Home Blog Page 2625

‘মিয়ানমার না চাইলে রোহিঙ্গা সমাধান সম্ভব না’

0

চীন আন্তরিক হলেও মিয়ানমার না চাইলে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন যথেষ্ট আন্তরিক। তারা চায় এ বিষয়ে একটা স্থিতিশীল অবস্থা হোক। কিন্তু, যারা সমস্যার সমাধান করবে, সেই মিয়ানমারই চায়না এ বিষয়টির সমধান হোক।’

মিয়ানমার শুরু থেকে এখন পর্যন্ত কখনও বলেনি তারা রোহিঙ্গাদের ফেরত নেবে না। কিন্তু এখন পর্যন্ত তারা একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত নেয়নি বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সিএমজি গায়ানার সভাপতি হলেন আবদুল মোমেন

0

গায়ানাবিষয়ক মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজি) সভাপতি হিসেবে সর্বসম্মতিতে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক আঞ্চলিক বিরোধগুলো শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে নিষ্পত্তিতে বঙ্গবন্ধুর নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

ভেনিজুয়েলা-গায়ানার অঞ্চল বিরোধ নিষ্পত্তিতে কাজ করে আসছে গায়ানাবিষয়ক সিএমএজি। সিএমজিতে এ প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। এর আগে গায়ানা ও ভেনিজুয়েলার মধ্যে বিরোধ নিষ্পত্তিতে গঠিত গ্রুপটির সভাপতির দায়িত্বে ছিল দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের সভাপতিত্বে গায়ানাবিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের প্রথম বৈঠকের সভাপতিত্বকালে একে আবদুল মোমেন বলেন, আন্তর্জাতিক বিচার ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তিতে বঙ্গবন্ধুর স্বপ্নদর্শী পররাষ্ট্রনীতি অনুসারে গায়ানা-ভেনিজুয়েলা আঞ্চলিক বিরোধ মীমাংসায় জোর দিচ্ছে বাংলাদেশ।

অ্যান্টিগুয়া ও বারবুডা, কানাডা, গায়ানা, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যসহ সাত দেশ নিয়ে এ গ্রুপ।

মাস্ক ছাড়াই ফের নির্বাচনী প্রচারে ট্রাম্প

0

করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যেই ফের নির্বাচনী প্রচারণায় ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিবিসি এ তথ্য জানায়।

সোমবার (১২ অক্টোবর) ফ্লোরিডার স্যানফোর্ডে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশ নেন হাজার হাজার মানুষ।

নির্বাচনের বাকি আর তিন সপ্তাহ। আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ভোট নিশ্চিত করতে চাইছেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী— রিপাবলিকান ট্রাম্প এবং ডেমোক্র্যাট জো বাইডেন।

এদিকে, মাত্র ১১ দিন আগে কোভিড-১৯ পজিটিভ হন ট্রাম্প। এর একদিন পর তাকে ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু রবিবার (১১ অক্টোবর) তার ব্যক্তিগত চিকিৎসক জানান, ট্রাম্পের কাছ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আর কোনো ঝুঁকি নেই। এ ছাড়া, সোমবার ট্রাম্পের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও জানানো হয়।

ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় মাস্ক পরেননি ট্রাম্প। কোভিড-১৯ থেকে সেরে ওঠার বিষয়ে তিনি বলেন, ‘তারা বলেছে আমি সুস্থ। আমি খুব শক্তিশালী অনুভব করছি। আমি এখানে (সমর্থকদের উদ্দেশে) হাঁটবো এবং সবাইকে চুমু খাবো। আমি পুরুষদের চুমু খাব এবং সুন্দরী নারীদের বড় চুমু খাব। ’

খুলনায় ভবন থেকে লাফ দিয়ে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

0

খুলনায় ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আবরার রহমান শুভ (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

নগরীর টিভি বাউন্ডারি রোডে সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

আবরার রহমান শুভ টিভি বাউন্ডারি রোডের মডার্ন টাওয়ারের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে। তিনি আল-আরাফাহ্ ব্যাংকে কর্মরত ছিলেন।

খুলনা সদর থানার এসআই জাহাঙ্গীর বলেন, শুভ ৯ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারছেন না।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী

0

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, সেখান থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি ঢাকায় আসবেন।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, মঙ্গলবার তিনি ঢাকায় আসবেন।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টিফেন ই. বিগান সফরকালে বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন।

বাংলাদেশের সফরে বিগান সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, স্টিফেন ই বিগানের সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিষয়টি গুরুত্ব পাবে বলে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবে এবং মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে। আমাদের মূল মনোযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে। রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে।’

ড. মোমেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মানবিক সহায়তায় আগ্রহী। এটি একটি অংশ, তবে মূল অংশ নয়। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের শিকার। এর মূল খেলোয়াড়দের আলোচনায় অংশ নিতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘমেয়াদী সহায়তার পরিকল্পনার সঙ্গে ভিন্নমত জানিয়ে বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের মূল ফোকাস’।

কক্সবাজার রোহিঙ্গা শিবিরে সংঘর্ষের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের শিবিরগুলো নিয়ন্ত্রণে নিতে হবে।’

এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, স্টিফেন ই. বিগান ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

0

করোনাভাইরাস থেকে মানবজাতিকে রক্ষায় ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। ভ্যাকসিন তৈরির দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। কিন্তু সম্প্রতি ভ্যাকসিন পরীক্ষায় বড় ধাক্কা খেল প্রতিষ্ঠানটি। মাঝপথেই করোনার সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করতে বাধ্য হয়েছে জনসন অ্যান্ড জনসন। এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় এমন পদক্ষেপ নিতে হয়েছে।

গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে বড় পরিসরে ৬০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করে সংস্থাটি। সে সময় জনসনের পক্ষ থেকে বলা হয় যে, পরীক্ষামূলক প্রয়োগে জনসনের এই ভ্যাকসিন শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম হয়েছে।

ভ্যাকসিনের ট্রায়ালের একটি অন্তবর্তীকালীন ফলও সে সময় প্রকাশ করা হয়। ওই ফল অনুযায়ী, করোনার এ সম্ভাব্য ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় দুই ধাপেই আশানুরূপ ফলাফল এসেছে। দুটি ধাপেই দেখা গেছে যে, এই ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে কার্যকর। কিন্তু সম্প্রতি এই ভ্যাকসিন গ্রহণ করা এক স্বেচ্ছাসেবী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় সাময়িক সময়ের জন্য সব ধরনের ট্রায়াল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জনসন অ্যান্ড জনসন।

শুধু তাই নয়, নতুন স্বেচ্ছাসেবী নিয়োগের জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়েছিল তাও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরিসংখ্যান নতুন করে খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনসনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই স্বচ্ছাসেবীর অসুস্থ হওয়ার খবর প্রকাশ হতেই ট্রায়াল প্রক্রিয়া স্থগিত করতে গবেষকদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংস্থাটি বলছে, ওই স্বেচ্ছাসেবীর পরিচয় সংক্রান্ত গোপনীয়তা বজায় রাখা জরুরি। এছাড়া ওই স্বেচ্ছাসেবীর অসুস্থতা সম্পর্কিত তথ্য যাচাই না করেই কিছু বলা যাচ্ছে না।

গবেষকরা বলছেন, এ ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালে কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। কারও মধ্যে দুর্বলতা, অসুস্থতা দেখা দিতে পারে। এটি অস্বাভাবিক কিছু নয়।

জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় আমরা আমাদের তৃতীয় দফার ট্রায়ালসহ কোভিড-১৯ ভ্যাকসিনের সব ধরনের ট্রায়াল সাময়িক সময়ের জন্য স্থগিত করেছি।’

এর আগে এক স্বেচ্ছাসেবীর দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল। পরে অবশ্য স্বস্তির খবর দেয় অক্সফোর্ড। পরবর্তীতে আবারও শুরু হয় ট্রায়াল প্রক্রিয়া।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রেজেনেকার যৌথ উদ্যোগে করোনার এই সম্ভাব্য ভ্যাকসিন তৈরি হচ্ছে। যুক্তরাজ্যের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের শেষের দিকেই হয়তো অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দেবে দেশটির স্বাস্থ্য দফতর।

চলতি বছরের মধ্যেই সম্ভবত এসে যাবে করোনার এই সম্ভাব্য ভ্যাকসিন। ৬ মাস অথবা তারও আগে ভ্যাকসিন চলে আসতে পারে বলে আশা প্রকাশ করেছে একটি সূত্র।

বর্তমানে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চলছে।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফের ফেরি চলাচল বন্ধ

0

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নাব্য সংকটের কারণে সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবারও (১৩ অক্টোবর) ফেরি চলার সম্ভবনা নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, সোমবার সকাল থেকে কে টাইপ ও ছোট ৪-৫টি ফেরি চলাচল করে। দুপুরের দিকে কে টাইপ ফেরি কিশোরী ডুবোচরে কিছু সময়ের জন্য আটকে যায়। এরপর থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। চ্যানেলে নাব্য সঙ্কট প্রকট আকার ধারণ করায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ফেরি চলাচলের জন্য চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরির তলদেশ প্রায়ই ডুবোচরে ঠেকে যায়। এ কারণে রাতের পুরো সময়ই অনেকদিন ধরেই নিয়মিতভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া সীমিতভাবে কয়েকটি ফেরি দিনে চলতো। সোমবার থেকে আবারও ফেরি চলাচল অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, সোমবার দুপুর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আজও চলবে কি-না তার নিশ্চয়তা নেই।

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক : কাদের

0

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক আখ্যায়িত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে অর্থনৈতিক উন্নয়নসহ যে কোনো সমস্যার সমাধান সহজতর হয়।

সোমবার সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামীর সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিস্তার পানিবন্টনসহ অভিন্ন নদীর পানি বন্টনকে গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে কাদের বলেন, `দু’দেশ আলোচনার মাধ্যমে এ বিষয়টি সম্মানজনক সমাধানে দৃঢ়ভাবে আশাবাদী। ইতোমধ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।‘

মন্ত্রী বলেন, ‘একুশ বছর দু’দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন দুই প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।’

তিনি আরও বলেন, ইতোমধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যা ও ছিটমহল বিনিময়ের মতো সমস্যাও সমাধান হয়েছে। বাংলাদেশের সমুদ্রসীমায় অফুরন্ত অর্থনৈতিক সম্ভাবনা এগিয়ে নিতে উভয় দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসি’র জন্য ৯২৮টি বাস এবং ৫০০টি ট্রাক সংগ্রহ করা হয়েছে। সেই সাথে সড়ক অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে।

আশুগঞ্জ নদীবন্দর হতে সরাইল-ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।

কাদের বলেন, দু’দেশের রাজনৈতিক দলের মাঝে সংযোগ বাড়াতে বিজেপি’র একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা রয়েছে।

এ ধরণের সফর দু’দেশের জনগণের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিনেত্রী তিশাসহ চার জনকে আইনি নোটিশ

0

বিজয়া নাটকের মাধ্যমে সনাতনী সম্প্রদায়কে কটাক্ষ এবং ধর্মান্তরকরণ ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ চার জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ সোমবার লিটন কৃষ্ণ দাসের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সুমন কুমার রায়। অন্য তিনজন হলেন, অভিনেতা ইরফান সাজ্জাদ, রচনাকারী সালেহ উদ্দীন সোয়েব চৌধুরী (গণমাধ্যমে প্রচার হওয়া নাম শোয়েব চৌধুরী) ও পরিচালক আবু হায়াত মাহমুদ ভুঁইয়া (গণমাধ্যমে প্রচার হওয়া নাম আবু হায়াত মাহমুদ)।

নোটিশে আইনজীবী সুমন উল্লেখ করেছেন, ‘আমার মক্কেল বিভিন্ন সোস্যাল মিডিয়া ও পত্র-পত্রিকার মাধ্যমে জানিতে পেরেছেন আপনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বিজয়া’ নামে একটি নাটক নির্মাণ করেছেন। উক্ত নাটকের ট্রায়াল ভার্সন বিভিন্ন পত্র-পত্রিকায় ও সোস্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ সনাতনী সম্প্রদায় অত্যন্ত আগ্রহ সহকারে নাটকটি দেখার জন্য ব্যাকুল হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নাটকটি পর্যাবেক্ষণ করে দেখা যায় যে এ নাটকটিতে সুক্ষ্ম ও তিক্ষ্মভাবে সনাতন ধর্মাবলম্বী নারীদের চরিত্র হনন করা হয়েছে এবং সনাতন পুরুষদের মদ্যপ, নিষ্ঠুর আচরণকারী, অক্ষম ও উদাসীন হিসাবে তুলে ধরা হয়েছে। যার মাধ্যমে অত্যন্ত সুক্ষ্ম ও পরিকল্পিতভাবে পরকীয়া ও ধর্মান্তরকে উৎসাহিত করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে নির্মিত ‘বিজয়া’ নাটকটির ট্রায়াল ভার্সন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যা সারা বিশ্বের বিনোদনপ্রেমীদের নিকট থেকে সমালোচিত হয়েছে। ‘বিজয়া’ নাটকটির ট্রায়াল ভার্সন পর্যবেক্ষণ করে সারা বিশ্বের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীরা চরমভাবে হতাশ, মারাত্মক মর্মাহত আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারই ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।

এ বিতর্কিত নাটকটি সনাতনী সম্প্রদায়ের অনুভূতিতে সুপরিকল্পিতভাবে আঘাত করেছে। নাটকটিতে সম্প্রদায়িক মনোভাব স্পষ্ট। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এ নাটকটি ট্রায়াল ভার্সন প্রত্যাহার ও নাটকটি সর্বমহলে বয়কটের দাবি উঠেছে।

স্বজ্ঞানে সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার মানসে ও সনাতন ধর্ম অনুভূতিতে আঘাত আনার অভিপ্রায়ে পরস্পর যোগসাজসে পরিকল্পিতভাবে এ বিতর্কিত নাটকটি নির্মাণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয় নোটিশে।

আইনজীবী সুমন বলেন, ‘নাটকটির ট্রায়াল ভার্সন সোস্যাল মিডিয়া ও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচারিত হওয়ার সাথে সাথে আমার মক্কেল ও লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীদের মতো মর্মাহত ও হতভম্ব, হতবাক ও আহত হয়েছেন। এই নির্মিত নাটকটি সম্প্রদায়িকতা সৃষ্টিসহ অসম্প্রদায়িক বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সম্পূর্ণ পরিপন্থী। নাটকটি বর্তমান আকারে ও প্রকারে যদি প্রচারিত হয় তবে অভিযুক্তদের বিরুদ্ধে আমার মক্কেল লক্ষ লক্ষ সনাতন সম্প্রদায়ের পক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবেন।

লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে সনাতন সম্প্রদায়ের ভাবাবেগ ও সনাতন ধর্ম অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিতর্কিত ‘বিজয়া’ নাটকটি প্রত্যাহার করতে নোটিশে উল্লেখিত অভিযুক্তদের প্রতি বিনীত অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত যেকোন দেওয়ানি ও ফৌজদারি আদালতের আশ্রয় নেওয়া হবে।

রাজধানীর ৪৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

0

রক্ত পরীক্ষায় দেখা গেছে রাজধানীর ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ২৪ শতাংশের বয়স ৬০ বছরের বেশি।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও বেসরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিচালিত যৌথ গবেষণায় এমনটাই দেখা যায়।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়। করোনাভাইরাসের জিন বিশ্লেষণ করে গবেষকেরা অনুমান করছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছিল।

এই গবেষণায় আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএ আইডি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

গবেষণায় দেখা গেছে ঢাকা শহরের বস্তিবাসীদের প্রায় তিন চতুর্থাংশ ইতিমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। করোনার কোনো লক্ষণ ছিল না এমন ৪৫ শতাংশ নগরবাসী করোনায় আক্রান্ত হয়েছে বলে রক্ত পরীক্ষায় ধরা পড়েছে।

গবেষণার জন্য ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ডের মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে ২৫টি ওয়ার্ড বেছে নেওয়া হয়। প্রতি ওয়ার্ড থেকে একটি মহল্লা বাছাই করা হয়। প্রতি মহল্লা থেকে ১২০টি খানা জরিপে অন্তর্ভুক্ত করা হয়। এ ছাড়া ৮টি বস্তিকে এ জরিপে যুক্ত করা হয়। ঢাকা শহরের সাধারণ খানার নমুনা সংগ্রহ করা হয় মধ্য এপ্রিল থেকে মধ্য জুলাই পর্যন্ত। আর বস্তির মানুষের নমুনা সংগ্রহ করা হয় মধ্য জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত।

গবেষকেরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণ, চিকিৎসা ও টিকা দেওয়ার ব্যাপারে এসব তথ্য কাজে লাগবে। গবেষণার তথ্য এমন সময় প্রকাশ করা হলো যখন দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা চলছে। আসন্ন শীত মৌসুমে সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকির কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরিস্থিতি মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি তাদের আছে।

অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন আইইডিডিআর ও আইসিডিডিআরবির গবেষক ও বিজ্ঞানীরা। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা। অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।