Home Blog Page 2622

বিচারহীনতার সংস্কৃতি বিএনপির হাত ধরে চালু হয়েছে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে বিচারহীনতার সংস্কৃতি বিএনপির হাত ধরেই চালু হয়েছিল। তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। অনিয়ম-দুর্নীতি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। নারীর প্রতি অবমাননা ও ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকারের কঠোর মনোভাবের প্রতিফলন ঘটেছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশয়ের পথও চিরতরে বন্ধ করতে হবে।

মন্ত্রী বলেন, সরকার যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। অপরাধী কে, কোন দল করে, কতোটা প্রভাবশালী সেদিকে তাকিয়ে দেখে না। অপরাধীকে অপরাধী হিসেবে দেখে আইনের আওতায় আনে।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে নারী ও শিশু নির্যাতনের রেকর্ড করেছিল উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তখনকার সময়ে পূর্ণিমা, রহিমা, মাহিমা, ফাহিমাসহ হাজারও নারী নির্যাতনের শিকার হয়েছিল। বিএনপি তাদের বিচার তো করেইনি, বরং সংখ্যালঘু নির্যাতনের মাত্রা ও ধরন সব রেকর্ড অতিক্রম করেছিল। ২০০৪ সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল বিএনপির সময়। তখন তারা বিচার তো করেইনি, উল্টো পদে পদে বিচার বাধাগ্রস্ত করেছিল। একইভাবে তারা বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিল ইনডেমনিটি দিয়ে, যেভাবে পরবর্তীতে বন্ধ করেছিল ২০০১-২০০৬ আমলে ঘটে যাওয়া অসংখ্য হত্যাকাণ্ডের বিচার।’

একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশে-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ, রাষ্ট্র ও সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে এবং উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশবাসীকে এই মতলবি মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে এই মতলবি মহল অপপ্রচার করছে, নষ্ট করছে দেশের ভাবমূর্তি।’

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্বে ইতোমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বন্যা, ঘূর্ণিঝড়, করোনাকালেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাড়ছে রফতানি আয় ও প্রবাসী আয়ও।

ওবায়দুল কাদের দেশের অর্থনীতি করোনার নেতিবাচক প্রভাব থেকে ইতিবাচক ধারায় ফিরছে বলেও মন্তব্য করেন। দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এবার নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাবির অনশনরত সেই শিক্ষার্থী। তিনি এ তথ্য জানিয়েছেন।

এই শিক্ষার্থী এর আগে নুরুসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় নুরুল হক নুরের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, এখনো আদেশ দেননি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ অক্টোবর নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মামলার বাদীকে ‘দুশ্চরিত্রাহীন’ বলেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধর্ষণের নাটক করছে সেচ্ছায় একটি ছেলের সাথে বিছানায় গিয়ে’। এই মন্তব্য বাদীর জন্য অপমানজনক ও মানহানিকর।

গত ২০ সেপ্টেম্বর রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়।

২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নুরকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে রাত ১২টা ৩৫ মিনিটে তাকে ছেড়ে দেয়া হয়।

এর পর গত ৮ অক্টোবর নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন ওই ঢাবি ছাত্রী।

ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে ৭ নির্দেশনা হাইকোর্টের

0

গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আগে পরোয়ানা ইস্যুকারী আদালত থেকে এ বিষয়ে নিশ্চিত হয়ে পরোয়ানা কার্যকর করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

দেশের জনসাধারণের মাঝে ভুয়া গ্রেফতারি পরোয়ানা রোধে সরকারের সংশ্লিষ্টদের প্রতি এ বিষয়ে ৭ নির্দেশনা জারি করেছেন আদালত।

আদেশে বলা হয়েছে, ভুয়া গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধে পরোয়ানা ইস্যুর সময় প্রস্তুতকারী ব্যক্তিকে ফৌজধারি কার্যবিধির ধারা ৭৫-এর বিধান মতে ফরমে উল্লেখিত চাহিদা অনুযায়ী সঠিক ও সুস্পষ্টভাবে তথ্য দ্বারা পূরণ করতে হবে।

এ-সংক্রান্ত এক শুনানি নিয়ে বুধবার (১৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

দক্ষিণ এশিয়ায় জিডিপির প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ : আইএমএফ

0

২০২০ সালে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩ দশমিক ৮ শতাংশ।

একই সময় ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার সংকুচিত হবে ১০ দশমিক ৩ শতাংশ, পাকিস্তানের শূন্য দশমিক ৪ শতাংশ, শ্রীলংকার ৪ দশমিক ৬ শতাংশ, ভুটানের শূন্য দশমিক ৬ শতাংশ, মালদ্বীপের ৮ দশমিক ৬ শতাংশ, আফগানিস্তানের ৫ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল নেপালের প্রবৃদ্ধির হার অপরিবর্তিত থাকবে।

প্রতিবেদনে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৩ শতাংশ। একই সময় প্রতিবেশী ভারতের প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ, পাকিস্তানের ৫ শতাংশ, আফগানিস্তানের ৪ শতাংশ, শ্রীলংকার ৪ দশমিক ৮ শতাংশ, নেপালের ৫ শতাংশ, ভুটান ৬ শতাংশ এবং মালদ্বীপের ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হবে। অর্থাৎ এই হিসেবে অর্ধ দশক পরও দক্ষিণ এশিয়ায় জিডিপির প্রবৃদ্ধি সবেচেয়ে বেশি হবে বাংলাদেশে।

রিফাত হত্যা মামলা : অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোবর

0

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা করা হবে আগামী ২৭ অক্টোবর। আদালতে উপস্থাপিত রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডন শেষে এ রায়ের দিন ধার্য করেন আদালত।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায়ের তারিখ ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সকল আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ এই মামলার যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন করা হয়। এরপর যুক্তিতর্ক শেষ হলে আদালত আগামী ২৭ অক্টোবর এ মামলার রায়ের দিন ধার্য করেন। একই সঙ্গে এ মামলায় জামিনে থাকা আট আসামিকে নিজ নিজ আইনজীবীর জিম্মায় ফের জামিন মঞ্জুর করা হয়েছে।

অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ ওরফে রায়হান, ওলিউল্লাহ ওরফে অলি, জয় চন্দ্র সরকার ওরফে চন্দন, নাঈম, তানভীর হোসেন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, প্রিন্স মোল্লা, রাতুল শিকদার জয় ও আরিয়ান হোসেন শ্রাবণ।

গত ৩০ সেপ্টেম্বর বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্য চারজনকে খালাস দেওয়া হয়। এ রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করেন। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ছাড়েন তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই দিনই মারা যান।

ওই বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

0

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন এডওয়ার্ড বিগান তিন দিনের সফরে আজ বুধবার বিকালে ঢাকায় আসছেন। এর আগে তিনি সোমবার থেকে নয়াদিল্লি সফর করছেন। আজ নয়াদিল্লি থেকে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে বৃহস্পতিবার দুপুরে বিগান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বুধবার রাতে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে নৈশভোজ ও বৈঠকে যোগ দেবেন।

বিগানের সফর সূচিতে কোভিড ১৯ মহামারি মোকবিলায় বাংলাদেশের কার্যক্রম পর্যবেক্ষণে বৃহস্পতিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে এবং সেখানে তিনি হাসপাতাল কতৃপক্ষের কাছে মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করবেন।

বিগান ধানমন্ডি ৩২ নন্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিগান নয়া দিল্লিতে তিন দিনের সফর শেষ করে সেখান থেকে বুধবরা বিকালে এখানে পৌঁছবেন। ভারতে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে বৈঠক করছেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, বিগানের সঙ্গে বৈঠকে তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন জোরদারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়ে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবেন।

সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘তাদের (রোহিঙ্গা) দায়িত্ব কেবল আমাদের নয়, এটি গোটা বিশ্বের দায়িত্ব। রোহিঙ্গাদের অবশ্যই তাদের দেশে ফিরে যেতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজির অধীনে অবকাঠামো উন্নয়নে এখানে বিনিযোগের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেবে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইপিএস এর ব্যাপারে আমাদের কোন আপত্তি নেই, তবে আইপিএস কার্যকর করতে এখানে অবকাঠামো উন্নয়নে অবশ্যই তাদের (যুক্তরাষ্ট্র) এগিয়ে আসতে হবে।’

মোমেন বলেন, তিনি সম্ভাবনাময় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ইস্যুর বিষয়টি উপস্থাপন করবেন, কোভিডের কারনে এখানে যুক্তরাষ্ট্র দূতাবাস এখনো বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শিক্ষার্থী ভিসা প্রদান শুরু করতে পারেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারির কারণে আর্থিক বিপর্যয় থেকে দেশের আরএমজি খাতকে পুনরুদ্ধারে ঢাকা আগামী তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের (আরএমজি) শুল্কমুক্ত সুবিধা চাইবে।

এর আগে এখানে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার জন্য সমৃদ্ধি ভাগ করে নেয়ার পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুরক্ষা এবং আমাদের অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ অভিন্ন লক্ষ্য এগিয়ে নেয়ার বিষয়টি বাংলাদেশের সঙ্গে উপ-পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় গুরুত্ব পাবে।’

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ঢাকা ত্যাগ করবেন।

ইউক্রেনের বিপক্ষে হারল স্পেন

0

প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ভালো কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হতবাক করে পার্থক্য গড়ে দিলেন ভিক্তর তিশানকভ। অসাধারণ এক জয়ের আনন্দে মাঠ ছাড়ল আন্দ্রে শেভচেঙ্কোর দল।

কিয়েভে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ২১টি শট নেয় স্পেন, এর আটটিই ছিল লক্ষ্যে। বিপরীতে পুরো ম্যাচে ইউক্রেনের নেওয়া দুটি শটের একটি ছিল লক্ষ্যে এবং সেটাতেই ৩ পয়েন্ট নিশ্চিত। দুই জয় ও এক ড্রয়ের পর আসরে প্রথম হারের স্বাদ পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউক্রেনের এটি দ্বিতীয় জয়।

ম্যাচের শুরু থেকেই চাপ বাড়ানো স্পেন প্রথম ১৫ মিনিটে ভালো দুটি সুযোগ পায়। তবে তাদের দুটি প্রচেষ্টায় রুখে দেন হিয়োর্হি বুশচিন। ১২ মিনিটে রদ্রিগো মরেনোর হেড ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেওয়ার তিন মিনিট পর অরক্ষিত আনসু ফাতির জোরালো শটও কর্নারের বিনিময়ে ঠেকান ইউক্রেন গোলরক্ষক।

২১তম মিনিটে আবারও স্পেনকে হতাশ করেন বুশচিন। সার্জিও রামোসের দারুণ ফ্রি-কিক ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল। ঝাঁপিয়ে এক হাত দিয়ে ঠেকান দিনামো কিয়েভের এই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হারায় ইউক্রেন। সামনে একমাত্র বাধ ছিল গোলরক্ষক; কিন্তু ছয় গজ বক্সের বাইরে থেকে ঠিকমতো শট নিতেই পারলেন না ফরোয়ার্ড অলেকসান্দার জুবকভ। ৬৩তম মিনিটে রদ্রির শট পোস্টের নিচের দিকে লেগে বাইরে গেলে হতাশা বাড়ে স্পেনের।

খেলার ধারার বিপরীতে ৭৬তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় ইউক্রেন। বুশচিনের গোল কিকে মাঝমাঠে বল ধরে সামনে পাস বাড়ান ইয়ারমোলেঙ্কো। দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন মিডফিল্ডার তিশানকভ।

সুইজারল্যান্ডের বিপক্ষে জার্মানির হোঁচট

0

বাসেল থেকে কোলন, ম্যাচের চিত্রনাট্যেও এলো বদল। গোল উৎসবে জমে উঠল লড়াই। শুরুতে নিষ্প্রাণ খেলে দুই গোল হজম করল জার্মানি। ঘুরে দাঁড়িয়ে সমতা টানার পরক্ষণে গোল খেল আবারও। সে যাত্রায়ও গোল শোধ করে দুর্দান্ত প্রত্যাবর্তনের আশা জাগিয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে গোছালো ফুটবল খেলা সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা।

উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচে ছয় গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে।

আগের ম্যাচে স্পেনের কাছে হেরে আসা সুইজারল্যান্ড পঞ্চম মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায়। কর্নারে রেমো ফ্রয়লার হেড করার পর আরেক হেডে জাল খুঁজে নেন মারিও গাভরানোভিচ। অগোছালো ফুটবল খেলা জার্মানি নিজেদের ভুলে ১৫ মিনিটে আবার গোল খেতে বসেছিল। চিপ করে সতীর্থকে বল দিতে গিয়েছিলেন গোলরক্ষক মানুয়েল নয়ার। একটু লাফিয়ে বলের নিয়ন্ত্রণ নেওয়া হারিস সেফেরোভিচের প্রচেষ্টা ফিরিয়ে দেওয়ার পর গাভরানোভিচের শটও পা দিয়ে আটকান নয়ার।

২৬তম মিনিটে জার্মানি গোল হজম করে নিজেদের ভুলে। মাঝমাঠে টনি ক্রুস বল হারানোর পর জেরদান শাচিরি তা বাড়ান সেফেরোভিচকে। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ক্রস আলতো টোকায় পোস্ট ছেড়ে বেরিয়ে আসা নয়ারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন ফ্রয়লার। জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার লাফিয়ে চেষ্টা করেছিলেন, শেষ রক্ষা হয়নি।

দুই গোল হজমের পর ২৮তম মিনিটে ঘুরে দাঁড়ানো গোলের দেখা পায় জার্মানি। কাই হাভার্টজ থেকে পাওয়া বল নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যে পৌঁছে দেন টিমো ভেরনার। প্রথমার্ধের শেষ দিকে ক্রুসের শট বাইরের জাল কাঁপায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানির হাভার্টজের শট পোস্টে লেগে ফেরার পর ৫৫তম মিনিটে সমতা টানে ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে কোনাকুটি শটে লক্ষ্যভেদ করেন হাভার্টজ। পরের মিনিটে ফের এগিয়ে যায় সুইসরা। ছোট ডি-বক্সের ভেতর থেকে সেফেরোভিচের দুটি প্রচেষ্টা ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি নয়ার। বল পেয়ে যান গাভরানোভিচ। বুলেট গতির শটে নয়ারকে পরাস্ত করেন দিনামো জাগরেভের এই ফরোয়ার্ড।

চার মিনিট পরই ভেরনারের ব্যাক পাসে সের্গে জিনাব্রির বুদ্ধিদ্বীপ্ত ব্যাক হিল দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়। আবারও সমতার স্বস্তি ফিরে জার্মান শিবিরে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইউলিয়ান ড্রাক্সলারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইজারল্যান্ডের ফাবিয়ান স্কার। ক্রুসের ফ্রি-কিক জার্মানিকে এনে দিতে পারেনি জয়সূচক গোল।

নানিয়ারচরে সেনা টহলে হামলা : ২ সন্ত্রাসী নিহত

0

রাঙামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলায় এক সেনা সদস্য আহত হওয়ার পর পাল্টা হামলায় হামলাকারীদের দুজন নিহত হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যায় রাঙামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্যরা। এ সময় পার্শ্ববর্তী আরেকটি অবস্থান থেকে সেনা টহলের ওপর গুলিবর্ষণ করা হলে সৈনিক শাহাবুদ্দিন (২৮) গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীদের মধ্যে দুজন নিহত হয়েছে।

আহত সেনা সদস্য শাহাবুদ্দিনকে প্রথমে রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে নেয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত দুজনই পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের কর্মী বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, সেনাবাহিনীর একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। তখন একজন সেনা সদস্য আহত এবং দুজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জেনেছি আমরা। পুলিশ সেখানে গেছে।

নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলের জয়

0

নেইমারের হ্যাটট্রিকে সেলেসাওরা পেরুকে হারিয়েছে ব্রাজিল। দুইবার পিছিয়ে পড়েও ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

পেরুর মাঠে ম্যাচের শুরুতেই হোচট খায় তিতের শিষ্যরা। ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আন্দ্রে কারিয়ো। তবে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে সমতায় ফেরান নেইমার।

৫৯তম মিনিটে রেনাতো তাপিয়ার গোলে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিল। এবারও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রবার্তো ফিরমিনোর পাস থেকে ব্রাজিলকে সমতায় ফেরান রিচার্লিসন। আর ম্যাচের অন্তিম মুহুর্তে জ্বলে ওঠেন নেইমার। ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন পিএসজি ফরোয়ার্ড।

এগিয়ে থাকার পরও উল্টো পিছিয়ে পড়ে ম্যাচের শেষদিকে ৯ জনের দল হয়ে পড়ে পেরু। উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে ৮৬তম মিনিটে তাদের কার্লোস চাচেদা এবং ৮৯তম মিনিটে কার্লোস জামব্রানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

সেই সুযোগে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। যোগ করা চতুর্থ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তিনি। সেই সঙ্গে দুর্দান্ত মাইলফলক গড়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে রোনালদো নাজারিওকে টপকে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছেন তিনি। নেইমারের ওপরে আছেন কেবল ৯২ ম্যাচে ৭৭ গোল করা ফুটবল কিংবদন্তি পেলে। ফেনোমেনন খ্যাত রোনালদো ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল। নেইমারের গোল সংখ্যা দাঁড়ালো ৬৪। তার জন্য তাকে খেলতে হয়ছে ১০৩ ম্যাচ।