Home Blog Page 96

জিম্মি নাবিকদের নিরাপত্তায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

0

সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের নিরাপত্তার স্বার্থে দেশের গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৬ মার্চ) চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনে ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের টেলিভিশনে কী দেখাচ্ছে, কী হচ্ছে সেটা কিন্তু যারা হাইজ্যাক করেছে তারা দেখে, স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সব টেলিভিশন দেখার সুযোগ আছে। যখন এই বিষয়টাকে অতি গুরুত্ব দেওয়া হয়, জিম্মিদের পরিবারের প্রতিক্রিয়া যখন ওরা দেখে, তখন হাইজ্যাককারীদের অবস্থান আরও অনমনীয় হয় এবং হচ্ছে। এই নেগেটিভ ইম্পেক্টটা হচ্ছে।

বিষয়টিকে সবারই সতর্কভাবে দেখা দরকার উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের মূল লক্ষ্য জিম্মি নাবিকদের মুক্ত করা। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলভাবে আচরণ করি তাহলে এই পরিস্থিতি উত্তরণ সহজ হবে।

তিনি বলেন, এটি নিয়ে সরকার কাজ করছে, অতীতেও সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ১০০ দিনের মাথায় একই কোম্পানির জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভব হয়েছিল। এখনও আমরা আশা করছি, আমাদের যে সমন্বিত প্রচেষ্টা আছে, সুস্থভাবে নাবিকদের মুক্ত করে নিয়ে আসতে পারব।

জেলের জালে ধরা পড়েছে ২০ লাখ টাকার লাক্ষা মাছ

0

পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লাখ টাকার লাক্ষা মাছ। ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের জালে ধরা পড়েছে মাছগুলো।

শুক্রবার (১৫ মার্চ) পিরোজপুরের বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে পাইকারি আড়তে মাছগুলো বিক্রি করা হয়। পরে পাইকাররা মাছগুলো চট্টগ্রামে পাঠিয়ে দেন বিক্রির জন্য।

ট্রলারের জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুই বার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন তারা। যার প্রতিটির ওজন সাত থেকে ২০ কেজি পর্যন্ত। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র পাঁচ দিনের মধ্যেই পাড়েরহাট মৎস্য বন্দরে তারা ফিরে আসতে পেরেছেন।

ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পর পর কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, এই মৎস্য বন্দরের সমুদ্রগামী ট্রলারে দুই টানেই ৯২টি লাক্ষা মাছ ধরা পড়েছে। যার প্রতিটির ওজন ৭-২০ কেজির মধ্যে। ৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন জানান, গত শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দামও বেশি।

রোববার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৭ মার্চ) সকালে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাদের এই সফর ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

জাতির পিতার জন্মবার্ষিকী ঘিরে তার জন্মভিটায় বিরাজ করছে উৎসবের আমেজ। সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ। থাকবে নাচ-গান ও কবিতা আবৃত্তির আয়োজন।

এরই মধ্যে শেষ হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভা বর্ধনের কাজ। জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। উৎসাহের কমতি নেই তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও। রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরইমধ্যে নিরাপত্তাসহ সব প্রস্তুতিও ইতোমধ্যে শেষ করেছে প্রশাসন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে নিরাপত্তাময় ও উৎসবমুখর করার লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

জানা গেছে, টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তারা।

এরপর রাষ্ট্রপতিকে বিদায় জানিয়ে সমাধি সৌধ কমপ্লেক্সের ১ নম্বর গেটে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা ফিরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে গোপালগঞ্জে বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ‘শয়তান’

0

লিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত হরর ঘরানার ছবি ‘শয়তান’ মুক্তি পায় শুক্রবার (৮ মার্চ)। প্রথম দিনেই বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে ছবিটি। সপ্তাহ শেষেও সেই দাপট অব্যাহত রেখে এবার ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল এই ছবি।

প্রথম ৭ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১০৪ কোটি রুপি।

যার ভেতর শুধু ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৭৮ কোটি রুপি! মুক্তির দিন অর্থাৎ শুক্রবার, ৮ মার্চ বক্স অফিসে ‘শয়তান’ ১৪.৭৫ কোটি রুপি আয় করে।

ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বহেল। প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। সিনেমাটি প্রযোজনা করেছে যৌথভাবে দেবগন ফিল্মস, জিও স্টুডিওস ও প্যানোরামা স্টুডিওস।

কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি ‘শয়তান’ ছবিটি। এটি গুজরাটি ছবি ‘বশ’-এর রিমেক। ‘শয়তান’ ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা ও জানকী বোডিওয়ালা।

বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব

0

বাংলাদেশের রোজাদারদের ইফতারের জন্য ২০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে খাদেমে হারামাইন শরিফাইনের ইফতার আয়োজন কর্মসূচির অধীন এই খেজুর উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের খবরে বলা হয়েছে, রমজানে বিশেষভাবে বিতরণ করা এই খেজুরের মাধ্যমে ২০ হাজার পরিবার উপকৃত হবে।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এবং দূতাবাসের ধর্ম বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত কনসাল মোবারক আল-আনজারি বাংলাদেশের ধর্মমন্ত্রী মুহাম্মদ ফরিদুল হক খানের কাছে খেজুর হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব, আলেম, বিশ্ববিদ্যালয় ও দাতব্য সংস্থার কর্মকর্তারা।

এদিকে আরব নিউজের খবরে আরও ৯৩টি দেশে সৌদি আরবের পক্ষ থেকে খেজুর পাঠানোর তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায় রমজান উপলক্ষে ২০ টন খেজুর এবং পবিত্র কোরআন শরিফ পাঠিয়েছে সৌদি আরব। এতে প্রায় ৪০ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে বলে আশা করা হচ্ছে।

রমজান উপলক্ষে দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয়েছে ছয় টন খেজুর; জাম্বিয়া এবং মোজাম্বিক পেয়েছে পাঁচ টন করে; মরিশাস, জিম্বাবুয়ে, মালাউই, অ্যাঙ্গোলা, বতসোয়ানা এবং নামিবিয়া তিন টন করে এবং এসওয়াতিনি পেয়েছে দুই টন খেজুর। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত সৌদি দূতাবাসের কর্মকর্তা মুহাম্মদ আশুর জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে অন্তত ৯০ হাজার মুসলিম উপকৃত হবেন।

এ ছাড়া বলকান রাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনায় ৩০ হাজারেরও বেশি মানুষের মধ্যে ১০ টন খেজুর বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সৌদি রাষ্ট্রদূত ওসামা আল-আহমাদি, বসনিয়ান গ্র্যান্ড মুফতি হুসেইন কাভাজোভিচ এবং অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বিশ্বজুড়ে ইসলামের সেবায় কাজ করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতি তুলে ধরেন রাষ্ট্রদূত আল-আহমাদি।

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালেও শত শত পরিবার, ইসলামিক কেন্দ্র, এতিমখানা এবং মসজিদে ১৫ টন খেজুর বিতরণের তত্ত্বাবধান করছে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।
খবর এসপিএ

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। যাতে এ দেশে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।

আজ শনিবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিকী সম্মেলনের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার জীবনের অনেক স্মৃতি এখানে। আমি বিয়ে থেকে শুরু জীবনের সব ঘটনা এই ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে। সেই ১৯৮০ সাল থেকে এর সঙ্গে জড়িত।

তিনি বলেন, আমি সব সময় একটা কথায় বিশ্বাস করি, জীবে প্রেম করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর। এই মন্ত্র মাথায় নিয়ে আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে কাজ করছি। যাতে এ দেশে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পায়।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভোমিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

0

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৫ মার্চ) থেকে শনিবার (১৬ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৫৫৪ পিস ইয়াবা, ৩১ গ্রাম হেরোইন, ৩৯ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৫টি ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা করা হয়েছে।

সুইডেনের ক্রাউন প্রিন্সেসের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

0

বাংলাদেশ সফরের আগে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মেহেদী হাসান।

গত বৃহস্পতিবার সুইডেনের রয়েল প্যালেসে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

স্টকহোমের বাংলাদেশ দূতাবাস জানায়, ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বাংলাদেশ সফরের দিকে তাকিয়ে আছেন। তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভিভূত। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন প্রক্রিয়া, ডিজিটালাইজেশন, প্রযুক্তির ব্যবহার, কমিউনিটি ক্লিনিক, সাসটেইনেবিলিটি (স্থায়িত্ব) ও পাট ও পাটজাত পণ্য।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফরে আসছেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। আগামী ১৮-২১ মার্চ তিনি বাংলাদেশ সফর করবেন।

প্রধানমন্ত্রী সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করেন : পলক

0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। তিনি সারাদেশে ১ কোটি ৩০ লাখ পরিবারকে টিসিবির স্মার্ড কার্ড প্রদান করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ন্যায্য মূল্যে সরবরাহ করে যাচ্ছেন। আমৃত্যু আমরা অসহায় মানুষের জন্য কাজ করে যাব।

আজ শনিবার সকাল ১০টায় সিংড়া উপজেলা সরকারি খাদ্য গোডাউন চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ হতে প্রাপ্ত উপহারসামগ্রী বিতরণকালে এ তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দেশের আর্থিক সংকট অতিক্রম করে যাব আমরা। মহান আল্লাহ আমাদের সহায়।

তিনি বলেন, বিগত বছরগুলোতে করোনা মহামারির বিস্তার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনি মুসলিমদের ওপর অমানুষিক নির্যাতন ও হত্যার কারণে সারা বিশ্বে আর্থিক সংকট তৈরি হয়েছে। বৈশ্বিক এ সংকটের জন্যে আমরা দায়ী নই, কিন্তু আমরা ভুক্তভোগী। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা এ সংকট অতিক্রম করে যেতে চাই। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। তিনি ইফতার মাহফিলের মতো ব্যয়বহুল আনুষ্ঠানিকতা পরিহার করতে বলেছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের এ রমজানে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সক্রিয় রয়েছি। ব্যক্তিগত সামর্থ্য এবং সাংগঠনিকভাবে আমরা অসহায় মানুষের অভাব মেটাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি।

উপজেলার ৫০০ অসহায় পরিবারের মধ্যে বিতরণকৃত উপহারসামগ্রী প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, সাত কেজি মসুরের ডাল, তিন লিটার সয়াবিন তেল, তিন কেজি চিনি ও দুই কেজি লবণ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজী এবং সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

ত্রাণ নিয়ে গাজা উপকূলে পৌঁছেছে জাহাজ

0

ত্রাণ সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজা উপকূলে পৌঁছেছে ওপেন আর্মস নামের একটি জাহাজ। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এটিই গাজায় যাওয়া প্রথম ত্রাণবাহী জাহাজ।

সাইপ্রাস থেকে যাত্রা শুরুর তিন দিন পর জাহাজটি গাজা উপকূলে পৌঁছে। জাহাজটিতে ২০০ টন খাদ্য রয়েছে।

জাহাজটি উপকূলে দেখার পর ত্রাণ পাওয়ার আশায় কিছু মানুষ তীরে জড় হয়েছেন।

স্প্যানিশ দাতব্য সংস্থা ‘ওপেন আর্মস’ এই ত্রাণবাহী জাহাজটি পরিচালনা করছে। দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন একটি অস্থায়ী জেটি থেকে জাহাজের ত্রাণ বিতরণ করবে।

গাজায় সমুদ্রপথে ত্রাণ সহায়তা পাঠাতে অস্থায়ী বন্দর নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। অস্থায়ী বন্দর নির্মাণের সরঞ্জাম নিয়ে গাজার উদ্দেশে রওনা দিয়েছে কয়েকটি জাহাজ।

এদিকে উত্তর গাজার একটি হাসপাতালের জরুরি পরিষেবার পরিচালক মোহাম্মদ ঘুরাব এএফপিকে বলেন, একটি খাবারের ট্রাকের জন্য গোলচত্বরে অপেক্ষামাণ লোকজনের ওপর ‘দখলদার বাহিনীর সরাসরি গুলি’ চালিয়েছে।

ঘটনাস্থলে এএফপির একজন সাংবাদিক বেশ কয়েকটি মৃতদেহ এবং গুলিবিদ্ধ লোকজন দেখতে পান।

ইসরায়েলি সামরিক বাহিনী সাহায্যের অপেক্ষায় থাকা গাজাবাসীদের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে।

এটি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘ইসরায়েলি বাহিনী একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কয়েক ডজন গাজাবাসীকে আক্রমণ করেছে বলে রিপোর্টগুলো ভুল।’

এদিকে জাতিসংঘের সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে।