Home Blog Page 90

তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

0

তামাক ব্যবহারজনিত মৃত্যু রোধ ও ক্ষয়ক্ষতি হ্রাসে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের কোন বিকল্প নেই- বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স- আত্মা’র একটি প্রতিনিধি দল।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীর উদ্যোগকে ‘সময়োপযোগী’ বলে আখ্যা দেন।

সভায় প্রজ্ঞা ও আত্মার পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশে ৩৫.৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন- যা অত্যন্ত উদ্বেগজনক। তামাকের এই ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ লক্ষ্যে তিনি তামাক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করার নির্দেশনা দেন।

তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনীতে যেসব প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে তারমধ্যে রয়েছে সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ রাখার বিধান বিলুপ্ত করা, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য বা প্যাকেট প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, সব ধরনের খুচরা বা খোলা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা, ই-সিগারেট, ভ্যাপিং, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ এধরনের সকল পণ্য উৎপাদন, আমদানি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা ও তামাকজাত দ্রব্যের প্যাকেট বা মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৯০ শতাংশ করা ইত্যাদি।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন- সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন, কো-কনভেনর মিজান চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের বাংলাদেশ প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার প্রমুখ।

ঈদ উপলক্ষে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে

0

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধম্যে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩১ মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ৯ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ।

আজ বুধবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানায়, আগামী ৩১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকেও আলোচিত সময়ে ৫, ১০,২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে ভানুয়াতুর জাহাজ মোংলায়

0

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ভানুয়াতুর পতাকাবাহী জাহাজ ‘এমভি আনকা সান’। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি আজ বুধবার (২০ মার্চ) সকাল ৯টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।

ভানুয়াতুর পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার শিপিংয়ের কর্মকর্তা সাধন কুমার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এই জাহাজে ৭১০ প্যাকেজের ১০২২ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। কাস্টম ক্লিয়ারিংসহ সব নিয়মকানুন শেষে দুপুরের পর থেকে মালামাল খালাস শুরু হয়েছে। এরপর খালাসকৃত মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

মশকনিধন কারও একার পক্ষে সম্ভব নয় : তাজুল ইসলাম

0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মশকনিধন কারও একার পক্ষে সম্ভব নয়। জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মশার প্রজনন স্থল ধ্বংস করতে হবে। মশকনিধনে সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে মশার প্রজননস্থল ধ্বংস করা, যাতে মশার বংশবৃদ্ধি না হয়। সেজন্য জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

আজ বুধবার (২০ মার্চ) উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম’ পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের মশা যেমন কিউলেক্স মশা, অ্যানোফিলিস মশা ও এডিস মশার প্রজননস্থল ভিন্ন ভিন্ন হওয়ায় আমাদের সেদিকে লক্ষ্য রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ, কিউলেক্স মশা ফাইলেরিয়া এবং এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জন্য দায়ী। মশাবাহিত রোগ প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা।

তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন খালে বাসাবাড়ির সুয়ারেজ বর্জ্যের কারণে পানি দূষিত হচ্ছে এবং কচুরিপানার ফলে প্রচুর মশা জন্ম নিচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকাকে পাঁচটি ক্যাচমেন্ট এরিয়াতে ভাগ করে বর্জ্য নিষ্পত্তি করার জন্য সুয়ারেজ ট্রিটমেন্ট স্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী এরই মধ্যে দাসেরকান্দিতে একটি প্ল্যান্ট উদ্বোধন করেছেন এবং উত্তরাতেও একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

উত্তরা ১২ নম্বর সেক্টরে লেক পরিষ্কার করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য এই ধরনের খাল বা লেক যেখানে কচুরিপানা এবং দূষিত পানির কারণে মশার উৎপাদন বেশি হয়, তা সবাইকে মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। উত্তরা ১২ নম্বর সেক্টরের এই লেক ১০ থেকে ১৫ দিনের মধ্যে পরিষ্কার করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে এ বছরের জানুয়ারি মাস থেকে মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। এছাড়া, সিটি কর্পোরেশনগুলোর সক্ষমতা পর্যালোচনা করে যেখানে যতটুকু দরকার, মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হয়েছে। নিজ বসতবাড়ি এবং নিজ এলাকা পরিষ্কার করার দায়িত্ব আমাদের সবার। তাহলেই প্রাণঘাতী ডেঙ্গু জ্বর থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব।

জিল্লুর রহমান রাজনীতিতে একজন অনুকরণীয় দৃষ্টান্ত : পররাষ্ট্রমন্ত্রী

0

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও প্রয়াত রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন অনুকরণীয় দৃষ্টান্ত। যার কাছ থেকে আজকের রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কীভাবে সংকটে, সংগ্রামে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিচলিত ধৈর্যশীল থাকতে হয়, নেতৃত্বের প্রতি কীভাবে আস্থাশীল থাকতে হয় সেটির উদাহরণ জিল্লুর রহমান। আমাদের নেত্রী গ্রেফতার হওয়ার পর জিল্লুর রহমান দলের হাল ধরেছিলেন। ওয়ান ইলেভেনের সময় তিনি ধৈর্য ধারণ করে সব কিছু সামাল দিয়েছেন, সব প্রতিকূলতার মধ্যে দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই কারণেই জননেত্রী শেখ হাসিনাকে আমাদের পক্ষে মুক্ত করা সম্ভব হয়েছিল।

জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে আছে নেত্রী যেদিন গ্রেপ্তার হয়েছিল আমি তার কয়েকদিন আগ থেকে আত্মগোপনে ছিলাম। গ্রেফতার হওয়ার খবরে আমি সুধাসদনে ছুটে যাই। সেখানে নেত্রী দুজন পারসোনাল ফটোগ্রাফার ছিল। একজন জীবন, আরেকজনের নাম হাবিব। তাদের আমি বাড়ির সব ছবি তুলে রাখতে বলেছিলাম কারণ এগুলো মামলার আলামত হিসেবে ব্যবহার করা যাবে। কারণ পুরো বাড়ি তছনছ করা হয়েছিল। সেখান থেকে যখন জিল্লুর চাচার বাসায় ছুটে যাই তখন দলের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। জিল্লুর চাচা তখন প্রেস কনফারেন্স বক্তব্য রেখেছিলেন। বক্তব্য শেষে উনি বেডরুমে চলে গিয়েছিলেন। আমি এসেছি শুনে আমাকে বেডরুমে ডেকে নিলেন। তার সঙ্গে আমার প্রথম কথা ছিল, চাচা আমাদের প্রথম কাজ হবে দলকে ঐক্যবদ্ধ রাখা। যদি দল ভেঙে ফেলতে পারে, তাহলে নেত্রীকে মুক্ত করা আমাদের পক্ষে কঠিন হবে। তিনি আমার কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ এটি আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ।’

ড. হাছান মাহমুদ বলেন, তার কাছে অনেক লোভনীয় প্রস্তাব ছিল। সেগুলো তিনি প্রত্যাখ্যান করেছেন। আমাদের দেশের ওপর শকুনের দৃষ্টি সবসময় পড়ে। ওয়ান ইলেভেনের যারা কুশীলব ছিলেন তারা শকুনকে আহ্বান জানায়। শকুন থেকে সতর্ক থাকতে হবে।

আলোচনা সভায় জিল্লুর রহমান পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খোকার সঞ্চালনায় আরও অনেকে বক্তব্য দেন।

বাংলাদেশের বায়ু বিদ্যুতে জার্মানি বিশেষ অবদান রাখতে পারে : প্রতিমন্ত্রী

0

বায়ু প্রযুক্তিতে জার্মানির অভিজ্ঞতা বাংলাদেশের বায়ু বিদুু্যুতের জন্য বিশেষ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৯ মার্চ) জার্মানির বার্লিনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ উদ্ভাবন ও স্থিতিস্থাপকতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সোলার হোম সিস্টেম প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করছে। এ যুগান্তকারী উদ্যোগটি গ্রামীণ জনগোষ্ঠীকে পরিষ্কার এবং টেকসই জ্বালানির উৎসগুলোর প্রতি আকৃষ্ট করছে, সেই সঙ্গে তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নিজেদের স্বাবলম্বী করছে।

তিনি বলেন, সোলার হোম সিস্টেম প্রোগ্রামটি কেবল ঘর আলোকিত নয়, বরং যারা আগে অন্ধকারে ছিল তাদের জন্য আশার আলো বয়ে এনেছে। এ ছাড়া মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার মতো উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু স্থিতিস্থাপকতার প্রতিশ্রুতি ঘোষণা করেছে। বিশ্বব্যাপী অংশীদারিত্ব ও সম্পদের ব্যবহার করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো প্রশমিত করতে বদ্ধপরিকর।

নসরুল হামিদ বলেন, একটি ৬০ মেগাওয়াট অনশোর উইন্ড পাওয়ার সাম্প্রতিক কমিশনিং জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এ অর্জন শুধু ঐতিহ্যগত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশের প্রতিশ্রুতিই তুলে ধরে না, বরং জার্মানিসহ উন্নত দেশের নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা করার আগ্রহও তুলে ধরে। বায়ু প্রযুক্তিতে জার্মানির অভিজ্ঞতা বাংলাদেশের বায়ু বিদুত্যের জন্য বিশেষ অবদান রাখতে পারে। নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টা ইতিবাচক প্রভাব ফেলবে। উদ্ভাবন ও অংশীদারিত্ব উভয় দেশের আগামী প্রজন্মের জন্য একটি সবুজ সংকেত। এ সবুজ সংকেত অন্যদের অনুসরণ করার জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে।

জার্মানির সংসদীয় স্টেট সেক্রেটারি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির সার্বিক অবস্থা সম্পর্কে আগ্রহ প্রকাশ করে বলেন, জার্মানি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সহযোগিতা করবে।

জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশের অনুমতি দেয়া উচিত : যুক্তরাষ্ট্র

0

ইসরায়েলকে জাতিসংঘের ফিলিস্তিনী সংস্থার (ইউএনআরডব্লিওএ) প্রধানকে গাজায় প্রবেশের অনুমতি দেয়া উচিত।

গাজায় সংস্থার প্রধানকে ঢুকতে না দেয়ার কারণে যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার এ কথা বলেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিড্যান্ট প্যাটেল সাংবাদিকদের বলেছেন, আমাদের বিশ্বাস ইউএনআরডব্লিওএকে গাজাসহ তার সকল কর্মক্ষেত্র পরিদর্শনের সুযোগ দেয়া উচিত এবং আমরা জাতিসংঘ ও এনজিও কর্মীদের সকল ভিসা আবেদন দ্রুত অনুমোদনের জন্যে ইসরায়েলি সরকারের সাথে অব্যাহতভাবে কাজ করতে যাচ্ছি।

ইউএনআরডব্লিওএ প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি কায়রোয় সোমবার গাজার দক্ষিণাঞ্চীয় রাফা শহরের যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছিলেন। কিন্তু ইসরায়েল তাকে প্রবেশের অনুমতি দেয়নি।

ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘের এই সংস্থা হামাসের একটি ফ্রন্ট হিসেবে কাজ করছে। এমনকী গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এর কয়েকজন কর্মীও জড়িত ছিল।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিওএকে অর্থ দেয়া বন্ধ করে দেয়। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানায়। তবে সংস্থার কাজকে ওয়াশিংটন মূল্যবান বলে বর্ণনা করেছে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

0

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৯ মার্চ) ছয়টা থেকে বুধবার (২০ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের কাছ থেকে ৫৪৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৩ গ্রাম হেরোইন, ৮১০ গ্রাম গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদ উপহার : সেতুমন্ত্রী

0

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‍্যাম্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২০ মার্চ) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি অংশের র‍্যাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‍্যাম্প খুলে দেওয়া হচ্ছে। এটি রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার।

তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এর চেয়ে বেশি গতিতে যানবাহন চলানো যাবে না। এক্সপ্রেসওয়েতে থ্রি-হুইলার, মোটরসাইকেল, বাইসাইকেল এবং পথচারী চলাচল করতে পারবে না। এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়।

খুলে দেওয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি র‌্যাম্প

0

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি সংলগ্ন ডাউন র‍্যাম্প (নামার সংযোগ সড়ক) খুলে দেওয়া হয়েছে।

এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ছয় মাস পর বুধবার (২০ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ডাউন র‌্যাম্পের উদ্বোধন করেন।

এর ফলে উত্তরা থেকে আসা গাড়িগুলো খুব সহজেই মগবাজার, হাতিরঝিল ও কারওয়ান বাজার এলাকায় নামতে পারবে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, এটা নগরবাসীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‌্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়। ওই অংশে সব মিলিয়ে ১৫টি র‌্যাম্প ছিল। এবার খুলে দেওয়া হলো ষোড়শ র‌্যাম্প।

মোটরসাইকেল ও তিন চাকার যান ছাড়া অন্যান্য সব যানবাহন নির্দিষ্ট হারে টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে চলাচল করতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সাধারণ যাত্রীদের জন্য এক্সপ্রেসওয়েতে বিশেষ বাস সেবাও চালু করেছে।

এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে দুই হাজার ৪১৩ কোটি ৮৪ লাখ টাকা। বাকি ব্যয়ের মধ্যে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ৫১ শতাংশ, চীন শ্যাংডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল গ্রুপ ৩৪ শতাংশ এবং সিনোহাইড্রো কর্পোরেশন ১৫ শতাংশ দিচ্ছে।