Home Blog Page 2624

রাকেশ রোশনের ওপর গুলি চালানো সেই শার্পশ্যুটার আটক

0

অবশেষে গ্রেফতার করা হলো কুখ্যাত অপরাধী সুনীল গায়কোয়াড়কে। ২০ বছর আগে, ২০০০ সালে মুম্বাইতে পরিচালক রাকেশ রোশনের ওপর গুলি চালিয়েছিল এই শার্পশ্যুটার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামী কিছুদিন আগেই প্যারোলে ছাড়া পেয়েছিল। কিন্তু জুলাইতে প্যারোলের মেয়াদ শেষ হয়ে গেলেও ফিরে আসার বদলে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল সুনীল। অবশেষে তিন মাস অনুসন্ধানের পর গত শুক্রবার মহারাষ্ট্রের কালওয়া -র পারসিক সার্কেল এলাকা থেকে মুম্বই পুলিশের জালে ফের ধরা পরে গায়কোয়াড়।

পিটিআই র তরফে জানা গেছে, গোপন সূত্রে সুনীলের পারসিক সার্কেলে আসার খবর পৌঁছায় পুলিশের কাছে। সেই মতো ছক কষে অত্যন্ত সাবধানে পা ফেলে এগোন অফিসাররা। সেন্ট্রাল ক্রাইম ইউনিটের সিনিয়র অফিসার অনিল হনরাও জানিয়েছেন সুনীলের মাথার ওপর ১১টি খুন এবং প্রায় সাতটি খুনের চেষ্টার মামলা ঝুলে রয়েছে। এরই একটি হল ২০০০ সালে সংঘটিত বলি অভিনেতা ঋত্বিক রোশনের বাবা রাকেশকে হত্যার চেষ্টার মামলা।

গত ২৬ জুন আঠাশ দিনের প্যারোলে জেলের বাইরে এসেছিল বর্তমানে নাসিক জেলের আসামী সুনীল। কিন্তু মেয়াদ পেরিয়ে গেলেও জেলে না ফিরে উল্টে গা ঢাকা দেয় সে। জানা গিয়েছে ৫২ বছরের এই কুখ্যাত সমাজবিরোধী আলি বুদেশ এবং সুভাষ সিং ঠাকুর -র গ্যাং-এর সাথে যুক্ত। এছাড়াও তার বিরুদ্ধে একটি ডাকাতিতে যুক্ত থাকার অভিযোগও রয়েছে এই অপরাধীর বিরুদ্ধে,যেখানে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলো সুনীল ।

প্রসঙ্গত, পুত্র হৃত্বিকের ডেবিউ ছবি কহনা পেয়ার হ্যায়র সাফল্যের পরেই সেই বছর জানুয়ারিতে নিজের সান্তা ক্রুজের অফিসের সামনেই গুলিবিদ্ধ হন পরিচালক রাকেশ রোশন। অফিস থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালানো হয়েছিল , যার দুটি বুলেট গায়ে লাগে পরিচালকের। তার গাড়ির চালকের তৎপরতায় তৎক্ষণাৎ তাঁকে নিয়ে গিয়ে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা যায় একটি বুলেট পরিচালকের হার্টের মাত্র কয়েক মিলিমিটার দূরত্বে বেরিয়ে গিয়েছিল।ভাগ্যের জোরে প্রাণে বাঁচেন পরিচালক।

সঙ্কটে সৌমিত্র, নতুন করে জ্বর

0

ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসা পরিভাষায় অবস্থা সঙ্কটজনক। ফেলুদার মস্তিষ্কে করোনা জনিত সংক্রমণের কারণে তৈরি হওয়া স্নায়ু অস্থিরতাই এখন তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক করে তুলেছে। তবে এখনো তার শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ভালো পর্যায়েই রয়েছে। সেগুলি স্বাভাবিক কাজকর্ম করছে। কিন্তু নিউরোলজিক্যাল অর্থাৎ মস্তিষ্কের স্নায়ু সংক্রান্ত সমস্যা এই মুহূর্তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থাকে সঙ্কটজনক করে তুলেছে। সেই কারণে চিকিৎসকেরা ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার যাবতীয় ব্যবস্থাও প্রস্তুত রেখেছেন।

হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও আচ্ছন্নভাব কাটেনি অভিনেতার। কিছুটা অস্থিরতা রয়েছে। উত্তেজিতও হয়ে পড়ছেন সৌমিত্র। এটাই এখন মূল সমস্যা। দেহের অন্যান্য অঙ্গ ঠিকঠাকই কাজ করছে। বরং তা উন্নতিই করছে বলা যায়। তবে ফের জ্বর এসেছে। এটা একটা ভাবনার কারণ।

সোমবার সকাল থেকেই বারেবারে চেষ্টা করা হয়েছিল তাঁর মস্তিষ্কের এমআরআই করানোর। অবশেষে দুপুরের পর তা সম্ভব হয়। এমআরআই রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা খুঁটিনাটি পরীক্ষা করে দেখেন। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রের খবর, একটা পর্যায়ে উত্তেজিত থাকা, এজিটেটেড হওয়া এবং আচ্ছন্নভাব এগুলো রয়েই যাচ্ছে। পূর্ণমাত্রায় সচেতন নন। মঙ্গলবার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের অধীনে চিকিৎসা চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তিনি বলেন,”সৌমিত্র চট্টোপাধ্যায় ভালো নেই। শ্বাসযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক নয়। কারণ ফুসফুসে সংক্রমণ রয়েছে। আচ্ছন্ন ভাব রয়েছে। পূর্ণ মাত্রায় সচেতন নন তিনি। আজকে জ্বর এসেছে । সেটা চিন্তার কারণ। এখনো পর্যন্ত তাকে কোনো লাইফ সাপোর্ট দেওয়া হয়নি। সোমবার অর্থাৎ আজ এমআরআই করা হয়েছে মস্তিষ্কে। সেখানে কোন কিছু তাৎপর্যপূর্ণ বিষয় পাওয়া যায়নি। অভিনেতার মস্তিষ্কের নিউরোলজিক্যাল পরিস্থিতি ভালো নয়। সেটাই চিন্তার কারণ। তবে আমরা চিকিৎসকেরা আশাবাদী যে তিনি সুস্থ হয়ে উঠবেন। কারণ তার শরীরের সমস্ত অর্গান সিস্টেম এখনো ভালো পর্যায়ে রয়েছে। স্বাভাবিক কাজকর্ম করছে। করোনা ততটা বিপজ্জনক পর্যায়ে নেই।”

প্রাথমিকে সহকারী শিক্ষকদের সবাই পেলেন ১৩তম গ্রেড

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সবাইকে জাতীয় বেতন কাঠামোর ১৩তম গ্রেড দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার (১২ অক্টোবর) সবার গ্রেড উন্নীত করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।

ওই আদেশে বলা হয়, অর্থ বিভাগের সম্মতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণ বিহীন) থেকে গ্রেড-১৩ তে উন্নীত করা হয়।

অর্থ বিভাগের সম্মতিপত্রে ৫ নম্বর কলাম থেকে জানা গেছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল অনুযায়ী পদ পূরণযোগ্য’ এবং ১ নম্বর শর্তে বলা হয়েছে ‘উপরের ৪ নম্বর কলামে নির্ধারণকৃত বেতন গ্রেড ৫ নম্বর কলামে প্রদর্শিত যোগ্যতা/অভিজ্ঞতা অনুযায়ী কার্যকর হবে’। অর্থাৎ ২০১৯ সালের নিয়োগবিধি অনুযায়ী যারা নব নিয়োগপ্রাপ্ত হবেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার এ শর্ত প্রযোজ্য হবে।

আদেশে আরও বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুযায়ী সহকারী শিক্ষকের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কিন্তু ইতোপূর্বে ‘প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ১৯৮৩’তে শিক্ষাগত যোগ্যতা ছিল নারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বিধিমালা, ১৯৯১’তে শিক্ষাগত যোগ্যতা ছিল নারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা, ২০১৩’তে শিক্ষাগত যোগ্যতা ছিল নারী প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক।

২০১৯ সালের পূর্বের নিয়োগবিধির আওতায় যারা নিয়োগ পেয়েছেন, তারা ওই নিয়োগবিধিতে যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত ছিল সে অনুযায়ী নিয়োগ পেয়েছেন। ওই সব শিক্ষকের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। কাজেই ওই সব বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত সব সহকারী শিক্ষক অর্থ বিভাগের সম্মতিপত্রের ১ নম্বর শর্তে উল্লিখিত যোগ্যতা/অভিজ্ঞতা অনুযায়ী বেতন গ্রেড-১৩ পেতে পারেন বলে গণশিক্ষা মন্ত্রণালয় মনে করে।

কিন্তু যে সব অভিজ্ঞ সহকারী শিক্ষক ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ এর আওতায় নিয়োগপ্রাপ্ত হননি এবং স্নাতক ডিগ্রি বিহীন, তারা বেতন গ্রেড-১৩ তে বেতন নির্ধারণ করতে পারছেন না বলে জানা গেছে। এতে মাঠ পর্যায়ে শিক্ষকদের মধ্যে হতাশা বা ক্ষোভ বিরাজ করছে।

গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, শিক্ষাবান্ধব সরকারের এরকম একটি উদ্যোগ বাস্তবায়নের জন্য কোমলমতি শিশুদের শিক্ষাদানে নিয়োজিত শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৯ সালের নিয়োগবিধি জারি হওয়ার পূর্বের নিয়োগবিধি অনুযায়ী যারা সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পেয়েছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে বেতন গ্রেড-১৩ এর সুবিধা পাওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সামাজিক মাধ্যমে অপপ্রচার চালালে আইনানুগ ব্যবস্থা

0

দেশ-বিদেশে অবস্থান করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অপপ্রচার পরিচালনাকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, দেশ ও বিদেশ হতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পর্কে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।’

‘নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছে’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এতে দেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, জনমনে উদ্বেগ, বিদ্বেষ ও বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘সরকার ধৈর্যের সঙ্গে এসব অপপ্রচারকারী ও তাদের সহযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দেশের স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনস্বার্থে এসব অপকর্ম সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে অধ্যাদেশ জারি

0

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অধ্যাদেশ জারির মাধ্যমে মঙ্গলবার থেকেই এটি আইনে পরিণত হলো।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতি অধ্যাদেশে সই করেন বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে গতকাল সোমবার (১২ অক্টোবর) ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০০০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এদিন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানান, মঙ্গলবার রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি কার্যকর করা হবে। তিনি জানান, যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই, তাই সরকার সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

সংসদ অধিবেশন না থাকায় সরকার অধ্যাদেশ আকারে আইনটি জারি করল। সংসদের পরবর্তী অধিবেশনে এই অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। আইনটি বলবত্ রাখতে চাইলে পরে বিল আকারে তা আনবে সরকার।

২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এতদিন ছিল যাবজ্জীবন কারাদণ্ড। আর ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু হলে বা দলবেঁধে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। পাশাপাশি দুই ক্ষেত্রেই রয়েছে অর্থ দণ্ডের বিধান।

এ আইনে শাস্তির মাত্রা বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান করার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার ও রায় কার্যকর করার জন্য আইন সংশোধনের দাবি দীর্ঘদিন ধরেই করা হচ্ছিল বিভিন্ন সংগঠনের তরফ থেকে।

মন্ত্রিসভায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) উপ-ধারা সংশোধনের প্রস্তাব করা হয়। সেখানে এতদিন বলা ছিল- যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, তাহলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্ধদণ্ডে দণ্ডিত হবেন।

আইন সংশোধনে ‘যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড’ শব্দগুলোর পরিবর্তে ‘মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড’ শব্দগুলো প্রতিস্থাপিত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ এর ১ (গ) ধারায় যৌতুকের জন্য সাধারণ জখম করার ঘটনা আপসযোগ্য ছিল না। সংশোধনে সেটা আপসযোগ্য করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

এ আইনের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সাত দিন থেকে এক মাস এবং মামলা নিষ্পত্তির জন্য একশ আশি দিন (ছয় মাস) সময় বেঁধে দেওয়া থাকলেও বাস্তবে ওই সময়ের মধ্যে রায় দেওয়া সম্ভব হয় না।

তাছাড়া ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের এক একটি ঘটনা কিছু দিন পর পর সারা দেশকে নাড়া দিয়ে গেলেও এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির নজির কম।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৬ বছরে ধর্ষণের ঘটনায় ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টার থেকে মামলা হয়েছে ৪ হাজার ৫৪১টি। এর মধ্যে আসামির শাস্তি হয়েছে মাত্র ৬০টি ঘটনায়।

অধ্যাদেশ অনুযায়ী, ধর্ষণ ছাড়া সাধারণ জখমের ক্ষেত্রে অপরাধ আপসযোগ্য হবে। এছাড়া আগের আইনে ১৯৭৪ সালের শিশু আইনের রেফারেন্স ছিল। এখন সেখানে হবে ‘শিশু আইন, ২০১৩’।

আগের আইনের ৩২(১) বলা হয়েছে, ‘এই আইনের অধীন সংঘটিত অপরাধের শিকার ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা সরকারি হাসপাতালে কিংবা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালে সম্পন্ন করা যাইবে।’

এতে আরও বলা হয়, ‘কোনো হাসপাতালে এই আইনের অধীন সংঘটিত অপরাধের শিকার ব্যক্তির চিকিত্সার জন্য উপস্থিত করা হইলে, উক্ত হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাহার মেডিকেল পরীক্ষা অতিদ্রুত সম্পন্ন করিবে এবং উক্ত মেডিকেল পরীক্ষা সংক্রান্ত একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করিবে এবং এইরূপ অপরাধ সংঘটনের বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করিবে।’

৩২ ধরায় সংশোধন এনে বলা হয়েছে, ‘অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা’র পরিবর্তে ‘অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা’ করা হয়েছে। ‘অপরাধের শিকার ব্যক্তির’ পরিবর্তে করা হয়েছে ‘অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া’।

সংশোধিত আইনে ‘অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষা’ শিরোনামে ৩২(ক) নামে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, এ আইনের অধীন সংঘঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তি মেডিকেল পরীক্ষা (ধারা-৩২ এর অধীন) ছাড়াও ওই ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক ‘ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) আইন, ২০১৪’ এর বিধান অনুযায়ী ডিএনএ পরীক্ষা করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অডিও ক্লিপ সুপার এডিটেড : নিক্সন

0

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রত্যাখ্যান করে ফরিদপুর জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন এই তিন উপজেলা নিয়ে আমার নির্বাচনী এলাকা। চরভদ্রাসন থেকে আমার বাড়ি প্রায় ৪০ কিলোমিটার দূরে। নির্বাচন চলাকালে এমনকি নির্বাচনী প্রচার প্রচারণার সময় আমি চরভদ্রাসন এলাকায় যাইনি। ভোট শেষ হওয়ার পর প্রশাসনের তাণ্ডবে ক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করতে গিয়েছিলাম, সেটাও প্রশাসনের অনুরোধে।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার তিনজন টিএনওর সঙ্গে আমার ভাই-বোনের সম্পর্ক। এ নির্বাচনে আমাদের প্রার্থী ছিল, সেই প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা কাজ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বক্তব্য ও ইউএনওর সঙ্গে কথা বলার অডিও ক্লিপ সুপার এডিটেড বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার যে বক্তব্য ও কথা প্রকাশিত হয়েছে, এটা পুরোপুরিভাবে এডিট করা। বেলা ১১টার দিকে আমি টিএনওকে ফোন করেছিলাম, আমার একজন কর্মী মাঠে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, সেই অপরাধের জন্য ম্যাজিস্ট্রেট এবং বিজিপি ধরে নিয়ে গিয়েছিল। সেই বিষয়টা অবগত করার জন্যই আমি ফোন করেছিলাম। যেটা ছড়ানো হয়েছে সেটা সুপার এডিট করা।

নিক্সন বলেন, আপনারা এখানে দেখতে পারবেন যে টিএনওর সঙ্গে আমার আলাপটা দেয়া হয়েছে। টিএনও একজন বিসিএস ক্যাডার। যদি আমার সঙ্গে টিএনওর কথা সোশ্যাল মিডিয়ায় দেয়া হয়, ওনি তো আইন সম্পর্কে সব জানেন। হাইকোর্টে সুস্পষ্ট ব্যাখ্যা আছে, রায় আছে সেখানে কারও ফোনের রেকর্ড সোশ্যাল মিডিয়ায় দেয়া যাবে না। আমার টিএনও এত বোকা না, যে তিনি আইনের লোক হয়ে আইন ভঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় এটা দিয়ে ভাইরাল করবে। এখন পর্যন্ত আমার টিএনওর কোন বক্তব্য কিন্তু আসেনি।

তিনি বলেন, আমি মনে করি, উনার সঙ্গে আমার এ রকম আচরণ করার কোন প্রশ্নই উঠে না। যে অডিও ক্লিপ বানানো হয়েছে, এটা পুরো ভিত্তিহীন। আপনারা চরভদ্রাসনের ইউএনকে জিজ্ঞাসা করেন, আমি এমন কোন আচরণ করেছি কি-না। হ্যাঁ আমি, ফোন করেছিলাম একজনকে ধরে নিয়ে গেছে সেই বিষয়ে। আমার শত্রু পক্ষ ভয়েস এডিট করেছে।

এ সংসদ সদস্য বলেন, আপনারা জানেন কিছু দিন আগে ফরিদপুরে বরকত-রুবেলের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যে ব্যবস্থা নিয়েছিল আমি সর্ব প্রথম সমর্থন করেছিলাম। দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে অনেক বড় বড় নেতা আছেন সবাই এক হয়ে এই ষড়যন্ত্রটা করেছেন। এই যে আমার টিএনও আপা- উনার সঙ্গে আমার কিন্তু মধুর সম্পর্ক।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের অনুরোধে নির্বাচনী এলাকার একটি রাস্তায় দাঁড়িয়ে নেতাকর্মীদের কোন ধরনের গণ্ডগোল না করার নির্দেশনা দিয়েছেন বলে দাবি করেন নিক্সন চৌধুরী।

নিক্সন চৌধুরী বলেন, চরভদ্রাসন উপজেলায় উপনির্বাচন পরিচালনার জন্য চারজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হলো। নির্বাচনের দিন দেখা গেল সেখানে ১৩ জন ম্যাজিস্ট্রেট দেয়া হলো। এই ম্যাজিস্ট্রেটরা সারাদিন আমার নেতাকর্মীদের ওপর তাণ্ডব চালিয়েছে, নৌকার ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। এর প্রতিবাদে নেতাকর্মীরা টিএনও কার্যালয়ে গিয়েছিল। প্রশাসন থেকে আমাকে রিকোয়েস্ট করে নিয়ে গেছে। আমি নির্বাচনে বিধি অমান্য করিনি। কারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নেতাকর্মী এবং ভোটারদের শান্ত করতে রাস্তায় দাঁড়িয়ে তাদের বুঝিয়েছি।

তিনি বলেন, আমি উপজেলা থেকে তাদের সরিয়ে ২ কিলোমিটার দূরে শান্ত করার জন্য হাত জোর করে অনুরোধ করেছি। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, তারা সারাদিন যা করেছে তার বিচার আমি দেব।

ফরিদপুর জেলার ডিসি নির্বাচনে পক্ষপাতিত্ব ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে বিচার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন নিক্সন।

তিনি বলেন, আরেকটা বিষয় আমি জানাতে চাই, এই নির্বাচনে আপনারা খবর নিয়ে দেখবেন বিএনপির বিদ্রোহী প্রার্থী একটা অভিযোগও করেনি যে- কেউ খারাপ আচরণ করেছে, নির্বাচনে কোন বাধা সৃষ্টি করা হয়েছে, কেউ হুমকি দিয়েছে, কেউ কোনো ভয়ভীতি দেখিয়েছে। তাহলে চারজন ম্যাজিস্ট্রেটের জায়গায় ইলেকশনের আগের দিন ১৩ জন কেন দেয়া হলো? তারপরও ১৩ জন দিয়েছে তাতে সমস্যা নেই। নির্বাচন সুষ্ঠু হয়েছে এর জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু চারজনকে নির্বাচন কমিশনকে চাওয়ার চিঠি আছে, ১৩ জনের কি সেই চিঠি আছে?

তিনি বলেন, সারা দিনে বিজিবি নিয়ে ম্যাজিস্ট্রেটরা যে অবস্থা করেছেন, এর মধ্যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কিন্তু নির্বাচনের দিন সকালে অনেক সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মারমুখী অবস্থান নেয়। নিরীহ ভোটাররা ভীত হয়ে পড়ে। অনেক ভোটার ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলে। অনেক সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পেশকারদের ভোট কেন্দ্রের ভেতরে বসে থাকতে দেখা যায়।

সংসদ সদস্য বলেন, আমার অনেক কর্মীকে বিনা কারণে আটক করে জরিমানা করেন। তিনজন নৌকার এজেন্টকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। বিষয়টা হলো ১৩ জন ম্যাজিস্ট্রেটকে আনা হয়েছে, অথচ বিগত দিনে যত নির্বাচন হয়েছে একজন ম্যাজিস্ট্রেটের বেশি কাজ করেনি। প্রতিটা সেন্টারে বিজিবি সদস্যদের নিয়ে আতঙ্ক তৈরি করেছে যেন ভোটাররা না আসে। যেই কেন্দ্রগুলোতে নৌকার ভোটার বেশি সেখানেই তাণ্ডব চালিয়েছে। এর জন্য ডিসিরও বিচার চাওয়া আমার গণতান্ত্রিক অধিকার। বিএনপির বিদ্রোহী প্রার্থী চর এলাকায়, সেখানে কোন তাণ্ডবও করে নাই। সেখানে কোন গ্রেফতারও নাই।

তিনি বলেন, উনারা আমার সমর্থনের প্রার্থীকে ঠেকানোর জন্য বিএনপির প্রার্থীকে জেতাতে ডিসি সাহেবের নেতৃত্বে এই তাণ্ডবগুলো চালানো হয়েছে। আমি কোন আইন ভঙ্গ করে থাকলে অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে। আইন তো ডিসিও ভঙ্গ করেছে। সে কি পারে ৪৮ ঘণ্টা অতিক্রম হওয়ার আগে আমার বাড়িতে টিএনওকে পাঠাতে? যদি আমার একার বিরুদ্ধে মামলা হয় তাহলে ডিসির বিরুদ্ধেও মামলা হবে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ফরিদপুর জেলার ডিসিও আচরণবিধি ভেঙেছে বলে দাবি করেছেন এমপি নিক্সন।

নিক্সন বলেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনোভাবেই এই ৪৮ ঘণ্টার মধ্যে আমার বাড়ি আসতে পারে না। আমার বাড়িতে হাজার হাজার মানুষ ছিলেন সবাই দেখেছে। টিএনও আপা নিজেও স্বীকার করবেন, যে ডিসি সাহেব নির্দেশ দিয়ে আমার বাড়ি পাঠিয়েছিলেন। তাহলে ডিসি সাহেবও আচরণবিধি লঙ্ঘন করেছেন।

তিনি বলেন, আমার ফোনে অনেক ক্লিপ আছে। ডিসি ও টিএনও আমার সঙ্গে কথা বলেছে এবং ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে অনেক রেকর্ডিং আছে, আমি তো সেগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি না। আমি তো হাইকোর্টের রোল অবমাননা করতে পারি না। যেই ক্লিপগুলো অনিয়ম করার জন্য ডিসি টিএনওকে প্রেসার করেছে, সেই ক্লিপগুলো আমার কাছে আছে। আমি জায়গা মতো সেই ক্লিপগুলো অবশ্যই দেব। যদি আমার দরকার মনে হয়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক সুগভীর, বহুমাত্রিক ও রক্তের অক্ষরে লেখা : তথ্যমন্ত্রী

0

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সুগভীর, বহুমাত্রিক ও রক্তের অক্ষরে লেখা’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে আসা ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তথ্যসচিব কামরুন নাহার ও মন্ত্রীর দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম ও অতুলনীয়, যার সাথে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা চলে না। আমাদের দু’দেশের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা, কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের সৈন্যরা রক্ত দিয়েছেন। আমাদের এক কোটি মানুষকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন এই ইতিহাসের পাতায় এটি লিপিবদ্ধ থাকবে।’

বৈঠকের ওপর আলোকপাত করে মন্ত্রী বলেন, ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি মুজিববর্ষের মধ্যেই সমাপ্ত করার পরিকল্পনা এবং বাংলাদেশি পরিচালক ও ভারতীয় সহ-পরিচালকের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের ওপরে যৌথভাবে প্রামাণ্যচিত্র নির্মাণ নিয়ে আমরা আলোচনা করেছি।

ভারতের ত্রিপুরা ও মেঘালয়ে বিটিভি এবং বাংলাদেশের প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো দেখা গেলেও পশ্চিমবাংলাসহ সমগ্র ভারতে দেখার ব্যবস্থা করা নিয়েও আলোচনা হয়েছে জানান মন্ত্রী। তিনি বলেন, একইসাথে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে যাতে উভয় দেশ উপকৃত হয় বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যাতে চট্টগ্রাম বন্দর সহজে ব্যবহার করতে পারে, সেখানে সড়ক ও রেল সংযোগ যাতে দ্রুত চালু হয়, সে নিয়ে আলোচনা হয়েছে।

একইসাথে দু’দেশের মধ্যে সাংবাদিকদের সফর বিশেষ করে নারী সাংবাদিকদের প্রশিক্ষণ আদান-প্রদানসহ গণমাধ্যম খাতের অবকাঠামোগত উন্নয়ন ও চলচ্চিত্র আমদানি-রপ্তানি নিয়েও আলোচনার কথা জানান ড. হাছান। এসময় নতুন ভারতীয় হাইকমিশনার খানিক বাংলাও বলতে পারেন, উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

ধর্ষণ অপরাধের বিরুদ্ধে কঠোরতম অবস্থানে সরকার

সাংবাদিকরা এসময় ধর্ষণ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান রেখে আইন সংশোধনের বিষয়ে বিএনপি’র নেতিবাচক মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, আপনার কথা অনুযায়ী বিএনপি যে বক্তব্য রেখেছে, তাতে প্রশ্ন জাগে- তাহলে কি আইন সংশোধনটা বিএনপি’র পছন্দ হয়নি! সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড রেখে আইন সংশোধন করেছে এটি দমনের জন্য, কারণ আপনারা জানেন বাংলাদেশে যখন এসিড নিক্ষেপ বেড়ে গিয়েছিল, তখন সেটির কঠোর শাস্তির বিধান রেখে আইন করার পর তা আর প্রায় ঘটেই না।

শুধুমাত্র আইন সংশোধন করার মধ্যেই আমাদের কর্মকান্ড সীমাবদ্ধ রাখবো না, বিচার যাতে দ্রুত হয়, সেটির ওপরও সরকার গুরুত্বারোপ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে বলেন, এসবের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিনোদন প্লাটফর্মগুলোতে আমাদের কৃষ্টি, সংস্কৃতি এবং সমাজের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো উপাদান যদিএই ব্যধি ছড়ানোতে ইন্ধন দেয়, সেগুলোর ব্যাপারেও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

‘পাশবিকতা’ রুখতেই ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অ্যাসিড সন্ত্রাসের মতো ধর্ষণ নামের ‘পাশবিকতা’ রুখতেই সরকার আইন সংশোধন করে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করেছে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ষণ একটা পাশবিকতা, মানুষ পশু হয়ে যায়। যার ফলে, আমাদের মেয়েরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে ধর্ষণ করলে যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান রেখে কেবিনেটে সেই আইন পাস করেছি।

তিনি বলেন, জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেটাও কিন্তু আমরা মোকাবেলা করেছি। পাশাপাশি এসিড নিক্ষেপ, সেটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেখানে আমরা আইন সংশোধন করেছিলাম।

একই কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্ষণ একটা… মানে… আমি বলব, একটা মানুষ পশু হয়ে যায়। সেই জন্যই তাদের মধ্যে এই পাশবিকতা। তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করি। ধর্ষণ করলে সেখানে যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতোমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাস করে দিয়েছি। যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি।

সংসদ নেতা বলেন, যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবিলা করা এবং দূর করাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মহিলা ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ -২০২০’ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আজ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আজকে সমগ্র বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে।’

এ সময় করোনাকে আরেকটি দুর্যোগ আখ্যায়িত করে তিনি বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের দিকে ইঙ্গিত করে বলেন, তাদেরকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে অনেক সময় মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে হয়।

‘মানব পাচার প্রতিরোধে আরও শক্ত অবস্থানে যাবে বাংলাদেশ’

0

মানব পাচার, নারী ও শিশুদের অপরাধমূলক কাজে বাধ্য করা এবং অভিবাসীদের চোরাকারবার প্রতিরোধে এ সংক্রান্ত আইনের আরও উন্নয়ন চায় সরকার।

জাতিসংঘ কার্যালয়- ইউএনওডিসি’র আন্তর্জাতিক অনলাইন সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণের মহামারিতে মানব পাচারের ঝুঁকিও বেড়েছে। বাংলাদেশ সরকার মাদক ও মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। এই দুঃসময়ে যারা পাচারের মত ঘটনায় ভুক্তভোগী, তাদের চিহ্নিত করার কাজ চলছে। আর যারা এই অপরাধে জড়িত তাদেরও বিচারের আওতায় আনা হবে।’

৩ মাসের মধ্যে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ

0

জমি সংক্রান্ত মামলার রায়, ডিক্রি ও আদেশের নিষ্পত্তির জন্য ভূপি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রায় পাওয়ার ৩ মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সচিবকে এ প্রতিবেদন দাখিল করতে হবে।

রায় দেওয়া বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের স্বাক্ষরের পর সোমবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বছরের ২৫ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে জারি করা এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘২০০৪ সাল থেকে গত বছর পর্যন্ত দীর্ঘ ১৫ বছরে ভূমি মন্ত্রণালয় আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে না পারায়, লাখ লাখ মানুষ চরম ও সীমাহীন দুর্ভোগে নিমজ্জিত হয়েছে। সরকার নিজের আইন নিজে যথাযথ এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবে, এটাই সবার চাওয়া।’

১৫ বছর ধরে আপিল ট্রাইব্যুনাল গঠন করতে না পারার জন্য ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা মন্ত্রী-সচিবদের কৈফিয়ত চাওয়ার কথা বলা হয়েছে রায়ে।

সেখানে বলা হয়েছে, গত ১৫ বছর ধরে ভূমি মন্ত্রণালয় এদেশের মালিক জনগণকে তার আইনসম্মত প্রাপ্য অধিকার থেকে, তথা আপিল ট্রাইব্যুনালে আপিল মামলা দায়েরের অধিকার থেকে বঞ্চিত করে চলেছে। ফলে জনগণের মৌলিক অধিকার যেমন লঙ্ঘিত হচ্ছে, তেমনি জনগণ সুবিচার থেকেও বঞ্চিত হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা আপিল ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না করে জনগণের সঙ্গে অমানবিক, নিষ্ঠুর এবং ক্ষমার অযোগ্য আচরণ করেছেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।