Home Blog Page 2628

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব কাল মন্ত্রিসভায় উঠছে

0

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া আগামীকাল সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উঠছে।

নাম প্রকাশ না করার শর্তে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

নারী ও শিশুনির্যাতন দমন আইন অনুযায়ী, এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যে সরকার এই পদক্ষেপ নিল।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার কোভিড-১৯ আক্রান্ত হয়ে বর্তমানে হোম আইসোলেশনে আছেন। সচিবের রুটিন দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব (প্রশাসন উইং) ফরিদা পারভীন। সোমবার মন্ত্রিসভা বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া উপস্থাপন করা হবে।

আগামীকাল সোমবার সকাল ১০টায় ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন, তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত থাকবেন।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনের ওই প্রস্তাবটি পেশ করা হবে বলে এর আগে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণের ঘটনার পর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর কয়েকটি স্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলন করছে। দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে আন্দোলন হচ্ছে। এর মধ্যে সরকার ধর্ষণের শাস্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারে সরকার তৎপর এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই হবে।

আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ

0

আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সাগরে ইলিশ ধরা বন্ধ থাকবে। ইলিশের সুদিন ফেরানোর লক্ষ্যে ওই ২২দিন মন্ত্রণালয় কর্তৃক মা ইলিশ মাছ আহরণ, পরিবহণ, বিপনন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

আরো জানানো হয়, ইলিশ ধরা বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত ৫ লাখ ৭০ হাজার জেলে পরিবারকে প্রতিদিন ২০ কেজি হারে চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে ওই কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটি সূত্র জানায়, সংসদীয় কমিটির বৈঠকে চলতি অর্থ বছরে ৬ লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এ ছাড়া বৈঠকে ‘সামুদ্রিক মৎস্য বিল-২০২০’ ও ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল-২০২০’ প্রয়োজনীয় যাচাই-বাছাই, পরিবর্তন, পরিমার্জন, সংশোধনপূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মৎস্য মন্ত্রী শ ম রেজাউল করিম, বি এম কবিরুল হক, ছোট মনির, শামীমা আক্তার খানম ও কানিজ ফাতেমা আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেই ৪ শিশুর বিরুদ্ধে ধর্ষণ মামলা স্থগিত

0

বরিশালের বাকেরগঞ্জে চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ওই চার শিশু ও তাদের পরিবারকে কঠোর নিরাপত্তা দিতেও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।

এ সময় ধর্ষণের ঘটনায় চার শিশুকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ প্রদানকারী বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ, ওই চার শিশু ও বাকেরগঞ্জর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে মামলায় চার শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর ঘটনায় ব্যাখ্যা দিতে বাকেরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহকে তলব করেন হাইকোর্ট। এছাড়া বাকেরগঞ্জ থানার ওসিকে ওই চার শিশুর অভিভাবকসহ হাইকোর্টে স্বশরীরে উপস্থিত হতেও বলা হয়েছিল।

ওই আদেশ অনুসারে বিচারক, চার শিশুসহ সংশ্নিষ্টরা হাইকোর্টে হাজির হন। শুনানিতে চার শিশুকে জামিন না দিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চান বিচারক এনায়েত উল্লাহ।

পরে হাইকোর্ট তাকে সর্তক করে দিয়ে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। এছাড়াও বাকেরগঞ্জর থানার ওসি আবুল কালামকেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ধর্ষণের মামলায় চার শিশুকে গ্রেপ্তার করে শিশু উন্নয়ন কেন্ত্রে পাঠানো নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারিত হলে ৮ অক্টোবর রাতে তা আমলে নেন হাইকোর্ট। তখন হাইকোর্ট থেকে এক আদেশে বরিশালের শিশু আদালতের বিচারককে ওই চার শিশুর জামিন নিষ্পত্তি করতে বলা হয়। এ ছাড়া রাতের মধ্যে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে শীতাতাপনিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে বরিশালের বাখেরগঞ্জে তাদের বাড়িতে পৌছে দিতেও আদেশে বলা হয়েছিল।

এরপর বরিশালের শিশু আদালতের বিচারক রাতেই তৎক্ষণাৎভাবে ওই চার শিশুর জামিন মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় চার শিশুকে শুক্রবার ভোরে তাদের বাড়িতে পৌছে দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, বাকেরগঞ্জে গত ৪ অক্টোবর ছয় বছরের এক প্রতিবেশি মেয়ে শিশুর সঙ্গে চার ছেলে শিশু বাগানে বসে খেলছিল। এরপর মেয়ে শিশুটিকে তার পরিবার অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নিয়ে যায়।

এরপর সেই চার ছেলে শিশুকে গত ৬ অক্টোবর আসামি করে বাকেরগঞ্জ থানায় মেয়ে শিশুর বাবা ধর্ষণের মামলা করেন। মামলায় চার শিশুকে গ্রেপ্তার করে ৭ অক্টোবর আদালতে হাজির করা হলে তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন বাকেরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ।

এদিকে শিশুদের স্বজনদের অভিযোগ, তাদের শিশুরা ধর্ষক নয়। শত্রুতার জেরে তাদের সন্তানদের ফাঁসানো হয়েছে। এরপর এ নিয়ে সময় টিভিতে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট আদেশ দেন।

অস্ত্র মামলা: বরকত-রুবেলের বিচার শুরু

0

ফরিদপুরের বহুল আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলার বিচার কাজ শুরু হলো।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালতে অস্ত্র আইনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য তাদের হাজির করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌসুলি দুলাল সরকার বলেন, অস্ত্র আইনে ১৯ এর এ/২১/২৩ ধারায় দায়েরকৃত দু’টি মামলায় অভিযোগ গঠনের জন্য তাদেরকে আজ আদালতে হাজির করা হয়। এরমধ্যে ১৩/২০ নম্বর মামলার আসামি হচ্ছেন সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। এছাড়া ১৪/২০ নম্বর আরও একটি মামলায় আসামি হচ্ছেন ইমতিয়াজ হাসান রুবেল ও তার সহযোগী রেজাউল করিম বিপুল।

সরকারি এই কৌসুলি আরও জানান, নিয়ম অনুযায়ী আসামিদের অভিযোগ পড়ে শুনিয়ে জানতে চাওয়া হয় তারা দোষী না নির্দোষ। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আদালত মামলার সাক্ষ্য শুনানির জন্য ১৩/২০ নম্বর মামলায় ২৭ অক্টোবর ও ১৪/২০ নম্বর মামলায় ২ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলার আসামি পক্ষের অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নম্বর ১৩ ও ১৪ এর আসামী হিসেবে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে ১৯ এর ‘এ’ এবং ‘এফ’ ধারায় এবং একইসাথে ২১ এবং ২৩ ধারায় অভিযোগ গঠন করেছেন। তিনি বলেন, আমরা এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানালে আদালত তা খারিজ করে দেন।

উল্লেখ্য, গত ৭ জুন রাতে শহরের বদরপুর হতে ৯ জন সহযোগীসহ গ্রেপ্তার করা হয় সাজ্জাদ হোসেন বরকত ও রুবেলকে। এসময় তাদের নিকট হতে নগদ টাকা, মাদকদ্রব্য ও বিভিন্ন মালামালসহ ম্যাগাজিন ও গুলিসহ সাতটি অস্ত্র জব্দ করা হয়। পরের দিন ৮ জুন কোতোয়ালী থানার এসআই সাখাওয়াত হোসেন ও এসআই আব্দুল জব্বার বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এ দু’টি মামলার তদন্ত শেষে ২৭ জুন ও ৩০ জুন আদালতে অভিযোগ-পত্র দাখিল করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়। অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দায়ের করা এই মামলায় দোষী সাব্যস্ত হলে সবোর্চ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৯৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৫২৪ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৯৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯২ হাজার ৮৬০ জনে।

আজ রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৫৬ জন (৭৭ দশমিক ০৫ শতাংশ) ও নারী এক হাজার ২৬৮ জন (২২ দশমিক ৯৫ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।

বিভাগ অনুযায়ী, ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় দুইজন, সিলেট একজন, রংপুর একজন ও ময়মনসিংহে রয়েছেন।

আমাদের মূল লক্ষ্য দেশের সার্বিক উন্নতি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই শান্তি। আমাদের মূল লক্ষ্য দেশের সার্বিক উন্নতি। আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করতে চায় বাংলাদেশ।’

আজ রবিবার (১১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সেনাবহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার কারণেই করোনায় দেশে খাদ্য সংকট হয়নি।

তিনি বলেন, করোনার কারণে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা স্থবিরতা এসে গেছে। কিন্তু আমাদের অর্থনীতি যেন স্থবির না হয়ে পড়ে সে জন্য শুরু থেকেই নানা পদক্ষেপ নিয়েছি। বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি।

প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের চাল, গম, মাছ, ফল, তরকারি সব কিছুর উৎপাদন বাড়াতে হবে। যাতে কোনো মতে খাদ্য সংকট দেখা না যায়। করোনায় বিশ্বব্যাপী খাদ্য মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, এখনো করোনাভাইরাস আছে। আশঙ্কা করা হচ্ছে, আবার করোনার প্রভাব দেখ দিতে পারে। ইউরোপসহ নানা দেশে নতুন করে করোনার প্রভাব দেখা দিচ্ছে। তাই এখন থেকে আমাদের সচেতন থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে।

বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, দেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। ভূমিহীন থাকবে না। ভূমিহীন মানুষকে আমরা ঘরবাড়ি করে দেব, সেই পদক্ষেপও নিয়েছি।

বাজেটের অর্থ খরচে সংশ্লিষ্টদের মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ এর এই সংকটময় সময়েও মানুষের কল্যাণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছি। যেটা দেওয়া খুব কঠিন ছিল। তবু আমরা দিয়েছি, তারপরও বলেছি যে অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে। কারণ করোনা ভাইরাস যদি আবার ব্যাপক হারে দেখা দেয় তাহলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে।

তিনি বলেন, মানুষকে আবার আমাদের সহযোগিতা করতে হবে, চিকিৎসা করতে হবে, ওষুধ কিনতে হবে, হয়তো আরও ডাক্তার নার্স আমাদের লাগবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যেটুকু আমাদের নেহায়েত প্রয়োজন তার বেশি এখন কোনো পয়সা খরচ করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ রেখেই সে ব্যবস্থা নিতে হবে। যদিও আমরা বাজেট ঠিক রেখেছি।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণ করলেন আমিন উদ্দিন

0

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রোববার (১১ অক্টোবর) সকালে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বসেন।

আপিল বিভাগে ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনায় অ্যাটর্নি জেনারেল হিসেবে সকালে শুনানিতে অংশ নেন আমিন উদ্দিন। এ সময় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রাষ্ট্রের আইন কর্মকর্তাসহ বিভিন্ন আইনজীবীরা আমিন উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) জ্যেষ্ঠ আইনজীবী আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও সভাপতি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে আমিন উদ্দিনকে নিয়োগ দেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন আমিন উদ্দিন।

নিয়োগ পাওয়ার পর আমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, তার প্রথম অগ্রাধিকার হলো, যে মামলাগুলো জমে আছে, সেগুলো কীভাবে দ্রুত শেষ করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া। আর প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলো এগিয়ে নেওয়া।

তিনি আরও বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার যে উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী নিচ্ছেন, সেটা খুবই ইতিবাচক। সমাজে মূল্যবোধটা ফিরিয়ে আনতে হবে।

৩ মাসের জন্য চালু হচ্ছে ঢাকা-দিল্লী ফ্লাইট

0

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সীমিত সময়ের জন্য ফ্লাইট চালু করতে যাচ্ছে ঢাকা-দিল্লী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ লক্ষ্যে তিন মাসের জন্য ‘এয়ার ট্রাভেল বাবল’ চুক্তি করতে যাচ্ছে উভয় দেশ। ইতোমধ্যে এ চুক্তি সম্পাদনের বিষয়ে উভয় দেশ একে অন্যের প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে। ফলে শিগগরিই দুই দেশের মধ্যে এ চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে।

তবে কবে নাগাদ চুক্তি হতে পারে কিংবা ফ্লাইট চালু হতে পারে তা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেনি।

জানা গেছে, এটি হলে বিজনেস, মেডিক‌্যাল ও অফিসিয়াল ক্যাটাগরিতে ফের ঢাকা-দিল্লি যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

‘এয়ার ট্রাভেল বাবল’ চুক্তির বিষয়ে মতামত জানতে চেয়ে গত ২৩ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষের কাছে কয়েকটি প্রস্তাব পাঠায় বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরে গত ৭ অক্টোবর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনে সেই প্রস্তাবের উত্তর পাঠায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর দিন সেই প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ মিশন। যেখানে দেখা যায়, ভারত এ চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে।

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, চুক্তির বিষয়ে ভারতের প্রস্তাবের বিষয়ে আমাদের মতামত পাঠানো হয়। এ বিষয়ে ইতিবাচক মনোভাব উভয় পক্ষের রয়েছে। তবে এখনো কোনো উত্তর আমাদের কাছে এসে পৌঁছায়নি।

তিনি বলেন, ভারত যদি তাদের প্রস্তাবগুলো ঠিক রাখে, তাহলে খুব শিগগিরই এ চুক্তি সম্পাদন করা হবে।

জানা যায়, বেবিচক ভারতের কাছে প্রস্তাব পাঠিয়েছিল, ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে উভয় দেশের মধ্যে মোট ৫৬টি ফ্লাইট পরিচালনা করা হবে। যার মধ্যে বাংলাদেশের বিমান সংস্থাগুলো পরিচালনা করবে ২৮টি এবং ভারতের বিমান সংস্থাগুলো পরিচালনা করবে ২৮টি। এতে সপ্তাহে উভয় দেশে যাতায়াত করতে পারবে ৫ হাজার যাত্রী।

এ প্রস্তাবে সম্মতি জানিয়ে ভারত তাদের উত্তরে জানিয়েছে, তাদের দেশের ৫টি এয়ারলাইন্স (এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, গো এয়ার, ইন্ডিগো ও ভিস্তারা) ঢাকা-দিল্লি রুটে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে। তাদের ফ্লাইটগুলো চলবে দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা-ঢাকা-চট্টগ্রাম রুটে।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা ও নভোএয়ার এ ২৮টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বিমানের ফ্লাইটগুলো চলবে ঢাকা-দিল্লি-ঢাকা ও ঢাকা-কলকাতা-ঢাকা রুটে, ইউএস বাংলার ফ্লাইটগুলো চলবে ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে এবং নভো এয়ারের ফ্লাইটগুলো চলবে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে।

এ ছাড়া উভয় দেশের যাত্রীদের ৭২ ঘণ্টা আগে করোনাভাইরাস পরীক্ষার পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা ও ভিসা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ থেকে পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারত। করোনা সংক্রমণের কারণে এ চুক্তিতেও বেশ কিছু বিধি-নিষেধ থাকবে।

তবে ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ থাকবে। বিজনেস, মেডিকলে ও অফিসিয়ার ক্যাটাগরিতে যাত্রীরা উভয় দেশে যাতায়াত করতে পারলেও আপাতত ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকবে।

৩২তম স্প্যানে পদ্মাসেতুর ৪৮০০ মিটার দৃশ্যমান

0

প্রথম দিন নদীতে তীব্র স্রোতের কারণে বসানো সম্ভব না হলেও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্বিতীয় দিনের প্রচেষ্টায় পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩২তম স্প্যান।

আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৪ ও ৫নং পিয়ারে স্প্যানটি বসানোর কাজ শেষ হয়। এর মধ্যে দিয়ে দেশের দীর্ঘতম এই সেতুর ৪৮০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল স্প্যান বসানোর প্রস্তুতি থাকলেও তীব্র স্রোতের কারণে স্প্যানবাহী ক্রেন পিয়ারের কাছে নোঙর করতে না পারায় পারায় বসানো যায়নি স্প্যানটি।

সেতু সংশ্লিষ্ট প্রকৌশলী সূত্র ও সরজমিনে গিয়ে জানা যায়, গতকাল শনিবার স্প্যানটি বসানোর পূর্বপ্রস্তুতি অনুযায়ী সকালে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই এর মাধ্যমে পিয়ারের অনেক কাছাকাছি নিয়ে যাওয়া হয়। তবে নদীতে স্রোতের কারণে বিকাল পর্যন্ত চেষ্টা করেও শেষ অবদি বসানো যায়নি স্প্যানটি। পরে ক্রেনটিকে আরও কিছুটা দূরে নদীতে নোঙর করে রাখা হয়।

রোববার সকাল সাড়ে ছয়টার দিকে পুনরায় স্প্যান বসানোর কাজ করা শুরু হয়। এরপর ক্রেনটিকে নির্ধারিত স্থানে এনে প্রকৌশলীদের মাপযোগ শেষে ধীরে ধীরে ইঞ্চিমেপে নির্ধারিত পিয়ারে ভূমিকম্প সহনশীল বিয়ারিংয়ের উপর স্প্যানটি বাসানো হয়। সকাল সাড়ে ছয়টায় থেকে শুরু হওয়া স্প্যানটি বসানোর পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগে তিন ঘণ্টার মতো।

স্প্যানটি বাসানোর মাধ্যমে পুরো সেতুতে বাকি রইলো আর মাত্র ৯টি স্প্যান বসানোর কাজ। যেগুলো সবগুলোই মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১-২, ২-৩, ৩-৪, ৭-৮, ৮-৯, ৯-১০,১০-১১, ১১-১২, ১২-১৩ নং পিয়ারে বসানো হবে। সেতুর জাজিরা প্রান্তে সবগুলো স্প্যানের এর মধ্যেই বসানোর কাজ শেষ হয়।

এর আগে চলতি বছরের ১০ জুন পদ্মা সেতুতে সর্বশেষ বসানো হয়েছিল ৩১তম স্প্যান। করোনা আর বন্যা পরিস্থিতির কবলে সেতুর অন্যান্য কাজ চললেও এরপর আর কোনো স্প্যান বসানো হয়নি।

সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।

সেতুসংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, আরও তিনটি স্প্যান ‘ওয়ান-এ’, ‘ওয়ান-বি’, ‘ওয়ান-সি’ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পরবর্তী ৪টি স্প্যান পিয়ার ১-২, ২-৩, ৩-৪ নম্বর পিয়ারে বসানো হবে। আর ডিসেম্বরে ৩২তমসহ বাকি ১০টি স্প্যান পিয়ারের ওপর বসানোর পরিকল্পনা রয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হয় ৩১টি স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার অংশ।

৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সব কটি পিয়ার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে।

আদাবরে গার্মেন্টসকর্মী গণধর্ষণ: দু’জনের যাবজ্জীবন

0

সাড়ে তিন বছর আগে রাজধানীর আদাবরে এক গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সজীব ঢালী ও আবু হাসান ওরফে সাঈদ।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

অপরদিকে পলাতক দুই আসামি আকাশ ওরফে মোসলেম ও আনোয়ার বয়তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী মহসিন রেজা এ তথ্য জানান।

২০১৭ সালের ২০ জানুয়ারি গার্মেন্টসকর্মী ওই তরুণী রাত সাড়ে ৮টার দিকে অফিস শেষে বাসায় ফিরছিলেন। আদাবর থানার শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে পৌঁছালে সজীব, হাসানসহ অজ্ঞাত আরও দু’জন ভুক্তভোগী তরুণীর পথ গতিরোধ করে টেনে-হিঁচড়ে শান্তা ওয়েস্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় পরদিন ধর্ষণের শিকার ওই তরুণীর মা আদাবর থানায় মামলা দায়ের করেন। পুলিশের পরিদর্শক ইসমত আরা এমি মামলাটি তদন্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন।