Home Blog Page 73

নদী দখল ও দূষণমুক্ত করতে একযোগে কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

0

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, নদী দখল ও দূষণমুক্ত করতে একযোগে কাজ করতে হবে। দখলমুক্ত করতে পারলেও নদী দূষণমুক্ত করতে না পারলে আমরা কাঙ্ক্ষিত সুবিধা পাব না।

তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন করতে হলে পানি, লবণাক্ততা, জলবায়ু ও নদীকে আরও গুরুত্ব দিতে হবে। আমরা যদি নদী শাসনের কথা বলি, জলবায়ু পরিবর্তনের কথা বলি সবকিছুর সঙ্গে পানি জড়িত।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর নিউমার্কেটে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন : পানি ও স্যানিটেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ঈদে লড়াইটা হবে শাকিব-সিয়ামের

0

ঢালিউডে ঈদ মানেই যেন শাকিব খানের সিনেমা। বিগত দিনের ঈদগুলোতে প্রেক্ষাগৃহে দেখা গেছে তেমনই চিত্র। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও মুক্তি পেতে চলেছে এই নায়কের ‘রাজকুমার’ সিনেমা।

ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার ও ট্রেলার। ‘প্রিয়তমা’ সিনেমার পরে ‘রাজকুমার’ সিনেমা দিয়েও বাজিমাত করবেন শাকিব খান, এমনটাই প্রত্যাশা পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের।

এদিকে ‘রাজকুমার’-এর পর ঈদুল আজহাতে মুক্তি পাবে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। যেখানে প্রথমবারের মতো নির্মাতা রায়হান রাফীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক।

গত সপ্তাহেই ‘তুফান’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ করে হৈ চৈ ফেলে দিয়েছেন রাফী। যেই পোস্টার দেখে ধারণা করাই যাচ্ছে, ঈদুল ফিতরের পর ঈদুল আজহাতেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন শাকিব।

শুধু ধারণাই নয়, বিগ বাজেটে নির্মাণ হচ্ছে তুফান সিনেমা। দেশের আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ যৌথভাবে প্রযোজনা করছে এই ছবি। ভারতের বেশ কিছু লোকেশনে হবে সিনেমার শুটিং। যেখানে গ্যাংস্টারের গল্পে ধরা দেবেন শাকিব খান।

স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছিল, ঈদুল ফিতরের পর ঈদুল আজহাতেও প্রেক্ষাগৃহ দখল করে রাখবেন শাকিব। তবে সেই ধারণাতে যেন একটা ধাক্কা দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নিজের জন্মদিনে পরবর্তী সিনেমার ঘোষণা দিলেন তিনি। প্রকাশ করলেন পোস্টার। যা দেখে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।

পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। দেখে বোঝা যাচ্ছে, প্রতিশোধের নেশায় মগ্ন সিয়াম। এমনই এক অচেনা রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন নায়ক।

রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর ‘জংলি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন সিয়াম। যেটি নির্মাণ করেছেন ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিম। আসন্ন ঈদুল আজহাতেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

শাকিবের ‘তুফান’ সিনেমার পোস্টার যতোটা ঝড় তুলেছিল ভক্তদের মাঝে, সিয়ামের ‘জংলি’ও কোনো অংশে কম যায়নি। ঈদে যে সিয়াম, শাকিবকে বেশ শক্তভাবেই টেক্কা দিবেন সেই পূর্বাভাসই যেন দিয়ে রাখলেন পোস্টার প্রকাশ করে।

প্রধানমন্ত্রী নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন : স্পিকার

0

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে। গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন।

আজ শনিবার (২৯ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে এবং নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক মাহমুদা চৌধুরী, সিনিয়র সাংবাদিক শাহনাজ বেগম, সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু এবং সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খান বক্তব্য রাখেন।

স্পিকার বলেন, নারীরা আজ মহাশূন্যে যাচ্ছে, হিমালয় জয় করছে, কিন্তু তারপরও নারীদের সংগ্রাম থেমে নেই। নারীরা ঘরে-বাইরে সংগ্রাম মোকাবিলা করে এগিয়ে চলছে। বাংলাদেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়েছে। সাধারণ ঘরের মেয়েরাও আজ উচ্চতর শিক্ষায় শিক্ষিত। প্রায় এক কোটি নারী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শেখ হাসিনা গত ১৫ বছরে নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন। তৃণমূল পর্যায়ের নারীরাও আজ স্বাবলম্বী এবং নারী উদ্যোক্তাদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দিলে এবং তাদের পণ্য দেশীয় ও বিদেশি বাজারে সরবরাহের ব্যবস্থা নিলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

স্পিকার বলেন, বাংলাদেশের বাজেট লিঙ্গ সংবেদনশীল বাজেট। প্রতিটি মন্ত্রণালয়ে মহিলাদের জন্য বাজেট বরাদ্দ রয়েছে। তিনি বলেন, লিঙ্গ বৈষম্যের কারণে নারী যেন পিছিয়ে না যায় সে বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

এ সময় ডেইলি অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম এবং ডিআরইউর সাবেক সহসভাপতি মাহমুদা চৌধুরীকে বিশিষ্ট নারী সাংবাদিক হিসেবে সম্মাননা জানানো হয়।

এ সময় স্পিকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে নারী দিবসের অনুষ্ঠান পালনের জন্য ধন্যবাদ জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রথিতযশা সাংবাদিক, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ পিছিয়ে গেল

0

পিছিয়ে গেল বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার সিরিজের সূচি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের পর ২০২৪ সালের ব্যস্ততায় ঠাঁসা সূচি থেকে আরও একটি সিরিজ বাদ দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ক্রিকেট বোর্ডের অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আজ শনিবার ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেটের ২০২৪ সালের এফটিপি অনুযায়ী বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল। দুই টেস্টের সঙ্গে এই সিরিজে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। জুলাই মাসের এই সিরিজ থেকে আপাতত সমঝোতার ভিত্তিতে স্থগিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

জালাল ইউনুস ক্রিকবাজকে জানান, ‘দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ পরবর্তীতে যেকোনো সময়ে অনুষ্ঠিত হবে।’ যদিও সেটা ঠিক কবে নাগাদ হবে, তা নিয়েও কোনোপ্রকার আভাস দেয়া হয়নি। অবশ্য ২০২৪ সালের ব্যস্ততার মাঝে অন্য কোনো ফাঁকা সময় বের করাও কষ্টসাধ্য বাংলাদেশের জন্য।

২০২৪ সালে বাংলাদেশের মোট ১২টি টেস্ট খেলার কথা ছিল। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ার কারণে আপাতত সংখ্যাটি নেমে এসেছে আটে।

বুয়েটের আন্দোলনে কারও ইন্ধন আছে কি না খতিয়ে দেখা হচ্ছে : শিক্ষামন্ত্রী

0

মধ্যরাতে ছাত্রলীগের অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে এর পেছনে কারও ইন্ধন আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল। বুয়েটে রাজনীতি নিষিদ্ধ হলেও রাষ্ট্রীয় দিবস পালনে বাধা দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুয়েটের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পেছন থেকে কেউ ইঙ্গিত দিচ্ছে কি না, পেছন থেকে কেউ কি জঙ্গিবাদী কিংবা উগ্রবাদী মানসিকতার কিছু ইঙ্গিত দিচ্ছে কি না, সেটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। কারণ এই আলোচনাটা বারবার আসছে।

শিক্ষামন্ত্রী বলেন, কিছুদিন আগেও অনেকে অভিযোগ করেছেন কিছু জঙ্গিবাদী গোষ্ঠী গোপনে সেখানে কার্যক্রম পরিচালনা করছে। এমন একটি আলোচনা-সমালোচনা ছিল। সে বিষয়টি আমরা আরও গভীরভাবে তদন্ত করব। তবে চলমান আন্দোলন নিয়ে শিক্ষার্থীসহ উভয় পক্ষকে আহবান জানাব, সেখানে শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

এর আগে দুপুর ১২টার দিকে মন্ত্রী ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা- শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও সমাধানের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

আলোচনা সভার আয়োজন করে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত হোসেন মোল্যা।

দাড়ির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ব্রিটিশ সেনাবাহিনী

0

ব্রিটিশ সেনা সদস্য ও কর্মকর্তাদের এখন থেকে দাড়ি রাখতে পারবেন। একশ বছরের বেশি সময় ধরে ক্লিন-শেভ করার রেওয়াজ চলছে ব্রিটিশ সেনাবাহিনীতে।

এবার দাড়ি রাখার ওপর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।

তবে দাড়ি ও গোঁফ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুবিন্যস্ত রাখতে হবে। বিষয়টি নিয়মিত নজরদারিও করা হবে।

এই নীতি বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে ব্রিটিশ সেনাবাহিনীতে আকৃষ্ট করা সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

ব্রিটিশ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, টানা কয়েক বছর বিষয়টি নিয়ে নীতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কার্যকারিতা, স্বাস্থ্য বা নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে না শর্তে শিখ, মুসলিম এবং রাস্তাফারিয়ানদের মতো কয়েকটি নির্দিষ্ট ধর্মের সেনাদের দাড়ি রাখার অনুমতি দিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনী।

বিবিসি জানিয়েছে, এ নীতি গ্রহণের পরও নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে বা প্রয়োজনে সেনা এবং কর্মকর্তাদের শেভ করার নির্দেশ দেওয়া হবে।

এর আগে ডেনমার্ক, জার্মানি এবং বেলজিয়ামের মতো কয়েকটি দেশের সেনাবাহিনী সৈন্যদের দাড়ি রাখার অনুমতি দেয়।

যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সেনাবাহিনীই সবার পরে দাড়ি রাখার অনুমতি দিয়েছে। দীর্ঘদিন ধরেই দেশটির নৌবাহিনীতে দাড়ি রাখার অনুমতি দিয়েছে এবং বিমান বাহিনী ২০১৯ সালে দাড়ির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু সেনাবাহিনী এ বিষয় কঠোর নীতি বজায় রেখেছিল।
খবর বিবিসি

ইয়ামাল-কুবারসি অচিরেই বিশ্ব ফুটবলের যুগ নির্ধারণ করতে পারে : জাভি

0

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, লামিন ইয়ামাল, পও কুবারসির মত তরুণ খেলোয়াড়রা অচিরেই বিশ্ব ফুটবলের যুগ নির্ধারনে নিয়ামক হিসেবে কাজ করবে।

মঙ্গলবার ব্রাজিলের বিপক্ষে স্পেনের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইয়ামাল সবাইকে ছাড়িয়ে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন। অন্যদিকে গত সপ্তাহে কলম্বিয়ার বিপক্ষে লা রোজাদের হয়ে অভিষিক্ত হয়েছে কুবারসি। তিনিও পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নেমেছিলেন।

চার বছরের মধ্যে প্রথমবারের মতো বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার পিছনে এই দুজনই মূল ভূমিকা পালন করেছেন। এখনো লা লিগা জয়েরও কিছু ক্ষীণ আশা টিকে রয়েছে কাতালান জায়ান্টদের।

স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৬ বছর বয়সী ইয়ামাল আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়েছেন। ১৭ বছর বয়সী কুবারসি সবচেয়ে কম বয়সী ডিফেন্ডার হিসেবে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন।

জাভি বলেন, ‘তাদের এই মান বজায় রাখতে হবে। বিশ^ ফুটবলে বার্সা অন্যতম বড় একটি ক্লাব। এখানে অনেক শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রা খেলতে আসে। কিন্তু নিজেদের মান ধরে রাখা সত্যিই কঠিন। যদিও আমার আশা এই দুই তরুণের মধ্যে সব ধরনের গুনাবলী রয়েছে। ক্লাবের নতুন একটি যুগের এমনকি বিশ^ ফুটবলেও একটি নতুন ধারার সূচনা এদের হাত ধরেই হবে।’

জাভি আরও বলেন ইয়ামাল খুবই শান্ত প্রকৃতির মানুষ এবং বয়সের তুলনায় অনেক বেশ পরিনত, ‘মানসিক ভবে আমি তাকে সবসময়ই হাসিখুশি থাকতে দেখেছি। একজন মজার খেলোয়াড় হিসেবে ইয়ামাল পরিচিত, তাকে সবসময় দলের সবার সঙ্গে আনন্দ করতে দেখা যায়।

রিয়াল মাদ্রিদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। এ সপ্তাহের লিগ ম্যাচের পর আগামী ১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিসে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।

চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে যা দরকার করব : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মুখে বড় বড় কথা বললেই হবে না, আমাদের কাজ করে দেখাতে হবে। এ জন্য আমরা যেন মুখে কথা কম বলে কাজ করেই আমাদের সক্ষমতা বুঝিয়ে দিতে পারি, সে লক্ষ্যেই মাঠে নেমে পড়তে হবে। ঈদের পর থেকে তৃণমূল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি আবারও মাঠে নেমে পড়ব। প্রয়োজনে প্রত্যন্ত গ্রাম-গঞ্জে চলে যাব। দেশের চিকিৎসা ব্যবস্থাকে মানুষের জন্য সহজলভ্য করতে যা যা করার দরকার আমি তাই করব।

আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামন্ত লাল সেন বলেন, কথা কম বলে অসুস্থ মানুষের সেবায় কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে। বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তিনি ২৩ বছর লড়াই সংগ্রাম করেছেন বাংলাদেশ একদিন স্বাধীন হবে সেজন্য। তার দীর্ঘদিনের স্বপ্নের দেশ স্বাধীন হয়েছে। তিনি কিন্তু দেশকে স্বপ্নের মতো করে সাজানোর সুযোগ পাননি। তিনি মাত্র তিন বছরের মতো সময় ক্ষমতায় ছিলেন। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হলেও দেশে তেমন কোন সম্পদ বা অর্থ ছিল না। সেই দুর্ভিক্ষপীড়িত দেশের দায়িত্ব নিয়েই তিনি এমন কোনো সেক্টর নেই যেখানে কাজ শুরু করেননি।

স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের সব ভালো উদ্যোগগুলো জাতির পিতাই শুরু করে দিয়েছিলেন। তিনি যেভাবে শুরু করেছিলেন দেশের বিভিন্ন কুচক্রী মহলের কারণে সেগুলো সেভাবে বাস্তবায়ন হয়নি। এখন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা পিতার কাজগুলো এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন। আমাদের দায়িত্ব হচ্ছে, জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো বাস্তবায়ন করা। সেই কাজ করতে মুখে আমাদের বড় বড় কথা বললেই হবে না, আমাদেরকে কাজ করে দেখাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের ত্যাগে বাংলাদেশের জন্ম হয়েছে। কত দিন তিনি খেয়ে না খেয়ে দেশের মানুষকে একত্রিত করতে কাজ করেছেন তার হিসাব নেই। বিশ্বের অনেক দেশই স্বাধীনতার জন্য যুগের পর যুগ লড়াই করে যাচ্ছে, কিন্তু স্বাধীন হতে পারছে না। বাংলাদেশ কীভাবে পারল, ভারত কীভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা করতে ঝাঁপিয়ে পড়ল! এগুলো তো আর এমনি এমনি হয়নি। বঙ্গবন্ধুর সাহস ছিল। এজন্যই বাংলাদেশ এতো আগে স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর মত সাহসী নেতা নেই বলেই অনেক দেশ স্বাধীন হতে পারছে না।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া প্রমুখ।

আগামী মাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আলোচনা হতে পারে : সিএনএন

0

গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ নগরীতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য অভিযানের বিষয়ে আগামী ১ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা হতে পারে। সিএনএন তাদের সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে।

টিভি চ্যানেলের পরিবেশিত খবরে বলা হয়, আগামী ১ এপ্রিল সোমবার এই আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।

এর আগে রাফাহ নিয়ে আলোচনার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়।

টিভি চ্যানেলের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনার কথা সামরিক মন্ত্রিসভার সদস্যদের জানান।
খবর তাস

অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : বুয়েট উপাচার্য

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বুয়েট প্রশাসন ঐকমত্য পোষণ করে। কিন্তু কারো পক্ষেই আইনের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৮ এপ্রিলের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর একাডেমিক কাউন্সিল বৈঠক করে সিদ্ধান্ত নেবে। উপাচার্য শুধু হল থেকে বহিষ্কার করতে পারে। শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেবে একাডেমিক কাউন্সিল। অভিযোগ প্রমাণিত হলে বুয়েট প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

আজ শনিবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে দ্বিতীয় দিনের মতো সকাল থেকেই ছয় শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারসহ বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে বুয়েট শিক্ষার্থীরা। পরে বেলা সাড়ে ১২টায় দ্বিতীয় দিনের মতো আন্দোলন সমাপ্ত করেন তারা। তবে দাবি মেনে না নেওয়া হলে আগামীকাল সকালে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করা হবে বলেও জানান শিক্ষার্থীরা।

বুয়েট উপাচার্য বলেন, আজ অনেক বিভাগের পরীক্ষা ছিল। কিন্তু শিক্ষার্থীরা সে পরীক্ষায় অংশ না নেওয়ায় সেখানে তাদের অনুপস্থিত দেখানো হবে। নিয়ম মতো রিটেক হয়ে যাবে। তবে পুনরায় পরীক্ষার জন্য আবেদন করলে, একাডেমিক কাউন্সিল বিবেচনা করতে পারে।

তিনি বলেন, বহিরাগতরা বুয়েটে প্রবেশের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের (ডিএসডব্লিউ) অনুমতি নেয়নি। কাজেই শিক্ষার্থীদের দাবি করা ডিএসডব্লিউ-এর পদত্যাগের দাবি অবান্তর।

গত ২৭ মার্চ দিবাগত রাত ১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, দপ্তর সম্পাদকসহ অনেকেই বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। ছাত্রলীগ নেতৃবৃন্দকে ক্যাম্পাসে প্রবেশ করানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বি। ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পর বুয়েটে এ ধরনের কর্মকাণ্ডকে নতুন করে রাজনীতি শুরুর পাঁয়তারা হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়া ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে তারা আন্দোলন শুরু করেন। পরে আন্দোলনের মুখে গতকাল রাতে ইমতিয়াজ রাব্বিকে হল থেকে বহিষ্কার করে বুয়েট প্রশাসন। তবে সকল দাবি মেনে না নেওয়ায় আজ দ্বিতীয় দিনের মতো ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।