Home Blog Page 3524

ক্যালিফোর্নিয়ায় জাহাজে আগুন, ২৫ মরদেহ উদ্ধার

0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলবর্তী অঞ্চলে ‘কনসেপশন’ নামে একটি যাত্রীবাহী নৌযানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছেন জাহাজের আরও কমপক্ষে ৯ আরোহী।
কর্তৃপক্ষের বরাতে মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’ জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে অঙ্গরাজ্যটির সান্তা ক্রুজ আইল্যান্ডের ৭৫ ফুট দীর্ঘ সেই নৌযানে আচমকা অগ্নিকাণ্ড ঘটে। লস অ্যাঞ্জেলস থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে সান্তা ক্রুজ দ্বীপের মাত্র কয়েক মিটার দূরে স্কুবা ডাইভিং জলযানটি নোঙর করা ছিল।
উদ্ধার কর্মীদের মতে, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে কোস্টগার্ড অন্তত ৩০ জনেরও বেশি লোককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। যদিও নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধারকাজ অব্যাহত আছে।
এ দিকে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় গণমাধ্যম ‘দ্য কেটিটিভি’ দাবি করেছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩৪ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যদিও দেশটির অন্যান্য গণমাধ্যমগুলো দুর্ঘটনায় নিখোঁজদের মৃত্যুর শঙ্কা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে।
অপর দিকে ক্যালিফোর্নিয়ার ভেনচুরের মুখপাত্র বিল নাশ গণমাধ্যম ‘সিএনএন’কে বলেছেন, ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেই কোস্টগার্ডের উদ্ধার অভিযান অব্যাহত আছে। জাহাজের নিচের ডেকে অনেক যাত্রীরই আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার শিকার জাহাজটি বেশ বড়। তাই সেখানে অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
যদিও উদ্ধার অভিযানে অংশ নেওয়া কোস্টগার্ড দাবি করে, আমাদের কর্মীরা বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করতে পেরেছে। এখনো বহু লোক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময় যাত্রীরা সম্ভবত উপরের ডেকে ঘুমাচ্ছিলেন। তাদের উদ্ধারে অভিযান চলছে; যদিও অগ্নিকাণ্ডে বেশিরভাগেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ব্রেক্সিট : পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

0

ব্রেক্সিট ইস্যু নিয়ে পার্লামেন্টের ভোটাভুটিতে হেরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোটাভুটিতে জনসন ভোটে হেরে যাওয়ায় পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিয়েছেন চুক্তি ছাড়া ব্রেক্সিটবিরোধী এমপিরা।
এখন তাদের জন্য চুক্তি ছাড়া ব্রেক্সিট ঠেকাতে আজ বুধবার একটি বিল আনার সুযোগও তৈরি হলো।
তবে ভোটাভুটিতে হেরে যাওয়ার পর বরিস জনসন বলেছেন, তিনি আগাম নির্বাচনের প্রস্তাব আনবেন।
আগামী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ, যেটি ব্রেক্সিট হিসেবে পরিচিত তা কার্যকর হওয়ার কথা। কীভাবে, কোন চুক্তিতে সেই বিচ্ছেদ হবে, এ নিয়েই চলছে এখন আলোচনা।
তবে এই বিচ্ছেদ নিয়ে কোনো চুক্তি হোক বা না হোক, নির্ধারিত তারিখেই ব্রেক্সিট কার্যকর করার ব্যাপারে অনড় থাকার কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ নিয়ে গত কিছুদিন ধরেই বেশ উত্তপ্ত ব্রিটেনের রাজনৈতিক অঙ্গন। এর মধ্যে ছুটি শেষে মঙ্গলবার বৈঠকে বসে ব্রিটেনের পার্লামেন্ট। আগেই এক সভায় বরিস জনসন জানিয়েছিলেন, ব্রেক্সিট নিয়ে নিজ দলের যারা বিরোধিতা করবেন তাদের বহিষ্কার করা হবে। কিন্তু বিরোধী দলের পাশাপাশি নিজ দলের বিদ্রোহী এমপিদের কাছে হাউস অব কমন্সে ৩২৮-৩০১ ভোটে হেরে গেলেন তিনি।

জনসনের নিজ দলের ২১ এমপি যাদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রীও আছেন তারা এ ভোটাভুটিতে সরকারকে হারাতে বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন।
ভোটে জয়ের ফলে আজ বুধবার পার্লামেন্টের নিয়ন্ত্রণ পেলেন বিরোধী ও বিদ্রোহী এমপিরা। এ ভোটের ফলে চুক্তি ছাড়া ব্রেক্সিটের বিরোধীরা ব্রেক্সিট বিলম্বিত করতে পার্লামেন্টে বিল আনতে পারবেন।
ভোটের পর ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, যেসব টোরি এমপি বিদ্রোহ করেছে তাদের পার্লামেন্টারি পার্টি থেকে বহিষ্কার করা হবে।
বরিস জনসন বলেছেন, তিনি আগাম নির্বাচনের প্রস্তাব আনবেন।
প্রধানমন্ত্রীর দফতরের আশা, বহিষ্কার হুমকি ও আগাম নির্বাচনের কথায় বিদ্রোহী এমপিরা হয়তো অবস্থান বদলাবেন।
জনসন বলেছেন, অক্টোবরে নির্বাচনের প্রচেষ্টা চালানো ছাড়া তার কিছু করার নেই। কারণ তিনি বলছেন, দেশের জনগণকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। যদিও এটিও তার জন্য খুব একটা সহজ হবে না।
কারণ ব্রিটেনে ২০১১ সালের একটি আইনে পার্লামেন্টকে পাঁচ বছরের মেয়াদ দেয়া হয়েছে। এখন সেটি পরিবর্তন করতে হলে সংসদে বরিস জনসনের দুই-তৃতীয়াংশ সমর্থন লাগবে।
এটি পেতে হলে তার বিরোধী দল লেবার পার্টির সমর্থন দরকার হবে। সেটি জনসনের জন্য খুব একটা সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভোটের ফলের কারণে আজ এমপিরা হাউস অব কমন্স নিয়ন্ত্রণ করবেন। এর ফলে তারা ব্রেক্সিট ৩১ জানুয়ারি পর্যন্ত বিলম্বিত করার প্রস্তাব দিতে প্রধানমন্ত্রীকে বাধ্য করতে বিল আনার সুযোগ পাবেন। তবে সেটি তখনি ঘটবে যদি এমপিরা ১৯ অক্টোবরের মধ্যে ব্রেক্সিটের জন্য একটি নতুন চুক্তি অনুমোদন বা চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে ভোট না দেন।

ধারণা করা হচ্ছে, সরকার ১৫ অক্টোবর একটি সাধারণ নির্বাচন করতে চান। তার দুদিন পরেই ব্রাসেলসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন।
লেবার নেতা জেরেমি করবিন বলেছেন, চুক্তি ছাড়া ব্রেক্সিটের পক্ষে দেশে সংখ্যাগরিষ্ঠতা আর নেই। তিনি মন্তব্য করেন, ভোটাভুটি হওয়ার আগেই এই বিল পাস হওয়া উচিত ছিল।
এখন পর্যন্ত ২১ টোরি এমপি, যাদের মধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রীও রয়েছেন, তারা সরকারকে হারাতে বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন।
তবে বিরোধীদের এখন দাবি, ‘নো ডিল ব্রেক্সিট’ বা চুক্তি ছাড়া ব্রেক্সিট যেন না হয় সেটি আগে নিশ্চিত করা, তারপর যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচনের প্রস্তুতি।
উল্লেখ্য, ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর নতুন নেতা তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী বরিস জনসন। নির্বাচিত হওয়ার পর আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি। প্রয়োজনে চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।
খবর বিবিসি

ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ রাতে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল।
মঙ্গলবার তেহরান ত্যাগের আগে জারিফ সাংবাদিকদের বলেছেন, ঢাকা সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারত মহাসাগরীয় দেশগুলোর একটি আঞ্চলিক সম্মেলনে ভাষণ দেবেন। সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকটি দেশের মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেবেন।
বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া সফরে যাবেন জারিফ। ইন্দোনেশিয়া সফরে গিয়ে জাকার্তা-তেহরান সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে দেশটির পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিশ্বের প্রতিটি অঞ্চলের দেশগুলোর সঙ্গে তেহরান ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

৬ হাজার কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্প অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৬ হাজার ৩২৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকার দেবে প্রায় ৫ হাজার ৩২৬ কোটি ৯১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ৯৯৯ কোটি ৩২ লাখ টাকা।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।
বর্তমান অর্থবছরের এ পঞ্চম একনেক সভায় অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে চারটিই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের। সেগুলো হলো ‘কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-হোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্প, ‘সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন’ প্রকল্প, ‘ভুয়াপুর-তারাকান্দি জেলা মহাসড়ক (জেড-৪৮০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প এবং ‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের (এন-১) (দাউদকান্দি-চট্টগ্রাম অংশ) চার বছরের জন্য পারফরম্যান্স বেইজড অপারেশন ও দৃঢ়করণ’ প্রকল্প।
বাকি অনুমোদিত প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার বিভাগের ‘পানির গুণগতমান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্প; সুরক্ষা সেবা বিভাগের ‘নরসিংদী জেলা কারাগার নির্মাণ’ প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ‘মানসম্পন্ন বীজআলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ’ প্রকল্প; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব-স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (চতুর্থ পর্যায়)’ প্রকল্প; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প এবং বিদ্যুৎ বিভাগের ‘কনভারশন অব ১৫০ মেগাওয়াট সিলেট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প।
এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

১২.৮৭ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে দুই মাসে

0

২০১৯-২০ অর্থবছরের প্রথম দুই মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩ হাজার ৮০.৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় এই অর্থ ১২.৮৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক (বিবি) এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৯৭.৬৯ মিলিয়ন মার্কিন ডলার এবং আগস্ট মাসে এসেছে ১ হাজার ৪৮২.৮৪ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে ২০১৮-১৯ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩১৮.১৮ মিলিয়ন মার্কিন ডলার। আর আগস্ট মাসে এসেছিল ১ হাজার ৪১১.০৫ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের আগস্ট মাসে ৬ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল গ্রহণ করেছে ৩৭৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার। আর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রহণ করেছে ২৩.৬৬ মিলিয়ন মার্কিন ডলার।
রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১৬৭.১৩ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ৭৭.৯৫ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ২১.৪৩ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১১১.২০ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক ০.০৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স গ্রহণ করেছে।
অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ১৮২.৯০ মিলিয়ন ডলার। এ ছাড়া প্রবাসীরা বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ১৩.৩৪ মিলিয়ন মার্কিন ডলার।
তথ্যসূত্র : বাসস

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আজ আসছেন

0

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও মহিলা বিষয়কমন্ত্রী সিনেটর মেরিস পেইন আজ বাংলাদেশে আসছেন। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন।

পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। অস্ট্রেলিয়ার মন্ত্রী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানিয়ে বলা হয়, আইওআরএ ব্লু ইকোনমি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পেইন পরিবেশগতভাবে টেকসই সমুদ্রভিত্তিক শিল্প- মাছ ধরা, জলজ শিল্প, পর্যটন, জাহাজ শিল্প, তেল ও গ্যাস ইত্যাদির কৌশলগত দিক তুলে ধরবেন।

তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইন পার্থ বিশ্ববিদ্যালয়ে আইওআরএ ব্লু কার্বন হাব প্রতিষ্ঠার ঘোষণা দেবেন। উপকূলীয় সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও টেকসই জীবিকার লক্ষ্যে ব্লু কার্বন ইকোসিস্টেম যেমন- ম্যানগ্রোভ, টাইডাল মার্শ ও সামুদ্রিক ঘাস রক্ষায় জোর দেয়াই এ হাবের লক্ষ্য।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন। তিনি এই সফরে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা সংকটসহ চরমপন্থা মোকাবেলা, বাণিজ্য এবং বিনিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

৫৪০০ মার্কিন সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে

0

আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে ৫৪০০ মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের তালেবান নেতারা একটা খসড়া চুক্তির বিষয়ে একমত হয়েছেন। ওই চুক্তি সম্পাদিত হলে ৫ মাসের মধ্যে আফগানিস্তানে পাঁচটি সামরিক ঘাঁটি থেকে ৫ হাজার ৪০০ মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।

তবে, সব কিছু নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মর্জির উপর। বর্তমানে ১৪ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে মোতায়েন আছে।
আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সেদিক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী জালমে খালিলজাদ ওই প্রস্তাবের গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য জানিয়েছেন এবং সরকারি কর্মকর্তারা তা নিয়ে আলোচনা করবেন। খালিলজাদের টিমের সঙ্গে আরও আলোচনা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাচনের বিদ্রোহীদের শাস্তি শুরু ৮ সেপ্টেম্বর: কাদের

0

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৮ সেপ্টেম্বর থেকে শাস্তি বাস্তবায়ন শুরু হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিদ্রোহী এবং বিদ্রোহীদের মদদদাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত হয়েছে আমরা বাস্তবায়ন প্রক্রিয়া আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু করবো।

থ্রিজি-ফোরজি সেবা বন্ধ রোহিঙ্গা ক্যাম্প এলাকায়

0

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ১৩ ঘণ্টা থ্রি জি এবং ফোর জি সেবা বন্ধ করার জন্য সকল মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ সেবা এবং নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশের পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিটিআরসি প্রাথমিকভাবে ১৩ ঘণ্টা থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশনা দিয়েছে।

এই নির্দেশনার ফলে ওই ১৩ ঘণ্টা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় টু জি সেবা চালু থাকায় ভয়েস কল করা গেলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে না। তবে ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব ধরনের মোবাইল সেবা পাবেন ওই এলাকার বাসিন্দারা।

শরণার্থী শিবিরগুলো টেকনাফ ও উখিয়ায় হওয়ায় কক্সবাজারের এই দুই উপজেলার বাসিন্দাদের জন্যও টেলিযোগাযোগ সেবা সীমিত হল।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, আজ এ সংক্রান্ত একটি নির্দেশনা অপারেটরদের পাঠানো হয়েছে এবং তারা তা কার্যকর করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় মোবাইল নেটওয়ার্কের বিষয়ে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

রোহিঙ্গারা যাতে মোবাইল ফোনের সুবিধা না পায়, তা সাত দিনের মধ্যে নিশ্চিত করতে বাংলাদেশের সব মোবাইল অপারেটরকে ‘জরুরি’ নির্দেশনা দেওয়ার একদিন পরই টেলিযোগাযোগ সেবা সীমিত করার নির্দেশনা দেওয়া হল।

এ বছর হচ্ছে না বিপিএল: অর্থমন্ত্রী

0

প্রথম আসর থেকেই বিপিএলের নানা অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের সীমা ছিলো না ক্রিকেট ভক্ত ও ফ্র্যাঞ্চাইজিদের। দেখতে দেখতে ছয়টি আসর শেষ করে ফেললেও সপ্তম আসরেও অব্যবস্থাপনার অভিযোগ থেকে বের হতে পারেনি বিপিএল। সাকিবের দলবদলের পরেই আরেকটি সংঘাতপূর্ণ সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। এরপরই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি হুমকি দেয় বিপিএল বর্জনের।

এরপর বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সাথে আলোচনায় বিপিএল নিয়ে যাবতীয় শঙ্কা কাটিয়ে ওঠার কথা বলা হয়। কিন্তু সেসব কিছুতে আজ পানি ঢেলে দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ অর্থমন্ত্রনালয়ের সভাকক্ষে আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বিপিএলের নিয়ম অনুযায়ী এক বছরে দুইবার বিপিএল হওয়ার সুযোগ নেই।’ তার এই কথায় বিপিএল হওয়া নিয়ে সবধরণের আলোচনা বন্ধ হয়ে গেলো।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক ও অর্থমন্ত্রী তনয়া নাফিসা কামাল বিপিএলকে লস প্রজেক্ট বলে আখ্যা দিয়ে বিপিএলে কুমিল্লার থাকার কথা পর্যালোচনা করবেন বলে জানান।

অপরদিকে সাকিবের দল বদলের পরে নেয়া বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তকে পক্ষপাতিত্বের অভিযোগ করে টুর্নামেন্ট বর্জনের হুমকি দেয় রংপুর রাইডার্স। এখন পর্যন্ত চট্টগ্রাম ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাউকে পায়নি বিপিএল কমিটি।

একটি টুর্নামেন্ট ৬টি আসর পার করলেও তার নিয়ম-নীতি ঠিক করতে পারেনি বিপিএল কমিটি বা বিসিবি। এরকম টুর্নামেন্ট আদতে দেশের ক্রিকেট উন্নয়নে কতটুকু কাজে লাগবে তা নিয়ে শঙ্কা দর্শক ও শুভানুধ্যায়ীদের।