Home Blog Page 3508

টঙ্গীতে কামরুল হত্যাকাণ্ডের হোতাসহ তিনজন ধরা

0

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) হত্যাকাণ্ডের মূল হোতা আব্দুল হক রনি ওরফে বাবুসহ (১৯) তিনজনকে আটক করেছে র‌্যাব।

আটক অন্য দুজন হলেন আওয়াল হাওলাদার (২৬) ও সুজন শাহজালাল (২১)। গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে আটক করা হয় তাদেরকে।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বলেন, গত শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে টঙ্গী কলেজ গেইট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন কামরুল ইসলাম। গতকাল রবিবার রাতে ওই হত্যাকাণ্ডের মূল হোতাসহ তিনজনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

শনিবার ভোরে একটি অফিসিয়াল মিটিংয়ে যোগ দিতে টঙ্গী কলেজ গেইট এলাকায় বাস থেকে নামেন কামরুল ইসলাম। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়। সকালে কলেজ গেইট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৩৭০ ধারা বিলোপকে সমর্থন করেন কাশ্মীরের প্রথম নারী রেসার

0

ভারত অধিকৃত কাশ্মীরের প্রথম নারী রেসার তিনি। নাম হুমাইরা মুশতাক। যখন ৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে তুলকালাম চলছে, তখন এই সিদ্ধান্তের পক্ষেই মত দিয়েছেন তিনি। তিনি বলছেন, ‘কাশ্মীরকে এখন আর বিচ্ছিন্ন অঙ্গ হিসাবে কেউ মনে করবে না। কাশ্মীর ভারতেরই অঙ্গ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ইন্টারনেট পরিষেবা, মোবাইল নেটওয়ার্ক ফিরেছে আমাদের এখানে। আমি জম্মু-কাশ্মীরের হয়ে রেসিং ট্র্যাকে প্রতিনিধিত্ব করতে চাই।’

কার রেসিং তার জীবনের প্রথম ভালবাসা। রেসিং নিয়েই এগিয়ে যেতে চান উপত্যকার প্রথম নারী রেসার। এর পাশাপাশি হুমাইরা একজন মেডিক্যাল স্টুডেন্ট। সেইসঙ্গে পাইলট ট্রেনিং করেছেন। হুমাইরা বলেন, ‘যেভাবেই হোক আমাকে অ্যাড্রিনালিন চঞ্চল রাখতে হবে। তার জন্য আমি অনেক কিছুই করি। ছক ভেঙে অন্য কিছু করার চেষ্টা করেছি। এখন আমি পুরোপুরি রেসিং নিয়ে এগোচ্ছি। আমার এই উদ্যোগ কাশ্মীরের মানুষকে দিশা দেখালে ভালো লাগবে।’

হুমাইরাকে নিয়ে ইতিমধ্যে প্রবল আলোচনা শুরু হয়েছে কাশ্মীরে। ছোটবেলা থেকে টিভিতে রেসিং দেখে উত্সাহিত বোধ করতেন হুমাইরা। তারপর দেখতে দেখতে গাড়ির প্রেমে পড়ে যান। কোয়েম্বাটুরে জেকে টায়ার ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন ২৩ বছরের হুমাইরা। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে তিনি প্রচণ্ড আশাবাদী। তিনি বলেন, ‘কাশ্মীরের মানুষের ভাবনা-চিন্তায় একটা বড় পরিবর্তন প্রয়োজন। তাহলেই সব সম্ভব। আমরা কে কোথায় থাকি সেটা বড় ব্যাপার নয়। বড় হচ্ছে কে কেমনভাবে জীবন যাপন করি।’

`চাঁদের পৃষ্ঠদেশের বাধার কারণে সিগন্যাল পাচ্ছে না বিক্রম’

0

চাঁদে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পাঠানো চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে গত শনিবার চন্দ্রপৃষ্ঠের ২.১ কিলোমিটার দূরত্বে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকেই মিশনটি নিয়ে সমালোচনা শুরু হয়। তবে ভারতীয় বিজ্ঞানী চন্দ্রযান-১ প্রকল্পের ডিরেক্টর মাইলস্বামী আন্নাদুরাই বলছেন, চাঁদের সেই স্থানে হয়ত এমন কিছু বাধা রয়েছে, যার ফলে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে বাধার সম্মুখীন হচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।

গতকাল রবিবার সকালে ইসরো চেয়ারম্যান কে সিবন জানান যে, বিক্রমের সন্ধান পেতে সফল হয়েছে চন্দ্রযান-২ এর অর্বিটার। চাঁদের পিঠে নামা ল্যান্ডারের একটি ‘থার্মাল ইমেজ’ও তুলতে সক্ষম হয় অর্বিটার। তবে তার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়নি। অবশ্য যোগাযোগ তৈরি করতে আগামী ১৪ দিন ধরে চেষ্টা করবেন বিজ্ঞানীরা, জানিয়েছেন সিবন।

বিজ্ঞানীরা বলছেন, চাঁদের যে অংশে বিক্রম নেমেছে, তা সফট ল্যান্ডিংয়ের পক্ষে যথেষ্ট সুবিধাজনক নয়। হতে পারে সেখানে এমন কিছু বাধা রয়েছে, যার ফলে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে বাধার সম্মুখীন হচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।

চন্দ্রযান-১ প্রকল্পের ডিরেক্টর মাইলস্বামী আন্নাদুরাই সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘চাঁদের উপর থাকা ল্যান্ডারের খোঁজ পাওয়ার পরে এবার তার সঙ্গে আমাদের যোগাযোগ তৈরি করতে হবে। মনে করা হচ্ছে, চাঁদের যে অংশে বিক্রম নেমেছে, তা সফট ল্যান্ডিংয়ের পক্ষে যথেষ্ট সুবিধাজনক নয়। হতে পারে সেখানে এমন কিছু বাধা রয়েছে, যার ফলে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে আমরা বাধার সম্মুখীন হচ্ছি।’

এখনো বিক্রমের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে জানিয়ে আন্নাদুরাই বলেছেন, চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করে চলা চন্দ্রযান-২ এর অর্বিটারেও রয়েছে একটি যোগাযোগের চ্যানেল যার সাহায্যে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব।

তিনি বলেন, ‘এর আগে ল্যান্ডারের দিকে নিশানা করে সিগন্যাল পাঠিয়েছে অরবিটার। কিন্তু বর্তমান পরিস্থিতি ল্যান্ডার আদৌ সেই সিগন্যাল ধরতে পারে কি না, তা দেখতে হবে। অরবিটার ও ল্যান্ডারের মধ্যে বরাবরই পারস্পরিক বার্তা বিনিময়ের ব্যবস্থা থাকে। এক্ষেত্রে আমাদের শুধু একপিঠের বার্তার উপরই নির্ভর করতে হচ্ছে।’

আন্নাদুরাই বলেন, বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলেও তার মেয়াদ ৫-১০ মিনিটের বেশি হবে না। এজন্য ইসরোর বিজ্ঞানীরা এই বিষয়ে প্রচণ্ড পরিশ্রম করছেন। সূত্র : এই সময়।

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আমেরিকার বেশি ক্ষতি হবে : তালেবানের হুমকি

0

আফগানিস্তানে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় অনেকদূর এগিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি তালেবানদের আক্রমণে একজন মার্কিন সেনা নিহত হওয়ার পর সংগঠনটির সাথে শান্তি আলোচনা বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় এক বিবৃতিতে তালেবাদের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ায় আমেরিকার সবচেয়ে ক্ষতি হবে। এমনকি জীবনহানির ইঙ্গিতও করা হয়েছে এতে।

সম্প্রতি তালেবানের সেই বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শান্তি আলোচনা বাতিল করার কারণে আমেরিকানদের আরো বেশি জীবনহানি ঘটবে।

‘এর ফলে আমেরিকার বেশি ক্ষতি হবে। তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। তাদের শান্তি-বিরোধী অবস্থান বিশ্বের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাদের জীবন এবং সম্পদের ক্ষতি বৃদ্ধি পাবে’ বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসার বিষয়টি পরিপক্বতা এবং অভিজ্ঞতার অভাবে হয়েছে।

তিনি বলেন, তালেবান এবং আফগান সরকার আগামী ২৩শে সেপ্টেম্বর আলোচনায় বসতে সম্মত হয়েছে। যদিও আফগানিস্তানের সরকার এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে নয়-দফা আলোচনা হয়েছে। গত সোমবার শীর্ষ এক মার্কিন কর্মকর্তা ‘নীতিগতভাবে’ শান্তিচুক্তির ঘোষণা দেন। প্রস্তাবিত সেই চুক্তিতে বলা হয় আগামী ২০ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ৫৪০০ সেনা প্রত্যাহার করবে। এর বিনিময়ে তালেবান নিশ্চয়তা দেয় যে দেশটির মাটি কখনোই সন্ত্রাসীরা ব্যবহার করবে না।

আফগানিস্তানে বর্তমানে প্রায় ১৪ হাজার মার্কিন সৈন্য রয়েছে। ২০০১ সালে আফগানিস্তানে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে তুলে ধরা হয় ১১ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পরিকল্পনাকারীদের তালেবানরা আশ্রয় দিয়েছে।

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০০১ সালের পর থেকে আন্তর্জাতিক বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য আফগানিস্তানে নিহত হয়েছে, যার মধ্যে মার্কিন সেনা দুই হাজার তিনশ’রও বেশি।

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বে সামরিক অভিযান শুরুর পর থেকে আফগান নিরাপত্তা বাহিনীর প্রায় ৫৮ হাজার সদস্য নিহত হয়েছে। এছাড়া ৪২ হাজার যোদ্ধাও মারা গেছে বলে উঠে এসেছে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইন্সটিটিউটের পরিসংখ্যানে। সূত্র : বিবিসি বাংলা।

এবার মুম্বাইয়ে এনআরসি, তৈরি হচ্ছে বন্দিশালা

0

আসামের গোয়ালপাড়া জেলায় তিন হাজার মানুষ থাকার মতো ১০টি ডিনেটশন ক্যাম্প এরইমধ্যে প্রস্তুত করা কাজ শুরু করেছে সরকার। ৪৬ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই ক্যাম্প। কেবল আসামেই নয়, মুম্বইয়েও তৈরি হতে পারে আরো একটি ক্যাম্প।

অবৈধ অনুপ্রবেশকারীদের রাখতে ডিটেনশন সেন্টার তৈরি করার জন্য জমি চেয়ে, নবি মুম্বাই প্ল্যানিং অথরিটিককে এরইমধ্যে চিঠি দিয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর।

সম্প্রতি আসামে চালু করা হয়েছে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি। ওই পঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। রাষ্ট্রহীন এই মানুষদেরই ঠিকানা হবে ডিটেনশন ক্যাম্প। আসামের পর দেশের দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ রাজ্য মুম্বাইয়েও এই এনআরসি করার সম্ভাবনা রয়েছে।

মহারাষ্ট্রের শিল্পোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, নেরুল এলাকায় এই দপ্তরের যে জমি রয়েছে, তা থেকে দুই-তিন একর জমি চাওয়া হয়েছে ‌এরইমধ্যে। এলাকাটি মূল মুম্বাই শহর থেকে ২০ কিলোমিটার দূরে। এই জমিতেই তৈরি হবে ডিটেনশন ক্যাম্প।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্য জমি চাওয়া বা এই ব্যাপারে কোনো রকম চিঠি দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে। তবে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, দেশের যে সমস্ত এলাকায় বেশি অনুপ্রবেশকারী বাস করছে, সে সব জায়গায় ডিনেটশন সেন্টার তৈরি করতে হবে বলে জানা গেছে। তাই ধারণা করা হচ্ছে, মহারাষ্ট্রেও তৈরি হতে পারে ডিটেশন সেন্টার।

কয়েক মাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এরইমধ্যে শিবসেনা অভিযোগ তুলেছে, মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিরা বসবাস কাজ করছে। গত সপ্তাহেই শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ান্ত একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রকৃত নাগরিকদের সমস্যার সমাধানে আসামে জাতীয় নাগরিকপঞ্জি তৈরির প্রয়োজন ছিল। এ কারণে আমরা এনআরসির পদক্ষেপকে সমর্থন জানাই। এখান থেকে বাংলাদেশিদের তাড়াতে মুম্বাইয়েও একই পদক্ষেপ চাই।

নির্বাচন কমিশন ভবনের অগ্নিকাণ্ডে পুড়েছে বেশ কিছু সামগ্রী

0

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ তলা ভবনের বেইসমেন্টে গতকাল রবিবার রাত ১১টার দিকে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আগুনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো না হলেও সেখানে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম), স্বচ্ছ ব্যালট বাক্স, নির্বাচনী নানা গুরুত্বপূর্ণ সামগ্রী ছিল, যার কিছু পুড়ে গেছে বলে জানা গেছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ইভিএমের কিছু ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও কারণ বিষয়ে পরবর্তীতে খোঁজ নেব।

অগ্নিকাণ্ডকবলিত বেইসমেন্ট-১-এ সার্ভারসহ মূল্যবান জিনিসপত্র রয়েছে। সংরক্ষিত স্থান হওয়ায় সেখানে মানুষের অবাধ যাতায়াত নেই। তবে আগুনে জাতীয় পরিচয়পত্র ডাটাবেইসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইভিএমসহ বেশ কিছু সামগ্রী পুড়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আগুনের সূত্রপাত কী করে, তা তদন্ত না করে বলা যাবে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও ইসি কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত ১১টা ৬ মিনিটে আগুনের সূত্রপাতের খবরে প্রথমে পাঁচটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো সাতটি ইউনিট গিয়ে তাদের সঙ্গে অংশ নেয়। রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, মোট চার হাজার ৫০০ ইভিএম সংগ্রহ করা হয়েছে। কিছু ইভিএম সেখানে ছিল। তবে কতগুলো বেইসমেন্টে ছিল, তা নির্দিষ্ট করে তিনি বলতে পারেননি। তিনি জানান, এ ঘটনা তদন্তে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বড় ধরনের শঙ্কা করছি না আমরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

নির্বাচন ভবনের বেইসমেন্টে ‘ইভিএম সংরক্ষণে’র বিশেষ ব্যবস্থার গুদাম রয়েছে। ভবনের ১১ তলার জাতীয় পরিচয়পত্রের ডাটাবেইস। ব্রিগেডিয়ার সাইদুল বলেন, ‘ভোটার ডাটাবেইসের কোনো ক্ষতি হবে না।’

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসও একটি তদন্ত কমিটি গঠন করেছে।

খেলা বন্ধ : বাংলাদেশের পক্ষ নিয়েছে বৃষ্টি

0

গতকালই দিনের খেলা শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, সৃষ্টিকর্তা এবং বৃষ্টি না চাইলে এই ম্যাচে হার এড়ানো সম্ভব নয়। সাকিবের কথা খুবই বাস্তব। আজ পঞ্চম দিনে ৪ উইকেটে ২৬২ রান তোলা চাট্টখানি কথা নয়। পুরো দিন খেলাও প্রায় অসম্ভব। সব সমস্যার সমাধান করে চট্টগ্রামে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলছে। পঞ্চম দিন একটি বলও মাঠে গড়ায়নি।

৩৯৮ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে গতকাল রবিবার ৬ উইকেটে ১৩৬ রান তুলে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। ৪:৪০ মিনিটে বৃষ্টির কারণে খেলা বন্ধ না হলে হয়তো কালই পরাজয় দেখতে হতো সাকিবদের। সাকিব ৩৯* আর সৌম্য ০* রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস সূচনা করেন লিটন দাস আর সাদমান ইসলাম। শুরুটা মোটামুটি ভালো হলেও ৩০ রানের জুটি জহির খানের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন দাস (৯)। আগের বলেই তিনি রিভিউ নিয়ে জীবন পেয়েছিলেন। তিনে নামা মোসাদ্দেক হোসেন ১২ রান করে সেই জহির খানের বলেই আত্মঘাতী শটে আউট হন। মুশফিকুর রহিম আজ ‘ডিপেন্ডেবল’ হয়ে উঠতে পারেননি। রশিদ খানের বলে ২৩ রানে এলবিডাব্লিউ হয়েছেন। রিভিউ নিয়েও আম্পায়ারের সিদ্ধান্ত বদলানো যায়নি।

মুমিনুল হক ‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাতি পেলেও রশিদ খানের ঘূর্ণি বুঝতে না পেরে এলবিডাব্লিউ হন ৩ রান করে। সাদমানের সঙ্গে সাকিব যোগ দিয়ে জুটি গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু জুটিতে ২৪ রান আসতেই মোহাম্মদ নবির বলে এলবিডাব্লিউ হয়ে যান ১১৪ বলে ৪১ করা সাদমান। ১১ রানে রশিদের সৌজন্যে একবার জীবনও পান সাকিব। টানা ব্যর্থ হওয়া মাহমুদউল্লাহ ৭ রান করে রশিদ খানের শিকার হন। শর্টে দুর্দান্ত ক্যাচ নেন ইব্রাহিম জারদান।

১৩৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামা আফগানিস্তান ২৬০ রানে অল-আউট হয়। এর আগে আফগানদের ৩৪২ রানের জবাবে ২০৫ রানেই অল-আউট হয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। তাছাড়া চট্টগ্রামে বাংলাদেশ চতুর্থ ইনিংসে কখনোই রান তাড়া করে জিততে পারেনি।

ভারতে অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই: অমিত শাহ

0

ভারতের মাটিতে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথা জানান।

উল্লেখ্য, নাগরিকপুঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখের বেশি মানুষ। নাগরিকত্ব প্রমাণের জন্য ফরেনার্স ট্রাইবুন্যালে ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে তাদের। যদি সেখানেও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হন, তাহলে হাইকোর্ট পরে সুপ্রিমকোর্টেও যেতে পারেন তারা।

আজ রবিবার দু’দিনের সফরে আসামে গিয়ে অমিত শাহ বলেন, সংবিধানের ৩৭১ অনুচ্ছেদ উত্তর-পূর্ব রাজ্যগুলোকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে। ৩৭১ অনুচ্ছেদকে সম্মান করে তার সরকার। এমনকি ওই অনুচ্ছেদ প্রত্যাহারে কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেন অমিত শাহ। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পরই এমন আশঙ্কা উঠতে শুরু করে উত্তর-পূর্ব রাজ্যগুলোর মধ্যে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম আসাম যান অমিত শাহ। এর আগে বিজেপির প্রধান হিসেবে একাধিকবার আসামে বিদেশি অনুপ্রবেশ নিয়ে কথা বলেছিলেন। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে তিনি বিদেশিদের উইপোকার সঙ্গেও তুলনা করেন তিনি।
এদিকে, নাগরিকপুঞ্জি থেকে বাদ পড়েছেন বিরাট সংখ্যক হিন্দু। ফলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর তত্ত্ব অনেকটাই ফিকে হয়েছে। তাতেই প্রবল বিপাকে পড়েছে রাজ্য বিজেপি।

রংপুর-৩ আসনে জাপার প্রার্থী সাদ এরশাদ

0

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহী সাদ।

আজ রবিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেন দলটির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছেন জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য।

এর আগে গত মঙ্গলবার জাপার বনানী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাদ এরশাদ। এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনের ভোট হবে আগামী ৫ অক্টোবর। তবে প্রার্থিতা চূড়ান্ত হবে আগামী ১৬ সেপ্টেম্বর।

১৯৮৬ সাল থেকে রংপুর-৩ আসনে টানা জয়ী হয়েছে জাপা। এরশাদ এ আসনে পাঁচবার জিতেছেন।

নীলফামারি জেলার ডোমারে আগুনে পুড়ে ছাই ১৮টি পরিবারের সপ্ন

0

নীলফামারি জেলার ডোমারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৮টি পরিবারের ৫৬টি ঘড় মুহুর্ত্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আজ রবিবার ভোররাতে উপজেলার হরিনচড়া ইউনিয়নের পশ্চিম হরিনচড়া ১নং ওয়ার্ডের চাকধাপাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকান্ডে ১৮টি পরিবারের আসবাবপত্র,নগদটাকা,ধান,চাল,সাইকেল,পশুপাখিসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। অগ্নিকান্ডে একটি গরু ও ৬টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

স্থানীয় সুজন রায় জানান,রবিবার ভোররাতে তাদের রান্না ঘড়ের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে তা মুহুর্ত্তে চারিদিকে ছড়িয়ে পরে। এ সময় আশেপাশের জিতেন্দ্রনাথ রায়,জগদিশ চন্দ্র,লক্ষী কান্ত,বিশ্বনাথ,সত্যেন,জয়দেব,গলিবর্মন,হরিকিশোর,ডালিম,লোকনাথ,সুশীল,সুজন,সুমন,বিমোল,অধির,সুমিত্রা,নির্মল ও রিনার বাড়ীতে আগুন লেগে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ১৮টি পরিবারের কেউ কোন কিছু বাচাঁতে পারেনি। ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম জানান,অগ্নিকান্ডে ১৮টি পরিবারের সব পুড়ে গেছে। বর্তমানে ঐ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

ভোররাতে অগ্নিকান্ডের খবর পেয়ে ডোমার ও নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিনঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রনে আনে। সঠিক সময়ে ফায়ার সার্থিস না এলে পুরো গ্রাম আগুনে পুড়ে যেত বলেও তিনি জানিয়েছেন। সরজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বাড়ীর সামনে বসে আহাজারি করছে। আগুন তাদের কষ্টের উপার্জিত সবকিছু শেষ করে দিয়েছে বলে তারা জানান।

তিলোশ্বরী রানী আগুনে পুরে যাওয়া তার চারটি ঘড়ের দিকে অপলক তাকিয়ে ধেকে জানান, আগুন দেখে তিনি আৎকে উঠেন। সেকেন্ডেই তার সবকিছু পুড়ে যায়। এ সময় ঘড়ে থাকা একলক্ষ টাকা বের করে আনার চেষ্টা করলেও আগুনের তাপে ঘড়ে ঢুকা সম্ভব হয়নি। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন এখন তার পরিবারকে ভিক্ষা করে খেতে হবে।

সকালেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা,ডি,আর,ও এম,এ হায়াত । ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরন করা হয়েছে। সরকারীভাবে একবান্ডিল ঢেউটিন ও ২০ কেজি করে চাল বরাদ্দের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা।

ডোমার ফায়ার সাভির্সের ষ্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে ডোমার ও নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।