Home Blog Page 85

মস্কোয় কনসার্টে হামলায় নিহত বেড়ে ৮২

0

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও শতাধিক। স্থানীয় সময় শুক্রবার রাত আটটার পরপর মস্কোর উত্তর প্রান্তে ক্রোকাস সিটি হলে এই হামলার ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পাঁচজন বন্দুকধারী এই হামলা চালায়। প্রথমে গুলিবর্ষণের পর সেখানে গ্রেনেড বা বোমা নিক্ষেপ করা হয়। তাতে হলটিতে আগুন ধরে যায়।

হামলার সময় হলটিতে পিকনিক নামে একটি ব্যান্ডের পরিবেশনার প্রস্তুতি চলছিল। এই কনসার্টের জন্য ছয় হাজার ২০০ টিকিট বিক্রি হয়েছিল। ওই হলে নয় হাজারের বেশি মানুষের বসার ব্যবস্থা রয়েছে।

হামলার পর হতাহতের উদ্ধারে আসে বিভিন্ন সংস্থার সদস্যরা। অ্যাম্বুলেন্সে করে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পরপর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স; যদিও আইএসের ওই পোস্ট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হামলার নিন্দা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ‘সন্ত্রাসী হামলা’। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়েছে। হামলার ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা।

রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা ছদ্মবেশে কনসার্ট হলে ঢুকেছিল। তাদের কাছে স্বয়ংক্রিয় বন্দুক ছিল।

সংবাদ সংস্থা রয়টার্স হামলার যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছে এবং হলের মধ্যেই বোমা ছুড়ছে। অডিটোরিয়ামের ছাদে আগুন লেগে চারদিক ধোঁয়ায় ভরে গেছে।

প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত চলা এই হামলা থেকে বাঁচতে অনেকেই মাটিতে শুয়ে পড়েছিলেন। গুলি চালানো বন্ধ হলে লোকজন সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে।

রাশিয়ার আপৎকালীন মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, হামলার হাত থেকে বাঁচতে হলের বেসমেন্টে প্রায় ১০০ জন আশ্রয় নিয়েছিলেন। হলের ছাদেও আশ্রয় নিয়েছিলেন অনেকে। সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই এই জঘন্য অপরাধের নিন্দা করা উচিত।’ হামলার নিন্দা করেছে যুক্তরাষ্ট্রও। তবে এই হামলার সঙ্গে ইউক্রেনের কোনো যোগসাজশ নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রাফায় অভিযান ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে : ব্লিঙ্কেন

0

গাজার রাফায় পূর্ণ মাত্রায় স্থল অভিযান আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা বলেছেন।

ইসরায়েলে সাংবাদিকদের তিনি বলেন, ‘হামাসকে পরাজিত করার ইসরাইলী লক্ষ্যেকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু রাফায় বড় সামরিক স্থল অভিযান এটি অর্জনের উপায় নয়।’

তিনি আরও বলেছেন, ‘বরং এটি বিশ্বজুড়ে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকিতে ফেলবে।’

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি নিয়ে ইসরায়েল-হামাসের চুক্তির আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাব পাস হয়নি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের ভিটোর কারণে প্রস্তাবটি আবার ব্যর্থ হয়েছে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যই প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন। আর ভোট দেওয়া থেকে বিরত ছিল গায়ানা।

এ প্রস্তাবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে ‘দফায় দফায় আলোচনা করে’ যুদ্ধবিরতির প্রস্তাবটি তৈরি করা হয়।

ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না : বর্ষা

0

বর্তমানে কাজের চেয়ে ব্যক্তিচর্চায় বেশি ব্যস্ত অনেক তারকাই। বিশেষ করে সিনেমার নায়িকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো অন্যের ব্যক্তিগত জীবনের নানান বিষয়ে সমালোচনার প্রতিযোগিতায় মেতে ওঠেন তারা। তবে ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না বলেই মনে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বর্ষা। এসময় অভিনেত্রী জানান, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা-বিদ্বেষ তৈরি হয়।

বর্ষা বলেন, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় এসব খুব একটা দেখি না। ব্যবসায়িক কাজে ফ্যাক্টরি নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে— অন্যকিছু দেখার বা ভাবার সময় পাই না। যেটুকু সময় পাই সেটা সংসার ও সন্তানদের জন্য ব্যয় করি।

তবুও দু’একটা কথা যে কানে আসে না তেমনটাও নয়। তবে আমি মনে করি, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত।

অভিনেত্রী আরও বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছুড়ি কখনোই প্রতিযোগিতার মধ্যে পড়ে না। এগুলো কখনোই কাম্য নয়। আমাদের সিনিয়র নায়িকারা নিজেদের কাজ দিয়েই আলোচনায় ছিলেন, প্রতিষ্ঠিত হয়েছেন।

সুতরাং যারা এগুলো করছে তাদের বলব— এসব বাদ দিয়ে কাজে মনোযোগ দিতে। দিন শেষে কাজটাই দর্শকরা মনে রাখে। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা, বিদ্বেষ ও ঘৃণা তৈরি হয়।

প্রসঙ্গত, সর্বশেষ ‘কিল হিম’ সিনেমায় দেখা গেছে বর্ষাকে। গেল বছর ঈদে মুক্তি পায় সিনেমাটি। এবার প্রস্তুতি নিচ্ছেন এই সিনেমার সিকুয়্যালের। এছাড়া অভিনেত্রীর হাতে রয়েছে আরও দুটি সিনেমার কাজ। অন্যদিকে ব্যবসায়ী হিসাবেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রধান বিচারপতি

0

যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।

প্রধান বিচারপতির অবর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম. ইনায়েতুর রহিম প্রধান বিচারপতির কার্যাভার পালন করবেন।

আগামী ৩১ শে মার্চ ওবায়দুল হাসান দেশে ফিরে আসবেন।

চিকিৎসকরা রাস্তায় নেমে আসুক তা চাই না : স্বাস্থ্যমন্ত্রী

0

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো দ্রুতই সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি আন্দোলনরত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘ডাক্তারদের সম্পর্কে আমি ভালো করে জানি। তোমরা বাধ্য হয়েই আসছো। আমি গ্রাম থেকে উঠে আসছি, আমি জানি। সুতরাং যত দ্রুত তোমাদের সমস্যা সমাধান করা যায়, আমি দেখব। এইটুকু আমি তোমাদের কথা দিলাম।’

আজ শনিবার (২৩ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমার কাছে খুব খারাপ লাগল তোমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছ। আমিও চাই না, আমার কোনো ডাক্তার রাস্তায় নেমে এভাবে আসুক। বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা ও হাসপাতালের মূল তোমরা। তোমরা যদি ভালো করে কাজ না করো। সব সুনাম-দুর্নাম তোমাদের ওপর। তোমরা ছাড়া আমি উন্নতি করতে পারব না। আমি তোমাদের দাবি দেখব।’

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম আন্দোলনরতদের উদ্দেশে বলেন, ‘আমাদের সময় ভাতা ছিল না। আমরা ভাতা চালু করেছি। স্যার যেহেতু কথা দিয়েছেন, তোমরা এইটুকু আস্থা রাখবে।’

এর আগে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা যৌথভাবে ৪ দফা দাবি জানান। দাবিগুলো হলো- ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে। ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে। অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে।

আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র, পাত্তা দেয়নি রাশিয়া

0

যুক্তরাষ্ট্র বলছে তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়েছে ইসলামিক স্টেট মস্কোতে হামলার ব্যাপারে যে দাবি করেছে তা সঠিক।

গোয়েন্দা সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বলেছে, আইএস রাশিয়ায় হামলা চালাতে চায় সে সম্পর্কে নভেম্বর থেকে শুরু করে ধারাবাহিক তথ্য রয়েছে তাদের কাছে।

ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে হিমশীতল সম্পর্ক সত্ত্বেও কিছু অত্যন্ত সুনির্দিষ্ট তথ্য রাশিয়ান সরকারকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাদ্রেইন ওয়াটসন বলেন, এই মাসের শুরুর দিকে, মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল। নীতিগত ভাবে সতর্ক করার দায়িত্ব থেকে এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছিল।

তবে কোন ধরনের হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তা নিশ্চিত করা হয়নি। যদিও দুই সপ্তাহ আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে মস্কোতে বসবাসরত আমেরিকানদের বড় সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছিল; বিশেষভাবে কনসার্ট সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র রাশিয়াতে অবস্থানরত তাদের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করলেও ক্রেমলিন এই সতর্কবার্তাকে ‘প্রপাগান্ডা’ বলে প্রত্যাখ্যান করেছিল।

ওই সতর্কবার্তায় বার্তায় বলা হয়েছিল চরমপন্থীরা বড় সমাবেশগুলোকে লক্ষ্য করার আসন্ন হামলার পরিকল্পনা করছে। তবে ওই সময় কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।

১৮৮ রানে অলআউট বাংলাদেশ

0

স্বীকৃত ব্যাটসম্যানদের কেউই রান পাননি। দলের মান বাঁচানোর দায়িত্বটা তাই বোলাররাই নিলেন। নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম যেন দেখালেন টেস্টে কীভাবে টিকে থাকতে হয়। আর শেষে এসে খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম দলের মান বাঁচিয়েছেন ব্যাট হাতে নিয়ে। লঙ্কানদের বিপক্ষে সিলেটে একসময় শঙ্কা ছিল দেড়শ পেরুনো নিয়ে। সেখানে স্কোর গিয়ে দাঁড়িয়েছে দুইশর কাছাকাছি।

টপঅর্ডার ও মিডলঅর্ডারের সবটাই যখন ব্যর্থতায় মোড়া, তখন লিডের আশা করাও যেন বোকামি। বাংলাদেশ লিড পায়নি। তবে কাছাকাছিও যাওয়া হয়নি তাদের। টাইগারদের ইনিংস শেষ হয়েছে ১৮৮ রানে। প্রথম ইনিংস শেষে লঙ্কানদের লিড ৯২ রানের।

লঙ্কান পেসারদের তোপের মুখে প্রথম দিনের শেষ দিকে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন লাঞ্চের আগে আরও ৩ উইকেট হারিয়েছে তারা। আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং লিটন দাস। লাঞ্চ বিরতি থেকে ফিরে এসে বাকি চার ব্যাটারও দ্রুত আউট হয়ে যান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনটিতে শাসন করেছিলো পেসাররা। দ্বিতীয় দিনেও পেসারদের দাপট থাকবে হয়তো, শুরুতেই সেই ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান জয় প্রথম দিন শেষ বিকেলে লঙ্কান পেসারদের সয়লাব ঠেকিয়েছেন। তবে দ্বিতীয় দিনের শুরুতে আর ঠেকাতে পারেননি। লাহিরু কুমারার বলে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। ধনঞ্জয়া ডি সিলভা সেই ক্যাচ তালুবন্দী করে জয় ফিরিয়ে দেন সাজঘরে। দলীয় ৫৩ রানেই পড়লো বাংলাদেশের চতুর্থ উইকেট। মাহমুদুল হাসান জয় আউট হলেন ৪৬ বলে ১২ রান করে।

এর আগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ধনঞ্জয়া ডি সিলভা (১০২) এবং কামিন্দু মেন্ডিসের (১০২) জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩টি করে উইকেট নেন খালেদ আহমেদ এবং অভিষিক্ত নাহিদ রানা।

জবাবে ব্যাট করতে নেমে একঘণ্টা সময় পান বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু এই এক ঘণ্টায় ৩টি উইকেট হারিয়ে বসে তারা। ৯ রানে জাকির হাসান, ৫ রানে নাজমুল হোসেন শান্ত এবং ৫ রানে আউট হয়ে যান মুমিনুল হক। দিন শেষে জয় ৯ রানে এবং তাইজুল অপরাজিত ছিলেন শূন্য রানে। বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৩২।

সন্ত্রাসী হামলায় আহতদের সুস্থতা কামনা পুতিনের

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় আহত সকলের সুস্থতা কামনা করেছেন এবং চিকিৎসা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা এ কথা বলেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল এ. মুরাশকোসহ আমরা প্রেসিডেন্টকে রোগীদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অবহিত করলে তিনি সকলের সুস্থ্যতা কামনা করে চিকিৎসকদের অভিনন্দন জানান।’

শুক্রবার সন্ধ্যায় মস্কোর অদূরে ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে সন্ত্রাসী হামলা চালানো হয়। অজ্ঞাতনামা বন্দুকধারীরা এ হামলা চালায়। তারা হামলার কাজে অ্যাসল্ট রাইফেলস ব্যবহার করে। সেখানে বেপরোয়া গুলিবর্ষণ করা হয়। এ সময় বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে। এ ঘটনায় স্পেশাল সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আগামী দুই দিন রাজধানীতে সব ধরনের গণসমাবেশ বাতিল ঘোষণা করেছেন।
খবর তাস

স্পেনের বিপক্ষে কলম্বিয়ার ঐতিহাসিক জয়

0

প্রায় বছরখানেক আগে সবশেষ কোনো ম্যাচে পরাজয় দেখেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। গেল বছরের ২৯ মার্চ স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছিল স্প্যানিশরা। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে অপরাজিত ছিল লুইস ডি লা ফুয়েন্তের শিষ্যরা। অবশেষে চলতি বছরের প্রথম ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ নিলো তারা।

শনিবার (২৩ মার্চ) লন্ডন স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে স্প্যানিশরা। কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেছেন ড্যানিয়েল মুনোজ।

এদিকে কলম্বিয়ার জন্য এই জয় ঐতিহাসিক। কেননা এবারই প্রথম ২০১০ বিশ্বকাপজয়ী দলটির বিপক্ষে জয়ের দেখা পেয়েছে তারা।

এদিন দলের সেরা খেলোয়াড়দের শুরুর দিকে বেঞ্চেই রেখেছিলেন স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে। আলভারো মোরাতা, রদ্রি, লামিন ইয়ামাল, দানি কার্ভাহাল, নিকো উইলিয়ামসরা বেঞ্চে থাকায় ম্যাচের প্রথমার্ধ বেশ সাদামাটাই ছিল।

এরপরও কলম্বিয়ার ওপর শুরু থেকেই চাপ বজায় রেখেছিল স্প্যানিশরা। তবে ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে কলম্বিয়াও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।

অবশেষে ৬১তম মিনিটে দানিয়েল মুনোজের পা থেকে আসে ম্যাচ নির্ধারণী গোল। দিয়াসের অ্যাসিস্টে এই লক্ষ্যভেদ করেন মুনোজ।

ম্যাচে ফিরতে মিনিট তিনেকের মধ্যেই তিন পরিবর্তন করে স্পেন। মাঠে নামেন উইলিয়ামস, মোরাতা ও বায়েনা। এর ১০ মিনিট পর মাঠে নামেন বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তবে কোনোভাবেই ম্যাচে ফেরা হয়নি স্প্যানিশদের। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের পরাজয় নিয়েছে মাঠ ছেড়েছে ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন।

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩২ হাজার ছাড়াল

0

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৩২ হাজার ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজার ২৯৮ জন।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসশাসিত ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজায় বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েল। পাশাপাশি স্থল অভিযানও চালানো হয়।

গাজায় ইসরায়েলের টানা ৪৭ দিনের হামলার পর গত বছরের ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ।

সাত দিনের যুদ্ধবিরতি শেষ হতে না হতেই আবারও গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। এর পাশাপাশি স্থল অভিযানও চালানো হচ্ছে।

ইসরায়েলি বাহিনীর এমন আচরণে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। যুদ্ধ বন্ধের বদলে গত রোববার মিশরের সীমান্তবর্তী রাফা শহরে স্থল অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যেখানে হামলার মুখে গাজার অন্যান্য এলাকা থেকে প্রায় ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।