Home Blog Page 3506

‘গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করলে এরশাদ খারাপ!’

0

‘এরশাদ যখন খালেদা জিয়াকে গুলশানে এক টাকায় বাড়ি আর ক্যান্টনমেন্টে সাড়ে ২২ বিঘার বাড়ি দিয়ে দেন তখন খুব ভালো লোক। আর যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন তখন হয়ে যান খারাপ। উনাদের কথা জনগণ বিশ্বাস করবে না।’

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, ‘যখন উনি ( মির্জা ফখরুল) এ বক্তব্য দেন তখন ওনার ডানে বামে কে ছিল আপনারা কি দেখেছেন? দেখেননি! উনার ডানে ছিলেন মওদুদ আহমেদ। মওদুদ আহমেদ এরশাদের কী ছিলেন? উনারা গণতন্ত্র বাঁচিয়ে রেখেছেন মওদুদকে নিয়ে।’ খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা, এতিমখানার টাকা চুরি করায় জেলে। তাঁকে জামিন দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের।’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

‘রোহিঙ্গা ইস্যুটি অগ্রাধিকার হিসেবে রয়েছে, তোলা হবে জাতিসংঘে’

0

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি আমাদের অগ্রাধিকার হিসেবে রয়েছে। জাতিসংঘের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে। বিষয়টি অবশ্যই সেখানে বিভিন্ন ফোরামে বিষয়টি তোলা হবে।’

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিজ ক্লাবে কুসুমকলি স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, ব্যাগ ও অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রচেষ্টা চালিয়ে যাবো। আশা করছি আগামীতে কোনো সময় প্রত্যাবাসন শুরু হবে।

মিয়ানমারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো আলাপ আলোচনা চলছে। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন। শুধু শুধু বসেতো লাভ নেই। আমরা অনেকবার বসেছি। আমরা চাই আলোচনা যাতে ফলপ্রসূ হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্যার সমাধান না হলে এই এলাকায় যতগুলো রাষ্ট্র আছে, চীন, ভারত, মিয়ানমার, বাংলাদেশে আগামীতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হবে। আর অনিশ্চয়তা তৈরি হলে উন্নয়নও হয় না, লক্ষ্যবস্তুগুলোও অর্জন সম্ভব হবে না। আমরা তাদেরকে এটাই বলেছি। এখানে যদি ঝামেলা হয়, তাহলে সেটা সবার জন্যই অমঙ্গল হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অনেক টাকা পয়সা দিচ্ছে। তারা বড় দাতা। এই সহায়তা চালিয়ে যাবে। তবে মিয়ানমারের জেনারেলের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়া ছাড়া তারা আর কিছুই করেনি। মিয়ানমারকে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা দিয়েছে। একটি নেভাল চুক্তিও করেছে।

মানবাধিকার সংগঠনগুলো সুযোগ সুবিধা কেড়ে নেওয়ার কথা বলছে, এমন প্রশ্নে সংগঠনগুলোকে জিজ্ঞেস করার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, তারা রোহিঙ্গাদের নিজেদের জায়গায় নিয়ে গেলে আমরা স্বাগত জানাবো। এতে আমাদের কোনো আপত্তি নেই। যারা এসব বলেন খুব সহজে, কিন্তু করা খুব কঠিন। যারা এসব কথা বলেন তারা রোহিঙ্গাদের রাখাইনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে না কেন। সেখানে নিয়ে গিয়ে এসব কথা বলে না কেন। রাখাইনে এখনো বসবাসের কোনো পরিবেশ তৈরি হয়নি বলে জেনেছি, সেখানে গিয়ে বলুক।

রোহিঙ্গাদের হাতে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে আমরা শক্ত অবস্থান নিয়েছি। ভুয়া কাগজপত্র দিয়ে তারা যাতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিতে না পারে সেজন্য উদ্যোগ নিয়েছি। ভুয়া হলে আমরা সেগুলো জব্দ করবো।

চাঁদে পাঠানো ভারতের মহাকাশযানে আসলে কী ঘটেছে?

0

ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো এখনও জানায়নি চাঁদের বুকে নামার কয়েক সেকেন্ড আগে ঠিক কী কারণে তারা অবতরণকারী যান বিক্রম-এর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। কিন্তু সংস্থাটির সাবেক সদস্যরা বলছেন, আসলে কী ঘটে থাকতে পারে?

চন্দ্রযান-২ মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে ২০শে অগাস্ট এবং ৭ই সেপ্টেম্বর ভারতের সময় সন্ধ্যা নাগাদ চাঁদের বুকে অবতরণ করার কথা ছিল। এর একমাস আগে সেটি পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

বিক্রম নামের এই যানটি চাঁদে নামার কয়েক মুহূর্ত আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেটি চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল।

এরপরে সেই যানটিকে চাঁদের বুকে দেখা গেছে, কিন্তু এখনও বিজ্ঞানীরা সেটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি।

পৃথিবী থেকে ওই অবতরণের চূড়ান্ত মুহূর্তটি পর্যবেক্ষণ করা হচ্ছিল। অবতরণের দৃশ্যটি টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।

যখন চূড়ান্ত মুহূর্ত গণনা শুরু হয়, তখন যানটি সেকেন্ডে ১৬৪০ মিটার বেগে এগিয়ে যাচ্ছিল। বিজ্ঞানীরা বলছেন, প্রথম দুই ধাপে মনে হচ্ছিল বিক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। কিন্তু তৃতীয় ধাপ, যেটি হোভারিং স্টেজ নামে পরিচিত, সে সময় সমস্যার শুরু হয়।

ইসরোর সাবেক সদস্য অধ্যাপক রোড্ডাম নরসিমহা বলছেন, সমস্যাটি হয়তো যানটির মূল ইঞ্জিনে শুরু হয়। পর্দায় যানটির চলাচল দেখে সেটিই মনে হচ্ছে।

”একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা হতে পারে, যানটি অনেক বেশি দ্রুত গতিতে নামতে শুরু করেছিল। চাঁদে অবতরণ করার সময় প্রতি সেকেন্ডে দুই মিটার গতিবেগে এটি নামার কথা ছিল। কিন্তু চাঁদের মাধ্যাকর্ষণের কারণে এটা সম্ভবত আরো বেশি দ্রুত গতিতে নামছিল।”

তাঁর বিশ্বাস, এর কারণ হয়তো যতটা জোর তৈরি করা দরকার ছিল, মূল ইঞ্জিনটি হয়তো সেটা তৈরি করতে পারেনি এবং যতটা ধীর গতি তৈরি হওয়া উচিত ছিল, সেটাও হয়নি।”

এর ফলে যানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

ভারতের প্রথম চন্দ্রাভিযানের প্রধান মায়লসোয়ামি আন্নাদুরাই বলছেন, গতির অনিয়মের কারণে দ্রুতগতিতে চাঁদে আছড়ে পড়ায় হয়তো যানটির ভেতর কোন একটা অংশ কাজ করছে না।

”খুব সম্ভবত মহাকাশযানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন আমরা তথ্যগুলো দেখবো, তখন পুরোপুরি বুঝতে পারবো কী হয়েছে।”

অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের পরমাণু ও মহাকাশ নীতি বিভাগের প্রধান রাজ্যেশ্বরী রাজাগোপালান বলেছেন, সম্ভবত ইঞ্জিনের কোন ক্রুটি এর কারণ।

”সব তথ্য না পাওয়া পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছানো কঠিন, কিন্তু কিছু একটা সমস্যা তৈরি হয়েছে। যখন সেটি দ্রুতগতিতে অবতরণ করবে, তখন সেখানে প্রচুর ধুলাবালি উড়বে এবং মাধ্যাকর্ষণের কারণে মহাকাশযানটিকে অনেক নাড়াবে। কিন্তু আমার মনে হচ্ছে, যেকোনো একটি ইঞ্জিন হয়তো ঠিকভাবে কাজ করেনি।”

চন্দ্রযান-২ হচ্ছে ইসরোর নেয়া সবচেয়ে জটিল অভিযান।

এই মহাকাশযানের ভেতরে ২৭ কেজি ওজনের মুনরোভার রয়েছে, যেটির নাম প্রজ্ঞান। চার চাকার এই রোবট যানটি চাঁদের বুকের মাটি পর্যালোচনা করতে সক্ষম।

এই রোভারটির ৫০০ মিটার পর্যন্ত পরিভ্রমণের ক্ষমতা রয়েছে এবং ১৪দিন পর্যন্ত টিকে থাকতে পারে। চাঁদের বুকের তথ্য ও ছবি নিয়ে সেটি পৃথিবীতে পাঠাতে পারে।

এই অভিযানের কয়েকটি উদ্দেশ্যের মধ্যে রয়েছে চন্দ্রপৃষ্ঠ সম্পর্কে তথ্য সংগ্রহ, পানি ও খনিজের সন্ধান এবং চাঁদের ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

হাতব্যাগের জন্য অতিরিক্ত টাকা! এবার বিগ বাজারকেও জরিমানা

0

হাতব্যাগের জন্য গ্রাহকের কাছে অতিরিক্ত টাকা চাওয়ায় বিগ বাজারকে জরিমানা করা হয়েছে। এর আগে হাতব্যাগের জন্য টাকা চাওয়ার কারণে জরিমানা দিতে হয়েছিল জুতা প্রস্তুকারক প্রতিষ্ঠান বাটা ইন্ডিয়াকে। এবার সেই একই ঘটনা ঘটেছে বিগ বাজারের সঙ্গেও। হাতব্যাগের জন্য ক্রেতা সুরক্ষা দপ্তর এই বাণিজ্যিক বিপণন সংস্থাকে জরিমানা করেছে। ১১ হাজার ৫১৮ টাকা জরিমানা করা হয়েছে বিগ বাজারকে।

পাঁচকুলার ক্রেতা সৌরভ কুমারের অভিযোগের ভিত্তিতে ঘটনা ঘটে। গত ২১ ফেব্রুয়ারি বিগ বাজারে তাঁর কাছে প্লাস্টিকের হাতব্যাগের জন্য ১৮ টাকা চাওয়া হয়। তিনি প্রথমে ওই টাকা দিতে চাননি। ক্যাশ কাউন্টারে যিনি বসেছিলেন তিনি সৌরভকে বলেন ১৮ টাকা দিতেই হবে। এই ঘটনার পরই সৌরভ ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করেন। এরপর চণ্ডীগড় স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল বিগ বাজারকে জরিমানার নির্দেশ দেয়।

এ ঘটনার পর বিগ বাজারকে ১১ হাজার ৫১৮ টাকা জরিমানা করেছে ক্রেতা সুরক্ষা দপ্তর। প্লাস্টিকের হাতব্যাগের দাম ফেরত দেওয়া ছাড়াও ক্ষতিপূরণ বাবদ ৫০০ টাকা ও আইনি খরচের ৫০০ টাকা সৌরভকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও কনজিউমার লিগাল এইড ফান্ডে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে বিগ বাজারকে।

এর আগে, ক্যারি ব্যাগের জন্য বাটা ইন্ডিয়াকে ৯ হাজার ক্ষতিপূরণ দিতে হয়। ৫ ফেব্রুয়ারি বাটা শোরুম থেকে একজোড়া জুতা কেনেন এক ক্রেতা। জুতার দাম ৩৯৯ টাকা। কিন্তু কাগজের ব্যাগের জন্য আরো তিন টাকা দাবি করে বাটা। এরপরই সরাসরি ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানান ওই ব্যক্তি। ব্যাগের জন্য দেওয়া বাড়তি তিন টাকা ফেরত চান। সেই সঙ্গে ক্ষতিপূরণও দাবি করেন। তাঁর যুক্তি, নিজেদের ব্র্যান্ডের নাম লেখা ব্যাগের জন্যই টাকা নিচ্ছে বাটা।

এরপর ক্রেতা সুরক্ষা দপ্তর জানায়, জিনিস বিক্রি করার সময় তা বয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রাহককে ব্যাগ জোগানোর দায়িত্বও দোকানেরই। ব্যাগের জন্য নেওয়া বাড়তি তিন টাকা ওই ব্যক্তিকে ফিরিয়ে দিতে বলা হয়। এছাড়া আইনি প্রক্রিয়ার খরচ বাবদ এক হাজার টাকা ও মানসিকভাবে হেনস্তা করার জন্য আরো তিন হাজার টাকা দিতে বলা হয়। পাশাপাশি, রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরে জমা দিতে বলা হয় পাঁচ হাজার টাকা।

হজ শেষে দেশে ফিরলেন ৯৫ হাজার ১৫ হাজি

0

পবিত্র হজ পালন শেষে ২৭৪টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৫ হাজার ১৫ জন হাজি।

গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩২টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪২টি ফিরতি হজ ফ্লাইটে এই হাজিরা দেশে ফিরেছেন বলে হজ অফিস সূত্রে জানা যায়।

এ বছর বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৩৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৫২ সৌদি আরব গিয়েছেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। আগামী ১৫ সেপ্টেম্বর শেষ ফিরতি হজ ফ্লাইট।

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৭৩২ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

হজ অফিস সূত্র জানায়, সোমবার পর্যন্ত ১৭ জন নারীসহ মোট ১১৭ জন হজ যাত্রী সৌদি আরবে মারা গেছেন। মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও জেদ্দায় দুইজন।

আজ পবিত্র আশুরা

0

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের শিয়া ধর্মাবলম্বীরাও আজ পালন করছে পবিত্র আশুরা। দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হচ্ছে। এতে অংশ নিচ্ছে হাজার হাজার মানুষ। তাজিয়া মিছিলের প্রস্তুতি সম্পন্ন। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

গতকাল সোমবার ইমামবাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত শিয়া মুসলিম কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছে বিভিন্ন রীতি-নীতি। তাজিয়া মিছিল ও সংশ্লিষ্ট অন্যান্য অনুষ্ঠান ঘিরে হোসেনি দালান এলাকা ও আশপাশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুরো এলাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ?মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীয় সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এবার আশুরা উপলক্ষে হোসেনি দালানে প্রবেশের ক্ষেত্রে রয়েছে যথেষ্ট কড়াকড়ি। পুলিশের পাশাপাশি ইমামবাড়া কর্তৃপক্ষ প্রায় ২০০ স্বেচ্ছাসেবক দিয়ে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে।

ইমামবাড়া সূত্রে জানা গেছে, সকাল ১০টায় মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে বকশী বাজার লেন, কলপাড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড ঢাল, লালবাগ চৌরাস্তা, এতিমখানা রোড, আজিমপুর মেটারনিটি, নীলক্ষেত মোড়, সিটি কলেজ, ধানমণ্ডি-২, রাইফেলস স্কয়ার হয়ে ‘অস্থায়ী কারবালায়’ (বিজিবি সদর দপ্তরের গেটের উল্টো দিকে) মিছিলটি শেষ হবে। এ ছাড়া ১ মহররম থেকে প্রতিদিনই ভিন্ন ভিন্ন অনুষ্ঠান, তাজিয়া মিছিল, শোকসভা, শোক মজলিস, মর্সিয়া মাতম ও ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করছে শিয়া মতাবলম্বীরা।

এবার তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ইমামবাড়ার স্বেচ্ছাসেবক মাহফুজ আলী বলেন, ‘আমি ছোটবেলা থেকে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে আসছি। এবার মহরম উপলক্ষে অফিস থেকে পাঁচ দিনের ছুটি নিয়ে এসেছি। এটা আমাদের কাছে আলাদা গুরুত্ব বহন করে।’ ইমামবাড়ার মহররমকেন্দ্রিক নানা আয়োজন দেখতে আসা নাজমা বেগম বলেন, ‘আমি ছোটবেলা থেকে মায়ের সঙ্গে এখানে আসতাম। এখনো নিয়মিত আসি।’

মিরপুর থেকে ঘুরতে আসা খোরশেদ আলম বলেন, ‘আমি প্রতিবছর আশুরার সময় এখানে আসি। এবারও এসেছি। এখানে এলে আলাদা কিছু অনুভব করি।’ স্কুলপড়ুয়া কয়েকজন শিক্ষার্থী বলে, ‘আমরা বন্ধুরা মিলে ১ মহরম থেকে প্রতিদিন আসি।’

হোসেনি দালান ইমামবাড়ার প্রশাসনিক কর্মকর্তা মির্জা মো. নকি কালের কণ্ঠকে বলেন, ‘আবহাওয়া প্রতিকূলে থাকলেও সকাল ১০টায় তাজিয়া মিছিল বের হবে। চার শ বছরের ঐতিহ্য আমাদের এই মিছিল। প্রতিবছরের মতো এবারও তাজিয়া মিছিলে প্রায় ৩০-৪০ হাজার মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করছি।’

আইন-শৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে চকবাজার মডেল থানার ওসি সোহরাব হোসেন বলেন, ‘বরাবরের মতো এবারও আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই।’

মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন পবিত্র আশুরা। কারবালায় হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি (১০ মহররম) বিশ্বব্যাপী মুসলমানরা শোকের আবহে পালন করে। এরই ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য মুসলিম দেশের পাশাপাশি বাংলাদেশেও আজ মঙ্গলবার পালিত হচ্ছে আশুরা।

বিএমডব্লিউ-মার্সিডিজ কম দামে দেশেই পাওয়া যাবে : অর্থমন্ত্রী

0

বাংলাদেশে বিএমডব্লিউ অথবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বলি করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। এর মাধ্যমে বাংলাদেশেই কম দামে এসব গাড়ি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জার্মান ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বিএমডব্লিউ অথবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বলি করতে আগ্রহী জার্মানি।

এতে করে দেশের বাইরে থেকে এসব ব্র্যান্ডের গাড়ি আমদানি করা লাগবে না বলে জানিয়ে মন্ত্রী বলেন, কম টাকায় বাংলাদেশেই এসব গাড়ি কেনা যাবে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল ঘোষণা

0

চট্টগ্রামের একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টেস্টে হারের ক্ষত না শুকাতেই সাকিবদের শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াড। ইতোমধ্যে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৩ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বিশ্রামের কারণে দলে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ।

স্কোয়াডে রয়েছে একাধিক চমক। প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও ইয়াসিন আরাফাত মিশু। এছাড়া স্কোয়াডে ফিরেছেন ১টি টি-টুয়েন্টি খেলা আফিফ হোসেন। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে না থাকলে ত্রিদেশীয় সিরিজে রয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন।

বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও এ টুর্নামেন্টে অংশগ্রহণ ত্রিদেশীয় সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় এসেছে জিম্বাবুয়ে। অন্যদিকে চট্টগ্রাম টেস্ট শেষে বাংলাদেশ ও আফগানিস্তানও ঢাকা পৌঁছে শুরু করবে প্রস্তুতি।

১৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু।

৫ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ হাজার ৫৪ জন: সেতুমন্ত্রী

0

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে জানিয়েছেন, বাংলাদেশ পুলিশ বিভাগের তথ্য অনুসারে গত পাঁচ বছরে ১২ হাজার ৫৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। দুর্ঘটনায় দায়েরকৃত মামলাসমূহের নিষ্পত্তির জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ অব্যাহত আছে।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিন এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে সরকারী দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, দেশের মহাসড়কগুলোতে দুর্ঘটনা রোধে সার্বক্ষণিক নজরদারী বাড়ানোর জন্য সওজসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহ (বিআরটিএ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স) সমন্বয়ে পাইলট হিসেবে একটি প্রকল্প গ্রহণের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ৬টি মেট্টোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মপরিকল্পনা অনুসরণে প্রায় ২২ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে উত্তরা ৩য় পর্ব হতে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬ স্টেশন বিশিষ্ট উভয় দিকে ঘন্টায় ৬০ হাজার যাত্রী পরিবহণে সক্ষম আধুনিক, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও বিদ্যুত চালিত বাংলাদেশে প্রথম উড়াল মেট্টোরেল নির্মাণ প্রকল্পটি ২০১২-২০২৪ মেয়াদে বাস্তবায়নের জন্য গ্রহণ করা হয়।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইতোমধ্যে প্রায় ৬ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালের ১৬ ডিসেম্বর বর্তমান সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্টোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে। অপর ৪টি মেট্টোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে। সময়াবদ্ধ পরিকল্পনা ২০৩০ বাস্তবায়িত হলে ঢাকা মহানগরী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
বিএনপির রুমিন ফারহানার সম্পুরক প্রশ্নের উত্তরে ঈদের আগে যানজট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ফোর লেন সড়ক থেকে যখন দুই লেনে গাড়ী চলাচল করে তখনই যানজটের চিত্র দেখা যায়। এবারের ঈদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত সার্ভিসলেনসহ দুটি ফোর লেন সড়ক হচ্ছে। সেখানে ২৬টি ব্রিজ ও ১৩টার মতো আন্ডারপাস হচ্ছে। এছাড়া দুটি ফ্লাইওভারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
বিএনপির অপর সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার্থে ৫টি আন্তর্জাতিক রুটে বাস চলাচল করছে। রুটগুলো হচ্ছে- ঢাকা-কোলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, আগরতলা-ঢাকা-কোলকাতা-আগরতলা, ঢাকা-সিলেট-শিলং-গোহাটি-ঢাকা এবং ঢাকা-খুলনা-কোলকাতা-ঢাকা। তিনি জানান, আন্তঃদেশীয় বাণিজ্য সম্প্রসারণ ও যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় আরো নতুন রুট চালুর বিষয় সক্রিয় বিবেচনাধীন আছে।

এসি রুমে বসে বিদেশিদের শেখানো বুলি আওড়ায় টিআইবি : ডেপুটি স্পিকার

0

কোরাম সংকটসহ সার্বিক বিষয় নিয়ে দুর্নীতিবিরোধী গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার কঠোর সমালোচনা করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। টিআইবি বিদেশিদের শেখানো বুলি আওড়ায় অভিযোগ করে সোমবার (৯ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ফজলে রাব্বী বলেন, ‘কিছুদিন আগে টিআইবি সংসদ সম্পর্কে একটি প্রতিবেদন দিয়েছে। উনারা উনাদের মতো করে কথা বলে। উনাদের সম্পর্কে আমরা যদি বলি, তাহলে তো মাথায় হাত পড়বে।’

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট দশম জাতীয় সংসদের ওপর টিআইবি পরিচালিত ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ‘দশম সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন (মোট ২৩টি) পর্যন্ত কোরাম সংকটের কারণে মোট ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট সময় অপচয় হয়েছে, যার আর্থিক মূল্য ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকা।’

২০১৪ সালের জানুয়ারির প্রথম থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে ওই প্রতিবেদন তৈরি করে টিআইবি। পরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ টিআইবির প্রতিবেদনকে ‘উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করেন।

জাতীয় সংসদের আইপিডি সম্মেলন কক্ষে সোমবারের অনুষ্ঠানে ফজলে রাব্বী বলেন, ‘বিদেশিরা যেভাবে বুলি শিখিয়ে দেয়, তারা (টিআইবি) সেভাবে তা আওড়ায়। আমরা (সংসদ সদস্য) সেভাবে করি না। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কত টাকা বেতন নেন? আমরাও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আইন পাস করি, এটা কারও দয়ার টাকা নিয়ে নয়, জনগণের টাকায় তাদের রায় নিয়ে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে এই সভার আয়োজক পার্লামেন্টারিয়ান ককাস অন চাইল্ড রাইটস, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সংসদ সদস্য ফরিদুল হক খান, আরোমা দত্ত, আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সামিল উদ্দিন আহমেদ শিমুল ও কাজী কানিজ সুলতানা।