Home Blog Page 3558

বিয়ের অনুষ্ঠানে বোমায় নিহত ৬৩

0

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত ৬৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮২ জন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাবুলের পশ্চিমাঞ্চলের শিয়া-অধ্যুষিত একটি এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি হলঘরে শিয়া মুসলিম সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় এক আত্মঘাতী হামলাকারী তাঁর কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটনা। বিস্ফোরণের পর ঘটনাস্থলে অনেককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বোমা বিস্ফোরণের সময় হলঘরটিতে অনেক মানুষ ছিল।

আফগানিস্থানে বিয়ের অনুষ্ঠানগুলোতে বেশির ভাগ সময় শত শত অতিথি উপস্থিত থাকেন। অতিথিরা বড় কোনো হলঘরে সমবেত হন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে আগে শিয়াদের ওপর তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) একাধিক বার হামলা চালিয়েছে।

গতকালের ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী বলেন, হলঘরে পুরুষদের বসার স্থান থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। মুহূর্তে ধোয়ায় ছেয়ে যায় পুরো হলঘর। সবাই চিৎকার করে আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত ও ১৮২ জন আহত হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, বিস্ফোরণে বেসামরিক লোকজনই হতাহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয়কে প্রকল্প অনুযায়ী তাদের কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা বাজেট দিয়েছি এবং উন্নয়ন প্রকল্প নিয়েছি। কিন্তু তা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়কে প্রকল্প অনুযায়ী তাদের কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়কে (পিএমও) বিষয়টির উপর লক্ষ্য রাখার নির্দেশ দিয়ে বলেন, যেহেতু আমাদের একটা ভালো সেটআপ আছে তাই এই দপ্তর থেকেই এই বিষয়টা নিয়ে নজরদারি করা দরকার যাতে বিভিন্ন মন্ত্রণালয়গুলো তাদের কাজের অগ্রাধিকার ঠিক করতে পারে, আমাদের অর্জনগুলো আমরা ধরে রাখতে পারি।

আজ রবিবার সকালে তেজগাঁওস্থ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রদত্ত ভাষণে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার বিশাল বাজেট পেশ করেছে এবং মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার নিয়ে তাদের ভৌত কাজ বন্যার পরই যাতে শুরু করা যায় সে লক্ষ্যে পেপার ওয়ার্ক শেষ করে দ্রুত উন্নয়ন কাজ করতে হবে। প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশে বন্যা হবে এবং এ দেশের মানুষকে প্রকৃতির সঙ্গেই বসবাস করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বন্যার পরই বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজের গতি বাড়াতে হবে যাতে এসব প্রকল্প সঠিক সময়ে সম্পন্ন হয় এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়কে আরো সক্রিয় দায়িত্ব পালনের আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রত্যেকটি এলাকায় একটু খোঁজ নেওয়া দরকার আমরা সতর্ক করে দিয়েছি কোনো এলাকায় কেউ গৃহহীন থাকবে না, কেউ ভিক্ষা করবে না। যেখানেই গৃহহীন থাকবে তাদের একটা ঘর করে দিতে হবে।

প্রধানমন্ত্রী এ সময় তাঁর ‘ঘরে ফেরা’ কর্মসূচি পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করে বলেন, যারা ঘরে ফিরে যেতে চায় তাদের পুনর্বাসনের উদ্যোগ হিসেবে আমরা বস্তিবাসীর উপর সার্ভে করেছিলাম। এই কাজগুলো আবার করতে হবে। তিনি ‘শান্তি নিবাস’ এবং ‘অবসর’ কর্মসূচিও পুনরায় চালুর কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান এবং ড.তৌফিক-ই-এলাহী চৌধুরী, পিএমও’র এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পিএমও সচিব সাজ্জাদুল হাসান, প্রেস সচিব ইহসানুল করিম এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দেশের কয়েকটি অঞ্চলে বন্যা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে বাংলাদেশে বৃষ্টি ও বন্যা হয় এবং এটা স্বাভাবিক। তবে, এতে জান-মালের ক্ষয়-ক্ষতি যেন কম হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং বন্যা মোকাবেলায় আমরা যে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছি সেটাও বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ পলিবাহিত ব-দ্বীপ হওয়ায় এর মাটির উর্বরতা বৃদ্ধি এবং ভূগর্ভন্থ পানির স্তর রক্ষায় বন্যার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কিন্তু এর ক্ষতিটা আমাদের কমিয়ে আনতে হবে। যেকোনো পরিকল্পনায় মাথায় রাখতে হবে বন্যা বন্ধ করে নয় বরং বন্যার সঙ্গে বসবাস করা আমাদের শিখতে হবে।

দেশে ডেঙ্গু সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী দেশবাসীকে আরো সচেতন থাকার এবং এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, নিজের ঘর-বাড়ি এবং কর্মস্থলের চারপাশের পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে নিজেকে সচেতন হতে হবে। যাতে কোথাও পানি জমে এই রোগ সৃষ্টিকারী লার্ভা জন্মাতে না পারে।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা একদা বাংলাদেশের স্বাধীনতার শুধু বিরোধিতাই করে নাই তারা বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে একটা বটমলেস বাস্কেট হবে। সেই দেশটার থেকেও যেন আমাদের দারিদ্রের হার কমাতে হবে। তাদের চেয়ে অন্তত এক শতাংশ হলেও দারিদ্র কমাতে হবে, সেটাই আমাদের লক্ষ্য। তারা উন্নত দেশ হতে পারে কিন্তু আমরা যে পারি সেটা আমাদের প্রমাণ করতে হবে’ যোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমি চাই সকলের সাথে মিশতে, জানতে এবং কাজ করতে। আমরা সকলে একটা টিম হিসেবে কাজ করবো যাতে দেশের উন্নয়নটা ত্বরান্বিত হয়।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরুতে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে শোকের মাস এই অগাস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এবং ১৫আগস্টের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ সাতজন

0

কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ সাতজন নিহত হয়েছেন। তাঁদের পাঁচজনই একই পরিবারের সদস্য।

আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জামতলি এলাকায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের জসিম উদ্দিন (৩৫), তাঁর মা সকিনা বেগম (৬০), জসিমের স্ত্রী ও দুই শিশুছেলে। জসিমের স্ত্রী ও দুই শিশুছেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁরা অটোরিকশার আরোহী ছিলেন। এ ছাড়া নিহত হয়েছেন অটোরিকশার চালক ও বাসের এক যাত্রী। তাঁদের নামও জানা যায়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে লাকসাম যাচ্ছিল। আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। লালমাই উপজেলার জামতলি এলাকায় বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন পুরুষ ও দুজন নারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুই শিশু মারা যায়।

কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জনের মৃত্যু

0

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে হতাহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু-কিশোর রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে মঞ্চের কাছে বাদ্যযন্ত্র নিয়ে শিল্পীরা দাঁড়িয়ে ছিলেন। তাঁদের ঘিরে ছিল অনেক শিশু ও যুবক। সেখানেই হঠাৎ বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। আনন্দময় বিয়ের অনুষ্ঠানটি মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে কাবুলের পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তবে তালেবানরা হামলা চালায়নি বলে দাবি করেছে।

ওই বিয়ের অনুষ্ঠানে অন্তত এক হাজারের মতো মানুষে অবস্থান করছিল।

দুই কংগ্রেস সদস্যকে প্রবেশ করতে দেয়া না হলে ইসরায়েলকে সাহায্য বন্ধ করে দেয়ার আহবান

0

মার্কিন প্রভাবশালী সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরায়েলকে মার্কিন সাহায্য বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন। এনবিসি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দুই মার্কিন মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবকে ইসরায়েলে প্রবেশ করতে দেয়া না হলে তেলআবিবসাহায্য বন্ধ করে দিতে হবে। ২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় স্যান্ডার্সের নাম রয়েছে।

বার্নি স্যান্ডার্স এনবিসি টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, এটি অত্যন্ত অবমাননাকর বিষয় যে, মার্কিন কংগ্রেসের একজন সদস্য এমন একটি ভূখণ্ডে যেতে পারবেন না যেটিকে আমরা শত শত কোটি ডলার সাহায্য দেই।

তিনি বলেন, ইসরায়েল যদি নারী কংগ্রেস সদস্যদের প্রস্তাবিত সফরের অনুমতি না দেয় তাহলে তেল আবিবকে অর্থসাহায্য দেয়া বন্ধ করে দিতে হবে।

ইসরায়েল গত বৃহস্পতিবার ঘোষণা করে, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় নারী মুসলিম সদস্য ওমর ও তালিবকে অধিকৃত ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়া হবে না। ওই দুই কংগ্রেস সদস্য অতীতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারিত্বের সমালোচনা করার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তেল আবিব দাবি করেছে।

ইসরায়েল এই প্রথম কোনো মার্কিন কংগ্রেস সদস্যকে প্রবেশাধিকার দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল। এমনকি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী সংগঠন আইপ্যাকও তেলআবিবের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইলহান ওমর ও রাশিদা তালিবকে ইসরায়েল সফরের অনুমতি না দেয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন। ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানেরও তীব্র নিন্দা জানিয়েছেন।

১ হাজার ৯৪২ জন হাজি দেশে ফিরেছেন

0

পবিত্র হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও সৌদিয়া এয়ারলাইন্স এর তিনটি ফ্লাইটে মোট ১ হাজার ৯৪২ জন হাজি দেশে ফিরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

গতকাল হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট বিজি-৩৫০২ স্থানীয় সময় রাত ৮টা ৩৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দ্বিতীয় ফ্লাইটটি বিজি-৩৬০২ শনিবার রাত ১১টায় ৪১৪ জন হজযাত্রী নিয়ে ঢাকায় এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর হাজিরা বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের প্রত্যেককে ৫ লিটারের একটি জমজম পানির জার দেয়া হয় এবং সৌদি এয়ারলাইন্স এর হাজিদেরকে জেদ্দা এয়ারপোর্ট থেকে ৫ লিটারের একটি জমজম পানির জার দেয়া হয়।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ গতকাল মদিনার হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য মক্কা হতে মদিনা আল-মুনাওয়ারার উদ্দেশ্যে যাত্রা করে রাত ৮টায় মদিনায় পৌঁছেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব যান।

চামড়ার অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি করতে হাইকোর্টে রিট

0

কোরবানির পশুর চামড়ার অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি করার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ রবিবার (১৮ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মহিউদ্দিন ফরহাদ হানিফ রিটটি করেন।

রিট আবেদনের পর আইনজীবী মহিউদ্দিন ফরহাদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।

রিটে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে বলা হয়েছে। একইসঙ্গে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না- এ মর্মে রুল জারিরও আর্জি জানানো হয়েছে।

এবারের ঈদে অতীতের সব রেকর্ড ভেঙে চামড়ার দাম তলানিতে ঠেকেছে। এক লাখ টাকার একটি গরুর চামড়া ২০০ টাকায়ও বিক্রি হয়েছে। দাম না পাওয়ায় চামড়া মাটির নিচে পুঁতে ফেলার খবরও পাওয়া গেছে। প্রতিবছরের মতো এবারও সিন্ডিকেটের কারণে চামড়ার বাজার ধস নেমেছে। চামড়াশিল্পের পরিস্থিতির দায় নিতে রাজি নয় সরকারি কোনো সংস্থাই। এ ধরনের পরিস্থিতি এড়াতে করণীয় নিয়েও কোনো আলোচনা দেখা যায় না শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে। বছরের পর বছর এভাবে কাঁচা চামড়ার দাম নিয়ে নৈরাজ্য চললেও বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবছরই একই ঘটনা ঘটছে। অথচ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নিতে দেখা যায় না। সোয়া কোটি পশুর চামড়া প্রক্রিয়াকরণ করার কোনো পরিকল্পনা এখনো নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে চামড়া রাখার মতো কোনো স্থান ঠিক করা হয়নি। সারা দেশে বিসিকের প্লট থাকলেও সেখানেও চামড়া রাখার কোনো ধরনের পরিকল্পনা নেওয়া হয়নি। যতটুকু হয়েছে ব্যক্তি খাতের হাত ধরে।

গতকাল শনিবার থেকে সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কিনতে ট্যানারি মালিকদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু হঠাৎ গতকাল রাজধানীর পোস্তায় বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা পেলে তবে তারা চামড়া বিক্রি করবে। তার আগে নয়। ট্যানারির মালিকরা বেশ কয়েক বছর ধরে আড়তদারদের বকেয়া পাওনা পরিশোধ না করায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক টিপু সুলতান। এমন এক পরিস্থিতিতে আইনজীবী মহিউদ্দিন ফরহাদ হানিফ আজ হাইকোর্টে রিটটি করলেন।

ঘুষ যে নেবে এবং ঘুষ যে দেবে উভয়েই অপরাধী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

ঘুষ যে নেবে এবং ঘুষ যে দেবে উভয়েই অপরাধী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সম্পদের তো সীমা আছে। মানুষ আসলে অন্ধ হয়ে যায় অর্থের জন্য। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছু সাথে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে।’

ঘুষ গ্রহীতার পাশাপাশি ঘুষদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সে দোষী। তাহলে এভাবে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, এটা নিয়ন্ত্রণ, করলে আমাদের অনেক কাজ আমরা দ্রুত করতে পারবো।’

দুর্নীতি দমন করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবসহ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাশরাফি এখনই অবসর নিতে চান না

0

মাশরাফি বিন মুর্তজা নড়াইল থেকে ফিরেছেন কাল রাতে। রাতেই তাঁকে জানানো হয় আজ দুপুরে যেন দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে। বিসিবি কার্যালয়ে দেখা করতে এলে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে মৌমাছির মতো ঘিরে ধরেন সংবাদকর্মীরা। হঠাৎ তাঁকে নিয়ে এই বিপুল আগ্রহ দেখে একটু বোধ হয় বিরক্তই হলেন মাশরাফি।

বিপুল আগ্রহের কারণ আছে। কদিন ধরে মাশরাফিকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে—জিম্বাবুয়ের বিপক্ষে একটা ওয়ানডে খেলেই কি বিদায় নেবেন? বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক কখনোই জানাননি তিনি কখন অবসর নেবেন। তবে গত ডিসেম্বরে রাজনীতিতে নাম লেখানোর পর আনুষ্ঠানিকভাবেই জানিয়েছিলেন, তাঁর পরিকল্পনা বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপের পর জানালেন, এখনই অবসর নিচ্ছেন না। বিসিবি অবশ্য চেয়েছিল, মাশরাফি রাজি থাকলে সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খুব ঘটা করে বিদায়ের আয়োজন করা হবে। সেটি জানতেই আজ বিসিবি কার্যালয়ে ডাকা হয়েছিল তাঁকে।

বিসিবি সভাপতি নাজমুল সাংবাদিকদের বললেন, মাশরাফি এখনই অবসর নিতে চান না, ‘জিম্বাবুয়ের সঙ্গে একটা ওয়ানডে আয়োজন করব কি না, সে ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। ও মনে করে যে এত তাড়াতাড়ি…যেহেতু আগামী মার্চের আগে আমাদের কোনো ওয়ানডে নেই। এখন এসব না হলে তার সুবিধা হয়। দুই মাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারে।’

দুই সপ্তাহ ধরেই মাশরাফি নড়াইলে রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত। যেহেতু তিনি সময় চেয়েছেন, আর বাংলাদেশের কোনো ওয়ানডেও নেই আগামী ছয় মাসে, এখন তাঁর ক্রিকেটীয় কর্মসূচি কী হবে—এটি নিয়ে মাশরাফি নিজেই কিছু বলতে পারলেন না। ক্রিকেটবিষয়ক আলোচনাই তাঁর কাছে আপাতত অপ্রাসঙ্গিক! বিকেলে বিসিবির এক পরিচালক জানালেন, মাশরাফি আসলে এ বছরে অবসরের কোনো ঘোষণাই দিতে চান না। জানুয়ারিতে বিপিএল শেষ হলে তবেই অবসর নিয়ে ভাববেন। আগামী মার্চে জিম্বাবুয়ে আবার আসবে বাংলাদেশে। জিম্বাবুইয়ানদের এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থাকছে। অবসরের ঘোষণা যদি দিতেই হয়, তখনো দেওয়ার সুযোগ থাকছে—তার আগে মাশরাফি এ নিয়ে ভাবতে চান না।

আজ বিসিবির শীর্ষ কর্তারা যখন অবসরের কথা জানতে চান মাশরাফির কাছে, তিনি বেশ আবেগতাড়িত হয়ে পড়েন। যেহেতু তিনি অবসর নিয়ে কিছুই ভাবছেন না, বিসিবি বাধ্য হয়েই সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে আয়োজনের পরিকল্পনা বাতিল করে দিচ্ছে। তবে এবার মাশরাফিকে বিদায় দিতে যেভাবে জাঁকাল মঞ্চ আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছিল, ভবিষ্যতে পরিস্থিতি এমন না–ও থাকতে পারে। এখন থেকে মাশরাফির ফিটনেস, বোলিং-ব্যাটিং-ফিল্ডিং—সবকিছুই যে আতশ কাচের নিচে থাকবে, সেটিও জানিয়ে রাখলেন বিসিবির ওই পরিচালক। শুধু তা-ই নয়, কত দিন মাশরাফির কাঁধে ওয়ানডে দলের ভার রাখা হবে, সেটি নিয়েও ভাবতে শুরু করেছে বিসিবি।

মাশরাফিকে বিদায় জানানোর যে উদ্যোগ নিতে চাইছে বিসিবি, এটি অন্য খেলোয়াড়দের জন্যও করা হবে কি না, এ প্রশ্নে বিসিবি সভাপতি নাজমুল জানিয়ে রাখলেন তাঁদের আন্তরিকতায় ঘাটতি নেই। তবে খেলোয়াড় যদি এটি না উপলব্ধি করতে পারে, নিজেদের মতো সিদ্ধান্ত নেবে বিসিবি, ‘এটা শুধু বোর্ড দিয়ে হবে না। খেলোয়াড়ের মাথায়ও চিন্তাটা আসতে হয়। খেলোয়াড় যদি সেভাবে চিন্তা না করে, তাহলে তো লাভ হলো না। আমাদের কাজ হলো জানানো যে আমরা ভালোভাবে, সুন্দরভাবে বিদায় দিতে চাই। এখন সিদ্ধান্ত তার। সে যদি সিদ্ধান্ত নিতে পারে নেবে, না হলে বোর্ড বোর্ডের সিদ্ধান্ত নেবে।’

বিসিবি সভাপতির ইঙ্গিতটা যে আপাতত মাশরাফির দিকে, না বললেও চলছে।

শেষ পর্যন্ত রাসেল ডমিঙ্গোকেই বেছে নিয়েছে বিসিবি, হেসনকে নয়

0

টম মুডির সঙ্গে মাইক হেসনকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ‘না’ করে দেওয়ার পর কাল সন্ধ্যা থেকেই জোর গুঞ্জন—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেকোনো সময় সাকিব-তামিমদের প্রধান কোচ চূড়ান্ত করে ফেলতে পারে। ভারতে চাকরি না পাওয়া হেসনের বাংলাদেশ দলের কোচ হওয়ার সম্ভাবনা এতে জোরালো হয়েছে বলেও অনুমান করা হচ্ছিল কাল। কিন্তু শেষ পর্যন্ত উঁচু মানের (হাই প্রোফাইল) কিউই কোচ নন, বিসিবি বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গোকেই।

নামে-ভারে ডমিঙ্গোর তুলনায় হেসন কিছুটা হলেও এগিয়ে থাকবে, সেটি দ্বিমত করার সুযোগ নেই। নিউজিল্যান্ডের সাবেক এ কোচকে পেতে বিসিবিও বেশ আগ্রহী ছিল। কিন্তু শেষ পর্যন্ত হেসনের সঙ্গে ‘ব্যাটে-বলে’ ঠিক হয়নি। হেসনকে বিশাল অঙ্কের পারিশ্রমিক দিতেও আপত্তি ছিল না বিসিবির। সমস্যাটা অন্যখানে। হেসন ঠিক বলতে পারছিলেন না কখন থেকে তিনি কাজ শুরু করতে পারবেন বাংলাদেশ দলে। তিন মাস পরেও আসতে পারেন, এমনকি যোগ দিতে ছয় মাসও হয়ে যেতে পারে।

কোচ চূড়ান্তকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা বিসিবির একজন পরিচালক খানিকটা বিরক্তি নিয়ে আজ বললেন, ‘প্রথমে এসেছে তাঁর ভারতের কোচ হওয়ার বিষয়টি। আর এখনই আসতে পারবে না সেটা তো সে বুঝিয়েই দিয়েছে। সুনির্দিষ্টভাবে কত দিন কাজ করবে সেটাও বলেনি। কবে যোগ দেবে সেটি পরিষ্কার নয়। আমরা কি এটা নিয়ে ঝুলে থাকব না কি?’ শেষ দিকে আলোচনায় এসেছিল সদ্য পাকিস্তান-পর্ব শেষ করা মিকি আর্থারের নামও। তাঁকেও কেন বিসিবি বিবেচনা করা হয়নি, সেটি জানালেন ওই বোর্ড পরিচালক, ‘সে তো মাত্রই একটা বোর্ডের ডিসকার্ডেড (খারিজ হওয়া) কোচ। তাকে আমরা আবার নিই কীভাবে?’

বিসিবি যে কজন কোচের সাক্ষাৎকার নিয়েছে এর মধ্যে রাসেল ডমিঙ্গোই শুধু সশরীরে নিজের উপস্থাপনা (প্রেজেন্টেশন) দিয়েছেন। বিসিবি ভীষণ খুশি প্রোটিয়া কোচের পরিকল্পনা দেখে। আর অপেক্ষা না করে কাল ডমিঙ্গোকে চূড়ান্ত করে ফেলে বিসিবি। তাঁকে বেছে নিতে যে দুটি বিষয় ভীষণ গুরুত্ব দিয়েছে বিসিবি, সেটিই জানালেন বোর্ড প্রধান নাজমুল হাসান, ‘সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে কখন পাওয়া যাচ্ছে। সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সেখানে কিছু নতুন ক্রিকেটার জায়গা পেতে পারে। আমাদের কিছু বিকল্প লাগতে পারে। সেদিক দিয়ে যদি চিন্তা করেন, এখন থেকেই নিচে থেকে খেলোয়াড়দের নিয়ে আসতে হবে। রাসেল কিন্তু এটাই করতে চাচ্ছে। সে আমাদের অনূর্ধ্ব-১৯ দল, এইচপি এসব এক করে কাজ করতে চাইছে। সে এ রকমই কাজ করেছে দক্ষিণ আফ্রিকায়। এটা একটা বাড়তি পাওয়া। সে আমাদের চার বছরের একটা পরিকল্পনা দিয়েছিল। অন্যরাও দিয়েছে। তবে সে সামনাসামনি দিয়েছে। কেউ স্কাইপেতে দিয়েছে, কেউ লিখিত দিয়েছে। এদিক দিয়ে চিন্তা করলে সে এগিয়ে ছিল।’

আপাতত বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি ডমিঙ্গোর। যোগ দেবেন এ সপ্তাহেই। সাবেক এ প্রোটিয়া কোচের আরও একটি দিক ভালো লেগেছে বিসিবি সভাপতির, ‘সে বলেছে, আমার কোনো ছুটির দরকার নেই। আমার কোনো পিছুটান নেই। আমি খেলোয়াড়দের বেশি সময় দিতে চাই।’

যা বোঝা গেল, অন্য হাই প্রোফাইল কোচদের মতো পারিশ্রমিক আকাশ ছোঁয়া নয়, কোচিং পেশায় দীর্ঘ অভিজ্ঞতা, টানা কাজ করার প্রতিশ্রুতি, তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার ভাবনা, বাংলাদেশের হয়ে কাজ করতে ভীষণ আগ্রহী—এসব ভেবেই বিসিবি ডমিঙ্গোকে চূড়ান্ত করেছে।

ডমিঙ্গোও ভীষণ খুশি নতুন চ্যালেঞ্জ নিয়ে, ‘বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়াটা অনেক বড় সম্মানের। ভীষণ আগ্রহ নিয়ে আমি বাংলাদেশ দলকে অনুসরণ করি। সামর্থ্য অনুযায়ী তারা যে লক্ষ্যে যেতে চায়, সেটি সহায়তা করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’