Home Blog Page 91

ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

0

ইউক্রেনের টিকে থাকা বা অস্তিত্ব হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এমনকি আমেরিকার নিরাপত্তা হুমকির মুখে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। একইসঙ্গে তিনি মিত্রদের বোঝাতে চেয়েছেন, যুক্তরাষ্ট্র কিয়েভের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ওয়াশিংটনের কাছে ইউক্রেনের বাহিনীকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য অর্থের অভাব রয়েছে।

মূলত ইউক্রেনের জন্য আরও ৬০ বিলিয়ন ডলার সরবরাহ করবে এমন একটি বিলের ওপর ভোট ডাকতে অস্বীকার করছেন রিপাবলিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন এবং এই পরিস্থিতিতে দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ান বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভকে সহায়তা পাঠানোর উপায় খুঁজছে হোয়াইট হাউস।

রয়টার্স বলছে, ইউক্রেনকে সমর্থনকারী প্রায় ৫০টি মিত্র দেশের অংশগ্রহণে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপ (ইউডিসিজি) নামে পরিচিত একটি মাসিক বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন অস্টিন।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, ‘আজ ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে এবং আমেরিকার নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মার্কিন নিরাপত্তা সহায়তা এবং গোলাবারুদ সরবরাহ সচল রাখার জন্য আমি আজকে এখানে এসেছি। এবং এটি ইউক্রেনের জন্য টিকে থাকা এবং তাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার বিষয় এবং একইসঙ্গে এটি আমেরিকার জন্য সম্মান ও নিরাপত্তার বিষয়।’

অবশ্য ওয়াশিংটন কীভাবে অতিরিক্ত তহবিল ছাড়া ইউক্রেনকে সহায়তা করবে তা বলেননি অস্টিন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া কেবল এই মাসে আক্রমণে ১৩০টি ক্ষেপণাস্ত্র, ৩২০টিরও বেশি আক্রমণকারী ড্রোন এবং প্রায় ৯০০টি গাইডেড বোমা নিক্ষেপ করেছে।

পরে রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ইউক্রেনের কাছে এখন প্রধান গুরুত্ব হিসেবে রয়ে গেছে। একইসঙ্গে অংশগ্রহণকারীদের তাদের প্রচেষ্টার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন, ‘যাতে তাদের অগ্রাধিকারটি যথাযথভাবে পূরণ করা হয়’।

কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন কোর্তোয়া

0

অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় চলতি মৌসুমে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি থিবো কোর্তোয়া। তবে ইনজুরিকে পাশ কাটিয়ে চলতি মাস থেকে আবার অনুশীলনে ফিরেছিলেন বেলজিয়ান তারকা। এপ্রিল থেকে মাঠের লড়াইয়েও ফেরার কথা ছিল তার। কিন্তু এর আগেই আবারও ছিটকে গেলেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) অনুশীলন করতে গিয়ে আবারও চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা। স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন মতে, চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন কোর্তোয়া। পরীক্ষার পর জানা যায়, এবার ডান পায়ের ইনজুরিতে পড়েছেন এই তারকা।

পরীক্ষার ফলাফল থেকে জানা গেছে, ডান পায়ের মেনিস্কাস ছিঁড়ে গেছে কোর্তোয়ার। এই ইনজুরি সারাতে পায়ের অস্ত্রোপচার করাতে হবে বেলজিয়ান তারকাকে। আর সেই অস্ত্রোপচারের পর সেরে উঠতে লম্বা সময় লাগবে তার। ফলে এই মৌসুমে আর তাকে পাওয়ার তেমন সম্ভাবনা নেই রিয়ালের।

চলতি মৌসুম প্রায় শেষের দিকে। সব লিগেই ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের। তবে কোর্তোয়ার এই চোট কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিয়েছে দলটিকে। তার বদলি হিসেবে আসা আন্দ্রে লুনিনই এই মৌসুমে গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন।

২৪ ঘণ্টায় আরও ৯৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় বর্বর হামলা চালিয়ে আরও ৯৩ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ইসরায়েলের হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গত ৫ মাসেরও বেশি সময়ে ইসরায়েল ৩১ হাজার ৮১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের আগ্রাসনে আহত হয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ফিলিস্তিনি।

এদিকে, মুসলিমদের পবিত্র মাসেও থেমে নেই ইসরায়েলি নির্মমতা। একের পর এক তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নজিরবিহীন খাদ্যসংকটে দিন পার করছে গাজাবাসী। ত্রাণের খাদ্য সংগ্রহের লাইনে খালি পাত্র নিয়ে অপেক্ষায় রয়েছে শিশুরা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার প্রতিটি মানুষ তীব্র মাত্রায় খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি। ফিলিস্তিনি ভূখণ্ডটিতে মানবিক সহায়তা বাড়ানোর ব্যাপারে জোর দেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২০০ ইসরায়েলি হত্যার পাশপাশি আরও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা।

হামাসের ওই হামলার পর গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মেট্রোরেলে নিয়ম না মানলে গ্রেপ্তার

0

মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেছেন, কারিগরি ত্রুটি নয়, যাত্রীদের বিশৃঙ্খলার কারণে মেট্রোরেল বন্ধ হয়েছিল। রোজার পর এমন বিশৃঙ্খলা অব্যাহত থাকলে দায়ীদের গ্রেপ্তার করা হবে। এর আগে যেমন ঘুড়ি ওড়ানোর কারণে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি জানান, কিছু যাত্রী চেষ্টা করেছেন অন্যদের দরজা থেকে সরাতে। তারা সরেননি। রমজানের কারণে মেট্রোরেল কর্তৃপক্ষ কঠোর হচ্ছে না।

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম-২ এ উত্তরাগামী ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীর ভিড় ছিল। কিছু সংখ্যক যাত্রী ট্রেনে উঠতে প্ল্যাটফর্মের দরজা আটকে দাঁড়ান। তাদের কারণে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছিল না। মেট্রোরেলের ট্রেনের এবং প্ল্যাটফর্মের দরজা স্বয়ংক্রিয়ভাবে তিনবার বন্ধ হওয়ার চেষ্টা করে। মাঝখানে প্রতিবন্ধকতা থাকলে বন্ধ হয় না। তিনবারের চেষ্টায় বন্ধ না হলে, দরজা খোলা থাকে। দরজা খোলা থাকলে ট্রেন চলে না। এ কারণেই মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টা ৩৮ মিনিট থেকে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। ইফতারের আগে ওই সময়ে মেট্রোরেলের স্টেশনগুলোতে যাত্রীদের ঢল ছিল। ট্রেন বন্ধ হওয়ায় বৃষ্টির মধ্যে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।

স্টেশন সংশ্লিষ্টরা জানান, কারিগরি ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সচিবালয় স্টেশনে সমস্যার কারণে বাকি ১৬ স্টেশনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। থেমে থাকা ট্রেনগুলোতে হাজার হাজার যাত্রী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন, ১০-২০ মিনিটের পথ পাড়ি দিতে ট্রেনে বা স্টেশনে আধাঘণ্টা বসে থাকতে হয়েছে।

ট্রেন চলাচল বন্ধ হওয়ায় অনেক র‌্যাপিড ও এমআরটি পাসধারীদের বের হওয়ার জন্য মেশিন ‘জিরো ব্যালেন্স’ করে দেওয়া হয়। পাশাপাশি যারা সিঙ্গেল ট্রিপের জন্য টিকেট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হয়।

মিরাজের সঙ্গে ফোনালাপ ফাঁস; লাইভে আসছেন তামিম

0

বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে তামিম ইকবালকে নিয়ে আলোচনা যেন কিছুতেই থামছে না। গত বছর হঠাত করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে শোরগোল তুলেছিলেন তিনি। এরপর আবার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারও করেছেন, ছেড়েছেন অধিনায়কত্ব। দেশসেরা এই ওপেনার ওয়ানডে বিশ্বকাপে থাকবেন কি না তা নিয়েই জলঘোলা হয়েছে অনেক। শেষ পর্যন্ত তিনি ছিলেনও দলে।

এদিকে বিশ্বকাপের পর বিপিএল দিয়ে মাঠে ফিরে পাফর্ম্যান্স দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হওয়ার পাশাপাশি, টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন, নিজের দল ফরচুন বরিশালকে করেছেন চ্যাম্পিয়ন। তাঁর সঙ্গে একই দলে খেলেছেন মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ।

এদিকে মিরাজের সঙ্গেই তামিমে ফোনালাপের একটি রেকর্ড ফাঁস হয়েছে গতকাল। ফাঁস হওয়া সেই রেকর্ড ভক্ত এবং ক্রিকেটপ্রেমীদের মাঝে চাঞ্চল্য তৈরি করেছে। মুঠোফোনে মিরাজের সঙ্গে কথাবার্তার মুশফিকের উপর তামিমের বিরক্তি প্রকাশ পেয়েছে।

ফাঁস হওয়া রেকর্ডে তামিম বলেন, ‘মুশফিক এটা কোনো কাজ করছে রে মিরাজ?’ তিনি আরও বলেন, ‘ফাইনালের পরে আমাদের মিটিংয়ে কী কথা হইছে? আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না যে আমরা চেষ্টা করব যে ৭০ থেকে ৮০ পারসেন্ট আমরা যেন সেইম টিম থাকতে পারি। ঠিক আছে? আর এই কথার আমার বেইসই ছিল তুই মুশফিক সব সহ। ঠিক না?’

দেশসেরা এই ওপেনার মুশফিককে নিয়ে আরও বলেন, ‘মুশফিক আমার জন্য ইম্পর্ট্যান্ট একজন ছিল। সে করছেটা কী শোন। সে আমার সাথে তো কথা বলেই নাই বলেই নাই, সে বলে এখন আলাদা একটা টিম বানাচ্ছে। শুনছস এটা?’

বিপিএলে ফরচুন বরিশালে মুশফিককে স্বাধীনতা দিয়েছিলেন জানিয়ে তামিম আরও বলেন, ‘না, ভাই মিরাজ, তুই দেখছস… আমি ওরে কী ধরনের ফ্রিডম দিছি পুরা টিমে, হ্যাঁ? আমি ওরে দায়িত্ব দিছি পুরা টিম চালানোর। খেলা শেষ হইছে, খেলা শেষে আমি সবচেয়ে বেশি ওরে প্রেইজ করছি। আমি এখন পর্যন্ত ওরে প্রেইজ করি যে সে পুরা টিমটা হ্যান্ডেল করছে, তার কন্ট্রিবিউশনটা কত বেশি। সে এই মুহূর্তে আমাকে এইরকম মাঝপথে ছেড়ে যাওয়াটা কি উচিত ছিল?’

তাকে না বলে মুশফিকের নতুন দল বানানো নিয়ে দুঃখপ্রকাশ করতেও শোনা যায় তামিমকে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে ও আমার ফ্রেন্ড। ও একবার আমাকে অ্যাটলিস্ট বলত চলে যাওয়ার আগে। অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে, না অ্যাটলিস্ট বলে গেছে। অসুবিধা নাই মিরাজ। সময় আমারও তো আসবে।’

এদিকে ফোনালাপ ফাঁসের এই ঘটনায় তামিম-মুশফিকের ভক্তদের মাঝে নানা ধরনের প্রশ্ন জেগেছে। নতুন কিসের দল বানাচ্ছেন মুশফিক, তামিমই বা তাতে বিরক্ত কেন-এসবের উত্তর খুঁজছেন দেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরা। এসব প্রশ্নের উত্তর আজ সন্ধ্যায় পাওয়া যাবে বলেই ধারণা করা হচ্ছে।

তামিমের জন্মদিন আজ। এ উপলক্ষে যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজ ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সেখানেই দেশসেরা এই ওপেনার বলেন, ফোনালাপ নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, এসব নিয়েই আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছেন তিনি।

উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন, সংকট নজিরবিহীন : জাতিসংঘ

0

গাজার অর্ধেক বাসিন্দাই ভয়াবহ ক্ষুধায় জর্জরিত। জরুরি হস্তক্ষেপ না করলে মে মাস নাগাদ উত্তর গাজায় দুর্ভিক্ষ দেখা দেবে।

সোমবার এ বিষয়ে হুঁশিয়ার করেছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়নবিষয়ক আইপিসি।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান কিন্ডি ম্যাককেইন বলেছেন, এ মুহূর্তে গাজায় লোকজন অনাহারে মারা যাচ্ছে। গাজায় ক্ষুধা ও অপুষ্টির সংকট ভয়াবহ রূপ নিয়েছে।

দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশনের (আইপিসি) হিসেবে গাজার মোট জনসংখ্যার অর্ধেক ১১ লাখ লোক ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করছে।

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গনাইজেশনের (ফাও) ডেপুটি ডাইরেক্টর জেনারেল বেথ বেচডল বলেছেন, মোট জনসংখ্যার ৫০ শতাংশই ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে। তারা দুর্ভিক্ষের কাছাকাছি পর্যায়ে আছে।

পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর উত্তর গাজায়। এখানে মধ্য মার্চ থেকে মে মাসের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস অবরুদ্ধ ফিলিস্তিনী অঞ্চলে ত্রাণের অবাধ প্রবেশের সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সময় নষ্ট করার মতো সময় নেই।

গ্রিফিথস আরও বলেছেন, দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যর্থতার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের লজ্জায় মাথা নত করা উচিত।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে।

পাঁচ মাস ধরে চলা এ হামলায় গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করাও সম্ভব হচ্ছে না।

আফগান সীমান্তে পাকিস্তানের হামলা, উত্তেজনা

0

আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাটিকে আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে ‘গোয়েন্দাভিত্তিক সন্ত্রাসবিরোধী অভিযান’ বলে অভিহিত করেছে। যদিও পাকিস্তানের দেওয়া বিবৃতিতে অপারেশনের ধরন কিংবা বিমান হামলার উল্লেখ করা হয়নি।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং এর সহযোগীদের পৃষ্ঠপোষকতার জন্য তালেবান সরকারকে বারবারই অভিযুক্ত করে আসছে পাকিস্তান। দেশটির দাবি, টিটিপি এবং এর সহযোগী দলগুলো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে থাকে। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবারের হামলাটি চালিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের জারি বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে একাধিক সন্ত্রাসী হামলার জন্য দায়ী টিটিপির সহযোগী গোষ্ঠী হাফিজ গুল বাহাদুর গ্রুপের সন্ত্রাসীদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর চলতি বছরের ১৬ মার্চ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মীর আলীতে এই একটি নিরাপত্তা পোস্টে এই দলের হামলার কথা উল্লেখ করে। সর্বশেষ এই হামলায় দুই অফিসারসহ মোট সাতজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছিলেন।

আর এই কারণেই পাকিস্তান এমন ‘চরম পদক্ষেপ নিতে বাধ্য’ হয়েছে বলে জানিয়েছে তারা।

অন্যদিকে তালেবান সরকারও আফগানিস্তানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের এই হামলাটিকে দেশের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে’ নিন্দা জানিয়েছে তারা।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলায় আফগানিস্তানের পূর্ব সীমান্ত প্রদেশ খোস্ত ও পাকতিকায় পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে।

এক বিবৃতিতে মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত কাউকে আফগান ভূখণ্ড ব্যবহার করে নিরাপত্তার সঙ্গে আপস করার অনুমতি দেয় না।’

এর আগে ২০২২ সালের এপ্রিলে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান।
খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এখন থেকে কথা কম বলে কাজ বেশি করতে চাই : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য খাতে এখন থেকে কথা কম বলে কাজ বেশি করতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাই করতেন। আমরা সেটি করতে পারলেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার ইচ্ছাগুলোও পূরণ করতে পারব।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় রাজধানীর শাহবাগের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মার্চ মাসে আমরা থাকতাম ইস্কাটনে। তখন হাতিরপুলে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লুঙ্গি পরে নিচে আসতেন, আমাদের সঙ্গে কথা বলতেন। আমরা যারা কাছ থেকে দেখেছি তারা জানি তার দেশের প্রতি কতটুকু ভালোবাসা ছিল। তিনি সবচেয়ে বেশি চিন্তা করতেন সেটি হলো সাধারণ মানুষকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া নিয়ে। তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে সেই সময়ে কয়েকবারই গিয়েছিলেন। তখন ডাক্তার নার্সদের উদ্দেশে বলতেন, ‘তোমরা হচ্ছো ডাক্তার, নার্স। তোমরা যদি সময়মতো আসো, সময়মতো সেবাদান করো তাহলে আমি সন্তুষ্ট। আমি বুঝবো আমার সারাজীবনের কষ্ট আর দেশ স্বাধীন করা সার্থক।

তিনি বলেন, জাতির পিতা না থাকলে আজকে আমি থাকতাম না। আজকে মন্ত্রী হতে পেরেছি, আপনারা যারা আমার সামনে এসেছেন তারা আসতে পারতেন না। আমি চাই এখানে যারা বিভিন্ন হাসপাতালের চিকিৎসাসেবায় জড়িত আছেন তারা এখান থেকে গিয়ে দ্রুত কাজে ফিরে যাবেন। তাই সময়ের মাঝেই শেষ করব।

এ সময় আগত চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের উদ্দেশে ডা. সামন্ত লাল সেন বলেন, আজকে তাই আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করি। স্বাস্থ্যসেবাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাই, যাতে সারাবিশ্বের মানুষ তালি মারে। তারা যাতে বলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে। আমি এবং প্রতিমন্ত্রীর একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আর এটার সবচেয়ে বড় কারিগর আপনারা।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এই হলেই আমাদের স্বাস্থ্যখাতের সব কনফারেন্স হবে। এখানে নাহলে কোনো ফাইভ স্টার হোটেলে আমরা যাব না। এই প্রতিষ্ঠানকে আমরা জনগণের কাছে নিয়ে যাই। এখানেই আমাদের আগামী পাঁচ বছরের যত অনুষ্ঠান আছে সবই করব।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর-সৌদি যাচ্ছেন ব্লিঙ্কেন

0

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনার জন্যে চলতি সপ্তাহে মিসর ও সৌদি আরব যাচ্ছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আজ মঙ্গলবার এ কথা জানান।

সূত্র মতে, ব্লিঙ্কেন বুধবার জেদ্দায় সৌদি নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এরপর তিনি বৃহস্পতিবার কায়রো যাবেন। সেখানে তিনি মিসরীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন।

ফিলিপাইনে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানিয়েছেন।

দলীয় শর্ত পূরণ করেই এমপি হয়েছেন সাকিব : কাদের

0

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা ১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে, বিএনএমে যোগ দিয়েছিলেন বলে বিভিন্ন পত্রিকায় খবর ও ছবি প্রকাশ হয়েছে। এনিয়ে কোন কিছু জানেন না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনএমের সদস্য আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়েছেন। তিনি কী এখনও সে দলের সদস্য পদে আছেন কী না এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করে জয়লাভ করেছেন। পার্টির কাছে নমিনেশন চাওয়ার সময় তিনি পার্টির সদস্য। এর আগে সাকিব আমাদের পার্টির কেউ ছিল না। নমিনেশন নেওয়ার সময় তাকে প্রাইমারি সদস্য পদ নিতে হয়। সেভাবেই আমরা তাকে মনোনয়ন দিয়েছি, দলীয় শর্ত পূরণ করেই এমপি হয়েছেন সাকিব আল হাসান।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে সরকার কিংস পার্টি তৈরি করেছে কী না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে অনেক ফুল ফুটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এটা সম্পর্কে আমার জানা নেই। এটার রেজিস্ট্রেশন করে স্বাধীন নির্বাচন কমিশন। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এখানে আমাদের কিছু বলার নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (বিএনপি) বন্ধু রাষ্ট্র বলতে ইন্ডিয়াকে বলেছে। বলেছে তোমরা স্বাধীনতা অর্জনে সাহায্য করেছ, এখন গণতন্ত্র উদ্ধারে তোমাদের সাহায্য চাই। গণতন্ত্র তো আমাদের ঠিকই আছে। তাদের সাহায্য চাওয়ার অর্থ তাদের ক্ষমতায় বসিয়ে দেয়া। নির্বাচন ছাড়া বিদেশি রাষ্ট্র এসে ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, আমরা একটি দেশ। গণতন্ত্রের বিষয়ে আমাদের একটা মানদণ্ড আছে। গণতন্ত্রের ব্যাপারে কেউ পারফেক্ট না। এদেশে ২১ বছর গণতন্ত্রের চর্চা হয়নি।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।