Home Blog Page 3575

হেসনের সাক্ষাৎকার দ্রুত নেওয়া হচ্ছে না বিসিবির

0

বিসিবির সংক্ষিপ্ত তালিকায় হেসন আছেন। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। হেসন তবে কোন দলের কোচ হচ্ছেন?
প্রধান কোচের যে সংক্ষিপ্ত তালিকা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাতে আছে মাইক হেসনের নাম। আরেক প্রার্থী রাসেল ডমিঙ্গো সাক্ষাৎকার দিয়ে গেছেন কাল। গুঞ্জন আছে রাসেলের চেয়ে বিসিবি বেশি আগ্রহ নাকি হেসনকে নিয়েই। কিন্তু নিউজিল্যান্ডের সাবেক এ কোচের যে আগ্রহ ভারত কিংবা পাকিস্তানের দিকে।

নিউজিল্যান্ডের পত্রিকা ‘স্টাফ’ আজ ‘ভারত, পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে সাবেক ব্ল্যাক ক্যাপস কোচ’ শিরোনামে একটা খবর প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে, হেসন ভারত কিংবা পাকিস্তান দলের কোচ হওয়ার দৌড়ে ভালোভাবেই আছেন। তিনি আইপিএলের দল পাঞ্জাবের চাকরিটা ছেড়ে দিয়েছেন। নিশ্চিত না হলে নিশ্চয়ই পাঞ্জাবের মতো ফ্র্যাঞ্চাইজি দলের চাকরি ছাড়তেন না! যদিও হেসন নতুন কোনো দলের কোচ হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভারতের প্রধান কোচ চূড়ান্ত করতে তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) যে সংক্ষিপ্ত তালিকা করেছে সেখানে হেসনের নাম আছে। বাকি দুজন—বর্তমান কোচ রবি শাস্ত্রী আর অস্ট্রেলিয়ার টম মুডি। ভারতের কোচ যদি নাও হতে পারেন, হেসনের জন্য পাকিস্তানের দুয়ারও খোলা থাকছে। মিকি আর্থার পর্ব শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) কোচের সন্ধানে আছে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ‘স্টাফ’ বলছে, ভারত কিংবা পাকিস্তান যেকোনো একটি দলের প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

এই খবরে বিসিবির কোনো কর্মকর্তা অবশ্য মন্তব্য করতে চাননি। তবে ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, তাঁদের সংক্ষিপ্ত তালিকায় থাকা হেসনের সাক্ষাৎকার শিগগির হচ্ছে না। ঈদের আগে তো নয়ই। তবে হেসনকে পেতে বিসিবি ভীষণ আগ্রহী। এখন হেসনের চোখ যদি ভারত-পাকিস্তানের দিকেই থাকে, তাঁকে পাওয়া যে সহজ নয়, সেটিও স্বীকার করছেন বিসিবির কর্তারা। ছয় বছর কিউইদের কোচ ছিলেন, হেসনের অধীনেই ২০১৫ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। খেলেছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। ২০১৮ সালের এপ্রিলে টেস্টে কিউইদের র‍্যাঙ্কিংয়ে তিনে ওঠাও তাঁর অধীনে।

বিকাশে হিসাব বা অ্যাকাউন্ট খোলা আরও সহজ হলো

0

মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশে হিসাব বা অ্যাকাউন্ট খোলা আরও সহজ হলো। এখন থেকে তাৎক্ষণিকভাবেই খোলা যাবে বিকাশ অ্যাকাউন্ট। ই-কেওয়াইসির (ইলেকট্রনিক-নো ইয়োর কাস্টমার) মাধ্যমে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্ক্যান করে এবং ছবি তুলে কয়েক মিনিটের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করেছে বিকাশ।

এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, এ পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলার সময় তাৎক্ষণিকভাবে গ্রাহকের তথ্যের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের এনআইডি ডেটাবেইসে রক্ষিত তথ্যের সত্যতা যাচাই (ভ্যারিফাই) করা হয়। গত ১০ জুলাই চালু হওয়ার পরে বর্তমানে সারা দেশে ২৬ হাজার এজেন্ট, প্রায় ৩০০ টির মতো বিকাশ কেয়ার, বিকাশ সেন্টার এবং ডিস্ট্রিবিউটর অ্যাকুইজেশন ম্যানেজারের কাছে ই-কেওয়াইসি এর মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যাচ্ছে।

এখন এজেন্ট, পরিবেশক, বিকাশ কেয়ার ও বিকাশ সেন্টারে গিয়ে ই-কেওয়াইসি নিবন্ধন প্রক্রিয়া চালু হলেও খুব শিগগিরই গ্রাহক পর্যায়ে এই সেবা চালু করার পরিকল্পনা করছে বিকাশ। সে ক্ষেত্রে গ্রাহকগণ নিজেদের অ্যাকাউন্ট নিজেরাই খোলার সুযোগ পাবেন।

শাহরুখের মেয়ে লন্ডনের চলচ্চিত্রে

0

শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খান লন্ডনের আর্ডিংলি কলেজ থেকে স্নাতক করেছেন। ড্রামায় অনন্য অবদানের জন্য সুহানাকে ‘রাসেল কাপ পুরস্কার’ দেওয়া হয়। তখন এক সাক্ষাৎকারে মেয়ের অভিনয় নিয়ে শাহরুখ খান বলেন, ‘সুহানা অভিনয় করতে চায়। আর সে আমার কাছ থেকে অভিনয়ের কোনো পাঠ নিতে চায় না। আমার মনে হয়, এই ভাবনাটা খুব ভালো। কারণ, সে আমার মতো একই কাজ করতে চায়, কিন্তু নিজের মতো করে, একেবারেই স্বতন্ত্র।’

এবার জানা গেছে, সুহানা খান অভিনয় করেছেন। তবে বলিউডে নয়, তিনি অভিনয় করেছেন আর্ডিংলি কলেজের এক সহপাঠীর ছবিতে। সেই বন্ধুর নাম থিওডোর গিমেনো। তিনিই ছবিটি পরিচালনা করেছেন। এই স্বল্পদৈর্ঘ্য ছবির নাম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’। ছবিতে সুহানার বিপরীতে অভিনয় করেছেন রবিন গোনেলা।

‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ছবিতে সুহানা খানের অভিনয়ের খবরটি থিওডোর গিমেনো নিজেই জানিয়েছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে ছবিটির পোস্টার প্রকাশ করেছেন। আর তা ট্যাগ করেছেন সুহানা খানকে। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন সুহানা খান। অনেকেই আশা প্রকাশ করেছেন, বলিউড সুহানা খানের অভিষেক ঘটতে আর বেশি দেরি নেই।

এরই মধ্যে নেট দুনিয়ায় পোস্টারটি ভাইরাল হয়েছে। তবে ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ছবিটি কীভাবে দেখা যাবে কিংবা আদৌ দেখা যাবে কি না, তা জানা যায়নি।‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ছবির পোস্টারটি ইনস্টাগ্রামে পোস্ট করেন পরিচালক
‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ ছবির পোস্টারটি ইনস্টাগ্রামে পোস্ট করেন পরিচালক
বলিউডের সঙ্গে সংশ্লিষ্টদের মতে, বলিউডে এখনই দেখা যাবে না সুহানা খানকে। বলিউডে যুক্ত হওয়ার আগে নিজেকে তৈরি করছেন। বাবা শাহরুখ খান যেমন বলিউডে যুক্ত হওয়ার আগে ছিলেন থিয়েটারের সঙ্গে, মেয়েও ঠিক তেমনই। আর্ডিংলি কলেজের মঞ্চনাটকে তিনি অভিনয় করেছেন। উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘রোমিও-জুলিয়েট’ নাটকের জুলিয়েট চরিত্রে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়।

এর আগে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হন সুহানা খান। এর মধ্য দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রবেশ করেন তিনি। গত বছর ১ আগস্ট ‘ভোগ’ ম্যাগাজিনের আগস্ট সংখ্যা হাতে ধরা একটি ছবি মাইক্রোব্লগ টুইটারে পোস্ট করেন শাহরুখ খান। সঙ্গে লিখেছেন, ‘ওকে আবারও দুই হাতে তুলে ধরলাম, ধন্যবাদ ভোগ। সবটুকু ভালোবাসা তোমার জন্য, আর একটি দীর্ঘ আলিঙ্গন। হ্যালো সুহানা খান!’ এরপর তুমুল সমালোচনার মুখে পড়তে হয় সুহানা খানকে। নিন্দুকেরা তখন ‘নেপোটিজম’ প্রসঙ্গে নিয়ে সরব হন।

এদিকে সুহানা খান উচ্চতর পড়াশোনার জন্য পা বাড়াবেন, নাকি বই-খাতা সব তুলে বলিউডে অভিনয়ে যোগ দেবেন, তা সময়ই বলে দেবে।

‘আনন্দমেলা’ অনুষ্ঠানে ১৫ বছর পর নেচেছেন তারিন

0

বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে ১৫ বছর পর নেচেছেন জনপ্রিয় তারকা তারিন। অনুষ্ঠানটির রেকর্ডিং শেষ হওয়ার পর তারিন বলেন, ‘প্রায় ১৫ বছর পর পারফর্ম করেছি। খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে বাংলাদেশ টেলিভিশনের সেট ডিজাইন আর অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি দেখে। আমার বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশনের এই পরিবর্তন অন্য শিল্পীদেরও মুগ্ধ করবে, সবাই আবার বিটিভিমুখী হবেন।’ তিনি ‘আনন্দমেলা’র পরিকল্পনার প্রশংসা করেন।

এই অনুষ্ঠানে গুজরাটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন তারিন। এর কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে আগামী সোমবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।
আগেই জানা গেছে, এবার নানা বৈচিত্র্যে সাজানো হয়েছে ‘আনন্দমেলা’। উপস্থাপনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রনায়িকা পপি ও চিত্রনায়ক ফেরদৌস। এবারই প্রথম উপস্থাপনা করেছেন পপি। উপস্থাপনার পাশাপাশি পপি ও ফেরদৌস দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন। পপি নেচেছেন তাঁর অভিনীত ‘রানীকুঠির বাকি ইতিহাস’ ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ আর ফেরদৌস পারফর্ম করেছেন তাঁর অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানের সঙ্গে। উপস্থাপকদের সঙ্গে অংশ নিয়েছেন অভিনেতা আল মনসুর।

চিত্রনায়িকা পপি বলেন, ‘ঈদের সময় “আনন্দ মেলা” অনুষ্ঠান দেখার জন্য পরিবারের সবাই মিলে বসে থাকতাম। অনেক বরেণ্য ব্যক্তি এই অনুষ্ঠানের উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আবেদ খান, জুয়েল আইচ, আনিসুল হকের মতো ব্যক্তিত্ব উপস্থাপনা করেছেন এখানে। সেই অনুষ্ঠানের অংশ হতে পেরে সত্যিই অনেক আনন্দ লাগছে। দর্শকেরা যাতে ভালো একটি অনুষ্ঠান উপহার পান, সেই চেষ্টা করেছি।’ আর ফেরদৌস বলেছেন, ‘“আনন্দমেলা”র উপস্থাপনা আগেও করেছি। পারফরমেন্সও করেছি। প্রতিবার চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এবারও সেই চেষ্টা ছিল। পপির সঙ্গে উপস্থাপনা দারুণ উপভোগ করেছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

‘আনন্দমেলা’র সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, চিরকুট ‘আহা জীবন’, ‘না বুঝি দুনিয়া’ আর ‘কানামাছি’ গানের কোলাজ গেয়েছে এই অনুষ্ঠানে। চিশতি বাউল গেয়েছেন ‘যদি থাকে নসিবে’। শচীন দেববর্মনের ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন ফাতেমা তুজ্‌ জোহরা। শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা তাঁদের নাচের দল নৃত্যাঞ্চলের অর্ধশত শিল্পীকে নিয়ে পরিবেশন করেছেন একটি মিউজিক্যাল ড্যান্স।

বাংলাদেশের ফুটবলে প্রথম নারী রেফারি জয়া চাকমা আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। তাঁকে নিয়ে থাকছে তথ্যচিত্র। এ ছাড়া বাংলাদেশ শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির ৯০ জন শিশুশিল্পীর অংশগ্রহণে থাকছে যন্ত্রসংগীত পরিবেশনা।
সমাজের নানা অসংগতি আর জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে থাকছে কয়েকটি নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন মাজনুন মিজান, আইরিন আফরোজ, নীলাঞ্জনা নীলা, শ্যামল জাকারিয়া, আহসানুল হক মিনু, গাজী রোকন, মনিরুজ্জামান, সুজাত শিমুল প্রমুখ।

নতুন বাসার জন্য প্রায় ১৬৯ কোটি টাকা খরচ করতে প্রস্তুত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস নতুন বাসার জন্য প্রায় ১৬৯ কোটি টাকা খরচ করতে প্রস্তুত প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

0

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া বিলাসবহুল বাসার সন্ধানে বেরিয়েছেন। তাঁদের এই স্বপ্নের বাসার বাজেট শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। নতুন বাসার জন্য তাঁরা প্রায় ১৬৯ কোটি টাকা খরচ করতে প্রস্তুত রয়েছেন। খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৪ হাজার ১২৯ বর্গফুটের বাসা বিক্রি করে তাঁরা প্রায় ৫৮ কোটি টাকা পেয়েছেন। তবে এবার এই দম্পতি আরও বড় এবং বিলাসবহুল বাসায় নিজেদের সংসার সাজাতে চান। আর এর জন্য তাঁরা ১৬৯ কোটি টাকা খরচ করতে রাজি আছেন। এখন এই দম্পতি লস অ্যাঞ্জেলেসের বেল ও বেওর্লি এলাকায় বাসা খুঁজছেন

আগে মেশিনগুলো সারানোর ব্যবস্থা করেন টাকা পয়সার হিসাব পরে

0

নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। আজ বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে সকাল সাড়ে দশটা থেকে টানা দুই ঘণ্টা তিনি সদর হাসপাতালে অবস্থান করেন।

এ সময় ডেঙ্গু রোগীসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। শিশু ওয়ার্ডের জরুরি সেবাকক্ষ পরিদর্শনে গিয়ে নবজাতকের জন্য রাখা ইনকিউবেটর মেশিনের ৩টার মধ্যে ২টা নষ্ট থাকার কথা জানতে পেরে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তিনি উপস্থিত হাসপাতালের আবাসিক চিকিৎসক ও তত্ত্বাবধায়কসহ সকলকে বলেন, আগে মেশিনগুলো সারানোর ব্যবস্থা করেন, টাকা পয়সার হিসাব পরে হবে। আগে শিশুদের জীবন রক্ষা করা দরকার। ফান্ড কোথা থেকে আসবে সেটা আমি দেখব।

মাশরাফি সদর হাসপাতাল পরিদর্শন করতে আসছেন এই খবরে স্বাভাবিকভাবেই নড়াইলের সাধারণ জনগণ খুশি আর প্রশাসনসহ অন্যরা থাকে ব্যাস্ত। এর আগে গত ২৫ এপ্রিল নড়াইল সদর হাসপাতাল ঝটিকা পরিদর্শনের পর আজ আবার এলেন।

হাসপাতালের সেবার বিষয়ে তিনি বলেন, চিকিৎসকরা আন্তরিক আছেন তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় অনেক ধরনের সেবা দেওয়া সম্ভব হয় না। এটা দীর্ঘদিনের সমস্যা, রাতারাতি মেটানো সম্ভব নয়।

পরিদর্শন শেষে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জনসহ সকলের সাথে হাসপাতালের সেবার মান বিষয়ে আলোচনা করেন। এ সময় তার সাথে ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, সিভিল সার্জন ডা. আসাদ-উজ-জামান মুন্সি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সাকুর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সদর হাসপাতালের বেড বিষয়ে তিনি কর্মরতদের কাজগুলো দ্রুত সমাপ্ত করার জন্য বলেন। এ ছাড়া অন্যান্য সমস্যা ধীরে ধীরে সমাধান করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সাকুর বলেন, এমপি মহোদয় নড়াইল সদর হাসপাতালের বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে দেখেছেন। রোগীদের অভিযোগ শুনেছেন এবং হাসপাতাল প্রশাসনের সাথে সমস্যা সমাধানে করণীয় বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন। জনপ্রতিনিধিদের এই সকল কাজে এলাকার সেবার মান বাড়বে।

নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা বলেন, এমপি মাশরাফি বিন মর্তুজা যেভাবে কাজ করছেন আশাকরি আমরা নড়াইলের মানুষকে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব ধরনের সেবা প্রদানে সক্ষম হব।

পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে বহিষ্কার করেছে ইসলামাবাদ

0

পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। একই সঙ্গে নয়াদিল্লিতে নিযুক্ত নিজেদের হাইকমিশনারকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের সরকার। এ ছাড়া ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে আজ বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের কর্মকাণ্ডের বিরোধিতা করতে পাকিস্তানের নিজেদের সব ধরনের কূটনৈতিক তৎপরতা সক্রিয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

ওই সভার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী এআরওয়াই নিউজকে বলেছেন, ‘আমাদের কূটনীতিকেরা আর নয়দিল্লিতে থাকবেন না। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদেরও ফেরত পাঠানো হবে।’ সভায় পররাষ্ট্র, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, শিক্ষা, মানবাধিকার প্রভৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশটির সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের বিষয়ে ভারত সরকারের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাঁচ দফা পরিকল্পনা নিয়েছে ইসলামাবাদ। এক টুইট বার্তায় এর বিস্তারিত জানিয়েছে ইমরান খানের সরকার। তাতে বলা হয়েছে, ১. ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক নিম্নমুখী করা, ২. ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত, ৩. দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তিগুলো নতুন করে পর্যালোচনা ৪. জাতিসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন এবং ৫. কাশ্মীরি জনগণের সঙ্গে সংহতি জানিয়ে আসন্ন স্বাধীনতা দিবস (১৪ আগস্ট) উদযাপন করা।

এর আগে জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর মতে, ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর মাধ্যমে জাতিগত নিধন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।

নরেন্দ্র মোদির সরকার বাতিল করে দিয়েছে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা। এই ধারায় জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। পররাষ্ট্র, যোগাযোগ ও প্রতিরক্ষা ছাড়া বাকি সব ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওই রাজ্যকে দেওয়া হয়েছিল। তাদের আলাদা পতাকা ছিল। প্রধানমন্ত্রী ছিলেন। আলাদা সংবিধান ছিল। কালে কালে সব হারিয়ে অবশিষ্ট ছিল সাংবিধানিক ধারা ও কিছু বিশেষ ক্ষমতা। এবার সেটাও নিয়ে নেওয়া হলো। এ ছাড়া জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই টুকরোও করে দেওয়া হয়েছে। রাজ্য থেকে লাদাখকে বের করে তৈরি করা হয়েছে নতুন এক কেন্দ্রশাসিত অঞ্চল, যার কোনো বিধানসভা থাকবে না। জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হয়েছে। এখন থেকে তার পরিচিতি হবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে।

গোর্খাল্যান্ড রাজ্যের দাবি

0

ভারতের জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি দার্জিলিংয়েও পৃথক রাজ্যের দাবিকে উসকে দিয়েছে। দার্জিলিংয়ের পৃথক রাজ্য গড়ার নেতা গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং আত্মগোপনস্থল থেকে এক বার্তায় দার্জিলিংয়েও কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি জানিয়েছেন।

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করে দিয়েছে ভারতের বিজেপি–শাসিত মোদি সরকার। জম্মু–কাশ্মীর সংবিধান সংশোধনী বিল পাস হয়েছে গত সোম ও গতকাল মঙ্গলবার ভারতের আইনসভার দুই কক্ষে। সোমবার বিলটি পাস হয় ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায়। আর গতকাল বিলটি পাস হয় নিম্নকক্ষ লোকসভায়। ফলে, জম্মু–কাশ্মীর দ্বিখণ্ডিত হয়ে মর্যাদা হারায় পৃথক রাজ্যের। একই সঙ্গে এই রাজ্যকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হয়। একটি জম্মু ও কাশ্মীর এবং অন্যটি লাদাখ। কাশ্মীর হলো মুসলিম–অধ্যুষিত। জম্মু হিন্দু–অধ্যুষিত। আর লাদাখ বৌদ্ধ–অধ্যুষিত। ফলে, ইতিহাসের পাতা থেকে উঠে গেল পৃথক রাজ্য জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর হয়ে গেল কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু ও কাশ্মীর এখন নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার।

জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং আত্মগোপনস্থল থেকে এক বার্তায় মোদি সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বিমল গুরুংয়ের বিরুদ্ধে ঝুলছে আন্দোলনের নামে মানুষ খুন, অগ্নিসংযোগ, পুলিশ হত্যাসহ কয়েকটি মামলা। এই মামলার জেরে বিমল গুরুং আত্মগোপন করে আছেন অজ্ঞাত স্থানে। এবারের লোকসভা নির্বাচনেও বিমল গুরুং প্রকাশ্যে আসতে পারেননি। উচ্চ আদালতে জামিনও পাননি। ফলে, বিমল গুরুং এখন পালিয়ে থেকে গোপন আস্তানা থেকে মোদির জম্মু–কাশ্মীর নিয়ে সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন। তিনি মোদিকে পাঠানো বার্তায় বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার কাশ্মীর সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি, দার্জিলিংয়েও কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করলে তা অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত হবে।’

বিমল গুরুং বলেছেন, ‘আমরা অনেক দিন ধরে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি নিয়ে আন্দোলনে আছি। এই দাবি আদায়ে আমরা আন্দোলনে থাকব।’

আর এই বার্তার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে উঠে এসেছে নতুন প্রশ্ন, তবে কি মোদি সরকার পশ্চিমবঙ্গ রাজ্যকেও ভেঙে দেবেন? বিমল গুরুংদের দাবিকে সমর্থন জানাবেন? যদিও ইতিমধ্যে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল বিমল গুরুংয়ের এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেছে। শুধু তা–ই নয়, বিমল গুরুংয়ের বিরুদ্ধে জনমুক্তি মোর্চার যে নেতা মুখ্যমন্ত্রী মমতার পাশে দাঁড়িয়ে বিমল গুরুংদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছিলেন, সেই নেতা বিনয় তামাংও কেন্দ্রশাসিত গোর্খাল্যান্ডের দাবির পাশে এসে দাঁড়িয়েছেন। বিনয় তামাংকে দিয়ে মমতা ভেঙে দিয়েছিলেন বিমল গুরুংয়ের পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলন; এমনকি গোর্খা জনমুক্তি মোর্চাকেও। শুধু তা–ই নয়, দার্জিলিংয়ের স্বশাসিত সংস্থা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) প্রধান পদেও বসিয়েছেন বিনয় তামাংকে।

২০১৭ সালের জুন মাসে বিমল গুরুংদের পৃথক গোর্খাল্যান্ড রাজ্য নিয়ে প্রায় তিন মাস ধরে চলমান আন্দোলনও স্তব্ধ করে দিয়েছিলেন মমতা। এত কিছু করার পরও মমতা এবারের দার্জিলিং লোকসভা নির্বাচন এবং দার্জিলিং বিধানসভার উপনির্বাচনেও জয়ী হতে পারেনি। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। আর এবারের এই নির্বাচনে বিমল গুরুংয়ের দল এবং নেতা-কর্মীরা বিজেপির পাশে এসে দাঁড়িয়েছিলেন।

৩৭১ (এ) অনুচ্ছেদ তুলে দেওয়া নিয়ে উদ্বেগে রয়েছে নাগাল্যান্ডের নাগরিকেরা

0

ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার পর থেকে দেশটির উত্তর–পূর্বের রাজ্যগুলোয় উদ্বেগ বাড়ছে। তারা সংবিধানের ৩৭১ অনুচ্ছেদ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, যোগাযোগসহ কয়েকটি বিষয় বাদে অন্য যেকোনো আইন রাজ্যটিতে প্রয়োগ করতে হলে ভারতীয় পার্লামেন্টকে অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে মতৈক্য প্রতিষ্ঠা করেই তা করতে হবে।

সংবিধানের ৩৭১ অনুচ্ছেদের বিভিন্ন অনুচ্ছেদে কয়েকটি রাজ্যকে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। ৫ আগস্ট কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এসব রাজ্য তাদের সেই বিশেষ সুরক্ষা হারানোর আশঙ্কা করছে।

গত সোমবার সন্ধ্যায় মিজোরামের সাবেক মুখ্যমন্ত্রী লাল থানওয়ালা জম্মু ও কাশ্মীরের ঘটনাকে উত্তর–পূর্ব রাজ্যগুলোর জন্য ‘রেড অ্যালার্ট’ বলে উল্লেখ করেন।

জম্মু ও কাশ্মীরের ভাগ্যে যা ঘটেছে, তা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে আছে নাগাল্যান্ড রাজ্য। সেখানকার উদ্বেগের বিষয়টি ধরতে পেরে গত রোববার রাজ্যটির নতুন নিয়োগ পাওয়া গভর্নর আর এন রবি একটি বিবৃতি দেন। তাতে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেন। তিনি বলেন, ৩৭১ (এ) অনুচ্ছেদে নাগাল্যান্ডের জন্য যেসব বিভাগ, তা পবিত্র অঙ্গীকার দ্বারা সুরক্ষিত।

৩৭১ অনুচ্ছেদে যেসব বিধান রয়েছে, তাতে উত্তর–পূর্ব অঞ্চলের অধিকাংশ ক্ষেত্রে উপজাতি সম্প্রদায় ও তাদের সংস্কৃতিকে সুরক্ষার কথা বলা হয়েছে। এতে ওই সব রাজ্যে বিকেন্দ্রীভূত প্রশাসন ও নির্দিষ্ট মাত্রায় প্রশাসনিক স্বায়ত্তশাসন সুবিধা রয়েছে। এ ছাড়া স্থানীয় নিয়ম অনুযায়ী মামলা নিষ্পত্তির সুবিধাও রয়েছে। এর মধ্যে কিছু আইনে ওই রাজ্যের বহির্ভূত কোনো নাগরিকের কাছে জমি হস্তান্তরে বিধিনিষেধ রয়েছে। মিজোরাম, নাগাল্যান্ড ও আসামের কিছু অংশ, মণিপুর ও মেঘালয়ে এসব বিধি কার্যকর।

নাগাল্যান্ডের ন্যাশনালিস্ট গ্রুপের পক্ষ থেকে বর্তমানে আরও স্বায়ত্তশাসনের জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। তারা ইতিমধ্যে যুদ্ধবিরতি চুক্তি করে শান্তি আলোচনার পথে করেছে। গ্রুপটি দীর্ঘদিন ধনে নাগাল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই করেছে।

নাগা স্টুডেন্স ফেডারেশনের কর্মী নিনোটো আওমি বলেন, এখন প্রত্যেক নাগা অধিবাসী উদ্বেগে রয়েছে। নাগাদের অনন্য রাজনৈতিক ইতিহাস রয়েছে। এখন ৩৭১ (এ) অনুচ্ছেদের চেয়েও ভালো কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এখন আলোচনার মাঝখানেই যদি সরকার ৩৭১ (এ) অনুচ্ছেদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাদের পক্ষে স্বল্পদৃষ্টিসম্পন্ন কাজ হবে।

নাগাল্যান্ডের উপজাতি সম্প্রদায়ের সংগঠন নাগা হোহোর প্রেসিডেন্ট পি চুবা অজুকুম বলেন, সংসদে বিজেপির সংখ্যা বেশি হওয়ায় মানুষের মনে ভয় বেড়েছে। তাদের সংখ্যা বেশি থাকায় তারা যা খুশি তা–ই করতে পারে। ৩৭১ (এ) অনুচ্ছেদ তুলে দিলে নাগাল্যান্ডে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটা নাগাল্যান্ডের মানুষের পাশাপাশি ভারত সরকারের জন্যও খারাপ অবস্থা সৃষ্টি করবে।

৩৭১ (এ) অনুচ্ছেদ তুলে দেওয়া ও বিজেপির সাম্প্রতিক কার্যক্রম নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোও উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যের প্রধান বিরোধী দল নাগা পিপলস ফ্রন্টের নেতা আচুমবেমো কিকন বলেন, ‘মানুষের আত্মবিশ্বাসের কথা না ভেবে কাশ্মীরের বিষয়টি সরকার যেভাবে নিয়ন্ত্রণ করতে, তাতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। নাগাল্যান্ডের বিধানে হাত দিতে তারা দ্বিধা করবে না।’ তথ্যসূত্র: স্ক্রল ডট ইন।

এল পাসোতে বন্দুক হামলায় বেঁচে যাওয়া ও উদ্ধারকর্মীদের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পাসোতে বন্দুক হামলায় বেঁচে যাওয়া ও উদ্ধারকর্মীদের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাস ও ওহাইওয় অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনাস্থল পরিদর্শনে যান। প্রথমে ওহাইওর ডেটনে যান তিনি। পরে সেখান থেকে চলে যান টেক্সাসে।

টেক্সাস বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এবং এল পাসোর মেয়র ডি মার্গো। প্রথমে তাঁরা শহরের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে যান। সেখানে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন প্রেসিডেন্ট। হাসপাতালকর্মীদের সঙ্গেও কথা বলেন। পরে শহরের জরুরি অপারেশন সেন্টার পরিদর্শন করেন।

এ সময় রাস্তায় প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বিক্ষোভকারীদের। কিছু কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ফিরে যাও, তুমি এখানে স্বাগত না’, ‘ট্রাম্পের বিদ্বেষমূলক বর্ণবাদ এখানে স্বাগত না’।

এল পাসোর ডেমোক্রেটিক মেয়র ভেরোনিকা এসকোবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি বলেন, ‘তাঁর (ট্রাম্প) বর্ণবাদী ও বিদ্বেষমূলক বক্তব্য আমার সম্প্রদায় ও দেশের মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

তবে সবকিছু মিলিয়ে এই সফর ‘চমৎকার’ ছিল বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ওহাইওতে মানুষের ভালোবাসা ও সম্মানে আপ্লুত তার প্রেসিডেন্সি।

এর আগে ওয়াশিংটন ছাড়ার আগে ট্রাম্প বলেন, ‘যেকোনো গ্রুপের মধ্যে বিদ্বেষের উত্থানের বিষয়ে আমি উদ্বিগ্ন…তা শ্বেতাঙ্গ আধিপত্যই হোক বা অন্য কোনো আধিপত্যবাদ।’ ওই দিন ট্রাম্প বলেন, ‘আমি চাই না কোনো অসুস্থ ব্যক্তির হাতে অস্ত্র পড়ুক। অস্ত্র কেনার আগে ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে নেওয়ার বিষয়টিতে নজর দেওয়া হবে।’

গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় প্রথমে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকার সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের একটি স্টোরে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় আট মেক্সিকানসহ নিহত হন ২২ জন। পরে ১৩ ঘণ্টা পর একই ধরনের হামলা হয় ওহাইওর ডেটনে। আহত হন অনেকে। অভিবাসীদের প্রতি ঘৃণা এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ থেকেই এল পাসো হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মেক্সিকোর অধিকাংশ নাগরিকের ধারণা, মূলত হিসপানিক এবং মেক্সিকোবাসীদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়। জানা যায়, এল পাসোর হামলার আগে চার পৃষ্ঠার একটি ইশতেহার এইট-চ্যান নামে একটি অনলাইন মেসেজ বোর্ডে পোস্ট করা হয়েছিল। এ প্ল্যাটফর্ম সাধারণত উগ্রবাদীরা ব্যবহার করে। ইশতেহারটি আটক সন্দেহভাজনেরই পোস্ট করা বলে ধারণা করা হচ্ছে। ওই ইশতেহারে হিসপানিকদের বিরুদ্ধে যে ধারণা পোষণ করা হয়েছে, তা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের কথারই প্রতিধ্বনি। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ট্রাম্পের জাতিগত ও বর্ণবিদ্বেষমূলক আচরণ ও ভাষণের কারণে দেশের পরিবেশ নাজুক হয়ে পড়ছে বলে বিরোধীদের তোপের মুখে পড়েছেন ট্রাম্প।