Home Blog Page 87

ঈদযাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু

0

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ (২২ মার্চ) থেকে বাসের আগাম টিকিট শুরু হয়েছে। রাজধানী বিভিন্ন বোর্ডিং পয়েন্ট বা কাউন্টার থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারছেন।

আজ শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে রমেশ চন্দ্র ঘোষ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বাস কোম্পানিগুলোর অনলাইনে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘বাসবিডি ডটকম ডট বিডি’ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট আজ (শুক্রবার) থেকে অনলাইনে মাধ্যমে প্রদান করা হবে।

ই-টিকিট কেনা যাত্রীদের জানানো হয়েছে, রাস্তায় সৃষ্ট জ্যামের কারণে ও গাড়ির যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য প্রাকৃতিক কারণে যাত্রার সময় পরিবর্তন হতে পারে। বিষয়টি জেনে টিকিট ক্রয় করতে। আমাদের অব্যাহত প্রচেষ্টা সঠিক সময়ে যাত্রীদের যাত্রা নিশ্চিত করা।

এমভি আবদুল্লাহর কাছাকাছি ইইউ যুদ্ধজাহাজ, চক্কর দিচ্ছে হেলিকপ্টার

0

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাইজ্যাক করা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ওপর নজর রাখছে ইউরোপীয়ান ইউনিয়ন নেভাল ফোর্সের (ইইউএনএভিএফওআর) একটি যুদ্ধজাহাজ। এ মুহূর্তে জলদস্যুদের হাতে জিম্মি জাহাজটির বেশ কাছাকাছি অবস্থান করছে ইইউ নেভাল ফোর্সের জাহাজটি। পাশাপাশি তাদের হেলিকপ্টার ঘন ঘন চক্কর কাটছে জিম্মি জাহাজটি ঘিরে।

প্রসঙ্গত, সোমালিয়া উপকূলে জলদস্যুদের দমনে ‘অপারেশন আটলান্টা’ নামে কার্যক্রম পরিচালনা করছে ইইউএনএভিএফওআর।

বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজেদের এক্স অ্যাকাউন্টে বাংলাদেশি ২৩ নাবিকসহ জিম্মি এমভি আবদুল্লাহকে ঘিরে তাদের কার্যক্রমের তিনটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছে ‘অপারেশন আটলান্টা’। তার মধ্যে একটি ছবিতে ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধজাহাজটি থেকে বাংলাদেশের জিম্মি জাহাজটিকে দেখা যাচ্ছে। জাহাজটির দিকে তাকিয়ে আছেন ইইউ নেভাল ফোর্সের দুই সদস্য। যা যুদ্ধজাহাজটি থেকে এমভি আবদুল্লাহর খুব কম দূরত্বকেই নির্দেশ করে।

অপর দুটি ছবি ও একটি ভিডিওতে যুদ্ধজাহাজ থেকে ইইউ নেভাল ফোর্সের একটি হেলিকপ্টারকে জিম্মি এমভি আবদুল্লাহর ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়।

এর আগেই গত ১৪ মার্চ এক বিবৃতিতে ইইউ নেভাল ফোর্স জানায়, ‘অপারেশন আটলান্টা’র আওতায় তাদের একটি যুদ্ধজাহাজ বাংলাদেশি জাহাজটিকে অনুসরণ করছে। বাংলাদেশি ও সোমালিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে তারা।

এরপর ১৮ মার্চ রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহকে উদ্ধারে একযোগে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির পুলিশ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা।

তবে নাবিকদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ এবং সরকার। তাই এর আগে ইইউ নেভাল ফোর্স জিম্মি জাহাজটি উদ্ধারে অভিযানের প্রস্তাব দিলেও বাংলাদেশের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়নি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম তখন বলেছিলেন, ‘আমরা ইইউ নেভাল ফোর্সকে অভিযান পরিচালনার অনুমতি দিইনি। তাদের সঙ্গে নেগোসিয়েশন করছি, কীভাবে শান্তিপূর্ণ উপায়ে নাবিক ও ক্রুদের কোনো ক্ষতি ছাড়াই জাহাজটি উদ্ধার করা যায়।’

এ ছাড়া ছিনতাই হওয়া জাহাজ ও জিম্মি নাবিকদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল জাহাজের মালিক কবির গ্রুপ।

এরই মধ্যে জানা গেছে, ইইউ নৌবাহিনীকে অভিযান পরিচালনা থেকে বিরত রাখতে জিম্মি নাবিকদের ওপর চাপ বাড়াচ্ছে জলদস্যুরা।

বিষয়টি নিশ্চিত করে দেশের সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিক ইউএ খান জানান, ইইউ নৌবাহিনীর চাপে নাবিকদের এখন ২৪ ঘণ্টাই জাহাজের ব্রিজে অবস্থান করতে হচ্ছে। এছাড়া মাঝেমধ্যে ভিএইচএফ (ওয়াকি-টকি) ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধও জানাতে হচ্ছে যেন কাছে না আসে তারা।

সর্বশেষ বুধবার প্রথমবারের মতো জলদস্যুরা জিম্মি জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি জানান, তৃতীয়পক্ষের মাধ্যমে জিম্মি জাহাজ থেকে যোগাযোগ করেছে জলদস্যুরা। সেইসঙ্গে কথা হয়েছে এমভি আবদুল্লাহর ক্যাপ্টেনের সঙ্গেও। তবে, কী আলাপ হয়েছে, তা জানাতে রাজি হননি কবির গ্রুপের এ কর্মকর্তা। শুধু বলেছেন, জলদস্যুরা যেহেতু যোগাযোগ শুরু করেছে, সুতরাং সমঝোতার সুযোগ তৈরি হয়েছে।

এদিকে অভিযান পরিচালনা করে জিম্মি নাবিকদের উদ্ধার প্রসঙ্গে বাংলাদেশি মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন এম আনাম চৌধুরী বলেন, ‘সোমালিয়া কোস্ট লাইনের ভেতরে এমন অভিযান খুব ঝুঁকিপূর্ণ হবে। সোমালিয়া কোস্টের ভেতর যতগুলো জাহাজ ছিল আজ পর্যন্ত কোনো জাহাজ শান্তিপূর্ণ নেগোসিয়েশন ছাড়া মুক্ত করা সম্ভব হয়নি। মাল্টিজ জাহাজ রুয়েন, যেটি ভারতীয় বাহিনী কয়েকদিন আগে উদ্ধার করেছে, সেটিও যদি তাদের কোস্ট থেকে বের না হতো, তবে উদ্ধার করা সম্ভব হতো না।’

‘অপারেশন আটলান্টা’ তাদের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত জলদস্যুতার ঝুঁকি প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৫টি নৌযানে ছিনতাই ও ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দস্যুরা। এর মধ্যে বেশিরভাগই ছোট নৌযান। বাণিজ্যিক জাহাজ রয়েছে তিনটি। তবে সর্বশেষ শুধু বাংলাদেশি জাহাজটিই এখন সোমালিয়ার দস্যুদের কাছে জিম্মি রয়েছে।

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে রওনা হয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ। পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি।

এবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে জাতিসংঘে হাজির যুক্তরাষ্ট্র

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা, অভিযান ও হত্যা বন্ধে যতবারই যুদ্ধবিরতির প্রস্তাব উঠেছে জাতিসংঘে, ঠিক ততবারই হয় ভেটো দিয়েছে, নয় ভোট পরিহার করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু অবরুদ্ধ এ উপত্যকায় এবার তাৎক্ষণিক যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব নিয়ে নিজেরাই এগিয়ে এসেছে ইসরায়েলের চরম মিত্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে প্রস্তাবটি জমা দিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২১ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ব্লিঙ্কেন বলেছেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এমন একটি প্রস্তাব জমা দিয়েছি যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। আমরা আশা করি অন্যান্য দেশ এতে সমর্থন দেবে।

বুধবার সৌদি আরবে স্থানীয় গণমাধ্যম আল হাদাথকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি, নিরাপত্তা পরিষদে আমাদের এ যুদ্ধবিরতি প্রস্তাব একটি কঠোর বার্তা। গাজায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থানের একটি বলিষ্ঠ ইঙ্গিত।

তবে, ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছেন না জানিয়ে ব্লিঙ্কেন বলেন, আমরা অবশ্যই ইসরাইলের পাশে আছি এবং তাদের আত্মরক্ষার অধিকারের প্রতিও আমরা সম্মান জানাই। কিন্তু একইসঙ্গে, যেসব বেসামরিক মানুষ আক্রান্ত হচ্ছেন, যারা চরম দুর্দশায় আছেন—তাদের ওপরও আমাদের নজর দিতে হবে। এটাও গুরুত্বপূর্ণ। তাদেরকে প্রাধান্য দিতে হবে। বেসামরিক মানুষকে সুরক্ষিত রাখতে হবে এবং তাদের জন্য মানবিক সহায়তা জোগাড় করতে হবে।

ওইদিন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও দেশটির নেতা মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। এরপর মিশর ও ইসরাইলেও সফর করবেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের এক হামলার প্রতিক্রিয়ায় গাজায় আগ্রাসন শুরু করে দখলদার রাষ্ট্রটির সেনারা। এরপর থেকে হামাস উৎখাতের নামে ইসরায়েলি সেনারা সাড়ে ৫ মাসেরও বেশি সময় ধরে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। সঙ্গে আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার।

প্রসঙ্গত, গাজায় চলমান এই গণহত্যায় ইসরায়েলকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। এমনকি জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো।

এবারের আইপিএলে থাকছে যেসব নতুন নিয়ম

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর আজ (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে বিভিন্ন দেশের অনেক ক্রিকেটারই আগামী জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সাড়বে।

আইপিএলের উদ্বোধনী দিনে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

উদ্বোধনী ম্যাচের আগে বরাবরের মতোই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এবারের আইপিএলে মোট চারটি নতুন নিয়ম চালু করা হচ্ছে। যেগুলোর আইসিসির আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে কোনো মিল নেই।

ওভারে দুই বাউন্সার : আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে সাধারণত একটি বাউন্সারই দিতে পারেন বোলাররা। তবে ভারতের জনপ্রিয় এই টুর্নামেন্টে সেই নিয়ম বদল করা হয়েছে। এখন থেকে আইপিএলে প্রতি ওভারে দুটি বাউন্সার দেওয়া যাবে। বোলারদের অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্যই এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর আগে, ভারতের সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই নিয়ম চালু হয়েছিল। এবার তা আইপিএলে দেখা যাবে।

রিভিউের নিয়মে বদল : আন্তর্জাতিক নিয়মে ফিল্ডিং দল স্ট্যাম্প আউটের জন্য রিভিউ নিলে তা শুধু তৃতীয় আম্পায়ারই বিবেচনা করবেন। এক্ষেত্রে বল আগে ব্যাটে লেগেছে কি না, তা খতিয়ে দেখা হয় না। এজন্য নিতে হয় আলাদা রিভিউ। তবে এবার থেকে আইপিএলে স্ট্যাম্প আউটের জন্য রিভিউ নেওয়া হলে ব্যাটার ক্যাচ আউট হয়েছেন কি না, তা দেখা হবে।

স্টপ ক্লক নিয়ম বন্ধ : আন্তর্জাতিক ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম রয়েছে। ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হয়। সেটির দিকে আম্পায়ারও নজর রাখেন। তবে এবারের আইপিএলে দুটি ওভারের মধ্যে সময়সীমা থাকছে না।

স্মার্ট রিপ্লে সিস্টেম : চলতি আইপিএলে দ্রুত রিভিউ দেখার জন্য এই সিস্টেম চালু করা হচ্ছে। তাড়াতাড়ি দেখার জন্য তৃতীয় আম্পায়ারের পাশে দুজন বিশেষজ্ঞ থাকবেন। এজন্য মাঠের চারদিকে আরও বেশি উচ্চমানের ক্যামেরা লাগানো থাকবে। এতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে রিভিউ।

‘রামায়ণ’ ছবিতে রাম হচ্ছেন রণবীর

0

মহাকাব্য রামায়ণ অবলম্বনেই নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ ছবি। ছবিতে কাদের নেওয়া হবে, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা জিইয়ে রাখতে চেয়েছেন পরিচালক। অবশেষে জানা যায়, রণবীর কাপুর থেকে সানি দেওল, সাই পল্লবী, যশ, রাকুল প্রীত সিং- এক ঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি নিয়ে বিভিন্ন সময়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য।

ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট- সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে অনুমান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের।

মার্চ মাসের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং। মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং।

যদিও দিন কয়েক আগেই শোনা যায় এই ছবিতে নাকি টাকা বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন ছবির অন্যতম প্রযোজক মধু মন্টেনা। এই ছবি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ। এক জন প্রযোজক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে ছবির শুটিং বন্ধ হবে, এমনটা নয়। ছবির একটি চরিত্রেই শুধু অভিনেতা বাছা বাকি ছিল। সেটি হল লক্ষ্মণ। এবার চূড়ান্ত করা হলো লক্ষ্মণকে!

শোনা যাচ্ছে, হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক রবি দুবেকেই নাকি চূড়ান্ত করা হয়েছে লক্ষ্মণের জন্য।

জামাই রাজা ‘সিরিয়াল’-এর মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান রবি। তবে এই চরিত্রের জন্য রবি আদৌ সম্মতি দিয়েছেন কি না, সেই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ নির্মাতারা।

সপরিবারে অল্পের জন্য রক্ষা পেলেন রাজামৌলি

0

বর্তমানে সপরিবারে জাপানে অবস্থান করছেন জনপ্রিয় দক্ষিণী নির্মাতা রাজামৌলি। তবে সেখানে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। জাপানে সপরিবারে ভূমিকম্পের সাক্ষী হলেন এই নির্মাতা। জাপান ভূমিকম্প প্রবণ দেশ। তাই মানসিক ভাবে জাপানিরা বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকলেও রাজামৌলির কাছে বিষয়টি নতুন।

পুরো বিষয়টির ওপরে আলোকপাত করেছেন নির্মাতার ছেলে এসএস কার্তিকেয়। সম্প্রতি এক্স-এ একটি ছবি পোস্ট করেন তিনি।

ক্যাপশনে কার্তিকেয় লেখেন, ২৮ তলায় ছিলাম এবং ধীরে ধীরে মাটি দুলতে শুরু করল। ওটা যে ভূমিকম্প সেটা বুঝতে কিছুটা সময় লেগেছে। ভয় পাওয়ার আগেই দেখলাম জাপানিদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, যেন বৃষ্টি শুরু হয়েছে।

নির্মাতার ছেলের পোস্ট করা ওই ছবিতে দেখা যায়— কার্তিকেয়রের হাতের স্মার্ট ঘড়ির ডায়ালে ভূমিকম্পের সতর্কবাণী ফুটে উঠেছে।

কার্তিকেয়রের পোস্টটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ পড়েছে রাজামৌলির ভক্তদের কপালে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জন্য দুশ্চিন্তা প্রকাশ করেছেন নেটিজেনরা। আবার রাজামৌলি সুরক্ষিত আছেন জেনেও ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনেকেই।

জানা গেছে, রাজামৌলির সিনেমা ‘আরআরআর’র বিশেষ প্রদর্শনের আয়োজিত হয় জাপানে। সিনেমার প্রদর্শনে নিজের পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন এই নির্মাতা।

রাজামৌলির পরবর্তী সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। শোনা যাচ্ছে, কোনও অরণ্য অভিযানকে কেন্দ্র করে চিত্রনাট্য লেখা হয়েছে সিনেমাটির। তবে বড় বাজেটের এই সিনেমার ক্ষেত্রে এক টাকাও পারিশ্রমিক নিতে রাজি নন রাজামৌলি।

রোনালদোহীন পর্তুগালে বিধ্বস্ত সুইডেন

0

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রাখেন পর্তুগালের ম্যানেজার রবার্তো মার্টিনেজ। তার অধীনে এই নিয়ে ১১ ম্যাচের সবকটিতেই জিতলো ইউরোপের দলটি।

ঘরের মাঠে ম্যাচের ২৪ মিনিটেই লিড নেয় পর্তুগাল। জোরালো শটে স্কোরশিটে নাম তোলেন মিলান তারকা রাফায়েল লিয়াও। মিনিট নয়েকের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস নুনেস। বিরতির আগে গোলের দেখা পান ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেস।

বিরতির পর খেলতে নেমে ৫৭ মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন বদলি ফরোয়ার্ড ব্রুমা। অবশ্য পরের মিনিটেই সুইডেনের হয়ে একটি গোল শোধ দেন ভিক্টর ইয়োকেরেস। ৬০ মিনিটে ব্যবধান ৫-১ করেন পিএসজি তারকা গনসালো রামোস। ম্যাচের শেষ মিনিটে নেইলসন গোল করলেও পরাজয় এড়াতে পারেনি সুইডেন। ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

0

জ্বালানি তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। যদিও এর আগের সেশনে দাম বেড়ে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়। সে সময় মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার নীতি ঘোষণাকে সামনে রেখে তেলের দাম বেড়ে যায়।

তবে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার স্থির রাখায় বুধবার ব্রেন্ট ক্রুডের দাম মে মাসের জন্য ব্যারেলপ্রতি ১.৪৩ ডলার সেন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৮৫ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

তা ছাড়া এপ্রিল মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১.৭৯ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৮১ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের সেশনে ৩১ অক্টোবরের পর থেকে ব্রেন্টের মূল্য সর্বোচ্চ ৮৭.৩৮ ডলারে স্থির হয়েছিল, যেখানে ডব্লিউটিআই ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ ৮৩.৪৭ ডলারে পৌঁছেছিল।
খবর রয়টার্স

কাল শুরু আইপিএল

0

ভারতের মাল্টি বিলিয়ন ডলার মূল্যের ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলের এবারের ১৭তম আসর শুরু হচ্ছে শুক্রবার। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আগেরবারের মতো এবারও ১০টি দল অংশ নিচ্ছে আইপিএলে। ২২ মার্চ থেকে ভারতের ঘরোয়া টুর্নামেন্টটি শুরু হলেও সূচি প্রকাশ করা হয়েছে আংশিক। মাত্র ১৫দিনের ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। তবে ২৬ মে টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে আইপিএলে।

ভারতের লোকসভা নির্বাচনের কারণেই মূলত আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচ শেষ হওয়ার পর হয়তো আইপিএল নেয়া হতে পারে ভিন্ন কোনো দেশে।

আইপিএলে অংশগ্রহণকারী ১০টি দল
চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ।

ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

0

ভারতের ভূমি ব্যবহার করে ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতে অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা প্রত্যাহারে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এসময় এ সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী প্রত্যাশিত বিদ্যুৎ সহজে আমদানি করতে ভারত পক্ষের সহায়তা চেয়েছেন।”

ব্রিফিংয়ে নজরুল ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে এবং আগামী ২৫ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়ালের ঢাকা সফরের সময় এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

বাংলাদেশ ভুটান থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে এবং ভুটান ও বাংলাদেশের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির জন্য এন্টি-ডাম্পিং ব্যবস্থা প্রত্যাহারের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া তিনি হাইকমিশনারকে বলেন, ভারত সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপটি আধুনিকায়ন করতে পারে।

বৈঠকে ভারতের আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ধারাবাহিক গণতান্ত্রিক ব্যবস্থাই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব করেছে।

তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকান্ডের পর এবং ১৯৯৬ সালের আগে নির্বাচনে জয়লাভের সিদ্ধান্ত এবং কোন দল ক্ষমতায় থাকবে বা আসবে তা নির্দিষ্ট মহল দ্বারা নির্ধারিত হত।

সে কারণে আওয়ামী লীগ ১৯৯১ সালে জনসমর্থন পেলেও জয়ী হতে পারেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কিন্তু, ১৯৯৬ সালে নির্দিষ্ট মহল গণমানুষের ইচ্ছার কাছে মাথা নত করে। ২০০৮ সালে আওয়ামী লীগ প্রথমবারের মতো সে দুষ্টচক্র ভাঙে।’

প্রণয় ভার্মা উল্লেখ করেন যে গত বছর ভারতীয় ঋণ ব্যবস্থার (এলওসি) আওতায় বাংলাদেশে মোট চারটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

‘এবং আরও দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য পাইপলাইনে রয়েছে,’ বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার রুপি-টাকা দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন, ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক এবং বঙ্গবন্ধু বায়োপিকের মতো দুই দেশের কিছু যুগান্তকারী উদ্যোগের কথা উল্লেখ করেন।

তিনি বলেন যে ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বের (সিইপিএ) জন্য আলোচনা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৬ সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের পর এই সিইপিএ সহায়ক হবে বলে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, এলওসিকে প্রকল্প ভিত্তিক করার জন্য একটি নতুন কাঠামো তৈরি করতে নতুন চিন্তাভাবনা ও আলোচনা চলছে।

বৈঠকে বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে হাই পাওয়ার গ্রিড লাইন স্থাপনের বিষয়ে আলোচনা হয়।

প্রণয় ভার্মা বলেন, ভারত থেকে ডিজেল আমদানির জন্য সৈয়দপুর থেকে নাটোর পর্যন্ত ডিজেল পাইপলাইন সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।

তিনি বলেন যে কিছু বিশ্ব বিখ্যাত প্রতিরক্ষা শিল্প ভারতে তাদের কারখানা স্থানান্তর করছে।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে এখানে একটি প্রতিরক্ষা কারখানা স্থাপন করতে পারে।

তিনি শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।

প্রণয় ভার্মা ভারতের জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।

হাইকমিশনার প্রধানমন্ত্রীকে আরও জানান যে তারা রংপুরে একটি অফিস স্থাপনে আগ্রহী।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবটি যাচাই-বাছাই করে সরকার বিবেচনা করবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।