Home Blog Page 92

ভারতে ভোটারের সংখ্যা ৯৬.৮ কোটি

0

ভারতে ভোটারের সংখ্যা ৯৬.৮ কোটি বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দেশটিতে বর্তমানে জনসংখ্যা ১৪০ কোটি। প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতের ভোটারের সংখ্যা।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর এ তথ্য জানানো হয়।

কমিশনের তথ্য অনুযায়ী, কেবল ২০২৩ সাল থেকে গত এক বছরে নতুন ভোটার বেড়েছে ২ কোটি ৬৩ লাখ। ২০১৯ সাল থেকে যে অতিরিক্ত ৫.৬ কোটি ভোটার বৃদ্ধি পেয়েছে এর মধ্যে ১.৮ কোটিই প্রথম ভোটার, যা মোট ভোটারের ১.৯ শতাংশ।

২০১৯ সালে প্রথম ভোটারের সংখ্যা ছিল ১.৫ কোটি, যার মধ্যে ছিল ১৮ থেকে ১৯ বছর বয়সী যুবক-যুবতীরা। চলতি বছরে সেই সংখ্যাটা শতকরা ২০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

এর মধ্যে নারী ভোটারদের নাম নথিভুক্তর ঘটনাও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সেই সাথে লিঙ্গ অনুপাতেও ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে সংখ্যাটা বেড়েছে। দেশটির মোট ভোটারের মধ্যে ৪৯.৭ কোটি ভোটার পুরুষ, নারী ভোটারের সংখ্যা ৪৭.১ কোটি। ২০১৯ সালে পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৪৬.৫ কোটি, নারী ভোটার ছিল ৪৩.১ কোটি।

মোট ৭ ধাপে ভোট নেয়া হবে দেশটির ৫৪৩টি আসনে। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ফল ঘোষণা করা হবে ৪ জুন।

পরিসংখ্যান বলছে, ১৯৫১-৫২ সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচনের পর থেকে দেশটিতে ভোটার সংখ্যা বহুগুণ বেড়েছে। প্রথম লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৭.৩২ কোটি।

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত : যুক্তরাষ্ট্র

0

ইসরায়েলি বিমান হামলায় হামাসের অন্যতম শীর্ষ সামরিক নেতা মারওয়ান ইসা নিহত হয়েছেন বলে দাবি করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তা জ্যাক সুলিভান। গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় হামাসের যেসব নেতা নিহত হয়েছেন তার মধ্যে ইসা সবচেয়ে জ্যেষ্ঠ।

তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গোষ্ঠীটি। সোমবার (১৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেন।

ইসরায়েলি মিডিয়ার দাবি— মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের নিচে একটি টানেল কমপ্লেক্স লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় হয় গত সপ্তাহে। ওই হামলায় নিহত হন মারওয়ান ইসা।

হামাসের সামরিক শাখা ইজেদিন আল-কাসাম ব্রিগেডের ডেপুটি কমান্ডার ইসা ছিলেন ইসরায়েলের কাছে মোস্ট ওয়ান্টেড। আগে থেকেই এই হামাস নেতাকে ইউরোপীয় ইউনিয়নও কালো তালিকাভুক্ত হিসেবে চিহ্নিত করেছে।

গত ৭ অক্টোবরের হামলার পেছনে তাকে অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত করা হয়। যে হামলায় প্রায় ১২০০ ইসরায়েলির মারা যায়। ওই হামলার জেরেই শুরু হয় এই যুদ্ধ। ইসা প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদার সময় পাঁচ বছর ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।

৭ অক্টোবর থেকে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের অনেক সিনিয়র নেতাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে হামাসের রাজনৈতিক নেতা সালিহ আল-আরৌরি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়েতে বিস্ফোরণে মারা যান। ওই হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করা হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান জানান, হামাসের অন্য নেতারা গাজার হামাসের টানেল নেটওয়ার্কের গভীরে লুকিয়ে রয়েছেন বলে তারা ধারণা করছেন।

তিনি জানান, হামাসের শীর্ষ নেতাদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারাও ন্যায় বিচার পাবে।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েল তাদের সামরিক বাহিনীর অনেক সফলতার কথা বললেও, এতে অনেক বেসামরিক মানুষের মারা যায়। এতে শঙ্কার কথা জানিয়ে নেতানিয়াহুকে টেলিফোন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সুলিভানের মতে— হামাসের অপরাধীদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতার কথা বলেছে, তবে রাফাহ শহরে হামলা চালানো ইসরায়েলের জন্য ভুল হবে বলেও হুঁশিয়ারি করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। দক্ষিণ গাজার রাফাহ শহরে আনুমানিক এক মিলিয়ন শরণার্থী যুদ্ধের সময় আশ্রয় নিয়েছে।

মার্কিন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এই আগ্রাসন আরও নিরপরাধ বেসামরিক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। এরই মধ্যে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় হামলা পরিস্থিতি আরো খারাপ করবে। যা আন্তর্জাতিকভাবে ইসরাইলকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে।

৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক ইসরায়েলি হামলায় মারা গেছে বলে জানিয়েছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় বেসামরিক লোকের মৃত্যুর ঘটনায় সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। যা আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে তাদের মিত্রদের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে।

সুলিভান বলেছেন, রাষ্ট্রপতি বাইডেন আগে যখন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন; তখন তিনি ইসরায়েলকে এই যুদ্ধ বন্ধের চাপ দিয়েছিলেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন আজ আবারও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্রও হামাসকে পরাজিত করতে সহযোগিতা করবে। তবে এমনভাবে যুদ্ধ করে নয়, সেটি করতে হবে সুসংগত এবং টেকসই কৌশল নিয়ে।

একই সময়ে বাইডেন ইসরায়েলি নেতাকে রাফাহ আক্রমণের বিষয়ে মার্কিন উদ্বেগের কথাও জানান। একই সাথে এ নিয়ে আলোচনা করতে আগামীতে ওয়াশিংটনে ইসরায়েলি সামরিক, গোয়েন্দা এবং অন্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি আন্তঃসংস্থা দল পাঠাতে ইসরায়েলকে রাজি করিয়েছিলেন তিনি।

সুলিভান বলেছেন, আশা করছি সেই বৈঠকটি না হওয়া পর্যন্ত ইসরায়েল তাদের আক্রমণ স্থগিত রাখবে।

রণদীপ হুদার ছবিকে ঘিরে তোলপাড়!

0

বলিউড অভিনেতা রণদীপ হুদাকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পোস্ট করা একটি ছবিকে ঘিরে এই আলোড়ন।

ওই ছবিতে দেখা যায়, রণদীপ হুদার কঙ্কালসার চেহারা। শরীরে যেন শুধুই হাড়। মাথার সামনে টাক। এমন অবস্থা দেখে প্রশ্ন জাগতেই পারে। তার উত্তর অবশ্য ক্যাপশনেই দিয়েছেন রণদীপ। তার এই চেহারা ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির জন্য। ছবির নাম হ্যাশট্যাগে রেখে অভিনেতা লিখেছেন ‘কালাপানি’।

হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তার চরিত্রেই ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে অভিনয় করছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি এ ছবির পরিচালনাও করেছেন তিনি। উৎকর্ষ নৈথানির সঙ্গে মিলে যৌথভাবে লিখেছেন চিত্রনাট্য। আবার সিনেমার প্রযোজনাতেও অংশীদার রণদীপ।

এর আগে ‘সরবজিৎ’ সিনেমার জন্য এভাবে রণদীপ নিজের চেহারা ভেঙেছিলেন। এবার নাকি তিনি এমন কাজ করেছেন বীর সাভারকরের কালাপানির দৃশ্য ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে। বোঝাই যাচ্ছে চূড়ান্ত ডায়েট মেনে নিজের শরীরকে এমন পর্যায়ে নিয়ে এসেছেন।

আগামী ২২ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘স্বতন্ত্র বীর সাভারকর’। রণদীপ ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা লোখণ্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী, লোকেশ মিত্তল।

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩

0

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৯ মার্চ) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ হাজার ৩২৫ পিস ইয়াবা, ১৮৬ গ্রাম হেরোইন, ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজা ও ২০০টি ইনজেকশন জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০ ফিলিস্তিনি

0

ফিলিস্তিনের রাফাহ শহর এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলে বিমান হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছে ইসরায়েল।

মঙ্গলবার (১৯ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ গাজার রাফাহ শহরে মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। বর্তমানে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাহ শহরটিতে আশ্রয় নিয়েছেন।

এ ছাড়া মধ্য গাজা উপত্যকার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলের পৃথক বিমান হামলায় আরও ৬ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২০০ ইসরায়েলি হত্যার পাশপাশি আরও প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা।

হামাসের ওই হামলার পর গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। মারা গেছেন প্রায় ৩২ হাজার মানুষ। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী

0

এলডিসি উত্তরণ পরবর্তীকালে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা সুসংহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা উত্তরণের মেয়াদ ২০২৯ সালের পরিবর্তে ২০৩২ সাল পর্যন্ত বাড়ানোর জন্য আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী সাইমন কভেনির নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের আইরিশ প্রতিনিধিদল সোমবার (১৮ মার্চ) গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানান, প্রধানমন্ত্রী এজন্য আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন যাতে ইইউ বাংলাদেশের জন্য ২০৩২ সাল পর্যন্ত বাণিজ্যিক সুযোগ-সুবিধা, বিশেষ করে জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্স (জিএসপি) বৃদ্ধি করে।

আয়ারল্যান্ডকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইইউ সদস্য দেশটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সবসময় বাংলাদেশের পাশে থেকেছে।

তিনি ইইউ প্ল্যাটফর্মে বাংলাদেশের স্বার্থের বিষয়ে বাংলাদেশকে সমর্থন করতে আয়ারল্যান্ডের প্রতি অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগ করার জন্য আইরিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

তিন থেকে চার বিলিয়ন ভোক্তার বাংলাদেশকে একটি সম্ভাব্য বড় মার্কেটিং হাব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আইসিটি, ফার্মাসিউটিক্যালস ও কৃষিভিত্তিক শিল্পের মতো বেশ কয়েকটি প্রতিশ্রুতিশীল খাতে আয়ারল্যান্ডের উদ্যোক্তাদের বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।

শ্রম ইস্যু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রম ইস্যু নিয়ে অসৎ উদ্দেশ্য নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়। শেখ হাসিনা আরও বলেন, ইইউভুক্ত দেশগুলো এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে এ বিষয়ে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না।

এ সময় আয়ারল্যান্ডের মন্ত্রী বলেন, আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তিনি বাংলাদেশে এসেছেন।

ঢাকায় আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ডের প্রথম অনারারি কনস্যুলেট খোলার জন্য তিনি এখানে এসেছেন উল্লেখ করে আইরিস মন্ত্রী বলেন, এই কার্যালয়টি দু’দেশের জনগণের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে।

সাইমন কভেনি বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের প্রযুক্তি ও খাদ্য শিল্পে (কৃষি প্রক্রিয়াকরণ শিল্প) প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। তিনি বলেন, আয়ারল্যান্ড জাতিসংঘ ও ইইউ ফোরামে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বর্তমানে আয়ারল্যান্ডে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে উল্লেখ করে সফররত মন্ত্রী আশ্বস্ত করেন, তারা বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে স্বাগত জানাবে।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আয়ারল্যান্ডের মন্ত্রী বলেন, এ ব্যাপারে আয়ারল্যান্ড তাদের সহায়তা অব্যাহত রাখবে। তবে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তা জোরদার, তাদের উপার্জনশীল কর্মকাণ্ডে নিয়োজিত করার ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য স্থায়ী ও আরও উন্নত ঘরের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন।

জবাবে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা শিবিরের জন্য পর্যাপ্তসংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। তবে হত্যা ও অন্যান্য অপরাধ কখনও কখনও দেখা যায়, কারণ সেখানে অনেক অভ্যন্তরীণ গোষ্ঠী রয়েছে- যারা এখানে দীর্ঘদিন অবস্থানের কারণে ইতোমধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বিশ্বে শরণার্থীদের জন্য স্থায়ী ঘর নির্মাণের নজির নেই, তবে ভাসানচরে এক লাখ রোহিঙ্গার জন্য বাংলাদেশ মানসম্মত আবাসনের ব্যবস্থা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, তারা সেখানে যেতে চাইলে আমরা ভাসানচরে প্রায় চার লাখ রোহিঙ্গার জন্য আবাসনের ব্যবস্থা করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু আন্তর্জাতিক সম্প্রদায়, বেসরকারি সংস্থা ও দেশের বিরোধিতার কারণে ভাসানচরে আবাসন প্রকল্পটি সফল হচ্ছে না।

বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি ও বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান উপস্থিত ছিলেন।

কারওয়ান বাজারের পাইকারদের গাবতলী পাঠাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

0

রাজধানী ঢাকার যানজট কমাতে গাবতলীর আমিনবাজারে কারওয়ান পাইকারি বাজারের ব্যবসায়ীদের স্থানান্তর করতে চায় সরকার। তবে সেখানে ব্যবসার পরিবেশ নেই বলে জানিয়েছেন পাইকাররা। যদিও ব্যবসায়ীদের গাবতলীতে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক মতবিনিময় সভায় কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা জানান, এখনো কাঁচাবাজারের আড়ৎ করার পরিবেশ সৃষ্টি হয়নি গাবতলীতে।

আর নিজস্ব অর্থায়ন ও নকশায় মৎস্য বাজার নির্মাণ করার দাবি মাছ ব্যবসায়ীদের।

কারওয়ান বাজার দ্রুত অপসারণ প্রয়োজন বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশেন। ফলে ধীরে ধীরে সরতে হবে এ বাজারের পাইকারদের। আর প্রস্তাবিত গাবতলী কাঁচাবাজারে পুলিশের জন্য জায়গা বরাদ্দ রাখার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

এসময় কারওয়ান বাজারের চাকচিক্য থাকবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাই পাইকারদের গাবতলীতে আসার পরামর্শ দেন তিনি।

পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: দীপু মনি

0

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পথশিশুদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সরকার কাজ করছে। পথশিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

সোমবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাইল্ড সেনসেটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে পথশিশুদের পরিস্থিতি বিষয়ক গবেষণা পত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।

দীপু মনি বলেন, যারা পথেই থাকে তাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাদের অসহায়ত্ব অনেক বেশি রকমের, তারা হয়তবা সমস্যার সম্মুখীন হয়, অনেক রকমের নির্যাতনেরও শিকার হয়। রাতের অন্ধকারে খুবই অনিরাপদ একটা অবস্থার মধ্যে থাকে। আর যারা রাতে পরিবারের কাছে ফিরে, এদেরও নানা সমস্যা থাকে। নানা কারণে পথশিশু হয়। পরিবার ভেঙে যাওয়া, অতি দারিদ্র্য ও নানাবিধ সমস্যার কারণে শিশুরা পথে থাকে। তারপরও তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়।

পথশিশুদের প্রতি ইতিবাচক মনোভাব ও সহানুভব হওয়ার বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, পথ চলতি মানুষ কীভাবে তাদের সঙ্গে আচরণ করে তার প্রভাব তাদের ওপর পড়ে। আমাদের প্রত্যেককে তাদের প্রতি সিমপ্যাথি দেখাতে হবে। আমরা কতজন এ শিশুদের একবার ভালো করে দেখি? আমরা হয়ত জীবন বদলে ফেলতে পারব না কিন্তু যে কয়েক সেকেন্ডের জন্য তাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ ঘটলে, সেই কয়েকটা সেকেন্ডে তাদের প্রতি যদি আমাদের সহমর্মিতা থাকে, তার প্রতি আচরণে, আমাদের কথায় তার জীবনে একটা পরিবর্তন এনে দিতে পারে।

মন্ত্রী বলেন, আমরা যেভাবে আচরণটা করি সাধারণত তার কারণে তাদের মধ্যে একটা হীন মনোভাব তৈরি হয়। সে মনে করে নিজে কোনো একটা অপরাধ করছে, মনে করে সে ভীষণ রকম খারাপ কিছু বা তুচ্ছ। আমরা যদি এ বাচ্চাগুলোকে স্বপ্ন দেখাতে পারি, তাহলে তারা স্বপ্নের দিকে নিজেদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকদূর এগিয়ে যাবে। যদি তাদের প্রতি আচরণটাই সেই রকম ইতিবাচক না হয়, তাহলে কিন্তু তারা স্বপ্ন দেখতে সক্ষম হবে না।

দীপু মনি সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও পথশিশুদের সমাজের মূলধারায় আনতে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী পথশিশুদের ওপর উন্মোচিত গবেষণাপত্রটি সম্পর্কে তার মূল্যায়নে বলেন, এ বিষয়টিতে যদিও সরকার অত্যন্ত সজাগ এবং ইতোমধ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে পথশিশুদের আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনে অনেক কাজ চলমান রয়েছে। তারপরও এ গবেষণায় তাদের প্রকৃত অবস্থা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া গেল, যা ভবিষ্যতে নীতিনির্ধারণী বিষয়ে কাজ করতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি গবেষণাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হেসেন (রিমি) বলেন, এ গবেষণা ভবিষ্যতে পথশিশুদের জন্য কাজ করতে সহায়তা করবে। শিশুদের জন্য একটি সহনশীল সমাজ করতে হবে। অনগ্রসর শিশুদের জন্য পুনর্বাসন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য তার মন্ত্রণালয় ৬টি কেন্দ্র পরিচালনা করছে বলে প্রতিমন্ত্রী জানান।

ফের গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ হাসপাতাল আল শিফায় আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের সদস্যরা হাসপাতালটি ব্যবহার করছে; এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ফের অভিযান চালাচ্ছে তারা।

স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেল আবিব।

বিবৃতিতে বলা হয়েছে, হামাসের উচ্চপদস্থ নেতারা এই হাসপাতাল ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্তিতে তারা সেখানে হামলা শুরু করেছে।

এর আগে গত বছরের নভেম্বরে গাজার এই বৃহৎ হাসপাতালে অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাপে পড়ে তেল আবিব। সে সময় একই অভিযোগের ভিত্তিতে সেখানে হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আল-শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া হাসপাতাল ভবনটি ইসরায়েলি সাজোয়া ট্যাংক ঘিরে রেখেছে।

তেল আবিব বারবার হামাসের বিরুদ্ধে আল-শিফা ব্যবহারের অভিযোগ করলেও এসব অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।

ঈদ সার্ভিসে যুক্ত হচ্ছে বিআরটিসির ৬০০ বাস

0

ঈদুল ফিতরে সারা দেশে অন্তত ৬০০ গাড়িতে যাত্রীসেবা দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে সেই রুটপ্ল্যান এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে জানাবে সংস্থাটি।

সোমবার (১৮ মার্চ) বিআরটিসির অতীত, বর্তমান এবং ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, এক সময়ের খুঁড়িয়ে চলা বিআরটিসি এখন উন্নয়নের রোল মডেল।

মো. তাজুল ইসলাম বলেন, বিআরটিসি এক সময়ে অলাভজনক সরকারি প্রতিষ্ঠান হলেও বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান। লাভের পাশাপাশি সেবা বাড়ানোর চেষ্টায় আমরা কাজ করছি। অনেকে আমাকে প্রশ্ন করেন, বিআরটিসির যাত্রী কমেছে কি না। কিন্তু না, বর্তমানে দ্বিগুণ হয়েছে যাত্রী, আয়ও হচ্ছে দ্বিগুণ।

তিনি বলেন, গত বছরের তুলনায় যাত্রী ২৫ শতাংশ বেড়েছে। আগে আমরা ছয় কোটি ৩০ লাখ টাকা বেতন দিয়েছি। তাও আবার চার মাস আগের বকেয়া বেতন। কিন্তু বর্তমানে আমরা ১০ কোটি ৬৩ লাখ টাকা বেতন দিচ্ছি। প্রতি মাসের বেতন প্রতি মাসের ১ তারিখে দিয়ে দিচ্ছি। বেতন-বোনাস সবই পরিশোধ করছি। এ ছাড়া বকেয়া বেতন-বোনাসও পরিশোধ করছি।

তিনি বলেন, আমরা গত সপ্তাহে ঈদে উপলক্ষে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। এ ছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা পত্রিকায় গণ বিজ্ঞপ্তি আকারে কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেব বিষয়টি।

তাজুল ইসলাম বলেন, আমাদের বহরের গাড়িগুলোর মাত্র ৩৪টি লিজে আছে। এর বাইরে লিজে আর গাড়ি চালাবো না আমরা। এটি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।

তিনি বলেন, ২০২০ সালে বিআরটিসির ১ হাজার ৮২৫টি বাসের মধ্যে ৮৮৫টি বাস অনরুটে ছিল; ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে ১ হাজার ১০৬টি বাস অনরুটে ছিল, ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি বাস অনরুটে ছিল এবং ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৫৩টি বাস অনরুটে ছিল।

তিন ঘণ্টাব্যাপী চলা তথ্যচিত্র ও ব্রিফিংয়ে সংস্থাটির পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরা হয়।