Home Blog Page 2621

বিএনপি মিথ্যার ঢোল বাজাচ্ছে : ওবায়দুল কাদের

0

‘বিএনপির সকল রাজনৈতিক কৌশল এখন জনগণের কাছে ভোতা হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণকে কখনও শত্রু মনে করে না। এমনকি বিএনপিকেও শত্রু ভাবে না বরং রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে। দিবারাত্রি সমালোচনা করেও বিএনপি নেতারা দেশে গণতন্ত্র নেই বলে যে অভিযোগ করেন- তা তাদের নিজেদের অভিযোগের অসাড়তা প্রমাণ করে। অন্ধ সমালোচনা ও মিথ্যাচারের জন্য তাদের কোনো নেতাকে শাস্তি দেয়া হয়েছে- তা তারাই বলুক? শেখ হাসিনার পরম সহিষ্ণুতা আছে বলেই বিএনপি অবিরাম মিথ্যাচারের ঢোল বাজিয়ে যেতে পারছে।’

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল- হাটি কামরুল-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য বহুমুখী সুবিধা সম্পন্ন বিশ্রামাগার নির্মাণের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার একটি গণতান্ত্রিক সরকার। সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বিধায় যেকোনো দলের গণতন্ত্র চর্চা, রীতিনীতিকে সম্মান করে। সরকার শ্রদ্ধা করে বিরুদ্ধমত। আর তাই বিএনপিসহ বিরোধী দলগুলো প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে, করছে মিথ্যাচার।’

‘অবাধ মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই বিরোধীদলগুলো সমালোচনা করতে পারছে, আর গণমাধ্যম স্বাধীন বলেই তারা প্রচার ও প্রকাশ করতে পারছে’ বলে অভিমত ব্যক্ত করেন ওবায়দুল কাদেরের।

তিনি বলেন, ‘দিবারাত্রি সমালোচনা করেও বিএনপি নেতারা দেশে গণতন্ত্র নেই বলে যে অভিযোগ করেন- তা তাদের নিজেদের অভিযোগের অসাড়তা প্রমাণ করে। অন্ধ সমালোচনা ও মিথ্যাচারের জন্য তাদের কোনো নেতাকে শাস্তি দেয়া হয়েছে- তা তারাই বলুক? শেখ হাসিনার পরম সহিষ্ণুতা আছে বলেই বিএনপি অবিরাম মিথ্যাচারের ঢোল বাজিয়ে যেতে পারছে।’

‘সরকারের মদদে নাকি সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে’ বিএনপি নেতাদের এই অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কমিটি গঠনের পর তাদের অফিসে আগুন দিয়েছে কে? নিজেরা মারামারি করে নিজেদের হাত ভাঙ্গছে, মনোনয়ন নিয়ে চালাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম- এসবতো তাদের নিজেদের সৃষ্ট।’

তিনি বলেন, ‘নিজ দলের কেউ অপরাধ করলে শাস্তি প্রদানের সাহস একমাত্র শেখ হাসিনাই রাখেন। সরকার যেকোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল। সন্ত্রাস, সাম্প্রদায়িক উগ্রতা, অনিয়ম, দুর্নীতি এবং সামাজিক অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান ইতোমধ্যে জাতির কাছে স্পষ্ট, মদদতো নয়ই।’

‘শেখ হাসিনা অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে, দলীয় পরিচয়ও তার কাছে ঢাল হতে পারেনি’ বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘শেখ হাসিনা জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করেন, মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস সংগ্রাম। বিএনপি উপনির্বাচনের আগে থেকেই ভরাডুবির আশঙ্কা করছেন, জনগণের কাছে তারা কী বলে ভোট চাইবে? তাদের ঝোলায় ইতিবাচক কিছু নেই, তাই বিএনপি বরাবরের মতো মিথ্যা অভিযোগের তীর ছুড়তে শুরু করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ এবং জনআস্থা, আওয়ামী লীগ জনগণকে কখনও শত্রু মনে করে না, এমনকি বিএনপিকেও শত্রু ভাবে না বরং রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রয়াসে দেশের সড়ক হবে নিরাপদ। নিরাপদ এবং উন্নয়নবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার, এ লক্ষ্যে আইনগত কাঠামো শক্তিশালীকরণের অংশ হিসেবে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন শুরু করছে।’

ভারতের সাথে ফ্লাইট চালু ২৮ অক্টোবর থেকে

0

আগামী ২৮ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ। বুধবার (১৪ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভারত আগে থেকেই ফ্লাইট চালুর জন্য বাংলাদেশকে এয়ার বাবল প্রস্তাব করলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২৮ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

জানা গেছে, গত মাসে ফ্লাইট চালু করতে প্রস্তাব দেয় ভারত। চুক্তিতে সপ্তাহে ভারতের পাঁচটি এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট পরিচালনার কথা বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকেও তিনটি এয়ারলাইন্সের সপ্তাহে ২৮টি ফ্লাইট চালানোর বিষয় প্রস্তাব দেয়া হয়। ভারত এই প্রস্তাবে সম্মত হলে আগামী ২৮ অক্টোবর থেকে চলবে ফ্লাইট।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৩টি এবং নভোএয়ারের একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মাধ্যমে লিখিত প্রস্তাব তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে পাঠানোর পদক্ষেপ নেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আবার বাড়লো স্বর্ণের দাম

0

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের স্ব‌র্ণের ভ‌রির দাম বে‌ড়ে ৭৬ হাজার ৩৪১ টাকায় দাঁড়ি‌য়ে‌ছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ডলারের নিম্নমুখী ভাব, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝেও চলতি বছর চার দফায় স্বর্ণের মূল্য কমানো হলেও বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক ১৫ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ফ্রান্সে শনিবার থেকে রাতে কারফিউ জারি

0

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বুধবার (১৪ অক্টোবর) প্যারিসসহ আটটি শহরে রাতের কারফিউ জারি করেছেন। চার সপ্তাহের এ কারফিউ শনিবার থেকে কার্যকর হবে। এক টেলিভিশন বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ম্যাঁক্রো একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়ে চার সপ্তাহ এই কারফিউ বহাল থাকবে।

দেশটিতে বুধবার নতুন করে ২২ হাজার ৯৫১ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিলেন।

তিনি বলেন, বসন্তকালের করোনা ভাইরাস সংক্রমণ আগের চেয়ে আলাদা। যা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। সে কারণে রাতের কারফিউ রাজধানী প্যারিস ছাড়াও মার্সেই, লিয়ন, লিলি, আইস-এন-প্রোভেনস, রুউন, টুলাউস, গ্রেনোবল এবং মন্টপিলিয়ার শহরের জন্য প্রযোজ্য হবে।

সংক্রমণের দ্বিতীয় ধাক্কা সামলাতে পুরো ইউরোপ জুড়েই এ ধরনের বিধি নিষেধ আসছে। নেদারল্যান্ডের বার ও রেস্তোরা গ্রিনিস মান সময় রাত ৮টা থেকে বন্ধ করা হচ্ছে।

উত্তর-পূর্ব স্পেনের কাটালোনিয়া বলছে সেখানে বৃহস্পতিবার থেকে বার ও রেস্তোরা ১৫ দিনের জন্য বন্ধ থাকবে। চেক রিপাবলিকে প্রতি লাখে ৫৮১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

বিবিসি জানায়, পুরো ইউরোপেই আক্রান্ত শনাক্ত সংখ্যা বাড়ছে। বুধবার রাশিয়ায় মারা গেছে ২৩৯ জন। এ সময় সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩২১ জন।

বিশ্বজুড়ে প্রায় ১১ লাখ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনা

0

বিশ্বজুড়ে ১১ লাখের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজারের বেশি প্রাণহানি হয়েছে।

বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ শনাক্তে হয়েছে রেকর্ড। আরও প্রায় ৩ লাখ ৮১ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। বিশ্বে ৩ কোটি ৮৭ লাখের বেশি মানুষ সংক্রমিত।

দ্বিতীয় দিনের মতো দৈনিক প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। ৯৬৭ জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ২২ হাজারের মতো। ব্রাজিলেও ৭ শতাধিক মানুষ মারা গেছেন একদিনে; দেশটিতে মোট মৃত্যু এক লাখ ৫২ হাজার।

দৈনিক সংক্রমণ শনাক্তে এখনও শীর্ষে ভারত। বুধবারও, ৬৮ হাজার মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস; মারা গেছেন আরও ৭শ’। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ১১ হাজার ছাড়ালো। এছাড়া, মেক্সিকো-আর্জেন্টিনা আর ইরানেও একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে।

এদিকে মহামারির বিস্তাররোধে প্যারিস’সহ ৯টি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করলো ফ্রান্স।

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ২ কোটি ৯১ লাখ মানুষ

0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৬ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৭ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২ কোটি ৯১ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃস্বাপতিবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১০ লাখ ৯৬ হাজার ৩২০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ১৭৩ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৮৪ লাখ ৫০ হাজার ৩৪৩ জন চিকিৎসাধীন এবং ৭০ হাজার ৮২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২ কোটি ৯১ লাখ ১২ হাজার ৪২৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

৩ দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী

0

কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করতে আজ বুধবার বিকেলে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। ভারতের নয়াদিল্লিতে তিন দিনের সফর শেষে তিনি ঢাকায় এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বিগান ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) সম্পর্কিত পারস্পরিক স্বার্থ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া আগামীকাল দুপুর ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কার্যালয় সূত্র জানায়, স্টিফেন ই বিগানের বাংলাদেশ সফরের সময় সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হবে। উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান শুক্রবার বাংলাদেশ ছেড়ে যাবেন।

সিলেটে নির্যাতনে অভিযুক্ত পুলিশকে বিচারের মুখোমুখি করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত হবে, দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুজব প্রতিরোধে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের কাছে তথ্য চাইলে মাঝে মাঝে সহযোগিতা পাওয়া যাচ্ছে। কেউ কেউ নিরাপত্তা বাহিনী, আদালত নিয়েও অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য তদন্তে সঠিকভাবে করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, বিচার সেটা আমাদের হাতে নয় এটা আদালত সিদ্ধান্ত নিবে এবং তারাও তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন। তারা এই সমস্ত ক্ষেত্রে বিচার ব্যবস্থা তাড়াতাড়ি করবেন।

তিনি আরও বলেন, আমি মনে করি এই আইনটি পাশ হয়েছে, আপনারা দেখেছেন এসিড নিক্ষেপ একটা রেগুলার প্র্যাকটিস এর মত হয়ে গিয়েছিলো সেই এসিড নিক্ষেপ এর ব্যাপারে আমরা যখন সর্বোচ্চ সাজা ঘোষণা করলাম এবং ২/১ টা রায় ও দিলাম তখন থেকে কিন্তু কমে গিয়েছিলো। তো আমিও সেটাই মনে করি যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক, এবং এটা কমে যাক এবং এই নির্যাতন থেকে নারীরা যেন মুক্তি পাই সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে।

ভুক্তভোগীরা সঠিক ভাবে বিচার পায় কিনা সে বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন আমরা সঠিক বিচার ব্যবস্থা করার চেষ্টা করছি। যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আরও সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর জন্য সিআইডি, পিবিআই তৈরি করেছি। যখন পুলিশ পারছে না তখন সেটা পিবিআই এর কাছে দিয়েছি সিআইডি এর কাছে দিয়েছি। আপনারা দেখেছেন কতগুলো জটিল সমস্যার সমাধান করেছে সিআইডি ও পিবিআই।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হল সবাই যেন সঠিক বিচার পায় সেদিকে লক্ষ্য রাখা। প্রধানমন্ত্রী আমাদেরকে সেভাবেই দিক নির্দেশনা দিয়েছেন। উন্নয়নের সাথে সাথে আমাদের আইন ব্যবস্থাও উন্নয়ন করার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।

পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় নতুনমাত্রা সিসিটিভি ফুটেজ

0

সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়ে এসেছে ওই ফাঁড়ির পাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজ।

এতে দেখা যায়, ১১ অক্টোবর রাত তিনটা ৯ মিনিটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে একটি অটোরিকশা থামে। পুলিশ সদস্যদের সাথে স্বাভাবিকভাবেই হেঁটে ফাঁড়ির ভেতরে প্রবেশ করেন রায়হান। সেখানে তিন ঘণ্টা ১৫ মিনিট রাখা হয় রায়হানকে। ভোর ৬টা ২৪ মিনিটে দুই পুলিশ সদস্যের সহযোগিতায় সিএনজিতে উঠতে দেখা যায় রায়হানকে।

অথচ রোববার দিনভর পুলিশ প্রচার করে, ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা ও গণপিটুনির পর ফাঁড়িতে ধরে আনা হয় রায়হানকে। পরিবারের বক্তব্য পাওয়ার পর ঘটনা মোড় নিতে থাকে অন্যদিনে।

স্বজনদের দাবি, ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারান রায়হান। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সিলেট কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।

পুনরায় ময়নাতদন্তের জন্য রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলা হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। বুধবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইয়ের তদন্ত দলের কর্মকর্তারা বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। গতকাল রায়হান হত্যা মামলা পিবিআইতে স্থানান্তরের নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। রাতেই মামলার নথি হস্তান্তর করে মহানগর পুলিশ।

এদিকে, রায়হানের স্বজনরা অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। তারা বলেন, গ্রেফতার করা হলে আরও অনেক সত্য বেরিয়ে আসবে। তাছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অনেক গুণীজন নিহত রায়হানের পরিবারের সাথে দেখা করেছেন।

শিক্ষাব্যবস্থায় অতিরিক্ত পরীক্ষা নির্ভরতা কমাতে হবে : শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাব্যবস্থাকে আমরা এমনভাবে তৈরি করতে চাই যেখানে অতিরিক্ত পরীক্ষা নির্ভরতা থাকবে না। আমরা মূল্যায়ন বলতেই পরীক্ষা বুঝি। সবার মধ্যে সনদ সর্বস্ব মানসিকতা রয়েছে। শিক্ষা একটা নিরানন্দ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বেরিয়ে আসতে হবে।

বুধবার এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অভিষেক ২০২০-২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনেক সময় পরীক্ষার মূল্যায়ন অনেক সময় শিক্ষার্থীদের মাঝে সামাজিক ও পারিবারিক চাপ তৈরি করে জানিয়ে মন্ত্রী বলেন, এই চাপ কমাতে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যেন শুধুমাত্র বইয়ের মধ্যে ডুবে না যায়, শিক্ষার্থীদের সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যেও নিজেদের ব্যস্ত রাখতে হবে।

এছাড়াও বিজ্ঞান শিক্ষায় টুলকিট সরঞ্জাম বৃদ্ধি করার কাজ করছে সরকার। এছাড়াও মুখস্থ নির্ভরতা কমাতে আগেই সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি আরো বলেন, আমাদের উন্নত মানসিকতা, মানবিকতা, দেশপ্রেম, আমার ইতিহাস, পরিবেশ সব কিছু সম্পর্কে জানতে হবে।

সামনে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ রয়েছে। ২০৩০ সালের টেকসই উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়ন করতে হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তা না হলে শিক্ষাব্যবস্থায় হাজার পরিবর্তন করেও কোন লাভ হবে না। শিক্ষায় মান উন্নয়ন করতে গেলে শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে পূর্বশর্ত আছে, কী কী প্রশিক্ষণ আছে তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। ডিজিটাল ক্লাসরুম নিয়েও আমরা কাজ করছি। এছাড়াও অবকাঠামো উন্নয়নে অনেক কাজ করছি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি পরীক্ষা নিয়ে যে কথা বললাম অনেক সময় পত্রিকায় ঠিক সেভাবে এলো না। অনেক সময় দু’একটা শব্দের পরিবর্তন হয়। যে কারণে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়ে যায়। এজন্য সাংবাদিককের বিনয়ের সঙ্গে সতর্ক থাকার আহবান জানান।

দীপু মনি বলেন, জাতির পিতা বলেছিলেন, শিক্ষায় বিনিয়োগ হচ্ছে সবচেয়ে উত্তম বিনিয়োগ। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেন। বিদ্যালয় ও জাতীয়করণের ক্ষেত্রে এজন্য আমরা বলি ‘সেই বঙ্গবন্ধু করেছিলেন, এরপর তার কন্যা করলেন’। শুধু শিক্ষায় নয় শিল্প, বিজ্ঞান সব জায়গাতেই একইভাবে উন্নয়ন হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, আমার শৈশব কেটেছে একটি পত্রিকার প্রেসের মধ্যে। এ কারণে যেকোনো অনুষ্ঠানেই সাংবাদিকরা যখন আমন্ত্রণ জানান আমার মধ্যে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়।

ইরাবের দায়িত্বে নতুন যারা এলেন তাদেরকে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান। এছাড়াও যারা পুরস্কার পেলেন তাদেরকে অভিনন্দন জানান।