Home Blog Page 3567

পরিবার পরিজন নিয়ে বেড়াতে ভিড় করেছেন রাজধানীর হাতিরঝিলে

0

ঈদের ছুটিতে যারা রাজধানীতে রয়েছেন তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে বেরিয়েছেন। তাঁদের মধ্যে বেশ বড় একটি অংশ ভিড় করেছেন রাজধানীর হাতিরঝিলে।

আজ মঙ্গলবার সকাল থেকেই হাতিরঝিলে আনন্দে মেতে ওঠেন অনেকেই।

গতকাল ঈদের দিন পশু কোরবানিকে কেন্দ্র করে ব্যস্ত ছিল রাজধানীবাসী। এরপর সন্ধ্যার পর থেকেই অনেকে ভিড় করেন হাতিরঝিলে। আজ সকালে এ ভিড় আরো বেড়েছে।

পরিবারের ছোট শিশুদের নিয়ে অনেকেই হাতিরঝিলে বেড়াতে এসেছেন। বিনোদনকেন্দ্র হিসেবে হাতিরঝিলে তেমন কোনো ব্যবস্থা না থাকলেও ওয়াটার বাস অনেককে আকর্ষণ করে। এছাড়া হাতিরঝিলে স্থাপিত রেস্টুরেন্টগুলোতেও ভিড় জমিয়েছেন অনেকেই।

হাতিরঝিলে বেড়াতে এসে শিশুরা ঈদ আনন্দে মেতে উঠেছে।

জোরেশোরে চলছে বর্জ্য অপসারণ কাজ

0

গতকাল ছিল ঈদুল আজহা। সকালে নামাজ পড়েই রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশু জবাই শুরু হয়। এরপর শুরু হয় পরিচ্ছন্নতাকর্মীদের কাজ। এখন বেশ জোরেশোরে চলছে বর্জ্য অপসারণ কাজ। ইতোমধ্যেই বেশ কিছু এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রধান সড়কে খুব কমই বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। বিভিন্ন রাস্তায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য অপসারণে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গতকাল বেলা ১২টার দিক থেকেই শুরু করেছে বর্জ্য অপসারণ কাজ।

কোরবানির পশুর বর্জ্য অপসারণে ডিএনসিসি ও ডিএসসিসি কর্মীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। ইতোমধ্যেই বিপুলসংখ্যক বর্জ্য অপসাণ সম্পন্ন হয়েছে উভয় সিটিতে।

প্রধানমন্ত্রীর ঈদশুভেচ্ছা বিনিময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপহার সামগ্রীসহ

0

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালেই তারা তাদের প্রাপ্য সম্মান পান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (১২ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন, প্রটোকল অফিসার এসএম খুরশীদ-উল-আলম ও সহকারী কর্মকর্তা মোহম্মদ আরিফুজ্জামান নূরনবী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এগুলো পৌঁছে দেন।

অন্যান্য উৎসবের মতো প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছার নিদর্শন হিসেবে রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) ফুল, ফলমূল এবং মিষ্টাণ্ন প্রেরণ করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এসময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন- স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এসময় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ার-এর ১৩তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণসহ ব্যাপক পদক্ষেপ গ্রহণ করার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালেই তারা তাদের প্রাপ্য সম্মান পান।

সোনিয়া গান্ধীই ‘আপাতত’ কংগ্রেসের সভাপতি

0

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর ২৫ মে কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন রাহুল গান্ধী

রাহুল গান্ধীর পরিবর্তে কংগ্রেসের ‘অস্থায়ী’ সভাপতি হলেন সোনিয়া গান্ধী।

রবিবার (১১ আগস্ট) দলের ওয়ার্কিং কমিটি ‘র বিবৃতিতে বলা হয়, এআইসিসি নতুন সভাপতি নির্বাচন না-করা পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সোনিয়া।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে ২৫ মে কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন রাহুল। এরপর থেকে প্রায় আড়াই মাস ধরে দলের নেতারা তার মত বদলের চেষ্টা চালিয়ে গেলেও রাজি হননি রাহুল। শুধু তা-ই নয়, জানিয়ে দিয়েছেন সভাপতি হবেন না প্রিয়াঙ্কাও। তখন ফিরে আসার জন্য অনুরোধ করা হলেও সেসময় সাড়া দেননি সোনিয়া।

কংগ্রেস সূত্রে জানা যায়, দলটির কার্যনির্বাহী কমিটি’র সভায় সভাপতি বাছাই নিয়ে যখন আলোচনা চলছে, তখন রাহুল সেখানে ছিলেনও না। এই অবস্থায় নিরুপায় হয়ে সোনিয়া গান্ধীকে সভাপতি হতে অনুরোধ জানান কংগ্রেস নেতারা। তারা যুক্তি দেখান, গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলে দল ভেঙে যাবে।

দলীয় নেতাদের দীর্ঘ অনুরোধের জেরে সম্মত হলেও সোনিয়া গান্ধী জানান, আপাতত নতুন সভাপতি না পাওয়া পর্যন্ত অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। তবে, যত শীঘ্র সম্ভব নতুন সভাপতি নির্ধারণ করতে হবে।

ভারতে বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

0

একইসাথে, ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ মানুষ। মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটকের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে জানা গেছে

ভারতে বন্যায় এখনও পর্যন্ত ১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। একইসাথে, ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ মানুষ। মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটকের বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে জানা গেছে। খবর এনডিটিভি।

কেরালায় গত তিনদিনে রাজ্যটিতে ৭২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যসরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে উদ্ধারকারীদল প্রস্তুত করতে এবং আকাশপথে জলমগ্ন গ্রামগুলিতে খাবার পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ানাদ, কান্নুর ও কাসারগদ এই তিন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছ’টি জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

এদিকে, কর্ণাটকে দু’লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। সেখানে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা জানান, রাজ্যের ১৭টি জেলার ১,০০০টি গ্রাম বন্যাবিধ্বস্ত। উত্তর কর্ণাটকের কয়েকটি জেলা মিলিয়ে ৬ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

একইসাথে, মহারাষ্ট্রে বন্যার প্রকোপে চার লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যের ভয়াবহ বন্যার জন্য ‘নজিরবিহীন’ বৃষ্টিকেই দায়ী করেছেন।

মাঝপদ্মায় স্পিডবোট উল্টে শিশু নিখোঁজ

0

বৈরী আবহাওয়ায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় যাত্রীবাহী স্পিডবোট উল্টে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাঝপদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম দ্বীন ইসলাম হোসেন (৮)।

লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাদেরুল ইসলাম খান প্রথম আলোকে জানান, শিমুলিয়া ঘাট থেকে ১৩ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ি ঘাটের দিকে রওনা হয়। সকাল পৌনে নয়টার দিকে স্পিডবোটটি মাঝপদ্মায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে চালক নিয়ন্ত্রণ হারালে স্পিডবোটটি উল্টে যায়।

কাঁঠালবাড়ি থেকে খালি একটি স্পিডবোট শিমুলিয়ার দিকে আসছিল। সেই স্পিডবোটের সহায়তায় দুর্ঘটনাকবলিত স্পিডবোটের ১২ যাত্রীকে উদ্ধার করা হয়। তারা কেউ আহত হয়নি।

নির্বাহী কর্মকর্তা আরও জানান, নদীতে এখন প্রচণ্ড বাতাস আর বৃষ্টি হচ্ছে। দুর্ঘটনার পরপরই উপজেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। তবে বৃষ্টির কারণে আপাতত উদ্ধারকাজ বন্ধ আছে। লাইফ জ্যাকেটের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, প্রত্যেক যাত্রীকে লাইফ জ্যাকেট পরানো হয়েছিল। তারপরও শিশুটি কীভাবে নিখোঁজ হলো খতিয়ে দেখা হবে।’

বৃষ্টি শেষ হলেই উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান ইউএনও।

হামলার সময় মোহাম্মদ রফিক বন্দুকধারীকে ধরে ফেলেন

0

নরওয়ের রাজধানী অসলোর কাছে একটি মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। শনিবার স্থানীয় সময় বিকেলে রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে বায়েরুম এলাকার আল নুর ইসলামিক সেন্টার নামের এ মসজিদে হামলার ঘটনাটি ঘটে। ঘটনার সময় ৬৫ বছর বয়সী মোহাম্মদ রফিক নামে এক মুসল্লি বন্দুকধারীকে ধরে ফেলেন। এ কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তার প্রশংসা করেছে। স্থানীয় মানুষও তার প্রশংসায় মাতোয়ারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরে বলা হয়, মসজিদে হামলার ঘটনা সময় ভেতরে মাত্র তিনজন ব্যক্তি ছিলেন। তারা ঈদ-উল-আযহার ছুটির প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করেই হামলাকারী মাথায় হেলমেট এবং গায়ে বুলেটপ্রুফ পোশাক পরে আক্রমণ করে তাদের ওপর। তার হাতে দুটো শটগানের মতো অস্ত্র এবং একটি পিস্তল ছিলো। সেখানে ঢুকেই গুলি চালানো শুরু করে বন্দুকধারী। এক পর্যায়ে ৬৫ বছর বয়সী মোহাম্মদ রফিক নামে এক মুসল্লি বন্দুকধারীকে ধরে ফেলেন। এ সময় তিনিও সামান্য আহত হন।

মোহাম্মদ রফিক বলেন, আমি হঠাৎ করে বাইরে থেকে গুলির শব্দ শুনলাম। বন্দুকধারী অন্য দুজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করছিল।

রফিক বলেন, আমি ওই আক্রমণকারীকে জাপটে ধরে রাখি। আর আমার সঙ্গে থাকা আরেকজন তাকে আঘাত করেন। এর ফলে হামলাকারী নিচে পড়ে যায়। একপর্যায়ে আমরা তার কছে থাকা আস্ত্রগুলো ছিনিয়ে নেই।

পুলিশ আসার আগ পর্যন্ত তারা ওই ব্যক্তিকে ধরে রাখেন বলে জানা যায়। এরপর পুলিশ আসলে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যায়। আটক পিলিপ মানশুস (২১) ওই এলাকার স্থানীয় বাসিন্দা। এদিকে মসজিদে হামলাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এটি মোকাবেলার চেষ্টা করছি। কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। আমি মনে করি, এটা এক অর্থে বিশ্বজুড়ে একটা চ্যালেঞ্জ।’

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

হংকংয়ের বিমানবন্দরে বিক্ষোভ চলছে বিক্ষুব্ধ জনতার

0

চীন শাসনে থাকা হংকংয়ের বিমানবন্দরে বিক্ষোভ চলছে বিক্ষুব্ধ জনতার। সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারীরা গত চারদিন ধরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের মূল টার্মিনালের দখল নিয়েছে। বিদেশি অতিথিদের চলমান ঘটনা জানাতে হাজির হয়েছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় কর্তৃপক্ষ সোমবারের জন্য সমস্ত বিমান ওঠানামা স্থগিত করেছে।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানায়, অব্যাহত বিক্ষোভের কারণে বিমানবন্দরের কাজ ব্যাহত হচ্ছে। ফলে চেক-ইন করেছেন এমন ফ্লাইট ছাড়া সমস্ত ফ্লাইট বাতিল করা হচ্ছে। যাত্রীদের এয়ারপোর্টে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি বাংলা।

মাস দুয়েক আগে মূল চীনা ভূখণ্ডে বন্দী প্রত্যর্পণ সম্পর্কিত প্রস্তাবিত একটি আইনকে কেন্দ্র করে যে সরকারবিরোধী বিক্ষোভ হংকংয়ে শুরু হয়, তা দিনকে দিন সহিংস চেহারা নিচ্ছে। পুলিশ ও বিক্ষোভকারী; দু’পক্ষই দিনকে দিন মারমুখী হয়ে উঠছে। গতকাল রোববার হংকংয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। পুলিশ সেসময় রাবার বুলেট ছুঁড়েছে। অন্যদিকে শহরের কেন্দ্রে ওয়ান চাই এলাকায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল এবং পেট্রোল বোমা ছুঁড়ছে।

গরু জবাইয়ের সময় কসাইয়ের হাত থেকে ছুরি ছুটে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে

0

মাদারীপুর সদর উপজেলার দুধখালীতে কোরবানির গরু জবাইয়ের সময় কসাইয়ের হাত থেকে ছুরি ছুটে গিয়ে এক শিশুর পেটে ঢুকে গেলে শিশুটির মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। মৃত মৌমিতা আক্তার দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল। এক পর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় মাটিয়ে পড়ে যায় মৌমিতা। পরে বাড়ির লোকজন ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুখখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারী জানান, বাড়ির লোকজন গরু জবাই করছে, পরে রগ কাটার সময় গরুটি দাপাদাপি করতেছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছোরা ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, পেটে ছুরি ঢুকে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিধানসভা সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিজেপি

0

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন হতে এখনো ঢের বাকি। ২০২১ সালে হবে রাজ্য ক্ষমতায় আসীন হওয়ার এ নির্বাচন। তবে এ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিজেপি। লোকসভা নির্বাচনে আশাতীত ফল তাদের এখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। সে স্বপ্নকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের জন্য ২০০ আসনে জয়ের লক্ষ্য স্থির করেছে বিজেপি।

গতকাল রোববার পশ্চিমবঙ্গের শিল্প শহর দুর্গাপুরে বিজেপি আয়োজিত দুই দিনের চিন্তন বৈঠক শেষে এ লক্ষ্যের কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে তারা জিততে চাইছে ২০০ আসন। ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও রাজ্য নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন এবার বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল।

এ বছরের লোকসভা নির্বাচনের আগে বিজেপি জয়ের জন্য এই রাজ্যে ২২টি আসনকে টার্গেট করেছিল। পশ্চিমবঙ্গে রয়েছে লোকসভার ৪২টি আসন। এই আসনের মধ্যে ২২টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি জিতেছিল ১৮টি আসন। একইভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস টার্গেট করেছিল ৪২ আসনই। অর্থাৎ ৪২ আসনের সব কটি আসনে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন মমতা। কিন্তু দল জিতেছিল মাত্র ২২টি আসন।

আগামী বছর, অর্থাৎ ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ১২২টি পৌরসভা এবং ছয়টি পৌর করপোরেশনের নির্বাচন। আর ২০২১ সালে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের ২৯৪টি রাজ্য বিধানসভা আসনের নির্বাচন। এই দুটি নির্বাচনে জয়ের জন্য ইতিমধ্যে মাঠে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি ও তৃণমূল।

পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় যেতে হলে বিজেপিকে জিততে হবে ১৪৮টি আসন। সেই ভাবনা নিয়েই বিজেপি লক্ষ্য স্থির করেছে, পশ্চিমবঙ্গে তাদের জিততে হবে কম করে ২০০টি আসনে। আর তৃণমূল সেভাবে এবার লোকসভার মতো কোনো ঘোষণা দেয়নি। তবে বলেছে, ২০২১ সালে ফের ক্ষমতায় আসবে তৃণমূল।

এ কথা বলার অপেক্ষা রাখে না যে বিজেপি এবার পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফল করেছে। শুধু ১৮টি আসনে জয়লাভ করেনি, জয় পেয়েছে এই রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১২১টি বিধানসভা আসনে। শুধু তা–ই নয়, আরও ২৯টি আসনে এক হাজার থেকে তিন হাজার ভোটে হেরেছে বিজেপি। ফলে, এই ১২১টির সঙ্গে ২৯টি যোগ করে ১৬০টি আসনে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে। তাই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, এবার বিপুল জয়ের লক্ষ্য নিয়ে এগোতে হবে বিজেপিকে। ২০২১ সালে জয় জয় ছিনিয়ে আনতে হবে পশ্চিমবঙ্গে।

সবশেষ ২০১৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ২৯৪ আসনের মধ্যে মাত্র তিনটি আসন। তৃণমূল জিতেছিল ২১১টি আসনে। আর কংগ্রেস ৪৪টি এবং বামফ্রন্ট জিতেছিল ৩২টি আসনে।

সেই বিজেপির এখন জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, আর কমছে তৃণমূলের জনপ্রিয়তা। ইতিমধ্যে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ছয় বিধায়ক। সম্প্রতি বিধানসভার শূন্য আসনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বিজেপি জিতেছে চারটি আসনে। আরও বাকি রয়েছে চারটি বিধানসভার উপনির্বাচন। সেখানে লোকসভা ভোটের আগাম সমীক্ষায় তিনটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি আর একটি আসনে তৃণমূল। এবার লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ৪০ শতাংশ ভোট আর তৃণমূল পেয়েছে ৪৩ শতাংশ ভোট। অথচ ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৬.১৪ শতাংশ ভোট। ২০১১ আলে বিধানসভা নির্বাচনে সেই ভোট বেড়ে হয়েছিল ১০ শতাংশ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সেই ভোট আরও বেড়ে হয়েছিল ১৭ শতাংশ।

২০২০ সালে এই রাজ্যের ১২২টি পৌরসভার নির্বাচন হওয়ার কথা। এর মধ্যে লোকসভার ভোটের সমীক্ষায় ১০১টি পৌরসভায় এগিয়ে রয়েছে বিজেপি। আবার ৬টি পৌর করপোরেশনের মধ্যে ৪টিতে এগিয়ে বিজেপি।

এসব ফলাফল বিশ্লেষণ করে বিজেপি মনে করছে, ২০২১ সালের রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে ক্ষমতায় আসতে পারবে।

দুর্গাপুরে আয়োজিত বিজেপির চিন্তন বৈঠকে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের ফলাফল নিয়ে বিশ্লেষণ করা হয়। বৈঠকের পর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের লক্ষ্যমাত্রা স্থির হয়েছে ২০০টি আসন। তিনি বলেন, ২০২১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। ভারতের ‘ভোটগুরু’ হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরকে তৃণমূল নিয়োজিত করেও নির্বাচনে সাফল্য পাবে না। পরাজয় নিশ্চিত তৃণমূলের। মানুষ ভোট দেবে বিজেপিকে।
এর আগে শনিবার এই চিন্তন বৈঠক শেষে বিজেপি নেতা মুকুল রায় প্রশান্ত কিশোরকে কটাক্ষ করে বলেছিলেন, ‘তৃণমূলের শেষকৃত্যে মুখাগ্নি করতে এসেছেন ভোটগুরু প্রশান্ত কিশোর। এর আগে উত্তর প্রদেশে মায়াবতীর বিএসপি দলের শেষকৃত্যে মুখাগ্নি করেছেন, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির শেষকৃত্যে মুখাগ্নি করেছেন। এবার করবেন তৃণমূলের শেষকৃত্যে মুখাগ্নি।’