Home Blog Page 3499

বিরোধীদলকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই কাজ করছে সরকার: ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদলকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই কাজ করছে সরকার। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে একথা বলেন তিনি। উচ্চ আদালতের ওপর সরকারের প্রভাবের কারণেই বেগম জিয়া জামিন পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অত্যন্ত সচেতনভাবে রাষ্ট্রবিরোধী কিছু ভূমিকা পালন করছে। সে ভূমিকার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান লঙ্ঘন করছে একে পর এক। একই ধরনের মামলায় অনেকে সাজা পেয়েছেন; তারা জামিনে রয়েছেন। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না।

তিনি আরো বলেন, বাংলাদেশে যাতে বিরোধীদল না থাকে এবং ভিন্নমত না থাকে তার জন্যই অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছেন।

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সৈন্য নিহত

0

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় ৯ সৈন্য নিহত হয়েছেন। এ হামলায় আরও ২৭ জন নিখোঁজ হয়েছেন।
বুধবার একটি নিরাপত্তা সংস্থার তিন সৈন্য ও এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পরিচয় না প্রকাশ করার শর্তে ওই তিন সৈন্য ও কর্মকর্তা জানান, মঙ্গলবার বোর্নো রাজ্যের গুদুমবালির একটি সামরিক ঘাঁটিতে জঙ্গিরা সৈন্যদের ওপর হামলা চালায়। এ হামলায় ৯ সৈন্য নিহত হন ও ২৭ সৈন্য নিখোঁজ রয়েছেন।
নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র সগির মুসা বলেন, ‘আমরা হামলাটি প্রতিহত করেছি। তবে কোনো সৈন্য নিহত বা নিখোঁজ হয়েছে কি না, তা আমার জানা নেই।’
ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ওই এলাকায় দুটি হামলা চালানো দাবি করেছে বলে আরেকটি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহ শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। এর পর থেকে এক দশকে ৩০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

জাপানে চাকরির সুযোগ : বাংলাদেশিদের বিনা খরচে যেতে যা করতে হবে

0

কোনো ধরনের খরচ ছাড়াই দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিদের জন্য।
সম্প্রতি জাপানের সঙ্গে জনশক্তি রফতানি-বিষয়ক একটি চুক্তি সই করেছে বাংলাদেশ।
২০১৫ সালে জাপানে শ্রমের চাহিদা পূরণে বিদেশি শ্রমিক নিয়োগের কঠোর অভিবাসন নীতি শিথিল করে পার্লামেন্টে নতুন আইন পাস করা হয়। যেখানে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৩ লাখ ৪৫ হাজার শ্রমিক নেয়া হবে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকেও শ্রমিক নেওয়ার চুক্তি সই হয় দুই দেশের সরকারের মধ্যে।
তবে এই চুক্তি অনুযায়ী কী পরিমাণ জনশক্তি বাংলাদেশ থেকে নেয়া হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বলেন, ‘কী পরিমাণ শ্রমিক নেবে সেটি নির্ভর করবে আমাদের প্রস্তুতির ওপরে। খুব বেশি পরিমাণ এক সঙ্গে নেবে না। আস্তে আস্তে নেবে।’
বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার ও ফিলিপাইন থেকে জনশক্তি নেবে জাপান।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম জানান, নতুন এ চুক্তির আওতায় দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যেতে হলে কোনো ধরনের অর্থ খরচ করতে হবে না। তবে অনুমোদিত সংস্থাগুলো থেকে জাপানি ভাষায় দক্ষতা অর্জনে কিছু পরিমাণ ফি দিতে হবে। তবে পেশার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত কাউকে ভাষা শেখার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে না।
পেশাগত দক্ষতা এবং ভাষা শিক্ষা শেষে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে জাপান দূতাবাসে। সেখানে তাদের অনুমোদিত সংস্থার মাধ্যমে সব ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যেসব খাতে জনশক্তি নেয়া হবে
মোট ১৪টি খাতে লোক নেবে জাপান। এর মধ্যে কেয়ার গিভার অর্থাৎ যারা হাসপাতালে নার্স বা প্রবীণ নিবাসে সেবা দান করবেন এমন দক্ষ জনশক্তি প্রাধান্য পাবে।
রৌনক জাহান বলেন, জাপানে কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিকদের জন্য বড় খাত উন্মোচিত হচ্ছে। কারণ এ খাতে বিভিন্ন ধরনের উপখাত রয়েছে যেখানে বাংলাদেশি শ্রমিকরা নিয়োগ পেতে পারে।
এ দুটি খাত ছাড়াও কৃষি শ্রমিক, পরিচ্ছন্ন কর্মী, যন্ত্রাংশ তৈরির কারাখানা, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, জাহাজ শিল্প এবং গাড়ি নির্মাণ খাতসহ মোট ১৪টি খাতে জনশক্তি রফতানির সুযোগ রয়েছে।
ভাষা শিক্ষা
জাপানে যেতে হলে জাপানি ভাষা জানতে হবে। এ জন্য জাপানি ভাষার এন ফোর লেভেল পর্যন্ত জানতে হবে। জাপানি ভাষায় এন ফাইভ হচ্ছে প্রাথমিক পর্যায়। এর পরের ধাপ হচ্ছে এন ফোর লেভেল। অর্থাৎ জাপানি ভাষায় বলতে, লিখতে ও পড়তে জানতে হবে।
জাপানে যেতে হলে জাপানি ভাষা জানার সর্বনিম্ন স্ট্যান্ডার্ড এটি। এর পরে এন থ্রি বা এন টু জানলে সেটাকে অতিরিক্ত যোগ্যতা বলে ধরা হবে। এ ছাড়া জাপানে যাওয়ার পরও নিয়মিত ভাষার বিষয়ে পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে।
জাপানি ভাষা শেখার জন্য প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ২৭টি ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
ভাষা শিক্ষার সার্টিফিকেট পেতে বাংলাদেশে অবস্থিত জাপানের দূতাবাসে গিয়ে পরীক্ষা দিতে হবে।
পেশাগত দক্ষতা
উল্লিখিত খাতে দক্ষ শ্রমিকরাই কেবল জাপানে যাওয়ার সুযোগ পাবেন। জাপানে যেতে হলে প্রথমেই দক্ষতার পরীক্ষা দিতে হবে। দক্ষতায় টিকে গেলে শুরু হবে ভাষা শেখা।
জাহাঙ্গীর আলম বলেন, যারা এরই মধ্যে বিভিন্ন পেশায় রয়েছেন এবং যাদের পেশাগত কাজের সার্টিফিকেট রয়েছে তারা দক্ষ শ্রমিক হিসেবে গণ্য হবেন। তবে যাদের দক্ষতা রয়েছে কিন্তু সার্টিফিকেট নেই তারা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন। এ ছাড়া সরকার অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কয়েক মাসের প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। এ ছাড়া নার্সিং ইনস্টিটিউটগুলোয় সেবা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
কৃষিকাজের ক্ষেত্রে যারা বিভিন্ন ডিপ্লোমা কোর্স করেছেন এবং সার্টিফিকেট রয়েছে তারা যেতে পারবেন। এ ছাড়া বিভিন্ন ইনস্টিটিউটে কৃষি বিষয়ক প্রশিক্ষণ নিয়েও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
শারীরিক যোগ্যতা
দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যেতে হলে বয়স কোনোভাবেই ৩২ বছরের বেশি হওয়া যাবে না। স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কোনো ধরনের রোগ রয়েছে কিনা সেটিও নিশ্চিত করা হবে। এ ছাড়া চারিত্রিক সনদ অর্থাৎ কোন আবেদনকারীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে।
আবেদনের পদ্ধতি
প্রয়োজনীয় দক্ষতা থাকলে অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জাপানে শ্রমিক পাঠিয়ে থাকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি। এ ছাড়া জাপান সরকারের সাথে হওয়া নতুন জনশক্তি রপ্তানি চুক্তির আওতায় এরই মধ্যে ১১টি সংস্থাকে অনুমোদন দেয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।
এসব সংস্থার যোগ্যতা হলো- বাংলাদেশ ছাড়াও জাপানে তাদের অফিস রয়েছে। তাদের অনেকেই এরই মধ্যে ভাষা শেখানোর কার্যক্রম শুরু করেছে বলেও জানান জাহাঙ্গীর আলম।
মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বলেন, ‘রিক্রুটিং এজেন্সি হিসেবে যেসব সংস্থাকে নিয়োগ দেয়া হয়েছে তাদের জন্য নির্দিষ্ট গাউডলাইন আছে। আমরা সেগুলো কঠোরভাবে অনুসরণ করব।’
সম্ভাব্য আয়
সব প্রক্রিয়া শেষ করে জাপানে যাওয়ার পর ভালো বেতনে কাজের সুযোগ রয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, শ্রমিকদের বেতন নির্ভর করবে কোন শ্রমিক কোন ধরনের কাজে নিয়োগ পাচ্ছে তার ওপর। তবে একজন দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যাওয়ার পর কাজের ধরনভেদে প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় দেড় থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।
খবর বিবিসি বাংলা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি

0

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ঐ বিশ্বকাপের চিন্তা মাথায় রেখেই আগামীকাল থেকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। এমনটাই আজ সংবাদ সম্মেলনে বললেন বাংলাদেশ অধিনায়ক রাসেল ডমিঙ্গো। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান।

ওয়ানডে ক্রিকেটে ভালো পারফরমেন্স করলেও, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স চোখে পড়ার মতো নয়। সদ্য আফগানিস্তানের কাছে এক ম্যাচের সিরিজ হার সমালোচনার মাত্রা বহগুণে বাড়িয়ে দিয়েছে। তাই হার দিয়েই বাংলাদেশের সাথে নিজের পথচলা শুরু করলেন ডমিঙ্গো।

টেস্ট শেষে এখন বাংলাদেশের হয়ে রঙ্গিন পোশাক পড়ার পালা ডমিঙ্গোর। টি-টোয়েন্টি ফরম্যাটে আগামীকাল বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক হবে ডমিঙ্গোর। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তায় রেখেই এখন থেকেই পরিকল্পনা করছেন তিনি। তাই ত্রিদেশীয় সিরিজ দিয়েই পথচলা শুরু করছেন ডমিঙ্গো।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, টি-টোয়েন্টি ম্যাচের দিকে এখন আমাদের নজর দেয়া উচিত। বিশ্বকাপের আগে আমরা ১৫ বা ১৬টি ম্যাচ খেলব। তাই এখন থেকেই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করা উচিত। কারন বিশ্বকাপের আগে আমাদের কিছু বিভাগে উন্নতি করতে হবে এবং চাপের মধ্যে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের টেস্ট রেকর্ড তেমন ভালো নয়। তাই ব্যক্তিগতভাবে, দলের কাঠামো নিয়ে কাজ করার দরকার আছে। সামনে এগিয়ে যাবার জন্য আমি অনেক কিছুই চিন্তা করেছি। পরিকল্পনাগুলো কাজে লাগানোর জন্য আমি অনেক বেশি আশাবাদী।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কোনো পেসার খেলায়নি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে এটি হবে না। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা চিন্তা করে এখন থেকেই পেসারদের নিয়ে কাজ করার কথা বললেন ডমিঙ্গো, ‘এটি সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট এবং ভিন্ন কন্ডিশনে খেলা এবং পরের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। তাই এখন থেকেই পেসার আমাদের দলে পেসার প্রয়োজন। আমার মনে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে আমাদের বেশ কিছু পেস বলার খেলাতে হবে।’

ত্রিদেশীয় সিরিজ টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায়, ফেভারিটের তকমাটা আফগানিস্তানের দিকেই। কিন্তু ডমিঙ্গো মনে করেন, ‘বাংলাদেশও এবারের আসরে ভালো পারফরমেন্স করবে। আমরা প্রত্যক খেলায় জিততে চাইব। বিশেষভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে। যেকোনো দিন যে কোনো দল যেকোন দলকে হারাতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি না, কাল আমরাই জিতব, কিন্তু এটি নিশ্চিতভাবে বলতে পারি, আগামীকাল আমরা নিজেদের সেরা পারফরমেন্সই দেব।’

জিম্বাবুয়েকে নিয়ে নিজের অভিমত দিয়েছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘দলটি সঙ্কটের মধ্যে আছে। তবে তাদের দলগতভাবে ভালো পারফরমেন্স প্রয়োজন। এটি একটি দলকে ধ্বংস করতে পারে বা একত্রিতও করতে পারে। তারা আফ্রিকার একটি অংশ এবং আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। এই মূর্হুতে যে, জিম্বাবুয়ে অনেক বেশি পরিশ্রম করছে এতে কোনো সন্দেহ নেই। সামনের দিকে এগিয়ে এই পরিশ্রম তাদের সহায়তা করবে।’

অরুণিমা শেয়ার করলেন ভয়ানক অভিজ্ঞতা

0

সাম্প্রতিক সময়ে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন অনেকই। বাদ পড়ছেন না অভিনেতা-অভিনেত্রীরা। সচেতন না হলেই সেই ফাঁদে আটকে যাওয়ার সমূহ সম্ভাবনা। বুঝে ওঠার আগেই হয়তো অনেকটা ক্ষতি হয়ে যাবে। ঠিক যেমনটা হয়েছিল অভিনেত্রী অরুণিমা ঘোষের সঙ্গে।

তিনি বলেন, প্রথমে ইনস্টাগ্রামে একের পর এক মেসেজ পাঠাতে শুরু করে লোকটি। প্রথমে ভালোমন্দ কথা বলে ভাব জমায়। তারপর বাড়ি থেকে শপিং মল সর্বত্রই অভিনেত্রীর পিছু নেওয়া শুরু করে ওই ব্যক্তি। এমনকি তার বাড়িতেও পৌঁছে যায়। সাইবার ক্রাইম নিয়ে এমনই ভয়ানক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী অরুণিমা ঘোষ।

শুধু অরুণিমা ঘোষই নন, সাইবার ফাঁদের পড়ার নিয়ে নিজের মতামত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মানালি দেও।

প্রসঙ্গত, সাইবার ক্রাইমকে বিষয় করেই তৈরি হয়েছে দেব-রুক্মিণী, পরমব্রত-পাওলি জুটির ‘পাসওয়ার্ড’। ২ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি। তবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের দাবি, শুধু সিনেমা বানানোই নয়, সচেতনতা গড়ে তোলাও তাদের দায়িত্ব। আর তাই সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বাড়াতেই অভিনেত্রী থেকে আমজনতার নানান অভিজ্ঞতার কথা শেয়ার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করছে দেব এন্টারটেইমমেন্ট ভেঞ্চার্স। তাদের বক্তব্য একটাই ‘সতর্ক থাকুন, কারণ আপনিও নজরবন্দি।’

লতা মঙ্গেশকরের গান নকল করেননি রানু!

0

হঠাৎ একটি গানই বদলে দেবে গোটা জীবনটা। হাতের মুঠোয় চলে আসবে যশ, অর্থ, প্রতিপত্তি! রানাঘাট থেকে স্টেশন থেকে রানুর বলিউড জার্নি সত্যিই এখন গোটা দেশ ও দশের কাছে অনুপ্রেরণা! কিন্তু লতা মঙ্গেশকর সম্প্রতি তাকে অনুপ্রেরণা না দিয়ে রানু মন্ডলের উদ্দেশে মন্তব্য করেছিলেন যে নকল করে খুব বেশিদূর এগোনো যায় না। নকল করে সফল হতে গেলে সেটা দীর্ঘস্থায়ী হয় না।

এদিকে বুধবার সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া, ইন্টারনেট সেনসেশন রানু মন্ডলকে নিয়ে বললেন, তিনি লতা মঙ্গেশকরের গান উদ্বুদ্ধ, তবে তার গান ‘সরাসরি নকল’ করেননি। হিমেশ বলেন, রানু তার গানে উদ্বুদ্ধ, কিন্তু তার মতো কিংবদন্তী একজনই হয়। তিনি সেরা।

রেশমিয়া আরো জানান, কারো কাজ থেকে উৎসাহ পাওয়া এবং কারো কাজ নকল করার মধ্যে তফাত রয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যেকে কোথাও থেকে উৎসাহ পাই। এই উদ্বুদ্ধ হওয়াটা জরুরী…আর রানু প্রতিভা নিয়েই জন্মেছেন।’

কাল মায়াবতী মুক্তি পাচ্ছে ২২ সিনেমা হলে

0

আগামীকাল নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির প্রথম সিনেমা ‘মায়াবতী’ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতা অরুণ চৌধুরী জানালেন, স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, বলাকাসহ সারাদেশে মোট ২২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মায়াবতী’।

নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘দর্শকদের উদ্দেশ্যে তিশা বলেন, ‘আমারদের দেশে এখন অনেক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আপনারা সিনেমা হলে আসলে, দেশের সিনেমার পাশে থাকলে আমারা আরও ভালো ছবি উপহার দিতে পারবো। সিনেমাটির টিজার, ট্রেলার ও গান বেশ সাড়া পেয়েছি আমরা। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।’

‘মায়াবতী’ ছবিটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন। ছবিতে তিশা, রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, নরেশ ভুঁইয়া, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল, আগুন, মীম প্রমুখ।

মায়াবতী ছবিটি মুক্তি পাচ্ছে যেসব হলগুলোতে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ষ্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার),ব্লকবাষ্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা (নিউ মার্কেট), মধুমিতা (মতিঝিল), শ্যামলী (শ্যামলী স্কয়ার), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), আনন্দ(ফার্মগেট), মম ইন (বগুড়া), বর্ষা (জয়দেবপুর), সেনা অডিটোরিয়াম ( সাভার), চম্পাকলি ( টঙ্গী), রানীমহল (ডেমরা), ছায়াবানী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), বনলতা ( ফরিদপুর), মালঞ্চ (টাঙ্গাইল), পূর্বাশা (সান্তাহার), ছন্দা (কালীগঞ্জ), রাজু (ঈশ্বরদী), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চিত্রালী (খুলনা)।

জানুয়ারিতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল

0

জানুয়ারিতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। তিনি জানান, এফটিপিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় বাংলাদেশকে এই সিরিজ খেলতে যেতে হবে।
নিজাম উদ্দিন বলেন, এটা আমাদের এফটিপি কমিটমেন্ট, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পাকিস্তানের অবস্থানরত দূতাবাসের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। সার্বিক পরিস্থিতি বিষয় পর্যবেক্ষণ করেই পাকিস্তান সফরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আইসিসির নির্ধারিত ফিউচার ট্যুর প্লান বা এফটিপি মেনেই এই সফরে যাবে বাংলাদেশ। এফটিপি অনুযায়ী, পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় দল, স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে ২টি টেস্ট ও ৩ টি-২০ ম্যাচের পৃথক দুটি সিরিজ খেলবে। অন্যদিকে এই সফরে থাকছে না কোনো ওয়ানডে সিরিজ।

শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

0

আগামীকাল বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের মধ্য দিয়ে কাল মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টানা হারের বৃত্ত থেকে বের হতে এই ম্যাচে জয় চায় সাকিবের দল। মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায়।
হতাশার বিশ্বকাপের পর থেকেই সময়টা একেবারেই ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের পর সাদা পোশাকে হারতে হয়েছে দুর্বল আফগানদের বিপক্ষেও। তাইতো গুমোট এমন অবস্থা কাটতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে। এ পর্যন্ত দু’দলের ৯ বারের সাক্ষাতে আফ্রিকার দেশটির ৪ জয়ের বিপরীতে ৫বার জিতেছে বাংলাদেশ। সঙ্গে নিজেদের শেষ ৫ ম্যাচের ৩টিতে আছে জয়। তাইতো নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকলেও তারুণ্যে ভর করে জয় দিয়ে আসর শুরু করতে চায় টিম টাইগার্স।
অন্যদিকে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকলেও এ সিরিজ দিয়ে নিজেদের মেলে ধরার প্রত্যয় জিম্বাবুয়ের। তার ওপর বিসিবি একাদশের বিপক্ষে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে তারা পেয়েছে ৭ উইকেটের দাপুটে জয়। তাইতো মাঠের খেলায় স্বাগতিকদের বিন্দুমাত্র ছাড় না দেয়ার অঙ্গীকার মাসাকাজ্জার দলের।

আগামীকাল ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস (সিট-প্ল্যান) বিশবিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.du.ac.bd) থেকে জানা যাবে। এবছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন করা যাবো না। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে জানানো হয়।
‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
এছাড়া, চারুকলা অনুষদভুক্ত ‘চ’-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস (সিট-প্ল্যান) বিশবিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) থেকে জানা যাবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবছর, চ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারীর ১৬ হাজার এক জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রও পরিদর্শন করবেন।
এছাড়া, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ও অঙ্কন পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।