Home Blog Page 89

প্রথমবার বাবা হচ্ছেন রণবীর, নিতে পারেন পিতৃত্বকালীন ছুটি

0

বাবা-মা হতে চলেছেন বলিউড দম্পতি রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তারা এমনটাই জানিয়েছেন যে সেপ্টেম্বরে মা হচ্ছেন দীপিকা। এ উপলক্ষে হবু বাবা রণবীর পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জুমের এক রিপোর্ট এ তথ্য নিশ্চিত করেছে।

জুমকে এক সূত্র জানিয়েছে, ‘দীপিকা ইতিমধ্যে নিজের ডেটগুলি সাজিয়ে নিয়েছেন। অনেক কিছু থেকে নিজেকে বিরত রেখেছেন অভিনেত্রী। দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। রণবীরেরও ফ্লোরে যাওয়ার মতো অন্য কোনও কাজ নেই। অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন ডন ৩, শক্তিমান এবং আদিত্য ধরের অ্য়াকশন ছবি বাদে এ বছর আর কিছু হাতে রাখতে চাইছেন না তিনি। আগামী বছরই এগুলির শ্যুটিং শুরু হবে। দীপিকা এবং সন্তানের সঙ্গে সময় কাটাতে চান রণবীর’।

প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সুখবর দিলেন বলিউডের নায়িকা। ঘোষণা করেন, তিনি এবং স্বামী রণবীর সিং তাঁদের প্রথম সন্তানের অপেক্ষা করছেন। কেবল অন্তঃসত্ত্বা হওয়ার খবর নয়, সন্তানের জন্ম দেওয়ার সম্ভাব্য সময়ের কথাও জানিয়ে দিয়েছিলেন স্পষ্ট।

গাজায় নিহত ৩২ হাজার ছুঁই ছুঁই

0

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৩২ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৩১ হাজার ৯২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত ফিলিন্তিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৬ জনে।

আল জাজিরা বলছে, শহরে অবস্থিত শরণার্থী শিবিরে তিনটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৮ জনের জানাজা মধ্য গাজার একটি হাসপাতালের বাইরে অনুষ্ঠিত হয়েছে।

ফুটেজে দেখা গেছে, দেইর আল-বালাহ-তে দাফনের জন্য গাধার গাড়িতে করে নিয়ে যাওয়ার আগে লোকেরা লাশের সামনে জানাজার নামাজ পড়েন।

সম্প্রতি ইসরাইলকে গাজায় হামলা বন্ধের আদেশ দেয় আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। কিন্তু সেই আদেশ না মেনে রামজানেও গাজায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় দেখা দিয়েছে খাদ্য সংকট। শুধু সংকটই নয় চলছে দুর্ভিক্ষ। এছাড়া বিভিন্ন স্থানে বাড়ি-ঘরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও অব্যাহত রয়েছে।

পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

0

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে পুনরায় ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

এর মাধ্যমে পুতিনের আরও ৬ বছরের জন্য ক্ষমতায় থাকা নিশ্চিত হলো। ১৮ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও পোক্ত করেছেন। যদিও এই নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

গাজা ইস্যুতে সৌদি প্রিন্স-ব্লিঙ্কেন বৈঠক

0

গাজা ইস্যুতে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (২০ মার্চ) জেদ্দায় তাদের মধ্যে আলোচনা হয়।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান ও ব্লিঙ্কেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধসহ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। অঞ্চলের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়েও এই দুজনের মধ্যে আলোচনা হয়েছে।

ব্লিঙ্কেন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই মার্কিন শীর্ষ কূটনীতিক।

জেদ্দায় এক সক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে দূরত্ব কমছে এবং একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা সম্ভব।

বৃহস্পতিবার অন্যান্য আরব নেতাদের সঙ্গে আলোচনা করতে মিশর যাবেন তিনি। এরপরের দিন ইসরায়েল সফরের কথা রয়েছে তার।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। বুধবার (২০ মার্চ) পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৯২৩ জনে দাঁড়ায়। আহত হন ৭৪ হাজার ৯৬ জন।
খবর সিএনএন

ফেসবুক লাইভে এসে আসল ঘটনা জানালেন তামিম-মিরাজ

0

বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজের ফোনালাপ ফাঁস নিয়ে হৈচৈ পড়েছিলো দেশের ক্রিকেটাঙ্গনে। মূলত মোবাইল আর্থিক লেনদেন প্রতিষ্ঠান নগদের প্রচারকে কেন্দ্র করেই এই ফোনালাপ ফাঁস কারা হয়। ফেসবুক লাইভে এসে এই ঘটনা খোলাসা করেছেন তামিম।

বুধবার (২০ মার্চ) পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৭টায় লাইভে আসেন তামিম। এ সময় তার সঙ্গে আরও যুক্ত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সবশেষ যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ এবং নগদের নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। যেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন।

মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই শুরু হয় নানা বিতর্ক। তবে অনেক ভক্তরাই ভেবে নিয়েছিলো আগামী বিপিএলের জন্য তামিমের দল ছেড়ে অন্য দল গঠন করছেন মুশফিক। কিন্তু পুরো বিষয়টিই ছিল নগদের প্রচার।

মঙ্গলবার (১৯ মার্চ) দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রকাশ করা আলোচিত সেই ফোনালাপ। যেখানে তামিমকে বলতে শোনা যায়, মুশফিক এটা কোনো কাজ করছে রে মিরাজ? ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে আমরা চেষ্টা করব যে ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথায় আমার বেইসই ছিল তুই মুশফিক সবাই–সহ। ঠিক না?

এরপর তামিম অভিমান করে বলেছেন, তিনি জাতীয় দলে থাকলে বা অধিনায়ক হিসেবে থাকলে তার সঙ্গে কেউ এরকম ব্যবহার করতো না। আজ সবাই সুযোগ নিচ্ছে, ‘যদি ক্যাপ্টেন থাকতাম তাহলে তো তোরা এটা করতে পারতি না। এখন আমার দাম নাই, তাই তোরা এসব করছো।

‘অসুবিধা নাই মিরাজ, সময় আমারও তো আসবে। একটা কথা শোন- পৃথিবীটা গোল তুই ওই সাইডে আমি এই সাইডে, কালকে আমি ওই সাইডে বসবো তুই এই সাইডে আসবি। বিষয়টা ভুলে যাইসনা, তোর বড়ভাইকেও বলে দিস।’

তিনি আরও বলেন, ছোটবেলা থেকে ও আমার ফ্রেন্ড। ও একবার আমাকে অ্যাটলিস্ট বলত, চলে যাওয়ার আগে। অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে, বলে গেছে। অসুবিধা নাই মিরাজ। সময় আমারও তো আসবে। এখন তো ন্যাশনাল টিমে খেলি না, তাতে অনেকের ভাব বেড়ে গেছে।

তারেককে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য : পাটমন্ত্রী

0

তারেক রহমানকে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে- দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, কোন দল ভাঙে? যেটা আস্ত থাকে সেটা ভাঙা যায়! যে দলটি (বিএনপি) ভাঙা ট্রেনে উঠে গিয়েছে, সে দল নিয়ে আওয়ামী লীগ কেন, বাংলার জনগণেরও কোনো মাথাব্যথা নেই। কত রাজনৈতিক দল ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে গিয়েছে। স্বাধীনতা পরবর্তীতে এমন নজিরও রয়েছে। বিএনপিও সেদিকে যাচ্ছে। যারা নির্বাচন ত্যাগ করেছে, যারা জনগণের রায় মেনে নেয়নি তাদের রাজনৈতিক অবশিষ্ট অংশটুকু বিলীন হয়ে যায়।

বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী এরপর বলেন, আপনাদের নেতৃত্বের ব্যর্থতা, কাপুরুষতা ঢাকার চেষ্টা করছেন। এসব বলে লন্ডনে বসে থাকা পলাতক কুলাঙ্গার তারেক রহমানের ব্যর্থতা ঢেকে রাখতে পারবেন না। লন্ডনের সুতা পরিহার করতে না পারলে বিএনপি দেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এ দেশের রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং বিএনপিকে সুষ্ঠু ধারার রাজনীতিতে আসতে হবে।

একতরফা নির্বাচনের কারণে এ সরকার টিকবে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। কেন্দ্রে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। এতেই প্রমাণ হয় মির্জা ফখরুলের বক্তব্যের কোনো যুক্তি নেই। বরং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার সরকার গঠন করে বিশ্বে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলীম বেপারী, আনোয়ারুল আজিম সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, শাহ্ জালাল মুকুল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম প্রমুখ। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাকিবকে টপকে নাম্বার ওয়ান শরিফুল

0

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টাইগার পেসাররা। ফলে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তাসকিন-শরিফুলরা। অন্যদিকে এই সিরিজ না খেলায় অবনতি হয়েছে সাকিব আল হাসানের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকার করেছেন শরিফুল। তাতেই আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন এই বাঁহাতি পেসার। বর্তমানে তার অবস্থান ২৪ নম্বরে। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে আছেন।

উন্নতি করেছেন মেহেদি হাসান মিরাজও। ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন এই স্পিনার। এই সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাসকিন আহমেদ। তিনি ২৭ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন।

এদিকে বিশ্বকাপের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় প্রভাব পড়েছে সাকিবের বোলিং র‌্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তিনি। তবে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে আছেন সাকিব।

ওয়ানডে ব্যাটারদের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের। লঙ্কানদের বিপক্ষে সিরিজে অপরাজিত সেঞ্চুরিসহ ১৭৭ রান করেছিলেন শান্ত। ১০ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৩৯তম স্থানে। সিরিজে ১২১ রান করা তাওহিদ হৃদয় এক লাফে ১২ ধাপ এগিয়ে আছেন ৭৬তম স্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৫ রান করা মুশফিকুরের উন্নতি হয়েছে ছয় ধাপ (২৬তম স্থানে)। সিরিজে সেঞ্চুরিসহ ১৫১ রান করে তিন ধাপ এগিয়ে সেরা দশে (আট নম্বরে) উঠে এসেছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।

আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা

0

দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু চলতি বছর ডেঙ্গুর ‘পিক সিজন’ আসার আগেই গত আড়াই মাসে ২০ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ১৯ তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৫০০ ছাড়িয়েছে। এরমধ্যে এই সময়ে মারা গেছেন ২০ জন। এরমধ্যে নয়জন পুরুষ এবং ১১ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৮৪৯ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু শুধু গত বছরই ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জন মারা গেছেন। চলতি বছরের প্রথম আড়াই মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি।

তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে চলতি বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব গত বছরের চেয়ে বেশি হওয়ার আশঙ্কা আছে।

এদিকে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নাগরিকদের মশা নিধনে সক্রিয় হতে হবে।

এ সময় ডেঙ্গু রোগীদের যথাযথ ও সময়মতো চিকিৎসাসেবা দিতে দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, গত বছর যেভাবে ডেঙ্গুর বিস্তার ছিল এতেই বোঝা যায়, এবার আগে থেকেই সতর্ক না হয়ে কোনো উপায় নেই।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এরমধ্যে মারা গেছেন এক হাজার ৭০৫ জন।

ইসরায়েলকে আর অস্ত্র দেবে না কানাডা

0

গাজায় সংঘাতের জেরে ইসরায়েলে আর প্রাণঘাতী অস্ত্র কিংবা সরঞ্জাম রপ্তানি করবে না কানাডা।

দেশটির সরকারের একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি মার্চ মাসের শুরুর দিকে কানাডার পার্লামেন্টে একটি অভিযোগ জমা দেন দেশটির আইনজীবীদের একাংশ এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত কানাডীয়রা। তারা বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলমান থাকা অবস্থায় দেশটির কাছে অস্ত্র বিক্রি করা কানাডার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। পরে অভিযোগটি আমলে নিয়ে সোমবার একটি রেজোল্যুশন পাস করে দেশটির পার্লামেন্ট।

রেজোল্যুশনে বলা হয়, কানাডা ইসরায়েলে সামরিক যোগাযোগ সরঞ্জাম বা এই জাতীয় সরঞ্জাম ব্যতীত কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র কিংবা সরঞ্জাম পাঠাবে না। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ফিলিস্তিন ও ইসরায়েল নামের দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে রেজোল্যুশনে।

এদিকে রেডিও কানাডার তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইসরায়েলে ২ কোটি ১০ লাখ কানাডিয়ান ডলার এবং ২০২১ সালে ২ কোটি ৬০ লাখ কানাডিয়ান ডলার সমমূল্যের সমরাস্ত্র রপ্তানি করেছে দেশটি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২০০ ইসরায়েলি হত্যার পাশপাশি আরও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা।

হামাসের ওই হামলার পর গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত গাজায় প্রায় ৩২ হাজার নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

২৮৫ কোটি টাকার সার কিনবে সরকার

0

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ হাজার মেট্রিক টন রক ফসফেট ও ফসফরিক এসিড কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সার কিনতে খরচ ধরা হয়েছে ২৮৪ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৫৬২ টাকা। এর মধ্যে ২৫ হাজার টন রক ফসফেট এবং ৩০ হাজার টন ফসফরিক এসিড রয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পের হাউজিং কলোনি ও অন্যান্য স্থাপনা নির্মাণ সংক্রান্ত পূর্ত কাজের জন্য ১২৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৫২ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনটি লটে ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম লটে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড ৬৩ কোটি ৪৭ লাখ টাকায় কেনা হবে। আর বাকি দুটি লটে ২০ হাজার টন ফসফরিক এসিড ১২৬ কোটি ৯৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২৫ হাজার টন রক ফসফেট ৯৪ কোটি ৫০ লাখ ৯০ হাজার ৫৬২ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন থেকে এ সার কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩৪২ দশমিক ৮৯ মার্কিন ডলার।

সচিব জানান, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফাটিলাইজার প্রকল্পের হাউজিং কলোনি ও অন্যান্য স্থাপনা নির্মাণ সংক্রান্ত পূর্ত কাজের মধ্যে প্যাকেজ ডব্লিউ-৩ এ অন্তর্ভুক্ত কাজগুলো উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তমা কনস্ট্রাকশনকে এই কাজ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার ৬৫২ টাকা।