Home Blog Page 3547

রোহিঙ্গারা মালয়েশিয়ায় অনিশ্চিতভাবে দিন কাটাচ্ছে

0

রোহিঙ্গারা মালয়েশিয়ায় অনিশ্চিতভাবে দিন কাটাচ্ছে, যেখানে তারা গত ৩০ বছর ধরে আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। সেখানে আইনগত বৈধতার অভাব তাদের এবং অন্যান্য শরণার্থীদের ও আশ্রয়প্রার্থীদের প্রতিদিনই আরো অনিশ্চিত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

বৈধভাবে কাজ করার অনুমতি না থাকায়, তারা প্রায়ই মালয়েশিয়ায় গোপনে কাজ করছে। স্বাভাবিকভাবেই সেখানে তারা শোষিত হওয়ার, ঋণের জালে জড়িয়ে পড়ার অথবা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পড়ার ঝুঁকিতে থাকছে।

রাস্তার ধারে হাঁটলে কিংবা চিকিৎসা সেবা নিতে বাইরে বের হলেও শরণার্থীদের হাজতবাস অথবা চাঁদাবাজির শিকার হওয়ার পরিণতি বরণ করতে হয়।

ইমান হোসেন (২২) ২০১৫ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে মালয়েশিয়ার পেনাং-এ আসার আগে কিছুদিন থাইল্যান্ডে ছিলেন। অন্যান্য শরণার্থীদের মতো জীবিকার তাগিদে তিনিও পেনাংয়ে দ্রুত বর্ধনশীল নির্মাণশিল্পে কাজ শুরু করেন।

তিনি গত ১০ সপ্তাহ ধরে কাজের কোনো মজুরি পাচ্ছেন না। তার মালিক তাকে বলেছেন যে, কাজ চালিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই; কারণ ওই এলাকায় তিনি থাকেন, আর এই কাজ ছেড়ে দিলে তিনি সর্বস্বান্ত হয়ে যাবেন।

এমএসএফ-এর মিয়ানমার এবং মালয়েশিয়ার অপারেশন ম্যানেজার বেনোয়া দ্য গ্রিজ বলেন, রোহিঙ্গারা যে বৈষম্য আর বঞ্চনার শিকার হচ্ছে, তার অন্তর্নিহিত কারণগুলো নিয়ে কথা বলা এবং তাদেরকে নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করার ব্যাপারে গত দুই বছরে খুব সামান্য চেষ্টাই করা হয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের একটি ভালো ভবিষ্যতের জন্য আন্তুর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের সাথে কূটনৈতিক প্রক্রিয়া দ্বিগুণভাবে চালিয়ে যাওয়া এবং অবিশ্বাস্যভাবে ক্ষমতাহীন হতে থাকা এই জনগোষ্ঠীর একটি বৈধ স্বীকৃতি প্রদান করা।

২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতে আপিল করা হবে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতে আপিল করা হবে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৫তম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইভি রহমান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে নারীদের মধ্যে একজন নক্ষত্র।

গ্রেনেড হামলার স্মৃতিচারণ করে তিনি বলেন, গ্রেনেড হামলায় তিনি রক্তাক্ত হয়ে কাতরাচ্ছেন। কিন্তু সময়মতো চিকিৎসা পাননি। চিকিৎসায় বিলম্ব না হলে হয়তো তিনি বেঁচে যেতেন।

গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে জানিয়ে কাদের বলেন, মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতে আপিল করা হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন উচ্চ আদালতে শুনানি হবে। সেজন্য পূর্ণাঙ্গ রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।

মোজাফফর আহমদের প্রতি ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

সদ্য প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এর আগে মোজাফফর আহমদের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এ সময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার জানায়।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক মোজাফফর আহমদ।

মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের বয়স হয়েছিল ৯৭ বছর।

মুজিবনগর সরকারের ছয়জন উপদেষ্টার মধ্যে একজন ছিলেন তিনি। এছাড়া ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়।

গত ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফরকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়, ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

0

প্রয়াত বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার জানায়।

আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ নেওয়া হয়। সেখানে সংসদ সদস্যসহ বিশিষ্টজনদের উপস্থিতিতে অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পর মোজাফফর আহমদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি সশরীরে হাজির হতে না পারায় তার পক্ষে শ্রদ্ধা জানান সহকারী সামরিক সচিব। পরে, আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

কিছুক্ষণের মধ্যে তাঁর লাশ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

রাতে লাশ নেওয়া হবে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে তার গ্রামের বাড়িতে। আগামীকাল রবিবার জানাজা শেষে সকাল ১০টায় নিজ গ্রামে দাফন করা হবে তাকে।

এর আগে অধ্যাপক মোজাফফর আহমদ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রিয়াঙ্কাকে বহিষ্কারে পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান জাতিসংঘের

0

পাক-ভারত উত্তেজনার মধ্যে সামাজিকমাধ্যমে ‘জয় হিন্দ’ লেখায় নিরাপেক্ষতা হারানোর অভিযোগে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানিয়েছিল পাকিস্তান। কিন্তু এ যাত্রায় হারতে হয়েছে ইসলামাবাদকে। প্রিয়াঙ্কার বক্তব্যকে তার ব্যক্তিগত মতামত হিসেবে দেখছে ইউনিসেফ।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের সময় সামাজিকমাধ্যম টুইটারে প্রিয়াঙ্কা লিখেছিলেন ‘জয় হিন্দ’। তখন থেকেই শুরু হয় হ্যাশট্যাগ, বিতর্ক আর জটিলতা।

ওই টুইট করার পরপরই প্রিয়াঙ্কা চোপড়াকে ইউনিসেফের শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানায় পাকিস্তান। সেই দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করে পাকিস্তানের হাজার মানুষ। এরপর অনলাইন আবেদন জানানো হয় ইউনিসেফ আর জাতিসংঘের কাছে।

ওই ঘটনা নিয়ে একেবারেই চুপ ছিলেন প্রিয়াঙ্কা, ইউনিসেফ বা জাতিসংঘ। তবে এবার মুখ খুলেছে জাতিসংঘ। প্রায় পাঁচ মাস পর জাতিসংঘ বিবৃতি দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, প্রত্যেক মানুষ তার আগ্রহের বিষয়ে মতপ্রকাশ করার অধিকার রাখে। তাদের ব্যক্তিগত মতামত বা কর্মকাণ্ড ইউনিসেফকে সব সময় প্রভাবিত করবে না। প্রিয়াঙ্কা যদি ইউনিসেফের পক্ষ হয়ে কোনো মন্তব্য করতেন, তখন সেটি তাঁর পদকে প্রভাবিত করত।

৫ জনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল!

0

তার মাঝে তারকা হওয়ার সব গুণই মজুদ ছিল। খেলতেন আর্সেনালের মতো শীর্ষ ক্লাবে। কিন্তু কেন যেন মেক্সিকান স্ট্রাইকার কার্লোস ভেলা ধীরে ধীরে হারিয়ে গিয়েছেন ফুটবল দুনিয়া থেকে। মেক্সিকোর হয়ে ৭২ ম্যাচে ১৯ গোল করা ভেলা এখন খেলেন মেজর লিগ সকারে খেলেন। বৃহস্পতিবার মেজর লিগে লস অ্যাঞ্জেলস এফসির হয়ে তিনি এমন একটি গোল করেছেন যা নিয়ে ফুটবলবিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে।

সান জস আর্থকোয়েকের বিপক্ষে ম্যাচের যখন ৪১ মিনিট বয়স তখন এই অদ্ভুত গোল করেন ভেলা। লস অ্যাঞ্জেলস তখন ২-০ গোলে এগিয়ে। ৬ মিনিটে উরুগুয়ের দিয়েগো রসি ও ১৭ মিনিটে ভেলার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে ছিল তারা। সেই ব্যবধান আরও বাড়ান অধিনায়ক ভেলা। একক দক্ষতায় করা গোলে মন জয় করে নেন তিনি। মাঝমাঠ থেকে বল নিয়ে একের পর এক খেলোয়াড়কে টপকে তিনি পৌঁছে যান গোলের সামনে এবং গোললাইনে দাঁড়িয়ে থাকা ডিফেন্ডারকে উল্টো দিকে ফেলে গোল করে দেন তিনি।

ভেলার সেই অবিশ্বাস্য গোলের ভিডিও টুইটারে পোস্ট করেছে মেজর লিগ সকার। ওই ম্যাচে সান জস আর্থকোয়েককে ৪-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে ভেলার লস অ্যাঞ্জেলস এফসি। কফিনে শেষ পেরেকটা পোঁতেন জস পেরেজ। লস অ্যাঞ্জেলস ২৬ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগের শীর্ষে। তাদের করা ৭১টি গোলের মধ্যে ২৬টিই করেছেন অধিনায়ক ভেলা। তবে সব যেন ছাপিয়ে গেছে তার ওই অবিশ্বাস্য গোলটিতে।

ক্রিকেটের পাশাপাশি আনুশকা আমার জীবনে আশীর্বাদ

0

উইন্ডিজের বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ‘কিং অফ ক্রিকেট’ ভিভিয়ান রিচার্ডসের মুখোমুখি হয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুজনের আলোচনায় ক্রিকেটের পাশাপাশি উঠেছে ব্যক্তিগত বিষয়। সেটা অবশ্যই বিরাট কোহলি আর আনুশকা শর্মার বিবাহিত জীবন। ক্যারিবিয়ান কিংবদন্তির প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, আনুশকা তার জীবনে আশীর্বাদ। বিয়ের পর লাগাতার সাফল্যের পেছনে স্ত্রী আনুশকা শর্মার ভূমিকাকেই বড় করে দেখছেন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান।

ক্যারিবিয়ান কিংবদন্তির সঙ্গে কোহলির ব্যক্তিগত আলোচনায় উঠে আসে আনুশকার বিষয়। ভারত অধিনায়কের বিবাহিত জীবনের উল্লেখ করে রিচার্ডস বলেন, ‘তুমি এখন আগের থেকে আরও ভালো খেলছো। অনেকের পক্ষেই নিয়মিত এত ভালো খেলা সম্ভব হয় না। কিছু লোক এটা ভেবে আনন্দ করে যে বাকি জীবন কীভাবে কাটাবে। অনেকে আবার সেটা করে না। মনে হচ্ছে, তুমি মুদ্রার উভয় পিঠের (বিয়ে এবং ক্যারিয়ার) প্রশংসা পেয়েছ।’

জবাবে বিরাট কোহলি বলেন, ‘ক্রিকেটের পাশাপাশি আনুশকা আমার জীবনে আশীর্বাদ। ও একজন পেশাদার অভিনেত্রী। ও আমার জায়গাটা বুঝতে পারে। প্রয়োজনে আমাকে ঠিক পথে চালতে সহায়তা করে। আমরা একসঙ্গে বসে ঠিক পথটা বেছে নেওয়া চেষ্টা করি। মাঠের বাইরে কোনটা আমার জীবনে করা উচিত। কঠিন সময়ে সবসময় ওকে পাশে পাই। যা মাঠে আমার ব্যক্তিত্বকে ধরে রাখতে সাহায্য করে। ক্রিকেট খেলতে পারার পাশাপাশি। জীবনসঙ্গী হিসেবে একজন সঠিক মানুষ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নেইমারকে কিনতে নড়েচড়ে বসল ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস

0

বেশ জমে উঠেছে নেইমারের দলবদল নাটক। অনেকেই তাকে দলে টানতে চাইছে, আবার কেউই এগিয়ে আসছে না। অন্যদিকে পিএসজি তাকে ম্যাচের পর ম্যাচ সাইডবেঞ্চে বসিয়ে রাখছে। এমতাবস্থায় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের পর এবার নড়েচড়ে বসল ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস। ব্রাজিল সুপারস্টারকে দলে ভেড়াতে চায় তারা। সেটাও আবার আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা এবং ৮০ মিলিয়ন ডলারের বিনিময়ে। স্প্যানিশ দৈনিকগুলোতে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।

নেইমার নিজে যেতে চান পুরনো ক্লাব বার্সায়। এজন্য তিনি যদি সরাসরি কিছু বলেন, তাহলে সহজ হয়ে যায়। কিন্তু নেইমার মুখ খুলছেন না। মুখ খোলার জন্য তার কাছে সময় আছে ১০ দিন। নিজে না বললে চুক্তিতে অথবা ধারে বার্সায় যেতে হবে নেইমারকে। তার সামনে এখন দুটি পথ খোলা- ১. ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে ইভান রাকিতিচ আর ওসমানে দেম্বেলের বিনিময়ে বার্সায় ফেরা। অথবা ২. প্রাথমিকভাবে দুই বছরের ধারে নেইমারকে এনে পরে পুরো মূল্য পরিশোধ করা।

অন্যদিকে কেইলর নাভাস, গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজের সঙ্গে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে পেতে চাইছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। শোনা যাচ্ছে, আজ শুক্রবারের মধ্যে যদি বার্সা কোনো প্রস্তাব দিয়ে পিএসজিকে সন্তুষ্ট না করতে পারে, তবে ফরাসি ক্লাবটি বার্সেলোনার কাছে নেইমারকে বিক্রি করবে না। এই সুযোগে মাঠে নেমেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্তাস। তারা নেইমারের পরিবর্তে পাওলো দিবালা এবং ৮০ মিলিয়ন ইউরো দিতে চাইছে। শেষ পর্যন্ত নেইমার জুভেন্তাসে আসলে আক্রমণভাগে রোনালদোর সঙ্গে দেখা যাবে তাকে।

অবশেষে চাকরি হলো মাইক হেসনের

0

কথায় আছে, যোগ্যতা থাকলে চাকরি জোটানো কঠিন কিছু নয়। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসনের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। বিশ্বের অন্যতম হাই প্রোফাইল এই কোচ বিভিন্ন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তবে সেটা আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত তার চাকরি হলো আইপিএলে। এবার তিনি যোগ দিয়েছেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। তবে কোচ হিসেবে এই চাকরি জোটাতে পারেননি তিনি।

বাংলাদেশের কোচ হওয়ার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন মাইক হেসন। অপরদিকে হেসন চাচ্ছিলেন ভারতের কোচ হতে। এজন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে বড় অংকের বেতন আর চাকরির শর্ত জুড়ে দেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তার সাক্ষাতকার নিলেও রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে পুনর্বহাল করে। এদিকে বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গোকে কোচ হিসেবে নিয়োগ দেয়। দুই কুল হারানো হেসন পাকিস্তানের কোচ হওয়ার আবেদন করেননি।

জাতীয় দলের কোচ হওয়ার জন্য ‘স্বার্থ-সংঘাত নীতি’ মেনে আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন হেসন। এবার তার বেকারত্ব ঘুচল। শেষপর্যন্ত সেই আইপিএলেই নাম লেখালেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে বদলে গেছে তার পদবীও। এতদিন কোচ হিসেবে আইপিএলে থাকলেও আসন্ন মৌসুমে ব্যাঙ্গালুরুর ক্রিকেট অপারেশন্সের পরিচালক পদে দেখা যাবে হেসনকে। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান সাইমন ক্যাটিচকে হেড কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে দলটি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী

0

এবারে ডেঙ্গুর মাত্রা আমাদেরকে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। ডেঙ্গুর ভয়াবহতা কেউই আগে অনুমান করতে পারেননি। অভিজ্ঞতার অভাব থাকলেও সরকার ডেঙ্গু মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সফলতা বিফলতার কথা না ভেবে; আমরা বলতে চাই ডেঙ্গু মোকাবিলায় সরকার জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে। ঈদ পরবর্তীতে ডেঙ্গু পরিস্থিতি অবনতি না হয়ে বরং অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। গ্রামেগঞ্জে ছড়িয়ে যাওয়ার যে আশংকা ছিল তাও ঘটেনি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা যাওয়া অস্বচ্ছল পরিবারের কেউ চাইলে এলজিআরডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।

এসময় এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু আজ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি এখন সারা বিশ্বের সমস্যা। এডিস মশা নিয়ন্ত্রণে ম্যালাথিয়ন ছাড়াও এখন আমরা আরো কার্যকর ওষুধ খুঁজছি। শুধু ওষুধ প্রয়োগ করলেই হবে না তা যেনো কোনোভাবেই জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় আমরা সে বিষয়টিও ভাবছি। এডিস মশা নিযন্ত্রণে শুধু বেসরকারি প্রতিষ্ঠানকে দায়ী করা হচ্ছে না, সরকারি অফিসগুলোও যাতে সঠিক দায়িত্ব পালন করে এ ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল না; এ কথা সঠিক নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় সমান নম্বর পাওয়ায় অংশগ্রহণকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি উভয় দলকে বিজয়ী বলে ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা, সাংবাদিক হাবিবুর রহমান রাহী, সাংবাদিক আতাউর রহমান কাবুল, ফ্রিল্যান্স সাংবাদিক জাহিদ রহমান। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।