Home Blog Page 3566

জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি নির্যাতনের খবর সামনে আনলেন

0

নির্যাতনের খবর সামনে আনলেন টেলিভিশনের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। স্বামী ও শাশুড়ি তাকে মারধর করে। শুধু তাই নয়, মুম্বাইয়ের সমতানগর থানায় অভিযোগ করতে গিয়ে থানার বাইরে কান্নাকাটি করতে দেখা যায় শ্বেতা তিওয়ারিকে।

শ্বেতা তিওয়ারির অভিযোগ, তার স্বামী অভিনব কোহলি নিয়মিত মদ্যপান করেন এবং তার ঘোরেই তাকে মারধর করেন। নায়িকার প্রথম পক্ষের যে মেয়ে রয়েছে তার গায়েও হাত তোলেন অভিনব। প্রথম স্বামীর সঙ্গেও এমনই সমস্যা হতো তার। যার কারণে করেছিলেন ডিভোর্স। কিন্তু দ্বিতীয় স্বামীর থেকেও একই ব্যবহার মেলায় তিনি মর্মাহত।

শ্বেতার অভিযোগ পাওয়ার পর তার স্বামীকে থানায় ডেকে পাঠানো হয়। এরপর থানায় পুলিশ অফিসারের সামনে বসে কথা বলে নিজেদের মদ্যে অশান্তি মিটিয়ে নেন তারা। আপাতত ঘরোয়া কোন্দল মিটিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়েছেন অভিনব। পুলিশের কাছে কথা দিয়েছেন বউয়ের গায়ে আর হাত তুলবেন না অভিনব।

প্রসঙ্গত, ২০১৩ সালে অভিনব কোহলিকে বিয়ে করেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ২০১৬ সালে তাদের সন্তান রেয়ানশের জন্ম হয়। এর আগে রাজা চৌধুরীর সঙ্গে বিয়ে হয় শ্বেতার। কিন্তু সেখানেও নির্যাতনের অভিযোগে বিবাহ বিচ্ছেদ হয় শ্বেতার। রাজা ও শ্বেতার মেয়ে পলক৷ এবার মা ও মেয়েকে মারধরের অভিযোগ উঠল অভিনবের বিরুদ্ধে।

পাকিস্তানের পাশে নেই কেউ কাশ্মীর ইস্যুতে

0

কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যতই সুর চড়াক, অন্য় কোনও দেশই যে তাদের পাশে নেই তা ভালোমতোই বুঝেছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদে যে কাশ্মীর প্রসঙ্গে সমর্থন পাওয়া তাদের পক্ষে মুশকিল, সেই কথাই সাংবাদিকদের জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুরেশি বলেন, ‘বোকার স্বর্গে বাস করে লাভ নেই। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কেউ আমাদের জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করছে না। কোনও বিষয়ে আবেগপ্রবণ হওয়া সহজ, প্রতিবাদ করাও সহজ। কিন্তু বিষয়টি বুঝে তাকে এগিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন। নিরাপত্তা পরিষদের সদস্য যে কোনও দেশ কাশ্মীর নিয়ে ভারতের পাশে দাঁড়াবে। কারণ ভারতের বিশাল বাজার হাতছাড়া করতে কেউ চায় না।’

ইসলামিক দেশগুলোও যে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে নেই, সেই কথাও স্পষ্ট করেছেন কুরেশি। মুসলিম দেশগুলো থেকেও যে ভারতে বহু টাকার বিনিয়োগ করা আছে, সেই কথাও মনে করিয়ে দেন পাকিস্তানের বিদেশমন্ত্রী

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব থেকে সরে এসেছে আমেরিকা

0

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব থেকে সরে এসেছে আমেরিকা। তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কথা জানালেন আমেরিকায় ভারতের দূত হর্ষ বর্ধন শ্রিংলা।

ট্রাম্পের পছন্দের নিউজ চ্যানেল ফক্স নিউজকে শ্রিংলা জানিয়েছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর মধ্যস্থতার অফার পুরোটার নির্ভর করছে ভারত ও পাকিস্তানের তা গ্রহণ করার উপর। যেহেতু ভারত তাঁর প্রস্তাব গ্রহণ করেনি, তাই এই বিষয়টি আর আলোচনার টেবিলেই নেই।’

এর আগে এক বার কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ভারত তা পত্রপাঠ নাকচ করে। তার কিছুদিন পর সেই প্রস্তাবের ব্যাপারেই মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। ট্রাম্পের জবাব, ‘ওরা যদি কারও মধ্যস্থতা বা সাহায্য চায়, আমি রাজি। আমি এ ব্যাপারে পাকিস্তানের সঙ্গে কথা বলেছি। ভারতের সঙ্গেও খোলাখুলি আলোচনা করেছি। ওরা চাইলে অবশ্যই হস্তক্ষেপ করব।’

তবে এ বার মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, কাশ্মীর নিয়ে তাদের দীর্ঘদিনের অবস্থানেই অটল আমেরিকা। মধ্যস্থতা নয়, দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানকে তারা অনুপ্রেরণা দেবে।

দরিদ্র মানুষদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা আরও কমিয়ে দিল ট্রাম্প প্রশাসন

0

যুক্তরাষ্ট্রে বসবাসকারী দরিদ্র মানুষদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা আরও কমিয়ে দিল ট্রাম্প প্রশাসন। যারা খাদ্য, বাসস্থান, চিকিৎসার মতো বিষয়ে সরকারের সহযোগিতা চান, ভবিষ্যতে তাদের নাগরিকত্ব ও ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন বাতিল করা হবে।

গতকাল সোমবার (১২ আগস্ট) প্রকাশিত ‘পাবলিক চার্জ রুল’ নামে এ বিধি আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এটি চালু হলে দেশটিতে বসবাসকারী লাখ লাখ অভিবাসীর ‘গ্রিন কার্ড’ পাওয়ার স্বপ্নভঙ্গ হতে চলেছে।

যুক্তরাষ্ট্রে অনেকেই কম মজুরিতে চাকরি করেন, চাহিদা পূরণে তারা অনেকাংশেই সরকারি সেবার উপর নির্ভরশীল। নতুন নিয়মে তারা বড় বিপদেই পড়বেন। একই কারণে দরিদ্র ও অদক্ষ মানুষদের জন্যেও বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রে ঢোকার পথ।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকান নাগরিকদের সুবিধা রক্ষার্থে অভিবাসীদের অবশ্যই স্বাবলম্বী হতে হবে। তিনি বলেন, বিপুল সংখ্যক অ-নাগরিক ও তাদের পরিবার আমাদের মহৎ জনসেবার সুবিধা নিচ্ছে। অন্যথায় এ সম্পদ দুর্বল আমেরিকানদের কাছে যেতো।

যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, এ ঘোষণায় তাদের কোনো সমস্যা হবে না। একই সঙ্গে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীরাও এর আওতার বাইরে থাকবেন। কিন্তু, ভিসার মেয়াদ বৃদ্ধি, গ্রিন কার্ড বা মার্কিন নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। যাদের আয় যথেষ্ট পরিমাণ নয়, যারা মেডিকএইডের (সরকারি স্বাস্থ্যসেবা) মতো সরকারি সেবার উপর নির্ভরশীল, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ বন্ধ হয়ে যাচ্ছে।

যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন, কিন্তু এখনো নাগরিকত্ব পাননি, তারাও যদি এ ধরনের সরকারি সেবা আরও নেন, তাহলে গ্রিন কার্ডের আশা ছেড়ে দিতে হবে তাদের। এ আদেশে অন্তত ২ কোটি ২০ লাখ বৈধ বাসিন্দা, যাদের নাগরিকত্ব নেই, তারা ক্ষতির শিকার হবেন।

নাগরিক অধিকার বিষয়ক সংগঠনগুলো বলেছে, এ আদেশে স্বল্প আয়ের অভিবাসীদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। দেশটির জাতীয় অভিবাসন আইন কেন্দ্র (এনআইএলসি) জানিয়েছে, তারা ট্রাম্প প্রশাসনের এ আদেশের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানাবে।

মনমোহন সিং মুখ খুললেন কাশ্মীর ইস্যুতে

0

কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল প্রসঙ্গে এবার মুখ খুললেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
তার বক্তব্য, জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত অনেকেই ভালোভাবে নেননি। ভারত একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা কাটাতে দেশের সব মানুষেরই বক্তব্য শোনা প্রয়োজন। বিশেষ করে জম্মু কাশ্মীরের মানুষের।
প্রসঙ্গত, ৩৭০ ধারা লোপ প্রসঙ্গে মঙ্গলবারই সু্প্রিম কোর্টে একটি মামলার শুনানি রয়েছে। ৩৭০ ধারা রদ করে কেন্দ্রীয় সরকারের জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা হয়েছিল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে তার শুনানি।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেন কংগ্রেস কর্মী তেহসিন পুনাওয়ালা। বিচারপতি অরুণ মিশ্র, এম আর শাহ ও অজয় রাস্তোগীর বেঞ্চে এই মামলার শুনানি হবে।
মামলাকারী পুনাওয়ালা বলেছেন, ৩৭০ ধারা রদ প্রসঙ্গে তিনি কোনও মতামত করবেন না। তবে যেভাবে জম্মু কাশ্মীরে কারফিউ বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা প্রত্যাহার করা হোক।

বাংলার সংস্কৃতিতে আঘাত করা হচ্ছে দুর্গাপুজায় জিজিয়া কর চাপিয়ে: মমতা

0

দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানো নিয়ে এবার সম্মুখসমরে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বঙ্গ জননী সেলের ধরনার পরই প্রেস বিবৃতি দিয়ে আয়কর দফতরের তরফে জানানো হয়, কোনও দুর্গাপুজো কমিটিকে আয়কর সংক্রান্ত নোটিশ পাঠানো হয়নি। ঠিকাদার ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলর কর ফাঁকি রুখতেই একটু কড়াকড়ি করা হয়েছিল। কোনও দুর্গাপুজো কমিটিতে সমস্যায় ফেলা তাঁদের উদ্দেশ্য ছিল না।

এরপরই ফেসবুকে ক্ষোভে ফেটে পড়েন মমতা। তিনি লেখেন, ‘দুর্গাপুজোর ওপর ‘জিজিয়া কর’ বসাতে চাইছে কেন্দ্র। প্রেস বিবৃতিতে তথ্য বিকৃত করেছে সিবিডিটি।’ ফেসবুক পোস্টে তৃণমূল নেত্রী লেখেন, ‘এইমাত্র খবর পেলাম দুর্গাপুজো কমিটিগুলিকে নোটিশ পাঠানো নিয়ে প্রেস বিবৃতি জারি করেছে সিবিডিটি। যাকে সবাই পুজো জিজিয়া কর বলছে। সেই তথাকথিত প্রেস বিবৃতিতে বেশ কিছু দাবি তথ্যগতভাবে ভুল।’

তাঁর যুক্তি, ‘গত বছর পুজো কমিটিগুলিকে আয়কর নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ঢাকি, পুরোহিত এমনকী গ্রামীণ শিল্পীদেরও নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ। টিডিএস-এর মাধ্যমে তাদের কর চোকাতে নির্দেশ দেওয়া হয়েছিল। যা নিঃসন্দেহে তাঁদের ওপর একটা বড় ভার।’

মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলে দাবি করে মমতা লেখেন, ‘ এবছর তো এখনো পুজোই হয়নি। ফলে নোটিশ পাঠানোর প্রশ্নই ওঠে না। সিবিডিটির বিবৃতিই বলছে গত বছর নোটিশ পাঠিয়েছিল তারা। তাহলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কেন?’

নাম না করে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও উৎসবের ওপর আঘাত হানার চেষ্টা হচ্ছে। উৎসবের আমেজ অটুট রাখতে অবিলম্বে কর প্রত্যাহার করা উচিত সরকারের। আমার অনুরোধ, পুজো বা অন্য কোনও অনুষ্ঠানে এরকম কোনও জিজিয়া কর নেবেন না।

কোরবানির প্রথম দিনের বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে

0

পূর্বঘোষিত ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির প্রথম দিনের বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। কোরবানির প্রথম দিন ২৪ ঘণ্টার মধ্যে ১৬ হাজার মেট্রিকটন কোরবানি বর্জ্য অপসারণের মাধ্যমে নগরবাসীকে শতভাগ বর্জ্যমুক্ত করার ঘোষণা দেন মেয়র। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে নগর ভবন প্রাঙ্গণে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন।

মেয়র বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদুল আজহার প্রথম দিনে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৬ হাজার মেট্রিকটন কোরবানি বর্জ্য অপসারণের মাধ্যমে নগরীকে প্রায় শতভাগ কোরবানি পশুর বর্জ্যমুক্ত করতে সক্ষম হয়েছে। তার মধ্যে ঈদুল আজহার প্রথম দিন অর্থাৎ গতকাল সোমবার বিকেল ৩টা হতে দ্বিতীয় দিন মঙ্গলবার ১৩ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত ১৭টি পশুর হাটের বর্জ্যসহ কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

মেয়র বলেন, আপনারা জানেন পুরনো ঢাকাবাসী ঈদুল আজহার দ্বিতীয় এবং তৃতীয় দিনেও পশু কোরবানি দিয়ে থাকেন। তাই এ দুই দিনে আরো ৫ হাজার মেট্রিকটন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে– যা ডিএসসিসি দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করবে।

উল্লেখ্য, গত বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানি পশুর হাটের সংখ্যা ছিল ১৪টি। ঈদুল আজহার তিন দিনে করপোরেশন মোট ১৯ হাজার ২০০ মেট্রিকটন বর্জ্য অপসারণ করেছিল। এ বছর যেহেতু হাটের সংখ্যা ১৭টি। তাই বর্জ্যের পরিমাণও কিছুটা বেড়েছে। এ বছর কোরবানি বর্জ্য অপসারণের পরিমাণ দাঁড়াবে ২১ হাজার মেট্রিকটন।

মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নাগরিক সমাজসহ সম্মানিত নগরবাসীদের বর্জ্য অপসারণ কাজে করপোরেশনকে সহযোগিতাদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং নাগরিকদের সহযোগিতার ফলেই নগরীকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত করার এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে। তিনি ডিএসসিসির আওতাধীন এলাকার নাগরিকদের কোরবানি বর্জ্য অপসারণ সেবা পেতে ০১৯৬১১০০০৯৯৯ হটলাইন নম্বরে ফোন করার অনুরোধ জানান।

প্রেসি ব্রিফিং অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দক্ষিণ সিটি করপোরেশন নগরীর বর্জ্য অপসারণের কাজে নিয়মিত এবং অতিরিক্ত মিলে মোট ৯৫০০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে। বর্জ্য অপসারণে ব্যবহার হচ্ছে ১৫২টি খোলা ট্রাক, ৮২টি কন্টেইনার বক্স, ২৯টি পানির গাড়ি, ২৩টি পে লোডার, ১২টি টায়ার ডোজারসহ নানা ধরনের যান ও যন্ত্রপাতি। এ ছাড়া নাগরিকদের জন্য করপোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে বর্জ্যব্যাগ সরবরাহ করা হয়েছে। পরিবেশ দূষণরোধে কোরবানির স্থানটি ভালোভাবে ধূয়ে দেওয়ার জন্য ১৮০০ লিটার ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে।

মেয়র বলেন, গত বছরের তুলনায় এ বছর নাগরিকদের বেশি পরিমাণ করপোরেশন কর্তৃক দেওয়া বর্জ্য ব্যাগ ব্যবহার করেছেন।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

0

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ভুটানের প্রধানমন্ত্রী আজ দুপুর পৌনে ১২টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে তাঁকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও তাঁর পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানান।

১০ মিনিট স্থায়ী এই টেলিফোনে উভয় প্রধানমন্ত্রী দু’দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা কমে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা কমে আসছে। দেশের সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টার পরিসংখ্যান দিয়ে বলেন, এই সময়ে সারা দেশে ডেঙ্গু রোগীর ভর্তিকৃত সংখ্যা ১ হাজার ২শ’ জন। এর আগের ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এ সংখ্যা ছিল ২ হাজার ৯৩ জন।

বর্তমানে সারা দেশে হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তি আছে ৭৫৪৭ জন একথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আগের দিন সোমবার এই সংখ্যা ছিল ৮ হাজার ৬ জন। তিনি বলেন, এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন।

মালেক দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে বলেন, দেশব্যাপী হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় যেভাবে ডেঙ্গু রোগীদের ভর্তি সংখ্যা কমেছে, তার বড় কৃতিত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়া।

স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার, নার্সসহ সকলেই পরিবারের সাথে ঈদের আনন্দ বাদ দিয়ে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্য খাতের সকলেই প্রশংসার দাবিদার বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী আজ সকাল সাড়ে দশটায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদকে সাথে নিয়ে ডেঙ্গু সেলে থাকা বিভিন্ন রোগীর সাথে কথা বলে এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন ও রোগীদের সাহস দেন। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা নদীতে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে এক ব্যক্তি মারা গেছেন

0

রাজধানীতে বুড়িগঙ্গা নদীতে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম শাহজাহান (৪৮)। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।

গতকাল রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একটি লঞ্চের ঢেউয়ের তোড়ে তিনিসহ চারজন নৌকা থেকে পড়ে যান। পরে তার লাশ উদ্ধার করা হয়। অন্য তিনজন সাঁতরে উঠে আসে।

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে খবর পেয়ে নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা শাহজাহানের লাশ উদ্ধার করে।