Home Blog Page 2631

খুলনায় ট্রিপল মার্ডার : মূল হোতাসহ তিনজন রিমান্ডে

0

খুলনার মশিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় মূল হোতা মিল্টন শেখ, তার ভাই জাকারিয়া ও এজাহারভুক্ত আরেক আসামি রেজওয়ান শেখ রাজুকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মো. শাহীদুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে ঢাকার মিরপুর এলাকার একটি বহুতল ভবন থেকে গ্রেপ্তার করা হয় আসামিদের। হত্যাকাণ্ডের পর দীর্ঘ তিন মাস তারা আত্মগোপনে ছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে অস্ত্র উদ্ধার, হত্যাকাণ্ডের কারণ ও বাকি আসামিদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ওসি আরও বলেন, ওই হত্যা মামলায় ২২ আসামির মধ্যে এপর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন হত্যায় জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ১৬ জুলাই নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মুজিবর শেখ নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ পুলিশের হাতে ধরিয়ে দেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক (বহিষ্কৃত) জাকারিয়া হাসান, তার ভাই জাফরিন ও মিল্টন শেখ। ওই ঘটনায় গ্রামের বেশ কয়েকজন জাকারিয়ার বাড়িতে এ বিষয়ে জানতে যান। সেখানে বিষয়টি নিয়ে জাকারিয়ার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া, জাফরিন ও মিল্টন তাদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করেন। এতে মশিয়ালী গ্রামের মো. নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হন।

এদিকে, বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে সন্ত্রাসী জাকারিয়া বাহিনীর সদস্য ও জাকারিয়ার চাচাতো ভাই জিহাদ শেখ মারা যান।

ওই ঘটনায় নিহত সাইফুলের পিতা মো. শাহিদুল শেখ বাদী হয়ে মশিয়ালী গ্রামের মৃত. হাসান আলি শেখের চার ছেলেসহ ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন।

রানির ‘ওবিই’ পদক পেলেন ব্রিটিশ বাংলাদেশি দবিরুল

0

গত রমজানে করোনাভাইরাস সংকটে দুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহ করায় ব্রিটিশ রানি এলিজাবেথের জন্মদিনে দেওয়া অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদক পেয়েছেন শতবর্ষী ব্রিটিশ বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরী।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বো এলাকায় দবিরুল তার বাড়ির সামনের বাগানে পুরো রমজান মাস ৯৭০ দফা হেঁটে চ্যারিটির জন্য ৪ লাখ ২০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা) তহবিল সংগ্রহ করেন। রামাদান ফ্যামিলি কমিটমেন্ট নামের একটি চ্যারিটির জন্য তোলা এই অর্থ থেকে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) দান করা হয় ১১৬ হাজার পাউন্ড। বাকি অর্থ আরও ২৬টি দাতব্য প্রতিষ্ঠানকে বিতরণ করা হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে মহামারীতে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষদের খাবারসহ বিভিন্ন সেবামূলক কাজে এ অর্থ ব্যবহার করা হয়।

দবিরুল বিবিসিকে বলেছেন, ব্রিটেনের আরেক শতবর্ষী ব্রিটিশ সেনা টম মুরের নিজের বাড়ির আঙিনায় হেঁটে এনএইচএস অর্থাৎ ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের জন্য ৩৩ মিলিয়ন পাউন্ড সংগ্রহের খবর দেখে অনুপ্রাণিত হন। এরপর তিনি তার লন্ডনের ফ্ল্যাটের সামনের আঙিনায় হেঁটে মাত্র এক হাজার পাউন্ড তহবিল সংগ্রহের লক্ষ্য নিধা‍র্রণ করেছিলেন। তবে ব্যাপক সাড়া পড়ায় তা লক্ষ্যকে ছাড়িয়ে যায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধী দলের নেতা লেবার পার্টির কিয়ার স্টারমার দবিরুল ইসলামের তহবিল সংগ্রহের উদ্যোগের প্রশংসা করেন।

বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে দবিরুল ইসলাম চৌধুরী বলেন, তিনি ব্রিটেনের বাঙালি সমাজ, বয়স্ক সমাজ এবং অভিবাসী সমাজের পক্ষ থেকে এই ওবিই পদক গ্রহণ করছেন। তিনি জানান, সপ্তাহ দুয়েক আগে রানির দফতর থেকে ওবিই পদক প্রাপ্তির চিঠি পেয়ে তিনি বেশ অবাকই হয়েছিলেন। ‘আমরা যখন কোন একটা ভালো কাজ করি তখন বিশেষ কোন প্রাপ্তির কথা মাথায় রাখি না,’ বলেন তিনি। ‘তবু এই স্বীকৃতির জন্য আমি খুবই আনন্দিত।’

এই পদক দবিরুলের জীবনের স্বাভাবিক কর্মকাণ্ডে বিশেষ কোনো পরিবর্তন আনবে না বলে তিনি মন্তব্য করেন। তবে তার কাজ যদি অন্য কাউকে উৎসাহিত করে তবেই তিনি খুশি হবেন বলে জানান। রানির পদক পাওয়ার পর তিনি যেসব দাতব্য প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সেগুলোর প্রতি মানুষের সমর্থন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

দবিরুলের ছেলে আতিক চৌধুরী জানান, দবিরুল ইসলাম চৌধুরী তার জন্মস্থান সিলেটের দিরাইয়ে বাংলা ফিমেল অ্যাসোসিয়েশন নামে একটি চ্যারিটির সাথে যুক্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র, অসহায় ও অনাথ মেয়েদের জন্য প্রতিষ্ঠানটি ভরণপোষণ ও শিক্ষার ব্যবস্থা করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে মোট ৩২০ জন মেয়ে রয়েছে। তাদের উচ্চশিক্ষার দায়িত্ব ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়েছে বলে তিনি জানান।

১৯২০ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুলঞ্জ গ্রামে জন্ম নেওয়া দবিরুল ব্রিটেনে পাড়ি জমিয়েছিলেন ১৯৫৭ সালে। লেখাপড়ার পর সেখানে চাকরির পাশাপাশি কমিউনিটির কাজেও জড়িয়ে পড়েন তিনি। তার স্ত্রী খালেদা দবীর চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার একজন নেত্রী।

বাঙালি কমিউনিটিতে সুপরিচিত পেনশনার দবিরুল ইসলাম চৌধুরীকে অনেকেই চেনেন কবি দবিরুল হিসাবে। কবিতাপ্রেমী দবিরুল এখনও কোনো সভা-সমাবেশে গেলে স্বরচিত কবিতা পড়ে শোনান। শত শত কবিতা লিখেছেন তিনি। তার লেখা কবিতার বইও প্রকাশিত হয়েছে।

ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭জন রোগী হাসপাতালে ভর্তি

0

বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে দেশের অন্য কোন বিভাগে গত ২৪ ঘন্টায় আর কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

নতুন এই একজন রোগীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি রয়েছে সতেরজন রোগী। এ সকল রোগীর সকলেই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে দুইজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর তথ্য বিস্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে নিশ্চিত করেছে।

এ বছরের ১লা জানুয়ারি থেকে ৪ঠা অক্টোবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭২ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪৬০ জন।

ভারতে করোনায় একদিনে আরও ৯২৬ মৃত্যু

0

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯২৬ জন মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১ লাখ ৭ হাজার ৪১৬ কোভিড রোগীর মৃত্যু হলো। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ হাজার ২৭২ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৫৩ জন। মোট সুস্থ ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি জানায়, সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এর পর রয়েছে অন্ধ্র প্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৬৪ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৮ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৬৯৮টি নমুনা।

বলিভিয়াকে উড়িয়ে ৫ গোলে জিতল ব্রাজিল

0

শুক্রবার শুরু হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। প্রথমদিন ন্যুনতম ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে, ড্র হয়েছে প্যারাগুয়ে-পেরুর ম্যাচ। তবে দ্বিতীয় দিন এসবের ধার ধারল না ব্রাজিল। পরিষ্কার ব্যবধানে উড়িয়ে দিল প্রতিপক্ষ বলিভিয়াকে।

শনিবার বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচে ব্রাজিলের উজ্জীবিত ফুটবলের সামনে পাত্তাই পায়নি বলিভিয়া। রবার্তো ফিরমিনো, নেইমার জুনিয়র, ফিলিপে কৌতিনহোদের উদ্ভাসিত পারফরম্যান্সে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। যা তাদের বসিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

দলের বড় জয়ে জোড়া গোল করেছেন লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তুলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো এবং প্যারিস সেইন্ট জার্মেই ডিফেন্ডার মার্কুইনহোস। অন্যটি ছিল আত্মঘাতী গোল। ম্যাচে গোলের দেখা না পেলেও জোড়া এসিস্টে নিজের নামের প্রতি সুবিচার করেছেন নেইমার।

দিনের অন্য ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কলম্বিয়া। জোড়া গোল করেছেন লুইস ফার্নান্দো মুরিয়েল ফুটো এবং অন্য গোলে পা ছুঁইয়েছেন দুভান জাপাতা। তারাই এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

ব্রাজিল একাদশ: ওয়েভারটন, রেনান লোদি, মারকুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, ফিলিপে কৌতিনহো, ক্যাসেমিরো, ডগলাস লুইজ, নেইমার, রবার্তো ফিরমিনো এবং এভারটন।

ব্রাজিল সাবস্টিটিউট: এডেরসন, আদেরবার সান্তোস, অ্যালেক্স তেলেস, রদ্রিগো সাইও, ফেলিপে, ফাবিনহো, ব্রুনো গুইমারেস, রিচার্লিসন, ম্যাথিউন কুনহা, এভারটন রিবেইরো, রদ্রিগো এবং গ্র্যাব্রিয়েল মেনিনো।

রাজস্থানকে উড়িয়ে ফের শীর্ষে দিল্লি

0

আইপিএলের চলতি আসরে ধারাবাহিক দল দিল্লি ক্যাপিটালস। তাদের ধারাবাহিকতা রক্ষা করে যথারীতি শুক্রবারও জয় তুলে নিয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৪ রান তোলে তারা। এরপর রাজস্থান রয়্যালসকে ১৯.৪ ওভারে অলআউট করে ১৩৮ রানে। ৪৬ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় আয়ারবাহিনী।

৬ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ২ জয়ে রাজস্থান রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

দিল্লির জয়ে অলরাউন্ড নৈপূণ্য দেখিয়েছেন মাকার্স স্টয়েনিস। ব্যাট হাতে ৪ ছক্কায় ৩৯ রান করার পর বল হাতে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২টি উইকেট। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবীচন্দ্রন অশ্বিন। আর রাবাদা ৩.৪ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট।

ব্যাট হাতে দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন শিমরন হেটমায়ের। ২২ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। বল হাতে রাজস্থানের জোফরা আর্চার ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন।

অবশ্য ব্যাট হাতে রাজস্থানের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান করেন রাহুল তেওয়াতিয়া। ৩৪টি রান আসে যশস্বী জয়সালের ব্যাট থেকে। এ ছাড়া ২৪ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

করোনা: বিশ্বজুড়ে একদিনে নতুন সংক্রমণ সাড়ে ৩ লাখের বেশি

0

বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় রেকর্ড সাড়ে তিন লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ।

দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে ভারত। দেশটিতে শুক্রবার মারা গেছেন প্রায় একহাজার মানুষ। নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৩ হাজারের বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছে প্রায় ৯শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ১৮ হাজারের বেশি।

এদিন কোভিড নাইনটিতে ব্রাজিলে মৃত্যু হয়েছে সাড়া ৬শ’ মানুষের। আর আর্জেন্টিনায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষের শরীরে। মারা গেছেন ৫ শতাধিক মানুষ।

স্পেনে মৃত্যু হয়েছে আড়াইশো জনের। এ নিয়ে করোনা ভাইরাসে বিশ্বে মোট প্রাণহানি হয়ছে ১ লাখ ৭২ হাজার মানুষের। মোট রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৭১ লাখের কাছাকাছি।

ফের বিয়ে করলেন শমী কায়সার

0

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ের করেছেন। বরের নাম রেজা আমিন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পরিণয়ের আগে উভয়েই ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব থেকেই একে অপরের প্রতি ভালো লাগা এবং বিয়ে। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে শমী কায়সারের ঘনিষ্ঠ এক মিডিয়াকর্মী নিশ্চিত করেছেন।

শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে।

নব্বই এর দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার। শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের কন্যা তিনি। শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ই-ক্যাব)-এর সভাপতি।

যুক্তরাষ্ট্রে একদিনে আরও ৬০ হাজার রোগী শনাক্ত

0

একদিনে ৬০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি ঘটেছে আরও ৯শ’র বেশি মানুষের। অপরদিকে সুস্থতা বাড়লেও আক্রান্তের হারে প্রায় তা অর্ধেক। যার সংখ্যা ৫০ লাখ ৬৪ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ হাজার ৫৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৮ লাখ ৯৪ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯১০ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ১৮ হাজার ৬৪৮ জনে ঠেকেছে। যদিও সংক্রমিতদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ৫০ লাখ ৬৪ হাজার ৩শ’রোগী।

এরমধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ৪৯ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫০৯ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৯ হাজার পেরিয়েছে। যেখানে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৯৯২ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ২৯ হাজার ছুঁই ছুঁই। ইতোমধ্যে সেখানে ১৫ হাজার ১৮৭ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৭ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৩৭২ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২৯ হাজার পেরিয়েছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ৩৪৮ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ সাড়ে ১৬ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১৯১ জন।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ২৪ হাজারের অধিক। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭৪৬ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১৬ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২৮৩ জনের।

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

0

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মইনুর রহমান নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার কোদন্ডা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মইনুর রহমান কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে ও আশাশুনি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মইনুর রহমান শুক্রবার সকালে ওই স্কুল ছাত্রীর বাড়িতে যান। এ সময় স্কুলছাত্রীর পিতা-মাতা বাঁশ কাটতে যাওয়ায় বাড়ির বাইরে ছিল। বাড়িতে কেউ না থাকার সুবাদে মইনুর রহমান ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

তিনি বলেন, এ সময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে প্রধান শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি জানতে পেরে মেয়েটির বাবা ও এলাকার মানুষ থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করে মইনুর রহমানকে গ্রেফতার করেন। এর আগেও তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

তবে মইনুর রহমানের পরিবারের সদস্যদের দাবি, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানাে হয়েছে।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।