Home Blog Page 3572

সারা বছর এডিস মশাবিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে

0

ডেঙ্গু মোকাবিলায় সারা বছর এডিস মশাবিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে বলে মত দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।

সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘সারা দেশে এডিস মশা ধ্বংসের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সিটি করপোরেশনকে বলব, আগামী এক বছর আপনারা ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালান, পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালান। ডেঙ্গু আমাদের চরম শিক্ষা দিয়েছে।’

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে এক বছর টার্গেট করে কাজ করেন। সময়ের কাজ সময়ে করেন। মানুষ ডেঙ্গু নিয়ে ভয়ে আছে, আতঙ্কিত হয়ে পড়েছে। আমি সিটি করপোরেশনকে বলব, নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্ন করেন। স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলব, এখন থেকে সারা দেশের পৌরসভাকে কাজে লাগান।’

নাসিম বলেন, ‘কলকাতা যদি ডেঙ্গুমুক্ত করতে পারে, আমরা কেন পারব না। আজকের থেকে মনে করেন, আমরা ডেঙ্গুবিরোধী যুদ্ধে নেমেছি। আগামী বছর যেন ডেঙ্গুর প্রকোপ দেখা না দেয়। আমরা আপনাদের পাশে আছি। মানুষ কষ্টে আছে, নির্বাচনের সময় কিন্তু মানুষ এটা মনে রাখবে। শুধু কথা বলে কাজ হবে না, ডেঙ্গুমুক্ত করতে কাজ করতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আজ বিএনপি নেতারা আইনের শাসনের কথা বলেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার দল স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। জিয়া খুনিদের, স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। এরশাদের সময় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ফ্রিডম পার্টি গুলি করে শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তখন কোথায় ছিল আপনাদের আইনের শাসন?’

বঙ্গমাতা ফজিলাতুন্নেছার স্মৃতিচারণা করে মোহাম্মদ নাসিম বলেন, সবচেয়ে কঠিন সময় যখন ছিল, তখন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছেন, তাঁর পাশে থেকেছেন।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, জাসদের নেতা মীর হুসাইন আক্তার প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা সভায় হাসানুল হক ইনু বলেন, ‘বঙ্গবন্ধু যখন ছয় দফা দিয়েছিলেন, তখন বঙ্গবন্ধুর পাশে বঙ্গমাতা রাজনৈতিকভাবে দাঁড়িয়েছিলেন। স্বাধীনতাসংগ্রামে তিনি বঙ্গবন্ধুর পাশে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন। এখন আমরা যখন এগিয়ে যাচ্ছি, তখন অনেক চ্যালেঞ্জ দেখছি। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে বঙ্গমাতার মতো আত্মসংযমী হতে হবে। তাহলেই বঙ্গমাতার প্রতি যথাযথ শ্রদ্ধা দেখানো হবে।’

এদিকে পরে রাজধানীর মতিঝিল বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম। স্থানীয় সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আয়োজক হিসেবে এ সময়ে উপস্থিত ছিলেন।

১২ আগস্ট তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ আগস্ট তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারক, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ শনিবার বাসসকে জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবী এবং সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রেস সচিব আরও বলেন, পরে প্রধানমন্ত্রী বেলা ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিবগণ এবং সচিব মর্যাদার অন্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মহাসড়কে যানজট নেই

0

মহাসড়কে গা‌ড়ি ধীরগ‌তিতে চললেও যানজট নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা দাবি করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘কিছুটা দুর্ভোগ যে নেই সেটা অস্বীকার করার উপায় নেই।’ এ সময় আগের দুই দিনের তুলনায় আজ ঈদ যাত্রা কিছুটা স্বস্তিদায়ক বলে দাবি করেন তিনি।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢালাও মন্তব্য না করে স্পেসিফিক কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে সমস্যা ছিল, একদিকে ফোর লেনের রাস্তা থেকে উঠে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো; আবার আরেক দিকে ৮ লেনের রাস্তা থেকে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো।
যার কারণে যানজট লেগেই থাকত। সে সমস্যাটা এখন আর নেই। উত্তর জনপদের দিকে যে সমস্যাটা সেটা রাস্তা নয়, সমস্যাটা হচ্ছে ঢাকা এলেঙ্গা মহাসড়ক থেকে চার লেনের রাস্তার গাড়িগুলো যখন টু লেনে ওঠে। তখনই সমস্যাটা সৃষ্টি হয়।
এ সময় রাস্তায় কোনো সমস্যা নেই দাবি করেন কাদের। তিনি বলেন, বেহাল সড়কের কারণে কোথাও যানজট হয়েছে, এমন তথ্য আমার কাছে নাই। পরশু দুর্যোগপূর্ণ আবহাওয়া গিয়েছে, তার কারণে যে গাড়িগুলো আটকে ছিল; সে প্রেসারটাও ওই রাস্তার উপর দিয়ে গিয়েছে। কোরবানি ঈদ না চাইলেও পশুবাহী গাড়ির জন্য রাস্তা ধীর গতির হয়ে যায়। ধীরগতির জন্য গাড়িগুলো আসতে দেরি হচ্ছে। এজন্য টার্মিনালে অনেক যাত্রী বসে কষ্ট পাচ্ছে।
আজ রাস্তায় কোনো দুর্ভোগ নেই দাবি করে মন্ত্রী বলেন, আজকে রাস্তার কোথাও দুর্ভোগ আছে এমন কোনো ইনফরমেশন আমি কোথাও থেকে পাইনি। টাঙ্গাইলের রাস্তায় ধীরগতি আছে, কিন্তু যানজটের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঢাকা-চট্টগ্রাম ঢাকা-সিলেট মহাসড়কে কোন যানজট নেই। এলেঙ্গা টাঙ্গাইল কিছুটা ধীর গতি আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তবে, সড়কের বেহাল দশার জন্য কোথাও যানজট হয়নি।
ঈদের আনন্দে মানুষ ডেঙ্গু ভুলে গেছে দাবি করে কাদের বলেন, ঈদের আনন্দে মানুষ ডেঙ্গুর কথা ভুলে গেছে। এবার আমি টার্মিনালগুলোতে মানুষের চাপ বেশি দেখছি। বাঙালি জাতি ভয় করে না ভয়কে জয় করতে জানে।
বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পবিত্র হজের মূলপর্ব শুরু

0

মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন পবিত্র হজের মূলপর্ব শুরু হয়েছে। লাখো মুসল্লির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক্’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার) ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের মক্কার আরাফাতের ময়দান।
সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে সমবেত মুসলমানরা আজ থাকবেন সেখানে। আকুল হৃদয়ে মহান রাব্বুল আলামিনকে বলবেন, ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। তোমার কোনো শরিক নেই; সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’।
এর আগে মিনায় অবস্থান নেয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে শুরু হয়েছে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা। শুক্রবার সারা দিন ও রাত তারা মিনায় কাটান ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে। আল্লাহর নৈকট্য লাভের আশায় মশগুল ছিলেন জিকির ও তালবিয়াতে।
আজ সকালে হাজীরা সমবেত হয়েছেন প্রায় ৬ কিলোমিটার দূরে বিদায় হজের স্মৃতিজড়িত আরাফাতের ময়দানে। চার বর্গমাইল আয়তনের এ বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা হাদা তায়েফ রিংরোড, উত্তরে সাদ পাহাড়।
এ আরাফাতে উপস্থিত না হলে হজ পূর্ণ হয় না। তাই হজে এসে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হয় স্বল্প সময়ের জন্য।
ইসলামি রীতি অনুযায়ী, জিলহজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হল হজ।
আরাফাত থেকে মিনায় ফেরার পথে আজ সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন সমবেত মুসলমানরা। মুজদালিফায় রাতে খোলা আকাশের নিচে থাকবেন তারা। এ সময়েই তারা সাতটি পাথর সংগ্রহ করবেন, যা মিনার জামারায় শয়তানকে উদ্দেশ্য করে ছোড়া হবে।
আগামীকাল সকালে মিনায় ফিরে সেই পাথর তারা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছুড়বেন। এর পর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন। সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
হজ মুসলিম বিশ্বের বৃহত্তম সম্মেলন। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের কর্মকর্তা হাতিম বিন হাসান কাদি সৌদি গেজেটকে জানান, এ বছর প্রায় ২৫ লাখ মুসল্লি হজব্রত পালন করবেন। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছেন ১৮ লাখ ব্যক্তি। বাংলাদেশি রয়েছেন ১ লাখ ২৬ হাজার।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৩

0

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পার্শ্ববর্তী আবাসিক এলাকার একটি বাড়ির পেছনের দিকের উঠোনে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর এএফপি’র।

স্থানীয় পুলিশ জানায়, ফিলাডেলফিয়া থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে পেনসিলভানিয়ার আপার মোরল্যান্ডে গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টার পরপরই এক ইঞ্জিন বিশিষ্ট এই বিমান বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে তারা জানায়, স্থানীয় এক বাসিন্দার বাড়ির পেছনের উঠোনে একটি বিমান বিধ্বস্ত হয়েছে পুলিশ এমন খবর পেয়েছে।

আপার মোরল্যান্ড বাহিনী জানায়, ওই বিমানে থাকা তিন যাত্রীর সকলেই নিহত হয়েছে বলে পুলিশ বিভাগ নিশ্চিত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের ১৯ বছর বয়সী মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৬০ ও ৫৪ বছর।

আপার মোরল্যান্ড পুলিশ প্রধান মিশেল মারফি সাংবাদিকদের বলেন, বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও সেখানের কেউ হতাহত হয়নি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাড়ির পেছনের উঠানে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

প্রসেনজিতকে সরিয়ে রাজ চক্রবর্তীকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান বানালেন মমতা

0

টালিগঞ্জের প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে পরিচালক রাজ চক্রবর্তীকে কলকাতা চলচ্চিত্র উৎসবের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এই পরিবর্তন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ। কারণ কিছুদিন ধরে টালিগেঞ্জ গুঞ্জন শোনা যাচ্ছে যে, প্রসেনজিৎ বিজেপির কিছু নেতার সাথে যোগাযোগ রাখছেন।

তাকে যে চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হতে পারে সেই আশঙ্কা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও ছিল। তাই দু’দিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমাকে যদি কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়, তাহলে যেন আগাম জানানো হয়।

প্রসেনজিৎকে আগেই জানিয়ে তাকে সরানো হয়েছে কিনা, সেটা জানা যায়নি। কিন্তু এক সূত্র জানিয়েছে, চিটফান্ড কম্পানি রোজভ্যালির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে প্রসেনজিতকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমন পাঠানোর পর থেকেই টালি সিনেমার সুপারস্টার বিজেপির সাথে যোগাযোগ করেন।

‘কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মমতা ব্যানার্জির একদম নিজস্ব ইভেন্ট। এই অনুষ্ঠানের দায়িত্ব তিনি নিজের আস্থাভাজন ছাড়া কাউকে দেবেন না। ইদানিং রাজের সাথে দিদির ঘনিষ্ঠতা বেড়েছে, ‘ বলেছেন এক তৃণমূল সূত্র।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলছেই!

0

দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ শনিবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ং ইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এ খবর যদি সত্যি হয় তবে তা হবে ১১ সদস্য বিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেস্যুলেশনের সুস্পষ্ট বরখেলাপ।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, শনিবার উত্তর কোরিয়ার দক্ষিণ হ্যামগিয়ং প্রদেশের হামহুং শহর থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এগুলো জাপান সাগর বা পূর্ব সাগরে পতিত হয়। ক্ষেপণাস্ত্র দুটি শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ ও ৫টা ৫০ মিনিটে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৪৮ কিলোমিটার উচ্চতায় উঠে পূর্ব সাগরে পতিত হওয়ার আগে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

এদিকে, আজ শনিবার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি কিম জং-উনের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছেন। এই চিঠিকে তিনি ‘অত্যন্ত ইতিবাচক চিঠি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিন পৃষ্ঠার চিঠিটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দর।

খুব শিগগিরই কিমের সঙ্গে আবার আলোচনায় বসারও আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

খারাপ অবস্থা কেরালার

0

ভারতে চার রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বন্যার জেরে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু ও কেরালা রাজ্যে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ১০০ জন। বাস্তুচ্যুত হয়ে পড়েছের চার লাখেরও বেশি মানুষ। ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে নেমেছেন বলে জানা গেছে।

জানা গেছে, এই বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা কেরালার ওয়ানাডের। শুধুমাত্র কেরালায় গত তিন দিনে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। এক লাখেরও বেশি মানুষকে রিলিফ ক্যাম্পে সরানো হয়েছে। কোচিন এয়ারপোর্টে বিমান ওঠা-নামা বন্ধ রয়েছে। ওয়ানাড ও মালাপ্প‌ুরমে একের পর ধসের ঘটনা উদ্বেগ আরও বাড়িয়েছে। মালাপ্প‌ুরমে ৪০ জন ধসের নীচে আটক বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, মহারাষ্ট্রে একাধিক জেলা ভারী বৃষ্টির কারণে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। গত কয়েকদিন এখানে মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। বহু বাড়ি এমনকি ফ্লাইওভারও ডুবে আছে জলের তলায়। কর্নাটকের উপকূলবর্তী এলাকাও প্লাবিত। বন্যা প্লাবিত এলাকার জন্য বিশেষ ত্রাণ ঘোষণা করতে ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানিয়েছেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাস পরিষেবাটিও

0

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এই প্রেক্ষিতে দেশ দুটোর মধ্যে সমঝোতা ও থর এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যায়। এখন বন্ধ হয়ে গেল দুই দেশের মধ্যে চলাচলকারী বাস পরিষেবাও। বৃহস্পতিবার প্রথমে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার কথা ঘোষণা দেয় পাকিস্তান। এরপর শুক্রবার বন্ধ করে দেওয়া হয় দুই দেশের মধ্যে চলাচলকারী থর এক্সপ্রেসও। এবার বন্ধ করা হলো ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাস পরিষেবাটিও।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়েছে ভারত সরকার। এরপরই ভারতের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার কাজে নেমেছে পাকিস্তান। তারই অংশ হিসেবে দুই দেশের মধ্যে চলাচলকারী ট্রেনের পর এবার বন্ধ করা হলো বাস পরিষেবাও।

পাকিস্তানের যোগাযোগ ও ডাক বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী মুরাদ শহিদ ট্যুইট করে এই কথা জানিয়েছেন। ন্যাশনাল সিকিউরিটি কমিটির নির্দেশ অনুযায়ী বাস পরিষেবা বন্ধ করা হলো বলে জানিয়েছেন তিনি।

১৯৯৯ সালের ১৯ ফেব্রুয়ারী থেকে সদা-ই-সরহদ নামের বাস পরিষেবা শুরু হয়। তত্‍কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী নিজে প্রথম বাসে চড়ে লাহোরের বৈঠকে যোগ দিতে যান। ওয়াঘায় তাঁকে স্বাগত জানান তত্‍কালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০০১-এ ভারতের সংসদ হামলার পরে এই বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে ২০০৩ সাল থেকে এটা ফের শুরু হয়।

মজার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘গার্লফ্রেন্ড

0

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মিশু। ক্যাম্পাসের অনেক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে তাকে অপমানিত হতে হয়েছে। সে কষ্টে মিশু বাসায় গিয়ে একেবারে কেঁদেই ফেলেন। সিদ্ধান্ত নেন আর কোনও দিন মেয়েদের দিকে মুখ তুলে তাকাবেন না।

কিন্তু পরদিন তার ক্যাম্পাসে একজন নতুন মেয়ে ভর্তি হয়। অপরূপ সুন্দরী মেয়েটির নাম নায়লা। অবাক করা ব্যাপার হচ্ছে, নায়লা নিজে থেকে এসে মিশুকে বন্ধুত্বের প্রস্তাব দেয়। তখন মিশু যেন নিজের ভাগ্যকে বিশ্বাস করতেই পারছিল না।

কিছুদিন যেতে না যেতেই মিশু টের পেল গার্লফ্রেন্ড বা প্রেমিকা থাকার কত যন্ত্রণা! নায়লা সারাদিন তাকে ফোনে শাসন করেন, সন্দেহ করে। মিশু ভাবতে থাকে গার্লফ্রেন্ড ছাড়াই সে এতদিন ভালো ছিলেন!

এমনই মজার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘গার্লফ্রেন্ড’। নিজের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে নায়লা চরিত্রে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মিশু চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইরেশ যাকের।

শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টায় ‘গার্লফ্রেন্ড’ এসএটিভিতে প্রচার হবে।