Home Blog Page 3576

অযোধ্যায় রাম মন্দির গড়ার স্বপ্ন বিজেপির

0

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদাসংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এবার দেশটির ক্ষমতাসীন বিজেপি অযোধ্যায় রাম মন্দির গড়ার স্বপ্ন দেখা শুরু করেছে।

গত সোম ও মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত অনুমোদিত হয়। ফলে, জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারায়। করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর ভেঙে দ্বিখণ্ডিত করা হয়।

জম্মু ও কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদির সরকারের সিদ্ধান্তে দারুণ খুশি তাঁর দল বিজেপি। এ জন্য তারা দেশজুড়ে বিজয় মিছিল করেছে। অন্যদিকে, বিজেপিবিরোধীরা প্রতিবাদ করেছে। এই সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছে তারা।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনার পর বিজেপির অন্দরে বইছে আনন্দধারা। তার প্রমাণ পাওয়া গেল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কথায়। গতকাল বুধবার দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, ‘৩৭০ ধারা উঠেছে। এবার রাম মন্দিরও হবে।’

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি আরও বলেন, ‘রাম মন্দির ভগবান রামের ইচ্ছাতেই হবে। এখন দেশে এই নিয়ে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মানুষও চাইছে রাম মন্দির হোক। আর বিজেপি এই কাজ করবে। ভালো কাজ তাড়াতাড়ি হওয়া উচিত।’

দিলীপ ঘোষের ভাষ্য, বহু বছর ধরে মানুষের বাসনা ছিল ৩৭০ ধারা বিলোপ হোক। এবার সেটা হয়েছে। বাকিটাও হবে। মানুষ এবার বিজেপিকে আরও অধিক শক্তি দিয়ে পাঠিয়েছে।

বিজেপি রাজ্য সভাপতি দাবি করেন, ৩৭০ ধারা যে ভারতবর্ষ ও কাশ্মীরের মানুষ চাইত না, তা এবার প্রমাণ হয়ে গেল। সারা দেশের মানুষ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। অনেক বিরোধী নেতাও ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

দিলীপ ঘোষের ভাষ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩৭০ ধারা বাতিল নিয়ে আপত্তি ছিল না। আপত্তি ছিল তাঁর এই ধারা বাতিলের পদ্ধতি নিয়ে। তাই এবার মমতাও বুঝেছেন, এটা ভালো পদক্ষেপ। তাই তো মঙ্গলবার লোকসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাস হয় ৩৭০-৭০ ভোটে।

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছ ধরা নৌকার তিন জেলেকে সকালে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা

0

নোয়াখালীতে হাতিয়ার মেঘনার চর নুর ইসলামের দক্ষিণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া মাছ ধরা নৌকার তিনজন জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন নৌবাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে হাতিয়ার ভাসানচর থেকে চেয়ারম্যানঘাট যাওয়ার পথে জেলেদের নদীতে ভাসতে দেখে তাদের তাঁরা উদ্ধার করেন।

উদ্ধার হওয়া তিন জেলে হলেন হাতিয়ার চরকিং ইউনিয়নের দাসপাড়ার রাজিব চন্দ্র দাস, রবীন্দ্র চন্দ্র দাস ও তিমির চন্দ্র দাস। পরে উদ্ধার করা জেলেদের চেয়ারম্যানঘাট নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমডোর মামুন চৌধুরী বলেন, সকালে ভাসানচর থেকে চেয়ারম্যানঘাটের দিকে আসার পথে হাতিয়ার মেঘনায় জেগে ওঠা চর নুর ইসলামের দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ডুবে যাওয়া নৌকার কিছু অংশ ধরে তিন জেলেকে ভাসতে দেখেন তাঁরা। তাৎক্ষণিক তাঁরা সাগর থেকে তিন জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিজেদের নৌকা তুলে নেন। পরে সকাল পৌনে নয়টার দিকে উদ্ধার করা জেলেদের চেয়ারম্যানঘাট নিয়ে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করেন। সুস্থ হওয়ার পর তাঁরা বাড়ি ফিরে যাবেন।

কমডোর মামুন চৌধুরী উদ্ধার হওয়া তিন জেলের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় চর নুর ইসলামের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ওই তিন জেলের নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকার একটি ভাঙা অংশ ধরে তিন জেলে সারা রাত সাগরে ভেসে থাকেন। দীর্ঘ সময় ভেসে থাকার কারণে তিনজনই অসুস্থ হয়ে পড়েন।

ডিএমপি কমিশনার নিজের কর্মজীবনের নানা সাফল্য তুলে ধরার পাশাপাশি দুটি ব্যর্থতাও তুলে ধরেছেন

0

পুলিশে ৩২ বছর চাকরির শেষভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে প্রায় চার বছর সাত মাস কর্মমুখর সময় শেষে অবসর নিচ্ছেন আছাদুজ্জামান মিয়া। শেষ কর্মদিবসে নিজের কর্মজীবনের নানা সাফল্য তুলে ধরার পাশাপাশি দুটি ব্যর্থতাও তুলে ধরেছেন তিনি।

আজ বৃহস্পতিবার শেষ কার্যদিবসে নিজের সাফল্য ও ব্যর্থতার কথা তুলে ধরলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এই বিদায়ী কমিশনার। ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি গণমাধ্যমকে এসব কথা জানান।

কর্মজীবনে দু’টি ব্যর্থতার কথাও জানালেন তিনি। এগুলো হচ্ছে জনগণ থানায় যে সেবা প্রত্যাশা করছে, অনেকাংশে তা পূরণে ব্যর্থতা ও যানজটমুক্ত গতিশীল ঢাকা গড়তে ব্যর্থতা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬৮০ দিনের কমিশনার থাকাকালীন দুই জায়গায় ব্যর্থতার আক্ষেপ রয়েছে। একটি হচ্ছে, জনগণ থানায় যে সেবা প্রত্যাশা করছে, অনেকাংশে তা পূরণে ব্যর্থ হয়েছি। এক্ষেত্রে আমরা অনেক উন্নতি করলেও, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি।

মহানগরী ঢাকার যানজট প্রসঙ্গে তিনি বলেন, আমরা যে যানজটমুক্ত গতিশীল ঢাকার প্রত্যাশা করেছিলাম। কিন্তু সেটা করতে পারিনি।

তবে দায় স্বীকার করলেও যানজটের পেছনে আরো কিছু বিষয় জড়িত বলে জানান তিনি। বলেন, যানজটের দায় শুধু ডিএমপির নয়। ঢাকায় সিগন্যাল ব্যবস্থা একটি সংস্থা দেখভাল করে, পানি জমলে আরেক সংস্থা দেখে, সড়ক দেখে আরেক সংস্থা।

সাতজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি

0

ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুর রহমানসহ দলের সাতজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দলটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অনুমতি ছাড়া সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় জাহিদুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নিম্নবর্ণিত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেবেকা সুলতানা, চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মোছা. তানিয়া খানম, বরগুনা জেলার বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, চট্টগ্রাম উত্তর জেলার চান্দনাইশ উপজেলা মহিলা দলের সাবেক নেত্রী শাহনাজ বেগম, কুমিল্লা উত্তর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলার মেঘনা উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী দিলারা শিরিন।

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আজ জন্মদিন

0

‘বাংলাদেশের ইতিহাসের অসীম সাহসী এক নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আজ জন্মদিন। আগস্টে তাঁর জন্ম, আগস্টেই তাঁর রক্তাক্ত বিদায়। আনন্দ-বেদনা হাসি-কান্নার মিশেলে আজ আমরা তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসেছি।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বনানীতে তাঁর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ ১২ বছরের জেল জীবনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব একদিকে ঘর, অন্যদিকে দল সামলেছেন। কিন্তু সামনে না এসে থেকেছেন সব সময় পর্দার অন্তরালে।’ তিনি বলেন, ‘আজ আমরা বাংলার ইতিহাসে বীর এক নারীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এসেছি।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের অসীম সাহসী এক নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আজ জন্মদিন। আগস্টে তাঁর জন্ম, আগস্টেই তাঁর রক্তাক্ত বিদায়।’ তিনি বলেন, ‘তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী নন, ছিলেন সহকর্মী ও বন্ধু। শেখ মুজিবুর রহমানের দীর্ঘ এক যুগের জেল জীবনে তিনি একদিকে যেমন পরিবারকে সামলেছেন, তেমনি দলকে সামলানোর দায়িত্বও ছিল তাঁর কাঁধে। তিনি কখনও সামনে আসেননি। পর্দার আড়ালে থেকেই তাঁর কাজ সম্পাদন করে গেছেন।’

এ সময় আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

ক্তরাজ্যে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে লন্ডনের স্থানীয় সময় বুধবার বিকাল ৬টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী দেশের পথে রওনা হন। বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লন্ডন থেকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী গত ১৯ জুলাই লন্ডনে যান। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। এরপর গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রপোচার সম্পন্ন হয়।

লন্ডন সফরকালে কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি এবং লর্ড আহমেদ অব উইম্বলডন পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বাদ পড়ার মাশুল দিলেন পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার।

0

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, কোচ বদলাতে পারে পাকিস্তান। বিশ্বকাপ জয়ের আশায় ইংল্যান্ড গিয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল দলটি। মূলত, তখন থেকেই কোচ মিকি আর্থারের চাকরিটা ঝুলছিল সুতোর ওপর। আজ তাঁর ভাগ্য নিশ্চিত হয়ে গেল। ছাঁটাই করা হয়েছে মিকি আর্থারকে। শুধু আর্থার নন, গোটা কোচিং স্টাফেই বিরাট রদবদল আনছে পাকিস্তান। আর্থার ছাড়াও কপাল পুড়েছে বোলিং কোচ আজহার মেহমুদ, ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার ও ট্রেনার গ্রান্ট লুডেনের। সবারই চাকরি গেছে। কারও সঙ্গেই চুক্তি নবায়ন করছে না পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বৈঠকে বিষয়টি নিশ্চিত হয়। প্রধান কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ট্রেনার পদে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেবে পিসিবি। আবেদনগুলো থেকে যোগ্যতম চার প্রার্থীকে সরফরাজ-বাবর আজমদের কোচিং স্টাফে নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন পিসিবিপ্রধান এহসান মানি, ‘পিসিবির পক্ষ থেকে আমি মিকি আর্থার, গ্রান্ট ফ্লাওয়ার, গ্রান্ট লুডেন আর আজহার মেহমুদকে ধন্যবাদ জানাই। জাতীয় দলের হয়ে তাদের দায়বদ্ধতা ও পরিশ্রম উদাহরণ হয়ে থাকবে। তাদের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমরা শুভকামনা জানাই। পাকিস্তান ক্রিকেট দলের ভক্ত ও সমর্থকেরা কী চায়, সেটা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। আশা করব এমন কিছু সিদ্ধান্ত নিতে, যা পাকিস্তানের ক্রিকেটকে প্রত্যেক সংস্করণে আরও এগিয়ে নিয়ে যাবে।’

তবে চাকরি হারালেও আর্থার যে খুব বেশি দিন বেকার থাকবেন, তা বলা যাচ্ছে না। এর মধ্যেই শ্রীলঙ্কা আর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো দল আর্থারের প্রতি আগ্রহ দেখিয়েছে। ২০১৬ সালে দুই বছরের জন্য আর্থারের সঙ্গে চুক্তি করে পিসিবি। ২০১৪ সাল থেকে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে ছিলেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ার। আর আর্থারের নিয়োগের পর দলের বোলিং কোচ হিসেবে আজহার মেহমুদ ও ট্রেনার হিসেবে যোগ দেন গ্রান্ট লুডেন। আর্থারের অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয় পাকিস্তানের সবচেয়ে বড় সাফল্য।

এদিকে শোনা যাচ্ছে, বিদেশি কোচ রাখার ব্যাপারে পিসিবি আগ্রহী নয়। সে ক্ষেত্রে পাকিস্তানের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে শোনা যাচ্ছে ইনজামাম উল হক, ওয়াসিম আকরামদের নাম।

দক্ষিণ আফ্রিকা দলের সাবেক ক্রিকেট কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো ঢাকায়

0

বিসিবিতে কোচের চাকরির সাক্ষাৎকার দিতে আজ সকাল ১০টায় ঢাকায় পৌঁছেছেন তিনি। আগামীকাল সকালে তাঁর ঢাকা ত্যাগ করার কথা।

রাসেল ক্রেইগ ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন। বিসিবি জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজলেও ডমিঙ্গো কোন পদের জন্য সাক্ষাৎকার দেবেন, সেটি অবশ্য স্পষ্ট জানা যায়নি। আজ সকালে তাঁর ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করলেও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে আর কিছু বলতে রাজি হননি। তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ডমিঙ্গো যদি অন্যান্য বিদেশি কোচের মতো খণ্ডকালীন চাকরির শর্ত না দেন, তাহলে তাঁকেও জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রেখে দেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে এর আগেও বাংলাদেশ সফর করে গেছেন তিনি।

বিশ্বকাপের পর স্টিভ রোডসকে বিদায় করে দেয় বিসিবি। জাতীয় দলের জন্য নতুন প্রধান কোচ খোঁজা শুরু হয় এরপর থেকেই। দক্ষিণ আফ্রিকার চার্ল লেঙ্গেভেল্টকে পেস বোলিং কোচ এবং নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টোরিকে স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলেও প্রধান কোচের পদটি এখনো খালিই পড়ে আছে। ডমিঙ্গোর যেহেতু দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে, ধারণা করা হচ্ছে, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই তাঁর সঙ্গে কথা বলবে বিসিবি।

ব্যাকুল পাকিস্তানিরা সমারসেটের ওয়েবসাইটই ধসিয়ে দিয়েছে

0

এবার ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেটের হয়ে ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানের খেলা দেখার জন্য লাখে-লাখে পাকিস্তানি সমর্থক সমারসেটের ওয়েবসাইটে ঢুঁ মারছেন। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। অতিরিক্ত ‘ট্রাফিক’-এর চাপ সহ্য করতে না পেরে ধসিয়ে দিয়েছে সমারসেটের ওয়েবসাইট!

সমারসেট নিজেদের ম্যাচগুলো ক্লাবের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) করে। নিজের দেশের সেরা ব্যাটসম্যান এমন একটা টুর্নামেন্টে খেলতে গেছেন বলেই পাকিস্তানিদের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে ওই টুর্নামেন্ট বাবর দারুণ সব ইনিংস খেলছেন। দ্বিতীয় ম্যাচেই অপরাজিত ৯৫, এর পরের ম্যাচে আবার ৮৩।

পাকিস্তানি ক্রিকেট সমর্থকেরা অবশ্য প্রথম ম্যাচ থেকেই হুমড়ি খেয়ে পড়েছেন সমারসেটের ওয়েবসাইটে। এত এত ভিজিটরের ভিউ সামলানোর ব্যবস্থা সমারসেট তাদের সাইটে রাখেনি। প্রয়োজনই যে পড়েনি আগে। এত মানুষ তো একসঙ্গে তাদের সাইটে আগে ভিড় করেনি কখনো। ফলে এবার দর্শনার্থীদের চাপ সামলাতে না পেরে ধসে পড়ে সমারসেটের ওয়েবসাইট।

সমারসেটের ডিজিটাল মার্কেটিং নির্বাহী কর্মকর্তা বেন ওয়ারেন দ্রুত পদক্ষেপ নিয়েছেন। পরবর্তী ম্যাচের আগেই সাইটের সার্ভারের ধারণক্ষমতা বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে সমারসেটের সঙ্গে সাসেক্সের ম্যাচটা দেখার জন্য যথারীতি প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন সমারসেটের ওয়েবসাইটে। এবার আর দেখতে অসুবিধা হয়নি। বাবর আজমও তাদের হতাশ করেননি। সাসেক্সের বিপক্ষে ৮৩ রান করেছেন। যদিও সমারসেট ম্যাচটি হেরে যায়। কিন্তু তাতে পাকিস্তানিদের কী? ম্যাচের ফল নিয়ে তাদের থোড়াই কেয়ার। বাবর তো ভালো খেলেছেন! ইউটিউবে এর মধ্যেই ম্যাচটা ১৫ লাখের বেশিবার দেখা হয়ে গেছে।

২৪ বছরের এই তারকা ব্যাটসম্যান পাকিস্তানের হয়ে বিশ্বকাপে ৪৭৪ রান করেছেন। এই ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে এ পর্যন্ত ছয় ম্যাচে খেলে ২৬৭ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই ব্যাটসম্যান।

এর মধ্যে শোনা যাচ্ছে, সরফরাজ আহমেদকে সরিয়ে প্রতিভাধর এই ব্যাটসম্যানকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। সদ্য সাবেক হওয়া পাকিস্তানি কোচ মিকি আর্থার বাবর আজমকে নতুন অধিনায়ক হিসেবে চেয়েছিলেন। তবে বাবর আজম জানিয়ে দিয়েছেন, তিনি অধিনায়ক হওয়ার জন্য আগ্রহী নন।

বলিউড তারকা রণবীর সিং হাঁটু গেড়ে বসলেন।

0

একটা গোলাপ তুলে দিলেন। না, দীপিকা পাড়ুকোনকে নয়। একজন বৃদ্ধাকে, যিনি বসে আছেন একটা হুইলচেয়ারে। বৃদ্ধা ফুলটি গ্রহণ করলেন। আর চুমু এঁকে দিলেন রণবীরের চিবুকে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় এটুকুই।

১৯৮৩ সালে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘এইটি থ্রি’। সেই শুটিংয়ের জন্যই লন্ডনে আছেন তিনি। কাজের ফাঁকে ভক্তদের জন্য কিছুটা সময় কাটাতে গিয়েছিলেন সাউথ হল এলাকায়। ভারতীয়রা এই এলাকাকে তো রীতিমতো নিজেদের কলোনি বানিয়ে নিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি সেখানকার। ভিডিওতে রণবীরকে চিনতে একটুও কষ্ট হয় না।

রণবীরের জন্য কি প্রাচ্য, কি প্রতীচ্য। বিদেশ–বিভুঁই হলে কী হবে, রণবীরের চারপাশে ভক্তদের ভিড়। কিন্তু তাতে মোটেও বিরক্ত নন এই তারকা। ধৈর্য ধরে হাসিমুখে সবার সঙ্গে করমর্দন করলেন তিনি। কুশলবিনময় করতেও ভুললেন না। আর তুললেন সেলফি।

সে এক উৎসবমুখর পরিবেশ। দুজন লাল, হলুদ, কমলা রঙের পোশাক পরে ভাংরা বাজাচ্ছেন। বাদ্য বাজছে, আর রণবীর সিং পা মেলাবেন না, তাই কি হয়। দিব্যি ভক্তদের সঙ্গে ভাংরার তালে পা মেলালেন রণবীর। কয়েক সেকেন্ডেই বুঝিয়ে দিলেন, এ নাচও বেশ ভালোই রপ্ত রয়েছে তাঁর। চারপাশে সবার হাতের মুঠোফোনের ক্যামেরা তাক করা রয়েছে রণবীরের দিকে।

এর মধ্যেই রণবীর এক বৃদ্ধাকে প্রেম নিবেদন করলেন পশ্চিমা নিয়মে। এই ভিডিও রণবীর সিংয়ের ফ্যান ক্লাবের মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ল ইন্টারনেট দুনিয়ায়। এখানেই শেষ নয়, চলে যাওয়ায় আগে ওই নারীকে গাঢ় আলিঙ্গনও করলেন নীল রঙের স্যুট পরা রণবীর। আবার এক খুদে ভক্তকে কোলেও নিলেন।

বর্তমানে রণবীর লর্ডসের মাঠে। তিনি কপিল দেব হয়ে বল করছেন, ব্যাট করছেন। ভারতে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ দিতে নেতৃত্ব দিচ্ছেন দলকে। আবার কপিল দেবের পোশাক খুলে হয়ে উঠছেন রণবীর সিং। দেশের বাইরের দেশটা ঘুরে দেখছেন, ভক্তদের সময় দিচ্ছেন। এই ছবিতেই কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় অভিনয় করছেন স্ত্রী দীপিকা পাড়ুকোন। সুযোগ পেয়ে তাই অভিনয় করতে করতে আর অভিনয়ের ফাঁকে ফাঁকে খানিক সংসারটাও করে নিচ্ছেন।