Home Blog Page 3573

ব্লকবাস্টার সিনেমা ‘সড়ক’র দ্বিতীয় কিস্তি নির্মাণ

0

১৯৯১ সালে বলিউডে মুক্তি প্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘সড়ক’র দ্বিতীয় কিস্তি নির্মাণ করছেন খ্যাতনামা নির্মাতা মহেশ ভাট। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২০ বছর পর পরিচালনায় ফিরছেন এই প্রযোজক।

সিনেমাটিতে অভিনয় করছেন মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। আর পর্দায় তার বাবার চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্তকে। বর্তমানে ভারতের ওটি শহরে তারা সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

আলিয়া প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে যীশু বলেন, ‘নিজের কাজের প্রতি আলিয়ার আসক্তি প্রশংসনীয়। তার হৃদয় হচ্ছে তার কাজ। সে বর্তমানে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির একজন সেরা অভিনেত্রী।’

‘সড়ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন সঞ্জয় দত্ত ও পূজা ভাট। ‘সড়ক ২’তেও তাদের অভিনয় করতে দেখা যাবে। এই সিনেমা দিয়ে পূজা ভাট ১৮ বছর পর অভিনয় ফিরছেন।

‘সড়ক ২’র মাধ্যমে প্রথমবার বাবা মহেশ ভাটের পরিচালনায় অভিনয় করছেন আলিয়া ভাট। এতে একটি গানেও কণ্ঠ দিচ্ছেন তিনি। গানটির সঙ্গীতায়োজন করছেন কলকাতার জিৎ গাঙ্গুলি। সিনেমাটিতে আলিয়ার বিপরীতে রয়েছেন অদিত্য রায় কাপুর।

এদিকে যীশু সেনগুপ্তকে সর্বশেষ হিন্দি সিনেমা ‘মণিকর্ণিকা’তে কঙ্গনা রনৌতের স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ‘সড়ক ২’ ছাড়াও বর্তমানে তিনি তামিল সিনেমা ‘আশওয়াথামা’য় অভিনয় করছেন।

ঘোষিত হলো ৬৬তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

0

(বায়ে) ভিকি ও আয়ুষ্মান এবং কীর্তি সুরেশ

ঘোষিত হলো ৬৬তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার ‘আন্ধাধুন’ চলচ্চিত্রে অভিনয় করে আয়ুষ্মান খুরানা ও ‘উরি’র জন্য ভিকি কৌশল যৌথভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন। এছাড়া তামিল চলচ্চিত্র ‘মহানটি’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কীর্তি সুরেশ।

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে নয়া দিল্লির শাস্ত্রী ভবনে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে জুরি সদস্যরা দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাবাদেকারের হাতে পুরস্কারের চূড়ান্ত তালিকা তুলে দেন।

প্রতি বছর এই পুরস্কার এপ্রিল মাসে ঘোষণা করা হয় এবং ৩ মে প্রদান করা হয়। কিন্তু এ বছর ভারতের লোকসভা নির্বাচনের জন্য তিন মাস পরে জাতীয় পুরস্কারের নাম ঘোষণা করা হলো।

এক নজরে ৬৬তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার:

সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা (আন্ধাধুন) এবং ভিকি কৌশল (উরি)
সেরা অভিনেত্রী: কীর্তি সুরেশ (মহানটি)
সেরা পার্শ্ব অভিনেতা: সানন্দ কিরকিরে (চুম্বক)
সেরা পার্শ্ব অভিনেত্রী: সুরেখা সিক্রি (বাধাই হো)
সেরা পরিচালক: আদিত্য ধর (উরি)
সেরা চলচ্চিত্র: হ্যালারো (গুজরাটি)
সেরা হিন্দি চলচ্চিত্র: আন্ধাধুন
সেরা বাংলা চলচ্চিত্র: এক যে ছিল রাজা
সেরা চলচ্চিত্র (সমালোচক): ব্লাসে জনি (মালয়ালম) ও আনান্থ বিজয় (হিন্দি)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: কাসাব
সেরা শিশুতোষ চলচ্চিত্র: সরকারি. হাই. প্রা. শালে কাসারাগোডু
সেরা শিশুশিল্পী: পিভি রোহিথ (অন্দালা ইরাদালা), সামিপ সিং (হারজিতা), তালহা আরশাদ রেশি (হামিদ), শ্রীনিবাস পোকালে (নাল)
সেরা সঙ্গীতশিল্পী (পুরুষ): অরিজিৎ সিং (বিনতে দিল, পদ্মাবত)
সেরা সঙ্গীতশিল্পী (নারী): বিন্দু মানি (মায়াবী মানাবে, নাথিচারামি)
সেরা গীতিকার: ‘নাথিচারামি’
সেরা সঙ্গীত পরিচালনা: সঞ্জয়লীলা বানসালি (পদ্মাবত)
সেরা আবহ সঙ্গীত: ‘উরি’
সেরা সিনেমাটোগ্রাফি: এমজে রাধাকৃষ্ণ (ওলু, মালায়ালাম)
সেরা প্রোডাকশন ডিজাইন: কাম্মারা সাম্ভাবান
সেরা মেকআপ আর্টিস্ট: রঞ্জিত (ও)
সেরা কস্টিউম ডিজাইন: রাজশ্রী পাত্নায়েক, বরুণ শাহ এবং অর্চনা রাও (মহানটি)
সেরা স্পেশাল ইফেক্টস: ‘ও’ এবং ‘কেজিএফ’
সেরা কোরিওগ্রাফি: ক্রুতি মাহেশ মিদায়া এবং জয়তি ডি তোম্মার (ঘুমার, পদ্মাবত)
সেরা সংলাপ: তারিখ (বাংলা)
স্পেশাল জুরি পুরস্কার: কেদারা (বাংলা), হ্যালারো (গুজরাটি)

ড্যাবের হটলাইন চালু ডেঙ্গুর চিকিৎসায় পরামর্শ দিতে

0

ডেঙ্গু আক্রান্ত রোগীদের পরামর্শ দিতে ‘ডেঙ্গু পরামর্শ কেন্দ্র ও হটলাইন’ চালু করেছে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
বুধবার দুপুরে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই পরামর্শ কেন্দ্র ও হটলাইন উদ্বোধন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হটলাইন নম্বর হচ্ছে- ০১৩০৬৮৫৯৬৬৪।

এই হটলাইনে যেকোনো রোগী ডেঙ্গু বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আবদুস সালামসহ চিকিসকরা উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অনলাইনে ডেঙ্গু রোগীদের পরামর্শ দিতে ড্যাবের পরামর্শ কেন্দ্র খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

ডেঙ্গু সমস্যা মোকাবেলায় করণীয় সম্বলিত একটি লিফলেটও প্রকাশ করেছে বিএনপি, যা প্রতিদিনই সারাদেশে দল ও অঙ্গসংগঠনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন নেতারা।

নতুন কীটনাশকের আনুষ্ঠানিক প্রয়োগ শুরু করেছে ডিএনসিসি

0

চীন থেকে নিয়ে আসা মশার নতুন কীটনাশকের আনুষ্ঠানিক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে এসব কীটনাশক প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আনুষ্ঠানিকভাবে কীটনাশক প্রয়োগ শুরু করা হয়। নতুন পদক্ষেপ হিসেবে মোটরসাইকেলে করে এই কীটনাশক ছিটানো হয়।

মন্ত্রী আসার আগে বাইকের মাধ্যমে ওষুধ ছিটানোর প্রক্রিয়া দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময় মেয়র বাংলানিউজকে বলেন, মশককর্মীদের জন্য এটাই চেয়েছিলাম। হেঁটে হেঁটে ওষুধ দিতে হয় বলে তাদের অনেক অভিযোগ শুনতাম। এখন আর তা থাকবে না। একবার ওষুধ দেওয়া শেষ হলে অফিসে এসে দ্রুত রিফিল করে ফের ওষুধ দিতে যেতে পারবে তারা।

এরপর মন্ত্রী তাজুল ইসলাম এলে তাকেও নতুন এই যন্ত্র দেখান আতিক। পরে মন্ত্রীকে নিয়ে টাউন হল এলাকার বাজারের বিভিন্ন দোকান, আবাসিক ভবন এবং অলিগলিতে পরিবেশ পর্যবেক্ষণ করেন মেয়র। তখন ওই এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশার প্রজননস্থল হতে পারে এমন কিছু স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার সর্বাত্মকভাবে সবাইকে সঙ্গে নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। আজ ছুটির দিনেও আমরা এসেছি, আপনারা এসেছেন। সচিবালয়ে গেলে দেখবেন আমাদের মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সব কর্মকর্তা কাজ করছেন। এই ধারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গ্রাম পর্যায়ের দপ্তরেও অব্যাহত আছে। দুই সিটি করপোরেশনকে আমরা নতুন করে এক হাজার ৬০০ কর্মী দিয়েছি।
মন্ত্রী তাজুল ইসলামকে বিভিন্ন স্থান ঘুরে দেখান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে শিশুদের পাঠ্য বইয়ে সচেতনতামূলক অধ্যায় অন্তর্ভুক্তির তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশেই দেখেছি শিশুদের পাঠ্য সিলেবাসে ডেঙ্গু বা মশার বিষয়ে পড়ানো হয়। ডেঙ্গু বিষয়ে আমাদের বছরের ৩৬৫ দিন কাজ করতে হবে। আমাদের সবার দায়িত্ব আছে। সরকার তার সব শক্তি প্রয়োগ করলেও শহরের সব বাসার পরিবেশ ঠিক করতে পারবে না। কিন্তু প্রতিটি বাড়ির মালিক যদি একদিকে নিজ নিজ উদ্যোগে কাজ করেন তাহলে শহরের সব বাড়ি একদিনে পরিষ্কার হয়ে যাবে।

অন্যদিকে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের ওষুধ সব দপ্তরে পরীক্ষিত হয় এসেছে। আজ থেকে নতুন ওষুধ ছিটানো শুরু হলো। তবে আমরা যেমন ওষুধ ছিটাবো তেমনি সবাইকে সচেতন হতে হবে। আমাদের কাজ ওষুধ ছিটানো হলে নগরবাসীর কাজ সচেতন হওয়া। আমরা যারা ঈদে বাড়ি যাচ্ছি সবাই খেয়াল রাখবো যেন আমাদের বাসার ভেতরে বালতি, বদনা, গাছ বা ফুলের টব এগুলো যেন উল্টে যাই, এগুলোতে পানি জমতে না পারে। জানালার পর্দা ভাঁজ করে যাই পারলে অ্যারোসল ছিটিয়ে যাই। কমডের ঢাকনা যেন নামিয়ে যাই।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫ লাখের বেশি রোহিঙ্গা পরিচয়পত্র পেয়েছেন

0

মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা পরিচয়পত্র পেয়েছেন। তারা বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) থেকে যৌথভাবে নিবন্ধিত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগের কাছে এটাই জীবনের প্রথম পরিচয়পত্রপ্রাপ্তি।

শুক্রবার (৯ আগস্ট) ইউএনএইচসিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, রোহিঙ্গাদের যে পরিচয়পত্র দেওয়া হয়েছে, সেটা বায়োমেট্রিক। এটি নকল করা সম্ভব নয়। ১২ বছরের বেশি বয়সীদের যাচাইবাছাই করে এ পরিচয়পত্র দেওয়া হচ্ছে।

এ নিবন্ধন প্রক্রিয়া বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তথ্যের যথাযথতা নিশ্চিত করবে। একইসঙ্গে তাদের প্রয়োজন সম্পর্কে ধারণা দেবে ও সঠিক তথ্য ভাণ্ডার কর্মসূচি পরিকল্পনা করতে সহায়তা করবে।

কক্সবাজারে ঘনবসতিপূর্ণ এলাকায় নয় লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। এদের মধ্যে ৭ লাখ ৭৪ হাজার রোহিঙ্গা ২০১৭ সালের আগস্ট মাসের পর বাংলাদেশে এসেছেন। তাদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে ২০১৮ সালের জুন মাসে। বর্তমানে শরণার্থী এলাকায় সাতটি কেন্দ্রে প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোহিঙ্গাকে নিবন্ধন করা হচ্ছে। ২০১৯ সালের শেষ তিন মাসের মধ্যেই সব রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে সাড়ে ৫শ’র বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

‘বজ্রকণ্ঠে স্বাধীনতা’ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গান

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে শিব্বীর আহমেদের কবিতা ‘বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ’ অবলম্বনে ইউটিউবে ‘বজ্রকণ্ঠে স্বাধীনতা’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে।
গানটির সঙ্গে মুক্তিযুদ্ধের সময়ের ভিডিও ও ছবি নিয়ে মাত্র নয় মিনিটে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের ইতিহাস।
১৯৭১ সালের উত্তাল রাজনৈতিক পটভূমি, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের কালরাত, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, পাকিস্তানের সামরিক বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুকে গ্রেপ্তার মুক্তিযুদ্ধ এবং এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের প্রেক্ষাপট নিয়ে রচিত একটি জাগরণের গান ‘বজ্রকণ্ঠে স্বাধীনতা’। গানটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সব মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে।
‘বজ্রকণ্ঠে স্বাধীনতা’ গানটির সুর করেছেন সুরকার ও শিল্পী শফিক তুহিন। গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। আরও কণ্ঠ দিয়েছেন এনটিভি ক্লোজআপ তারকা শিল্পী কিশোর দাস ও চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী রুমানা আকতার ইতি। কোরাসে কণ্ঠ দিয়েছেন শিল্পী স্বরলিপি, সাজিদ, রাফি, রুকু, ইমরান, লুনা ও অয়ন। গিটার বাজিয়েছেন কেডী এবং পুরো গানটির মিউজিক ব্যবস্থাপনায় ছিলেন মানাম আহমেদ।
লেখক ও সাংবাদিক শিব্বীর আহমেদের নির্দেশনা এবং পরিচালনায় বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ফুটেজ, ছবি সংগ্রহ ও সংযোজনের কাজ করছেন নির্মাতা আবদুল্লা চৌধুরী।
গানটি নির্মাণে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আতিকুর রহমান, আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শহীদ হাসান, অনন্যা প্রকাশনীর মনিরুল হক, জোবেদা লুনা, ফখরুল ইসলাম কামাল, রবিউল ইসলাম, মেহবুবা আক্তার, সাজিদুল হক, সেলিনা আক্তার লিজা, শহিদুল হক, জুবায়ের খান, মুশফিকুল ইসলাম প্রমুখ।

সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ‘ভারত রত্ন’ সম্মান পেলেন

0

ভারত রত্ন সম্মান পেলেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক হিসেবে সম্মান দেওয়ার ব্যাপারে গত ২৫ জানুয়ারি ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে তাকে সেই সম্মান দেওয়া হয়। এর আগে ২০০৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম বিভূষণ দেওয়া হয় প্রণব মুখার্জিকে।

মরণোত্তর ভারত রত্ন দেওয়া হয়েছে প্রয়াত গায়ক ভূপেন হাজারিকা ও প্রয়াত সমাজসেবী নানাজি দেশমুখকে। প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবন প্রণব মুখার্জির। বীরভূমের কীর্ণাহারের ব্রাহ্মণ পরিবার থেকে উঠে আসা এই মানুষটির সেই যাত্রাপথ অভিজ্ঞতা ও উপলব্ধিতে ঠাসা।

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর আমলে সারাবিশ্বের সেরা পাঁচ অর্থমন্ত্রীর মধ্যে প্রথম হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ১৯৯১ সালে কেন্দ্র-রাজ্য আর্থিক বন্টনের সূত্র নির্ধারণে তার ভূমিকা ছিল অন্যতম। সেই সূত্রকে এখনো গ্যাডগিল-মুখার্জি সূত্র বলা হয়।

কেন্দ্রে ইউপিএ আমলের দুই মেয়াদেই প্রণব মুখার্জির ভূমিকা ছিল অনন্য। অনেকে বলতেন, অঘোষিত নম্বর টু হলেও, আদতে সরকার চালিয়েছেন তিনি।

এমনিতেই দলমত নির্বিশেষে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ছিল ঈর্ষা করার মতোই। প্রথম ইউপিএ জমানায় বামদের সঙ্গে সমন্বয় করা আর দ্বিতীয় জমানায় শরিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার তিনিই ছিলেন সেতু।

রাষ্ট্রপতি ভবনের দরবার হল আজ ছিল কানায় কানায় পূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সরকারের শীর্ষ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকেও দেখা যায় প্রথম সারিতেই বসে থাকতে। তবে গান্ধী পরিবারের কাউকেই এ দিনের অনুষ্ঠানে দেখা যায়নি।

হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু

0

সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে মক্কায় সমবেত হওয়া ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার থেকে শুরু করেছেন। খবর এএফপি’র।

ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে হজ পালন শেষ করতে পাঁচ দিন সময় লাগে।

সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বাসাম আতিয়া বলেন, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘রাষ্ট্রের সকল সশস্ত্র বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আমরা ‘মহান আল্লাহ’র অতিথিদের’ সেবা করতে পেরে গর্বিত।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ বছর মোট প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করছে। এসব হজযাত্রীর অধিকাংশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় এসেছেন।

হজ মন্ত্রণালয়ের কর্মকর্তা হাতিম বিন হাসান কাদি বলেন, এ বছর হজযাত্রীদের ‘কোন এজেন্ট ছাড়াই ১৮ লাখের বেশি ভিসা অনলাইনে সরবরাহ করা হয়েছে। আমাদের জন্য এটি একটি বড় সফলতা।’

৪০ বছর বয়সী মিশরের হজযাত্রী মোহাম্মাদ জাফর বলেন, ‘ইসলামের এই পবিত্র স্তম্ভ পালনের মধ্যদিয়ে আমরা আমাদের জীবনের সকল পাপ মোচনের চেষ্টা করি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের এই সমাবেশ সত্যিই বিস্ময়কর।’

এই প্রথমবারের মতো পবিত্র হজ পালনে আসা ৫০ বছর বয়সী আলজেরীয় এক নাগরিক বলেন, ‘এটি একটি অবর্ণনীয় অনুভূতি। কেবলমাত্র আপনি এটা পালন করলে এই অনুভূতিটা বুঝতে পারবেন।’

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল ধ্বংসে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে বছরব্যাপী কর্মসূচি নিতে হবে

0

১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার উৎসস্থল ধ্বংসে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে বছরব্যাপী কর্মসূচি নিতে হবে।’ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের নিচতলায় ডেঙ্গু চিকিৎসাসেবা সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশা নিধনের বিকল্প নেই। নাগরিকদেরও দায়বদ্ধতা রয়েছে। সবাইকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। ডেঙ্গু বর্তমানে আতঙ্ক সৃষ্টি করেছে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের হাসপাতালগুলোর চিকিৎসক-নার্সরা, মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ানসহ সংশ্লিষ্টরা রাতদিন সত্যিকার অর্থেই সেবা দিয়ে যাচ্ছেন, পরিশ্রম করে চলছেন। সাপ্তাহিক ছুটির দিনও তারা সেবা দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ মানের সেবা দেওয়া হচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া রোগীরা এখানকার চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানদের সেবায় সন্তোষ প্রকাশ করেছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু সেল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, চিফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. নাজমুল করিম মানিক প্রমুখ।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সরকার সে চেষ্টাই করছে

0

ডেঙ্গু পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সরকার সে চেষ্টাই করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ‘ঈদের সময় ডেঙ্গু যাতে সারা দেশে ছড়িয়ে না পড়ে, আমরা সে বিষয়টি নিয়েও সচেষ্ট আছি।’

আজ শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের অবস্থা ও মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আগেই বলেছি, কারো জ্বর জ্বর ভাব হলে তিনি যাতে গ্রামে যাওয়ার আগে রক্ত পরীক্ষা করে যান। ঈদের সময়টাকে আমরা বেশ গুরুত্বের সঙ্গে দেখছি। এ সময় অসাবধানতাবশত ডেঙ্গু রোগ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। ঈদের সময়টাকে ডেঙ্গু নিয়ে আমাদের জটিল পরিস্থিতিতে পড়তে না হয়, সেই চেষ্টাই আমরা করছি।’

এ সময় এডিস মশা নিধনে নতুন ওষুধ আমদানির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নতুন ওষুধ এসে গেছে। এখন ছিটানো শুরু হবে। পরিস্থিতি খুব শিগগির স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

সরকারের পাশাপাশি জনগণকে ডেঙ্গু রোগ বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা প্রত্যেক নাগরিক যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে পরিস্থিতি খুব সজজেই মোকাবিলা করা সম্ভব।’

এ ছাড়াও মন্ত্রী বলেন, ‘বন্যা ও বৃষ্টিতে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো এরই মধ্যে সংস্কার করা হয়েছে। কাজেই এবার আশা করছি যাতায়াতে মানুষের দুর্ভোগ হবে না।’