Home Blog Page 3564

বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে জাতির পিতার স্বপ্ন পূরণ করা

0

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সেই লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা।

জাতীয় শোক দিবসের সকালে সুপ্রিম কোর্ট আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির’ উদ্বোধন করেন এ মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও হাই কোর্টের বিচারপতিরা।

প্রধান বিচারপতি বলেন, আজ শোকাবহ ১৫ অগাস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন।

তিনি বলেন, “জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সেই লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।”

এ সময় প্রধান বিচারপতি দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ সুপ্রিম কোর্টের এ রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করছে।

স্বাধীনতা দিবসে ধোনি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করবেন

0

স্বাধীনতার দাবিতে উত্তাল কাশ্মীর। আর এমন পরিস্থিতিতে সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন নানা মুডে দেখা গেল তাকে।

ভারতীয় স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১৫ অগস্ট পর্যন্ত শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নের সঙ্গে কাটাবেন ধোনি। স্বাধীনতা দিবসে তিনি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করবেন।

ক্রিকেট খেলা থেকে সাময়িক অবসর নিয়ে দেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে আর এক স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চলেছেন ধোনি। তার আগে কখনো মাতলেন স্কুল পড়ুয়াদের সঙ্গে, কখনো বা সেনাবাহিনীর মাঠে ব্যস্ত ভলিবলে। কখনো আবার দেখা গেল সীমান্তের দিকে তাক করে বন্দুক নিয়ে বসে থাকতেও।

৫ দফায় ৯টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

0

২৫ জুলাই থেকে ১০ আগস্ট। ১৫ দিনের ব্যবধানে ৫ দফায় ৯টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার সেইসব পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ঘোষণা দিয়েছেন, নতুন স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন সম্পন্ন করার। ১০৩ জন সামরিক কৌশলীকে পদান্নোতি দেয়ারও ঘোষণা দেন তিনি। বলেন, নতুন উদ্ভাবন তাদের সামরিক বাহিনীকে আরো বেশি শক্তিশালী করবে।

অন্যদিকে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উন্নয়নে গভীর উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ দপ্তরের আন্ডার সেক্রেটারি।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তা ও অস্ত্র নিয়ন্ত্রণ দপ্তর আন্ডার সেক্রেটারি আন্দ্রে থমসন বলেন, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি। পিয়ংইয়ং এবং তাদের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং দেশটির বিরুদ্ধে মার্কিন চাপ অব্যাহত রাখার জন্য আমাদের অংশীজন ও মিত্রদের সঙ্গে যোাগযোগ চালু রয়েছে।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোরীয় পরমাণু সংকট নিয়ে পুনরায় আলোচনা শুরুর পরিকল্পনা করছেন কিম জং উন। এর আগে, ৩০শে জুন ট্রাম্প-কিম উত্তর ও দক্ষিণ কোরিয়ার অসামরিক অঞ্চল পানমুনজমে বৈঠক করেন। বৈঠকের কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শুরুর কথা থাকলেও এখনো দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি।

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু নিরস্ত্রীকরণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি উপেক্ষা করেই ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কোরে যাচ্ছেন কিম জং উন। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরুর বিষয়ে কিমের বর্তমান পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রে উত্তর কোরিয়াকে শক্তিশালী করবে বলেও মত তাদের।

অধিকার কর্মীকে আটক অবস্থায় নির্যাতনের কথা গোপন করলে মুক্তি দেবে সৌদি

0

সৌদি আরবে কারাবন্দী এক নারী অধিকার কর্মীর পরিবার অভিযোগ করেছে যে, ওই অধিকার কর্মীকে আটক অবস্থায় নির্যাতনের কথা গোপন করলে মুক্তি দেবে কর্তৃপক্ষ। বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ নতুন নয়। আটকদের মধ্যে এ পর্যন্ত চারজন নির্যাতনের অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, কারাগারে তাদের বিদ্যুতের শক, চাবুক দিয়ে পেটানো এবং যৌন নির্যাতন করা হয়েছে।

লুযেইন আল হাথলুল নামের ওই নারী অধিকার কর্মীর বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী অপশক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। চলতি বছরের মার্চে তিনিসহ আরও নয়জন অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়।

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অধিকার আদায়ে লুযেইন আল হাথলুলের সক্রিয় ভূমিকা ছিল। নারীরা এখন স্বাধীনভাবে গাড়ি চালানোর অনুমতি পেলেও এর পেছনে কাজ করে এখন কারাগারে বন্দী রয়েছেন লুযেইন।

ব্রাসেলসে বসবাসকারী তার বোন লীনা আল হাথলুল মঙ্গলবার এক টুইট বার্তায় বলেছেন, আমি এ বিষয়ে লিখে হয়ত ঝুঁকি নিচ্ছি। হয়ত এতে আমার বোনের ক্ষতি হবে কিন্তু আমার পক্ষে এ ব্যাপারে কিছু না বলে আর থাকা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, লুযেইনকে একটা প্রস্তাব দেয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে, তাকে নির্যাতন করা হয়েছে কিনা এই বিষয়টি তিনি যদি অস্বীকার করেন তবে তাকে মুক্তি দেয়া হবে। তিনি আরও লিখেছেন, আবারও বলছি লুযেইনকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তাকে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছে।

তার পরিবার এর আগেও শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ তুলেছে। কিন্তু সৌদি সরকার বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে। এই অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাওয়া হলেও তারা এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে।

লুযেইন হাথলুল সৌদি আরবে নারী অধিকার বিষয়ে পরিচিত একটি মুখ। ২০১৪ সালে তিনি প্রথম পরিচিতি পান। সে সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্ত দিয়ে তিনি গাড়ি চালিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। পুরো বিষয়টি টুইটারে লাইভ করেছিলেন তিনি।

অনেক সমালোচনার মুখে চলতি বছরের জুনে নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি।সেখানে দীর্ঘদিন ধরে চলা নারীদের পুরুষ অভিভাবক সম্পর্কিত একটি আইনও চলতি মাসে শিথিল করা হয়েছে।

ওই আইন অনুযায়ী, একজন নারীর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার কোনো পুরুষ আত্মীয় অর্থাৎ বাবা, ভাই, স্বামী ও ছেলের অনুমোদন প্রয়োজন হতো। সম্প্রতি ওই আইনের একটি ধারা পরিবর্তিত হয়েছে। আগে দেশের বাইরে কোথাও যেতে হলে সাথে করে কোন পুরুষ অভিভাবককে নিয়ে যেতে হতো। কিন্তু এখন আর তার প্রয়োজন হবে না।

এসব আইনের পরিবর্তন হতে থাকলেও এগুলো পরিবর্তনের জন্য আন্দোলনে যাদের সক্রিয় ভূমিকা ছিল তাদের মধ্যে বেশিভাগই এখনো কারাগারে দিন কাটাচ্ছেন। দেশটির কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। আটক মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। জাতিসংঘের তরফ থেকেও তাদের মুক্তি দেয়ার আহবান জানানো হয়েছে।

গত বছর তুরস্কে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকাণ্ডের পর থেকে সৌদি আরবকে আরও কঠোরভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচনা করা হচ্ছে। এসব সমালোচনার ব্যাপারে সৌদি আরব বলছে, মানবাধিকারের নাম করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা চলছে।

গত বছরের আগস্টে কানাডার পক্ষ থেকে আটক মানবাধিকার কর্মীদের মুক্তির দাবি তোলা হয়েছিল। এরপরেই সৌদি আরব কানাডার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

আজ জাতীয় শোক দিবস

0

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করবে দিনটি।

১৯৭৫ সালের শোকাবহ এই কালো দিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগনে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

জাতীয় শোক দিবসকে সামনে রেখে এ মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে তথ্য ভবনে পক্ষকালব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী চলছে। এবারও সরকারি ভাবে পালিত হচ্ছে দিবসটির বিভিন্ন কর্মসূচি। সরকারি কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং আলোচনা সভা। এদিন সরকারি ছুটি থাকবে।

ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে। এ ছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের শাহাদত বরণকারী সদস্য ও অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করবেন। সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া সেখানে ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশে মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। জাতীয় দৈনিক ও সাময়িকীতে ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার মুদ্রণ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রোথ সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপিত হবে। জেলা ও উপজেলা পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে তারা কর্মসূচি পালন করবে।

বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে এবং ঢাকায় ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করবে।

শোক দিবসের দ্বিতীয় দিন বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব বাণিজ্য সংগঠনের (ডব্লিউটিও) আওতায় আর চলতে দেওয়া যাবে না : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

0

বর্তমানে ‘উন্নয়নশীল দেশে’র পর্যায়ে না পড়লেও এখনো বিশ্ব বাণিজ্য সংগঠনের (ডব্লিউটিও) আওতায় থাকার ‘সুযোগসুবিধা নিয়ে চলেছে’ ভারত ও চীন। এটা আর চলতে দেওয়া যাবে না বলে জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুলাইয়েই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ডব্লিউটিও-র কাছে জানতে চান, কীসের ভিত্তিতে তারা সদস্য দেশগুলির কাউকে কাউকে এখনো ‘উন্নয়নশীল দেশ’-এর তালিকাভুক্ত করে রেখেছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি সমাবেশে বলেন, ‘এশিয়ার অর্থনীতিতে ভারত ও চীন দুটি বৃহৎ শক্তি। দুটি দেশ আর মোটেই উন্নয়নশীল দেশের পর্যায়ে নেই। তাই ভারত ও চীন আর ডব্লিউটিও-র দেওয়া তকমার সুযোগসুবিধা নিতে পারে না।’

ভারত ও চীনে ঢোকা মার্কিন পণ্যাদির উপর দুই দেশই যে প্রচুর পরিমাণে শুল্ক চাপায়, বরাবরই তার বিরোধিতা করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ট্রাম্পের কাছ থেকে ‘শুল্ক চাপানোর রাজা’ খেতাবও পেয়েছে। আর চীনের বিরুদ্ধে তো ইতিমধ্যেই বাণিজ্য যুদ্ধে নেমে পড়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য আদতে ভারত, চীন ও তুরস্কের মতো কয়েকটি দেশ। যাদের অর্থনীতি আর উন্নয়নশীল পর্যায়ে নেই বলে মনে করেন ট্রাম্প। সে ক্ষেত্রে ডব্লিউটিও কীভাবে ওই দেশগুলিকে এখনও ‘উন্নয়নশীল দেশ’-এর তালিকায় রেখেছে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তাঁর ক্ষোভের কারণ, ডব্লিউটিও-র দেওয়া ‘উন্নয়নশীল দেশ’-এর তকমার সুযোগ নিয়ে ভারত, চীন ও তুরস্কের মতো দেশগুলি সেই সব দেশে ঢোকা মার্কিন পণ্যাদির উপর অবাধে শুল্ক চাপিয়ে চলেছে। যার ফলে, সে দেশে মার্কিন ব্যবসায়ীদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। যে দেশগুলি ডব্লিউটিও-র দেওয়া তকমার সুযোগসুবিধা নিয়ে যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থাও নিতে বলেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের।

নরেন্দ্র মোদী কৌশলগতভাবে ভুল করেছেন

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপ একটি ‘কৌশলগত ভুল’ আর এজন্য তাকে ‘চরম মূল্য দিতে হবে।’

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফফরাবাদে যান এবং সেখানকার আইন পরিষদের এক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন। সেখানে তিনি এসব কথা বলেন বলে বিবিসির মনিটরিং বিভাগ জানাচ্ছে।

‘নরেন্দ্র মোদী কৌশলগতভাবে ভুল করেছেন। তিনি তার শেষ কার্ডটি আগেই খেলে ফেলেছেন। তারা এখন কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে ফেলেছে,’ ইমরান খান তার ভাষণে বলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া অনুচ্ছেদ ৩৭০ এর বিলোপ এবং ঐ রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার প্রতি ইঙ্গিত করছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কাশ্মীরের একজন প্রতিনিধি হিসেবে বর্ণনা করে ইমরান খান ভারতের তরফে, তার ভাষায়, যে কোন দুর্ঘটনার বিরুদ্ধে হুঁশিয়ারি জানান।

পাকিস্তানের রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এপিপি খবর দিচ্ছে, প্রধানমন্ত্রী ইমরান খান তার ভাষণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের আইন পরিষদকে জানিয়েছেন যে আজাদ কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত।

ভারতের তরফে যে কোন হুমকি মোকাবেলার জন্য পাকিস্তানের সরকার এবং সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে ইমরান খান আইন পরিষদকে জানান।

অন্যান্য বছরের তুলনায় পাকিস্তান এবার তার স্বাধীনতা দিবসকে ভিন্নভাবে উদযাপন করছে।

এই দিনটিকে তারা ‘কাশ্মীর সংহতি দিবস’ হিসেবে পালন করছে।

এই উপলক্ষে সরকারের তরফ থেকে নতুন একটি লোগো প্রকাশ করা হয়েছে যাতে লেখা হয়েছে ‘কাশ্মীর বনেগা পাকিস্তান’ অর্থাৎ কাশ্মীর হবে পাকিস্তান।

সে দেশের প্রধান টেলিভিশন চ্যানেলগুলোও তাদের পর্দায় এই লোগো ব্যবহার করছে।

এবারের ঈদ এবং স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে না বলে বিবিসির উর্দু বিভাগ জানাচ্ছে।

বৃহস্পতিবার অর্থাৎ ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে পাকিস্তান কালো দিবস হিসেবে পালন করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এ সময় সরকারি বেসরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে বলে সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন।

সূত্র: বিবিসি বাংলা

কাশ্মীরীদের দুঃখ-দুর্দশা আমরা যেন একসঙ্গে ভাগ করে নিতে পারি

0

গোটা পাকিস্তান কাশ্মীরী ভাইদের পাশে আছে। সোমবার ঈদের প্রার্থনা শেষে এমনটাই বললেন পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদ। ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ইসলামাবাদ। থমকে গিয়েছে সমঝোতা এক্সপ্রেসের চাকাও।

এই রাজনৈতিক বিভেদের মাঝেই কাশ্মীর নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, কাশ্মীরীদের দুঃখ-দুর্দশা আমরা যেন একসঙ্গে ভাগ করে নিতে পারি। আর এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সর্বশক্তিমান আল্লা যেন তাদের সাহায্য করেন, সেই প্রার্থনাই করি।

এর আগে জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ ও ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের কিছু পরেই টুইট করে এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। বিনা প্ররোচনায় কাশ্মীরে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয় বলে উল্লেখ করেন আফ্রিদি।

কিন্তু পাল্টা টুইটে তাকে কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। শাহিদ আফ্রিদির পরে কাশ্মীর প্রসঙ্গে এবার মুখ খুললেন বর্তমান পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

এবার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ডি কক

0

আসন্ন ভারত সফরের জন্য টি-টোয়েন্টি ও টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এবার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন ডি কক। টেস্ট ও টি-টোয়েন্টি উভয় ফর্মেটেই তিনজন করে নতুন মুখ দলে সুযোগ পেয়েছেন।

লংগার ভার্সনে সুযোগ পাওয়া তিন নতুন মুখ- পেসার এনরিখ নর্টি, উইকেটরক্ষক-ব্যাটসম্যান রুডি সেকেন্ড ও স্পিনার সেনুরান মুতুসামি। সংক্ষিপ্ত ভার্সনের তিন নতুন মুখ- পেসার এনরিখ নর্টি, টেম্বা বাভুমা ও অলরাউন্ডার বিয়র্ন ফরটুইন।

বিশ্বকাপ ব্যর্থতার পর পুরো কোচিং স্টাফসহ টিম ম্যানজেমেন্টে পরিবর্তন এনে নতুনভাবে পথ চলা শুরু করছে সিএসএ। মূলত ফুটবলীয় কায়দায় ক্রিকেটকে সাজাতে চাচ্ছে সিএসএ। তাই ভারত সফরে দক্ষিণ আফ্রিকার টিম ডিরেক্টর হিসেবে থাকছেন এনক এনকুয়ে। সদ্য বিদায়ী কোচ ওটিস গিবসনের জায়গায় নতুন কাউকে খুঁজে না পাওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন এনকুয়ে। টেস্ট দলের দায়িত্বে থাকবেন ফাফ ডু-প্লেসিস। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি।

এদিকে দুবছর পর টেস্ট দলে ফিরলেন ড্যান পিট। ২০১৬ সালের আগস্টে সেঞ্চুরিয়নে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। সম্প্রতি ঘরোয়া চারদিনের ম্যাচে দারুণ পারফরমেন্স করেছেন পিট। ৫৪ উইকেট নিয়ে সবার উপরে ছিলেন তিনি। এ ছাড়া ফিরেছেন জুবায়ের হামজা। গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয়েছিলো তার। ঐ টেস্টে ৪১ রান করেছিলেন তিনি। সম্প্রতি ঘরোয়া আসরে করেছেন ডাবল-সেঞ্চুরি। ৫৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৪৪ রান করেছেন ২৪ বছর বয়সী হামজা।

আগামী ১৫ সেপ্টেম্বর ধর্মশালায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতের বিপক্ষে সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এরপর ২ অক্টোবর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুদল।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা, তিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবায়ের হামজা, কেশব মহারাজ, আইডেন মার্করাম, সেনুরান মুতুসামি, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্টি, ভারনন ফিলান্ডার, ড্যান পিট, কাগিসো রাবাদা এবং রুডি সেকেন্ড।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : কুইন্টন ডি কক (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বিয়র্ন ফরটুইন, ব্যুরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, ডেভিড মিলার, এনরিখ নর্টি, আন্দিল ফেলুকুয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও জন-জন স্মুটস।

নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া ক্রয় শুরু করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন

0

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে অবিলম্বে নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া ক্রয় শুরু করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। আজ বণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কাঁচা চামড়ার গুনাগুন যাতে নষ্ট না হয়, সেজন্য স্থানীয় ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য চামড়া ব্যবসায়ী এবং সংরক্ষণকারীদের প্রতি আগেই মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারগণকে অনুরোধ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাথে কাঁচা চামড়া নিয়ে চলমান পরিস্থিতি পর্যালোচনা করেছে। আলোচনার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনকে পূর্বে নির্ধারিত ২০ আগস্টের আগেই জরুরি ভিত্তিতে কাঁচা চামড়া ক্রয় শুরু করার অনুরোধ জানায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন অবিলম্বে কাঁচা চামড়া ক্রয় শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।