Home Blog Page 2634

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ আইসিটি প্রতিমন্ত্রীর

0

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন শিক্ষার্থীদের ইন্টারনেট ও ফেসবুকের পাসওয়ার্ড প্রদান ও সামাজিক মাধ্যমে কিছু শেয়ার করার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তা না হলে চরম অসুবিধার মধ্যে পড়তে হবে। তিনি পরিচয় যাচাই না করে ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আজ সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক ওয়েবিনারে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন, বর্তমানে দেশে প্রায় ৭০ শতাংশ কিশোরী সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। সাইবার অপরাধে শিকার হওয়া কিশোরীদের মানসিক ভাবে ভেঙ্গে না পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন কেউ যদি এ ধরনের পরিস্থিতির শিকার হয় তাহলে ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা নিতে পারে। কারো ফেসবুক হ্যাক হলে তাদের প্রযুক্তি ও আইনগত সহায়তা দিতে শীঘ্রই আইসিটি বিভাগের অধীনে ‘সাইবার সিকিউরিটি হেল্প ডেস্ক’ প্রতিষ্ঠা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অপরাধীদের প্রতিরোধ ও ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে হবে। এ বিষয়ে আমাদের সন্তানদের মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষক, অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে সন্তানেরা ডিজিটাল প্লাটফর্মে কখন, কার সাথে যুক্ত হচ্ছে সে বিষয়ে খোঁজ রাখতে হবে। এছাড়াও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শাস্তি নিশ্চিত অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, সাইবার স্পেস নিরাপদ রাখতে চারটি পূর্ব শর্ত নিশ্চিত করতে হয়। সেগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা তৈরি, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান, প্রযুক্তিগত সক্ষমতা এবং আইনের কঠোর প্রয়োগ। তিনি সত্য-মিথ্যা যাচাই না করে ইন্টারনেটে শেয়ার না করার জন্য সকলের প্রতি আহবান জানান।

ওয়েবিনারে অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সিসিএ নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী, সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার ইসলাম আনু। ওয়েব সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিএ উপনিয়ন্ত্রক হাসিনা বেগম।

অংশীজনদের সাথে নিয়েই প্রযুক্তিগত পরিবর্তন করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অংশীজনদের সাথে নিয়েই প্রযুক্তিগত পরিবর্তন করতে হবে। নতুন প্রযুক্তি অবশ্যই ব্যবহারবান্ধব হতে হবে। কেননা নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে মানুষের সময় লাগে।

প্রতিমন্ত্রী আজ অনলাইনে ‘নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর এলাকায় পাঁচ লক্ষ স্মার্ট প্রিপেমেন্ট মিটারিং প্রকল্পের আওতায় রাজশাহী অঞ্চলে স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, মুজিববর্ষেই গ্রিড অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকহারে বাড়াতে হবে। স্মার্ট প্রিপেমেন্ট মিটার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সচেতন করতে সহায়তা করবে। অনলাইনে বিল প্রদানে গ্রাহকগণ ১% হারে রেয়াত সুবিধা পাবেন। এ সময় তিনি ২৪ ঘন্টা গ্রাহকসেবা প্রদান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নেসকো পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

যুব জনগোষ্ঠীকে দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

0

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ১৭ ভাগ কারিগরি দক্ষতা সম্পন্ন। সরকার আগামী ২০২১ সালের মধ্যে এ সংখ্যাকে ২০ ভাগ এবং ২০৪০ সালের মধ্যে ৬০ ভাগে উন্নীত করতে বদ্ধপরিকর। বাংলাদেশ সরকারের এ লক্ষ্য পূরণে সহায়ক ভুমিকা পালন করছে রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্প। যুব জনগোষ্ঠিকে দক্ষতা প্রদান, চাকুরির সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে এ প্রকল্প। এ কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ বিশেষায়িত সংস্থা হিসেবে কারিগরি সহায়তা প্রদান করছে।

প্রতিমন্ত্রী আজ কক্সবাজারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন রিচিং আউট অভ্ স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের প্রি-ভোকেশনাল ট্রেনিং কার্যক্রমের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে প্রাথমিক থেকে শুরু করে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে সবার জন্য যথাযথ চাকরি এবং উপযুক্ত কাজ নিশ্চিতকরণ।

তিনি বলেন, রস্ক প্রকল্প ঝরে পড়া ও অতি দরিদ্র পরিবারের সন্তান যারা প্রাথমিক শিক্ষা চক্রে অংশগ্রহণ করতে পারেনি, সেসব শিশুদের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ তৈরি করেছে। এ প্রকল্প বাংলাদেশের ১৪৮টি উপজেলায় আনন্দ স্কুল কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রায় ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি ১০টি সিটি কর্পোরেশন এলাকায়, ৮-১৪ বছর বয়সী ঝড়ে পড়া ৫০ হাজার শিক্ষার্থীকে ৩ বছর মেয়াদি এক্সিলারেটেড এডুকেশন মডেলের মাধ্যমে প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে। রস্ক প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রি-ভোকেশনাল স্কিল প্রশিক্ষণ কার্যক্রম। যার উদ্দেশ্য হচ্ছে, প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরে যারা পরবর্তী শিক্ষাক্রমে অংশগ্রহণ করতে পারেনি এবং যাদের বয়স ১৫-২৪ বছর তাদের বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নে সহায়তা করা এবং তাদের চাকরি পেতে কিংবা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে সহায়তা করা।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার প্রায় শতভাগে উন্নীত হয়েছে, ঝরে পড়া কমেছে অনেকাংশেই। বিনামূল্যের বই বিতরণ, উপবৃত্তি প্রদান, মিড ডে মিলসহ সরকারের নানা পদক্ষেপের সুফল মিলছে এখন। শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। শিক্ষকদের দক্ষতা ও পেশাগত উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ গৃহীত ও বাস্তবায়ন করা হচ্ছে।

সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সোহেল আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত, রস্ক ফেইজ-২ প্রকল্পের পরিচালক মোঃ মাহবুব হাসান শাহীন এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর -প্রোগ্রাম অপারেশন্স বন্দনা রিসাল। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড রেখে আইন হচ্ছে: আইন মন্ত্রী

0

বর্তমান আইনে ধর্ষণের সাজায় পরিবর্তন এনে তা মৃত্যুদণ্ড করা হচ্ছে। এ সম্পর্কিত একটি সংশোধিত আইনের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। সোমবার (১২ অক্টোবর) এই প্রস্তাব উত্থাপিত হবে বলে সময় নিউজকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশের সংবিধানে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, এর ৯ ধারায় ধর্ষণ এবং ধর্ষণজনিত কারণে মৃত্যু ঘটানো ইত্যাদির সাজা সম্পর্কে বলা আছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, যদি কোন পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোল বৎসরের অধিক বয়সের কোন নারীর সাথে তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে, অথবা ষোল বৎসরের কম বয়সের কোন নারীর সাথে তার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবেন।

বাংলাদেশের আইনে বর্তমানে ধর্ষণের সাজা হিসেবে যেসব শাস্তির উল্লেখ আছে তা নিম্নে তুলে ধরা হলো।

৯(১) যদি কোন পুরুষ কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।

(২) যদি কোন ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু ঘটে, তা হলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অন্যুন এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।

(৩) যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন, তা হলে ঐ দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অন্যুন এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।

(৪) যদি কোন ব্যক্তি কোন নারী বা শিশুকে-

(ক) ধর্ষণ করে মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন, তাহলে উক্ত ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন;
(খ) ধর্ষণের চেষ্টা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক দশ বত্সর কিন্তু অন্যুন পাঁচ বত্সর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।

(৫) যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোন নারী ধর্ষিতা হন, তা হলে যাহাদের হেফাজতে থাকাকালীন উক্তরূপ ধর্ষণ সংঘটিত হয়েছে, সেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধর্ষিতা নারীর হেফাজতের জন্য সরাসরিভাবে দায়ী ছিলেন, তিনি বা তারা প্রত্যেকে, ভিন্নরূপ প্রমাণিত না হলে, হেফাজতের ব্যর্থতার জন্য, অনধিক দশ বত্সর কিন্তু অন্যুন পাঁচ বত্সর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।

উল্লেখ্য সম্প্রতি নোয়াখালী সিলেটে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় সারাদেশে ধর্ষণবিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে। এরই ধারাবাহিকতায় ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি ওঠে।

ধর্ষণ এবং নারী নিপীড়ন বন্ধের দাবিতে আন্দোলনকারীদের বক্তব্য হচ্ছে, এখন আইনে ধর্ষণের যে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা রয়েছে, তা অপরাধ দমনে কঠিন কোন বার্তা দিতে পারছে না। এছাড়া বিচারের দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর ধরে ঝুলে থাকা মামলায় বেশিরভাগ ক্ষেত্রে সেই সাজাও হয় না। সেজন্য তারা মৃত্যুদণ্ডের দাবিকে সামনে আনছেন।

কিন্তু মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে- এমনটা মনে করে না মানবাধিকার সংগঠনগুলো। তাদের মতে আইনের প্রয়োগ বা বাস্তবায়ন এবং নির্যাতিতা নারীর নিরাপত্তা নিশ্চিত করা- এই বিষয়গুলোতে বড় সমস্যা রয়েছে। সে কারণে ধর্ষণের অভিযোগ বিচারের পর্যায়ে যেতেই অনেক সময় লেগে যায়। আবার নিম্ন আদালতে বিচার হওয়ার পর উচ্চ আদালতে মামলার জটে পড়ে যাচ্ছে।

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে : কৃষিমন্ত্রী

0

সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা সবসময়ই একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু বিগত ১০ বছরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। করোনা ও প্রাকৃতিক দুর্যোগের মাঝেও এ অর্থবছরে খাদ্যশস্যের (চাল, গম ও ভুট্টা) উৎপাদন বৃদ্ধি পেয়ে প্রায় ৪ কোটি ৫৩ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। এই দুর্যোগেও বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে।

মন্ত্রী আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজিত ‘কোভিড পরবর্তী বাংলাদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা : চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসচিব মোঃ নাসিরুজ্জামান।

পুষ্টি নিরাপত্তা নিশ্চিতই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সরকার সকলের জন্য পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে বিশেষভাবে সচেষ্ট আছে। এ লক্ষ্য অর্জনে পুষ্টির উৎস শাকসবজি ও ফলমূলের উৎপাদন বাড়াতে সরকার কৃষিখাতে বায়োটেকনোলজি, কৃষি যান্ত্রিকীকরণ, প্রতি ইউনিয়নে কালিকাপুর মডেল অনুসরণ করে সবজি পুষ্টি বাগান ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি, দেশীয় ও আধুনিক জীবপ্রযুক্তি ব্যবহার করে মাছ, মাংস, দুধ, ডিমের মতো প্রাণিজ আমিষ বৃদ্ধির লক্ষ্যে কাজ চলমান আছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোঃ সাইদুল আরেফিন। বারটানের নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, আইসিডিডিআরবির সিনিয়র পরিচালক ড. তাহমিদ আহমেদ, ফার্মিং ফিউচার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, বারটানের পরিচালক কাজী আবুল কালাম প্রমুখ বক্তব্য রাখেন।

সাহিত্যের নোবেল পেলেন মার্কিন কবি লুইস

0

সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন কবি লুইস গ্লুক। বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১টায় সুইডিশ একাডেমি বিশ্বের সম্মানজনক এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে।

সুইডিশ একাডেমি বলছে, সরল ও সৌন্দর্যময় সুস্পষ্ট কাব্যিক কণ্ঠস্বরের জন্য এ বছর সাহিত্যের নোবেল পুরস্কার দেয়া হয়েছে লুইস গ্লুককে। তার কাব্যিক ঢং স্বতন্ত্র অস্তিত্বকে সার্বজনীন করে তোলে। সাহিত্যের এই নোবেল জয়ী পুরস্কারের অংশ হিসেবে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোন পাবেন।

সাহিত্যের নোবেল পুরস্কার জয়ী বাছাই কমিটি সুইডিশ একাডেমিতে যৌন নিপীড়নের ঘটনার পর ২০১৮ সালে সাহিত্যের নোবেল স্থগিত রাখা হয়। সুইডিশ একাডেমির এক সদস্যের যৌন নিপীড়নের ঘটনা ফাঁস হওয়ার পর কমিটি থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন সদস্য।

নোবেল ফাউন্ডেশনের আস্থা ফিরে পেতে কমিটিতে ব্যাপক রদ-বদল আনার পর গত বছর সুইডিশ একাডেমি একসঙ্গে দুই বছরের (২০১৮ এবং ২০১৯ সালের) সাহিত্যের নোবেল জয়ীদের নাম ঘোষণা করে। ২০১৮ সালের সাহিত্যের নোবেলজয়ী হিসেবে পোল্যান্ডের ওলগা তুকারচুক এবং পরের বছরের বিজয়ী অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে-কে বেছে নেয় সুইডিশ একাডেমি।

নোবেলজয়ী হিসেবে হ্যান্ডকের নাম ঘোষণার পর বিশ্বজুড়ে সাহিত্য অঙ্গনে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। কারণ নব্বই দশকের বলকান যুদ্ধে সার্বিয়ার গণহত্যার কট্টর সমর্থক হ্যান্ডকে। পরবর্তীতে সার্বিয়ার মানবতাবিরোধী অপরাধের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

হ্যান্ডকের নোবেল জয়ের প্রতিবাদে আলবেনিয়া, বসনিয়া এবং তুরস্কসহ বেশ কয়েকটি দেশ নোবেল পুরস্কার অনুষ্ঠান বয়কট করে। এমনকি সাহিত্যের নোবেলজয়ী বাছাই কমিটি সুইডিশ একাডেমি থেকেও একজন সদস্য পদত্যাগ করেন।

ডিএনএ সম্পাদনায় নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের ইমানুয়েল শরপেনটির ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোনা। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ওই তিন রসায়নবিদের নাম ঘোষণা করে।

মহাবিশ্বের অন্যতম বিস্ময় কৃষ্ণ গহ্বর সম্পর্কে নতুন আবিষ্কারের গবেষণায় ২০২০ সালে পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজতিন বিজ্ঞানী। গত মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি এ বছরের পদার্থে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।

গত সোমবার হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন দুই মার্কিন বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল জয়ী হিসেবে ঘোষণা দেয়া হয়।

নতুন নতুন উদ্ভাবন, গবেষণা এবং মানব জাতির কল্যাণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রত্যেক বছর নোবেল পুরস্কার দেয়া হয়। সুইডিশ ব্যবসায়ী ও ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য ও শান্তি, চিকিৎসা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যার নোবেল পুরস্কার দিয়ে আসা হচ্ছে। পরে ১৯৬৯ সালে অর্থনীতির নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।

শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবং সোমবার (১২ অক্টোবর) দ্য রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স অর্থনীতিতে নোবেলজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে।

গতবার ফেল করা শিক্ষার্থীরাও পাশ করবেন জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে

0

চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে এবার হচ্ছে না এইচএসসি পরীক্ষা। এর বদলে শিক্ষার্থীদের জেএসসি, জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে কপাল খুলছে গত বছর যারা এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করেছিলেন তাদের।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে অনলাইনে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গতবার যারা ফেল করেছে, তাদেরও জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

২০১৯ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করে নয় লাখ ৮৮ হাজার ১৭২ জন। সেই হিসেবে গত বছর উচ্চ মাধ্যমিকে ফেল করেছিলেন তিন লাখ ৪৮ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী, যারা এবার পরীক্ষা দিয়েই পাচ্ছেন উচ্চ মাধ্যমিকের সনদ।

এইচএসসিতে দুই বিষয়ে (সর্বোচ্চ চার পত্র) ফেল করলে পরের বছর শুধু ওইসব বিষয়ে পরীক্ষা দেয়া যায়। উচ্চ মাধ্যমিকে একজন শিক্ষার্থীকে সাতটি বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষায় বসতে হয়। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের গড় করে আগামী ডিসেম্বরের মধ্যেই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস কবে যাবে সেটি আমরা কেউ জানি না। এ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার আয়োজন করা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে গিয়ে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলতে চাই না।

এইচএসসি এই ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে কোন জটিলতার শিকার হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ফল তাদের পূর্বতন পরীক্ষার ফলের ভিত্তিতে করা হবে। বিশ্ববিদ্যালয় নিজেদের নিয়মে পরীক্ষা আয়োজন করবে। সেখানে কোনো বাধা আসবে না। এমনকি বাইরের দেশগুলোতে পড়তে গেলেও শিক্ষার্থীদের কোনো জটিলতায় পড়তে হবে না বলেও জানান দীপু মনি।

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। করোনার কারণে তা স্থগিত করা হয়।

চলতি অর্থবছরে বাংলাদেশে ১.৬ শতাংশ প্রবৃদ্ধি হবে: বিশ্বব্যাংক

0

মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। এর পরের অর্থবছর (২০২১-২২) তা বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এমন দাবি করে। এর আগে বিশ্বব্যাংক জানিয়েছিল, চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে মাত্র ১ শতাংশ।

অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গত ১৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানায়, চলতি অর্থবছর বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ। এদিকে সংসদে বাজেটে ২০২০-২১ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বিশ্বব্যাংকের আজকের প্রতিবেদনের তথ্যানুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে থাকতে পারে মালদ্বীপ। চলতি অর্থবছরে তাদের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৯ দশমিক ৫ শতাংশ, যা তার পরের বছর আরও বেড়ে হতে পারে ১২ দশমিক ৫ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত। চলতি অর্থবছর তাদের প্রবৃদ্ধি হতে পারে ঋণাত্মক ৯ দশমিক ৬ শতাংশ। তার পরের অর্থবছর তা বেড়ে হতে পারে ৫ দশমিক ৪ শতাংশ।

চলতি অর্থবছর আফগানিস্তানের প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৫ শতাংশ, তার পরের অর্থবছর ৩ দশমিক ৩ শতাংশ। চলতি অর্থবছর ভুটানের প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৮ শতাংশ, তার পরের অর্থবছর ২ শতাংশ। চলতি অর্থবছর শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৩ শতাংশ, তার পরের অর্থবছর ২ শতাংশ।

চলতি অর্থবছর নেপালের প্রবৃদ্ধি হতে পারে দশমিক ৬ শতাংশ, তার পরের অর্থবছরে ২ দশমিক ৫ শতাংশ। পাকিস্তানের প্রবৃদ্ধি হতে পারে চলতি অর্থবছর দশমিক ৫ শতাংশ এবং তার পরের অর্থবছর ২ শতাংশ।

শেখ হাসিনার গাড়িবহরে হামলা : ৩ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

0

২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা যাওয়ার সময় গাড়িবহরে হামলার ঘটনায় হওয়া মামলা বাতিলের জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ শুনানিকালে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়কপথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

২০১৫ সালে এ ঘটনায় আদালতে চার্জশিট দেয়া হয়। এর মধ্যে হত্যাচেষ্টা মামলায় এক আসামির বয়স ঘটনার সময় ১০ বছর ছিল উল্লেখ করে হাইকোর্টে মামলা বাতিলে আবেদন করা হয়। ২০১৭ সালে ওই আবেদনের ওপর একই সালের ২৩ আগস্ট হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।

অন্যায়ের সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না: আইজিপি

0

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি এসব ঘটনার সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না।

তিনি বলেন, আমরা প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড়া করাবো এবং বিচারের কাছে সোপর্দ করবো। আমাদের দৃঢ় বিশ্বাস এরা বিচারের মুখোমুখি হবে এবং যার যার পাওনা তারা নিশ্চয়ই বিচার বিভাগের কাছ থেকে বুঝে নেবে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ আরো বলেন, সরকার প্রত্যেকটি ঘটনাতে কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেকটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। যারা অপরাধী তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারই শেষ না, যে সব মামলা রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে চার্জশীট দেয়া হবে। এটি হচ্ছে আইনী দায়িত্ব।

তিনি আরো বলেন, পরবর্তি সময়ে বাংলাদেশের আইনে এ ধরনের অপরাধীদের কি হবে সেটি আইন কর্তৃক নির্ধারিত রয়েছে। সে বিষয়টি নির্ভর করবে বিচার বিভাগের উপর। আমরা আশা করবো মাননীয় বিচারকবৃন্দ রয়েছেন, তারা যথাযথ শাস্তি নিশ্চয়ই নিশ্চিত করবেন।

আইজিপি বলেন, সাম্প্রতিককালে এ রকম অনেক ঘটনা রয়েছে যা নিয়ে মিডিয়ায় কথা হচ্ছে। আমাদের মিডিয়া অনেক শক্তিশালী এবং আমাদের দেশের মানুষ খুবই রাজনীতি সচেতন। তারা রাজনৈতিক অধিকার সম্পর্কে খুব সচেতন। এখন একটি স্কুলের বাচ্চা তার রাজনৈতিক অধিকার সম্পর্কে অনেক অনেক সচেতন। কারণ আমাদের শিক্ষা বিস্তার লাভ করেছে। একই সঙ্গে শিক্ষার গুণগত উন্নয়ন হয়েছে। যে কারণে আমরা দেখি একটি স্কুলে যাওয়া বাচ্চা তার রাজনৈতিক, মানবাধিকার ও নিজস্ব অধিকার সম্পর্কে অনেক সচেতন।