Home Blog Page 3562

নয় বছরের মাথাতেই যে মাউন্ট কিলিমানজারো জয়

0

নয় বছরের অনেক শিশুর কাছে মাউন্ট কিলিমানজারোর নামটাই অজানা। কিন্তু ভারতীয় শিশু আদভাইত ভারতিয়া সেই শিশুদের দলে নেই। নয় বছরের মাথাতেই যে মাউন্ট কিলিমানজারো জয় করে ফেলেছে এই শিশু!

মাউন্ট কিলিমানজারো আফ্রিকা মহাদেশের বৃহত্তম পর্বত। তানজানিয়ায় অবস্থিত এই পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ৩৪১ ফুট উঁচু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সমীর পাঠামের নেতৃত্বে গত ৩১ জুলাই মাউন্ট কিলিমানজারো জয় করে ভারতের পুনের বাসিন্দা আদভাইত। শুধু এটুকুই নয়, এর আগে ২০১৬ সালে মাত্র ছয় বছর বয়সে মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্প পর্যন্তও গিয়েছিল সে!

কিলিমানজারো জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে আদভাইত বলেছে, ‘কিলিমানজারোতে ট্রেকিং করা খুবই কঠিন কাজ ছিল, কিন্তু একই সঙ্গে অনেক মজাও হয়েছে। এভারেস্টের বেজ ক্যাম্পে তাও কাঠের ঘরে থাকতে পেরেছিলাম, কিলিমানজারোতে কেবল তাঁবুতে রাত কাটাতে হয়েছে। চারপাশে বরফ আর বরফ, এর মধ্যে তাঁবুতে সারা রাত! অভিজ্ঞতাটা দারুণ ছিল।’

এত অল্প বয়সে কিলিমানজারো জয় করতে গিয়ে ভয় তো দূরের কথা, আদভাইতের দাবি, চাইলে আরও আগেই এই পর্বতের চূড়ায় উঠতে পারত সে! আদভাইতের দাবি, ‘আমি আরও আগেই ট্রেকিং শেষ করতে পারতাম। কিন্তু পর্বতটা এত সুন্দর, আমি সেই সৌন্দর্য উপভোগ করতে করতে চূড়ায় উঠেছি।’ কিলিমানজারো জয় করতে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে জানতে চাইলে আদভাইত জানায়, প্রাকৃতিক অক্সিজেনের স্বল্পতা ও মাইনাস ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে।

আদভাইতের মা পায়েল ভারতিয়া জানিয়েছেন, কিলিমানজারো জয়ের জন্য দুই মাস ধরে কঠিন প্রস্তুতি নিয়েছে তার ছেলে। পায়েল বলেছেন, ‘দুই মাস ধরে ও প্রতিদিন এক ঘণ্টা করে সাঁতার কাটত, ফুটবল, ক্রিকেট কিংবা টেনিস খেলে কার্ডিওভাস্কুলার ট্রেনিং করত, ১০০ সিঁড়ি ওঠানামা করত ও পার্কার (এক ধরনের সামরিক অনুশীলন) অনুশীলন করেছে।’

ছেলের সঙ্গে পর্বতাভিযানে গিয়েছিলেন মা-ও। কিন্তু উচ্চতাগত সমস্যার কারণে ১ হাজার ফুট ওঠার পর আর উঠতে পারেননি তিনি। ছেলের এমন কীর্তিতে দারুণ গর্বিত মা পায়েল, ‘যে নিষ্ঠা নিয়ে আদভাইত এই ট্রেকিং শেষ করেছে, আমি ওর জন্য ভীষণ গর্বিত।’

আদভাইত এখানেই নিজেকে থামিয়ে রাখতে চায় না। এভারেস্ট-কিলিমানজারোর পর এবার তার নতুন লক্ষ্য ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস। আগামী বছর এই পর্বত জয়ের উদ্দেশ্যে অভিযান শুরু করার কথা আছে আদভাইতের।

জাতীয় দলে মাশরাফির পর কে হবেন পেস বোলিংয়ের নেতা?

0

বাংলাদেশ দলে পেস বোলিং আক্রমণের নেতৃত্বটা প্রায় দুই দশক ধরে পালন করে আসছেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ইনজুরি ও অফ ফর্মের ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মাশরাফি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে, ২০১৭ সালে জানিয়েছেন টি-টোয়েন্টিকে বিদায়। ওয়ানডেতেও স্পাইকজোড়া পুরোপুরি তুলে রাখার সময়টা এসেই গেছে বলা যায়। কিন্তু ক্রিকেট তো থেমে থাকবে না। মাশরাফির জায়গায় নতুন কেউ পেস বোলিং আক্রমণের নেতা হবেন। তিনি কে?

বেড়ে ওঠার সময়টায় মিড অন, মিড অফে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসদের পেয়েছেন তরুণ শোয়েব আখতার, আবদুল রাজ্জাকরা। ভারতে জাভাগল শ্রীনাথের পর গুরুর দায়িত্বে ছিলেন জহির খান। তাঁদের দেখানো পথ ধরেই তৈরি হয়েছে আজকের ভারতের পেস আক্রমণ। চামিন্দা ভাস থাকতে থাকতে এসেছিলেন লাসিথ মালিঙ্গা। মালিঙ্গাও চলে গেছেন, কিন্তু ধীরে ধীরে উত্থান ঘটছে নুয়ান প্রদীপদের। মাশরাফিকে কাছ থেকে দেখা বাংলাদেশের পেসারদের সামনেও এখন সেই পরীক্ষা। হাল ধরতে হবে পেস আক্রমণের।

রুবেল হোসেন, শফিউল ইসলামদের সঙ্গে হালের মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনরাও ৩০ গজের মধ্যে পেয়েছেন মাশরাফিকে। লাইন-লেন্থ একটু এদিক-ওদিক হলেই কাঁধে হাত রেখে পরামর্শ দিতেন। কখনো কঠিন, আবার কখনো নরম স্বরে। অদূর ভবিষ্যতে একই দায়িত্ব পালন করতে হবে রুবেল-মোস্তাফিজদেরও।

অভিজ্ঞতার দিক দিয়ে মাশরাফির পর রুবেল হোসেনই আছেন সামনে। ১০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১৫৪ ম্যাচে ১৮৭ উইকেট নিয়েছেন। মাশরাফির পর সত্যিকারের ফাস্ট বোলারের নাম নিতে গেলে রুবেলের নাম সবার ওপরে থাকবে। সম্প্রতি গতি হারানোর সঙ্গে দলে অনিয়মিতও হয়ে পড়েছেন রুবেল। কাঁধের চোটের কারণে নিজের সেরাটা দিতে পারছেন না। তবে নিজেকে বোলিং আক্রমণের নেতা হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যই বোধ করেন তিনি, ‘মাশরাফি ভাই যা করেছেন, তা অতুলনীয়। আমি এখন তাঁর পরের বোলারদের মধ্যে সিনিয়র। আমার ওপর একটা বাড়তি দায়িত্ব থাকেই। তবে এটা চাপ নয়। সব দলেই এটা হয়। ক্রিকেটের নিয়ম এটা।’

আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র চার বছরের হলেও মোস্তাফিজের রেকর্ড অবিশ্বাস্য। ছোট্ট ক্যারিয়ারেই তিন সংস্করণের ক্রিকেটে ৯৯ ম্যাচে ১৮৩ উইকেটের মালিক ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার। তবে বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়া বা বাকি বোলারদের সামনে থাকার অবস্থায় এখনো তিনি এসেছেন কি না, সেটি নিয়ে প্রশ্ন তোলাই যায়। অবশ্য জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলামের ভোট মোস্তাফিজের ব্যালটেই, ‘দুটি জিনিস থাকতেই হবে এই দায়িত্ব পালন করতে হলে। প্রথমত, নিয়মিত একাদশে সুযোগ পেতে হবে। দেখতে হবে কে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন। আর নতুন বলে বল করতে হবে। মোস্তাফিজ নিয়মিত নতুন বলে বল না করলেও দলের নিয়মিত সদস্য সে।’

নতুন বলের দক্ষতার দিক থেকে বাংলাদেশের অন্যতম সেরা পেসার শফিউল ইসলাম। কিন্তু ৯ বছরের ক্যারিয়ারে কখনোই জাতীয় দলে ধারাবাহিক হতে পারেননি। সব সময়ই আছেন আসা-যাওয়ার মধ্যে। কখনো চোট, আবার কখনো অফ ফর্ম—এই দুইয়ের সঙ্গে লড়াই করে কাটিয়ে দিয়েছেন অনেক বেলা। ২০১৬ সালের পর গত শ্রীলঙ্কা সিরিজে ৩টি ওয়ানডে খেলেছেন শফিউল। নতুন বলে নিয়মিত ভালো বল করেছেন, তবে খেই হারিয়েছেন শেষে বল করে। এখন পর্যন্ত তিন সংস্করণে ৮২ ম্যাচ খেলে ৯৪ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সী শফিউল।

তাসকিন আহমেদের ক্যারিয়ারও উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। ৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ৬৪ উইকেট নিয়েছেন। চোট আর বাজে ফর্ম মিলিয়ে দুই বছর ধরে জাতীয় দলে অনিয়মিত। গত নিউজিল্যান্ড সিরিজ থেকে জাতীয় দলের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি। মাশরাফি না থাকলে পেস বোলিং বিভাগের দুয়ার খুলতে পারে তাসকিনের সামনে। সম্প্রতি ভালো করছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া আবু জায়েদ ও আবু হায়দার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক নন।

তাহলে মাশরাফির কাছ থেকে পেস বোলিং নেতৃত্বের ব্যাটনটা নিতে যাচ্ছেন কে? জাতীয় দলের সাবেক কোচ সরোয়ার ইমরান অনেক ভেবেও নির্দিষ্ট করে কারও নাম বলতে পারলেন না, ‘রুবেল, শফিউল, তাসকিনরা সেভাবে গড়ে ওঠেনি, যেভাবে মাশরাফি গড়ে উঠেছে। তার নেতৃত্ব দেওয়ার সামর্থ্য, সাহসিকতা, পারফর্ম করার প্রচণ্ড ইচ্ছার প্রশংসা করতেই হয়। মাশরাফির বড় গুণ, সে এক জায়গায় বল করতে পারে। এটা সবার মধ্যে দেখা যায় না।’ তবু আশা হারাচ্ছেন না এই পেস বোলিং কোচ, ‘কারও নাম বলতে পারছি না। তবে নিশ্চয়ই জায়গা খালি থাকবে না। একজন না একজন আসবেই। তবে কে আসবে, নামটা বলা খুব কঠিন।’

গ্রেপ্তার করা হলো বিজেপি সাংসদ তথা অভিনেত্রী রূপার ছেলেকে

0

মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো বিজেপি সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলেকে। বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সাংসদ-পুত্র আকাশ মুখোপাধ্যায়। নিয়ন্ত্রণ হারিয়ে নিজের বাড়ির কাছেই একটি দেওয়ালে ধাক্কা মারে আকাশের গাড়ি। আকাশ মদ্যপ ছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজই রূপা-পুত্রকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন ডিসি এসএসডি সুদীপ সরকার। অন্যদিকে, ছেলের দুর্ঘটনার খবর নিয়ে টুইট করেছেন স্বয়ং বিজেপি নেত্রী। ‘আইন অনুযায়ীই পদক্ষেপ করা হোক’, এ বার্তাই টুইটারে লিখেছেন বিজেপি সাংসদ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। গল্ফ গার্ডেন এলাকায় একটি ক্লাবের পাঁচিলে ধাক্কা মারে আকাশের গাড়ি। দুর্ঘটনার পর গাড়ি থেকে বের করা হয় আকাশকে। রূপার ছেলে মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। যদিও এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে অল্পের জন্য সকলে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। যে দেওয়ালে ধাক্কা মেরেছে গাড়িটি, সেই দেওয়ালের কিছু অংশ ভেঙে গিয়েছে।

ছেলের দুর্ঘটনা নিয়ে টুইট করেন রূপা গঙ্গোপাধ্যায়। রূপা টুইটে লিখেছেন, বাড়ির সামনে আমার ছেলের গাড়ি দুর্ঘটনা হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। এ নিয়ে কোনও রাজনীতি নয়। কোনও বিশেষ সুবিধা চাই না। আমি আমার ছেলেকে ভালোবাসি। ওর খেয়াল রাখব। কিন্তু আইন আইনের পথে চলুক।

প্রথমবারের মতো জাতিসংঘ সদর দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস

0

প্রথমবারের মতো জাতিসংঘ সদর দপ্তরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। জাতিসংঘে বাংলাদেশ মিশনের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠানে অংশ নেন কয়েকটি দেশের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

এর আগে সকাল ৯ টায় স্থায়ী মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে জাতির পিতার ৪৪তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি শুরু হয়। এ সময় ১৫ আগস্টের শহীদদের উদ্দেশ্যে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারি এক মিনিট নিরবতা পালন করেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। এরপর ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বিকেলে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত শোক দিবসের মূল অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ সময় দেশি-বিদেশি অতিথিরা জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর জাতির পিতার জীবন- কর্ম এবং বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী। বক্তব্য রাখেন ভারত, সার্বিয়া ও কিউবার স্থায়ী প্রতিনিধি এবং প্যালেস্টাইনের স্থায়ী পর্যবেক্ষক। প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সাংস্কৃতিক পর্বে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও গান পরিবেশন করা হয়। সবশেষে জাতির পিতা ও অন্যান্য শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রাষ্ট্রদূত মাসুদ তাঁর স্বাগত ভাষণে জাতির পিতা জনগণের ক্ষমতায়ন, মানবাধিকারের সুরক্ষা, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি, গণতন্ত্র, শান্তি ও সহাবস্থানের যে আদর্শ রেখে গেছেন তা তুলে ধরেন। জাতিসংঘ সদর দপ্তরে প্রথমবারের মতো জাতির পিতার শাহাদাৎ বার্ষিকীর এই অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট উল্লেখ করে স্থায়ী প্রতিনিধি বলেন, “আমরা আগামী বছর বিশ্বব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। সে উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি ২০২১ সালে উদযাপন করা হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী”। এসকল অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বত:স্ফুর্ত অংশগ্রহণ করার আহবান জানান স্থায়ী প্রতিনিধি।

জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী বঙ্গবন্ধুকে ‘ফ্রেন্ড অব দ্যা ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ববন্ধু’ হিসেবে আখ্যা দেন। তিনি জাতির পিতার সাথে তাঁর কর্মজীবনের নানা ব্যক্তিগত স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। জাতিসংঘের সদস্যপদ লাভ, আন্তর্জাতিক পরিমন্ডলে সদ্য স্বাধীন বাংলাদেশকে তুলে ধরা, বহুপাক্ষিকতাবাদকে এগিয়ে নেওয়াসহ আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বনেতা হিসেবে বঙ্গবন্ধু যে সব অবদান রেখেছেন তার উল্লেখ করে রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী বলেন, “বঙ্গবন্ধু প্রদর্শিত পররাষ্ট্রনীতি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ ধারণ করেই বাংলাদেশ বহুপাক্ষিকতাবাদের অন্যতম প্রবক্তা হিসেবে বিশ্বসভায় ভূমিকা রেখে চলেছে”।

ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বাংলাদেশের সাথে ভারতের গভীর বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে বলেন, “১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন ভারতবাসী তাদের অকৃত্রিম বন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনা জানতে পারে তখন ভারতের স্বাধীনতা দিবসের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়।” বঙ্গবন্ধুর নীতি ও আদর্শই আজ জাতিসংঘের বিভিন্ন কর্মকান্ডে প্রতিফলিত হচ্ছে মর্মে উল্লেখ করেন তিনি। ভারতের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশকে উন্নয়নের বিস্ময় হিসেবে অভিহিত করে বলেন, “এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন”।

সার্বিয়ার স্থায়ী প্রতিনিধি মিলান মিলানোভিচ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভিকা দাচিচ এর বাণী পড়ে শোনান। এই বাণীতে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর সাথে সাবেক যুগোশ্লোভিয়ার রাষ্ট্রনায়ক জোসেফ ব্রোজো টিটোর যে বন্ধুত্ব ও গভীর সম্পর্ক ছিল তা তুলে ধরেন।

কিউবার রাষ্ট্রদূত আনা সিলভিয়া রদ্রিগেজ আবাসকাল তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কিউবার দেয়া অকুন্ঠ কূটনৈতিক সমর্থনের কথা তুলে ধরেন। নির্যাতিতের পক্ষে ও মানবাধিকারের প্রশ্নে বঙ্গবন্ধুর অনন্য সাধারণ নেতৃত্ব, প্রচেষ্টা ও সাহসের কথা বলতে গিয়ে তিনি ১৯৭৩ সালে কিউবার মহান নেতা ফিদেল কাস্ত্রোর সেই বিখ্যাত উদ্বৃতি “আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি, তাই হিমালয় দেখার সাধ আর আমার নেই” উল্লেখ করেন।

প্যালেস্টাইনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ এইচ মনসুর ফিলিস্তিনী নেতা ইয়াসির আরাফাতের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “ আজ ৪৪ বছর পর এই জাতিসংঘে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করা হচ্ছে, যা এই বিশ্বনেতার প্রতি সম্মান প্রদর্শনের একটি অনন্য উদ্যোগ”।

অনুষ্ঠানের শেষে “ঊনবাঙাল” নামের একটি সংগঠনের শিল্পীরা দুটি গান গেয়ে শোনান। এসময় বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা কবিতা পড়ে শোনান কাজী জহিরুল ইসলাম।

এদিকে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটেও জাতির পিতার ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। এছাড়া জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, মুক্তিযোদ্ধা, অআওয়ামী লীগের নেতাসহ বিশিষ্টজনেরা এতে অংশ নেন।

সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন সৌদি আরবে

0

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রাজধানী রিয়াদের সোলাই এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বরুরা উপজেলার ইয়াসিন মিয়া এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ইয়াসিন আলী। তারা দুজনই একটি কম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে কাজ শেষ গাড়িতে করে বাসায় ফিরছিলেন ইয়াসিন মিয়া ও ইয়াসিন আলী। তাদের বহনকারী গাড়িটি সোলাই এলাকায় পৌঁছালে একটি লড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন দুইজন।

লাশ রিয়াদের সেমুসি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাশরাফির অবসর পরিকল্পনা নিয়ে তার সঙ্গে আলোচনা করবে (বিসিবি)

0

মাশরাফি বিন মুর্তজার অবসর পরিকল্পনা নিয়ে তার সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে অধিনায়ককে বিদায় দিতে বিশেষ পরিকল্পনা থাকায় আগামী দুই দিনের মধ্যেই তার সঙ্গে আলোচনা করবে বিসিবি। যদিও মাশরাফির সময়টা ভালো যাচ্ছেনা এবং তিনি নিজেই বলেছেন তার মধ্যে দেয়ার মত খুব বেশি কিছু নেই। তবে নিজের অবসর ভাবনা নিয়ে কিছু খোলাসা করেননি তিনি।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক ২০১৭ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন এবং ২০০৯ সালের পর থেকে টেস্ট ক্রিকেটের বাইরে আছেন। দুর্দান্ত ফর্ম নিয়েই ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করেন মাশরাফি। তবে এই মেগা ইভেন্টে তিনি মোটেই নিজেকে মেলে ধরতে পারেননি। আট ম্যাচে উইকেট শিকার করেছেন মাত্র একটি। মুলত তারপরই মাশরাফির অবসর গুঞ্জন শুরু হয়।

এমন অবস্থার মধ্যেই তিনি শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু দল দেশ ছাড়ার আগ মুহুর্তে ইনজুরিতে পড়ায় শেষ মুহুর্তে লঙ্কা সফর থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর আগে বলেছিলেন তারা মাশরাফিকে একটি উপযুক্ত বিদায় দিতে চান তারা। দেশের ক্রিকেটে তার অবদানের স্বীকৃতি হিসেবে বিসিবি একটি হোম সিরিজ আয়োজন করতে চায়।

এ বছর যেহেতু দেশের মাটিতে বাংলাদেশ দলের কোন ওয়ানডে সুচি নেই। তাই মাশরাফিকে বিদায় দিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। আফগানিস্তানসহ একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। উল্লেখ্য, আফ্রিকার দেশ জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০১ সালে ওয়ানডে অভিষেক ঘটেছিল মাশরাফির।

বিসিবি বস পাপন জানান, মাশরাফি যদি অবসর নিতে চান তবে কেবলমাত্র তার জন্যই একটি ওযানডে ম্যাচ আয়োজনে জিম্বাবুয়ের সঙ্গে তারা আলাপ করবে। যদিও এই ম্যাচ আয়োজনে বিসিবির বিশাল অঙ্কের অর্থ(প্রায় ৬০ লাখ টাকা) ব্যয় হবে। তথাপি একটি স্মরণীয় বিদায় সম্বর্ধনা দিতে বোর্ড পিছপা হবেনা।

এদিকে মাশরাফির অবসর নিয়ে বিসিবি সভাপতি আজ বৃহস্পতিবার বলেন, ‘এখনো মাশরাফির সঙ্গে আমার কথা হয়নি। অবসরের বিষয়ে তার ভানা জানতে আগামী দুই দিনের মধ্যে আমি তার সঙ্গে কথা বলব। এক ম্যাচের ওয়ানডে সিরিজ খেরতে জিম্বাবুয়ে রাজি হবে বলে আমরা আশাবাদী।’

জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0

জাতীয় শোক দিবসে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৫ আগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

শ্রদ্ধা নিবেদনের পর কোরআন তেলাওয়াত করা হয় এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দল ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।

আজ শোক দিবস উপলক্ষে কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর বনানী কবরস্থানে যাওয়ার কথা রয়েছে যাবেন। সেখানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের কবরে পুষ্পস্তবক ও ফুলের পাঁপড়ি অর্পণ করবেন।

এরপর হেলিকপ্টারে টুঙ্গিপাড়া গিয়ে সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু মাজার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র বাহিনী কর্তৃক গার্ড অব অনার ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লর্ডস টেস্টেও দাপট দেখিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া

0

এজবাস্টন টেস্ট জয়ের পর লর্ডস টেস্টেও দাপট দেখিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে ম্যাচের প্রথম দিন নষ্ট হওয়ার পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে মাঠে বল গড়িয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নামা জো রুটের দল বেশ বিপদেই পড়ে গেছে। ১৩৮ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরে গেছেন শীর্ষ ৬ ব্যাটসম্যান। বল হাতে আগুন ঝরাচ্ছেন জস হ্যাজেলউড। এছাড়া প্যাট কামিন্স, পিটার সিডল, নাথান লিওনরাও দারুণ বোলিং করছেন।

বিখ্যাত লর্ডসে আজ টেস্ট অভিষেক হয়ে গেছে ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চারের। তবে তার বোলিং দেখতে অপেক্ষা করতে হবে। আজ স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। হ্যাজেলউডের বলে উইকেটকিপার কাম অধিনায়ক টিম পেইনের গ্লাভসবন্দি হন ইনফর্ম ওপেনার জেসন রয় (০)। এরপর অধিনায়ক জো রুট (১৪) এবং জো ড্যানলিকে (৩০। ফেরত পাঠান হ্যাজেলউড। এই ধাক্কা সামলাতে বেগ পেতে হয় অজিদের।

একপ্রান্ত আগলে ওপেনার রায়ান বার্নস ১২৭ বলে ৫৩ রানের মহা ধৈর্যশীল ইনিংস উপহার দিয়েছেন। অভিজ্ঞ জস বাটলার ফিরেছেন ১২ রানে। তার চেয়ে ১ রান বেশি করে নাথান লিওনের ঘূর্ণিতে এলবিডাব্লিউ হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ নায়ক বেন স্টোকস। ১৩৮ রানে ৬ উইকেট পতনের পর এই রিপোর্ট লেখা পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন জনি বেয়ারস্টো (৩৫*) এবং ক্রিস ওকস (২৪*)। ১৭ ওভার বল করে মাত্র ৪২ রানে ৩ উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের জন্যও কোচ হতে চান সাকলাইন

0

বিশ্বকাপের পর পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ খোঁজা চলছে। সেইসঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের জন্যও কোচ খোঁজা হচ্ছে। এই পদের জন্য আগ্রহী হয়েছেন দেশটির সাবেক কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি। আগামী সোমবার পিসিবির নির্বাচিত প্রতিনিধিদের কাছে ইন্টারভিউ দেবেন সাকলাইন। ৪২ বছরের সাকলাইন পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্টে ২০৮টি এবং ১৬৯টি ওয়ান ডে ম্যাচে ২৮৮টি উইকেট নিয়েছেন।

আগামী বছর যুব বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্রুতই নতুন কোচের হাতে অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব তুলে দিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আবেদনের কথা স্বীকার করে নিয়ে সাকলাইন বলেন, ‘আমি আবেদন পত্র দিয়েছি। আগামী সপ্তাহে আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। খেলা ছাড়ার পর সামারসেট ও মিডলসেক্সের তরুণ ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক অ্যাকাডেমির সঙ্গেও কাজ করেছি। সুতরাং পাকিস্তানের যুব দলের দায়িত্ব নিতে পেলে আমি অনেক কিছুই দিতে পারব।’

সাকলাইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের একজন লেভেল-থ্রি কোচ। তিনি ইতিমধ্যেই ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের সিনিয়র দলের সঙ্গে কোচিং স্টাফ অথবা স্পিন পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন। গত আইসিসি বিশ্বকাপে ইংল্যান্ড দলের সাপোর্ট স্টাফ হিসাবে ব্রিটিশদের ড্রেসিংরুমে উপস্থিত ছিলেন সাকলাইন। চলতি অ্যাসেজ সিরিজেও তিনি ইংল্যান্ডে দলের সঙ্গে কাজ করছেন।

জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ ১৫ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা যান বনানী কবরস্থানে। সেখানে জাতির পিতার পরিবার সদস্য ও অন্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে সেখানে মোনাজাত ও মিলাদে অংশ নেন।

এরপর টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিকেলে বঙ্গবন্ধু ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানেও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনের দোয়া মাহফিলে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন।

এদিন মিলাদ ও দোয়া হবে দেশের সব মসজিদে। মন্দির, প্যাগোডা ও গির্জাসহ সব উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা।