Home Blog Page 2633

ইরানের ‘পুরো অর্থনীতির’ ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

0

পরমাণু চুক্তি নিয়ে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালে ব্যর্থ হয়ে দেশটির বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

আলজাজিরা জানায়, বৃহস্পতিবার ইরানের পুরো অর্থনীতির ওপর নতুন এক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ওয়াশিংটনের এ নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে তেহরান।

এদিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ১৮টি প্রধান ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ব্যাংকগুলোর মধ্যে ১৬টি ইরানের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ব্যাংক ইরান সরকার পরিচালিত এবং আরেকটির সঙ্গে দেশটির সামরিক বাহিনীর সম্পর্ক রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, চিহ্নিত আর্থিক খাতগুলো ইরানের অর্থনীতে কার্যক্রমের পাশাপাশি দেশটির সরকারের ক্ষতিকর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন বলেন, ‘আজকের পদক্ষেপগুলো মানবিক লেনদেনের জন্য ইরানের জনগণকে সহায়তা করবে।’

তবে ইরানের ওপর এই মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে ইউরোপের দেশগুলো। কারণ নিষেধাজ্ঞা দেয়া ব্যাংকগুলোর আন্তর্জাতিক লেনদেন আছে, যার সঙ্গে যুক্ত ইউরোপের অনেক প্রতিষ্ঠান।

টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ জানান, যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা ইরানের মানবিক লেনদেনে কোনো প্রভাব ফেলতে পারবে না। করোনা পরিস্থিতিতে অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করাকে ‘নিষ্ঠুরতা’ বলে মন্তব্য করেছেন তিনি।

এর আগে সেপ্টেম্বরে ইরানের ক্ষেপণাস্ত্র, মারণাস্ত্র ও পরমাণু কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা শিল্প সংস্থা ও তার ডিরেক্টর এবং পরমাণু শক্তি সংস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ।

বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনার মামলা পিবিআইতে

0

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তানন্তর করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার রাতে নিউজ টোয়েন্টিফোরকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আরও জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী শিগগিরিই নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা দুটি মামলা পিবিআইতে স্থানান্তর করা হয়েছে।

নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে গত রোববার রাতে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দুটি দায়ের করেন। দুই মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়। দুই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ৬ জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে ৫ জনকে। মামলার দুই আসামী বৃহস্পতিবার ৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এদিন এ দুই মামলার তিন নম্বর আসামী আবুল কালামের ৬ দিন এবং এক মামলায় মাঈনুদ্দিন সাহেদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এদিন একই আদালতে ধর্ষণ চেষ্টা মামলা ও পর্ণোগ্রাফি মামলার ২ নম্বর আসামী আবদুর রহিম এবং ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগ রিমান্ড শেষে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ ছাড়াল

0

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৩৪৯। এর মধ্যে ১০ লাখ ৬৬ হাজার ৮১৯ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ৭৬ লাখ ৬৩ হাজার ৫৫৫ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৩৩ হাজার ৭৬৩। মৃত্যু হয়েছে দুই লাখ ১৭ হাজার ৭৩৮ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ তিন হাজার ৮১২। এর মধ্যে এক লাখ ছয় হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ২৯ হাজার ৫৩৯। এর মধ্যে এক লাখ ৪৯ হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রাতে আদালত বসিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

0

থানায় করা ধর্ষণের মামলায় চার শিশুকে যশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর ঘটনায় ব্যাখ্যা দিতে বরিশালের বাকেরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আগামী ১১ অক্টোবর সশরীরে হাইকোর্টে ব্যাখ্যা দিতে হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি যশোরের জেলা প্রশাসককে যশোর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই ৪ শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে আজ রাতের মধ্যে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই ৪ শিশুর অভিভাবকসহ আগামী ১১ অক্টোবর হাইকোর্টে সশরীরে উপস্থিত হওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে আদালত বসিয়ে এ আদেশ দেন হাইকোর্ট।

ধর্ষণের মামলায় চার শিশুকে গ্রেফতার করে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো নিয়ে একটি টেলিভিশনে প্রচারিত সংবাদ আমলে নিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টায় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালত তার আদেশে বরিশালের শিশু আদালতের বিচারককে ওই ৪ শিশুর জামিন নিষ্পত্তির বিষয়েও আদেশ প্রদান করেছেন।

এদিকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে আগামী ১১ অক্টোবরের মধ্যে ভিকটিম শিশুর ধর্ষণ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। হাইকোর্ট বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতের মধ্যে শিশুদের তাদের মা-বাবার কাছে পৌঁছে দিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানকে অবগত করতে নির্দেশ দিয়েছেন।

পরে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, হাইকোর্টের সব নির্দেশনা বরিশালের শিশু আদালতের বিচারক, জেলা প্রশাসক, পরিচালক, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জের ওসিকে টেলিফোনে অবগত করা হয়েছে।

এদিকে হাইকোর্টের আদেশ অবগত হওয়ার পর বরিশালের শিশু আদালতের বিচারক ওই ৪ শিশুর জামিন মঞ্জুর করেছেন বলেও জানিয়েছেন সাইফুর রহমান।

প্রসঙ্গত, বাকেরগঞ্জে গত ৪ অক্টোবর ৬ বছরের এক প্রতিবেশী কন্যাশিশুর সঙ্গে চার ছেলে শিশু বাগানে বসে খেলছিল। এরপর মেয়ে শিশুটিকে তার পরিবার অসুস্থ অবস্থায় বরিশাল মেডিক্যালে নিয়ে যায়। এরপর সেই চার ছেলে শিশুকে গত ৬ অক্টোবর আসামি করে বাকেরগঞ্জ থানায় কন্যাশিশুর বাবা ধর্ষণের মামলা করে। ওই মামলায় চার শিশুকে গ্রেফতার করে গত ৭ অক্টোবর আদালতে হাজির করা হলে তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন বরিশালের বাকেরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ।

এদিকে শিশুদের স্বজনরা অভিযোগ করেছেন, তাদের শিশুরা ধর্ষক নয়। শত্রুতার জের ধরে তাদের শিশুদের ফাঁসানো হয়েছে। এরপর এ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট এ আদেশ দিলেন।

মেসির গোলে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শুভসূচনা

0

২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশগ্রহণের লড়াইটা দুর্দান্তভাবে শুরু করল আর্জেন্টিনা ফুটবল দল। সমীহ জাগানিয়া দল ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা করল লিওনেল মেসির দল।

মাত্র দুই দিন অনুশীলন করে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু করেছে আর্জেন্টিনা। খেলোয়াড়দের ভ্রমণক্লান্তি তো ছিলই, এর সঙ্গে করোনাবিধি নিয়েও ছিল কঠোরতা। তা ছাড়া খেলার মূল যে শক্তি, সেই দর্শকও নেই গ্যালারিতে। নিজেদের মাঠ হলেও তাই কঠিন পরীক্ষার সামনে পড়ে আলবিসেলেস্তেরা। তাছাড়া গত রাশিয়া বিশ্বকাপে বাছাইয়ের শুরুর স্মৃতিও চোখ রাঙাচ্ছিল। এই ইকুয়েডরের বিপক্ষেই যে মেসিদের হার দিয়ে শুরু হয়েছিল সেবারের বিশ্বকাপ বাছাই!

তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে জয়ে শুরু হয়েছে তাদের কাতার বিশ্বকাপের বাছাই। শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণে ওঠা আর্জেন্টিনা ১৩তম মিনিটে এগিয়ে যায় মেসির পেনাল্টি গোলে। বার্সেলোনা তারকার পাস ধরে লুকাস ওকাম্পোস ওভারল্যাপ করে ঢুকে পড়েন ডি বক্সে। কিন্তু তাকে কড়া ট্যাকল করতে গিয়ে ইকুয়েডর ডিফেন্ডার পেরভিস এস্তুপিয়ান করে বসেন ফাউল। সঙ্গে সঙ্গে রেফারি বাজান পেনাল্টির বাঁশি।

স্পট কিক নিতে আসা মেসি ডান প্রান্ত দিয়ে বল জড়িয়ে দেন জালে। বল ইকুয়েডর গোলকিপারের হাতে ছোঁয়া দিলেও গতি থাকায় বিশ্বকাপ বাছাইয়ের মিশন মেসি শুরু করেন গোল উদযাপন করে।

এগিয়ে যাওয়ার পরও প্রথমার্ধে বেশ কয়েকবার ইকুয়েডরের রক্ষণের পরীক্ষা নিয়েছে আর্জেন্টিনা। যদিও গোলের দেখা পায়নি। ৩০তম মিনিটে নিকোলাস তাগিয়াফিকোর চিপ ওকাম্পোস নিয়ন্ত্রণে নিলেও বল এত উঁচুতে ছিল যে এই উইঙ্গার ছোট বক্সের ভেতর ঢেলে দিয়েছিলেন লাউতারো মার্টিনেজকে উদ্দেশ করে। কিন্তু তার আগেই প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ‘ক্লিয়ারে’ কর্নার হয়ে যায়।

প্রথম ৪৫ মিনিট আর্জেন্টিনার দাপটে সে রকম কোনো সুযোগই তৈরি করতে পারেনি ইকুয়েডর। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে যোগ করা সময়ে রেনাতো ইবারার ফ্রি কিক দূরের পোস্টে খুঁজে নিয়েছিল ফেরিগ্রাকে, যদিও তার আগেই অফসাইডের ফাঁদে পড়েন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা পায় ম্যাচের সবচেয়ে সুন্দর সুযোগটি। মার্তিনেজের হেড একেবারে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন ওকাম্পোস, শটও নিলেন গোলমুখে, কিন্তু সেভিয়া উইঙ্গারের আড়াআড়ি মাটি কামড়ানো শটটি ঝাঁপিয়ে প্রতিহত করেন সফরকারী গোলকিপার।

আরেকবার মেসির গোলমুখে নেওয়া শট ইকুয়েডরের এক ডিফেন্ডারের হাতে লেগে দিক পাল্টে না গেলে ব্যবধান বাড়তে পারত আর্জেন্টিনার। তবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বাছাই অভিযানের শুরুতে নায়ক সেই মেসিই। তার নেওয়ার পেনাল্টি শটটাই গড়ে দিয়েছে ব্যবধান।

দিনের অন্য দুই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ে ও পেরু এবং চিলিকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। উরুগুয়ের জয়ে গোল দুইটি করেছেন লুইস সুয়ারেজ ও ম্যাক্সিমিলানো গোমেজ।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্ষীয়ান এ রাজনীতিককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মো. নূর খান গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়।

বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশের প্রথম সারির একজন শিল্পপতি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এবং সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।

রাজনৈতিক অঙ্গনে তিনি দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ প্রেসিডিয়াম সদস্য।

শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিনের প্রস্তাব

0

শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি ২ দিন করার প্রস্তাব দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, ‘এখনো খসড়া পর্যায়ে আছে। তবে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে এনসিটিবি কাজ করছে।’

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, নতুন কারিকুলামে সপ্তাহে ২ দিন বন্ধের একটি প্রস্তাব করেছি। এতে আমরা বলেছি, সপ্তাহে যদি ২ দিন বন্ধ রাখা যায়, তাহলে আমাদের শিক্ষকরা একটু রিল্যাক্স করতে পারেন। ফলে, তারা শিক্ষার্থীদের আরও মনোযোগ সহকারে পাঠদান করতে পারবেন। তবে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, সরকারি বিভিন্ন অফিসে সাপ্তাহিক ছুটি ২ দিন। কেবল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি একদিন। এবার শিক্ষা প্রতিষ্ঠানেও সাপ্তাহিক ছুটি ২ দিন করার প্রস্তাব করে এনসিটিবি। প্রস্তাবে বলা হয়, ছুটি বাড়ালেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনো ক্ষতি হবে না। সাপ্তাহিক এই ২ দিন ছুটির সিদ্ধান্ত ২০২২ সাল থেকে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা; পরে গলাকেটে লাশ ঘরে রাখলেন পুলিশ সদস্য

0

বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে নিহত জ্যোৎসনার মরদেহ উদ্ধার এবং স্বামী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত জ্যোৎসনা সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী। সাদ্দাম হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়ধাল গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। পুলিশ কনস্টেবল সাদ্দাম শরণখোলা উপজেলার থাফালবাড়ী পুলিশ ফারিতে কর্মরত ছিলেন। তিনি ফাঁড়ির এলাকার পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বুধবার (০৭ অক্টোবর) রাতের কোনো এক সময় সাদ্দাম হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে জবাই করে পলিথিনে মুড়িয়ে বস্তাবন্দি করে লাশ পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখেন। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সাদ্দাম হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে হত্যা করেছেন। আমরা সাদ্দাম হোসেনকে আটক করেছি। সাদ্দামের স্ত্রীর ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি।

নতুন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন

0

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন তিনি। এ এম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির টানা দু’বারের সভাপতি। অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ। সরকারকে সংবিধান, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেল।

বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার নতুন রেকর্ড

0

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতা ছুঁয়েছে। টানা রেকর্ডের পর রেকর্ড গড়ে চলা এই রিজার্ভ বৃহস্পতিবার ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, বিভিন্ন দেশে থেকে প্রবাসীদের পাঠানো প্রচুর পরিমাণ রেমিটেন্স, রফতানি আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ আসার ফলে বাংলাদেশের রিজার্ভ এখন ৪ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের ভাষ্য- সরকারের প্রণোদনা ঘোষণায় বৈধপথে প্রচুর পরিমাণ প্রবাসীদের রেমিটেন্স আসা, আমদানি ব্যয়ের চাপ কম থাকা, দাতা সংস্থা বিশ্বব্যাংক, এশিয়ান উন্নয়ন ব্যাংক-এডিবি, আইএমএফ ও জাইকার বৈদেশিক ঋণ সহায়তা এবং বিশ্ব সংস্থার অনুদানের কারণে রিজার্ভ বেড়েছে।

এর আগে, গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৯.৪০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে রেমিটেন্সে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। এই অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬৭১ কোটি ৩১ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৮.৫৭ শতাংশ বেশি। প্রবাসীরা গত সেপ্টেম্বর মাসে ২১৫ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স।