Home Blog Page 3577

পরিচালক জয় ওম প্রকাশ আর নেই

0

১৯২৭ সালের ২৪ জানুয়ারি ব্রিটিশ ভারতের পাঞ্জাবে জন্মেছিলেন প্রযোজক ও পরিচালক জয় ওম প্রকাশ। আর আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে ৯৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর সংবাদ শুনে ঘুমিয়ে, ঘুম থেকে উঠে বলিউড জানল, আর নেই ওম প্রকাশ।

জয় ওম প্রকাশের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে অভিনয়শিল্পী দীপক পারাসার প্রথম টুইট করেন। আজ সকাল সাড়ে নয়টায় তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ঘণ্টাখানেক আগে মিস্টার ওম প্রকাশ মারা গেছেন। তিনিও আমাদের ছেড়ে আমার মামাজি মিস্টার মোহন কুমারের সঙ্গে স্বর্গে যোগ দিলেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য।’ এর কিছুক্ষণ পরেই বলিউড তারকা টুইট করেন, ‘প্রখ্যাত পরিচালক ও প্রযোজক ওম প্রকাশজি আর নেই। তিনি অত্যন্ত ভদ্র আর ভালো হৃদয়ের মানুষ ছিলেন। তিনি আমার প্রতিবেশী হৃতিক রোশনের নানা। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

ওম প্রকাশের মেয়ে পিংকি রোশনের বিয়ে হয় পরিচালক ও প্রযোজক রাকেশ রোশনের সঙ্গে। তাই এই দম্পতির দুই সন্তান—বলিউড তারকা হৃতিক রোশন ও সুনয়না রোশনের নানা হন তিনি।

ওম প্রকাশ সুপারস্টার রাজেশ খান্না অভিনীত ‘আপ কি কাসাম’ (১৯৭৪) ও ‘আঁখির কৌন?’ (১৯৮৫) ছবির পরিচালক। অন্যদিকে, তাঁর পরিচালিত ‘আপনাপন’ (১৯৭৭), ‘আশা’ (১৯৮০), ‘আপনা বানা লো’ (১৯৮২), ‘আদমি খিলোনা হ্যায়’ (১৯৯৩) ছবিগুলোয় নায়কের ভূমিকায় ছিলেন জিতেন্দ্র। তা ছাড়া তাঁর প্রযোজিত ‘আজ কা পাঞ্চালি’ (১৯৬১), ‘আয়ে মিলন কি বেলা’ (১৯৬৪), ‘আয়ে সাওয়ান ঝুম কে’ (১৯৬৬), ‘আঁখির কৌন?’ ছবিগুলো বক্স অফিসে দেখেছিল সফলতার মুখ।

মজার ব্যাপার হচ্ছে, জয় ওম প্রকাশ বিশ্বাস করতেন, ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ ‘এ’ তাঁর চলচ্চিত্রের জন্য সৌভাগ্যবান। তাই তাঁর অনেক ছবির নামের শুরু করেছিলেন ‘এ’ দিয়ে। তাঁর পরিচালিত ‘আসরা প্যায়ার দা’ (১৯৮৩) পাঞ্জাবি ভাষার অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র। ‘আন্ধি’ (১৯৭৫) ছবিটিও তাঁর প্রযোজিত। এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কুড়িয়েছে সমালোচকদের প্রশংসা। ১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভারতীয় ফিল্ম ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

ইরেশ–মিম দম্পতি বাবা–মা হলেন

0

‘স্বাগতম মেহা রশীদ যাকের। আজ বুধবার সকাল সোয়া ১০টায় এই পৃথিবীতে এসেছে। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। সবাই আমার রাজকন্যার জন্য দোআ করবেন।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এভাবেই নিজেদের প্রথম সন্তানের সংবাদটি ভক্ত, বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করলেন অভিনেতা ইরেশ যাকের। যোগাযোগ করা হলে তিনি খবরটি নিশ্চিত করেন। তিনি বাবা হয়েছেন, দাদা–দাদি হয়েছেন আলী যাকের ও সারা যাকের। খালা হয়েছেন অভিনেত্রী মিথিলা।

প্রথমবার বাবার হওয়ার অনুতূতি জানতে চাইলে ইরেশ যাকের কিছুক্ষণ হাসলেন। বললেন, ‘এই অনুভূতি ব্যক্ত করার মতো। বাচ্চার মা আছে পোস্ট অপারেটিভে, বাচ্চা আছে নার্সারিতে। ক্ষণে ক্ষণে অনুভূতি চেঞ্জ হচ্ছে। একবার কান্না আসছে, আরেকবার হাসি। কেমন যে লাগছে বোঝাতে পারব না!’ ইতিমধ্যে নামও ঠিক হয়েছে বলে জানালেন ইরেশ যাকের। বাংলা বানান বলে নামটিও জানালেন, মেয়ের নাম রাখা হয়েছে মেহা রশীদ যাকের। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন ইরেশ। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগির মা–মেয়েকে একসঙ্গে কেবিনে আনা হবে।
গত বছরের ২ ফেব্রুয়ারি তাঁদের গায়েহলুদ ও ৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মা–বাবার পথ ধরেই ইরেশ যাকের কাজ শুরু করেন ছোট পর্দায়। পাশাপাশি বড় পর্দায়ও দেখা গেছে তাঁকে। ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর মিম মূলত ক্যামেরার পেছনে কাজ করেন। তিনি ছোট পর্দার অভিনেত্রী মিথিলার ছোট বোন।

বলা চলে, দেশে অন্যতম বড় তারকা পরিবারে জন্ম হলো মেহার। তার দাদা-দাদি দুই জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি আলী যাকের-সারা যাকের। খালা ছোট পর্দার অভিনেত্রী মিথিলা। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন ইরেশের স্ত্রী মিম ও মেয়ে।

ডেঙ্গু আক্রান্ত নায়িকা ববি

0

চলচ্চিত্র অঙ্গনে আবার ডেঙ্গু হানা। এবার চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ডেঙ্গু জ্বরে ধরাশায়ী। গত সোমবার রাতে তাঁর ডেঙ্গু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। আজ বুধবারও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেই পরীক্ষার ওপর নির্ভর করে হাসপাতালে ভর্তি করা হবে।

প্রথম আলোকে ববির ডেঙ্গু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ববির সাম্প্রতিক চলচ্চিত্র ‘নোলক’-এর পরিচালক এবং বন্ধু সাকিব সনেট। আজ দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ৩ আগস্ট রাতে রক্ত সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে ববির ডেঙ্গু পজিটিভ। চিকিৎসা চলছে। আজ বুধবার একটি পরীক্ষা করা হবে। এরপর হাসপাতালের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চিত্রনায়ক আলমগীরও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানের তিনি বাসায় বিশ্রাম করছেন।

জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে কয়েক দিন ধরেই জ্বর অনুভব করেছিলেন ববি। গতকাল রাত নয়টার দিকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। তখন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

গত ঈদে মুক্তি পেয়েছিল অভিনেতা শাকিব খান ও ববি অভিনীত ছবি ‘নোলক’। বেশ আলোচিত হয়েছিল ছবিটি। আগামী ঈদে ববি অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি মুক্তি পাওয়ার কথা। এতে ববির বিপরীতে প্রথমবারের মতো চিত্রনায়ক জিয়াউল হক রোশান অভিনয় করেছেন। রাজা চন্দ্র পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। মূলত, মডেলিং ও চলচ্চিত্রে অভিনয়ের জন্যই পরিচিত ববি। তবে প্রযোজক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৪ সালে সিনেমা প্রযোজনা করেন তিনি। সম্প্রতি ৮৬ ভোট পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে জিতেছিলেন চিত্রনায়িকা ববি।

এর আগে গত জুলাইয়ের শেষ সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা ও নির্মাতা আলমগীর। আলমগীরের মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘আব্বু আগের তুলনায় বেশ খানিকটা ভালো, তবে শরীর খুব দুর্বল।’

ডেঙ্গু বিস্তার রোধ ইতিমধ্যে মানববন্ধন, র‌্যালিসহ বেশ কিছু কর্মসূচি পালন করেছেন চলচ্চিত্র ও ছোট পর্দার শিল্পী ও কলাকুশলীরা। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য সচিব আবদুল মালেক, চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র পরিচালক, শিল্পী, কলাকুশলীসহ বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীরা মিলে বিএফডিসি ও তার সামনের রাস্তায় ঝাড়ু হাতে ও ফগার মেশিন নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিতেও দেখা যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় অংশগ্রহণের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে সমালোচনার মুখে পড়েন তাঁরা। অনেকের প্রশ্ন ছিল, পরিষ্কার রাস্তায় এ ধরনের কর্মসূচি কেন বা ঝাড়ু ব্যবহার করে আদৌ মশক নিধন হয় কি না? সমালোচনা হয় এটি লোকদেখানো কার্যক্রম বলেও!

কর্মসূচিতে অংশ নেওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ বিষয়ে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। তিনি বলেন, ‌‘সমাজের বিভিন্ন সমস্যা যেমন শিল্পীরা তুলে ধরেন, তেমনি সমস্যার সমাধানেও তাঁরা প্রতীকী কার্যক্রমের মাধ্যমে অপরিসীম ভূমিকা রাখতে পারেন। বর্তমানে ডেঙ্গু রোগ আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে মহামারি আকার ধারণ করেছে। আর এর সমাধানের জন্য সবচেয়ে বেশি যা দরকার, তা হলো আমাদের সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের সচেতনতা এবং আমাদের বাসস্থানসহ আশপাশের পরিবেশের পরিচ্ছন্নতা। আর এই সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান করতেই চলচ্চিত্রশিল্পীরা নিজেদেরই কর্মস্থল এফডিসিসহ আরও কয়েকটি স্থানে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম চালান, মাইকের মাধ্যমে মিডিয়ায় নির্দেশনামূলক বক্তব্য দেন, চারপাশের আবর্জনা ঝাড় দেন এবং ফগার মেশিন দিয়ে মশা দমন করেন। এটি ছিল একটি প্রতীকী কার্যক্রম এবং এর উদ্দেশ্য কেবল সাধারণ মানুষজনকে ডেঙ্গু হতে প্রতিকার পাওয়ার জন্য সবাইকে সচেতন করা।’

চলচ্চিত্রপাড়াখ্যাত কাকরাইলেও সিনেমার মানুষজনের আনাগোনা কম

0

ঈদ আসতে আর মাত্র চার দিন বাকি। অথচ ঈদ উৎসবের সবচেয়ে বড় বিনোদন ঈদের সিনেমা নিয়ে চলচ্চিত্রপাড়ায় খুব একটা আলোচনা নেই, নেই সেই আমেজও। চলচ্চিত্রপাড়াখ্যাত কাকরাইলেও সিনেমার মানুষজনের আনাগোনা কম।

চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশজুড়ে চলছে প্রাকৃতিক দুর্যোগ। যার প্রভাব পড়ছে সিনেমাতেও। একদিকে পুরো উত্তর অঞ্চলে বন্যা। অন্যদিকে দেশজুড়ে হঠাৎ করেই ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষ স্বস্তিতে নেই। তা ছাড়া ঈদের ছবির জন্য যে আলাদা একটা প্রচার-প্রচারণা দরকার, সেটাও এবার লক্ষ করা যাচ্ছে না। তাই অন্যবারের তুলনায় এবারের ঈদে সিনেমা হলের সংখ্যাও কমতে পারে।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘ঈদুল ফিতরে মৌসুমি হলসহ প্রায় ৩০০ হলে ঈদের তিনটি ছবি মুক্তি পেয়ে ছিল। কিন্তু এবার বন্যার কারণে উত্তর অঞ্চলের বেশ কিছু জেলায় হয়তো হল খুলবে না। তা ছাড়া দেশের মধ্যে ডেঙ্গু–আতঙ্ক। সবমিলে এবার ঈদে সিনেমা হলের সংখ্যা কমতে পারে।’
প্রযোজক পরিবেশক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘ঈদের ছবির একটা আলাদা প্রচার–প্রচারণা থাকে। কিন্তু এবার নেই। ঈদের আমেজ সিনেমাতে নেই। বন্যা ও ডেঙ্গুর কারণে সবকিছু ম্লান হয়ে গেছে। এ দুর্যোগের মধ্যে সিনেমার প্রচার–প্রচারণাটাও কেউ আর করতে চাইছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবে যতটুকু করা যাচ্ছে, ততটুকুই।’

এবারও ঈদুল আজহায় তিনটি ছবি মুক্তির তালিকায় রয়েছে। ছবিগুলো হলো ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘বেপরোয়া’ ও ‘ভালোবাসার জ্বালা’। এর মধ্যে শাকিব-বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং রোশান-ববি অভিনীত ‘বেপরোয়া’ ছবি বড় বাজেটের।

প্রযোজনা প্রতিষ্ঠান দেশ বাংলা মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এর প্রযোজক এনামুল আরমান বলেন, ‘এরই মধ্যে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং ঢাকা ও ঢাকার বাইরে বড় ১০৩টি হল বুকিং হয়ে গেছে। আশা করছি, শেষ মুহূর্তে গিয়ে হলের সংখ্যা দেড় শর বেশি হবে।’
‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ডন, বাসার মাসুম প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।
‘বেপরোয়া’ ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা আছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন বলেন, এরই মধ্যে ৬০টির মতো হল বুকিং হয়েছে। চাঁদরাত পর্যন্ত ৮০টি হল হতে পারে। ‘বেপরোয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, তারিক আনাম খান, খালিদ হোসাইন সুজন প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন ভারতের রাজাচন্দ।

নবাগত শাকিল খান ও অর্পাকে নিয়ে পরিচালক বশির আহমদ তৈরি করেছেন ‘ভালোবাসার জ্বালা’ ছবিটি। ঈদুল আজহায় দেশের ১০টি হলে মুক্তির কথা রয়েছে। পরিচালক জানিয়েছেন, অনেক দিন পর ঢালিউডে সাপের ছবি মুক্তি পাচ্ছে। ছবিটির গল্প ও চিত্রনাট্যও বশির আহমদের।

আগের মতোই প্রটোকল দেয়ার নির্দেশ ভিআইপিদের

0

সংবিধান, রাষ্ট্রীয় পদক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) ও দেশে প্রচলিত আইন অনুযায়ী যারা যেভাবে প্রটোকল পাচ্ছিলেন, তাদের আগের মতোই প্রটোকল দিতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কোনো প্রকার ব্যর্থতা ছাড়াই এই প্রটোকল দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ নির্দেশনা দিয়েছেন। আদালতের এই আদেশ অতিসত্বর দেশের সকল জেলা জজদের কাছে পৌঁছে দিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিনুর রহমানের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট একরামুল হক টুটুল, সৈয়দ মামুন মাহবুব, তাপস কুমার বিশ্বাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভিভিআইপি বা ভিআইপি নন’ বলে আদালতের করা মন্তব্যকে কিছু কিছু গণমাধ্যম ‘হাইকোর্টের আদেশ’ বলে রিপোর্ট প্রকাশ করে। এসব প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানি শেষে উল্লেখিত আদেশ দেন আদালত।

আজ আদেশের পর অ্যাডভোকেট একরামুল হক টুটুল সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিসহ সাংবিধানিক পদধারীদের এবং রাষ্ট্রীয় পদক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অনুযায়ী যারা যারা প্রটোকল পাচ্ছিলেন, তাদের আগের মতোই প্রটোকল দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজকের দেওয়া আদেশে বলা হয়, শুনানিতে আইনজীবী বলেছেন যে, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ‘দেশে কোনো ভিআইপি নেই’ বলে কোনো আদেশ দেননি। কিন্তু তারপরও কিছু অনলাইন গণমাধ্যম আদালতের আদেশ না দেখেই এ নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে।

আদালত বলেন, এটা বোঝা উচিত যে আমরা (আদালত) মামলা বোঝার জন্য কিছু কথা বলি, কখনও তা বিষয়বস্তুর বাইরে যেয়েও বলা হয়। আমরা যা বোঝাতে চাই, সেই বার্তা কেউ কেউ বুঝতে ভুল করেন। তাই আদালতের রায় প্রকাশ পর্যন্ত অপেক্ষা না করে শুনানিকালে করা মন্তব্যকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়াটা খুবই ঝুকিপূর্ণ। একারণে প্রকৃত সত্য জানতে রায় প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়।

আদালত বলেন, আমাদের (বিচারপতি) ‘মাই লর্ড’ বলে সম্বোধন করা হয়ে থাকে। কিন্তু বিচারপতিরা মানবীয় গুণাবলির বাইরে নন। আমরা কেউ ভুলত্রুটির উর্ধ্বে নই। কখনও কখনও আমরা কথা বলার সময় আমাদের চিন্তা যথাযথভাবে তুলে ধরতে পারি না।

আদালত বলেন, এটা প্রত্যেকেরই মনে রাখা গুরুত্বপূর্ণ যে, যখন একজন বিচারপতি তার চিন্তা নিয়ে আদালতে কথা বলেন বা মন্তব্য করেন, সেই মন্তব্যকে চূড়ান্ত ধরে নেওয়াটাই ঝুঁকিপূর্ণ।

এক্ষেত্রে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বিষয়বস্তুর বাইরে যেয়ে মন্তব্য করেন এবং সেই মন্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

আদালত বলেন, চূড়ান্ত রায়ে আদালত তার চিন্তা ও চেতনা প্রকাশ করার সুযোগ পেয়ে থাকে। সেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এরকম একটি সাধারণ মন্তব্যকে কেন্দ্র করে জনগণ কোনো সিদ্ধান্তের উপনীত হবে না বলে প্রত্যাশা করি।

আদালত বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের মুখপাত্র হিসেবে সংবাদ তুলে ধরে। আমরা সাংবাদিকদের খুবই শ্রদ্ধার সঙ্গে দেখি। একারণেই এটা প্রত্যাশা করি যে তারা খুবই দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালণ করবেন। যে দায়িত্বশীলতা আংশিক নয়, পুরো সত্য তুলে ধরবে।

গত ২৫ জুলাই রাতে সরকারের এ টু আই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে প্রায় তিন ঘণ্টা ফেরি বসিয়ে রাখা হয়। ফেরিঘাটে আটকে পড়া স্কুল ছাত্র তিতাস ঘোষকে বহণকারী অ্যাম্বুলেন্স পার করার জন্য বারবার অনুরোধ জানিয়েও ফেরি ছাড়া যায়নি। ফলে অ্যাম্ব্যুলেন্সেই মৃত্যু হয় তিতাসের। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে তিতাসের পরিবারকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এই রিট আবেদনের ওপর শুনানিকালে গত ৩১ জুলাই হাইকোর্ট বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া দেশে কেউ ভিআইপি নয়। এই দুইজন ছাড়া অন্য সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিরা প্রজাতন্ত্রের কর্মচারি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন জড়িত বিধায় তারা অগ্রাধিকার পেয়ে থাকেন।

আদালত বলেন, সারাবিশ্বে ফায়ার ব্রিগেড, অ্যাম্ব্যুলেন্স ও নিরাপত্তার জন্য পুলিশের গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে যেতে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে তার উল্টো। আদালত বলেন, আমরা ঘটনাটি (তিতাসের মৃত্যু) জানি। এরা (যুগ্ম সচিব) কেউ ভিআইপি নন। ভিআইপি কারা সেটা আইনেই বলে দেওয়া আছে। বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এটা অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভিআইপি থাকলেও অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার ভিত্তিতে আগে যেতে দেওয়া হয়ে থাকে। কারণ এরসঙ্গে একজন মানুষের জীবন-মৃত্যুর বিষয় জড়িত।

এ নিয়ে সংবাদ প্রকাশের পর হাইকোর্টের একজন বিচারপতিকে প্রটোকল দিতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে খুলনার প্রশাসনকে চিঠি দেয়। এই চিঠি নিয়ে কিছু গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ ভিআইপি নয় বলে হাইকোর্ট রায় দিয়েছে। এরপরও হাইকোর্টের বিচারপতির জন্য ভিআইপি প্রটোকল চাওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ওই প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন করা হয়।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিচারপতিদের প্রটোকল দেওয়ার বিষয়ে চারদফা নির্দেশনা দিয়ে রায় দেন। সেই রায়ে বলা হয়,
১. সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি ছুটির দিনে কোনো জেলা সদরে পরিদর্শন, ভ্রমণ বা সফরে গেলে অন্তত জেলা ও দায়রা জজ পদ মর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা সফরকারী বিচারপতিকে সার্কিট হাউজ বা তার অবস্থানের জায়গায় অভ্যর্থনা জানাবেন। সফরকারী বিচারপতি জেলা সদর দপ্তরে অবস্থান করলে জেলা ও দায়রা জজ অবশ্যই তাকে সৌজন্য কল করবেন।

২. অফিস চলাকালে কোনো বিচারপতি সফরে গেলে জাজ ইনচার্জ নেজারত বিচারপতিকে অভ্যর্থনা জানাবেন। তবে আদালতের কার্যক্রম শেষে জেলা ও দায়রা জজ অথবা তার অনুপস্থিতেতে একজন বিচারিক কর্মকর্তা সফরকারী বিচারপতিকে সৌজন্য কল দিবেন।

৩. সফরকারী বিচারপতি উপজেলা বা গ্রামে অবস্থান করলে জাজ ইনচার্জ নেজারত অথবা একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার দেখভাল করবেন।

৪. সফরকারী বিচারপতির বিদায়ের সময় জেলা ও দায়রা জজ কিংবা অতিরিক্ত জেলা ও দায়রা জজকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার বা তাদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে।

ঘরমুখি মানুষের জন্য সরকারিভাবে ডেঙ্গু সতর্কতা

0

ঈদে রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন শহর হতে ঘরমুখি মানুষের জন্য সরকারিভাবে ডেঙ্গু সম্পর্কে কতিপয় সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়েছে। ডেঙ্গু থেকে রেহাই পেতে আজ এ পরামর্শ দেয়া হয়।

সরকারি এক তথ্য বিবরণীতে ঈদে বাড়ি যাওয়ার সময় বাসার সকল কক্ষের দরজা-জানালা ভালভাবে বন্ধ করার পাশাপাশি বাসার টয়লেটের কমোড ঢেকে রাখা, বাথরুম/টয়লেটের জানালা বন্ধ করা এবং বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়াও এতে বলা হয়,বারান্দায়/ছাদে ফুলের টব বা এমন কোন পাত্র রাখা যাবে না যেখানে বৃষ্টির পানি জমতে পারে।

ফোসা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা এ কথা উল্লেখ করে এসব জায়গায় অ্যারোসল স্প্রে করা এবং ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে তা খেয়াল করে দেখা, যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার ও অ্যারোসল স্প্রে করা, অব্যবহৃত বোতল/ কন্টেইনারসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া এবং অফিস, আঙ্গিনা এবং কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট টুইটের মাধ্যমে গুগলের সিইওকে আক্রমণ

0

মার্কিন প্রেসিডেন্ট একাধিক টুইটের মাধ্যমে গুগলের সিইও সুন্দর পিচাইকে আক্রমণ করেছেন। টুইটার বার্তায় তিনি বর্ণনা করেছেন যে, গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই হোয়াইট হাউসে আসার পর কীভাবে তিনি আচরণ করেছিলেন।

ট্রাম্প জানান, সুন্দর পিচাই প্রেসিডেন্টকে বুঝাতে চান যে ‘তিন তাকে কতটা পছন্দ করেন’। সুন্দর পিচাইকে আক্রমণ করে ট্রাম্প অভিযোগ করেন, ২০২০ সালের নির্বাচনে আমার পরাজয় চায় গুগুল।

তবে ট্রাম্প বলছেন, তিনি এখন বিশ্বাস করেছেন যে, পিচাই চীনা সরকারের সাথে তার সম্পর্কের বিষয়ে মিথ্যা বলতে পারেন। ট্রাম্পের দাবি, পিচাইয়ের এই মিথ্যা বলার বিষয়টি হিলারি ক্লিনটনকে জিতাতে সহায়ক হতে পারে।

এটি সার্চ জায়ান্ট গুগলের উপর ট্রাম্পের নতুন করে আক্রমণ। এর আগে তিনি জানিয়েছিলেন, গুগলকে আরও নিয়ন্ত্রণের চেষ্টা করবেন।

গুগল সার্চের ফলাফল পক্ষপাতদুষ্ট হওয়ার বিষয়ে ট্রাম্প যে দাবি করেছিলেন তা বারবার অস্বীকার করেছে গুগুল কর্তৃপক্ষ। গুগল গোপনে চীনা সেনাবাহিনীর সাথে কাজ করছে বলে যে অভিযোগ করেছিলেন ট্রাম্প তা অস্বীকার করেছে গুগল কর্তৃপক্ষ।

গত জুলাইয়ে এক টুইটে ট্রাম্প গুগল সম্পর্কে ওই অভিযোগগুলো জানান। সে সময় সংস্থাটি বলেছিল, যেমনটি আমরা আগেই বলেছি, আমরা চীনা সামরিক বাহিনীর সাথে কাজ করি না।

নতুন টুইটবার্তায় পিচাইকে উপহাস করেছেন ট্রাম্প। এবারও তিনি আবার এই দাবি করেছেন।

এই টুইটবার্তায় ট্রাম্প লিখেছেন, গুগলের সুন্দর পিচাই ওভাল অফিসে খুবই পরিশ্রম করেছিলেন এটা বুঝাতে যে, তিনি আমাকে কতটা পছন্দ করেন। এই বিশাল মাপের প্রশাসনিক কাজ করা হয়েছে এটা বুঝাতে যে-গুগল চীনা মিলিটারির সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, ২০১৬ সালের নির্বাচনে তারা আমার বিরুদ্ধে হিলারীকে সাহায্য করেনি, এবং ২০২০ সালের নির্বাচনকে সামনে রেখে তারা অনৈতিক পরিকল্পনা করেনি।

তিনি টুইটে লিখেছেন, সবকিছুই ভালোভাবে চলছিল যতক্ষণ না গুগলের ইঞ্জিনিয়ার ক্রেনেকি সেই ভয়ঙ্কর কথাটা জানালেন। ক্রেনেকি বললেন ২০১৬ সালের নির্বাচনে তারা কি করেছিল এবং ‘২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের পরাজয়’ চান তারা।

বিভিন্ন কারণে ১২৪ ভিওআইপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

0

নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়াসহ বিভিন্ন কারণে ১২৪ ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়নের আবেদন করেনি। ১৮ টি প্রতিষ্ঠান যথাযথ নিয়মে আবেদন করেনি। তাই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এখন অবৈধ। প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি।

ভারতের এ অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার আমাদের নেই

0

‘ভারত তার সংবিধান থেকে ৩৭০ ধারা রদ করেছে। ভারতের পার্লামেন্ট রাজ্যসভা এবং লোকসভায় বিলটি পাস হয়েছে। ভারতের এ অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করার, কোনো প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

আজ বুধবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মাজার রোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারত তার সংবিধান থেকে ৩৭০ ধারা রদ করেছে। ভারতের পার্লামেন্ট রাজ্যসভা এবং লোকসভায় বিলটি পাস হয়েছে। ভারতের এ অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করার, কোনো প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা প্রতিবেশী দেশের ইন্টারনাল বিষয়। আর প্রতিবেশী বন্ধু দেশের ইন্টারনাল বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-১৪ আসনের এমপি আকরামুল হক, এমপি মির্জা আজম, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ প্রমুখ।

ক্ষমা প্রার্থনা উত্তরের মেয়রের ডেঙ্গুতে মৃতদের পরিবারের কাছে

0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ বুধবার গুলশানে ডিএনসিসি নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন ক্ষমা প্রার্থনা করেন। মশক নিধন এবং কীটনাশক ছিটানো কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

সরকারি তথ্য অনুসারে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ৯৬৮ জন ডেঙ্গু রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮৩, মিটফোর্ডে ১০৪, ঢাকা শিশু হাসপাতালে ৩৮, শহীদ সোহরাওয়ার্দীতে ৮৬, বারডেমে ১৯, বিএসএমএমইউয়ে ৪৩, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৬, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২১, বিজিবি হাসপাতালে ৭, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪২ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৮ জন ভর্তি হন। এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৬১ ও ঢাকা ছাড়া দেশের অন্যান্য বিভাগে ১ হাজার ৬৪ জন ভর্তি হয়েছেন।