Home Blog Page 2636

ফ্লয়েডকে হত্যাকারী সেই পুলিশ কর্মকর্তা জামিনে মুক্ত

0

গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ এক যুবককে হত্যা করার অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক সেই পুলিশ অফিসার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

কোর্ট রেকর্ডে দেখা যায়, বুধবার ১০ লাখ ডলার মুচলেকার বিনিময়ে ডেরেক চাওভিন নামে শ্বেতাঙ্গ সেই পুলিশ অফিসার মুক্তি পেয়েছেন।

জালিয়াতির অভিযোগে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার রাস্তায় ফ্লয়েডের গলায় প্রায় আট মিনিট হাঁটু চাপা দিয়ে তাকে হত্যা করে চাওভিন। মৃত্যুকালে ফ্লয়েডকে বেশ কয়েকবার বলতে যায়- ‘আমি নিশ্বাস নিতে পারছি না।”

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র জুড়ে ফেটে পড়ে বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ গোটা বিশ্বে বারুতের মতো ছড়িয়ে পড়ে এই আন্দোলন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের ওপর নিপীড়ন চালায় যুক্তরাষ্ট্র পুলিশ। কিন্তু দমানো যায়নি। তারা দেশটির পুলিশবাহিনীতে সংস্কার আনাসহ বেশ কিছু দাবি তোলে আন্দোলন চারিয়ে যায়।

আন্দোলনের একপর্যায়ে গ্রেপ্তার করা হয় চাওভিনকে। ফ্লয়েডকে হত্যায় তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তীব্রতর অভিযোগ সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়। আগামী বছরের মার্চ মাসে তার বিরুদ্ধে এই অভিযোগের আনুষ্ঠানিক বিচার শুরুর কথা।

ওই ঘটনায় সম্পৃক্ত থাকা চাওভিনের সঙ্গে থাকা আরও তিন পুলিশ অফিসার আলেক্সান্ডার কুয়েং, টমান ল্যান ও তু থাওকেও বরখাস্ত করা হয়। ফ্লয়েডকে হত্যায় চাওভিনকে সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে হত্যায় সহযোগিতা করার মামলা হয়েছে। তবে তারা জামিনে মুক্তি পেয়েছেন আগেই।

ঘটনার চার মাসের বেশি সময় পর জামিনে মিলল চাওভিনের। এর মানে আগামী বছর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত মুক্ত থাকতে পারবেন তিনি।

মে মাসের শেষ দিকে গ্রেপ্তার হওয়ার পর থেকে চাওভিন অধিকাংশ সময় কাটিয়েছেন মিনিয়াসোটার সুরক্ষিত ওক পার্ক হাইটসে। অবশ্য জামিনে মুক্তি পাওয়া নিয়ে চাওভিন বা তার কোনো আইনজীবীর মন্তব্য পাওয়া যায়নি।

তবে এই জামিনের তীব্র নিন্দা করেছেন ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প- “মাত্র ২০ ডলার নিয়ে জর্জ ফ্লয়েডের জীবন কেড়ে নেওয়ার পর ডেরেক চাওভিন আজ ১ মিলিয়ন ডলারের মুচলেকার বিনিময়ে সে তার মুক্তি কিনেছে।”

“মুচলেকায় তার মুক্তি জর্জ ফ্লয়েডের পরিবারকে সেই বেদনার কথা মনে করিয়ে দিচ্ছে যে, তারা ন্যায্য বিচার পাওয়া থেকে এখনো অনেক দূরে।”

৪ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

0

রাজধানীর খিলগাঁওয়ে এক রিকশাচালকের বিরুদ্ধে ৪ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। এ ঘটনায় অভিযুক্ত সজল মোল্লা নামের (৫৫) ওই রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

যৌন হয়রানির শিকার ওই চার শিশুর বয়স আনুমানিক ৬-৯ বছর।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই চার শিশুকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় একটি টিনশেড বাড়িতে ওই চার শিশু তাদের পরিবারের সঙ্গে থাকত। তাদের বাসার পাশেই থাকতেন রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রী বাসায় না থাকায় শিশুদের চকলেটের লোভ দেখিয়ে রুমে ডেকে নিয়ে যেতেন সজল। সেখানে তিনি বিভিন্ন সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতন চালান।

বাচ্চু মিয়া আরও জানান, ঘটনাটি জানাজানি হয়ে গেলে বুধবার বিকেলে থানায় এসে অভিযোগ করে ওই চার শিশুর পরিবার। তার পরপরই অভিযুক্ত সজলকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ।

অভিযুক্ত সজলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

এ বিষয়ে খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, ‘এ ঘটনায় রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়া দরকার। আমরা দুপুরে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করব।’

ফিনল্যান্ডে একদিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্বে কিশোরী

0

লিঙ্গ সমতায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ফিনল্যান্ড। তবে নানা ক্ষেত্রে দেশটির নারীরা এখনো বঞ্চনার শিকার হয়ে থাকেন। এ বৈষম্য দূরীকরণে দৃঢ়প্রতিজ্ঞ দেশটির সরকার। এ লক্ষ্যে গৃহীত নানা কর্মসূচির অংশ হিসেবে বুধবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ১৬ বছরের এক কিশোরী। নাম আভা মুর্তো।

একদিনের দায়িত্ব পালন করতে গিয়ে নতুন কোনো আইন প্রণয়ন না করলেও সে ব্যস্ত সময় গেছে আভার। এদিনে প্রযুক্তিতে নারীর অধিকার নিয়ে আভা দেশটির রাজনীতিবিদদের সাথে কথা বলেছেন। কথা বলতে হয়েছে সাংবাদিকদের সঙ্গেও।

আন্তর্জাতিকভাবে গৃহীত কর্মসূচি ‘গার্লস টেকওভার’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে এ নিয়ে চতুর্থবার অংশ নিয়েছে ফিনল্যান্ড। এ কর্মসূচির অংশ হিসেবে কিশোরীদের একদিনের জন্য রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বনেতাদের এবং বিভ্ন্নি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়।

এই বছর নারীদের জন্য ডিজিটাল দক্ষতা ও প্রযুক্তিগত সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু ফিনল্যান্ডই নয়, কেনিয়া, পেরু, সুদান, ভিয়েতনামসহ বেশ কিছু দেশে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন (৩৪) বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রপ্রধান হিসেবে গত ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বুধবার কিশোরী আভা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও কিছু দায়িত্ব সানা ম্যারিনকেও পালন করতে হয়েছে। সকালে তিনি বাজেট নিয়ে আলোচনায় বসেছিলেন। বুধবারের ‘প্রধানমন্ত্রী’ আভার সঙ্গে সকালে তার একসঙ্গে নাস্তা করার কথা ছিল। শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। তবে আভার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

ঢাকায় আবারো বিস্ফোরণ: আহত ৭

0

রাজধানীর বংশালে আরমানিটোলা মাঠের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে তিনজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে তিতাস গ্যাসের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, সুয়ারেজের পাইপে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটেছে। তবে তদন্ত ছাড়া এখনই এ বিস্ফোরণ সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি তারা।

কিংবদন্তি গিটারিস্ট এডি ভ্যান হ্যালেনের জীবনাবসান

0

কিংবদন্তি গিটারিস্ট ও জনপ্রিয় রক ব্যান্ড ‘ভ্যান হ্যালেন’ এর সহ-প্রতিষ্ঠাতা এডি ভ্যান হ্যালেন আর নেই।
ডাচ-আমেরিকান এডি ভ্যান হ্যালেন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গলার ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই তারকার মৃত্যুর খবরটি দিয়ে তার ছেলে উলফ ভ্যান হ্যালেন লিখেছেন, “বিশ্বাস করতে পারছি না আমাকে এটি লিখতে হচ্ছে, আমার বাবা এডওয়ার্ড লোডেভিজক ভ্যান হ্যালেন দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ (মঙ্গলবার) সকালে মারা গেছেন। তিনি ছিলেন একজন সেরা বাবা। স্টেজ ও স্টেজের বাইরে তার সঙ্গে কাটানো সময়গুলো ছিল আমার জন্য শ্রেষ্ঠ উপহার। আমার হৃদয় ভেঙে গেছে এবং এই ক্ষতি কখনো পূরণ হবার নয়।”

২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় শীর্ষস্থান দখল করেন ভ্যান হ্যালেন। এছাড়া পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’ ও ‘থ্রিলার’ গানে গিটার বাজিয়েছেন তিনি। দুই হাতে সমান তালে সোলো টেকনিকে গিটার ট্যাপিংয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

কিশোর বয়স থেকে ভাই অ্যালেক্স হ্যালেনের সঙ্গে পারফরম্যান্স করতেন ভ্যান হ্যালেন। এরপর ডেভিড লী রুথের সঙ্গে মিলে ‘ভ্যান হ্যালেন’ ব্যান্ড গঠন করেন। দীর্ঘ চার দশকে ‘ভ্যান হ্যালেন’ অসংখ্য জনপ্রিয় অ্যালবাম প্রকাশ করেছে। ‘রানিন উইথ দ্য ডেভিল’, ‘পানামা’, ‘হট ফর টিচার’, হোয়াই ক্যান নট দিস বি লাভ?’ ইত্যাদি গান আশির দশকে টপ চার্ট দখল করেছিল।

করোনা সংক্রমণে সচেতনতা বৃদ্ধিতে আসরে নামলেন শ্রাবন্তী

0

সামনেই পুজা। বাঙালির শ্রেষ্ঠ উতসব শুরুর আগে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। ফলে করোনা আবহের মধ্যেও একটু একটু করে কেনাকাটা শুরু করে দিয়েছেন মানুষ। যার জেরে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ক্রমশ লাফিয়ে পড়ছে বলেই জানানো হয়েছে। তাই সংক্রমণের মাত্রা কমাতে এবং মানুষকে সচেতন করতে এবার সচেষ্ট হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রাবন্তী সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ঘরের বাইরে বের হলে মাস্ক পরুন বলে প্রত্যেকের কাছে আবেদন করেন অভিনেত্রী। মাস্ক পরে না বের হলে সংক্রমণের মাত্রা যে দ্বিগুন হবে, নিজের ভিডিয়োর মাধ্যমে সেই বার্তাও দেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী

0

২৮ দিন জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন রিয়া চক্রবর্তী। ১ লাখ টাকার বন্ডে বুধবার জামিন মঞ্জুর করা হয় এ অভিনেত্রীর। সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হচ্ছে তার ভাই সৌভিক চক্রবর্তীকে।

এর আগে ২৯ সেপ্টেম্বর ৭ ঘন্টার টানা ম্যারাথন সওয়াল-জবাবের পর রিয়া চক্রবর্তী ও সৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন স্থগিত রাখে বোম্বে হাইকোর্ট।

জামিনের আর্জিতে রিয়া জানিয়েছেন, সুশান্ত নিজেই যে শুধু ড্রাগ নিতেন এমন নয়। বাড়ির বাকি সদস্যদেরও মাদক সংগ্রহ কার জন্য নির্দেশ দিতেন। রিয়া আরও জানান, সুশান্ত বেঁচে থাকলে যদি ওর বিরুদ্ধে ড্রাগ নেওয়ার এই অভিযোগ উঠত তা হলে ওকেও জেলে যেতে হতো। হয়তো ওর সাজা হত জামিনযোগ্য এবং খুব বেশি হলে এক বছরের কারাদন্ড হতো। সুশান্ত আমার ভাইকেও সুযোগ পেয়ে ব্যবহার করেছে।

নীরজকে প্রায়ই সুশান্ত অর্ডার করত ওর জন্য গাঁজা বানিয়ে রাখার জন্য। মৃত্যুর তিন দিন আগেও সউসান্তের নির্দেশে একটি বাক্সে গাঁজা ভরে রেখেছিল নীরজ। ওর মৃত্যুর পর বেডরুম থেকেই সেই খালি বাক্স পাওয়া যায়। এর থেকেই বোঝা যায়, নিজের স্বার্থসিদ্ধির জন্য কীভাবে ও সবাইকে ব্যবহার করত।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমাদের অস্তিত্ব হুমকির মুখে: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতির বিরুদ্ধে আমাদের যুদ্ধে, আমরা কেবল হেরে যাব। আমাদের সমস্ত কর্মকাণ্ড এটাই প্রকাশ করে যে আমরা সচেতন ভাবে জরুরি সহযোগিতার মাধ্যমগুলো ধ্বংস করে দিচ্ছি যা আমাদের বাঁচিয়ে রেখেছে। কাজেই পৃথিবীকে বাঁচাতে ব্যবস্থা নেওয়ার সময় আজই, আগামীকাল নয়।

আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি ‘মিডনাইট সারভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট’ শীর্ষক জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের (সিভিএফ) লিডার্স ইভেন্টে একথা বলেন।

পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষায় শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য চার দফা প্রস্তাবও উত্থাপন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আজ আমাদের সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদের সভ্যতার ক্ষতি করছে, আমাদের গ্রহকে ধ্বংস করছে এবং আমাদের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলেছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ)- এর সভাপতি বান কি মুন এবং সিভিএফের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিভিএফ সভাপতি শেখ হাসিনা বলেন, আমরা, সিভিএফ নেতৃবৃন্দ এবং আমাদের অংশীদারগণ, ২০২০ সালের এনডিসি বর্ধিত সময়সীমার আগে জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় ত্বরিৎ এবং শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছি।

বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামের নেতৃত্বের জন্য নির্বাচিত হয়ে সম্মানিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন যে, সিভিএফ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের ১ বিলিয়নেরও বেশি লোকের প্রতিনিধিত্ব করে।

শেখ হাসিনা বলেন, জলবায়ুর ক্ষতি ঠেকাতে না পারলে বহু মানুষ পৃথিবীতে জলবায়ু উদ্বাস্তু হবে, যার ভার পৃথিবী সইতে পারবে না। এ ছাড়া জলবায়ুর ক্ষতি কমাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতিবছর অন্তত ১০০ বিলিয়ন বরাদ্দের আহ্বান জানান তিনি।

‘আমার দেশ এই বর্ষায় বারবার বন্যার মুখোমুখি হচ্ছে যা ফসলের ব্যাপক ক্ষতি এবং বিশাল জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করেছে। গত মে মাসে সুপার সাইক্লোন আম্পানের প্রভাব এবং বর্তমান কোভিড-১৯ মহামারীর কারণে পরিস্থিতি আরও খারাপ আকার নিয়েছে, বলেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসংঙ্গে তিনি বলেন, মিয়ানমার থেকে আগত ১১ লাখ রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দেয়ায় তারাও মারাত্মক সামাজিক এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আমরা জলবায়ু সৃষ্ট বিপর্যয় মোকাবেলায় বিভিন্ন প্রশমন ও অভিযোজনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছি। আমার সরকার ২০০৯ সাল থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অধীনে নিজস্ব সম্পদ থেকে ৪৩০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। তিনি বলেন, সারা বছর দেশজুড়ে লাখ লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমাদের বিজ্ঞানীরা লবনাক্ততা, বন্যা এবং খরা প্রতিরোধী ফসল এবং ভাসমান কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। আমার সরকার অভিযোজনমূলক কাজের জন্য ২০১০ সাল থেকে প্রতি বছর গড়ে ২ বিলিয়ন মার্কিন ডলার, জিডিপির ১ শতাংশ ব্যয় করছে।

নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতায় জাতিসঙ্ঘের গভীর উদ্বেগ

0

বাংলাদেশে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ। সেই সাথে সংস্থাটি ভুক্তভোগী ও সাক্ষীদের সমর্থন ও সুরক্ষা প্রদান এবং বিচারের ক্ষেত্রে দ্রুততা আনয়নে ফৌজদারি বিচার ব্যবস্থার জরুরি সংস্কারের পরামর্শ দিয়েছে।

সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার জাতিসঙ্ঘের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসঙ্ঘ বাংলাদেশে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এগুলো গুরুতর অপরাধ এবং মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন।’

বাংলাদেশ কার্যালয়ের মাধ্যমে জাতিসঙ্ঘ জানায়, নোয়াখালীতে ঘটে যাওয়া নারী সহিংসতার ঘটনাটি, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়, তা সামাজিক, আচরণগত ও কাঠামোগতভাবে বিদ্যমান নারী-বিদ্বেষকে ফুটিয়ে তুলেছে।

ঢাকায় নিযুক্ত জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এক টুইটে এ বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, ‘জাতিসঙ্ঘ ন্যায়বিচারের দাবিতে সাধারণ জনগণ এবং সুশীল সমাজের পাশে দাঁড়াচ্ছে। তবে আমরা মনে করি, নোয়াখালীর ঘটনাটি আবারও প্রমাণ করে যে এটি কোনো নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পদ্ধতিগত সংস্কারের সুনির্দিষ্ট আহ্বান।’

জাতিসঙ্ঘ জানায়, তারা নারী অধিকার সুরক্ষা ও শক্তিশালীকরণে পদ্ধতিগত সংস্কারের পক্ষে তাদের শক্ত অবস্থান তুলে ধরছে। তারা জেন্ডার সংবেদনশীল বিচার ব্যবস্থার প্রণয়ন ও উন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতন মামলা পরিচালনার পদ্ধতিতে ব্যাপক পুনমূল্যায়নের ক্ষেত্রে সরকারকে সহায়তা করার জন্য সর্বদা প্রস্তুত।

সংস্থাটি আরো জানায়, নারী ও মেয়েদের সুরক্ষার জন্য অসংখ্য আইন ও কর্ম পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হচ্ছে সে সম্পর্কে জবাব দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহি সুনিশ্চিত করার কোনো বিকল্প নেই।

জাতিসঙ্ঘ তাদের সব অংশীদারকে সাথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লিঙ্গ বৈষম্য ও পুরুষতান্ত্রিক সামাজিক নীতিগুলোকে চিহ্নিত করে নিয়মতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালীকরণে কাজ করছে। তারা এমন একটি সমাজ গঠনে কাজ করছে যেখানে নারী ও মেয়েরা নিরাপদ বোধ করবে এবং তারা ক্রমে উন্নয়নের দিকে যাবে, বলা হয় বিবৃতিতে।

নারীদের বিরুদ্ধে সহিংসতার বৈশ্বিক পরিসংখ্যানও উদ্বেগজনক জানিয়ে এতে বলা হয়, ‘আমরা দেখতে পাই যে নারীর বিরুদ্ধে সহিংসতা সব অপরাধের মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত, কিন্তু সবচেয়ে কম সাজাপ্রাপ্ত। এর বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে।’

নোয়াখালীতে এবার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

0

নোয়াখালীতে এবার সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে একই গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন। এ ঘটনায় বুধবার বিকেলে সুধারাম মডেল থানায় নির্যাতিত ওই কিশোরী নিজেই অভিযোগ দায়ের করে।

মামলার এজাহারে জানা যায়, জসীম উদ্দিন (২২) ওই কিশোরীকে প্রেম নিবেদন করত। কিশোরী তাতে সম্মত না হওয়ায় জসীম বিভিন্ন হুমকি দিতো। তাকে বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে এক মাস পূর্বে কিশোরীদের বাড়ির পেছনে বাগানে নিয়ে ধর্ষণ করে। এক মাসে চারবার ধর্ষণ করে। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ধর্ষণ করে।

কিশোরীর মা হোসনে আরা বেগম বলেন, আমি চট্টগ্রামে থাকি। জসীম সবসময় মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো, ভয় ভীতি দেখাতো। স্কুল থেকে ফিরে মেয়ে কাউকে কিছু বলতো না। সোমবার আমি চট্টগ্রাম থেকে আসার পর রাতে আমার মেয়েকে বাইরে নেওয়ার জন্য জসীম আসে। এ সময় সব কথা মেয়ে আমাকে খুলে বলে। ওই ছেলে এখন বিয়ে করবে না বলে জানায়। আমি এলাকাবাসীকে বিষয়টি অবহিত করলে তারা থানায় মামলা করার পরামর্শ দেন।

সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।