাতিসংঘ শিশু তহবিলের হেলথ সেকশনের চীফ মায়া ভ্যানডেন্টের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

সামন্ত লাল সেন বলেন, ইউনিসেফ করোনার সময় গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে। এখন জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা ও নিরাপদ মাতৃত্বসহ স্বাস্থ্যখাতের অন্যান্য দিক নিয়েও জাতিসংঘের এই বিশেষ সংস্থাটি দেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

এ ছাড়া তারা নিরাপদ মাতৃত্ব, ভ্যাকসিন কার্যক্রমকে ফলপ্রসূ করা, দেশে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা ও তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো নির্মাণ করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

একই সঙ্গে প্রতিনিধি দল শিশুদের জন্য তৃণপর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণের জন্য ইউনিসেফ প্রতিনিধিগণকে এগিয়ে আসার অনুরোধ জানালে তারা সেটিতে আগ্রহ দেখিয়েছে।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (বিশ্ব স্বাস্থ্য) মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতিসংঘের শিশু তহবিলের প্রতিনিধি দল করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানারকম ফলপ্রসূ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

দেশের স্বাস্থ্য খাত আগের থেকে আরও উন্নত হচ্ছে বলেও তারা জানান। টিকাদানে বাংলাদেশকে বিশ্বের একটি উদাহরণ হিসেবেও তারা উল্লেখ করেন।

৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

0

বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৬ হাজার ৭৩৬ পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আজ রোববার (৩১ মার্চ) বিকেলে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী সারা দেশের স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

মুক্তির দ্বিতীয় দিনে ‘ক্রু’র আয় ১৯ কোটি টাকা

0

লিউডের বহুপ্রতীক্ষিত ক্রু ছবি মুক্তি পেয়েছে ২৯ মার্চ। ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তিন বলিউড সুন্দরী টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন। কমার্শিয়াল ফ্যামিলি এন্টারটেনার ঘরানার এই ছবি দর্শককে মজার সফরে নিয়ে গেছে। মুক্তির পর বক্স অফিসে ২ দিন পার করে ফেলেছে রাজেশ এ কৃষ্ণান পরিচালিত এই ছবি।

তথ্য বলছে, দেশ ও বিদেশের বাজারে ইতোমধ্যেই ছবিটি বেশ ভালোই সাড়া ফেলেছে। ঝধপহরষশ.পড়স-এর রিপোর্ট বলছে মাত্র ২ দিনে বক্স অফিসে ১৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।

প্রথম দিনে ৯.২৫ কোটি টাকা আয় করেছে টাবু-কারিনা-কৃতির ছবি ‘ক্রু’। দ্বিতীয় দিনে এটা দেশীয় বক্স অফিসে ৯.৬ কোটি টাকা আয় করেছে। দুদিন মিলিয়ে এখন পর্যন্ত ছবিটি ভারতে ১৮.৮৫ কোটি টাকা আয় করেছে। ছবিটি প্রথম দিনে বিশ্বব্যাপী ২০.০৭ কোটি টাকা আয় করেছে।

ছবিতে কারিনা কাপুর তার অনবদ্য কমিক টাইমিং এবং একজন বিমান সেবিকা হিসেবে টাবুর অভিনয় দর্শকের চোখ ধাঁধাবে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃতি শ্যানন। যার পারফর্ম্যান্স অতিরিক্ত মাত্রা যোগ করবে। ছবিতে মিলবে ডাকাতি, পরিস্থিতিগত কমেডি, নাটকীয় মুহূর্ত এবং প্রচুর ড্রামা।

এই ছবির কেন্দ্রে রয়েছে ‘কোহিনূর’ এয়ারলাইনস ও সোনা পাচার। ছবিতে এয়ার হোস্টেসের ভূমিকায় অভিনয় করেছেন কারিনা, টাবু ও কৃতি শ্যানন। ফ্লাইটের জন্য চিনাবাদামের বাক্স চুরি করা থেকে শুরু করে প্রচুর অর্থ উপার্জনের পরিকল্পনা এবং গ্ল্যামারে দুনিয়ায় নজর কেড়েছেন এই ত্রয়ী।

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

0

ইসরায়েলের শহরগুলোয় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার রাতে তেল আবিব, জেরুজালেম, সিজারিয়া, রানানা এবং হার্জলিয়াতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে।

তেল আবিবের কাপলান স্ট্রিটে অনুষ্ঠিত বিক্ষোভে অবিলম্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। সমাবেশের একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মকর্তারা শহরের কিরিয়া সামরিক সদর দফতরের প্রবেশদ্বার বিগিন গেটে বিক্ষোভকারীদের ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন।

বিক্ষোভকারীদের হাতে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘কেউ যাবে না! আমরা জেরুজালেমের দিকে যাত্রা করব এবং সেখানেই থাকব, যতক্ষণ না সরকার ভেঙে দেওয়া হয়।’

তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে অনুষ্ঠিত একটি পৃথক সমাবেশে হামাসের বন্দিদশা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ইসরায়েলি কর্তৃপক্ষকে অবিলম্বে গাজায় আটক থাকা সমস্ত জিম্মিদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।

উপকূলীয় শহর সিজারিয়াতে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ চারপাশে ব্যারিকেড দিয়ে রাখে। এসময় বিক্ষোভকারীরা ‘ধ্বংসের দেবদূতের জন্য কোন ক্ষমা নেই’ এবং ‘ব্যর্থতা ও পরিত্যাগের জন্য কোন ক্ষমা নেই’ স্লোগান দেয়।

গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য ৩ জাহাজে যাচ্ছে ত্রাণ

0

ইসরায়েলের চলমান যুদ্ধে গাজায় অনাহারে থাকা মানুষদের জন্য প্রায় ৪০০ টন খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে রওনা হয়েছে তিনটি জাহাজের একটি বহর।

জাহাজগুলো সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে শনিবার গাজা উপত্যকার দিকে রওয়ানা হয়েছে। ত্রাণের বহরটি একটি পণ্যবাহী জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ দ্বারা টেনে গাজায় নিয়ে যাওয়া হচ্ছে।

দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, এসব জাহাজে চাল, পাস্তা, ময়দা, ডাল, টিনজাত সবজি ও প্রোটিনের মতো খাওয়ার জন্য প্রস্তুত আইটেম আছে। এগুলো ১০ লাখেরও বেশি খাবার প্রস্তুত করার জন্য যথেষ্ট।

এর আগে গত ১৬ মার্চ স্প্যানিশ এনজিও ওপেন আর্মস পরিচালিত একটি ত্রাণবাহী জাহাজ ২০০ টন খাদ্য সহায়তা দেয়। যা বিতরণ করেছিল দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসি)

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় রেমিশে গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক ও একজন অনুবাদক আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ বিস্ফোরণের পেছনে ইসরায়েলি ড্রোন হামলার কথা জানালেও ইসরায়েলি সামরিক বাহিনী এর দায় অস্বীকার করেছে।

অপর দিকে গাজা থেকে প্রায় নয় হাজার রোগীর জরুরি চিকিৎসার জন্যে স্থানান্তর প্রয়োজন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি এই অঞ্চলে কেবলমাত্র ১০টি হাসপাতাল কার্যকর থাকার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস শনিবার এ কথা বলেছেন।

এক্সে তিনি বলেছেন, পুরো গাজায় মাত্র ১০টি হাসপাতাল কার্যকর রয়েছে। হাজার হাজার রোগী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যুদ্ধের আগে গাজায় ৩৬টি হাসপাতাল চালু ছিল।

২৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ৫১ ডলার

0

চলতি মাসের (মার্চ) প্রথম ২৯ দিনে বৈধপথে ১৮১ কোটি ৫১ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) প্রায় ২০ হাজার কোটি টাকা (১৯ হাজার ৯৬৬ কোটি)। দৈনিক গড়ে আসছে ৬ কোটি ২৫ লাখ ডলার বা ৬৮৮ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাস ফেব্রুয়ারির ২৯ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৮১ কোটি ৫১ লাখ ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৭৫ লাখ ডলার বা ২ হাজার ৫০২ কোটি ৫০ লাখ টাকা, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৩০ হাজার মার্কিন ডলার বা ৩৩৩ কোটি টাকার বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার বা ১৭ হাজার ৪৭ কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ৮১৭ কোটি টাকা।

এর আগে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি বা ২.১০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল এবং দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ ডলার। ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স।

গত বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর মাসে এসেছিল ১৯৩ কোটি ডলার এবং শেষ মাস ডিসেম্বরে আসে ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স।

এর আগে ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স এসেছিল। ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। এটি এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

অন্যদিকের দেশের মধ্যে ধারাবাহিকভাবে থাকা ডলার সংকটও কিছুটা কমছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকট কমে আসার পেছনে কয়েকটি উদ্যোগ কাজে এসেছে। এর অন্যতম হলো বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ির কারণে আমদানি কমে আসা। একইভাবে ডলারের দাম নিয়ে কড়াকড়ি অবস্থান থেকে সরে আসায় রেমিট্যান্স ও রপ্তানি আয় বেড়ে যাওয়া। পাশাপাশি টাকার সংকট কিছুটা কমে আসার কারণ হলো ডলারের বিপরীতে টাকা অদলবদলের (সোয়াপ) সুবিধা।

৫৩১ রানে থামল শ্রীলঙ্কা

0

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ ফিফটিতে ৫৩১ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। প্রথম দিন হাফ সেঞ্চুরি করেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা, দিমুথ করুণারত্নে এবং ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিস।

আজ দ্বিতীয় দিনে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। তাদের অটল ও ভারসাম্যহীন ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের হয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন চান্দিমাল ও ধনঞ্জয়া। দুই জনেই হাঁকান ফিফটি। অবশেষে তাদের ৮৬ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। চান্দিমালকে (১০৪ বলে ৫৯) বিহাইন্ড দ্য উইকেটে লিটন দাসের হাতের ক্যাচ বানান সাকিব। প্রথম সেশনে বাংলাদেশের সফলতা বলতে কেবল একটি উইকেট।

দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই লঙ্কান ব্যাটার ধনঞ্জয়াকে ফেরান খালেদ আহমেদ। ১১১ বলে ৭০ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টাইগার পেসার। এই সেশনে আরও একটি উইকেট নেন সাকিব। প্রবাত জয়সুরিয়াকে (৭৫ বলে ২৮) এলবিডব্লিউ করেন টাইগার অলরাউন্ডার।

তৃতীয় সেশনে বিশ্ব ফার্নান্ডোকে (২৬ বলে ১১) রানআউট করেন নাজমুল হোসেন শান্ত। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হন লাহিরু কুমারা (১২ বলে ৬) ও রানের খাতা খোলার আগে আসিথা ফার্নান্ডোকে রানআউট করেন তাইজুল ইসলাম।

এর আগে গতকাল শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে তিন হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলে লঙ্কানরা।

ব্যাটিংয়ে নেমে ৯৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন দুই লঙ্কান ওপেনার। ওই দিন দ্বিতীয় সেশনের শুরুতে জুটি ভাঙে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের বলে দুই রান নিতে গিয়ে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন হাফসেঞ্চুরিয়ান মাদুশঙ্কা (৫৭)।

সেশনের শেষদিকে এসে বাংলাদেশ পেয়েছে আরও একটি উইকেট। কুশল মেন্ডিস এবং দিমুথ করুনারতেœর ১১৪ রানের জুটিটি ভাঙেন অভিষিক্ত হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটে টেনে এনে বোল্ড হন সেঞ্চুরির দোরগোড়ায় থাকা করুনারতেœ (১২৯ বলে ৮৬ রান)।

তৃতীয় সেশনে আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকা (১৫০ বলে ৯৩) লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস টাইগার অলরাউন্ডার সাকিবের একটি আউট সুইং বলে খোঁচা দিতে গিয়ে মিরাজের হাতে ধরা পড়েন।

চতুর্থ উইকেটে দিনেশ চান্ডিমালের সঙ্গে ম্যাথিউজের জুটিটা বড় হয়নি। মাত্র ২৬ রানের। পেসার হাসান মাহমুদের বলে মিরাজের হাতে ক্যাচ দেন ম্যাথিউজ। ২৩ রানে আউট হন তিনি।

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন সাকিব। ২ উইকেট শিকার করেন হাসান মাহমুদ ও ১টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের জয়

0

ফুটবল ক্যারিয়ারে ৬৪তম হ্যাটট্রিকের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতে বড় জয় পেল তার দল আল নাসর।

সৌদি প্রো লিগে শনিবার রাতে আল তাইয়ের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে আল নাসর। শুরু থেকেই ছন্দে থাকা রোনালদো প্রথমার্ধে গোলের দেখা পাননি। তবে দ্বিতীয়ার্ধে চমৎকার হ্যাটট্রিক উপহার দিয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার।

ঘরের মাঠে ২০তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। তবে দুই মিনিট পরেই সমতা টানে আল তাই। গোলের দেখা পান ডাচ ফরোয়ার্ড ভার্জিল। ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর ১০ জনে পরিণত হওয়া আল তাইয়ের জালে রীতিমতো গোল উৎসব করে আল নাসর।

প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুলরাহমানের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর একের পর এক এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ান রোনালদো। ৬৪তম মিনিটে পেয়ে যান প্রথম গোলের দেখাও। সাদিও মানের পাসে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা।

৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। সতীর্থের শটে বল পোস্টে লেগে ফিরলে কাছ থেকে বল জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ৮৭তম মিনিটে দারুণ হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক।

আল নাসরের জার্সিতে ৫৮ ম্যাচ খেলে ৪টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। আর ৩০ বছর হওয়ার পর তার হ্যাটট্রিক হলো ৩৪টি। সবমিলিয়ে এ মৌসুমে আল নাসরের হয়ে মোট ৩৩টি গোল হলো রোনালদোর।

এ নিয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট হলো লিগের দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের। আর ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।