Home Blog Page 2627

ক্ষতিকর হ্যান্ড স্যানিটাইজার তৈরি করায় এসিআইকে কোটি টাকা জরিমানা

0

এসিআই কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানলের উপস্থিতি থাকায় প্রতিষ্ঠানটিকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিথানলমিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১ আক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার বানানোর কারণে এসিআইকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল দিয়ে বানানো তিনটি ব্যাচের হ্যান্ড স্যানিটাইজার মার্কেট থেকে প্রত্যাহার করতে আদেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৪ অক্টোবর দুপুর থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুরে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়। পরে কারখানাটি সিলগালা করে রাখে র‌্যাব। পরীক্ষা করে বিষাক্ত মিথানল পাওয়া যাওয়ায় রবিবার রাতে এক কোটি টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, এসিআই কোম্পানির ‘স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার’ বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করে তাতে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া যায়, যা হ্যান্ড স্যানিটাইজারে থাকার কথা না।

আরও বলা হয়, এদিকে স্যাভলনের স্যানিটাইজারের গায়ে ‘আইসোপ্রোপাইল অ্যালকোহল’ দিয়ে তৈরি লেখা থাকলেও তাতে আইসোপ্রোপাইল অ্যালকোহলের কোনো উপাদান পাওয়া যায়নি। বিশেষ করে জীবাণুনাশক হিসেবে মানুষ যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, তাতে জীবাণুমুক্ত হওয়া দূরের কথা, এতে মানুষের শরীরে নানাবিধ ক্ষতি হয়। আর দেশে মিথানল ব্যবহারও সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু এসিআইয়ের কারখানায় বিষাক্ত মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছিল- এমন খবরেই র‌্যাব সেখানে অভিযান চালিয়েছিল।

১০৪ বাংলাদেশিকে ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই

0

সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন পলিসি অনুসরণ না করে ১০৪ জনকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যাওয়ায় তাদের প্রবেশ করতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় রবিবার (১১ অক্টোবর) রাতে প্রত্যেককে যাত্রীকে ক্ষতিপূরণ বাবদ টিকিটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচবাবদ আরও ৩৫০০ টাকা করে প্রদানের জন্য ফ্লাই দুবাইকে নির্দেশ দিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট।

জানা গেছে, ৯ অক্টোবর ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইটযোগে ঢাকা থেকে যাত্রা করে ৫১ জন এবং চট্টগ্রাম থেকে যাত্রা করে ৫৩ জন। ১১ অক্টোবর দুবাই বিমানবন্দর থেকে তাদের আবারও বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ওই যাত্রীরা দুবাই থেকে সড়কপথে আল আইন ও আবুধাবি যেতে ইচ্ছুক ছিলেন। ঢাকায় ফেরত আসা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরের ম্যাজেস্ট্রেট কোর্টের অনুসন্ধানে ধরা পড়ে যে, তাদের ফেরত আসার জন্য ফ্লাই দুবাইয়ের গাফিলতিই দায়ী। তারা সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন পলিসি অনুসরণ করে থাকলে যাত্রীদের দুবাইগামী ফ্লাইটে বোর্ডিং করা যেতো না।

বিমানবন্দর সূত্র জানায়, ভোগান্তির শিকার যাত্রীদের উপস্থিতিতে শুনানির পর ফ্লাইদুবাই কর্তৃপক্ষকে ফেরত আসা মোট ১০৪ জন যাত্রীর প্রত্যেককে আগামী ১৮ অক্টোবরের মধ্যে ক্ষতিপূরণ বাবদ টিকেটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচ বাবদ আরও ৩৫০০ টাকা করে প্রদানের নির্দেশ দেওয়া হয়। এয়ারলাইন্সটি এই আদেশ অনুসরণের লিখিত অঙ্গীকার করেছে।

বিশ্বে করোনায় মৃত্যু দশ লাখ ৮১ হাজার ছাড়ালো

0

বিশ্বে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ছাড়ালো ১০ লাখ ৮১ হাজার। রোববারও ৪ হাজারের মতো মানুষ মারা গেছেন কোভিডের প্রকোপে।

তবে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ হার। ২৪ ঘণ্টায় পৌনে তিন লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। সবমিলিয়ে, গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৭৭ লাখের বেশি মানুষ।

এখনো মৃত্যু আর সংক্রমণ শনাক্তে ভারত শীর্ষে রয়েছে। দেশটিতে আরও ৮ শতাধিক মৃত্যুতে, মোট প্রাণহানি এক লাখ ৯ হাজার ছাড়িয়েছে।

এছাড়াও তিন শতাধিক মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট দু’লাখ ২০ হাজারের মতো মানুষ করোনায় মারা গেছেন। আর দিনের তৃতীয় সর্বোচ্চ ২৮৭ জনের মৃত্যু হয়েছে আর্জেন্টিনাতে।

এদিকে, ব্রাজিলে দৈনিক মৃত্যুহার কমলেও মোট প্রাণহানি ছাড়িয়েছে দেড় লাখের চৌকাঠ। আর ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আড়াই শতাধিক মানুষ।

নিজেকে করোনামুক্ত দাবি করলেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার শরীরে এখন আর করোনাভাইরাসের অস্তিত্ব নেই। কোভিড-১৯ সংক্রান্ত সর্বোচ্চ পরীক্ষায়ও তিনি উতরে গেছেন এবং অন্যকে সংক্রমিত করার ঝুঁকিও আর নেই।

রবিবার (১১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ১ অক্টোবর রাতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। ২ অক্টোবর (শুক্রবার) বিকালে ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। তিনদিন সেখানে থাকার পর এখন হোয়াইট হাউসে থেকেই চিকিৎসা নিচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে সোমবার নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

রবিবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি সর্বোচ্চ পরীক্ষা (করোনা পরীক্ষা) অতিক্রম করে গেছি। সর্বোচ্চ মানদণ্ড অনুসরণ করা হয়েছে। এর ভিত্তিতে বলতে পারি আমি বেশ ভালো আছি। মনে হচ্ছে, আমার ইমিউনিটি তৈরি হয়ে গেছে। বেজমেন্ট থেকে এখন আমি বাইরে যেতে পারব।’

ট্রাম্পের দাবি, পরীক্ষার ফল অনুযায়ী তিনি এখন নির্বাচনি সমাবেশে অংশ নিতে পারবেন।

এর আগে শনিবার ট্রাম্পের চিকিৎসকও দাবি করেছেন, প্রেসিডেন্টের কাছ থেকে এখন আর অন্য কারও সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। তবে ট্রাম্পের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে কিনা তা উল্লেখ করেননি তিনি।

শাস্তি বাড়লে ধর্ষণ কমবে : অ্যাটর্নি জেনারেল

0

রাষ্ট্রের নবনিযুক্ত প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন বলেছেন, ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে। সরকার কিন্তু আগামীকালই বিষয়টা কেবিনেট মিটিংয়ে তুলবে। শাস্তি মৃত্যুদণ্ড করে দেওয়া হচ্ছে। আমার মনে হয়, যারা এ ধরনের অপরাধ করে, শাস্তি মৃত্যুদণ্ড করার পরে তারা সাবধান হবে।

তিনি বলেন, এ অপরাধ করতে তখন অনেকবার ভাববে। আমার মনে হয় সরকারের এই উদ্যোগটা যখন আইনে পরিণত হবে, তখন কিন্তু এটা অনেকখানি কমে যাবে।

আমিন উদ্দিন বলেন, আমি তো আজকে কেবল বসলাম। আমি উনাদের (ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের) সাথে বসব বিকালে। বসে আমি দেখব কোন কোন মামলা (নারী ও শিশু নির্যাতনের মামলা) পেন্ডিং আছে। সেখান থেকে কিছু মামলা হয়ত রিভিশনের কারণে বন্ধ হয়ে আছে। সেগুলো খুজে বের করে সচল করার চেষ্টা করব। আর যেগুলো আপিলে আছে, সেগুলো শুনানি করে নিষ্পত্তির চেষ্টা করব।

আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ

0

আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সাগরে ইলিশ ধরা বন্ধ থাকবে। ইলিশের সুদিন ফেরানোর লক্ষ্যে ওই ২২দিন মন্ত্রণালয় কর্তৃক মা ইলিশ মাছ আহরণ, পরিবহণ, বিপনন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

আরো জানানো হয়, ইলিশ ধরা বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত ৫ লাখ ৭০ হাজার জেলে পরিবারকে প্রতিদিন ২০ কেজি হারে চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে ওই কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি সূত্র জানায়, সংসদীয় কমিটির বৈঠকে চলতি অর্থ বছরে ৬ লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এ ছাড়া বৈঠকে ‘সামুদ্রিক মৎস্য বিল-২০২০’ ও ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল-২০২০’ প্রয়োজনীয় যাচাই-বাছাই, পরিবর্তন, পরিমার্জন, সংশোধনপূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মৎস্য মন্ত্রী শ ম রেজাউল করিম, বি এম কবিরুল হক, ছোট মনির, শামীমা আক্তার খানম ও কানিজ ফাতেমা আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনন্ত জলিলকে শাওনের বয়কট

0

নারীদের পোশাক নিয়ে মন্তব্য করায় বিতর্কের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক অনন্ত জলিল। এরই মধ্যে তার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা।

এবার অনন্ত জলিলকে বয়কট করলেন জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। রোববার (১১ অক্টোবর) বেলা ৩টার দিকে এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বয়কটের ঘোষণা দেন।

বয়কটের ঘোষণা দিয়ে শাওন লিখেন- আমি মেহের আফরোজ শাওন। বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেওয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।

নিষিদ্ধ নয়, ভারতে আইনি বৈধতা পাক গাঁজা, দাবি রণবীরের

0

​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউড জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে। সুশান্তের মৃত্যুর পর বি টাউনের একাংশের সঙ্গে মাদক যোগ রয়েছে বলেও সমাজের বিভিন্ন স্তর থেকে অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বলিউডের একাংশের তারকাদের সঙ্গে মাদক যোগ নিয়ে যখন বিভিন্ন অভিযোগ উঠছে, সেই সময় গাঁজাকে বৈধ করে দেওয়া হোক বলে মন্তব্য করেন অভিনেতা রণবীর শোরে।

তিনি বলেন, বলিউডের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের অনেক মানুষ মাদক সেবনে অভ্যস্ত। শুধু বি টাউনের পার্টি নয়, অন্যান্য বিভিন্ন পার্টিতেও মাদক সেবনের চল রয়েছে বলে দাবি করেন রণবীর। সেই কারণেই এবার গাঁজাকে ভারতবর্ষে আইনসিদ্ধ করে দেওয়া হোক বলে দাবি করেন রণবীর। ভারতের বাইরে বিভিন্ন দেশে গাঁজা আইনসিদ্ধ তাই এবার এ দেশেও এই নেশাকে আইনসিদ্ধ করে দেওয়া হোক বলে দাবি করেন কঙ্গনা সেনশর্মার প্রাক্তন স্বামী।

এসবের পাশাপাশি গাঁজাকে যে আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তা অনেক পুরনো। এবার সেই আইনের পুনর্গঠন করে, গাঁজাকে ভারতবর্ষে বৈধ বলে ঘোষণা করা হোক বলে মন্তব্য করেন রণবীর শোরে।

অনুরাগ কাণ্ডে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে পায়েল ঘোষের টুইট

0

‘মাফিয়া গ্যাং’য়ের হাতে খুন হতে পারেন তিনি। আর তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হতে পারে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ ধরে এভাবেই আশঙ্কা প্রকাশ করে টুইট করলেন পায়েল ঘোষ। টুইটে ট্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে।

নিজের টুইটে পায়েল লিখেছেন, “নরেন্দ্র মোদি স্যার এই মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে। রেখা শর্মা ম্যাডাম এরা আমার খুনকে আত্মহত্যা কিংবা অন্য কিছু হিসেবে দেখিয়ে দেবে।”

পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পায়েল ঘোষ। মহিলা কমিশনের সুপারিশেই তিনি ভরসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনশনের হুমকি দিয়েছিলেন। তারপরই বলিউড পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। থানায় গিয়ে বয়ান দিয়েছিলেন অনুরাগ কশ্যপ। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, তিনি সেই সময় শ্রীলঙ্কায় ছিলেন।

ইতিমধ্যেই আবার অনুরাগ কাণ্ডে বিনা কারণে তাঁর নাম জড়ানোয় পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেন রিচা চড্ডা। পায়েলকে নিজের মন্তব্য ফিরিয়ে নিতে বলা হয়। কিন্তু তা ফিরিয়ে নিতে অস্বীকার করেন পায়েল। এবিষয়ে এখনও টুইটারে দু’জনের বাদানুবাদ অব্যাহত।

ঘটনায় পায়েলের পাশে দাঁড়িয়েছেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত। যদিও পায়েলের সর্বশেষ অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি কঙ্গনা। শুধু ‘থালাইভি’র শুটিংয়ের ছবি পোস্ট করেছেন তিনি। আর তার আগে মানসিক স্বাস্থ্য নিয়ে পরোক্ষে দীপিকা পাড়ুকোনকে কটাক্ষ করেছিলেন। ব্যঙ্গ করে লিখেছিলেন ‘ডিপ্রেশন কি দুকান’।

যেকোনো ধরনের দুর্নীতিকে প্রতিরোধ করার চেষ্টা করব: অ্যাটর্নি জেনারেল

0

অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রীয় সব দায়িত্ব নিজের সর্বোচ্চটুকু দিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ১৪তম অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের প্রথম কর্মদিবসে তিনি সাংবাদিকদের কাছে এমন কথা বলেন।

অনিয়ম-দুর্নীতি বন্ধে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা যদি আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে দুর্নীতি বন্ধ করা অনেক সহজ হবে। আমি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে যেকোনো ধরনের দুর্নীতিকে প্রতিরোধ করার চেষ্টা করবো।’

নতুন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দক্ষতা ও সততায় মাহবুবে আলম এ অফিসটাকে, পদটাকে যে উচ্চতায় নিয়ে গেছেন, আমি চেষ্টা করবো সেটা বজায় রাখার। আমি চেষ্টা করবো তিনি যে উচ্চতা সৃষ্টি করে গেছেন, সেটা ধরে রাখার।’

অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রথম কর্মদিবসে দু’জন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগে সুবিধার সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল অফিসে সবসময় আসা-যাওয়া থাকেই। ওনারা হয়তো অনেক দিন কাজ করেছেন, ব্যক্তিগত কোনো সমস্যার কারণে তারা হয়ত আর থাকছেন না। আমার সঙ্গে ওনাদের কথা হয়নি। এখন যদি তাদের পদত্যাপত্র গ্রহণ করা হয় তাহলে অবশ্যই আরও দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবে সরকার।’

নারী শিশু নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘নারী শিশু নির্যাতনের কথা যদি বলেন, সরকার কিন্তু আগামীকালই বিষয়টা কেবিনেট মিটিংয়ে তুলবেন। শাস্তি মৃত্যুদণ্ড করে দেওয়া হচ্ছে। মৃত্যুদণ্ড করার পরে আমার মনে হয় যারা এ ধরনের অপরাধ করে তারা সাবধান হবে। এ অপরাধ করতে অনেকবার ভাববে। আমার মনে হয় সরকারের এ উদ্যোগটা যখন আইনে পরিণত হবে তখন কিন্তু এ ধরনের ঘটনা অনেকখানি কমে যাবে।’