Home Blog Page 93

এ দেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা। সততা, সাহস দেখতে চান তাহলে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের দিকে তাকান।

সোমবার তেজগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গেলো ১৫ বছরে এই পরিবারের কেউ ক্ষমতার বিকল্প কেন্দ্র হয়ে ওঠেননি। গায়ের জোরে নয়, লুটপাট করে নয়, এই পরিবারের সবাই সততার আদর্শে উজ্জীবিত।

তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে নীরবে এসে, নিঃশব্দে চলে যান। কেউ টেরও পায় না। তার জন্যই ডিজিটাল বিপ্লব হচ্ছে দেশে। অথচ কোনো সাড়াশব্দ নেই।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতির ব্যাঙদের (বিএনপিকে ইঙ্গিত করে) আওয়াজ বেড়ে গেছে৷ আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই৷ বিএনপি যেনো ছোবল দিতে না পারে, সেজন্য পাঁচবছর দেশ পাহারা দেবে আওয়ামী লীগ৷

রেলওয়েতে টিকিট কালোবাজারি একটা বিরাট সিন্ডিকেট : রেলমন্ত্রী

0

রেলপথমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলওয়েতে টিকিট কালোবাজারি রয়েছে। এরা একটি বিরাট সিন্ডিকেট। আমি রেলমন্ত্রী হওয়ার পরে ইতিমধ্যে তিনটি সিন্ডিকেট ও টিকিট কালোবাজারিদের ধরেছি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল রোববার রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলের যে বুফে কার রয়েছে সেখানে খাবারের মান খুবই খারাপ ছিল। আমি তাদের সাথে রেল ভবনে বসেছিলাম। তাদের আমি বলেছিলাম খাবারের দাম আপনারা বেশি নেন তাতে সমস্যা নেই, কিন্তু মান খারাপ হলে লাইসেন্স বাতিল করা হবে। রেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ানোর জন্য বলেছি। আমরা চেষ্টা করছি সকল সমস্যা সমাধানের।

তিনি আরও বলেন, আমাদের এখন বগি সংকট। পুরোনোগুলো মেরামত করে আমরা ঈদের মধ্যে এগুলো যুক্ত করবো। ইনশাআল্লাহ আগামী ১ বছরের মধ্যে আমাদের ৮০০ বগি হাতে এসে পৌঁছাবে। নতুন ইঞ্জিন আসবে। তখন আমরা বিভিন্ন রুটে ট্রেনও বাড়াবো। ইতোমধ্যে আমরা বিভিন্ন রুটে বন্ধ থাকা ট্রেন চালু করছি। সম্প্রতি বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। রাজবাড়ী রুটে আরেকটি লোকাল ট্রেন দেওয়া হবে। যেটা পোড়াদহ থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাবে। খুব শিগগিরই এটা দেওয়া হবে।

রেলমন্ত্রী বলেন, আমি রেলমন্ত্রী হওয়ার পর দেখলাম ভিতরটা একদম ফাঁকা। গোল্ডেন হ্যান্ডশেকের নামে দক্ষ জনশক্তি রেল থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু রেল থেকে না সারা বাংলাদেশে প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে দক্ষ জনশক্তি বাদ দেওয়া হয়েছে। আমি কিছুদিন আগে সৈয়দপুরে গিয়েছিলাম। সৈয়দপুরে বাংলাদেশের সবচেয়ে বড় রেলের কারখানা। সেখানে কাজ করার জন্য ২৮০০ লোকের দরকার। কিন্তু সেখানে এখন আছে মাত্র ৮৫০ জন লোক। এসব জনশক্তি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শিগগিরই রেলওয়ের শূন্যপদ পূরণ করে রেলওয়েকে সুবিধাজনক অবস্থায় আনা হবে।

আলোচনা সভা সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সফিকুল ইসলাম সফিক। এতে আরও বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক রেজা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহ-সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

উত্তর গাজায় পৌঁছাল ত্রাণ

0

গত চার মাসের মধ্যে প্রথমবারের মতো উত্তর গাজায় পৌঁছাল ত্রাণ। উত্তর গাজার বেইত হনুন, বেইত লাহিয়া এবং জাবালিয়া অঞ্চলে নয়টি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজা সরকারের ব্যবস্থাপনায় জাবালিয়া শরণার্থী শিবিরে পৌঁছানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে আটা, চাল, টিনজাত খাবার এবং চিনি। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ এর গুদামে ত্রাণ গুলো রাখা হয়েছে।

ইউএনআরডব্লিউএ গাজা সরকারের নিরাপত্তা বাহিনীর সহাতায় রোববার ত্রাণ বিতরণ করেছে। এই সময় শত শত ফিলিস্তিনি বিতরণ কেন্দ্রে ভিড় করে। এই সময় প্রতিটি পরিবারকে ৫ কেজি ময়দা দেওয়া হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি অবরোধের ফলে গত কয়েক দিনে গাজায় অপুষ্টি ও পানিশূন্যতার কারণে অন্তত ২৭ জন মারা গেছে।

ইউএনআরডব্লিউএ শনিবার বলেছে, উত্তর গাজায় মারাত্মক অপুষ্টি দেখা দিচ্ছে। অঞ্চলটিতে দুই বছরের কম প্রতি তিনটি শিশুর একটি মারাত্মক অপুষ্টির শিকার। খবর আনাদোলু। সংস্থাটি বলছে, গাজায় শিশুদের মধ্যে দ্রুত অপুষ্টি ছড়িয়ে পড়ছে এবং তা নজিরবিহীন পর্যায়ে পৌঁছাচ্ছে। গাজায় হাসপাতালগুলো বলছে, শিশুরা অপুষ্টি ও পানিশূন্যতায় মারা যাচ্ছে।

গাজায় ইসরায়েলি হামলায় ৩১ হাজার ৬৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩১ জন গ্রেপ্তার

0

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৭ মার্চ) ভোর ৬টা থেকে সোমবার (১৮ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ২২৫ ইয়াবা, ৫৪ গ্রাম হেরোইন ও ৩৭ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনে জয়ী হয়ে মার্কিন গণতন্ত্রকে কটাক্ষ করলেন পুতিন

0

অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর এই মন্তব্য করেন তিনি। পুতিন বলেছেন, এটি স্বচ্ছ, একেবারেই বস্তুনিষ্ঠ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের মতো নয়, সেখানে ১০ ডলার দিয়ে একটি ভোট কেনা যায়।

রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এক বুথফেরত জরিপে এই তথ্য উঠে এসেছে। এই জয়ের ফলে বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিন আরও ছয় বছরের জন্য দেশটির ক্ষমতায় থাকছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন ইতিমধ্যে রাজধানী মস্কোতে বিজয়ভাষণ দিয়েছেন। তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান-সংশ্লিষ্ট বাকি কাজগুলোর সমাধানকে অগ্রাধিকার দেবেন তিনি। রাশিয়ার সামরিক বাহিনীকে তিনি শক্তিশালী করবেন।

পুতিন বলেন, সামনে অনেক কাজ আছে। কিন্তু রুশরা যখন ঐক্যবদ্ধ হয়, তখন যে-ই ভয় দেখাতে চায়, দমন করতে চায় না কেন, ইতিহাস বলে, কেউ সফল হয়নি। তারা এখন সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না।

রুশ প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। পুতিন বলেন, তিনি রাশিয়ার এই নির্বাচনকে গণতান্ত্রিক বলে মনে করেন।

মার্কিন টিভি নেটওয়ার্ক এনবিসি পুতিনের কাছে জানতে চেয়েছিল, তার পুনর্নির্বাচিত হওয়া গণতান্ত্রিক কি না। জবাব দিতে গিয়ে পুতিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বিচারব্যবস্থার কড়া সমালোচনা করেন।

পুতিন বলেন, (যুক্তরাষ্ট্রে) যা ঘটছে, তাতে সারা বিশ্ব হাসছে। এটা কেবল একটি বিপর্যয়, গণতন্ত্র নয়।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে আক্রমণ করার জন্য প্রশাসন, বিচারব্যবস্থাসহ অন্যান্য বিষয়ের ব্যবহার করা কি গণতান্ত্রিক?

পুতিনের এই মন্তব্য স্পষ্টতই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। তার বিরুদ্ধে এখন চারটি ফৌজদারি মামলা আছে।

আসালাঙ্কাকে ফেরালেন মোস্তাফিজ

0

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। লঙ্কানরা সিরিজে সমতায় ফেরায় আজ দুই দলের শেষ ম্যাচটিই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। আর বল করতে নেমে আজ দুর্দান্ত খেলেছেন তাসকিন-মোস্তাফিজরা। টাইগার বোলারদের বোলিং তোপে ৭৪ রানেই ৪ উইকেট হারিয়েছিল সফরকারীরা। এরপর জুটি গড়ে দলের হাল ধরেছিলেন লিয়ানাগে ও আসালাঙ্কা। তবে আসালাঙ্কাকে মুশফিকুর রহিমের মুঠোবন্দী করে এ জুটি ভেঙেছেন মোস্তাফিজ।

টসে হেরে টাইগারদের হয়ে বল হাতে ইনিংসের সূচনা করেন শরিফুল ইসলাম। টাইগার পেসারের করা প্রথম ওভারে স্কোরবোর্ডে ১ রান যোগ করতে সক্ষম হয় দুই লঙ্কান ওপেনার। এরপর দ্বিতীয় ওভারে বল করতে আসেন আরেক পেসার তাসকিন।

তাসকিনের করা দ্বিতীয় ওভারের প্রথম দুইটি বল দেখেশুনেই খেলেছিলেন আগের ম্যাচে শতক হাঁকানো লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে তৃতীয় বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। ফলে ফিরতে হয়েছে ১ রানেই।

এদিকে নিজের করা দ্বিতীয় ওভারে বল করতে এসে আরেক লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দোকেও ফিরিয়েছেন তাসকিন। চতুর্থ ওভারে টাইগার স্পিডস্টারের বলে কট বিহাইন্ড হয়ে আউট হন ফার্নান্দো।

ফার্নান্দো ফেরার পর ক্রিজে মেন্ডিসের সঙ্গী হন সাদিরা সামারাবিক্রমা। দ্রুত দুই উইকেট হারানোর পর এ দুজন মিলে ইনিংসের হাল ধরেন। দুজন মিলে গড়েন ২৬ রানের জুটি। তবে একাদশ ওভারে বোলিংয়ে এসেই সামারাবিক্রমাকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। টাইগার এই পেসারের বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লঙ্কান এই ব্যাটার।

এরপর ক্রিজে অধিনায়ক মেন্ডিসের সঙ্গী হন চারিথ আসালাঙ্কা। এ দুজন মিলে টাইগার বোলারদের দেখেশুনে খেলে গড়েছিলেন ৩৩ রানের জুটি। তবে অষ্টাদশ ওভারে নিজের প্রথম বলেই মেন্ডিসকে সাজঘরের পথ দেখান রিশাদ। ওয়ানডে ক্যারিয়ারে তাঁর প্রথম এটি। তরুণ এই লেগ স্পিনারের বলে সাজঘরে ফেরার আগে ৫১ বল খেলে ২৯ রান করেছেন মেন্ডিস।

মেন্ডিস ফেরার পর ক্রিজে আসালাংকার সঙ্গী হন জানিথ লিয়ানাগে। এ দুজন মিলে টাইগার বোলারদের দেখেশুনে খেলে সচল রেখেছিলেন রানের চাকা। দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে তুলেন ৪৩ রান। তবে পচিশতম ওভারে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে উইকেটরক্ষকের মুঠোবন্দী হন আসালাঙ্কা। দলীয় ১১৭ রানে সাজঘরে ফেরার আগে ৪৬ বল খেলে ৫ চারে ৩৭ রান করেছেন লঙ্কান এই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান।

অঘোষিত ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

0

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডের ওপরই নির্ভর করছে, সিরিজ কাদের পকেটে যাচ্ছে।

টি-টোয়েন্টি সিরিজেও এমন পরিস্থিতি হয়েছিল, যেখানে বাংলাদেশকে হারিয়ে টাইম আউট উল্লাসে মেতেছিল লঙ্কানরা। তাই স্বাভাবিকভাবেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হাতছাড়া করতে চাইবে না লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

এদিকে সিরিজ নির্ধারণী এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে নিশ্চিতভাবেই দুটি পরিবর্তন আসছে। কারণ, দিন-দুয়েক আগেই তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। এ ছাড়া রোববার পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির বিষয়টিও প্রকাশ্যে আসে। পরে এই পেসারের পরিবর্তে আরেক তরুণ পেসার হাসান মাহমুদকে স্কোয়াডে ভেড়ানো হয়েছে। তাই সবমিলিয়ে একাদশে দুই পরিবর্তন আসছে, এটা একপ্রকার নিশ্চিত।

ওপেনিংয়ে লিটনের পরিবর্তে এনামুল হক বিজয়কে দেখা যেতে পারে। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বিবেচনায় এগিয়ে থাকছেন বিজয়। অন্যদিকে একাদশে ফিরতে পারেন পেসার মোস্তাফিজুর রহমান। ফর্মহীনতায় থাকলেও অভিজ্ঞ ফিজেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে প্রথম দুই ওয়ানডেতে বেশ খরুচে ছিলেন তাইজুল। আপন-মহিমায় দুই-হাতে রান খরচ করেছেন বাঁহাতি এই স্পিনার। তাই বাজে পারফরম্যান্সের কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তনে একাদশে রিশাদকে দেখা যেতে পারে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকছেন এই লেগি। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত : ইউনিসেফ

0

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজার উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। চলমান এই হামলায় এখন ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৩ হাজারের বেশি শিশু।

জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাতে সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা।

ইউনিসেফ বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ১৩ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে গাজায় যেসব শিশু বেঁচে রয়েছে, তারাও গুরুতর অপুষ্টিতে ভুগছে। এমনকি তাদের কান্না করার শক্তিও নেই।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল সিবিএস নিউজকে বলেন, আমরা বিশ্বের অন্য কোনো সংঘাতে এতো শিশু মৃত্যুর হার দেখিনি। সেখানে আরও হাজার হাজার শিশু আহত হয়েছে। তারা কোথায় আছে তাও আমরা জানি না। তবে তারা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

‘আমি শিশুদের ওয়ার্ডে ছিলাম যারা মারাত্মক রক্তস্বল্পতা ও অপুষ্টিতে ভুগছে। পুরো ওয়ার্ড ছিল একেবারেই শান্ত। কারণ শিশুদের কান্না করার শক্তিও নেই,’ বলেন ক্যাথরিন রাসেল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজায় অব্যাহতভাবে বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সেখানকার প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

আগুনে পুড়ে তছনছ মার্কিন অভিনেত্রী ডেলেভিনের বিলাসবহুল বাড়ি

0

মার্কিন সুপারমডেল ও অভিনেত্রী কারা ডেলেভিনের লস অ্যাঞ্জেলসের বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুটিংয়ের কাজে ডেলেভিন এ সময় লন্ডনে ছিলেন বলে জানা গেছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অভিনেত্রীর প্রিয় এই বাড়িটিতে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

জানা গেছে, শুক্রবার মাঝরাতে আই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এরপর স্থানীয়দের খবরে ১৩টি ইঞ্জিনসহ ৯৪ দমকল কর্মী সেখানে গিয়ে পৌঁছান। আগুনের তীব্রতা এতোটাই ছিলো যে সেই আগুন নিয়ন্ত্রণে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী। লস অ্যাঞ্জেলসের পুলিশ জানায়, তারা আগুনের কারণ খতিয়ে দেখছেন।

এদিকে ডেলেভিন নিজের ইনস্টাগ্রামের একটি স্টোরিতে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক দমকল কর্মী আসছেন।

একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন। ’

এদিকে স্থানীয়রা জানান, প্রতিবেশীদের খবরে উপস্থিত হওয়া দমকল বাহিনী দুই ঘন্টারও কিছু বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০১৯ সালে বিলাসবহুল এই বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে।

মুম্বাইয়ের কনসার্টে আগুন ঝরালেন এড শিরান

0

মার্কিন পপতারকা এড শিরান এসেছিলেন পাঁচদিনের ভারত সফরে। শনিবার (১৬ মার্চ) মুম্বাইয়ের কনসার্ট হয়ে উঠেছিলো লোকে-লোকারণ্য। কনসার্টের সেইসব ছবি এবং ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

গত ১২ মার্চ ভারতে এসেছিলেন এড শিরান।

পাঁচদিনের সফরে তিনি মুম্বাইয়ের বিভিন্ন স্কুল পরিদর্শের পাশাপাশি শাহরুখ খান এবং বলিডের অন্যান্য তারকাদের সাথে দেখা করেছেন। মুম্বাইয়ে শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নতে গিয়ে শাহরুখের সঙ্গে দিয়েছেন আইকনিক পোজ। শেষমেশ কনসার্টে নিজের কণ্ঠের দ্যুতি ছড়িয়ে মুগ্ধ করেছেন ভক্তদের।

ভারতের গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের সাথে করেছেন যুগলবন্দী। ওইসময় এড শিরানের কণ্ঠে ভারতীয় গান শুনে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠান শেষে দর্শক-অনুরাগীদের উদ্দেশ্য করে কৃতজ্ঞতাও জানান এই মার্কিন পপতারকা।

এর আগে, গ্র্যামিজয়ী এড শিরান জানান, আমি জানি ভারত একটি বড় দেশ। আজ এই কনসার্টে দূর-দূরান্ত থেকে লোকজন এসেছেন। কেউ বিমানে, কেউ ট্রেনে-বাসে আবার কেউ বা বাচ্চাদের নিয়ে এসেছেন। শনিবার রাতটা আমার সঙ্গে কাটানোর জন্য আপনারা অনেকটা সময় ব্যয় করেছেন আমি জানি।

উল্লেখ্য, এটি এড শিরানের দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১৭ সালে গ্র্যামিজয়ী এই পপ গায়ক সর্বপ্রথম ভারত সফরে এসেছিলেন।