Home Blog Page 3525

মন্ত্রিপরিষদের নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন আছাদুজ্জামান মিয়া

0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আসছে ১৪ সেপ্টেম্বর তিনি এ পদে যোগ দেবেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, ডিএমপি কমিশনার হিসেবে এক মাসের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে অর্থাৎ আগামী ১৪ সেপ্টেম্বর যোগদান থেকে তিন বছরের জন্য তাকে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হলো।
এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। একইসঙ্গে জনস্বার্থের এই আদেশ শিগগির বাস্তবায়ন করা হবে।
এর আগে তিনি প্রায় সাড়ে চার বছর ডিএমপি কমিশনার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার পর গত ১৪ আগস্ট থেকে একই পদে এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান আছাদুজ্জামান মিয়া। এ হিসেবে ১৩ সেপ্টেম্বর তার এ নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে।

৭ সেপ্টেম্বর রংপুর-৩ আসন নিয়ে বিএনপির সিদ্ধান্ত

0

রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর শালবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে, জেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে নির্বাচন বলতে এখন আর কিছু নেই। নির্বাচনে হয়তো বিএনপি অংশও নেবে, তবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ৭ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাবিতে এবার ভর্তি প্রার্থী ২ লাখ ৭৬ হাজার ৫২২

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ৫টি ইউনিটে এবার ৭ হাজার ১১৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭৬ হাজার ৫২২জন ভর্তিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, এ শিক্ষাবর্ষে ক-ইউনিটের ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৭৬জন, খ-ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৪৫ হাজার ১৩জন, গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৫৬জন, ঘ-ইউনিটের ১ হাজার ৫৬০টি আসনের বিপরীতে ৯৭ হাজার ৪৭৯জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯৯৮জন আবেদন করেছে।
ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর শুক্রবার, খ-ইউনিটের ২১ সেপ্টেম্বর শনিবার, গ-ইউনিটের ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ঘ-ইউনিটের ২৭ সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের (অংকন) ২৮ সেপ্টেম্বর শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

0

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ আগস্ট) সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতরা হলেন-হলেন সুরুজ মিয়া, নুরা মিয়া, উজ্জল এবং রাসেল। মদিনার আল ফাহাদ কোম্পানিতে কাজ করতেন তারা। কাজ শেষে সকালে বাসায় ফেরার পথে তাদের বহনকারী পিকআপ ভ্যানের চাকা ফেটে প্রাইভেটকরের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ভ্যানটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতের মরদেহ মদিনা কিং ফাহাদ হসপিটালের হিমঘরে রাখা হয়েছে। এর আগে, মদিনা থেকে জেদ্দা যাওয়া পথে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ মিজান টিপু নামের লন্ডন প্রবাসী আরো এক বাংলাদেশি নিহত হন। ওই দুর্ঘটনায় মিজান রহিমউল্লাহ এবং শেখ কাউসার উদ্দিন নামে আরো দুইজন আহত হয়েছেন।

সুশান্ত সিং আর শ্রদ্ধার পড়াশোনার দৌড়

0

সুশান্ত সিং রাজপুত আর শ্রদ্ধা কাপুর—বলিউডে এ সময়ের অন্যতম ব্যস্ত তারকা। খুবই জনপ্রিয়। দুজনই সফল। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তাঁরা খুবই আলোচিত। এবার তাঁদের পড়াশোনার ব্যাপারটি সামনে এসেছে। ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন ছবি ‘ছিছোরে’। পরিচালক নিতেশ তিওয়ারি। এর আগে এই ছবির প্রচারণার অংশ হিসেবে সনি চ্যানেলের হিন্দি স্ট্যান্ড আপ কমেডি ও টক শো ‘দ্য কপিল শর্মা শো’তে অতিথি হয়ে আসেন তাঁরা। এখানেই ঘটে বিপত্তি।

সাত বন্ধু। তরুণ বয়সে তাঁরা একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়তেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়েছে, তা-ই দেখা যাবে সিনেমায়। যেহেতু ছাত্রজীবন নিয়ে গল্প, তাই সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুরের পড়াশোনার প্রসঙ্গটি সামনে চলে আসে। যদিও তাঁরা যে কাজ করছেন, অভিনয়, সেখানে শিক্ষাগত যোগ্যতা মোটেও তেমন গুরুত্বপূর্ণ নয়। তারপরও পছন্দের তারকা কতটুকু পড়েছেন, তা নিয়ে ভক্ত কিংবা দর্শকের জানার ইচ্ছা হতেই পারে।

‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর জানালেন, তাঁরা কেউই স্নাতক পর্যন্ত পড়তে পারেননি। সুশান্ত সিং রাজপুত জানালেন, তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। তিন বছর পর পড়াশোনা বাদ দিয়ে কলেজ ছেড়ে চলে আসেন। বললেন, ‘আমি ছিলাম দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। পড়াশোনায় ভালোই ছিলাম। প্রথম সেমিস্টারের পর হোস্টেল থেকে বের করে দেয়। কারণ, কলেজের কড়া নির্দেশ, সন্ধ্যা সাতটার পর হোস্টেলে ঢোকা যাবে না।’ তবে ওই ঘটনার কারণেই সুশান্ত সিং রাজপুত কলেজ ছাড়েননি। তিন বছর পড়েছেন। যেহেতু বলিউডে অভিনয় করবেন, তাই আর দেরি না করে পড়াশোনা বাদ দিয়ে মুম্বাই চলে যান।

আর শ্রদ্ধা কাপুর যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি বিষয়ে অনার্সে ভর্তি হয়েছিলেন। কিন্তু এক বছর পরই বোস্টন ছেড়ে চলে যান মুম্বাই। বললেন, ‘শুরুতে ভেবেছিলাম পড়াশোনা শেষ করে তবেই বলিউডে যুক্ত হব। কিন্তু আর অপেক্ষা করতে পারছিলাম না। অডিশনের প্রস্তাব পাচ্ছিলাম। তখন পড়াশোনা শেষ না করেই চলে আসি।’

‘ছিছোরে’ ছবির পোস্টার
‘ছিছোরে’ ছবির পোস্টার
নিজেরা পড়াশোনা শেষ না করলেও দর্শক আর ভক্তদের বললেন, তাঁদের দেখে কেউ যেন মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেন। তাঁদের এই বিষয়টিকে কেউ যেন উদাহরণ হিসেবে না নেন।

চুরিটা ভালো করেই করুন, ‘সাহো’কে ব্যঙ্গ ফরাসি পরিচালকের

0

প্রভাস ও শ্রদ্ধা কাপুরের বহুপ্রতীক্ষিত ছবি ‘সাহো’। ‘বাহুবলী ২’-এর পর দুই বছরের অপেক্ষা। ‘সাহো’র রিভিউয়ে দর্শকেরা উচ্ছ্বসিত, তবে সমালোচকেরা ধুয়ে দিচ্ছেন। অনেকেই বলছেন, ছবিতে অ্যাকশন না গল্প, কোনটা বেশি বলা মুশকিল। এরই মাঝে ফরাসি এক পরিচালক ‘সাহো’র পরিচালককে ধুয়ে দিয়েছেন। বলেছেন, চুরি করলে ভালোভাবেই করা উচিত।

‘সাহো’ মুক্তি হয়েছে পাঁচ দিন হলো। এরই মধ্য বক্স অফিসের কালেকশন ভালোই। প্রথম তিন দিনে সারা বিশ্ব থেকে ছবিটি পকেটে পুরেছে ২৯৪ কোটি ভারতীয় রুপি। এমন সময় ছবির পরিচালক ও কলাকুশলীদের ব্যঙ্গ করলেন ফরাসি পরিচালক জেরম সালে। তাঁর অভিযোগ, ২০০৮ সালে তাঁর তৈরি করা ছবি ‘লার্গো উইঞ্চ’ থেকে ‘সাহো’ পুরোপুরি কপি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি পরিচালক ধুয়ে দিয়েছেন ‘সাহো’র পরিচালককে। ১ সেপ্টেম্বরে কোনো রাখঢাক না রেখে ফরাসি পরিচালক টুইটে লিখেছেন, ‘আমার ভবিষ্যৎ ভারতে বেশ উজ্জ্বল বলেই মনে হচ্ছে। লার্গো উইঞ্চের এই ফ্রি মেক আগেরটার মতোই খারাপ। তাই তেলেগু পরিচালকেরা দয়া করে আমার কাজ চুরি করলে সেটাকে সঠিকভাবে করুন।…’ এর আগেও দক্ষিণে তার ছবি নকল করার অভিযোগ তুলেছিলেন এই পরিচালক।

তবে এর আগের ‘সাহো’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী লিসা রয়। শিল্পী শিব সুলেমানের আঁকা একটি ছবি চুরির অভিযোগ উঠল প্রভাসের ‘সাহো’র বিরুদ্ধে। নিজের ইনস্টাগ্রামে লিসা একটি ছবি শেয়ার করেন। যেখানে ‘বেবি ওয়ান্ট ইউ টেল মি’ নামে একটি গানে সুলেমানের ওই ছবি ব্যবহার করা হয়। ‘বেবি ওয়ান্ট ইউ টেল মি’তে সুলেমানের যে ছবি ব্যবহার করা হয়েছিল, সে পোস্টারই হুবহু তুলে দিয়েছেন ‘সাহো’র পরিচালক।

‘সাহো’-র পোস্টার শেয়ার করে লিসা প্রশ্ন তুলে বলেন, এ ধরনের কাজ আর কত দিন চলবে? এবার প্রতিবাদ করার সময় এসেছে। বড় বাজেটের সিনেমার প্রযোজক সংস্থা কীভাবে অন্যর কাজের ছবি টুকে জুড়ে দেওয়ার মতো কাজ করতে পারে। শুধু তা-ই নয়, শিব সুলেমানের কাজ থেকে ছবি নেওয়ার সময় ‘সাহো’র নির্মাতারা তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।

ছবিটি বক্স অফিসের কালেকশন নিয়ে সিনেমা বিশ্লেষকদের ধারণা যা ছিল, প্রথম দুই দিনে তা পেরিয়ে গেছে। ভারতে মুক্তি পাওয়া হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কেও ছাড়িয়ে যাবে ‘সাহো’, তাও সত্য হয়েছে। ট্রেড অ্যানালিস্টদের পূর্বাভাস ছিল, প্রথম দিনের কালেকশনে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ থেকে ‘কবির সিং’, অনেক ছবিকেই টপকে যাবে ‘সাহো’। ছবি মুক্তির প্রথম দিনে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ৫৩ কোটি, ‘থাগস অব হিন্দুস্তান’-এর আয় ছিল ৫২ কোটি রুপির বেশি। আর শুক্রবার ছবি মুক্তির প্রথম দিনে সব কটি ভার্সন মিলে ‘সাহো’র আয় ছিল ৬৮ কোটি রুপি। আর দ্বিতীয় দিন শনিবারে আয় ৩ কোটি কমে দাঁড়ায় ৬৫-তে।

৩৫০ কোটি রুপি বাজেটের অ্যাকশন থ্রিলার ছবিটি মুক্তির আগেই ৩২০ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে। এখন আয় কোথায় গিয়ে ঠেকে, দেখার বিষয় তা-ই।

প্রভাস, শ্রদ্ধা ছাড়াও ‘সাহো’তে আছেন জ্যাকি শ্রফ, নীল নীতিন মুকেশ, চ্যাঙ্কি পান্ডে, মন্দিরা বেদি। তথ্যসূত্র: এনডিটিভি

শেষ হলো নাটক; পিএসজিতেই থাকছেন নেইমার

0

ব্রাজিল সুপারস্টার নেইমার সকল জল্পনা কল্পনা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু না বার্সেলোনার জার্সি পারে ফুটবল মাঠে নামার দৌড় শেষ হয়েও হলো না শেষ। দল বদলের শেষ দিন পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় না পৌঁছানোয় নেইমারের পিএসজিতে থাকা নিশ্চিত হয়ে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় সময় সোমবার রাত পর্যন্ত নেইমারের বার্সেলোনায় স্থানান্তরে চুক্তিতে স্বাক্ষর করেনি বার্সা। এদিকে সোমবার পর্যন্তই ছিলো স্থানান্তরে শেষ সময়। তবে ২০২০ সালের সামারে তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

গত কয়েক দিনে মোট তিনটি প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। কিন্তু এর কোনোটিই পছন্দ হয়নি ফরাসি চ্যাম্পিয়নদের। গত শুক্রবার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও তাদের চাওয়া পূরণ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আর উপযুক্ত প্রস্তাব না এলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে প্যারিসেই থাকতে হবে বলে তখনই মন্তব্য করেছিলেন এই কর্মকর্তা।

সূত্র: স্ট্যান্ডার্ড।

সিংহাসন হারালেন কোহলি, শীর্ষস্থানে স্মিথ

0

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ। নিজের জায়গা পুনরুদ্ধার করতে খুব একটা সময় নিলেন না তিনি। মাত্র ৩টি ইনিংস খেলেই বাজিমাত্ করলেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। আর তার সঙ্গে যোগ হলো বিরাট কোহলির খানিকটা ব্যর্থতা। তাতেই স্মিথ ফিরে পেলেন শীর্ষস্থান। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আবার এক নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। কোহলি নেমে গেছেন দুই নম্বরে।

অ্যান্টিগায় প্রথম টেস্টে দুই ইনিংসে বড় রান পেলেও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কিংস্টনে প্রথম ইনিংসে ৭৬ রান করলেও, দ্বিতীয় ইনিংসে কেমার রচের বলে গোল্ডেন ডাক। আর তাতেই কোহলির সিংহাসন টলমল। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু’নম্বরে নেমে গেলেন কোহলি।

২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে এক বছরের নির্বাসন কাটিয়ে টেস্টে প্রত্যাবর্তন হয়েছে স্টিভ স্মিথের। অ্যাসেজে তিনটি ইনিংসে মোট ৩৭৮ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ১২৬। চোটের কারণে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেননি স্মিথ। হেডিংলিতে তৃতীয় টেস্টেও খেলেননি।

এদিকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই টেস্টে কোহলির পারফরম্যান্স মোটের ওপর ভালো নয়। ফলে ২০১৮ সালের অগাস্ট মাস থেকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে আসার পর এবার সেই জায়গা হারালেন কোহলি। ৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে দু’নম্বরে কোহলি। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে স্টিভ স্মিথ।

বিশ্বকাপ মিশনের আগে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ আজ

0

কাতার বিশ্বকাপ মিশন শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় তাজিকিস্তানের দুশানবেতে ম্যাচটি শুরু হবে।

জানা গেছে, আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবের রিপাবলিকান সেন্ট্রাল স্টেডিয়ামে কাতার-২০২২ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে দুশানবেতেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। একটি আজ এফসি কুকটশের বিরুদ্ধে এবং অপরটি আগামী বৃহস্পতিবার সিএসকেএ পামির।

আরো জানা গেছে, এই পর্বের ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশ। অন্য তিন প্রতিপক্ষ ভারত, ওমান ও কাতার। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মোট আটটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।

মহাসড়ক থেকেও টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

0

সেতুর পাশাপাশি জাতীয় সড়ক ও মহাসড়ক ব্যবহার করলে সেখানেও টোল বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোলের মাধ্যমে আদায় করা অর্থ মহাসড়কের উন্নয়নে ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বর্তমান সরকারের ১৪তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশ গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নত দেশের মতো আমাদের দেশেও বড় বড় মহাসড়ক যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা রংপুর ও ঢাকা-ময়মনসিংহ এসব মহাসড়কে টোলের ব্যবস্থা রাখতে হবে। শুধু তাই নয়, টোলের মাধ্যমে আদায় করা টাকা রাখার জন্য একটি আলাদা অ্যাকাউন্ট করতে হবে। সেই টাকা দিয়ে মহাসড়কগুলো সংস্কার করতে হবে।

তিনি বলেন, ব্রিজে আমরা টোল নিই। সড়ক নয়, জাতীয় মহাসড়কগুলোতে থাকা (যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক) ব্রিজ ছাড়াও রাস্তার ওপর টোল বসানো হবে। সারাবিশ্বে তাই আছে। টোলে কত টাকা নির্ধারণ হবে, সেটা ঠিক করব এখন। কারণ এভাবে আর পারা যাবে না।

কিভাবে টোল আদায় হবে তা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশে আমরা যেটা দেখেছি, সেকশন সেকশন হয়। ধরুন, ২০০ মাইল রাস্তা। প্রত্যেক ৫০ মাইল রাস্তায় একটা গেট থাকে। স্থানীয় গাড়িগুলো ১০ মাইল গিয়ে আরেক রাস্তায় গেলে টোল আসবে না। লং ডিসটেন্স ট্রাভেলারদের (দূরবর্তী যানবাহন) জন্য এটা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কাজ করবে আমাদের প্রকৌশলীরা।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শের বিষয়ে তিনি জানান, যেকোনো উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয় জনবল যেন আগে থেকেই নিয়োগের ব্যবস্থা করা হয়। তাদের প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রমের ব্যবস্থা প্রকল্পের মধ্যেই থাকতে হবে। যাতে প্রকল্প শুরু হলে জনবলের কারণে বাস্তবায়ন বাঁধাগ্রস্ত না হয়।

এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একনেক সভায় মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ১০টি প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩শ ২৬ কোটি টাকা। এর মধ্যে ৯শ ৯৯ কোটি টাকা প্রকল্প সাহায্য, বাকি অর্থ সরকারি খাত থেকে সংস্থান করা হবে।

এক্সেল লোড স্থাপন প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬শ ৩০ কোটি টাকা। চলতি সময় থেকে ২০২২ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ৯০ সেটওয়ে ইন মোশন স্কেল, ৩১ সেট স্ট্যাটিকওয়ে ব্রিজ স্কেল স্থাপন ও কমিশনিং করা হবে।

সব ক্ষেত্রে নিরাপদ পানি ব্যবহার জনস্বাস্থ্য রক্ষার অন্যতম শর্ত। কিন্তু পরিবেশে রাসায়নিক দ্রব্য ও জীবাণুর কারণে বিশুদ্ধ ও নিরাপদ পানি এখন সবার জন্য প্রায় দুষ্প্রাপ্য। সেজন্য জনস্বাস্থ্যও মারাত্মক হুমকির সম্মুখীন। তাই সারাদেশের মানুষের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ৫২টি নতুন পরীক্ষাগার স্থাপন করবে সরকার।

এ ছাড়া ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প; এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘কনভারশন অব ১৫০ মে. ও. সিলেট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট টু ২২৫ মে. ও. কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (২য় সংশোধিত)’ প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।