Home Blog Page 75

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে : প্রতিমন্ত্রী

0

আগামী জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করবে সরকার। সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেউ যেন প্রতারিত না হয় কিংবা কেউ যেন প্রতারণা না করতে পারে সে জন্য সরকার সব ব্যবস্থা নেবে। আগামী জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে।

তিনি বলেন, ‘আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্রে পরিদর্শন করেছি। সেখানে খুব ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে, তবে এ বছর নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কিছুটা কম।’

এ সময় প্রতিমন্ত্রী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে লিখিত পরীক্ষা।

এ ধাপে কুমিল্লা জেলায় ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে নারী ১৪ হাজার ৭৬৭ জন এবং পুরুষ ১৭ হাজার ৪৩২ জন।

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩৬

0

সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা স্থানীয় সময় শুক্রবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়। সংস্থাটি জানায়, ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে চালানো হামলায় বেসামরিক মানুষ ও সামরিক কর্মী নিহত ও আহত হয়েছেন।

এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়।

গত কয়েক বছর ধরেই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল। কিন্তু কখনোই তারা এসব হামলার দায় স্বীকার করে না।

দিল্লিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের

0

মারাত্মক অ্যাকসিডেন্ট থেকে প্রাণে বেঁচে ফেরা রিশাভ পান্ত দিল্লিকে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখাতে পারেননি। আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিলো রাজস্থান র‌য়্যালসের। এই ম্যাচে রিশাভ পান্তের দিল্লি রাজস্থানের কাছে হেরে যায় ১২ রানের ব্যবধানে।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান। জবাব দিতে নেমে দিল্লির কোনো ব্যাটারই সঠিকভাবে দাঁড়াতে পারেনি রাজস্থানের বোলারদের সামনে। ফলে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানে থেমে যায় তারা। হেরে যায় ১২ রানের ব্যবধানে।

প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরেছিলো দিল্লি ক্যাপিটালস। ওই ম্যাচে দিল্লি করেছিলো ১৭৪ রান। জবাবে ৪ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। এবার দ্বিতীয় ম্যাচে হারলো দিল্লির দলটি। অন্যদিকে টানা দ্বিতীয় জয় পেয়েছে রাজস্থান র‌য়্যালস। প্রথম ম্যাচে তারা হারিয়েছিলো লখনৌ সুপার জায়ান্টসকে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়েছিলো রাজস্থান। জসস্বি জয়সওয়াল (৫), জস বাটলার (১১), সাঞ্জু স্যামনরা (১৫) দ্রুতই আউট হয়ে যান। তবে রাজস্থানকে বড় বাঁচা বাঁচিয়ে দেন রায়ান পরাগ। ৪৫ বলে অপরাজিত ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৭টি বাউন্ডারির সঙ্গে মারেন ৬টি ছক্কার মার।

রবিচন্দ্রন অশ্বিন ১৯ বলে করেন ২৯ রান। ১২ বলে ২০ রান করে আউট হন ধ্রুব জুরেল। ৭ বলে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লির দুই অসি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ মিলে ২০ বলে ৩০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়ে যান। ২৩ রান করেন মিচেল মার্শ। এরপর রিকি ভুই কোনো রান না করেই আউট হয়ে যান। ৩৪ বলে ৪৯ রান করে বিদায় নেন ডেভিড ওয়ার্নারও। এটাই ছিল দিল্লির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

রামের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি শুরু করেছেন রণবীর

0

‘অ্যানিমেল’ সিনেমার তুমুল সাফল্যের পর ‘রামায়ণ’ সিনেমাতে রামের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন রণবীর কাপুর। সম্প্রতি রণবীরের ফিটনেস কোচ অভিনেতার একটি ছবি সামাজিক একটি মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে রণবীরকে জিমে ‘শীর্ষাসন’ করতে দেখা যায়।

রাম চরিত্রের জন্য অভিনেতা যে জিমে এখন অনেকটা সময় কাটাচ্ছেন, তা এক প্রকার স্পষ্ট।

অন্য দিকে রণবীরের ফ্যান ক্লাবের পক্ষ থেকে নেটদুনিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক জন ব্যক্তির কাঁধে হাত দিয়ে রণবীর ছবি তুলেছেন। ভক্তদের দাবি, ওই ব্যক্তি রণবীরের তিরন্দাজি প্রশিক্ষক। রাম চরিত্রের জন্যই তিরন্দাজি শিখবেন এই অভিনেতা।

সানি দেওল, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিংয়ের মতো এক ঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে ‘রামায়ণ’ সিনেমা। সিনেমাতে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন হিন্দি ছোট পর্দার জনপ্রিয় মুখ রবি দুবে।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমা নিয়ে নানা সময়ে উঠেছে এসেছে নানা চিত্র। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সব দিক থেকে অন্য অনেক সিনেমাকেই রামায়ণ ছাপিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মুম্বাই এবং লন্ডন মিলিয়ে মোট ১২০ দিন শুটিং চলবে এই সিনেমার।

উল্লেখ্য, গত বছর ‘রামায়ণ’ প্রেক্ষাপটে তৈরি দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা। সেখানে রামের চরিত্র পালন করেছিলেন প্রভাস। তবে রণবীরকে রামের চরিত্রে দেখতে ভক্তদের বড় একটা অংশ মুখিয়ে রয়েছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

0

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (২৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ৪৬২টি ইয়াবা ট্যাবলেট, ১৫১ গ্রাম হেরোইন, ১০৬ কেজি ৬৫০ গ্রাম ৮০০ পুরিয়া গাঁজা, ৩০ গ্রাম আইস ও ১১৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

মেট্রোরেলের ওপর দিয়ে টানা ইন্টারনেট ও ডিশের তার অপসারণের নির্দেশ

0

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিশের তার। মেট্রোরেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা বিভিন্ন ভবনের এসব ক্যাবল টিভি লাইন (ডিস লাইন) ও ইন্টারনেটের তার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবং সম্পাদক বরাবর এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) প্রকল্প পরিচালক মো. আফতাবউদ্দিন তালুকদারের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, ডিএমটিসিএলের আওতায় পরিচালিত এমআরটি লাইন ৬ এখন শুক্রবার ব্যতীত প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৭.১০ মিনিট থেকে রাত ১০.১৪ মিনিট পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল করছে। ঢাকা মহানগরীর জনসাধারণ নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও স্বল্প সময়ে মেট্রোরেলে যাতায়াতের সুফল ভোগ করছেন। এখন প্রতিদিন গড়ে ২ লাখ ৯০ হাজার যাত্রী মেট্রো ট্রেনে যাতায়াত করছেন।

চিঠিতে বলা হয়েছে, এই রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে বিভিন্ন ভবনে ক্যাবল টিভি লাইন (ডিস লাইন), ইন্টারনেটের ক্যাবল লাইন ইত্যাদির সংযোগ প্রদান করা হয়েছে। প্রাথমিক সার্ভেতে দেখা গিয়েছে, প্রায় ৫১টি ভবনে বর্তমানে এই ধরনের সংযোগ দেওয়া হয়েছে। এতে যে কোনো মুহূর্তে ক্যাবেল ছিঁড়ে গিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপরে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। চলমান বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি।

চিঠিতে ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা বিভিন্ন ভবনের ক্যাবল টিভি লাইন (ডিস লাইন), ইন্টারনেট এর ক্যাবল ইত্যাদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। অন্যথায় ডিএমটিসিএল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ. বি. এম.সাইফুল হোসেন এবং সম্পাদক মো. ইমদাদুল হককে এ চিঠি পাঠানো হয়েছে।

বিক্রি হলো প্রভাসের নতুন সিনেমার স্বত্ত্ব

0

দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

করোনা সংকটসহ নানা কারণে পিছিয়েছে ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তি। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু তার আগেই ডিজিটাল স্বত্ত্ব বিক্রি নিয়ে শুরু হয় দরাদরি। অবশেষে মোটা অঙ্কের অর্থে বিক্রি হয়েছে সিনেমাটির ডিজিটাল স্বত্ত্ব।

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্স প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার ডিজিটাল স্বত্ত্ব কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। ওটিটি স্বত্ত্বর জন্য নির্মাতা ২০০ কোটি রুপি দাবি করেছিলেন। সর্বশেষ অ্যামাজন প্রাইম ভিডিও তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ভাষার স্বত্ত্ব ১৫০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৯৭ কোটি ৫২ লাখ টাকার বেশি) কিনে নিয়েছে। তবে হিন্দি ভাষার স্বত্ত্ব বিক্রির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড়, ইংরেজিসহ আরো কয়েকটি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে এটি।

সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের প্রখ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। সিনেমাটিতে পৌরাণিক চরিত্র ‘কল্কি’-এর ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, আর দীপিকা আসতে চলেছেন ‘পদ্মা’র ভূমিকায়। অমিতাভ বচ্চনকে ‘অশ্বত্থামা’র মতো দাপুটে চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে ভিএফএক্সের চোখধাঁধানো কাজ দেখা যাবে। সিনেমাটির বাজেট ৬০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে নির্মাতাদের ধারণা। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দামি সিনেমাগুলোর মধ্যে একটি হতে চলেছে এটি।

দিল্লির বিপক্ষে ট্রাম্পকার্ড হতে পারেন মোস্তাফিজ

0

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে পরের ম্যাচে ট্রাম্পকার্ড হতে পারেন মোস্তাফিজুর রহমান। দীর্ঘ ৫ বছর পর আইপিএল ম্যাচ আয়োজনের অপেক্ষায় থাকা বিশাখাপত্তনমের পিচ সহায়তা করবে কাটার মাস্টারের বোলিং অ্যাকশনকে। পাশাপাশি অভিজ্ঞতার কারণে দিল্লির বিপক্ষে চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত।

এবারের আইপিএলে চেন্নাইয়ের শুরুটা হয়েছে দারুণ। দুই ম্যাচে দুই জয়, নেট রান রেটের হিসেবে টেবিল টপার মহেন্দ্র সিং ধোনির দল।

এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে নাম লিখিয়ে মোস্তাফিজুর রহমানও আছেন ছন্দে। প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের পারপল ক্যাপের মালিকও এখন পর্যন্ত তিনি। যদিও সামনের ম্যাচগুলোতে একাদশে ফিজের সুযোগ পাওয়া নিয়ে আছে কিছুটা শঙ্কা।

তবে সে শঙ্কা দূরে রেখে চেন্নাইয়ের পরের ম্যাচের ট্রাম্পকার্ড হতে পারেন মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩১ মার্চ খেলতে নামবে ধোনির দল। আর সে ম্যাচের ভেন্যু বিশাখাপত্তনম।

প্রায় ৫ বছর পর আইপিএল ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে অন্ধ্রপ্রদেশের এই স্টেডিয়াম। যেখানের উইকেট কিছুটা স্লো আর লো বাউন্সের হওয়ায় মোস্তাফিজের সুবিধা হবে অনেকটাই। কারণ অভিষেকের পর থেকে ফ্লাট উইকেটে রঙ হারালেও স্পিন নির্ভর উইকেটে বরাবরই দুর্দান্ত কাটার মাস্টার।

যদিও একাদশে ফিজের জায়গা পাওয়াটা কঠিন নির্দিষ্ট বিদেশি কোটার কারণে। মাথিশা পাথিরানাও ফুল ফিট। তাই এই বাংলাদেশি পেসারের পারফর্ম করেই টিকে থাকতে হবে। যদিও চেন্নাইয়ের কাছে প্রাধান্য পাচ্ছে ফিজের অভিজ্ঞতা।

দলের ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, ‘ মোস্তাফিজ প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণ করেছেন। একজন বাঁহাতি পেসার হিসেবে তিনি দারুণ অপশন। তার স্লোয়ার বল বেশ ভালো। যখন সে ডেথ ওভারে চাপের মুহূর্তে বোলিং করেন, তখনো নিজের মাথা ঠান্ডা রাখতে পারেন। আমার ধারণা, এ মুহূর্তে এটা আমাদের কাজে আসছে। ডেথ বোলিংয়ে আমাদের ভালো কিছু অপশন রয়েছে। এটা গুরুত্বপূর্ণ। ’

বিশাখাপত্তনমে এখন পর্যন্ত আইপিএলের ম্যাচ গড়িয়েছে ১৩টি। ২০১২ থেকে ১৯, সে সবগুলো ম্যাচেই আধিপত্য ছিল স্পিনারদের। মাত্র ৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিসংখ্যানও অনেকটাই এমন। তাই প্রত্যাশা করাই যাই, দিল্লির বিপক্ষে এবারের উইকেট শিকারের সংখ্যাটা বড় করার সহজ সুযোগ ফিজের সামনে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

0

ওয়ানডে সিরিজের পর এবার বাংলাদেশের মেয়েদের সামনে কুড়ি ওভারের ক্রিকেটের চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি শুরু হচ্ছে রোববার থেকে। টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে ওয়ানডে দলের ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস ও নিশিতা আক্তার নিশি বাদ পড়েছেন।

স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও দিলারা আক্তার দোলা। স্কোয়াডে পরিবর্তনের ব্যাখায় নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, ‘বোলিং বিভাগে বৈচিত্র্য আনার জন্য তৃষ্ণার জায়গায় বাঁহাতি পেসার দিশাকে যুক্ত করা হয়েছে। পিংকির জায়গায় নেওয়া হয়েছে দোলাকে। সে উইকেটকিপার ব্যাটার, আমাদের বিশ্বাস টি-টোয়েন্টি সংস্করণে সফল হওয়ার সব উপকরণ ওর মধ্যে আছে। শরীফা খাতুন একজন অলরাউন্ডার, যে অফ স্পিন এবং নিচের দিকে ব্যাট করতে পারে। তাকে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে তৈরি করা হয়েছে। ’

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিজা, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলারা আক্তার দোলা।

স্টান্ড বাই:

লতা মণ্ডল ও নিশিতা আক্তার নিশি।

ইসরায়েলি বর্বরতা চলছেই, প্রাণহানি বেড়ে প্রায় ৩২৫৫২!

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৫৫২ জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৫৫২ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৯১ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এর ফলে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের মারাত্মক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩২ হাজার ৫৫২ জনে পৌঁছেছে। একই সময়ে অন্তত ৭৪ হাজার ৯৮০ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় আহত হয়েছেন বলেও মন্ত্রণালয়ের এই বিবৃতিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে।

গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পবিত্র রমজান মাসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করেছে। হামাস এই প্রস্তাবকে স্বাগত জানালেও, ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনি এই ভূখণ্ডের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।