Home Blog Page 2632

সিসিইউতে অভিনেতা মিলন

0

অভিনেতা আনিসুর রহমান মিলন হঠাৎ অসুস্থ পড়লে তাকে কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র’এ (সিসিইউ) ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতার ছোট ভাই আতাউর রহমান সুমন।

সুমন জানান, মিলনের কি সমস্যা সেটা এখনো বলা যাচ্ছে না। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার হার্টের সমস্যা সন্দেহ করে ইলেকট্রো কার্ডিওগ্রাফি (ইসিজি) টেস্ট করান। সেখানে হার্টের সমস্যা ধরা পড়ে। কিন্তু স্কয়ারে সিসিইউয়ে আসন খালি না থাকায় তাকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, বর্তমানে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে আনিসুর রহমান মিলনের।

সিলেটে বাস উল্টে দুজন নিহত

0

সিলেটের দক্ষিণ সুরমা এলাকার অতিরবাড়ী এলাকায় বাস উল্টে দুজন নিহত হয়েছে। শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের চাকা ফেটে যাওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ী নামক স্থানে এলে সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। ঘণ্টা খানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এ সময় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ছাড়া গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মধ্যে বাসের কন্ডাক্টর আলী আজগর ও একজন নারী রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঢাকায় আনা হয়েছে করোনাক্রান্ত ইঞ্জিনিয়ার মোশাররফকে

0

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারিরীক বর্তমান অবস্থা সম্পর্কে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি- জাহাঙ্গীর কবির চৌধুরী জানিয়েছেন এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অসুস্থ্যতার খবর ছড়িয়ে পড়লে রাত থেকে পরদিন শুক্রবার সারাদিন পার্কভিউ হাসপাতালে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে মিরসরাই দিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকায় নেওয়া হচ্ছে শুনে মিরসরাইয়ের নেতাকর্মী সমর্থকরা মহাসড়কের দুইপাশে নেতাকে একনজর দেখার জন্য লাইনধরে দাড়িয়ে অপেক্ষায় থাকে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রোগমুক্তি কামনা করে শুক্রবার জুমার নামাযের পর মিরসরাই উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে দোয়া মিলাদ ও বিশেষ মুনাজাত করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়েছে। মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, মিরসরাই পৌরসভা আওয়ামীলীগ, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়নে মাষ্টার রেজাউল করিম সহ ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় মিলাদ ও দোয়া অনুষ্কঠান আয়োজন করা হয়। আত্মমানবতার সেবায় শেষ বিদায়ের বন্ধু, কওমী মাদ্রাসা সমুহ, মিরসরাই পুজা উদযাপন পরিষদ মিলাদ ও দোয়া অন্ষ্ঠুানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় বিআইটিআইডি ল্যাবে নমুনা পাঠানোর পর রাত ১০টার দিকে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। এরপর রাতেই তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকাল ৪টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং প্রধানমন্ত্রীর তদারকিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

ভারতীয় ভিসা সেবা পুনরায় চালুর ঘোষণা

0

বাংলাদেশের নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন সেবা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বর্তমানে অনুমোদিত ভিসা বিভাগগুলো হলো- চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিক। শিগগিরই ভিসার অন্যান্য বিভাগগুলো পুনরায় আবার চালু করা হবে বলে শুক্রবার জানিয়েছে হাইকমিশন।

এর আগে, গত ১২ মার্চ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত ঘোষণা করে ভারত।

কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় বৃহত্তর আন্তর্জাতিক সংহতি চায় ঢাকা

0

কোভিড-১৯ মহামারির ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবিলায় বৃহত্তর আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতা চেয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

তিনি কোভিড ভ্যাকসিনগুলোতে প্রবেশাধিকার সার্বজনীন ও সাশ্রয়ী করা, এসডিজির ঘাটতি মোকাবিলায় অর্থায়ন, দারিদ্র ও অসমতার ক্রমবর্ধমান ধারার অবসান, অভিবাসী শ্রমিকদের সহযোগিতা প্রদান, রপ্তানি আয়ের নিম্ন গতি রোধ, সকলের জন্য ডিজিটালাইজেশনের সুবিধা নিশ্চিত এবং জরুরি জলবায়ু ও জীববৈচিত্র্য ইস্যুগুলো মোকাবিলা করার মতো বিষয়গুলোতে বাংলাদেশ অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির সাধারণ বিতর্ক পর্বে প্রদত্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

করোনা মহামারির প্রেক্ষাপটে এ বছর দ্বিতীয় কমিটির সাধারণ বিতর্কের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘কোভিড-১৯ পরবর্তীকালকে পুনরায় পূর্ববর্তী ভালো সময়ে ফিরিয়ে আনা: আরও ন্যায়সঙ্গত বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা সৃজন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও কোভিড থেকে টেকসই পুনরুদ্ধার নিশ্চিতকরণ’।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক পর্বে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ ভ্যাকসিনকে ‘বৈশ্বিক সম্পদ’ হিসেবে আখ্যা দেন। সে কথা পুনরুল্লেখ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, ‘কোভিড-১৯ মুক্ত বিশ্বের জন্য আমাদের অবশ্যই ভ্যাকসিনগুলোতে সাশ্রয়ী ও বৈশ্বিক প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।’

উন্নয়নশীল দেশগুলোর উৎপাদনশীল সক্ষমতা বৃদ্ধি, অর্থনীতির বৈচিত্র্যকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদানের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এ সংকট থেকে উন্নয়নশীল দেশগুলোর টেকসই উত্তরণ নিশ্চিত করতে তাদের গৃহীত প্রচেষ্টাগুলোতে অব্যাহতভাবে আর্থিক সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।

এ ক্ষেত্রে জি-৭, জি-২০, ওইসিডি এবং আইএফআইকে আর্থিক প্রণোদনা, সাশ্রয়ী অর্থায়ন ও ঋণ থেকে অব্যাহতি দানের মতো পদক্ষেপগুলো আরও বাড়ানোর আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোকে পুনরায় যাতে এলডিসি পর্যায়ে ফিরে যেতে না হয় সে জন্য বিশেষ সহায়তা পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ এবং উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি আয়ের ঘাটতি পূরণে এগিয়ে আসতে উন্নত অর্থনীতির দেশগুলোকে প্রদত্ত প্রতিশ্রুতি পরিপূর্ণ করার আহ্বান জানান রাষ্ট্রদূত ফাতিমা।

অভিবাসী কর্মীরা বহুমুখী যেব চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছেন তা তুলে ধরে রাষ্ট্রদূত ফাতিমা এ সংকটকালে তাদের সহায়তা প্রদান এবং কোভিড-১৯ পরবর্তী কর্মসংস্থান বাজারে তাদের সন্নিবেশন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। উদীয়মান প্রযুক্তিগুলো এবং ডিজিটাল সেবার সুবিধাগুলো যাতে সবাই পেতে পারে তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

জলবায়ু ও জীববৈচিত্র্য ইস্যুতে বৈশ্বিক সাড়াদানের ঘাটতির বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে জরুরি জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় গঠিত ৪৮টি দেশের সংগঠন ‘ক্লাইমেট ভারনারেবল ফোরাম (সিভিএফ)’-এর সভাপতি হিসেবে বাংলাদেশ আরও অংশগ্রহণমূলক ও নেতৃত্বশীল ভূমিকা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতির কথা জানান রাবাব ফাতিমা।

উল্লেখ্য, বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক বিষয়াবলী নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটি কাজ করে থাকে। প্রতিবছর জাতিসংঘ সদস্যরাষ্ট্রগুলোর অংশগ্রহণে দ্বিতীয় কমিটির এ সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিএনপি ধর্ষকদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে: কাদের

0

যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে, জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পরিবর্তনের কথা বলে- প্রকারন্তরে তারা ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, সরকারকে সময় দেওয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়। তিনি বলেন, ক্ষমতা দেওয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। সরকার নাকি অপরাধীদের আশ্রয়- প্রশ্রয় দিচ্ছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে – বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথেই সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনছে।

তিনি বলেন, বিএনপি মাঠে নামার আগেই সরকার অপরাধীদের গ্রেফতার অভিযান শুরু করে দেয়, দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়তো দিচ্ছেনই না বরং শাস্তির বিধান আরো কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীসভায় আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে।

সরকার কারো হাতে ইস্যু তুলে দিবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে, জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পরিবর্তনের কথা বলে -প্রকারন্তরে তারা ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

বিএনপি কথায় কথায় বলে ধর্ষণকারী ও অপরাধীদের সবাই নাকি সরকারি দলের। অথচ আজ পত্রিকায় এসেছে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ছাত্রসংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়কের ধর্ষণের ভিডিও ছড়ানোর ন্যাক্কারজনক অভিযোগ, মির্জা ফখরুল সাহেব এখন কি বলবেন তা জানতে চান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, এ সকল অপরাধীদের বাঁচানোর জন্যই কী বিএনপির -সরকার বিরোধী আন্দোলন? কাপাসিয়ার ধর্ষণকারীদের গ্রেফতার করলে ফখরুল সাহেব কি বলবেন সরকার নির্বিচারে তাদের দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করছে?

শেখ হাসিনা সরকার জনগণের আস্থা নিয়ে সরকার পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ অপরাধীদের আশ্রয় দেয় না, আওয়ামী লীগ জনগণের ভালোবাসায় টিকে আছে, টিকে থাকবে।

ষড়যন্ত্র, খুন আর সন্ত্রাস বিএনপির রাজনৈতিক সংস্কৃতি, কারণ তাদের ক্ষমতার উৎস জনগণ নয়, তাদের উৎস অন্ধকারের চোরাগলি।

শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ‌্য কর্মসূচি

0

সংঘাত ও যুদ্ধকবলিত এলাকাগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতিস্বরুপ এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি।

আজ শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩ টা) রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলছে, ক্ষুধার বিরুদ্ধে লড়াই, শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ-সংঘাত কবলিত এলাকার পরিস্থিতির উন্নয়ন এবং যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার রোধ করতে চালিকা শক্তি হিসাবে কাজ করার জন্য ক্ষুধার বিরুদ্ধে অব্যাহত লড়াই প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে সংস্থাটিকে এবারে শান্তিতে নোবেল দেয়া হলো।

২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার পান ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবি আহমেদ। মূলত দুই দশক ধরে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে চলা যুদ্ধের অবসান ও দেশটির মধ্যে জাতিগত সংঘাত নিরসনের ইথিওপিয়ার আমূল সংস্করের কারিগর হিসেবে তাকে এবার শান্তিতে নোবেল দেয়া হয়েছে।

বিজয়ী বাছাইয়ের কাজে নিয়োজিত কমিটিতে কয়েক বছরের বিতর্ক এবং যৌন কেলেঙ্কারির ঘটনার পর সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস গ্লুক। গতকাল বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় সুইডিশ একাডেমি বিশ্বের সম্মানজনক এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে।

ডিএনএ সম্পাদনায় ক্রিসপার বা ক্যাস-৯ নামের নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের ইমানুয়েল শরপেনটির ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোনা। গত বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ওই তিন রসায়নবিদের নাম ঘোষণা করে।

কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন আবিষ্কারের গবেষণায় পদার্থে নোবেল পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজতিন বিজ্ঞানী। গত মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি এ বছরের পদার্থে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।

গত সোমবার হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন দুই মার্কিন বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল জয়ী হিসেবে ঘোষণা দেয়া হয়।

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন পোস্ট দিতে পারবেন না শিক্ষকরা

0

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের শৃঙ্খলা পরিপন্থী ও অপ্রীতিকর কার্যকলাপ যাতে না ঘটে, সে ব্যাপারে দৃষ্টি রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ছয়টি নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাগুলো হলো-

১. সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি ভিডিও বা অডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয় প্রতিপন্ন করে, এমন কোনো পোস্ট দেয়া থেকে বিরত থাকা।

২. জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকা।

৩. জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো লেখা, অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা এবং ভিত্তিহীন অসত্য বা অশ্লীল তথ্য প্রচার না করা।

৪. মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃপক্ষ সামাজিক ও যোগাযোগমাধ্যম ব্যবহারের গাইডলাইন, চাকরির বিধানাবলী এবং এ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা।

৫. প্রতিষ্ঠান প্রধানরা কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিধি ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রয়োজনে তদন্ত করে এর প্রমাণ আঞ্চলিক অফিসের মাধ্যমে অধিদফতরকে অবহিত করা।

৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় বিভিন্ন গ্রুপ বা পেজে অ্যাডমিনরা পোস্ট/কমেন্ট ইত্যাদি অনুমোদনে করার সময় সরকারি নীতিমালার পরিপন্থী স্ব স্ব প্রতিষ্ঠান, দফতর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করবেন না। অন্যথায় অ্যাডমিন এবং পোস্টদাতা উভয়েই সরকারি বিধি অনুযায়ী অভিযুক্ত হবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

করোনায় আরও ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,২৭৮

0

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ালো ৫ হাজার ৪৭৭ জনে।

এছাড়া একই সময় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৮ জনের দেহে। এনিয়ে দেশে মোট করেনা শনাক্ত হলো ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন করোনা রোগী।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৫৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৯ হাজার ৯১২ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ।

রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২২২ জন (৭৭ দশমিক ০৯ শতাংশ) ও নারী এক হাজার ২৫৫ জন (২২ দশমিক ৯১ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব আটজন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনায় দুইজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা যান।

প্রেসক্লাবের সামনে ধর্ষণের প্রতিবাদে গণসমাবেশ

0

দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশ ও আলোর মিছিলের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নূর এতে অংশ নিয়েছেন।

সরেজমিন দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৪টার পর ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।

গণসমাবেশে অংশ নিয়ে তারা ধর্ষণবিরোধী বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এসময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ শুরু হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন ধর্ষকেরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এ কারণে ধর্ষণের মতো জঘন্য অপরাধ চলে আসছে। ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের দাবি জানান তারা।

সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে আলোর মিছিল বের হওয়ার কথা রয়েছে।

এদিকে সমাবেশের কারণে প্রেসক্লাব ও আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘গণসমাবেশ ও আলোর মিছিল ঘিরে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় সেদিকে সতর্ক নজর আছে।’