Home Blog Page 3557

অবশেষে জিব্রালটার ছেড়েছে ইরানের জাহাজ

0

ইরানের তেলবাহী জাহাজটি অবশেষে জিব্রালটারের বন্দর ছেড়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে—এমন সন্দেহে গত জুলাইয়ে জিব্রালটার প্রণালিতে ইরানের তেলবাহী জাহাজটিকে আটক করা হয়েছিল।

গতকাল রোববার রাতে ইরানের জাহাজটি জিব্রালটার ছাড়ে। মেরিন ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, ইরানের জাহাজটি এখন ভূমধ্যসাগরের পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। জাহাজের গন্তব্য হিসেবে উল্লেখ আছে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতা।

ইরানের জাহাজটিকে ফের জব্দ করার জন্য অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ নাকচ করে জিব্রালটার কর্তৃপক্ষ।

গত শুক্রবার শেষ মুহূর্তে ওই অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। তার আগের দিন জিব্রালটার কর্তৃপক্ষ ইরানের জাহাজটির ওপর থেকে আটকাদেশ তুলে নেয়।

জিব্রালটার কর্তৃপক্ষ বলছে, জাহাজে থাকা তেল সিরিয়ায় যাবে না—এই মর্মে তারা ইরানের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে। তারপরই বৃহস্পতিবার তারা জাহাজটি ছেড়ে দেয়।

জিব্রালটার কর্তৃপক্ষ জানায়, ইরানের জাহাজটি ফের জব্দ করার ব্যাপারে তারা ওয়াশিংটনের অনুরোধ রাখতে পারছে না। কারণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রযোজ্য নয়।

এদিকে ইরানের জাহাজটি তার নাম বদলেছে। ‘গ্রেস ১’ এখন ‘আদ্রিয়ান দারিয়া ১’। জাহাজটিতে ২৯ জন ক্রু রয়েছেন। তাঁরা ভারত, রাশিয়া, লাটভিয়া ও ফিলিপাইনের নাগরিক।

গত ৪ জুলাই ব্রিটিশ রয়্যাল মেরিন জিব্রালটার প্রণালিতে ‘গ্রেস ১’ নামের তেলবাহী ইরানি জাহাজটি জব্দ করে। এ নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক বিরোধ দেখা দেয়। তারাও একটি ব্রিটিশ পতাকাবাহী জাহাজ জব্দ করে। ব্রিটিশ পতাকাবাহী জাহাজটি এখনো ইরানের হাতে জব্দ আছে।

খাবার দিতে দেরি করায় ওয়েটারকে গুলি করে হত্যা

0

রেস্তোরাঁয় গিয়ে স্যান্ডউইচ অর্ডার দিয়ে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি। খাবার আসতে দেরি হওয়ায় একপর্যায়ে রেগে যান। রেগে গিয়ে শেষ পর্যন্ত এক ওয়েটারকে গুলি করে হত্যাই করে ফেলেন তিনি!

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের পূর্ব দিকে নইজি-লে-গ্রান্ড এলাকার এক রেস্তোরাঁয় এই অনভিপ্রেত ঘটনা ঘটে। নিহত ওয়েটার কিংবা ঘাতক ব্যক্তি কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনার পরপরই গুলি চালানো সেই ব্যক্তি পালিয়ে যান। পুলিশ এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে প্যারিসের পুলিশ।

ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্স রেস্তোরাঁয় ছুটে যায়। কিন্তু কাঁধে গুলি লাগা সেই ওয়েটারকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই মারা যান ২৮ বছর বয়সী সেই ওয়েটার।

নিহত ওয়েটারের সহকর্মীরা জানিয়েছেন, খাবার প্রস্তুত হতে দেরি হওয়ায় অধৈর্য হয়ে পড়েন ওই ব্যক্তি। একপর্যায়ে রেগে গিয়ে সেই ওয়েটারের দিকে তাক করে গুলি চালান তিনি।

আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন প্রত্যক্ষদর্শীরা। ২৯ বছর বয়সী এক নারী ফরাসি মিডিয়াকে বলেছেন, ‘এমন ঘটনা দুঃখজনক। মাত্র কয়েক মাস আগেই রেস্তোরাঁটি খোলা হয়েছে। খুবই শান্ত একটি রেস্তোরাঁ এটি। কোনো ঝুটঝামেলাও হতো না এখানে।’

মা হতে চলেছেন দীপিকা

0

গুঞ্জনের সূত্রপাত করলেন খোদ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি। সেই সঙ্গে গুঞ্জনের একটুখানি ফুলকিতে ঘি ঢেলে আগুন ধরিয়ে দিলেন আরেক বলিউড তারকা অর্জুন কাপুর। এরপর থেকে বলিউডপাড়ায় শুরু হলো আলোচনা-ফিসফাস, ‘মা হতে চলেছেন দীপিকা!’
ঘটনার সূত্রপাত হয় যখন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লাইভ সেশনে অংশ নেন রণবীর সিং। সেখানে ভক্তদের সঙ্গে তিনি কথা বলেন। ওই লাইভ দেখছিলেন রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোনও। লাইভ চলাকালে দীপিকা স্বামী রণবীরকে ‘হাই ড্যাডি’ বলে সম্বোধন করেন। লিখিত সেই মন্তব্যের পাশে দীপিকা জুড়ে দেন একটি বাচ্চার ইমোজি ও একটি ‘হার্ট’ ইমোজি। রণবীরও এক মুগ্ধতামাখা হাসি দিয়ে সেই মন্তব্যের জবাবে হাজার হাজার ভক্তের সামনে দীপিকাকে বলেন ‘হাই বেবি’। রণবীর আর দীপিকা যে এমনটা প্রথমবার করলেন, তা নয়। এই বলিউড দম্পতি বিয়ের পর থেকেই পিডিএ (পাবলিক ডিসপ্লে অব অ্যাফেকশন), অর্থাৎ জনসমক্ষে প্রেম জাহির করতে পিছপা হন না। বিমানবন্দর, শুটিং সেট, পার্টি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও এই জুটি সুযোগ পেলেই একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

তবে এবার দীপিকার মা হওয়ার গুঞ্জন উসকে দিয়েছেন এই দম্পতির কাছের বন্ধু অর্জুন কাপুর। তিনি ওই লাইভ সেশনে দীপিকার মন্তব্যের পরই একটি মন্তব্য করেন। সেখানে রণবীরকে উদ্দেশ করে অর্জুন লিখেছেন, ‘বাবা, (রণবীরকে অর্জুন এই নামে ডাকেন) ভাবি তোমাকে একজন দিতে চায়।’ এই মন্তব্য পড়েই ভক্তরা ভাবতে শুরু করেছেন যে অর্জুন কাপুর বুঝি দীপিকা-রণবীরের সন্তানের দিকে ইঙ্গিত করছেন। অর্জুনের মন্তব্যের পর থেকেই রণবীরের ওই লাইভ সেশনে শুধুই দীপিকার অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে মন্তব্য আসতে শুরু করে। কিন্তু রণবীর আর এ ব্যাপারে কোনো রা করেননি।

দীপিকা পাড়ুকোন বর্তমানে কাজ করছেন মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘ছপাক’-এ। আর রণবীর ব্যস্ত কপিল দেবের জীবনীভিত্তিক সিনেমা ‘এইটি থ্রি’র শুটিংয়ে। এই ছবিতেও দীপিকাকে দেখা যাবে রণবীরের সঙ্গে। গত বছরের ১৪ ও ১৫ নভেম্বর দুটি ভিন্ন রীতিতে বিয়ে করেন দীপিকা-রণবীর। তাঁদের বিয়ের আয়োজনটি ছিল গত বছর বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনার একটি। তাই এবার তাঁদের সন্তান নিয়েও ভক্তদের আগ্রহ অনেক।

অস্ট্রেলিয়ার মারনাস ল্যাবুশেন হয়ে গেলেন টেস্ট ক্রিকেটে প্রথম বদলি ক্রিকেটার

0

জোফরা আর্চারের বলে আহত হয়ে লর্ডস টেস্টের বাকি খেলা থেকে ছিটকে গেছেন দুর্দান্ত ফর্মে থাকা স্টিভ স্মিথ। শনিবার লর্ডসে স্টিভ স্মিথকে একের পর এক শর্ট বল করে যাচ্ছিলেন ইংল্যান্ডের পেসার আর্চার। তার একটা ডেলিভারি সরাসরি এসে লাগে স্মিথের মাথার পিছন দিকে। গুরুতর আঘাত পান অজি ব্যাটসম্যান। এরপর ব্যাট করলেও রবিবার কানকাশনের কারণে পঞ্চম দিনে আর মাঠে নামেননি তিনি।

আজ রবিবার স্মিথের পরিবর্তে মাঠে নামেন মারনাস ল্যাবুশেন। তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সবকিছুই করতে পারবেন। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ‘কনকাশন’ ক্রিকেটারের পরিবর্তে নতুন ক্রিকেটার নিতে পারবে দলগুলি। টেস্ট ক্রিকেটে প্রথম বদলি ক্রিকেটার হয়ে গেলেন অস্ট্রেলিয়ার মারনাস ল্যাবুশেন। পারফর্মেন্স ভালো হোক বা খারাপ- ইতিহাসে নাম ঢুকে পড়ল তার।

গতকাল শনিবার ম্যাচের চতুর্থ দিনে আর্চারের বলে আহত হয়ে বেশ কিছুক্ষণ মাটিতে পড়ে থাকার পর মাঠ ছাড়েন স্মিথ। তখন তিনি ৮০ রানে অপরাজিত। এরপর সুস্থ হয়ে আবারও মাঠে ফিরেন তিনি। তবে মাত্র ৮ রানের জন্য টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরি হাতছাড়া হয় তার। ক্রিস ওকসের বলে এলবিডাব্লিউ হয়ে ৯২ রানেই শেষ হয় স্মিথের ইনিংস। রাতে স্মিথকে পর্যবেক্ষণে রাখা হয়। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে স্মিথের লেট কনকাশন এর বিষয়টি নিশ্চিত করা হয়।

অনুষ্ঠিত হয়েছে সাব্বিরের গায়ে হলুদ অনুষ্ঠান

0

বিশ্বকাপের আগে থেকেই জাতীয় দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে বিয়ের ধুম লেগেছে। মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসের পর এবার সাব্বির রহমান। গতকাল শনিবার রাজধানীর আফতাব নগরে সিরাজ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সাব্বিরের গায়ে হলুদ অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের ক্রিকেটাঙ্গনের অনেক পরিচিত মুখ এবং দুই পরিবারের সদস্যরা।

অবশ্য বিশ্বকাপের আগেই বিয়ের দালিলিক কাজকর্ম সেরে ফেলেছিলেন সাব্বির। সেই অনুষ্ঠান ছিল একেবারে ঘরোয়া পরিবেশে। স্ত্রী অর্পা উচ্চমাধ্যমিক পড়ছেন। বিশ্বকাপ, শ্রীলঙ্কা সফর শেষে জাতীয় দলের সূচিতে এখন একটু বিরতি। এই সুযোগটাই কাজে লাগিয়ে এবার আনুষ্ঠানিকভাবে প্রেয়সীকে ঘরে তুলে নেওয়ার পালা শেষ করছেন সাব্বির। প্রথম পর্ব তথা গায়ে হলুদ ছিল শনিবার।

বিয়ের জন্য বিসিবির কাছ থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন সাব্বির। তার সেই ছুটি শেষ হবে আগামী ২৭ আগস্ট। ২৮ আগস্ট থেকে যোগ দেবেন জাতীয় দলের সাথে। এর আগে গত শুক্রবার বিকালে মা ও বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে তার কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন সাব্বির। আমন্ত্রণপত্র গ্রহণকালে সাব্বিরের জীবনের নতুন ইনিংসে তার সাফল্য কামনা করে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী। ২০ আগস্ট তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জীবনের অন্যতম স্মরণীয় দিনে কোহলিকে বড় উপহার দেওয়ার কথা ঘোষণা

0

২০০৮ সালে ১৮ আগস্ট। আজ থেকে ১১ বছর আগে আজকের দিনেই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ভারত অধিনয়ক বিরাট কোহলি। ১১ বছরে কোহলি অনেক বদলেছেন। তিনি এখন ভারতীয় দলের অধিনায়ক। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। সেইসঙ্গে ৪৩টি সেঞ্চুরির মালিক। ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা ৪৯। বলাবাহুল্য, মাস্টার ব্লাস্টারের এই রেকর্ড ছোঁয়া বিরাটের কাছে এখন স্রেফ সময়ের অপেক্ষা।

জীবনের অন্যতম স্মরণীয় দিনে কোহলিকে বড় উপহার দেওয়ার কথা ঘোষণা করল দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসেয়েশন। দিল্লির ফিরোজ শাহ কোটলায় এবার হচ্ছে ‘বিরাট কোহলি স্ট্যান্ড’। সব থেকে কমবয়সী ভারতীয় ক্রিকেটার হিসাবে কোহলি এই সম্মান পেতে চলেছেন। ১২ সেপ্টেম্বর ‘বিরাট কোহলি স্ট্যান্ড’ এর উদ্বোধন হবে।

২০০৮ সালের ১৮ আগস্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন কোহলি। সেই ম্যাচে অবশ্য মাত্র ১২ রানে আউট হয়েছিলেন। কে আমন্ত্রণ জানানো হবে। ফিরোজ শাহ কোটলায় বিষেণ সিং বেদি ও মোহিন্দর অমরনাথের নামে স্ট্যান্ড রয়েছে। বীরেন্দ্র শেবাগ ও অঞ্জুম চোপড়ার নামে রয়েছে গেট। হল অফ ফেম রয়েছে ভারতীয় দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদির নামে।

চর্তুথ দক্ষিণ এশিয় স্পিকার সম্মেলনে যোগ দিতে যাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

0

চর্তুথ দক্ষিণ এশিয় স্পিকার সম্মেলনে যোড় দিতে মালদ্বীপে যাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং মালদ্বীপ পার্লামেন্টের যৌথ উদ্যোগে আগামী পহেলা ও দুই সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালেগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের ইন্টার পার্লামেন্টারি এফেয়ার্স এন্ড সিকিউরিটি শাখা সূত্র জানিয়েছে, দুই দিনের ওই সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্পিকার ও ডেপুটি স্পিকাররা অংশ নিবেন। সেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন অগ্রগতির বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নিবেন।

২০ পুলিশ সুপারকে (এসপি) পদোন্নতি দেয়া হয়েছে

0

২০ পুলিশ সুপারকে (এসপি) পদোন্নতি দেয়া হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের এই ২০ জনকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে সম্প্রতি পদোন্নতি দেয়া হয়।

আজ রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতিপ্রাপ্তদের পদায়ন বা বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

পদোন্নতি প্রাপ্ত ২০ পুলিশ কর্মকর্তা হলেন- নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মোঃ হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরী, খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মোঃ কামরুল আহসান, এসবির বিশেষ পুলিশ সুপার প্রলয় চিসিম, এসবির বিশেষ পুলিশ সুপার এসএম আইনুল বারী, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান, পিবিআই’র পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, পিপিএম-সেবা, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার পুলিশ সুপার মোঃ গোলাম রউফ খান, পিপিএম(বার), টিএন্ডআইএম ঢাকার পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক শামীমা বেগম, পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার সালমা বেগম, পিপিএম-সেবা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পলিশ কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, ঢাকা জেলার পুলিশ ‍সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম(বার), পিপিএম, টিএন্ডআইএম ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, বিপিএম-সেবা, সিআইডি ঢাকার পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম(বার), ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার এস,এম, মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম(বার) ও চাঁদপুর জেলার পুলিশ সুপার জিহাদুল কবির।

অন্য আরেকটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ২০ কর্মকর্তাগনদের জনস্বার্থে বিভিন্ন স্থানে বদলি বা পদায়ন করা হয়েছে।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ২০ আগস্টসফরে ঢাকা আসবেন

0

ঢাকায় আসছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। আগামী ২০ আগস্ট তিনি দুদিনের সফরে ঢাকা আসবেন বলে জানা গেছে।

এই সফরে অত্যন্ত গুরুত্ব পেতে পারে তিস্তা পানিবণ্টন চুক্তি। সেই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে তাঁর এই সফর।

এর আগেও বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে একাধিকবার আলোচনা শুরু হলেও কেন্দ্র-রাজ্য টানাপোড়েনে তার বাস্তবায়ন এখনও হয়নি। তবে এবারের সফরে শুধু তিস্তা নয়, আরও ৫৪টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

সেরা কনস্টেবল ঘুষ নিতে গিয়ে ধরা

0

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেহেবুবনগর জেলার আই টাউন থানার কনস্টেবল পাল্লে তিরুপতি রেড্ডি। এ বছর ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন তিনি পেয়েছিলেন রাজ্যের সেরা কনস্টেবলের পদক। সঙ্গে মানপত্র। পাল্লের হাতে সেরা কনস্টেবলের পদক তুলে দিয়েছিলেন রাজ্যের আবগারিমন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়। কিন্তু এই সম্মান একনিমেষে ধুলায় মিশে গেল তাঁর।

সেরা কনস্টেবলের পদক পাওয়ার মাত্র এক দিন পরই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাল্লে তিরুপতি রেড্ডি। ১৭ হাজার রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করেন রাজ্যের দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা। গ্রেপ্তারের পর বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে তাঁকে।

এম রমেশ নামের এলাকার এক ব্যক্তি রাজ্য দুর্নীতি বিভাগে পাল্লে তিরুপতি রেড্ডির বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, ট্রাক্টরের বালু বহনের লাইসেন্স থাকা সত্ত্বেও পাল্লে তিরুপতি রেড্ডি তাঁর কাছে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দিলে তাঁর ট্রাক্টর আটকে দেবেন, মামলা করবেন—এমন হুমকিও দেন পাল্লে। টাকা দিলেই মামলা থেকে রেহাই পাবেন।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, এই অভিযোগ জানানোর পর দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা পাল্লে তিরুপতি রেড্ডিকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতেন। কনস্টেবল পাল্লে রেড্ডির কথামতো নির্দিষ্ট স্থানে গত শুক্রবার বিকেলে ১৭ হাজার টাকা নিয়ে যান রমেশ । তারপর টাকা তুলে দেন ওই কনস্টেবলের হাতে। ব্যস, এ সময় ওত পেতে থাকা দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা পাল্লে তিরুপতি রেড্ডিকে হাতেনাতে ধরে ফেলেন।